গোমস্তাপুরে এসএসসি ৯৩ ব্যাচের ইফতার

গোমস্তাপুরে এসএসসি ৯৩ ব্যাচের ইফতার গোমস্তাপুরে আমরা ৯৩ এসএসসি ব্যাচের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সন্ধ্যায় রহনপুর খান আজহারুল দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসায় এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, ৯৩ অ্যাডমিন চাঁপাইনবাবগঞ্জ জেলার মেসবাহুল হক মেসবা, এডমিন ভোলাহাট উপজেলার বাবলু, এডমিন গোমস্তাপুর উপজেলা ৯৩ ব্যাচ যশোর জেলা খাদ্য নিয়ন্ত্রক সেফাউর রহমান, সার্বিক তত্ত্বাবধানে প্রভাষক জাকির হোসেন ও আলমগীর হোসেন। ইফতারে ৯৩ ব্যাচের মৃত বন্ধুদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন অত্র মাদ্রাসার মুহতারিম নুরুল আমিন।
বেঁধে দেওয়া হয়েছে যানবাহনে তেল নেওয়ার সীমা

বেঁধে দেওয়া হয়েছে যানবাহনে তেল নেওয়ার সীমা মধ্যপ্রাচ্য চলমান যুদ্ধের কারণে বৈশ্বিকভাবে জ্বালানি তেলের সরবরাহ কমে গেছে। এতে দেশেও জ্বালানি তেলের সংকট তৈরির আশঙ্কা তৈরি হয়েছে। মানুষ আতঙ্কিত হয়ে ফিলিং স্টেশনে ভিড় করছে এবং প্রয়োজনের চেয়ে বেশি তেল কিনছেন। এজন্য ফিলিং স্টেশন থেকে তেল সরবরাহের সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। আজ বিপিসির এক নির্দেশনায় বলা হয়েছে, একটি মোটরসাইকেলে দিনে ২ লিটার পেট্রল বা অকটেন নিতে পারবে। ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে নেওয়া যাবে ১০ লিটার তেল। এসইউভি বা জিপ ও মাইক্রোবাস দিনে পাবে ২০ থেকে ২৫ লিটার তেল। পিকআপ বা লোকাল বাস দিনে ডিজেল নিতে পারবে ৭০ থেকে ৮০ লিটার। আর দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ডভ্যান বা কনটেইনার ট্রাক দৈনিক ২০০ থেকে ২২০ লিটার তেল নিতে পারবে। এদিকে, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, দেশে জ্বালানি তেলের কোনও সংকট নেই। পর্যাপ্ত মজুত রয়েছে। তাই অযথা উদ্বিগ্ন হয়ে কেউ যেন তেল মজুত না করেন। আজ পরীবাগের পেট্রোল পাম্প পরিদর্শন শেষে এসব কথা বলেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
বিদায়ি ফেব্রুয়ারিতে পথে মৃত্যু ৪৭৭ জনের

বিদায়ি ফেব্রুয়ারিতে পথে মৃত্যু ৪৭৭ জনের সদ্য বিদায়ি মাস ফেব্রুয়ারিতে সড়ক, রেল ও নৌপথে ৪৭৭ জনের মৃত্যু হয়েছে। সড়ক, রেল ও নৌপথ মিলিয়ে ফেব্রুয়ারি মাসে মোট ৪৮৮টি দুর্ঘটনা ঘটে। এদের মধ্যে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও মৃত্যু সড়ক পথে। আজ বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির পাঠানো এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। যাত্রী কল্যাণ সমিতির দেওয়া তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারিতে দেশে ৪৪৮টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ১ হাজার ১৮১ জন আহত হয়েছেন। একই সময়ে রেলপথে ৩৪টি দুর্ঘটনায় ২৬ জনের মৃত্যু ও ১১ জন আহত হয়েছেন। ৬টি দুর্ঘটনায় চারজনের মৃত্যু ও পাঁচজন আহত হয়েছে নৌ পথে।
পাট বিপ্লব শুরু হতে পারে বাংলাদেশ থেকেই বলেছেন পাটমন্ত্রী

পাট বিপ্লব শুরু হতে পারে বাংলাদেশ থেকেই বলেছেন পাটমন্ত্রী বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, পাট বিজে স্বয়ংসম্পূর্ণতা অর্জন বর্তমান সরকারের প্রধান লক্ষ্য। বহির্বিশ্বের কাছে বাংলাদেশের প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে পাট শিল্প। পাট বিপ্লব শুরু হতে পারে বাংলাদেশ থেকেই। আজ সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাট দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। পাটমন্ত্রী বলেন, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম ঠেকাতে কার্যকর সাপ্লাই চেইন করা হবে। বৈশ্বিক জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং পলিথিনের ব্যবহারে পাটজাত পণ্যের গুরুত্ব বেড়েছে। খাত ভিত্তিক কর্মসংস্থান তৈরি বর্তমান গণতান্ত্রিক সরকারের প্রধান অগ্রাধিকার। ১ কোটি কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা পূরণ করা হবে। ১০ দিনের মাথায় কৃষিঋণ মওকুফের যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে।
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৫ বাংলাদেশি

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৫ বাংলাদেশি লিবিয়ার বেনগাজীতে আটকাপড়া এবং ডিটেনশন সেন্টারে বন্দি থাকা ১৬৫ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। এদের মধ্যে বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে বন্দি ছিলেন ১৪৩ জন এবং বেনগাজী ও আশপাশের এলাকায় বসবাসকারী দুস্থ, অসহায় ও শারীরিকভাবে অসুস্থ ২২ জন রয়েছেন। আজ সকাল সাড়ে ৫টায় বুরাক এয়ারের একটি ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান। লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম এর সহযোগিতায় তাদের দেশে ফেরানো হয়।
সর্বনিম্ন ২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ

সর্বনিম্ন ২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। আসন্ন এই সিরিজের টিকিটির মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টিকিট কেনার একমাত্র মাধ্যম ওয়েবসাইট। সবচেয়ে কম দামের টিকিট রাখা হয়েছে ইস্টার্ন গ্যালারিতে, যার মূল্য ২০০ টাকা। সবচেয়ে বেশি মূল্যের টিকিট রাখা হয়েছে গ্র্যান্ড স্ট্যান্ডে। এই গ্যালারিতে বসে খেলা দেখতে খরচ করতে হবে ২ হাজার টাকা। আগামী ১১ মার্চ মাঠে গড়াবে প্রথম ওয়ানডে। এরপর ১৩ এবং ১৫ মার্চ বাকী দুই ওয়ানডে। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শেরে-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।
তারাবির পর ক্ষুধা লাগলে খাবেন স্বাস্থ্যকর খাবার

তারাবির পর ক্ষুধা লাগলে খাবেন স্বাস্থ্যকর খাবার রমজান মাসে সারাদিন রোজা রাখার পর ইফতার ও রাতের খাবারের পর অনেকেই তারাবির নামাজ আদায় করেন। দীর্ঘ সময় ইবাদত করার ফলে অনেকেরই তারাবি শেষে আবার হালকা ক্ষুধা অনুভব হয়। তবে এই সময় ভারী বা তেল-চর্বিযুক্ত খাবার খেলে হজমের সমস্যা হতে পারে এবং ঘুমও ব্যাহত হয়। তাই তারাবির পর হালকা ও পুষ্টিকর খাবার বেছে নেওয়াই ভালো। ফলমূল: তারাবির পর আপেল, কলা, পেঁপে বা কমলার মতো ফল খেতে পারেন। এগুলো সহজে হজম হয় এবং শরীরকে দ্রুত শক্তি জোগায়। দই বা দই-ফল: এক বাটি টক দই বা ফলের সঙ্গে দই খেলে পেটও ভরে এবং হজমেও সহায়তা করে। এতে শরীর ঠান্ডা থাকে। বাদাম ও খেজুর: অল্প কিছু কাঠবাদাম, আখরোট বা ১–২টি খেজুর খেলে দ্রুত শক্তি পাওয়া যায়। এতে প্রোটিন ও প্রাকৃতিক চিনি থাকে। ওটস বা হালকা পোরিজ: অনেকেই তারাবির পর অল্প পরিমাণ ওটস বা দুধের সঙ্গে পোরিজ খেতে পারেন। এটি পুষ্টিকর এবং পেটের জন্যও ভালো। হারবাল চা বা গরম দুধ: তারাবির পর এক কাপ হারবাল চা বা হালকা গরম দুধ শরীরকে শান্ত করে এবং ঘুম ভালো হতে সাহায্য করে। পানি পান: সারাদিন রোজার পর শরীর ডিহাইড্রেট হতে পারে। তাই তারাবির পর পর্যাপ্ত পানি পান করা জরুরি। বিশেষজ্ঞরা বলছেন, তারাবির পর অতিরিক্ত ভাজাপোড়া, মিষ্টি বা ফাস্টফুড এড়িয়ে চলাই ভালো। এতে পেটের সমস্যা, অস্বস্তি ও ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। হালকা ও পুষ্টিকর খাবার বেছে নিলে শরীর সুস্থ থাকবে এবং পরদিন রোজা রাখাও সহজ হবে।
চিকেন কিমার তাওয়া কাবাবের সহজ রেসিপি

চিকেন কিমার তাওয়া কাবাবের সহজ রেসিপি আটার রুটি, তন্দু কিংবা নানের সঙ্গে গরম গরম কাবাবের স্বাদ অন্যরকম। খেতে পারেন যেকোনো রাইসের সঙ্গেও। একদিন ইফতারে ঘরেই বানিয়ে নিন চিকেন কিমার তাওয়া কাবাব। রেসিপি —- উপকরণ: চিকেন কিমা ২৫০ গ্রাম, পেঁয়াজ মিহি কুচি ৪ টেবিল চামচ, কাঁচা মরিচ কুচি ১ চা চামচ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, গরম মসলা গুড়া ১ চা চামচ, গোল মরিচ গুঁড়া ১/২ চা চামচ, চিলি ফ্লেক্স ১/২চা চামচ, লেবুর রস ২ চা চামচ, লেমন জেস্ট ১ চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, লবণ পরিমাণমতো, চিনি ১/২ চা চামচ, কিসমিস কুচি ২ চা চামচ, জাফরান দুধ ১ চা চামচ, কেওড়া পানি ১ চা চামচ, গুঁড়া দুধ ১ টেবিল চামচ, ডিম ১ টি, কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, পুদিনা পাতা কুচি ২ টেবিল চামচ, তেল ভাজার জন্যও ২/৩ টেবিল চামচ। প্রস্তুত প্রণালি: প্রথমে কিমা থেকে পানি ঝড়িয়ে নিতে হবে। কিমাতে তেল ছাড়া সব উপকরণ মিশিয়ে মাখাতে হবে প্রায় দশ মিনিট। মাখানো ভালো হলে কাবাব মজবুত ও জুসি হয়। ননস্টিক প্যা নে তেল দিয়ে তার উপরে কিমা ঢেলে সমান করে পুরো প্যাবনে বিছিয়ে দিন। এর উপরে বাকি তেল ঢেলে মিডিয়াম আঁচে ঢেকে রান্না করুন। অন্যছদিকে কয়লা আগুনে দিতে হবে। অল্প আঁচে কাবাব হতে থাকবে। কিছুক্ষণ পর একপাশ উল্টে দিতে হবে। ২০/২৫ মিনিটে কাবাব হয়ে যাবে। পোড়া কয়লায় ঘি ঢেলে ধোঁয়া উঠতে দিন। সাথে সাথে কিমা কাবাবে দিয়ে ঢাকনা দিতে হবে যেন ধোয়া বের হতে না পারে। কাবাব নামিয়ে কেটে নিতে হবে। প্লেটে সালাদ, রাইস, পরোটা অথবা রুটির সাথে কাবাব পরিবেশন করুন।
সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি জ্বালানি তেলের মূল্য বাড়াতে

সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি জ্বালানি তেলের মূল্য বাড়াতে বর্তমান সংকটময় পরিস্থিতিতে দেশে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির বিষয়ে সরকার এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। শুক্রবার (৬ মার্চ) বিপিসির সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে সরকার নির্ধারিত মূল্যে জ্বালানি তেল কেনাবেচার বাধ্যবাধকতা রয়েছে। সংকটের অজুহাতে অতিরিক্ত মূল্য আদায় আইনগত অপরাধ। তাছাড়া, দেশে জ্বালানি তেলের মূল্য প্রতিমাসের শুরুতে সরকার কর্তৃক নির্ধারণ করা হয়। জ্বালানি তেল আমদানি ও বাজারজাত করার জন্য নিয়োজিত সরকারি এ সংস্থা জানায়, কিছু কিছু ভোক্তা ডিলার ও ফিলিং স্টেশন থেকে প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি তেল সংগ্রহ করে অননুমোদিতভাবে মজুত করার চেষ্টা করছেন মর্মে খবর প্রকাশ হচ্ছে, যা জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বিপিসিসহ সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে। দেশের জনগণের ভয় ও আতঙ্ক হ্রাস করার লক্ষ্যে বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখার জন্য বিদেশ থেকে আমদানি কার্যক্রম বা সূচি নির্ধারিত রয়েছে এবং নিয়মিতভাবে পার্সেল দেশে আনা হচ্ছে। পাশাপাশি ডিলারদের সাময়িকভাবে প্রধান স্থাপনা থেকে সারাদেশের সব ডিপোতে নিয়মিতভাবে রেল ওয়াগন ও ট্যাংকারের মাধ্যমে তেল পাঠানো হচ্ছে।
২৪৫ ফ্লাইট বাতিল এক সপ্তাহে মধ্যপ্রাচ্যের

২৪৫ ফ্লাইট বাতিল এক সপ্তাহে মধ্যপ্রাচ্যের মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির কারণে বন্ধ রয়েছে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডানের আকাশসীমা। এ কারণে শুক্রবার (৬ মার্চ) ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ৩৩টি ফ্লাইট বাতিল করেছে কর্তৃপক্ষ। এ নিয়ে এখন পর্যন্ত মোট ফ্লাইট বাতিল হয়েছে ২৪৫টি। বাতিলকৃত ফ্লাইটগুলোর মধ্যে কুয়েতের ৪টি, এয়ার অ্যারাবিয়ার ৬টি, কাতারের ৪টি, সংযুক্ত আরব আমিরাতের ২টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের (বাংলাদেশ) ৫টি, বাহরাইনের ২টি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (বাংলাদেশ) ২টি, এমিরেটস এয়ারলাইন্সের (সংযুক্ত আরব আমিরাত) ৪টি। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানায়, ২৮ ফেব্রুয়ারি ২৩টি ফ্লাইট বাতিল হয়। পরদিন ১ মার্চ বাতিল হয় ৪০টি ফ্লাইট। ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ আরও ২৮টি এবং গতকাল ৫ মার্চ ৩৬টি ফ্লাইট বাতিল করা হয়। ৬ মার্চ বাতিল হওয়া ৩৩ ফ্লাইটের মধ্যে কাতার এয়ারওয়েজের ৪টি, কুয়েত এয়ারওয়েজের ৪টি, জাজিরা এয়ারওয়েজের ৪টি, এয়ার অ্যারাবিয়ার ৬টি, এমিরেটসের ৪টি, ইউএস–বাংলার ৫টি, গালফ এয়ারের ২টি এবং ফ্লাইদুবাইয়ের ২টি ফ্লাইট আছে।