আজও হজরত শাহজালালে ২৫টি ফ্লাইট বাতিল

আজও হজরত শাহজালালে ২৫টি ফ্লাইট বাতিল মধ্যপ্রাচ্যে যুদ্ধের কার‌ণে আকাশপথ বন্ধ থাকায় বুধবার (৪ মার্চ) ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৫টি ফ্লাইট বাতিল হয়েছে। ফ‌লে বি‌দেশগা‌মী যাত্রী‌রা চরম ভোগা‌ন্তি‌তে প‌ড়ে‌ছেন। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র জানায়, আজ বাতিল হওয়া ২৫টি ফ্লাইটের মধ্যে কাতার এয়ারওয়েজের চারটি, এমিরেটস এয়ারলাইনসের পাঁচটি, কুয়েত এয়ারওয়েজের দুটি, জাজিরা এয়ারওয়েজের দুটি, এয়ার অ্যারাবিয়ার আটটি ও ইউএস-বাংলা এয়ারলাইনসের চারটি ফ্লাইট রয়েছে। এ নিয়ে গত পাঁচ দিনে বিভিন্ন উড়োজাহাজ সংস্থার মোট ১৭৩টি ফ্লাইট বাতিল হলো। যুদ্ধের কারণে ঢাকা থেকে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি ও ৩ মার্চ ৩৯টি ফ্লাইট বাতিল হয়। এদিকে ৫ মার্চ পর্যন্ত বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি ও শারজাহ; সৌদি আরবের দাম্মাম, কাতারের দোহা এবং কুয়েতগামী ফ্লাইট বাতিল ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।  ইউএস-বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষ আট‌কে পড়া বাংলা‌দে‌শি‌দের দে‌শে ফি‌রি‌য়ে আন‌তে আজ থে‌কে দু‌টি বি‌শেষ ফ্লাইট প‌রিচালনা কর‌বে। প্রথম ফ্লাইট দুবাই‌ এর উ‌দ্দে‌শ্যে সন্ধার পর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছে‌ড়ে যাওয়ার কথা র‌য়ে‌ছে।

‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর চিকিৎসা সেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রী-প্রতিমন্ত্রী-উপদেষ্টা এবং স্বাস্থ্য বিশেষজ্ঞদের এক বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর অতিরিক্তি প্রেসসচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান। সভায় পরিত্যক্ত ভবন চিহ্নিত করে সেগুলোতে স্বাস্থ্য কেন্দ্র করার বিষয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, “প্রধানমন্ত্রী ই-হেলথ কার্ড চালু করার কাজ শুরু করতে স্বাস্থ্যমন্ত্রীকে যথাযথ নির্দেশনা দিয়েছেন। সরকারের নীতি হচ্ছে স্বাস্থ্য সেবা জনগণের দ্বারগোড়ায় পৌঁছাতে হবে।” রুমন জানান, শুধুমাত্র এলডিইডির পরিত্যক্ত ভবন বা বিল্ডিং রয়েছে ১৭০টি। প্রধানমন্ত্রী বলেছেন, সরকারি ও তার অধীনস্থ প্রতিষ্ঠান ও সংস্থার এরকম পরিত্যক্ত ভবন বা বিল্ডিং রয়েছে সেগুলো ক্লিনিক ও স্বাস্থ্য সেবা কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে। এই ব্যাপারে মন্ত্রণালয়কে তিনি (প্রধানমন্ত্রী) নির্দেশনা দিয়েছেন।  

চাঁদাবাজদের তালিকা করে শিগগিরই অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদাবাজদের তালিকা করে শিগগিরই অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী তালিকা করে খুব শিগগিরই চাঁদাবাজদের বিরুদ্ধে সারা দেশে অভিযান চালানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (৪ মার্চ) ডিএমপি সদর দপ্তরে সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকতাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে মন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেছেন, ‘ঢাকা মহানগর পুলিশকে দুইটা বিষয়ে অনুশাসন দিয়েছি। আমরা খুব শিগগিরই বিশেষ করে ঢাকা থেকে শুরু করব। চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করে তাদের আইনের আওতায় নিয়ে আসার ব্যবস্থা গ্রহণ করব।’ এসময় মন্ত্রী জানান, সন্ত্রাসী, দাগী আসামি ও যারা সমাজে বিশৃঙ্খলা তৈরি করছে, তাদের একটি তালিকা প্রণয়ন করা হয়েছে।

মধ্যপ্রাচ্যের সর্ববৃহৎ মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

মধ্যপ্রাচ্যের সর্ববৃহৎ মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা মধ্যপ্রাচ্যের সর্ববৃহৎ মার্কিন সামরিক ঘাঁটি আল-উদাইদতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। তবে একই সময়ে অন্য একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে কাতারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। খবর বিবিসি’র। বুধবার (৪ মার্চ) ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, কাতারের মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরান দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তবে তার মধ্যে একটি ক্ষেপণাস্ত্র কাতারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করেছে। অন্যটি আল-উদাইদ এলাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটিতে আঘাত হেনেছে। এটি এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে কাতার।

খামেনির উত্তরসূরি যে-ই হবেন, তাকেই হত্যা করা হবে : ইসরায়েল

খামেনির উত্তরসূরি যে-ই হবেন, তাকেই হত্যা করা হবে : ইসরায়েল ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হিসেবে বেছে নেওয়া যেকোনো নেতাকেই হত্যা করা হবে বলে বুধবার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। তেহরানে শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় খামেনি নিহত হন। তার উত্তরসূরি বেছে নিতে ইরানে প্রস্তুতি চলছে। এরই মধ্যে বুধবার এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী লিখেছেন, ইসরায়েলকে ধ্বংস এবং যুক্তরাষ্ট্র, মুক্ত বিশ্ব ও আঞ্চলিক দেশগুলোর জন্য হুমকি তৈরি করতে এবং ইরানি জনগণকে দমন-পীড়নের পরিকল্পনা এগিয়ে নিতে ইরানি শাসকগোষ্ঠী যে নেতাই নির্বাচিত করুক, তাকে হত্যার নিশানা বানানো হবে। তার নাম যা-ই হোক বা তিনি যেখানেই থাকুন না কেন, এটা ঘটবে।’

ভোলাহাটে বিষ দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে ৩৫ দিন বয়সী ধানগাছ : পাল্টাপাল্টি অভিযোগ

ভোলাহাটে বিষ দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে ৩৫ দিন বয়সী ধানগাছ : পাল্টাপাল্টি অভিযোগ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় ৩৫ দিন বয়সের বোরো ধানগাছে বিষ প্রয়োগ করে ৩০ শতাংশ জমির ধান পুড়িয়ে নষ্ট করা হয়েছে। এঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ পাওয়া গেছে। উপজেলার পাঁচটিকরি গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে মো. তরিকুল ইসলাম ভোলাহাট থানায় দায়ের করা এজাহারে উল্লেখ করেছেন, একই গ্রামের ইসরাইলের ছেলে তোফাজ্জুল হক বাবু (৪৫) গত ২৭ ফেব্রুয়ারি বিকেল ৫টার দিকে সোলগাড়ী জিয়া ক্যানেলের পশ্চিম পাশে তার জমিতে বিষ প্রয়োগ করেন। পরে ধান গাছগুলো ধীরে ধীরে পুড়ে গিয়ে সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। এ ব্যাপারে তিনি বাদী হয়ে ভোলাহাট থানায় এজহার দায়ের করেছেন বলে জানান। অন্যদিকে তোফাজ্জুল হক বাবুর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, জমিটি আমাদের। আমরা জমিতে ধান লাগিয়েছি। ধান পুড়িয়ে মেরেছে তরিকুলেরা। আমরা ওদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছি। এদিকে পুলিশের এসআই বশির আহমেদ গত সোমবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয় কৃষকদের ভাষ্য, জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। সেই বিরোধের জের ধরেই ধান নষ্ট করা হয়েছে বলে তারা ধারণা করছেন।

চীনের বিপক্ষে হার দিয়েই অভিষেক হলো বাংলার বাঘিনীদের

চীনের বিপক্ষে হার দিয়েই অভিষেক হলো বাংলার বাঘিনীদের এএফসি নারী এশিয়ান কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চীন। অন্যদিকে প্রথমবারের মতো এশিয়া কাপে খেলতে গেছে বাংলাদেশ। প্রস্তুতি, শারীরিক সক্ষমতায় চীনের চেয়ে যোজন যোজন পিছিয়ে বাংলাদেশের মেয়েরা। এশিয়ান কাপে হার দিয়েই অভিষেক হলো বাংলার বাঘিনীদের, কিন্তু হারলেও ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিপক্ষে লড়াই করে প্রশংসা কুড়াচ্ছেন ঋতুপর্ণা-মারিয়ারা। মঙ্গলবার ওয়েস্টার্ন সিডনিতে এএফসি নারী এশিয়ান কাপে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। ম্যাচের দুটি গোলই হয় প্রথমার্ধের শেষের দিকে। ৮৬ মিনিটে হালিমাকে তুলে মিডফিল্ডার আনিকা রানিয়াকে মাঠে নামান কোচ পিটার বাটলার। এর মধ্য দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক ঘটল বাংলাদেশি বংশোদ্ভুত সুইডেন প্রবাসী আনিকার। চীনের র‌্যাংকিং ১৭, বাংলাদেশের ১১২ কাগজে-কলমে এটি ছিল স্পষ্ট অসম লড়াই। তবে মাঠে সেই ব্যবধান পুরোপুরি প্রতিফলিত হতে দেয়নি বাংলাদেশ নারী দল। নির্ধারিত ৯০ মিনিট জুড়ে তারা খেলেছে ইতিবাচক ফুটবল। এশিয়ান চ্যাম্পিয়ন চীন নারী জাতীয় ফুটবল দল ফিজিক্যাল ও টেকনিক্যাল দিক থেকে এগিয়ে থাকলেও লড়াইয়ে পিছিয়ে ছিল না বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দল। চীনকে প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে ৪৪ মিনিট পর্যন্ত। প্রথমার্ধের শেষ দুই মিনিটে দুই গোল করে তারা ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ বলের দখলে আগের চেয়ে উন্নতি করে এবং রক্ষণাত্মক খোলস ভেঙে আক্রমণের ধারাও বাড়ায়। বিরতির পর বাংলাদেশ তিন পরিবর্তন আনে উমহেলা, শিউলি ও নবীরনের জায়গায় নামেন তহুরা, হালিমা ও স্বপ্না। ৮৫ মিনিটে জাতীয় দলে অভিষেক হয় সুইডিশ প্রবাসী আনিকা রহমানের। চীনও দ্বিতীয়ার্ধে তিন পরিবর্তন করলেও আর গোলের ব্যবধান বাড়াতে পারেনি। অস্ট্রেলিয়ায় চলমান এএফসি নারী এশিয়ান কাপে রয়েছে ভিএআর প্রযুক্তি। দ্বিতীয়ার্ধে বাংলাদেশের একটি আক্রমণে পেনাল্টির সম্ভাবনা ভিএআরে পরীক্ষা করা হলেও শেষ পর্যন্ত সিদ্ধান্ত যায়নি বাংলাদেশের পক্ষে। ম্যাচের সবচেয়ে রোমাঞ্চকর মুহূর্তটি আসে ১৪তম মিনিটে। কাউন্টার অ্যাটাক থেকে বল পান ঋতুপর্ণা চাকমা। ডিফেন্ডারকে পেছনে ফেলে দ্রুতগতিতে এগিয়ে গিয়ে প্রায় ৩০ গজ দূর থেকে নেওয়া তার বাঁ পায়ের শট প্রায় জালেই জড়িয়ে যাচ্ছিল। চীনের গোলরক্ষক চেন চেন পেছনে লাফিয়ে অসাধারণ সেভ না করলে সেটি হতে পারত টুর্নামেন্টের অন্যতম সেরা গোল। ২২ মিনিটে চীন প্রথমবার বল জালে পাঠালেও ভিএআরে সেটি বাতিল হয়। অবশেষে ৪৪ মিনিটে ওয়াং শুয়াং দূরপাল্লার শটে গোল করে এগিয়ে নেন দলকে। এক মিনিট পর ঝাং রুইয়ের শট বাংলাদেশের ডিফেন্ডারদের পায়ে লেগে জালে জড়ালে ব্যবধান দাঁড়ায় ২-০।

মেট্রোরেল ও ট্রেন ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন যারা

মেট্রোরেল ও ট্রেন ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন যারা মেট্রোরেল ও আন্তঃনগর ট্রেনের ভাড়ায় বয়স্ক, প্রতিবন্ধী ও শিক্ষার্থীরা ২৫ শতাংশ ছাড় পাবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন, রেল ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম রবি। মঙ্গলবার সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি। মেট্রোরেল ও আন্তঃনগর ট্রেনের ভাড়ার বিষয়ে মন্ত্রী বলেন, যাদের বয়স ৬৫ বছরের বেশি, যারা প্রতিবন্ধী এবং যারা শিক্ষার্থী রয়েছেন তারা নিজ নিজ আইডি কার্ড এবং ন্যাশনাল আইডি কার্ড ব্যবহার করে ট্রেনের ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন। আগামী কোরবানি ঈদের আগে এই সুযোগ চালু করা হবে বলেও জানান তিনি। রেলের উন্নয়নের নামে বিগত সরকার শুধু খরচই করেছে উল্লেখ করে শেখ রবিউল আলম আরও বলেন, বিগত সরকার রেলের প্রায় এক লাখ কোটি টাকার বেশি উন্নয়ন কাজ করেছে। তবে আসলে রেলের কোনো উন্নয়ন হয়নি, সবই কাগজে-কলমে। উল্টো রেলের ইঞ্জিন কম, রেল চলে না, ভেঙে যায়।

হরমুজ প্রণালির নিরাপত্তা  নিয়ে কড়া বার্তা চীনের

হরমুজ প্রণালির নিরাপত্তা  নিয়ে কড়া বার্তা চীনের মধ্যপ্রাচ্যের যুদ্ধে সংশ্লিষ্ট সব পক্ষকে তেল ও গ্যাস পরিবহনের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে নিরাপত্তা বজায় রাখার আহ্বান জানিয়েছে চীন। এ ছাড়া তারা নিজেদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেছে। বিশ্বের সমুদ্রপথে পরিবাহিত তেলের প্রায় এক-চতুর্থাংশ এই প্রণালির মধ্য দিয়ে যায়, পাশাপাশি উল্লেখযোগ্য পরিমাণ পণ্যও এ পথে পরিবাহিত হয়। ইরানের বিপ্লবী গার্ড শনিবার প্রণালিটি বন্ধ ঘোষণা করে, যার ফলে কয়েকটি আন্তর্জাতিক নৌপরিবহন সংস্থা এ নৌপথে চলাচল স্থগিত করে। নিয়মিত সংবাদ সম্মেলনে মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, ‘চীন সব পক্ষকে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করতে, উত্তেজনা আরো বৃদ্ধি এড়াতে, হরমুজ প্রণালির নৌপথের নিরাপত্তা বজায় রাখতে এবং বৈশ্বিক অর্থনীতিতে আরো বড় প্রভাব পড়া প্রতিরোধ করতে আহ্বান জানাচ্ছে।’ তিনি বলেন, ‘জ্বালানি নিরাপত্তা বৈশ্বিক অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ… চীন তার জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’ চীন ইরানি তেলের প্রধান ক্রেতা, যার বেশির ভাগই এই প্রণালির মধ্য দিয়ে পরিবাহিত হয়।

রাজশাহীর বেলপুকুরে অভিযান চালিয়ে অপহৃত ২ কিশোর উদ্ধার

রাজশাহীর বেলপুকুরে অভিযান চালিয়ে অপহৃত ২ কিশোর উদ্ধার রাজশাহী মহানগরীর বেলপুকুর থানার বেলপুকুর বাইপাস মোড় এলাকায় অভিযান চালিয়ে ৩ দিন ধরে নিখোঁজ থাকা ২ কিশোরকে উদ্ধার করেছে রাজশাহী র‌্যাব-৫। অপহৃত কিশোররা হলো- রিফাত ইসলাম ও আকাশ আহমেদ। র‌্যাবের পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল গভীর রাতে গত ২৮ ফেব্রুয়ারী মতিহার থানার ভাল্লুকপুকুর এলাকা থেকে নিখোঁজ হয় রিফাত ও আকাশ। পরে ভিকটিমের পরিবার মতিহার থানায় ২ টি সাধারণ ডায়েরী করেন। পরে নিখোঁজ ভিকটিমদ্বয়’কে উদ্ধারের জন্য অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। গতকাল রাতে উদ্ধারের পর ঐ ২ কিশোরকে মতিহার থানায় হস্তান্তর করা হয়েছে।