তিন মাস আগেই শেষ ব্রাজিল তারকা রদ্রিগোর বিশ্বকাপ স্বপ্ন

তিন মাস আগেই শেষ ব্রাজিল তারকা রদ্রিগোর বিশ্বকাপ স্বপ্ন বিশ্বকাপ শুরু হতে„ এখনও তিন মাসের বেশি সময় বাকি। তার আগেই ব্রাজিল সমর্থকদের জন্য দুঃসংবাদ। তিন মাস আগেই বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়ে গেলো ব্রাজিলের রিয়াল মাদ্রিদ তারকা রদ্রিগোর। গুরুতর হাঁটুর চোটে মৌসুমের বাকি অংশ থেকেও ছিটকে গেছেন তিনি। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, তার ডান হাঁটুর অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট (এসিএল) ও ল্যাটেরাল মেনিস্কাস ছিঁড়ে গেছে। সোমবার লা লিগায় গেতাফের বিপক্ষে ১-০ গোলের অপ্রত্যাশিত হারের ম্যাচেই চোটটি পান রদ্রিগো। এর আগে কিছুদিন ধরে হাঁটুতে অস্বস্তি অনুভব করছিলেন বলে জানা গেছে। পরীক্ষার পর রিয়াল মাদ্রিদ এক বিবৃতিতে নিশ্চিত করে যে তার এসিএল ও মেনিস্কাসে র‌্যাপচার ধরা পড়েছে। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দেন ব্রাজিল তারকা। তিনি লেখেন, ‘এটা আমার জীবনের সবচেয়ে খারাপ দিনগুলোর একটি। আমার জীবন ও ক্যারিয়ারে বড় একটি বাধা এসেছে। কিছুদিনের জন্য আমি যা সবচেয়ে বেশি ভালোবাসি, তা করতে পারব না। ক্লাবের হয়ে মৌসুমের বাকি সময় এবং দেশের হয়ে বিশ্বকাপ- দুটোই মিস করব, যা আমার স্বপ্ন ছিল। এখন শক্ত থাকা ছাড়া আমার আর কিছু করার নেই।’ রদ্রিগোর ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, প্রাথমিকভাবে তাকে প্রায় আট মাস মাঠের বাইরে থাকতে হতে পারে। তবে তার পুনর্বাসন প্রক্রিয়া নিয়মিত পর্যবেক্ষণে থাকবে এবং সুস্থতার অগ্রগতির ওপরই নির্ভর করবে মাঠে ফেরার সময়সূচি। ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এক বিবৃতিতে রদ্রিগোর প্রতি সংহতি জানিয়ে দ্রুত আরোগ্য কামনা করেছে। তারা জানিয়েছে, জাতীয় দলের এই ফরোয়ার্ডের ডান হাঁটুর এসিএল ও বাইরের মেনিস্কাসে গুরুতর চোট ধরা পড়েছে। ২০২৩ সালে একই ধরনের চোটে পড়েছিলেন নেইমার। রদ্রিগোর খবর শুনে তিনিও সামাজিক মাধ্যমে সমবেদনা জানান। তিনি লেখেন, ‘এই চোটের কষ্ট, দুশ্চিন্তা আর ভয় আমি জানি। এখন সবচেয়ে জরুরি হলো মানসিকভাবে শক্ত থাকা। তুমি আরও শক্ত হয়ে ফিরবে।’ চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে রিয়াল মাদ্রিদের হয়ে ২৭ ম্যাচ খেলেছেন রদ্রিগো। করেছেন তিন গোল, সঙ্গে ছয়টি অ্যাসিস্ট। তার অনুপস্থিতি রিয়ালের আক্রমণভাগে বড় ধাক্কা হয়ে আসবে, আর ব্রাজিল জাতীয় দলের বিশ্বকাপ পরিকল্পনাতেও তৈরি করবে নতুন সমীকরণ।

ছয় নতুন মুখ নিয়ে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা পাকিস্তানের

ছয় নতুন মুখ নিয়ে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা পাকিস্তানের বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান। সফরকারী দলকে নেতৃত্ব দেবেন শাহিন শাহ আফ্রিদি। দলে আছে ছয় নতুন মুখ। তারা হলেন আবদুল সামাদ, মাজ সাদাকাত, মোহাম্মদ গাজি ঘুরি, সাদ মাসুদ, সাহিবজাদা ফারহান এবং শামিল হোসেন। পাকিস্তান দল ঢাকায় পা রাখবে ৮ মার্চ। ১১, ১৩ আর ১৫ মার্চ তিনটি ওয়ানডে। সবকটি ম্যাচই হবে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। পাকিস্তান স্কোয়াড শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আবদুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফয়সাল আকরাম, হারিস রউফ, হুসাইন তালাত, মাজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ গাজি ঘুরি (উইকেটরক্ষক), সাদ মাসুদ, সাহিবজাদা ফারহান, সালমান আলি আগা এবং শামিল হোসেন।

সকালে ৪০ মিনিট অফিসে থাকা বাধ্যতামূলক করল সরকার

সকালে ৪০ মিনিট অফিসে থাকা বাধ্যতামূলক করল সরকার সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত বাধ্যতামূলকভাবে নিজ নিজ অফিসে অবস্থানের নির্দেশ দিয়ে পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। সোমবার (৪ মার্চ) মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক পরিপত্রে এই নির্দেশনা দেওয়া হয়। পরিপত্র থেকে জানা যায়, কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে কর্মকর্তা-কর্মচারীরা অফিসে আসার পথে দাপ্তরিক বা ব্যক্তিগত বিভিন্ন কাজে (যেমন: সেমিনার, কর্মশালা, সিম্পোজিয়াম প্রশিক্ষণ প্রতিষ্ঠানে অতিথি বক্তা হিসেবে অংশগ্রহণ কিংবা ব্যাংক, হাসপাতাল ও বিদ্যালয়ে যাওয়া) ব্যস্ত হয়ে পড়েন। এর ফলে তারা নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থাকেন না। এই অবস্থায়, জনসেবা নিশ্চিত ও দাপ্তরিক কাজে গতি আনতে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা-কর্মচারীকে সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত অবশ্যই নিজ অফিস কক্ষে থাকতে হবে। দাপ্তরিক অন্যান্য কর্মসূচিও এমনভাবে সাজাতে হবে যাতে এই সময়টুকু বিঘ্নিত না হয়। পরিপত্রে জানানো হয়, ‘সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯’ এবং ‘সচিবালয় নির্দেশমালা, ২০২৪’ অনুযায়ী সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময়ে অফিসে আসা ও যাওয়া বাধ্যতামূলক। যেসব ক্ষেত্রে এই নিয়ম শিথিল থাকবে: তবে কিছু ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে না। যেমন- শিক্ষা বা প্রশিক্ষণ প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক ও অনুষদ সদস্য যারা প্রশাসনিক দায়িত্বে নেই। এছাড়া হাসপাতাল, জেলখানা, সংবাদ মাধ্যম বা নিরাপত্তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যারা রোস্টার ডিউটি করেন, তাদের ক্ষেত্রেও এই সময়সীমা প্রযোজ্য হবে না।  জরুরি গ্রাহকসেবায় সরাসরি সম্পৃক্ত এবং মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও এই নিয়মের বাইরে রাখা হয়েছে। পরিপত্রে আরো বলা হয়, ভিভিআইপি বা ভিআইপি প্রটোকল প্রদান, আকস্মিক বড় দুর্ঘটনা মোকাবিলা, উন্নয়ন সহযোগী বা কূটনৈতিক মিশনের সঙ্গে অতি গুরুত্বপূর্ণ সভা এবং অনুমোদিত সরকারি সফরের ক্ষেত্র ছাড়া কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে কর্মস্থল ত্যাগ করা যাবে না। দাপ্তরিক কাজ ছাড়া অফিস চলাকালীন সময়ে অফিস ত্যাগ না করার নির্দেশ দিয়ে বলা হয়েছে, এই পরিপত্র অবিলম্বে কার্যকর হবে।

আজও হজরত শাহজালালে ২৫টি ফ্লাইট বাতিল

আজও হজরত শাহজালালে ২৫টি ফ্লাইট বাতিল মধ্যপ্রাচ্যে যুদ্ধের কার‌ণে আকাশপথ বন্ধ থাকায় বুধবার (৪ মার্চ) ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৫টি ফ্লাইট বাতিল হয়েছে। ফ‌লে বি‌দেশগা‌মী যাত্রী‌রা চরম ভোগা‌ন্তি‌তে প‌ড়ে‌ছেন। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র জানায়, আজ বাতিল হওয়া ২৫টি ফ্লাইটের মধ্যে কাতার এয়ারওয়েজের চারটি, এমিরেটস এয়ারলাইনসের পাঁচটি, কুয়েত এয়ারওয়েজের দুটি, জাজিরা এয়ারওয়েজের দুটি, এয়ার অ্যারাবিয়ার আটটি ও ইউএস-বাংলা এয়ারলাইনসের চারটি ফ্লাইট রয়েছে। এ নিয়ে গত পাঁচ দিনে বিভিন্ন উড়োজাহাজ সংস্থার মোট ১৭৩টি ফ্লাইট বাতিল হলো। যুদ্ধের কারণে ঢাকা থেকে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি ও ৩ মার্চ ৩৯টি ফ্লাইট বাতিল হয়। এদিকে ৫ মার্চ পর্যন্ত বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি ও শারজাহ; সৌদি আরবের দাম্মাম, কাতারের দোহা এবং কুয়েতগামী ফ্লাইট বাতিল ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।  ইউএস-বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষ আট‌কে পড়া বাংলা‌দে‌শি‌দের দে‌শে ফি‌রি‌য়ে আন‌তে আজ থে‌কে দু‌টি বি‌শেষ ফ্লাইট প‌রিচালনা কর‌বে। প্রথম ফ্লাইট দুবাই‌ এর উ‌দ্দে‌শ্যে সন্ধার পর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছে‌ড়ে যাওয়ার কথা র‌য়ে‌ছে।

‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর চিকিৎসা সেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রী-প্রতিমন্ত্রী-উপদেষ্টা এবং স্বাস্থ্য বিশেষজ্ঞদের এক বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর অতিরিক্তি প্রেসসচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান। সভায় পরিত্যক্ত ভবন চিহ্নিত করে সেগুলোতে স্বাস্থ্য কেন্দ্র করার বিষয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, “প্রধানমন্ত্রী ই-হেলথ কার্ড চালু করার কাজ শুরু করতে স্বাস্থ্যমন্ত্রীকে যথাযথ নির্দেশনা দিয়েছেন। সরকারের নীতি হচ্ছে স্বাস্থ্য সেবা জনগণের দ্বারগোড়ায় পৌঁছাতে হবে।” রুমন জানান, শুধুমাত্র এলডিইডির পরিত্যক্ত ভবন বা বিল্ডিং রয়েছে ১৭০টি। প্রধানমন্ত্রী বলেছেন, সরকারি ও তার অধীনস্থ প্রতিষ্ঠান ও সংস্থার এরকম পরিত্যক্ত ভবন বা বিল্ডিং রয়েছে সেগুলো ক্লিনিক ও স্বাস্থ্য সেবা কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে। এই ব্যাপারে মন্ত্রণালয়কে তিনি (প্রধানমন্ত্রী) নির্দেশনা দিয়েছেন।  

চাঁদাবাজদের তালিকা করে শিগগিরই অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদাবাজদের তালিকা করে শিগগিরই অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী তালিকা করে খুব শিগগিরই চাঁদাবাজদের বিরুদ্ধে সারা দেশে অভিযান চালানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (৪ মার্চ) ডিএমপি সদর দপ্তরে সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকতাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে মন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেছেন, ‘ঢাকা মহানগর পুলিশকে দুইটা বিষয়ে অনুশাসন দিয়েছি। আমরা খুব শিগগিরই বিশেষ করে ঢাকা থেকে শুরু করব। চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করে তাদের আইনের আওতায় নিয়ে আসার ব্যবস্থা গ্রহণ করব।’ এসময় মন্ত্রী জানান, সন্ত্রাসী, দাগী আসামি ও যারা সমাজে বিশৃঙ্খলা তৈরি করছে, তাদের একটি তালিকা প্রণয়ন করা হয়েছে।

মধ্যপ্রাচ্যের সর্ববৃহৎ মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

মধ্যপ্রাচ্যের সর্ববৃহৎ মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা মধ্যপ্রাচ্যের সর্ববৃহৎ মার্কিন সামরিক ঘাঁটি আল-উদাইদতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। তবে একই সময়ে অন্য একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে কাতারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। খবর বিবিসি’র। বুধবার (৪ মার্চ) ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, কাতারের মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরান দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তবে তার মধ্যে একটি ক্ষেপণাস্ত্র কাতারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করেছে। অন্যটি আল-উদাইদ এলাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটিতে আঘাত হেনেছে। এটি এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে কাতার।

খামেনির উত্তরসূরি যে-ই হবেন, তাকেই হত্যা করা হবে : ইসরায়েল

খামেনির উত্তরসূরি যে-ই হবেন, তাকেই হত্যা করা হবে : ইসরায়েল ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হিসেবে বেছে নেওয়া যেকোনো নেতাকেই হত্যা করা হবে বলে বুধবার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। তেহরানে শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় খামেনি নিহত হন। তার উত্তরসূরি বেছে নিতে ইরানে প্রস্তুতি চলছে। এরই মধ্যে বুধবার এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী লিখেছেন, ইসরায়েলকে ধ্বংস এবং যুক্তরাষ্ট্র, মুক্ত বিশ্ব ও আঞ্চলিক দেশগুলোর জন্য হুমকি তৈরি করতে এবং ইরানি জনগণকে দমন-পীড়নের পরিকল্পনা এগিয়ে নিতে ইরানি শাসকগোষ্ঠী যে নেতাই নির্বাচিত করুক, তাকে হত্যার নিশানা বানানো হবে। তার নাম যা-ই হোক বা তিনি যেখানেই থাকুন না কেন, এটা ঘটবে।’

ভোলাহাটে বিষ দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে ৩৫ দিন বয়সী ধানগাছ : পাল্টাপাল্টি অভিযোগ

ভোলাহাটে বিষ দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে ৩৫ দিন বয়সী ধানগাছ : পাল্টাপাল্টি অভিযোগ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় ৩৫ দিন বয়সের বোরো ধানগাছে বিষ প্রয়োগ করে ৩০ শতাংশ জমির ধান পুড়িয়ে নষ্ট করা হয়েছে। এঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ পাওয়া গেছে। উপজেলার পাঁচটিকরি গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে মো. তরিকুল ইসলাম ভোলাহাট থানায় দায়ের করা এজাহারে উল্লেখ করেছেন, একই গ্রামের ইসরাইলের ছেলে তোফাজ্জুল হক বাবু (৪৫) গত ২৭ ফেব্রুয়ারি বিকেল ৫টার দিকে সোলগাড়ী জিয়া ক্যানেলের পশ্চিম পাশে তার জমিতে বিষ প্রয়োগ করেন। পরে ধান গাছগুলো ধীরে ধীরে পুড়ে গিয়ে সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। এ ব্যাপারে তিনি বাদী হয়ে ভোলাহাট থানায় এজহার দায়ের করেছেন বলে জানান। অন্যদিকে তোফাজ্জুল হক বাবুর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, জমিটি আমাদের। আমরা জমিতে ধান লাগিয়েছি। ধান পুড়িয়ে মেরেছে তরিকুলেরা। আমরা ওদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছি। এদিকে পুলিশের এসআই বশির আহমেদ গত সোমবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয় কৃষকদের ভাষ্য, জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। সেই বিরোধের জের ধরেই ধান নষ্ট করা হয়েছে বলে তারা ধারণা করছেন।

চীনের বিপক্ষে হার দিয়েই অভিষেক হলো বাংলার বাঘিনীদের

চীনের বিপক্ষে হার দিয়েই অভিষেক হলো বাংলার বাঘিনীদের এএফসি নারী এশিয়ান কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চীন। অন্যদিকে প্রথমবারের মতো এশিয়া কাপে খেলতে গেছে বাংলাদেশ। প্রস্তুতি, শারীরিক সক্ষমতায় চীনের চেয়ে যোজন যোজন পিছিয়ে বাংলাদেশের মেয়েরা। এশিয়ান কাপে হার দিয়েই অভিষেক হলো বাংলার বাঘিনীদের, কিন্তু হারলেও ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিপক্ষে লড়াই করে প্রশংসা কুড়াচ্ছেন ঋতুপর্ণা-মারিয়ারা। মঙ্গলবার ওয়েস্টার্ন সিডনিতে এএফসি নারী এশিয়ান কাপে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। ম্যাচের দুটি গোলই হয় প্রথমার্ধের শেষের দিকে। ৮৬ মিনিটে হালিমাকে তুলে মিডফিল্ডার আনিকা রানিয়াকে মাঠে নামান কোচ পিটার বাটলার। এর মধ্য দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক ঘটল বাংলাদেশি বংশোদ্ভুত সুইডেন প্রবাসী আনিকার। চীনের র‌্যাংকিং ১৭, বাংলাদেশের ১১২ কাগজে-কলমে এটি ছিল স্পষ্ট অসম লড়াই। তবে মাঠে সেই ব্যবধান পুরোপুরি প্রতিফলিত হতে দেয়নি বাংলাদেশ নারী দল। নির্ধারিত ৯০ মিনিট জুড়ে তারা খেলেছে ইতিবাচক ফুটবল। এশিয়ান চ্যাম্পিয়ন চীন নারী জাতীয় ফুটবল দল ফিজিক্যাল ও টেকনিক্যাল দিক থেকে এগিয়ে থাকলেও লড়াইয়ে পিছিয়ে ছিল না বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দল। চীনকে প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে ৪৪ মিনিট পর্যন্ত। প্রথমার্ধের শেষ দুই মিনিটে দুই গোল করে তারা ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ বলের দখলে আগের চেয়ে উন্নতি করে এবং রক্ষণাত্মক খোলস ভেঙে আক্রমণের ধারাও বাড়ায়। বিরতির পর বাংলাদেশ তিন পরিবর্তন আনে উমহেলা, শিউলি ও নবীরনের জায়গায় নামেন তহুরা, হালিমা ও স্বপ্না। ৮৫ মিনিটে জাতীয় দলে অভিষেক হয় সুইডিশ প্রবাসী আনিকা রহমানের। চীনও দ্বিতীয়ার্ধে তিন পরিবর্তন করলেও আর গোলের ব্যবধান বাড়াতে পারেনি। অস্ট্রেলিয়ায় চলমান এএফসি নারী এশিয়ান কাপে রয়েছে ভিএআর প্রযুক্তি। দ্বিতীয়ার্ধে বাংলাদেশের একটি আক্রমণে পেনাল্টির সম্ভাবনা ভিএআরে পরীক্ষা করা হলেও শেষ পর্যন্ত সিদ্ধান্ত যায়নি বাংলাদেশের পক্ষে। ম্যাচের সবচেয়ে রোমাঞ্চকর মুহূর্তটি আসে ১৪তম মিনিটে। কাউন্টার অ্যাটাক থেকে বল পান ঋতুপর্ণা চাকমা। ডিফেন্ডারকে পেছনে ফেলে দ্রুতগতিতে এগিয়ে গিয়ে প্রায় ৩০ গজ দূর থেকে নেওয়া তার বাঁ পায়ের শট প্রায় জালেই জড়িয়ে যাচ্ছিল। চীনের গোলরক্ষক চেন চেন পেছনে লাফিয়ে অসাধারণ সেভ না করলে সেটি হতে পারত টুর্নামেন্টের অন্যতম সেরা গোল। ২২ মিনিটে চীন প্রথমবার বল জালে পাঠালেও ভিএআরে সেটি বাতিল হয়। অবশেষে ৪৪ মিনিটে ওয়াং শুয়াং দূরপাল্লার শটে গোল করে এগিয়ে নেন দলকে। এক মিনিট পর ঝাং রুইয়ের শট বাংলাদেশের ডিফেন্ডারদের পায়ে লেগে জালে জড়ালে ব্যবধান দাঁড়ায় ২-০।