সুষ্ঠু ভোটাধিকার প্রয়োগের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে সংবাদ সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জে সুষ্ঠু ভোটাধিকার প্রয়োগের দাবিতে সংবাদ সম্মেলন ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ ধর্মীয় সংখালঘুদের নিরাপত্তা, সুষ্ঠু ভোটাধিকার প্রয়োগ সহ ৫ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে সংবাদ সম্মেলন করেছে উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের কেন্দ্রীয় কমিটি। আজ সকাল সাড়ে ১১টায় জেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এড. প্রভাত টুডু। তিনি বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও ধর্মীয় সংখালঘুরা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন সেজন্য বিশেষ নিরাপত্তা দিতে হবে। নির্বাচন পূর্ব ও পরে এ জন্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে প্রস্তুত থাকতে হবে। নির্বাচন কমিশনকে এজন্য আরও সক্রিয় হতে হবে। কোন ভয়ভীতি,হুমকির ঘটনা ঘটলে তাৎক্ষনিক দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। প্রগতিশীল রাজনৈতিক দলগুলোকে তাদের ইশতেহারে উত্তরবঙ্গ থেকে ক্ষুদ্র নৃগোষ্ঠী একজন টেকনোক্র্যাট মন্ত্রী এবং সংরক্ষিত আসনে একজন সংসদ সদস্য করার ঘোষনা দিতে হবে। ক্ষুদ্র নৃগোষ্ঠীদের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠন করতে হবে। ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ভোটের প্রতি সচেতনতা ও আস্থা বাড়াতে সংশ্লিস্টদের আরও কাজ করতে হবে। প্রভাত টুুডু আরও বলেন, আমরা আর প্রতিশোধমূলক রাজনীতি চাই না। বরং শান্তিপূর্ণ অংশগ্রহণমূলক রাজনীতি চাই। অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রচার সম্পাদক প্রদীপ হেমব্রম, রাজশাহী মহানগর কমিটির সভাপতি সুমি মুরমু, চাঁপাইনবাবগঞ্জের কোল সম্প্রদায়ের নেত্রী রুমালী হাসদা, রাজোয়াড় সম্প্রদায়ের নেত্রী কুটিলা রাজোয়াড়, আদিবাসী নেত্রী মনিকা সরেনসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

শিবগঞ্জে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ২

শিবগঞ্জে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ২ শিবগঞ্জে উপজেলায় পৃথক সড়ক দূর্ঘটনায় একজন মোটরসাইকেল আরোহি এবং একজন নসিমন চালকসহ দু’জন নিহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত ও দুপুরে নয়ালাভাঙ্গা ইউনিয়নে সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কে দূর্ঘটনা দুটি ঘটে। নিহতরা হলেন, একই ইউনিয়নের সাবেক লাভাঙ্গা গ্রামের সাদিকুল ইসলামের ছেলে নসিমন চালক মোহাম্মদ আলী এবং পার্বতীপুর গ্রামের আব্দুল মতিনের ছেলে ও মোটরসাইকেল আরোহি রেজাউল করিম। রেজাউল করিম পেশায় দুরপাল্লার কোচ চালক ছিলেন। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ন কবির বলেন, গতকাল রাত সোয়া ৮টার দিকে হরিনগর এলাকায় পাথর বোঝাই একটি ট্রাককে মোটরসাইকেল চালিয়ে ওভারটেক করতে গিয়ে ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে আহত হন রেজাউল করিম। তাঁকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে আসলে রাত ৯টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর আগে গতকাল দুপুরে নামোসুন্দরপুর এলাকায় সড়কে অন্য যানবাহনকে সাইড দিতে গিয়ে সড়ক পাশে নসিমন উল্টে গেলে ঘটনাস্থলে আহত হন মোহাম্মদ আলী। তাঁকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। উভয় ঘটনায় পুলিশ মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এসব ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীণ বলেও জানান ওসি।

শিবগঞ্জে পুলিশি অভিযানে বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগজিন জব্দ

শিবগঞ্জে পুলিশি অভিযানে বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগজিন জব্দ শিবগঞ্জে পুলিশ অভিযানে পরিত্যক্ত অবস্থায় ১টি বিদেশী পিস্তল, ২ রাউন্ড গুলি এবং ২টি ম্যাগজিন জব্দ হয়েছে। পুলিশ জানায়, গতকাল দিবাগত রাত দেড়টার দিকে বিনোদপুর ইউনিয়নের সীমান্তেবর্তী কালীগঞ্জ খোঁচাপাড়া গ্রামের একটি আমবাগানে অভিযান চালানো হয়। অভিযানে একটি টিস্যু পেপারের শপিং ব্যাগের ভেতর আরেকটি ব্যাগে ইংরেজী সংবাদপত্রের তৈরী প্যাকেটে মোড়ানো ১টি ৭.৬৫ মিমি আমেরিকান পিস্তল, ২ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিন জব্দ করা হয়েছে। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির বলেন, কে বা কারা এ ঘটনার সাথে জড়িত তার তদন্ত শুরু করেছে পুলিশ। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীণ বলেও জানান ওসি।

পাকিস্তানে শিয়া মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ৩১, শোকাতুর ইসলামাবাদ

পাকিস্তানে শিয়া মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ৩১, শোকাতুর ইসলামাবাদ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের কাছে একটি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩১ জনের জানাজা ও দাফন আজ শনিবার সম্পন্ন হয়েছে। জানাজায় কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন। স্থানীয় বাসিন্দারা আরো হামলার আশঙ্কায় উদ্বেগ প্রকাশ করেছেন। খবর রয়টার্সের। প্রতিবেদনে বলা হয়, গতকাল শুক্রবার পাকিস্তানের রাজধানীর উপকণ্ঠে খাদিজাতুল কুবরা ইমামবারগাহ মসজিদ চত্বরে জুম্মার নামাজের সময় এক ব্যক্তি প্রথমে গুলি চালায় ও পরে নিজের শরীরে থাকা বোমার বিস্ফোরণ ঘটায়। এতে হামলাকারীসহ ৩১ জন নিহত এবং ১৭০ জনেরও বেশি মানুষ আহত হন। ইসলামিক স্টেট (আইএস) টেলিগ্রাম অ্যাপে দেওয়া এক বিবৃতিতে এই হামলার দায় স্বীকার করেছে। আজ শনিবার সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মসজিদের কাছের একটি খোলা মাঠে কয়েকজনের জানাজা অনুষ্ঠিত হয়। এসময় পুলিশ ও এলিট কমান্ডো বাহিনীর সদস্যরা পুরো এলাকা ঘিরে রেখেছিলেন। জানাজার সময় অনেকেই কান্নায় ভেঙে পড়েন। জানাজা পরিচালনাকারী ইমাম দোয়া করেন, “যারা এই সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত, সৃষ্টিকর্তা যেন তাদের জাহান্নামের আগুনে পুড়িয়ে ছাই করে দেন।”কড়া নিরাপত্তায় ঘেরা ইসলামাবাদে বোমা হামলার ঘটনা বিরল। তবে গত তিন মাসের মধ্যে এটি দ্বিতীয় হামলা। পাকিস্তানে সাম্প্রতিক সময়ে জঙ্গিবাদের উত্থান ঘটায় প্রধান শহরগুলোতে আবারো বড় ধরনের সহিংসতার আশঙ্কা তৈরি হয়েছে। দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন, সরকার এই হামলার নেপথ্যে থাকা পরিকল্পনাকারী ও সহায়তাকারীদের খুঁজে বের করার চেষ্টা করছে। তিনি আরো জানান, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক এবং তাদের উন্নত চিকিৎসা প্রদান করা হচ্ছে। প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ শুক্রবার এক্স-এ দেওয়া এক পোস্টে দাবি করেন, হামলাকারীর আফগানিস্তান ভ্রমণের ইতিহাস ছিল। তিনি কোনো প্রমাণ ছাড়াই এই হামলার পেছনে ভারতের মদদ রয়েছে বলে অভিযোগ করেন। তবে ভারত এই অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, “নিজেদের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের পরিবর্তে পাকিস্তান অন্যদের ওপর দোষ চাপিয়ে নিজেকে বিভ্রান্ত করছে, যা খুবই দুর্ভাগ্যজনক।”২৪ কোটি জনসংখ্যার সুন্নিপ্রধান পাকিস্তানে শিয়া সম্প্রদায় সংখ্যালঘু। এর আগেও তারা ইসলামিক স্টেট এবং তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) মতো উগ্রবাদী গোষ্ঠীগুলোর লক্ষ্যবস্তু হয়েছে।

ভয়, সন্দেহ ও অনিশ্চয়তায় ‘পাশে থাকার গল্প’

ভয়, সন্দেহ ও অনিশ্চয়তায় ‘পাশে থাকার গল্প’ ভয়, সন্দেহ ও অনিশ্চয়তার এক গল্পে নির্মিত হলো নাটক ‘পাশে থাকার গল্প’। শুক্রবার রঙ্গন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে এটি প্রচারে আসে। এতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা জোভান ও অভিনেত্রী তটিনী। এছাড়া আরও আছেন বর্ষীয়ান অভিনেতা তারিক আনাম খান ও অভিনেত্রী সাবেরী আলমকে। জামাল হোসেনর প্রযোজনায় নাটকটি পরিচালনা করেছেন রাফাত মজুমদার রিংকু।  নাটকটি প্রসঙ্গে প্রযোজক জামাল হোসেন বলেন, ‘পারিবারিক আবহের একটি গল্পে নাটকটি নির্মিত হয়েছে। এ সময়ে আমাদের অনেকেই পাশে থাকার দায়িত্ব নিতে ভয় পাই। আমাদের মধ্যে থেকে ভালোবাসা হারিয়ে যাচ্ছে। এ নাটকে দর্শক তেমন সুন্দর একটি নগল্প দেখতে পাবে।’ নির্মাতা রিংকু বলেন, ‘আমি বরাবরই গল্প নির্ভর নাটক নির্মাণ করতে পছন্দ করি। যারা আমার নাটক দেখেন তারা এটি ভালো বলতে পারবেন। এ নাটকেও প্রেম ভালোবাসার পাশাপাশি আমাদের চারপাশের পরিবারের গল্প তুলে ধরার চেষ্টা করেছি।

সালমানের বান্ধবীর সঙ্গে কাজ করছেন অরিজিৎ!

সালমানের বান্ধবীর সঙ্গে কাজ করছেন অরিজিৎ! বলিউডে আবারও  আলোচনার শীর্ষে উঠে এলেন জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। কিছুদিন আগেই অরিজিৎ জানান প্লে ব্যাক সিঙ্গার হিসাবে তাকে আর দেখা যাবে না। এরই মধ্যে সম্প্রতি মুক্তি পেয়েছে ‘Echoes of Us’ প্রজেক্টের টিজার, যেখানে রোমান্টিক গান ‘তেরে সঙ্গ’-এ অরিজিতের সঙ্গে কণ্ঠ দিয়েছেন লুলিয়া ভান্টুর। আর সেই নিয়েই ভক্তদের মধ্যে গুঞ্জন। সালমানের বান্ধবীর সঙ্গে কাজ করছেন অরিজিৎ। এই নতুন মিউজিক ভিডিও সামনে আসতেই বহু পুরনো কিন্তু আলোচিত সালমান খান ও অরিজিৎ সিংয়ের বিতর্কিত সম্পর্কের ইতিহাসের গল্প উঠে আসছে, যার ফলে নেটদুনিয়ায় নতুন করে শুরু হয়েছে তর্ক-বিতর্ক ও ট্রোলিং। ২০১৪ সালে একটি অ্যাওয়ার্ড শোতে সালমান খানকে নিয়ে অরিজিতের একটি মন্তব্য ঘিরে শুরু হয় দুই তারকার মধ্যে দূরত্ব। একটি অ্যাওয়ার্ড শো-এর মঞ্চে সালমান খান অরিজিৎকে বলেন, ‘সো গয়ে থে’  তখন অরিজিৎ সালমানকে উত্তর দিয়েছিলেন, ‘আপ লোগো নে সুলা দিয়া’।  অরিজিতের এই মন্তব্যে সালমান বিরক্ত হয়েছিলেন। এরপর বহু বছর ধরে গুঞ্জন শোনা যায়, সালমান খান নাকি তাঁর প্রযোজিত একাধিক ছবিতে অরিজিতের গান ব্যবহার করতে চাননি। এমনকি কিছু বড় বাজেটের প্রজেক্ট থেকে অরিজিতকে বাদ দেওয়ার অভিযোগও সামনে এসেছিল। এই ঘটনা সেই সময় বলিউডে বড় আলোড়ন তুলেছিল এবং দুই তারকার সম্পর্ককে ঘিরে নানা বিতর্ক দেখা যায় সেই সময়। এমনকী অরিজিৎ প্লে ব্যাক গায়ক হিসাবে তাকে আর দেখা যাবে না বলার পর বার বার উঠে আসছিল সেই পুরেনো বিতর্কের কথা। বিবাদ সত্ত্বেও তাই সালমানের আলোচিত বান্ধবীর সঙ্গে অরিজিতের কাজের খবর একাধিক প্রশ্ন তৈরি করেছে নেটিজেনদের মনে। নেটিজেনদের একাংশ মনে করছেন, এটি হয়তো পুরোনো দ্বন্দ্ব ভুলে নতুন অধ্যায় শুরু করার ইঙ্গিত, আবার কেউ প্রশ্ন তুলছেন এটা কি সালমানকে পাশ কাটিয়ে যাওয়ার কৌশল? এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই দুই শিবিরে বিভক্ত হয়ে পড়েছে ভক্তরা। কেউ বলছেন, শিল্পের ঊর্ধ্বে ব্যক্তিগত শত্রুতা থাকা উচিত নয়। আবার সমালোচকরা এও মনে করছেন এই জুটি ইচ্ছাকৃতভাবে কনট্রোভার্সি তৈরি করে গান ভাইরাল করতে চাইছেন। সালমান–লুলিয়া সম্পর্ক ঘিরে পুরোনো গসিপ নতুন করে ভাইরাল হয়েছে। একই সঙ্গে অরিজিতের সাম্প্রতিক রিটায়ারমেন্ট মন্তব্যের পর এমন বড় প্রজেক্টে যুক্ত হওয়া নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে। নাকি এটি শুধুই প্রচার ও ব্যবসার কৌশল? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে নেটদুনিয়ায়।

প্রকাশ্যে বুবলী, ধরা পড়ল বেবিবাম্প

প্রকাশ্যে বুবলী, ধরা পড়ল বেবিবাম্প মা হতে যাচ্ছেন বুবলী। শাকিব খান ও বুবলীর ঘরে আসছে দ্বিতীয় সন্তান। বৃহস্পতিবার কালের কণ্ঠ অনলাইন ভার্সনে এই খবর প্রকাশের পর শুক্রবার প্রকাশ্যে এসেছেন চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী।  শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর শপিং কমপ্লেক্সে একটি ব্র্যান্ডের গ্র্যান্ড অপেনিং অনুষ্ঠানে বিস্কিট রংয়ের ফ্লোর টাচ গাউন পরে হাজির হন বুবলী। এ পোশাকে নায়িকার বেবিবাম্প স্পষ্ট ধরা পড়ে ক্যামেরায়। তার হাঁটা-চলাফেরায় স্পষ্ট হয়ে ওঠে তিনি মা হতে চলেছেন এবং অন্তঃসত্ত্বার প্রাথমিক পর্যায়ে নেই। জানা গেছে, বুবলী শিগগিরই যুক্তরাষ্ট্রে উড়াল দেবেন। শাকিব খানের পরামর্শে মার্কিন মুলুকেই সন্তান জন্ম দেবেন। সেসময়য় শাকিব খানও পাশে থাকতে পারেন। মা-বাবা হওয়ার বিষয়টি শাকিব খান কিংবা বুবলী কেউই আনুষ্ঠানিকভাবে জানাননি। তবে কালের কণ্ঠকে শাকিব খানের একটি ঘনিষ্ঠসূত্র নিশ্চিত করেছে বুবলী অন্তঃসত্ত্বা ও শাকিব খান বাবা হতে যাচ্ছেন।  শুক্রবারের ঐ আয়োজনে বুবলী মা হতে যাচ্ছেন- এমন কথা অস্বীকার করেননি আবার স্বীকারও করেননি। কৌশলে এড়িয়ে গেছেন। সাংবাদিকরা তার বর্তমান ব্যক্তিজীবন সম্পর্কে জানতে চাইলে হাসিমুখেই বুবলী বলেন, ‘যেহেতু এগুলো খুব ব্যক্তিগত বিষয়, তাই এগুলো নিয়ে যখন কথা বলবো তখন সবাইকে সম্মান জানিয়ে কথা বলব। আমি একটি শান্তিপূর্ণ পরিস্থিতি চাই।’ বুবলী আরো বলেন,আজকে আমরা একটা প্রোগ্রামের গ্র্যান্ড লঞ্চিংয়ে এসেছি। এখানে এসব স্পর্শকাতর বিষয়ে কথা বলা ঠিক হবে না। বিদেশে যাত্রা প্রসঙ্গে সরাসরি কিছু না বললেও হাসিমুখে সবাইকে নিজের পাসপোর্ট দেখান বুবলী। বলেন, এটা হচ্ছে আমার গুরুত্বপূর্ণ পাসপোর্ট। যেটা আজ হাতে পেয়েছি।  ভক্তরা শাকিব-বুবলীর সম্পর্ক বরাবরই দূরত্বের জেনে আসলেও তাদের বাবা-মা হওয়ার বিষয়টি এই সম্পর্ক নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে। যদিও শাকিব-বুবলী ও তাদের সন্তান শেহজাদ খান বীর যখন গত বছর যখন নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কে ঘুরে বেড়াচ্ছিলেন, তখনও প্রশ্ন তৈরি করেছিল- যে আবার এ দুই জন এক হচ্ছেন। সেই প্রশ্ন ফের সামনে।

খাদের কিনারা থেকে জয় ছিনিয়ে আনল পাকিস্তান

খাদের কিনারা থেকে জয় ছিনিয়ে আনল পাকিস্তান একটা সময় মনে হচ্ছিল শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই বুঝি বিশ্বকাপ মিশন শেষ হতে যাচ্ছে পাকিস্তানের। তবে ভক্তদের সব আশঙ্কা দূর করে নিজেদের উদ্বোধনী ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ৩ উইকেটের নাটকীয় জয় পেয়েছে পাকিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দারুণ বোলিং নৈপুণ্য দেখিয়ে নেদারল্যান্ডসকে ১৯.৫ ওভারে ১৪৭ রানে গুটিয়ে দেয় পাকিস্তান। তবে সহজ এই লক্ষ্য তাড়া করতে নেমে নদীর মতো বার বার বাঁক নিয়েছে পাকিস্তানের ইনিংস। এদিকে ভারতের বিপক্ষে নিজেদের ম্যাচ বয়কট করায় এই ম্যাচ জয়ের কোনো বিকল্প ছিল না পাকিস্তানের জন্য। হারলেই বাদ—এমন সমীকরণ সামনে রেখে শেষ দিকে চাপে পড়ে উইকেট হারাতে থাকে বাবর আজমরা শেষ পর্যন্ত ফাহিম আশরাফের ১১ বলে ২৯ রানের ঝোড়ো ইনিংসের ওপর ভর করে ৩ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান।

সুপার এইটে যেতে ‘কিছুটা অসম্ভব মিশনে’ পাকিস্তান

সুপার এইটে যেতে ‘কিছুটা অসম্ভব মিশনে’ পাকিস্তান পাকিস্তানের বিপক্ষে নেদারল্যান্ডসের ম্যাচ দিয়ে আজ শুরু হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ। তবে টুর্নামেন্ট শুরুর আগেই বড় সমীকরণের সামনে পড়ে গেছে সালমান আলী আগা, দলের ক্রিকেটাররা। ভারতের বিপক্ষে আগামী ১৫ ফেব্রুয়ারির ম্যাচটি না খেলার সিদ্ধান্ত নেওয়ায় কার্যত ম্যাচ সংখ্যা চার থেকে নেমে এসেছে তিনে। পাকিস্তান সরকার ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার ঘোষণা দিয়েছে। পিসিবিও সেই সিদ্ধান্তের বাইরে যায়নি। ফলে ওই ম্যাচে সম্ভাব্য দুই পয়েন্ট আগেই হারিয়েছে পাকিস্তান। শুধু তাই নয় বড় ধাক্কা এসেছে নেট রান রেটেও। এই অবস্থায় সুপার এইটে যেতে হলে এখন প্রতিটি ম্যাচ জেতা ছাড়া বিকল্প নেই পাকিস্তানের সামনে। পাশাপাশি প্রতিটি জয় হতে হবে বড় ব্যবধানে। আজ নেদারল্যান্ডসের পর তাদের সামনে থাকবে যুক্তরাষ্ট্র, নামিবিয়া। তিন ম্যাচেই বড় ব্যবধানের জয় তুলতে হবে সালমান আলী আগার দলকে। কিন্তু পথটা মোটেও সহজ নয়। টি টোয়েন্টি বিশ্বকাপে সহযোগী সদস্য দল হয়ে পূর্ণ সদস্য দলকে হারানোর নজির সবচেয়ে বেশি নেদারল্যান্ডসের। ২০২২ বিশ্বকাপে ডাচদের কাছে হেরেই শেষ চারের স্বপ্ন ভেঙেছিল দক্ষিণ আফ্রিকার। পাকিস্তানেরও এমন অভিজ্ঞতা নতুন নয়। সবশেষ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের কাছে সুপার ওভারে হেরে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হয়েছিল তাদের। ফলে নেদারল্যান্ডস, যুক্তরাষ্ট্র, নামিবিয়ার বিপক্ষে প্রতিটি ম্যাচই এখন বাঁচা মরার লড়াই। এর মধ্যেই চোখ রাখতে হচ্ছে আকাশের দিকেও। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। মূল বিশ্বকাপে এমন হলে পাকিস্তানের জন্য পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে। ভারতের বিপক্ষে না খেলার সিদ্ধান্তে সুপার এইটে ওঠার পথ এখন সত্যিই পাহাড়সম হয়ে গেছে ২০০৯ সালের চ্যাম্পিয়নদের জন্য।

বাংলাদেশ নেই, টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট বিক্রিতে ভয়াবহ ধস

বাংলাদেশ নেই, টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট বিক্রিতে ভয়াবহ ধস ইতিহাসে প্রথমবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপে নেই বাংলাদেশ। আর এর প্রভাব ভারত, আইসিসি ভালোভাবেই টের পাচ্ছে। বিশ্বকাপের আকর্ষণ অনেকটাই কমে গেছে। তার সরাসরি ছাপ পড়েছে টিকিট বিক্রিতে। টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্বে বাংলাদেশের চার ম্যাচের তিনটি ছিল কলকাতায় এবং একটি মুম্বাইয়ে। ভারতের গণমাধ্যম জানিয়েছে, বাংলাদেশ না খেলায় কলকাতার দর্শকদের আগ্রহে বড় ধরনের ভাটা পড়েছে। বাংলাদেশের বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করায় কলকাতার ক্রিকেটপ্রেমীরা ওই তিন ম্যাচ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, কলকাতায় বিশ্বকাপ ম্যাচের টিকিট বিক্রিতে স্পষ্ট মন্দাভাব দেখা যাচ্ছে। কলকাতা মোহামেডান স্পোর্টিং ক্লাবের বাইরে টিকিট কাউন্টার প্রায় ফাঁকা পড়ে আছে। বিশ্বকাপের মতো বড় আসরে এমন দর্শক সংকট আগে কখনো দেখা যায়নি। হতাশাজনক এই পরিস্থিতি স্থানীয় আয়োজকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। আজ উদ্বোধনী দিনের তিনটি ম্যাচের একটি অনুষ্ঠিত হবে ইডেনে, যেখানে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ, স্কটল্যান্ড। গতকাল পর্যন্ত এই ম্যাচের বিক্রি হয়েছে মাত্র ২৯১৭টি টিকিট। অথচ ইডেন গার্ডেন্সের দর্শক ধারণক্ষমতা প্রায় ৬৫ হাজার। ১৬ ফেব্রুয়ারি ইংল্যান্ড, ইতালি ম্যাচের টিকিট বিক্রি হয়েছে ৪৯৭০টি। আর ১৯ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ম্যাচের জন্য শুক্রবার পর্যন্ত বিক্রি হয়েছে মাত্র ১২৪৮টি টিকিট। এই সংখ্যাগুলোই পরিষ্কার করে দিচ্ছে বাংলাদেশকে বাদ দিয়ে কত বড় ভুল করেছে আইসিসি।