রাশিয়া থেকে প্রায় ৩০০ ক্ষেপণাস্ত্র কিনছে ভারত

রাশিয়া থেকে প্রায় ৩০০ ক্ষেপণাস্ত্র কিনছে ভারত রাশিয়া থেকে ২৮৮টি এস-৪০০ ক্ষেপণাস্ত্র কিনছে ভারত। এরই মধ্যে এ সংক্রান্ত ‘প্রয়োজনীয়তার অনুমোদন (এওএন)’ অনুমোদন দিয়েছে ভারতের প্রতিরক্ষা অধিগ্রহণ কাউন্সিল (ডিএসসি)। এতে ব্যয় হবে ১০ হাজার কোটি রুপি। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিরা। গত বছরের নভেম্বরেই ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস প্রথম জানিয়েছিল, অপারেশন সিঁদুর চলাকালে ব্যবহার করা ক্ষেপণাস্ত্রের মজুত পুনরায় ভরাট করতে এবং দীর্ঘ-পাল্লা ও স্বল্প-পাল্লার সারফেস-টু-এয়ার সিস্টেম বাড়াতে ভারত সরকার এসব ক্ষেপণাস্ত্র কেনার প্রস্তুতি নিচ্ছে। এওএন অনুমোদনের মাধ্যমে ১২০টি স্বল্প-পাল্লার ও ১৬৮টি দীর্ঘ-পাল্লার এস-৪০০ ক্ষেপণাস্ত্র কেনার পথ খুলে গেলো। দ্রুত ক্রয়প্রক্রিয়ার মাধ্যমেই এগুলো কেনা হবে বলে হিন্দুস্তান টাইমসকে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো। তারা আরও জানিয়েছে, চলতি বছরের জুন ও নভেম্বর মাসে ভারত এরই মধ্যে চুক্তিবদ্ধ আরও দুই সেট এস-৪০০ সিস্টেম পাবে। এদিকে, ভারতের বিমানবাহিনী আরও পাঁচটি অতিরিক্ত এস-৪০০ সিস্টেম কেনার পক্ষে যুক্তি তুলে ধরছে, সঙ্গে প্যান্টসির স্বল্প-পাল্লার সিস্টেমও। রুশ এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সশস্ত্র ড্রোন ও কামিকাজে ড্রোন প্রতিরোধে অত্যন্ত কার্যকর। এস-৪০০ ও প্যান্টসির একসঙ্গে যুক্ত করে দুই-স্তরবিশিষ্ট প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব, যা সীমান্তপারের আকাশপথে আসা যে কোনো লক্ষ্যবস্তু ভূপাতিত করতে সক্ষম। ভারতের প্রতিরক্ষা অধিগ্রহণ পদ্ধতিতে কঠোর পর্যবেক্ষণ নিশ্চিত করতে একটি শৃঙ্খলাবদ্ধ অনুমোদন কাঠামো রয়েছে। এটি শুরু হয় ‘স্টেটমেন্ট অব কেস’ দিয়ে, যেখানে উল্লেখ থাকে অপারেশনাল প্রয়োজনীয়তা ও কেনাকাটার যৌক্তিকতা। এরপর তা পর্যালোচনা করে ডিফেন্স প্রোকিউরমেন্ট বোর্ড, যার সভাপতি প্রতিরক্ষা সচিব। পরে তা অনুমোদনের জন্য ডিএসসিতে পাঠানো হয়। এখান থেকে এওএন মিললে বিক্রেতার সঙ্গে বিস্তারিত মূল্য আলোচনা হয়। তারপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আর্থিক অনুমোদন আসে। সবশেষে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি (সিসিএস) চূড়ান্ত অনুমোদন দেয়। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) এক সরকারি বিবৃতিতে জানানো হয়, প্রতিরক্ষামন্ত্রী প্রায় ৩ দশমিক ৬০ লাখ কোটি রুপি মূল্যের বিভিন্ন প্রস্তাবে এওএন দিয়েছেন। বিমানবাহিনীর (আইএএফ) জন্য অনুমোদন পেয়েছে মাল্টি–রোল ফাইটার এয়ারক্রাফট (এমআরএএফএ), রাফালে, কমব্যাট ক্ষেপণাস্ত্র ও এয়ারশিপভিত্তিক হাই–অ্যাল্টিটিউড সুডো–স্যাটেলাইট। ভারতীয় সেনাবাহিনীর জন্য অনুমোদন পেয়েছে অ্যান্টি–ট্যাঙ্ক মাইন (বিভব) ও আর্মার্ড রিকভারি ভেহিকল (এআরভি), টি–৭২ ট্যাংক ও বিএমপি–২ যুদ্ধযানের ওভারহলিং। নৌবাহিনীর জন্য অনুমোদন দেওয়া হয়েছে ৪ মেগাওয়াট মেরিন গ্যাস টারবাইন–ভিত্তিক ইলেকট্রিক পাওয়ার জেনারেটর ও পি–৮আই লং রেঞ্জ মেরিটাইম রিকনাইসেন্স এয়ারক্রাফট।
ইরানে সপ্তাহব্যাপী হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

ইরানে সপ্তাহব্যাপী হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ইরানে কয়েক সপ্তাহব্যাপী হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি হামলার নির্দেশ দেন তাহলে ইরানের বিরুদ্ধে সপ্তাহব্যাপী অভিযান অব্যাহত রাখতে মার্কিন সেনাবাহিনী প্রস্তুতি নিচ্ছে বলে দুই মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন। ফলে দেশ দুটির মধ্যে আগের তুলনায় অনেক বেশি গুরুতর সংঘাত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের এমন পরিকল্পনা সংবেদনশীল হওয়ায় ওই কর্মকর্তারা নাম প্রকাশ করতে অসম্মতি জানিয়েছেন। তবে এই খবর বাইরে প্রকাশ পাওয়া যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে চলমান কূটনৈতিক তৎপরতায় নিশ্চিতভাবে চাপ বৃদ্ধি করবে বলে ধারণা করা হচ্ছে। তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কূটনীতি পুনরুজ্জীবিত করার লক্ষ্যে গত সপ্তাহে ওমানে মার্কিন ও ইরানি কূটনীতিকরা আলোচনা করেছেন। ট্রাম্প এই অঞ্চলে সামরিক বাহিনী জড়ো করার পর নতুন সামরিক পদক্ষেপের আশঙ্কা তৈরি হয়েছে। মার্কিন কর্মকর্তারা শুক্রবার জানিয়েছেন যে, পেন্টাগন মধ্যপ্রাচ্যে আরও একটি বিমানবাহী রণতরী পাঠাচ্ছে, যেখানে আরও হাজার হাজার সেনা, যুদ্ধবিমান, গাইডেড-ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী এবং আক্রমণ পরিচালনা এবং তাদের বিরুদ্ধে প্রতিরক্ষা করতে সক্ষম অন্যান্য শক্তি যুক্ত করা হবে। শুক্রবার উত্তর ক্যারোলিনার একটি ঘাঁটিতে মার্কিন সেনাদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে ‘একটি চুক্তি করা কঠিন’ হয়ে পড়েছে। ট্রাম্প বলেন, কখনো কখনো ভীতি তৈরি করতে হয়। সত্যি বলতে, পরিস্থিতি সামাল দিতে এটাই একমাত্র উপায়। দীর্ঘ মেয়াদে সম্ভাব্য মার্কিন সামরিক অভিযানের প্রস্তুতি নিয়ে জানতে চাইলে হোয়াইট হাউজের মুখপাত্র আন্না কেলি বলেন, ‘ইরান ইস্যুতে প্রেসিডেন্ট ট্রাম্পের সামনে সব বিকল্পই খোলা আছে। তিনি যেকোনো ইস্যুতে নানা মতামত শোনেন। তবে শেষ পর্যন্ত দেশের স্বার্থ এবং জাতীয় নিরাপত্তার জন্য যা সবচেয়ে ভালো, সেটি বিবেচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
‘বিয়ের ছবি-ভিডিও নিয়ে ব্যবসা নয়’, বিজয়-রাশমিকা!

‘বিয়ের ছবি-ভিডিও নিয়ে ব্যবসা নয়’, বিজয়-রাশমিকা! ভারতের দক্ষিণী সিনেদুনিয়ার অভিনেতা-অভিনেত্রী বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। বহু বছর ধরেই তাদের সম্পর্কের গুঞ্জন শোনা যায়। যদিও তাতে কখনওই সায় দেননি তারা। এর মাঝেই বেশ কয়েক মাস ধরে শোনা যাচ্ছে, চর্চিত তারকা জুটির বিয়ের গুঞ্জন। এর মাঝেই প্রকাশ্যে এল তাদের বিয়ে নিয়ে নয়া তথ্য। যা রীতিমতো বিস্ফোরক বললেও ভুল হবে না। চলতি মাসে ২৬ তারিখ বিজয়-রাশমিকার চারহাত এক হবে বলে গুঞ্জন। বিয়ের দিন নিয়ে কোনও ঘোষণা করেননি তারা কেউই। এর মাঝেই তেলুগু সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, প্রথম সারির এক ওটিটি প্ল্যাটফর্মের পক্ষ থেকে বিজয়-রাশমিকার বিয়ের মুহূর্তের বিশেষ মুহূর্তের ‘এক্সক্লুসিভ’ স্বত্ব কেনার প্রস্তাব গিয়েছিল। মোটা অংকের চুক্তির বিনিময়ে সেই ছবিই নাকি তথ্যচিত্র আকারে প্রকাশ করার পরিকল্পনা ছিল জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মটির। কিন্তু মোটা টাকার সেই চুক্তিপ্রস্তাব নাকি ফিরিয়ে দিয়েছেন রাশমিকা ও বিজয়। নিজেদের ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখতে ভালোবাসেন বিজয় ও রাশমিকা। তাই বিয়ের অনুষ্ঠানের যাবতীয় যা কিছু সবটাই আত্মীয়-বন্ধু ও ঘনিষ্ঠদের নিয়েই আয়োজন করতে চান। নিজেদের বিয়ের মতো পবিত্র অনুষ্ঠানকে ব্যবসার রূপ দিতে নারাজ তারকা জুটি।
নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ

নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করা হয়েছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) মধ্যরাতে গেজেট প্রকাশ করা হয়। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। ৩শ আসনে নির্বাচনের আয়োজন করা হলেও প্রার্থীর মৃত্যুতে একটি আসনে স্থগিত করা হয়। আর দুটি আসনের ফলাফল স্থগিত করা হয়েছে। গেজেট প্রকাশের পরবর্তী তিন দিনের মধ্যে শপথ পড়ানোর বাধ্যবাধকতা রয়েছে। এদিকে স্পিকার পদত্যাগ করেছেন, ডেপুটি স্পিকার কারাগারে রয়েছেন। সরকার বলছে, রাষ্ট্রপতির মনোনীত ব্যক্তি বা সিইসি শপথ পাঠ করাবেন। এমন পরিস্থিতিতে বিএনপির মহাসচিব বলছেন, ১৫ ফেব্রুয়ারির মধ্যে সরকার গঠন হবে। বিএনপি সব দলকে নিয়ে পার্লামেন্টে যাবে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩শ’টি আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ হয়। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ২৯৭ আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করেছে ইসি। উচ্চ আদালতের নির্দেশনা থাকায় চট্টগ্রাম–২ ও ৪ আসনের ফলাফলের গেজেট এখন জারি করা হয়নি। নির্বাচনে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯টিতে জয় পেয়েছে। ফল ঘোষণা স্থগিত থাকা দুটি আসনেও বিএনপির প্রার্থীরা এগিয়ে আছেন। তাদের শরিকরা পেয়েছে তিনটি আসন। অন্যদিকে জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের অন্য শরিকেরা পেয়েছে নয়টি আসন।
১৭ ফেব্রুয়ারির মধ্যে সবার শপথ: প্রেস সচিব

১৭ ফেব্রুয়ারির মধ্যে সবার শপথ: প্রেস সচিব প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, খুব দ্রুত সবার শপথ অনুষ্ঠিত হবে। দেরি হলেও ১৬ বা ১৭ ফেব্রুয়ারির মধ্যে শপথ হবে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, শপথ কে পড়াবেন তা পরে জানিয়ে দেওয়া হবে।
ঠাকুমার রূপে চমক, রহস্য ভেদে আসছেন শ্রাবন্তী

ঠাকুমার রূপে চমক, রহস্য ভেদে আসছেন শ্রাবন্তী ২০২৬ জুড়ে একের পর এক নতুন কনটেন্ট আনার ঘোষণা আগেই দিয়েছিল স্ট্রিমিং প্ল্যাটফর্ম হইচই। সেই ধারাবাহিকতায় নতুন ওয়েব সিরিজ ঠাকুরমার ঝুলি-র মুক্তির তারিখ সামনে এলো। সিরিজটিতে একেবারে ভিন্ন লুকে হাজির হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এই রহস্যঘেরা গোয়েন্দা গল্পে তিনি অভিনয় করছেন গিরিজাবালা সান্যাল নামের এক বৃদ্ধার চরিত্রে। তার সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন ছোট পর্দার পরিচিত মুখ দিব্যানী মন্ডল। সিরিজটি পরিচালনা করেছেন অয়ন চক্রবর্তী। সম্প্রতি প্রকাশিত ফার্স্ট লুকে দেখা গেছে সম্পূর্ণ ভিন্ন এক শ্রাবন্তীকে। অফ-হোয়াইট শাড়ি, ফুলহাতা সোয়েটার, পাকা চুল আর চোখে মোটা ফ্রেমের চশমা। সামনে পানের ডিব্বা, আতশ কাঁচ ও চায়ের কাপ— সব মিলিয়ে চরিত্রের রহস্যময় আবহ ইতোমধ্যেই দর্শকদের কৌতূহল বাড়িয়েছে। গল্পে বিষ্ণুপুরের বাসিন্দা গিরিজাবালা জীবনের বহু শোক-দুঃখের সাক্ষী। স্বামী ও সন্তান হারানোর বেদনাকে সঙ্গী করে নিঃসঙ্গ জীবন কাটাচ্ছিলেন তিনি। তবে তার জীবনে বড় মোড় আসে নাতনি যাজ্ঞসেনীর ফিরে আসায়। বন্ধুর বিয়েতে যোগ দিতে এসে হঠাৎ ঘটে যাওয়া এক রহস্যময় মৃত্যুর ঘটনায় সবকিছু বদলে যায়। সেই মৃত্যুর রহস্য উদ্ঘাটনে নিজেই নেমে পড়েন গিরিজাবালা। শুরু হয় তার গোয়েন্দাগিরি— যা নতুন পথে এগিয়ে নিয়ে যায় গল্পকে। রহস্যের জাল ভেদে গিরিজাবালার এই যাত্রা দেখতে দর্শকদের অপেক্ষা করতে হবে আগামী ২০ মার্চ পর্যন্ত, যেদিন মুক্তি পাবে সিরিজটি।
২০ কোটি ক্ষতিপূরণ চেয়ে ধানুশকে আইনি নোটিশ

২০ কোটি ক্ষতিপূরণ চেয়ে ধানুশকে আইনি নোটিশ চুক্তিভঙ্গের জেরে দক্ষিণি অভিনেতা ধানুশকে আইনি নোটিশ পাঠিয়েছে প্রযোজনা সংস্থা থেনানডাল। এমনকী তার কাছে চাওয়া হয়েছে মোটা অঙ্কের জরিমানাও। দক্ষিণী সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, প্রযোজনা সংস্থা থেনানডালের সঙ্গে ২০১৬ সালে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ধানুশের। ওই ছবি পরিচালনার পাশাপাশি অভিনয় করারও কথা ছিল তার। কিন্তু দশ বছরেও শুরু হয়নি ছবির শুটিং। দীর্ঘদিন ধরে তা আটকে থাকার ফলেই সুপারস্টারের ওপর বিরক্ত হয়ে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে প্রযোজনা সংস্থা। শুধু তাই নয়, অভিনেতার কাছে চাওয়া হয়েছে ২০ কোটি রুপির ক্ষতিপূরণ। শোনা যাচ্ছে, প্রযোজনা সংস্থা ছবির চিত্রনাট্যে খানিক পরিবর্তন করতে চাইলে তা থেকে সরে দাঁড়ান ধানুশ। করেননি কোনো সহযোগিতা। যার ফলে আটকে যায় ছবির কাজ। ধানুশকে পাঠানো ওই আইনি নোটিশে নির্মাতাদের তরফে দাবি করা হয়েছে, দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট ছবির কাজ আটকে থাকায় প্রভূত আর্থিক ক্ষতির মুখে পড়েছে ছবির টিম। আর তাই সেই ক্ষতিপূরণ দিতে হবে ধানুশকেই। নির্দিষ্ট সময়ের মধ্যে সেই ক্ষতিপূরণ না দিলে ও প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে প্রযোজনা সংস্থার তরফে আরো বড়সড়ভাবে ধানুশের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয়েছে। নির্মাতাদের তরফের আইনজীবীর মতে, ধানুশ ছবির চুক্তি সই করেও ছবির যাবতীয় কাজে অসহযোগিতা করেছেন। ফলে মাঝপথেই আটকে রয়েছে সংশ্লিষ্ট ছবির কাজ। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত ধানুশের কোনোরকম প্রতিক্রিয়া মেলেনি।
চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির সময় বিস্ফোরণে নিহত ২, আহত ৩

চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির সময় বিস্ফোরণে নিহত ২, আহত ৩ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় বোমা তৈরির সময় বিস্ফোরণে দুইজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে সদর উপজেলার চর বাগডাঙ্গা ইউনিয়নের একটি বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, চর বাগডাঙ্গা ইউনিয়নের কালাম আলীর বাড়িতে একটি কক্ষে বোমা তৈরির সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন এবং তিনজন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে। বিস্ফোরণের তীব্রতায় ঘরটি সম্পূর্ণ লন্ডভন্ড হয়ে যায়। নিহতদের মুখমণ্ডল ঝলসে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা বাইরে থেকে এসে সেখানে বোমা তৈরি করছিলেন। ঘটনার বিষয়ে জানতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে।
অস্ট্রেলিয়াকে হারিয়ে চমক জিম্বাবুয়ের

অস্ট্রেলিয়াকে হারিয়ে চমক জিম্বাবুয়ের টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে শক্তিশালী অস্ট্রেলিয়াকে ২৩ রানে হারিয়েছে জিম্বাবুয়ে। শুক্রবার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে এই চমক দেখায় তারা। এটি ছিল গ্রুপ পর্বে জিম্বাবুয়ের দ্বিতীয় জয়। ১৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় অস্ট্রেলিয়া। ২.৫ ওভারে ২৪ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। ব্লেসিং মুজারাবানির আগুনে বোলিংয়ে জশ ইংলিস ও টিম ডেভিড দ্রুত ফিরে যান। ৪.৩ ওভারে ২৯ রানে ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ার শঙ্কায় পড়ে অস্ট্রেলিয়া। এরপর গ্লেন ম্যাক্সওয়েল ও ম্যাট রেন শ ৭৭ রানের জুটি গড়ে আশা জাগান। তবে রায়ান বার্ল জুটি ভেঙে দিলে আবারও চাপে পড়ে অজিরা। শেষদিকে রেন শ ৪৪ বলে ৬৫ রানের লড়াকু ইনিংস খেললেও নিয়মিত উইকেট পতনে লক্ষ্য ছুঁতে পারেনি অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত ১৪৬ রানে অলআউট হয়ে যায় তারা। মুজারাবানি তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে ম্যাচের নায়ক বনে যান। এর আগে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে উড়ন্ত সূচনা পায় ব্রায়ান বেনেট ও তাদিওয়ানাশে মারুমানির ব্যাটে। উদ্বোধনী জুটিতে আসে ৬১ রান। মারুমানি ২১ বলে ৩৫ রান করে আউট হলেও বেনেট ইনিংসের হাল ধরেন। রায়ান বার্লের সঙ্গে ৭০ রানের জুটি গড়ে দলকে শক্ত ভিত এনে দেন তিনি। বেনেট ৫৬ বলে অপরাজিত ৬৪ রান করেন। অধিনায়ক সিকান্দার রাজা ১৩ বলে ঝোড়ো ২৫ রান যোগ করলে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেটে ১৬৯ সংগ্রহ দাঁড়ায় জিম্বাবুয়ের। অস্ট্রেলিয়ার হয়ে মার্কাস স্টয়নিস ও ক্যামেরন গ্রিন একটি করে উইকেট নিলেও অন্য বোলাররা প্রভাব ফেলতে ব্যর্থ হন।
ভারত-পাকিস্তান ম্যাচে বৃষ্টির সম্ভাবনা কেমন

ভারত-পাকিস্তান ম্যাচে বৃষ্টির সম্ভাবনা কেমন টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে আবারও মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। রবিবার (১৫ ফেব্রুয়ারি) শ্রীলঙ্কার কলম্বোর ঐতিহাসিক আর প্রেমাদাসা স্টেডিয়ামে বহুল প্রতীক্ষিত এই মহারণ ঘিরে উত্তেজনা তুঙ্গে থাকলেও বড় উদ্বেগ হয়ে উঠেছে আবহাওয়া। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, রবিবার কলম্বোয় ১০০ শতাংশ মেঘাচ্ছন্ন আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। সন্ধ্যার দিকে বৃষ্টির সম্ভাবনা প্রায় ১৩ শতাংশ।ম্যাচ শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায়, টস অনুষ্ঠিত হবে সাড়ে ৬টায়। তবে সন্ধ্যা ৬টার দিকে—ম্যাচ শুরুর এক ঘণ্টা আগে— বৃষ্টির সম্ভাবনা বেড়ে দাঁড়াতে পারে ৪৯ শতাংশে। যদিও সন্ধ্যা ৭টার সময় বৃষ্টির সম্ভাবনা কমে ৯ শতাংশে নেমে আসবে বলে পূর্বাভাসে বলা হয়েছে, তবু আকাশ পুরোপুরি মেঘে ঢাকা থাকবে। রাত ১১টা পর্যন্ত একই পরিস্থিতি বজায় থাকতে পারে। গ্রুপ পর্বের এই ম্যাচে কোনো রিজার্ভ ডে রাখা হয়নি। ফলে বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলে দুই দলই পাবে এক পয়েন্ট করে, যা গ্রুপের সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে। এ পর্যন্ত টুর্নামেন্টে দুই দলই অপরাজিত। সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারত যুক্তরাষ্ট্র ও নামিবিয়াকে হারিয়ে চার পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এ’-এর শীর্ষে রয়েছে। তাদের নেট রান রেট +৩.০৫০। অন্যদিকে পাকিস্তান নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্রকে হারিয়ে চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে, তাদের নেট রান রেট +০.৯৩২। সব মিলিয়ে মাঠের লড়াই যেমন রোমাঞ্চকর হওয়ার অপেক্ষায়, তেমনি কলম্বোর আকাশও হয়ে উঠেছে এই হাইভোল্টেজ ম্যাচের বড় অনিশ্চয়তা। এখন দেখার বিষয়, বৃষ্টি বাধা হয়ে দাঁড়ায় নাকি দর্শকরা উপভোগ করতে পারেন আরেকটি ঐতিহাসিক ভারত–পাকিস্তান দ্বৈরথ।