চাঁপাইনবাবঞ্জে র্যাবের অভিযনে ৬.২৭ কেজি গানপাওডার ও বোমা তৈরির বিপুল পরিমান উপকরণ জব্দ

চাঁপাইনবাবঞ্জে র্যাবের অভিযনে ৬.২৭ কেজি গানপাওডার ও বোমা তৈরির বিপুল পরিমান উপকরণ জব্দ শিবগঞ্জ উপজেলায় র্যাবের অভিযানে ৬.২৭ কেজি গানপাওডার এবং বোমা তৈরির বিভিন্ন উপকরণ জব্দ হয়েছে। বোমার উপকরণের মধ্যে রয়েছে ১.৭ কেজি ছোট পাথর, ১.৪ কেজি কাঁচের গুঁড়া, ৩৮৫ গ্রাম লোহার পেরেক, ৩১ টি জর্দার কৌটা, ২৯টি গ্যাস লাইটার, ১২টি লাল রং এর স্বচটেপ। তবে এ অভিযানে কেউ আটক হয় নি। র্যাব জানায়, গতকাল রাত ১০টার দিকে পারঘোড়াপাখিয়া গ্রামের একটি সরিষা ক্ষেতের ভেতর পরিত্যক্ত একটি প্লাষ্টিকের বস্তার উপর ৩টি আলাদা পলিথিনের প্যাকেটে মোড়ানো ছয় কেজি দুইশ সত্তর গ্রাম গানপাওডার সদৃশ গুঁড়া পদার্থ এবং একটি সাদা পলিথিন ব্যাগের ভেতর বোমা তৈরির সরঞ্জামগুলো পাওয়া যায়। আজ সকালে র্যাব-৫ এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। ধারণা করা হচ্ছে, আসন্ন সংসদ নির্বাচনে অশান্তি সৃষ্টির লক্ষ্যে নাশকতার পরিকল্পনায় দূষ্কৃতিকারিরা ওইসব বিস্ফোরক দ্রব্য মজুদ রেখেছিল। এ ঘটনায় শিবগঞ্জ থানায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানিয়েছে র্যাব।
গুগলের সতর্কবার্তা: ৪০ শতাংশ অ্যান্ড্রয়েড ঝুঁকিতে

গুগলের সতর্কবার্তা: ৪০ শতাংশ অ্যান্ড্রয়েড ঝুঁকিতে বিশ্বজুড়ে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য উদ্বেগজনক বার্তা দিল গুগল। সম্প্রতি প্রকাশিত সংস্থার এক প্রতিবেদনে জানানো হয়েছে, সারা বিশ্বের প্রায় ৪০ শতাংশ অ্যান্ড্রয়েড ডিভাইস এখন গুরুতর নিরাপত্তা ঝুঁকির মুখে। কারণ এই বিপুল সংখ্যক ফোনে ব্যবহৃত হচ্ছে এমন সফটওয়্যার, যার জন্য আর কোনো গুরুত্বপূর্ণ সিকিউরিটি প্যাচ দেওয়া হয় না। গুগলের তথ্য অনুযায়ী, বর্তমানে প্রায় ১০০ কোটি অ্যান্ড্রয়েড ডিভাইস এমন সংস্করণে চলছে, যেগুলোর নিরাপত্তা সহায়তা বন্ধ হয়ে গেছে। ফলে এই ফোনগুলো সহজেইম্যালওয়্যার, স্পাইওয়্যার ও অন্যান্য সাইবার হামলার লক্ষ্যবস্তু হয়ে উঠতে পারে। গত বছর থেকেই গুগল আনুষ্ঠানিকভাবে অ্যান্ড্রয়েড ১২ এবং তার আগের সব সংস্করণের জন্য নিরাপত্তা আপডেট বন্ধ করে দিয়েছে। তবুও বাস্তব চিত্র বলছে অন্য কথা। এখনো সক্রিয় ডিভাইসগুলোর মধ্যে মাত্র ৫৮ শতাংশ ব্যবহারকারী অ্যান্ড্রয়েড ১৩ বা তার পরবর্তী সংস্করণে আপডেট করেছেন। সবচেয়ে নতুন সংস্করণ অ্যান্ড্রয়েড ১৬ বর্তমানে ব্যবহার হচ্ছে মাত্র ৭.৫ শতাংশ ফোনে। যদিও অ্যান্ড্রয়েড ১৪ ও ১৫ ব্যবহারকারীর সংখ্যা তুলনামূলকভাবে বেশি, তবুও কোটি কোটি মানুষ এখনো পুরোনো, ঝুঁকিপূর্ণ সংস্করণেই নির্ভর করছেন। আর সেখানেই বাড়ছে বিপদের আশঙ্কা। নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, পুরোনো অ্যান্ড্রয়েড ফোনগুলো এখন সাইবার অপরাধীদের জন্য একেবারে সহজ শিকার। কারণ, অফিসিয়াল সিকিউরিটি প্যাচ না থাকায় ইউজারের অজান্তেই ফোনে আড়ি পাততে পারে হ্যাকাররা। এমনকি ব্যাংকিং তথ্য, ব্যক্তিগত মেসেজ বা আর্থিক লেনদেনের তথ্য হাতিয়ে নেওয়াও কঠিন কিছু নয়। বিশেষভাবে সতর্ক করা হয়েছে তথাকথিত ‘ব্যাকগ্রাউন্ড স্পাইওয়্যার’ নিয়ে। এই ধরনের ক্ষতিকর সফটওয়্যার নীরবে ফোনে সক্রিয় থেকে ব্যক্তিগত চ্যাট, ছবি, কল লগ এমনকি অনলাইন লেনদেনের তথ্য পর্যন্ত নজরে রাখে। এই পরিস্থিতিতে গুগলের স্পষ্ট পরামর্শ, যাদের ফোনে অ্যান্ড্রয়েড ১৩ বা তার পরবর্তী সংস্করণ নেই, কিংবা যারা আর আপডেট পাচ্ছেন না, তাদের যত দ্রুত সম্ভব নতুন ডিভাইসে আপগ্রেড করা উচিত। পাশাপাশি ফোনের নিরাপত্তা নিশ্চিত করতে অটোমেটিক সফটওয়্যার আপডেট চালু রাখার কথাও জোর দিয়ে বলা হয়েছে। বিশ্বজুড়ে সাইবার হামলার ঘটনা ক্রমশ বাড়ছে। সেই প্রেক্ষিতে পুরোনো ও আপডেটহীন অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করা যে বড়সড় ঝুঁকির শামিল, তা নতুন করে মনে করিয়ে দিল গুগলের এই সতর্কবার্তা। এখনই সচেতন না হলে বিপদ যে আরও বাড়বে, তা বলাই বাহুল্য।
বিশেষ দিনে প্রিয়জনের জন্য বানাতে পারেন চকলেট মাফিন

বিশেষ দিনে প্রিয়জনের জন্য বানাতে পারেন চকলেট মাফিন বিশেষ দিন মানেই প্রিয়জনকে একটু আলাদা করে খুশি করার চেষ্টা। দামি উপহার কিংবা জাঁকজমক আয়োজন না হলেও, নিজের হাতে বানানো ছোট্ট কিছু অনেক বেশি অনুভূতির কথা বলে। ঠিক তেমনই একটি মিষ্টি চমক হতে পারে ঘরে তৈরি চকলেট মাফিন। চকলেটের গাঢ় স্বাদ আর নরম টেক্সচার একসঙ্গে মিশে মুহূর্তেই বদলে দিতে পারে দিনের আবহ। জন্মদিন, বিবাহবার্ষিকী কিংবা যে কোনো ছোট্ট বিশেষ দিনে প্রিয়জনের জন্য নিজের হাতে বানানো এই চকলেট মাফিন হয়ে উঠতে পারে ভালোবাসার সবচেয়ে সহজ অথচ হৃদয়ছোঁয়া প্রকাশ। রইলো রেসিপি- উপকরণ : ময়দা এক কাপ বেকিং পাউডার ২ চামচ কোকো পাউডার ২ চামচ ডিম ১ টি চিনি স্বাদমতো মাখন অল্প যেভাবে তৈরি করবেন : প্রথমেই একটি বাটিতে ময়দা, বেকিং পাউডার ও কোকো পাউডার ভালোভাবে মিশিয়ে নিন। এবার অন্য একটি বাটিতে ডিম, চিনি ও মাখন এক সঙ্গে ফেটিয়ে নিন। ভালোভাবে ফেটিয়ে নিয়ে তাতে ময়দার মিশ্রণ দিয়ে মেশান। ঘন ক্রিমের মতো হয়ে এলে তা মাফিন টিনের ভেতরে কাপকেক লাইনার্স সাজিয়ে দিন। যদি তা না থাকে মাখন ও সামান্য ময়দা দিয়ে মাফিন টিনের ভেতর ভাল করে গ্রিজ করে নিন। এর পর মিশ্রণটি ঢেলে দিন। এবার মাইক্রোওয়েভ অভেন ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেডে প্রি-হিট করুন। ১২-১৫ মিনিট ধরে মাফিন বেক করুন। ব্যস তৈরি হয়ে গেলো মজাদার চকলেট মাফিন। এবার বিশেষ এই দিনে প্রিয়জনকে সারপ্রাইজ দিতে পারেন নিজের হাতে বানানো মজাদার চকলেট মাফিন দিয়ে।
আজ চকলেট ডে: মিষ্টি উপহারে ভালোবাসার প্রকাশ

আজ চকলেট ডে: মিষ্টি উপহারে ভালোবাসার প্রকাশ ভ্যালেন্টাইন সপ্তাহের আজ তৃতীয় দিন। আজ উদযাপিত হচ্ছে চকলেট ডে—যেখানে মিষ্টি স্বাদের মাধ্যমে অনুভূতির প্রকাশই হয়ে ওঠে প্রধান আকর্ষণ।চকলেট উপহার দেওয়ার রীতি নতুন নয়। ভিক্টোরিয়ান যুগ থেকেই নারী-পুরুষ একে অপরকে চকলেট উপহার দিয়ে ভালোবাসা প্রকাশ করতেন। জানা যায়, ব্যবসায়ী রিচার্ড ক্যাডবেরি ভ্যালেন্টাইন ডে উপলক্ষে প্রথমবার বিশেষভাবে হার্ট-শেপড বক্সে চকলেট বিক্রি শুরু করেন। তার এই উদ্যোগই ধীরে ধীরে চকলেট উপহার দেওয়ার ঐতিহ্যে পরিণত হয়, যা আজ বিশ্বজুড়ে জনপ্রিয়। গবেষণায় দেখা গেছে, চকলেট খেলে মস্তিষ্কে ‘ফিল-গুড’ হরমোন নিঃসৃত হয়, যা মানুষকে আনন্দিত করে। তাই প্রিয় মানুষকে চকলেট উপহার দেওয়া মানে শুধু উপহার দেওয়া নয়, বরং তার মুখে হাসি ফোটানোর একটি সহজ উপায়। চাইলেই প্রিয়জনকে কেনা চকলেট উপহার দিতে পারেন। আরও স্পেশাল ব্যাপার হবে যদি, নিজেই চকলেট বানাতে পারেন। অনলাইনে সহজেই পাওয়া যায় নানা ধরনের চকলেট তৈরির রেসিপি। সেখান থেকে একটি সহজ রেসিপি বেছে নিয়ে নিজের হাতে তৈরি করে ফেলতে পারেন চকলেট। নিজের হাতে বানানো উপহার সবসময়ই বেশি আন্তরিকতার প্রতীক, যা আপনার প্রিয়জনের কাছে স্মরণীয় হয়ে থাকবে। আয়োজন হতে পারে চকলেট-থিম পার্টিও : চকলেট ডে উদযাপনকে আরও আনন্দময় করতে আয়োজন করতে পারেন ছোট একটি চকলেট-থিম পার্টি। পার্টির মেন্যুতে রাখতে পারেন চকলেট কেক, ব্রাউনি, চকলেট ড্রিংক, কিংবা বিভিন্ন ফ্লেভারের চকলেট। বন্ধু-স্বজন কিংবা প্রিয় মানুষকে নিয়ে এমন আয়োজন দিনটিকে করে তুলবে আরও বিশেষ। চকলেট ডে শুধু একটি দিন নয়, এটি ভালোবাসা প্রকাশের মিষ্টি উপলক্ষ। একটি ছোট্ট চকলেটও কখনো কখনো বড় অনুভূতির ভাষা হয়ে উঠতে পারে।
আলোচনায় রাশমিকার ভেঙে যাওয়া বাগদান

আলোচনায় রাশমিকার ভেঙে যাওয়া বাগদান দক্ষিণী ইন্ডাস্ট্রি থেকে বলিউড- সর্বত্রই এখন আলোচনার কেন্দ্রে রয়েছেন বিজয় দেবরকোন্ডা ও রাশমিকা মান্দানা। শোনা যাচ্ছে, আগামী ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরে রাজকীয় আয়োজনে বিয়ের পিঁড়িতে বসতে পারেন এই তারকা জুটি। যদিও এ বিষয়ে এখনো তাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। এই বিয়ের গুঞ্জনের মাঝেই ফের আলোচনায় উঠে এসেছে রাশমিকা মান্দানার জীবনের এক পুরোনো অধ্যায়- তার ভেঙে যাওয়া বাগদানের ঘটনা। বলিউডে পা রাখার অনেক আগেই দক্ষিণী অভিনেতা রক্ষিত শেট্টীর সঙ্গে বাগদান সেরেছিলেন রাশমিকা। ২০১৬ সালে মুক্তি পাওয়া কন্নড় ছবি ‘কিরিক পার্টি’র মাধ্যমে অভিনয় জগতে যাত্রা শুরু করেন রাশমিকা। ছবিটির প্রযোজক ছিলেন রক্ষিত শেঠি। ওই ছবির সেটেই দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক বছরের মাথায়, ২০১৭ সালে বাগদানের মাধ্যমে সম্পর্কের নতুন অধ্যায় শুরু করেন তারা। তবে সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। ২০১৮ সালে এসে রাশমিকা ও রক্ষিতের সম্পর্কে চিড় ধরে। শেষ পর্যন্ত বাগদান ভেঙে বেরিয়ে আসেন দুই তারকাই। যদিও সম্পর্ক ভাঙলেও প্রকাশ্যে পরস্পরের প্রতি কোনো তিক্ততা প্রকাশ করেননি কেউ। বাগদানের সময় রাশমিকার বয়স ছিল মাত্র ২১ বছর, আর রক্ষিতের বয়স ছিল ৩৪। বয়সের ব্যবধান ১৩ বছর হলেও তা তাদের সম্পর্কে বিশেষ প্রভাব ফেলেনি। ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও বন্ধুদের নিয়ে বেশ ঘটা করেই আংটিবদলের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে আড়াই হাজারের বেশি অতিথির উপস্থিতি ছিল বলে জানা যায়। ২০১৮ সালেই মুক্তি পায় ‘গীত গোবিন্দম’- যেখানে বিজয় দেবরকোন্ডার বিপরীতে অভিনয় করেন রাশমিকা। সিনেমা মুক্তির পর দর্শকদের নজর কাড়ে তাঁদের অনস্ক্রিন রসায়ন। এরপরই একই বছরের সেপ্টেম্বর মাসে রাশমিকা ও রক্ষিতের বাগদান ভাঙার খবর প্রকাশ্যে আসে। শোনা যায়, দুই পরিবারের পক্ষ থেকেই আংটি ফিরিয়ে দেওয়া হয়। ইন্ডাস্ট্রির অন্দরে তখন গুঞ্জন ছড়ায়, বিজয় ও রাশমিকার ঘনিষ্ঠতাই নাকি রক্ষিতের সঙ্গে সম্পর্ক ভাঙার অন্যতম কারণ। যদিও এ বিষয়ে সংশ্লিষ্ট কেউই কখনো সরাসরি কোনো মন্তব্য করেননি। তবে এই গুঞ্জনের জেরে বিভিন্ন সময় সমালোচনা ও কটাক্ষের মুখে পড়তে হয় রাশমিকাকে।
মুক্তি নিয়ে অনিশ্চয়তা সালমানের ‘ব্যাটল অফ গালওয়ান’

মুক্তি নিয়ে অনিশ্চয়তা সালমানের ‘ব্যাটল অফ গালওয়ান’ জটিলতা যেন পিছু ছাড়ছেই না সালমান খান অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘ব্যাটল অফ গালওয়ান’র। নতুন করে শোনা যাচ্ছে, সিনেমাটির মুক্তি আরও পিছিয়ে যেতে পারে। ফলে বড়পর্দায় ভাইজানকে নতুন অবতারে দেখার জন্য অনুরাগীদের অপেক্ষার সময় যে আরও বাড়ছে, তা বলাই বাহুল্য। বলিউড সূত্রে জানা গেছে, সিনেমাটির কিছু অংশে আবারও শুটিং করার প্রয়োজন হতে পারে। পাশাপাশি প্রোডাকশনের কাজও বাকি রয়েছে। সব মিলিয়ে বিষয়টি বেশ সময়সাপেক্ষ। সে কারণেই চলতি বছরের এপ্রিলে সিনেমাটি মুক্তি পাওয়ার সম্ভাবনা ক্ষীণ বলেই মনে করা হচ্ছে। আপাতত স্বাধীনতা দিবসকে সম্ভাব্য মুক্তির দিন হিসেবে ধরে এগোচ্ছে ‘ব্যাটল অফ গালওয়ান’ টিম। যদিও এ বিষয়ে এখনও পরিচালক অপূর্ব লাখিয়া কিংবা অভিনেতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। খুব শিগগিরই এ নিয়ে স্পষ্ট খবর মিলতে পারে বলে ধারণা। শুরু থেকেই অ্যাকশন ঘরানার এই দেশাত্মবোধক সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। ২০২০ সালের গালওয়ান ভ্যালিতে ভারত-চিন সংঘাতের প্রেক্ষাপটে নির্মিত সিনেমাটিতে কর্নেল বিকুমল্লা সন্তোষ বাবুর চরিত্রে অভিনয় করছেন সালমান খান। ভারতীয় সেনাবাহিনীর এই বীর অফিসারের ভূমিকায় নিজেকে মানিয়ে নিতে কড়া প্রস্তুতিও নিয়েছেন তিনি। শুটিং শুরুর আগে নিয়মিত প্রেশার চেম্বারে অনুশীলন, খাদ্যাভ্যাসে পরিবর্তন-সব মিলিয়ে চরিত্রটির জন্য যথেষ্ট হোমওয়ার্ক করেছেন ভাইজান। গত বছরের ২৭ ডিসেম্বর, নিজের জন্মদিনে ‘ব্যাটল অফ গালওয়ান’র টিজার প্রকাশ্যে আনেন সালমান খান। টিজার মুক্তির পর থেকেই সিনেমাটি ঘিরে বিতর্কও কম হয়নি। বাস্তব গালওয়ান সংঘাতে ভারতীয় সেনাবাহিনীর শক্ত অবস্থান সিনেমার পর্দায় দেখানোয় তীব্র প্রতিক্রিয়া জানায় বেজিং। চীনের পক্ষ থেকে দাবি করা হয়, এই ছবি ‘বিকৃত তথ্য’ তুলে ধরে জাতীয়তাবাদের উসকানি দিচ্ছে এবং চীনা সেনাবাহিনীকে কলঙ্কিত করছে। এমনকি কিছু চীনা সংবাদমাধ্যমে সিনেমাটিকে ভারতের জাতীয়তাবাদী প্রচারণার ‘অস্ত্র’ বলেও কটাক্ষ করা হয়েছে। এরই মধ্যে সিনেমার ‘মাতৃভূমি’ গানটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। সব মিলিয়ে মাস দুয়েক পর বড়পর্দায় ভাইজানকে দেখার অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। তবে মুক্তি পিছিয়ে যাওয়ার সম্ভাব্য খবরে স্বাভাবিকভাবেই হতাশ তারা। এখন সবার চোখ একটাই প্রশ্নে- কবে মুক্তি পাবে প্রতীক্ষিত ‘ব্যাটল অফ গালওয়ান’?
ভোট দিতে পারছেন না শাকিব-শুভ, অন্য তারকারা কে কোথায় ভোট দেবেন?

ভোট দিতে পারছেন না শাকিব-শুভ, অন্য তারকারা কে কোথায় ভোট দেবেন? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি । ভোটের দিনকে ঘিরে শোবিজ অঙ্গনেও রয়েছে নানা আলোচনা। নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার পর অনেক তারকা ভোটকেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিলেও দেশের বাইরে অবস্থান করায় কেউ কেউ এবার ভোট দিতে পারছেন না। ঢাকাই চিত্রনায়ক শাকিব খান রাজধানীর গুলশান এলাকার বাসিন্দা। তিনি ঢাকা-১৭ আসনের ভোটার। আগের নির্বাচনগুলোতে গুলশানের মডেল স্কুল কেন্দ্রে ভোট দিলেও এবার ‘প্রিন্স’ সিনেমার শুটিংয়ের কারণে ভারতে অবস্থান করায় ভোট দেওয়া হচ্ছে না তার। চিত্রনায়ক আরিফিন শুভ ঢাকা-১১ আসনের ভোটার। নির্বাচনের সময় তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করায় ভোটকেন্দ্রে উপস্থিত থাকতে পারছেন না। চিত্রনায়িকা জয়া আহসান বারিধারা এলাকার বাসিন্দা এবং ঢাকা-১৭ আসনের ভোটার। বর্তমানে তিনি দেশের বাইরে থাকলেও ভোট দেবেন কি না—সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। চিত্রনায়ক সিয়াম আহমেদ রাজধানীর রাজারবাগ এলাকায় বসবাস করেন। তিনি ঢাকা-১৯ আসনের ভোটার।অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ঢাকা-১১ আসনের ভোটার। অভিনেতা মিশা সওদাগর ঢাকা-১৮ আসনের ভোটার। অভিনেতা চঞ্চল চৌধুরী ঢাকা-৮ আসনের ভোটার। চিত্রনায়ক বাপ্পী চৌধুরী নারায়ণগঞ্জ-৪ আসনের ভোটার। এদিকে চিত্রনায়িকা পূর্ণিমা খিলক্ষেতের নিকুঞ্জ এলাকায় বসবাস করেন। ফলে তিনি ঢাকা-১৮ আসনে ভোট দেওয়ার কথা রয়েছে।চিত্রনায়িকা অপু বিশ্বাস বাড্ডা এলাকার বাসিন্দা, যা ঢাকা-১১ আসনের অন্তর্ভুক্ত।
আমাকে জড়িয়ে ভুয়া ফটোকার্ড প্রচার করা হয়েছে : সাবিলা নূর

আমাকে জড়িয়ে ভুয়া ফটোকার্ড প্রচার করা হয়েছে : সাবিলা নূর সাবিলা নূরকে নিয়ে সামাজিক মাধ্যমে একটি ভুয়া ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। ওই ফটোকার্ডে অভিনেত্রীর একটি বক্তব্য প্রকাশ করা হয়েছে। আদতে এমন কোনো বক্তব্য তিনি দেননি। সাবিলা নূর এ বিষয়ে নিজের ফেসবুক হ্যান্ডলে সবাইকে সতর্ক করে লিখেছেন, আমাকে জড়িয়ে একটি ভুয়া ফটোকার্ড প্রচার করা হয়েছে। স্পষ্টভাবে জানাতে চাই, যদি কখনো আমি কোনো বিষয়ে কোনো বক্তব্য দিই, তা শুধু মূলধারার গণমাধ্যমের মাধ্যমেই প্রকাশিত হবে। তিনি বলেন, পাশাপাশি আরো উল্লেখ করতে চাই, সাম্প্রতিক সময়ে এআই (Artificial intelligence, Ai) দিয়ে তৈরি ছবি ও ভিডিও এর কারণেও আমার মতো অনেক আর্টিস্টদের প্রায়ই বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়, যা একেবারেই কাম্য নয়। হয়তো অনেকে ভালোবাসা বা আবেগ থেকে এসব তৈরি করে থাকেন। তবে সেগুলো সামগ্রিকভাবে বিভ্রান্তি সৃষ্টি করে এবং ভুল বার্তা ছড়িয়ে দেয়। সচেতন থাকার আহ্বান জানিয়ে সাবিলা নূর বলেন, আমার দর্শকরা সব সময়ই সচেতন ছিলেন। আশা করছি, ভবিষ্যতেও তারা এ বিষয়ে অবগত থাকবেন। অনুগ্রহ করে এসব বিষয়ে সচেতন থেকে বিভ্রান্তিকর তথ্য থেকে বিরত থাকার অনুরোধ জানাচ্ছি।
রোমান্টিক কমেডি সিনেমায় ব্ল্যাকপিংকের লিসা

রোমান্টিক কমেডি সিনেমায় ব্ল্যাকপিংকের লিসা দক্ষিণ কোরিয়ার মেয়েদের গানের দল ‘ব্ল্যাকপিংকের’ সদস্য লিসা অভিনয় করছেন নেটফ্লিক্সের রোমান্টিক কমেডি সিনেমায়। দ্য কোরিয়া টাইমস লিখেছে, অভিনয়ের পাশাপাশি এই সিনেমার নির্বাহী প্রযোজকের দায়িত্বেও থাকছেন তিনি। মিডল চাইল্ড প্রোডাকশনের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন ডেভিড বার্নাড। তবে সিনেমাটির নাম এখনো প্রকাশ করেনি প্রযোজনা সংস্থা। তবে এটি ১৯৯৯ সালে মুক্তি পাওয়া ‘নটিং হিল’ থেকে সিনেমা অনুপ্রাণিত হয়ে নির্মাতারা বানিয়েছেন। লিসা নেটফ্লিক্সের ‘এক্সট্র্যাকশন’ ইউনিভার্সের আরও একটি সিনেমাতেও অভিনয় করেছেন। এই তারকা অভিনয়ে আলোচনায় আসেন ‘দ্য হোয়াইট লোটাস’ সিরিজের তৃতীয় মৌসুমে কাজ করে। গত বছর এইচবিওর সিরিজটি দিয়ে অভিনয়ে যাত্রা শুরু হয় এই তরুণীর। ২৯ বছর বয়সী লিসার জন্ম থাইল্যান্ডের, তার আসল নাম লালিসা মনোবাল। ১৩ বছর বয়সে পরিবারের সঙ্গে লিসার দক্ষিণ কোরিয়ায় আসে। মেয়েদের মিউজিক গ্রুপ ব্ল্যাকপিংকের যাত্রা শুরু ২০১৬ সালের ৮ অগাস্ট। ‘হুইসেল’ ও ‘বুমবায়াহ’ গান দুটি নিয়ে ব্যান্ডের প্রথম অ্যালবাম ‘স্কয়ার ওয়ান’। তখনই বিলবোর্ড চার্টে শুরু হয়ে যায় তোলপাড়। এক মাসেরও কম সময়ের মধ্যে অ্যালবামটির ১০ লাখের বেশি কপি বিক্রি হয়। বিলবোর্ডের টপচার্টে শীর্ষস্থান দখল করে নেয় অ্যালবামটি। কিছুদিন আগে নতুন অ্যালবামের টিজার ছেড়েছে ব্ল্যাকপিংক। অ্যালবামের নাম ‘ডেডলাইন’ নতুন কোনো চমক নয়। গেল বছর এই নামে বিশ্ব সফরের ঘোষণা দেয় দলটি। ব্ল্যাকপিংকের ওয়ার্ল্ড ট্যুর ‘ডেডলাইন’ও শেষ পর্যায়ে রয়েছে; বিভিন্ন দেশের ১৬টি শহরে ৩৩টি শো করেছে দলটি।
প্রাক্তন প্রেমিকের সঙ্গে হানিয়া আমিরের বিয়ে?

প্রাক্তন প্রেমিকের সঙ্গে হানিয়া আমিরের বিয়ে? পাকিস্তানি মডেল-অভিনেত্রী হানিয়া আমির। পর্দায় অসাধারণ অভিনয়ের জন্য যেমন আলোচনায় থাকেন, তেমনই পর্দার বাইরে তার ব্যক্তিগত জীবন ও প্রাণবন্ত ব্যক্তিত্বের কারণেও আলোচিত হয়ে থাকেন। পাকিস্তান, ভারত, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে তার ভক্ত রয়েছে। ব্যক্তিগত জীবনে পাকিস্তানি গায়ক অসীম আজহারের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন হানিয়া আমির। বেশ আগে এ সম্পর্ক থেকে বেরিয়ে আসেন তারা। ফের অসীম আজহারের সঙ্গে হানিয়ার নাম জড়িয়েছে। গুঞ্জন উড়ছে, হানিয়ার ভাঙা প্রেম জোড়া লেগেছে। কেবল তাই নয়, আগামী রমজানে বিয়ে করতে যাচ্ছেন এই যুগল। কয়েক দিন পরই শুরু হবে রমজান। এই রমজানে বিয়ে করবেন অভিনেত্রী হানিয়া আমির ও গায়ক অসীম আজহার। ঘরোয়া আয়োজনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরিকল্পনা করেছেন তারা। মূলত, হানিয়া আমির ও অসীম আজহারের বিয়ের খবরটি প্রথমে সামনে আনে পাকিস্তানভিত্তিক বিনোদন-লাইফস্টাইল বিষয়ক ইনস্টাগ্রাম পেজ ‘ইরফানিস্তান’। এ পেজের অনুসারীর সংখ্যা ১৬ লাখের বেশি। এ পোস্টে লেখা হয়, “ঘনিষ্ঠ সূত্র অনুযায়ী, হানিয়া আমির ও আসীম আজহার রমজানে বিয়ে করতে যাচ্ছেন। প্রিয় এই জুটি তাদের সম্পর্ককে পরবর্তী ধাপে নিয়ে যাচ্ছেন।” তবে বিয়ের বিষয়টি নিয়ে এখনো হানিয়া আমির বা অসীম আজহার কিংবা তাদের টিমের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া যায়নি। কয়েক মাস আগে একাধিক পাকিস্তানি সংবাদমাধ্যম দাবি করে, হানিয়া-অসীম আবারো সম্পর্কে জড়িয়েছেন। তবে হানিয়া বা আসীম—কেউই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি। এই দুই তারকা একসময় পাকিস্তানি শোবিজের সবচেয়ে জনপ্রিয় জুটিগুলোর একটি ছিলেন। ২০১৮-২০১৯ সাল পর্যন্ত তারা সম্পর্কে ছিলেন, এরপর বিচ্ছেদ ঘটে। ২০২০ সালে হানিয়া প্রকাশ্যে বলেন, “আমরা শুধু ভালো বন্ধু।” হানিয়া আমিরের সঙ্গে সম্পর্ক ভাঙার পর ইনফ্লুয়েন্সার ও অভিনেত্রী মেরুব আলীর সঙ্গে বাগদান সারেন অসীম। কিন্তু গত বছরের শুরুর দিকে অর্থাৎ বাগদানের ৩ বছর পর এ সম্পর্কের ইতি টানেন তারা। তবে গত বছরের আগস্টে গায়ক অসীমের কনসার্টে উপস্থিত হন হানিয়া আমির। তারপরই শুরু হয় চর্চা। সবকিছু মিলিয়ে নেটিজেনরা দুইয়ে দুইয়ে চার মেলাতে ভুল করছেন না।