শ্বাসরুদ্ধকর টিজার আতঙ্ক-নির্যাতন-সংগ্রামের চিত্রে ‘দম’

শ্বাসরুদ্ধকর টিজার আতঙ্ক-নির্যাতন-সংগ্রামের চিত্রে ‘দম’ আসন্ন ঈদুল ফিতরে বড়পর্দায় হাজির হচ্ছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। মুক্তি পেতে যাচ্ছে তার নতুন সিনেমা ‘দম’। অবশ্য তার আগেই ভক্তদের চমকে দিলেন অভিনেতা! আজ প্রকাশ পেল সিনেমাটির টিজার। যেখানে দর্শকের কাছে একেবারে ভিন্ন রূপে ধরা দিলেন নিশো। ৫৪ সেকেন্ড দৈর্ঘ্যের সেই টিজারে উদ্বেগ, নির্যাতন আর সংগ্রামের এক চিত্র ফুটে উঠেছে। যেখানে দেখা যায়, কোনো এক দুর্ঘটনার পর পাহাড় আর মরুর বুকে দিগভ্রান্ত হেঁটে চলেছেন নিশো! পর্দার তার নাম শাহজাহান ইসলাম নূর। চরিত্রটির চোখেমুখে আতঙ্ক। বিপদ যেন চারপাশেই! একদল অস্ত্রধারী তাকে আটক করে। নির্মম নির্যাতনের শিকার হয় সে। টিজারের পুরোটা সময় তাকে ক্লান্ত, রুগ্ন, উদ্বিগ্ন ও ভীত লুকে দেখা গেছে। অভিনেত্রী পূজা চেরীর অভিব্যক্তিতে ছিল অনিশ্চয়তা আর আতঙ্ক! অভিনেতা চঞ্চল চৌধুরীকেও দেখা গেছে বন্দি রূপে! লোকেশনের নান্দনিকতাও আলাদাভাবে নজর কাড়ে। প্রতিটি দৃশ্য যেন প্রশ্ন তুলছে—কে পালাচ্ছে, কে তাড়া করছে, আর শেষপর্যন্ত কার হাতে থাকছে বেঁচে থাকার শেষ সুযোগ! অন্যদিকে, ফার্স্টলুক টিজারে স্পষ্ট হয়েছে আফরান নিশো, চঞ্চল চৌধুরী ও পূজা চেরীর লুক। বিভিন্ন মুহূর্তের সঙ্গে ব্যাকগ্রাউন্ড মিউজিক দর্শকদের মধ্যে তৈরি করেছে বিশেষ কৌতূহল ও আলোচনার ঝড়। সামাজিক যোগোযোগমাধ্যমে অভিনয়শিল্পী ও নির্মাতাকে প্রশংসায় ভাসাচ্ছেন তাঁরা। পুরো টিজারে একটি সংলাপ, সেটিও একদম শেষে এবং আফরান নিশোর কণ্ঠে। যেখানে তাঁকে বলতে শোনা যায়, ‌‘আমি শাহজাহান ইসলাম নূর, বাংলাদেশি মুসলমান, মনে রাইখো?’ ছোট্ট এই সংলাপ ফার্স্টলুক টিজার তো বটেই, একইভাবে পুরো সিনেমাকেও শ্বাসরুদ্ধকর করে তুলবে বলে মনে করছেন দর্শকরা। সত্য ঘটনা অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন পরিচালক রেদওয়ান রনি। বেশিরভাগ শুটিং হয়েছে কাজাখস্তানে, বাকিটা বাংলাদেশে। নির্মাতা বলেন, ‘দম এখন আর আমাদের সিনেমা নেই, এটা এখন সবার। দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারলেই আমাদের সার্থকতা। ফার্স্টলুক টিজার সিনেমাটির একটি সারাংশ মাত্র। আমি আগেই বলেছিলাম এমন দুর্গম লোকেশনে বাংলাদেশের সিনেমা হয়েছে কিনা আমার জানা নেই। তার কিছু আভাস হয়তো দর্শকরা টিজারে পেয়েছেন। অর এই ভিজ্যুয়াল আরও দুর্দান্ত হয়ে উঠেছে শিল্পী-কলাকুশলীদের প্রচেষ্টায়। এই শ্বাসরুদ্ধকর যাত্রায় সবাই আমাদের সঙ্গে থাকবেন আশা করি। আফরান নিশো বলেন, ‘দম একটা সারভাইভাল স্টোরি, ইমোশনাল গল্প। এমন একটা সিনেমা বানাতেও দম লাগে। সেটা টিম করে দেখিয়েছে। ফার্স্টলুকটি দর্শকদের ভালো লাগছে দেখে আমাদেরও ভালো লাগছে। আশা করছি সিনেমাটাও সবার ভালো লাগবে। পর্দায় অভিনেত্রী পূজা চেরীর চরিত্রের নাম ‘রানি’। তার মতে চরিত্রটি খুব দৃঢ় ব্যক্তিত্বের। অভিনেত্রী বলেন, ‘টিজারে রানি চরিত্রটির লুক দেখা গেছে মাত্র। চরিত্রটির কয়েকটি লেয়ার আছে, যার মধ্যে দৃঢ়তা অন্যতম। চরিত্রটির প্রভাব নূরের কাছে কতখানি সেটা জানতে অপেক্ষা করতে হবে আর অল্প কিছুদিন। রানি চরিত্রটি রানির মতোই বিরাজ করে সিনেমায়।

নিজের পিঠ নিজেই চাপড়ালেন, যা বললেন চিরকুট ব্যান্ডের সুমি

নিজের পিঠ নিজেই চাপড়ালেন, যা বললেন চিরকুট ব্যান্ডের সুমি আজ বিশ্ব নারী দিবসে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দারুণ প্রেরণা জাগানিয়া স্ট্যাটাস দিয়েছেন চিরকুট ব্যান্ডের প্রধান শারমিন সুলতানা সুমি। সেখানে তিনি নিজেই নিজের পিঠ চাপড়েছে। নিজেকে জানিয়েছেন বাহবা। নারী দিবসে নিজেকে তিনি আবিষ্কার করেছেন একজন সফল মানুষ হিসেবেও। সুমির স্ট্যাটাস থেকে জানা গেল, খালিশপুর, খুলনার এই শিল্পী ঝিনাইদহ শৈলকূপার প্রয়াত মকবুল হোসেন ও শেলী মকবুলের চতুর্থ কন্যা। ২৪ বছর ধরে অবিরাম সৃজনশীলতার পথে এগিয়ে চলা সুমি ১৯ বছর ধরে অসংখ্য ব্র্যান্ডের ক্রিয়েটিভ ও স্ট্র্যাটেজি কাজে নিঃস্বার্থভাবে অবদান রেখে আসছেন। স্ট্যাটাসে সুমি লেখেন, ‘শুধু নারী না, মানুষ হয়ে কাজ করে গেছি। নিজের দর্শনে, কথায়, সুরে দেশের অসংখ্য গান প্রেমীদের হৃদয় ছুঁয়ে গেছে, বিরতিহীন সৃষ্টি করে গেছি। সুখ-দুঃখে জীবনের অনুপ্রেরণার গল্প বলেছি। তিনি আরও উল্লেখ করেন, সব প্রতিকূলতার মধ্যে ভালোবাসা ও হাসি কখনো ভুলেননি। যাদের প্রিয় মনে করেছেন, বছরের পর বছর তাদের পাশে থেকেছেন, কোনো কর্পণ্য দেখাননি। কখনো একা বড় হতে চাওনি, বরং সবার মুখে হাসি ফুটিয়ে একসাথে এগিয়ে চলার চেষ্টা করেছেন। সুমি তার স্ট্যাটাসে সবাইকে উৎসাহ দেন নিজের প্রতি সদয় হওয়া ও নিজের কাজকে ভালোবাসার জন্য। তিনি লিখেছেন, ‘এবার সময় করে একটু নিজের জন্যও বাঁইচো। নিজের প্রতি একটু সদয় হইও। নারী দিবস আর সব দিবসে সকল অসহযোগিতা, অকারণ অবহেলা সহ্য করে, মুখে হাসি নিয়ে নিজের কাজ এগিয়ে নেওয়া ছেলে-মেয়ে নির্বিশেষে সব ‘নিজেকে’ একটা বড় হাগ। চিরকুট ব্যান্ডের সুমি তার কাজ ও জীবনধারার মাধ্যমে প্রমাণ করেছেন, সৃজনশীলতা, অনুপ্রেরণা এবং আত্মবিশ্বাসই প্রকৃত শক্তি। বিশ্ব নারী দিবসে এই স্ট্যাটাস সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

বিচ্ছেদের পর বিয়ে নিয়ে যা বললেন শ্রীনন্দা

বিচ্ছেদের পর বিয়ে নিয়ে যা বললেন শ্রীনন্দা ভেঙে গেছে ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী শ্রীনন্দা শঙ্করের সংসার। গত বছরের শেষে ১৬ বছরের সংসার ভাঙার ঘোষণা দেন এই অভিনেত্রী। ফের বিয়ের পিঁড়িতে বসবেন কি না, তা নিয়ে ভক্ত-অনুরাগীদের মাঝে কৌতূহলের শেষ নেই। অবশেষে বিয়ে নিয়ে কথা বললেন শ্রীনন্দা। শ্রাবন্তী ব্যানার্জিকে সাক্ষাৎকার দিয়েছেন শ্রীনন্দা। এ আলাপচারিতায় বিয়ে প্রসঙ্গে অভিনেত্রী বলেন, “অনেকে আমাকে জিজ্ঞাসা করেছেন, ‘তুই কী আবার বিয়ে করবি?’ আমি বলেছি, ‘ন্যাড়া বেলতলায় কবার যায়?’ তবে কখনো ওভাবে ‘না’ বলতে পারি না। কিন্তু এখন পর্যন্ত প্রস্তুত নই। ভবিষ্যতে কী আছে জানি না। খানিকটা ব্যাখ্যা করে শ্রীনন্দা বলেন, “যদি হাতের কোথাও কেটে যায়, তাহলে সেটা সারবে, তাতে ওষুধ লাগানো হবে, সেটা শুকাবে, তারপর তো সেই হাতটাকে ব্যবহার করতে পারব। ওভাবেই এই বিষয়টাকে দেখতে হবে। ২০০৯ সালের নভেম্বরে সাতপাকে বাঁধা পড়েন শ্রীনন্দা শঙ্কর এবং গেভ সাতারাওয়ালা। বাঙালি এবং পার্সি দুই রীতিতেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। তারপর কেটে গেছে ১৬ বছর। কী কারণে তাদের সংসার ভেঙেছে সে বিষয়ে কিছু জানাননি এই অভিনেত্রী। সৃজিত মুখার্জির ‘এক যে ছিল রাজা’, সুমন ঘোষের ‘বসুপরিবার’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন শ্রীনন্দা। বলা যায়, টলিউডের প্রথম সারির সব নির্মাতার সঙ্গেই কাজ করেছেন এই নৃত্যশিল্পী। তবে গত কয়েক বছর ধরে কলকাতা ছেড়ে মুম্বাইয়ে বসবাস করছেন। সেখানে সংসার, কাজ নিয়েই ব্যস্ত ছিলেন। গত বছর হঠাৎই দুঃসংবাদ দেন এই অভিনেত্রী।

গান শোনাবেন বুবলী

গান শোনাবেন বুবলী চিত্রনায়িকা শবনম বুবলী সামনে আসছেন গায়িকা হিসেবে। জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র ঈদ আয়োজনে গান শোনাবেন নায়িকা। তার সঙ্গে থাকছেন সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। আয়োজক সূত্র জানিয়েছে, পেশাদার কণ্ঠশিল্পী না হয়েও বুবলী অত্যন্ত চমৎকারভাবে গানটি গেয়েছেন। এর মাধ্যমে গান গেয়ে বুবলীর আত্মপ্রকাশ ঈদ ইত্যাদির অন্যতম বড় চমক হিসেবে ধরা হচ্ছে। জানা গেছে, গানটির কথা লিখেছেন প্রখ্যাত গীতিকবি কবির বকুল এবং সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল নিজেই। গত ২৪ জানুয়ারি বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের বহিরঙ্গনে নির্মিত ইত্যাদির বিশাল সেটে গানটির চিত্রধারণ করা হয়। এর আগে ইত্যাদি’র মঞ্চে অভিনয়শিল্পী তাসনিয়া ফারিণ, সিয়াম আহমেদ ও জান্নাতুল সুমাইয়া হিমির মতো তারকারা গান গেয়ে দর্শকদের তাক লাগিয়ে দিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় এবার বুবলী ও ইমরানের যুগলবন্দি দর্শকদের নতুন অভিজ্ঞতা দেবে বলে আশা করা হচ্ছে হানিফ সংকেত পরিচালিত ‘ইত্যাদি’তে প্রতি বছরই বিশেষ পরিকল্পনা ও বৈচিত্র্যময় পরিবেশনা থাকে। ইতিপূর্বে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, পারভীন সুলতানা দিতি, মৌসুমী এবং নোবেল ও অপি করিমের মতো তারকারাও এই মঞ্চে গান গেয়েছেন। ফাগুন অডিও ভিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, গানের নির্মাণশৈলী, লোকেশন এবং শিল্পীদ্বয়ের গায়কী মিলিয়ে এই পরিবেশনাটিও পূর্বের মতো দর্শকপ্রিয়তা পাবে। জানা গেছে, ঈদের বিশেষ ‘ইত্যাদি’ প্রচারিত হবে ঈদের পরদিন রাত ৮টায় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) পর্দায়।

শেষ দিনে নির্বাচক হতে আবেদন করছেন হাবিবুল বাশার

শেষ দিনে নির্বাচক হতে আবেদন করছেন হাবিবুল বাশার বাংলাদেশ জাতীয় দলের নির্বাচক প্যানেলে শূন্য থাকা দুটি পদ পূরণে চলছে আবেদন প্রক্রিয়া। আবেদনের শেষ দিনে এ পদে আবেদন করার কথা জানিয়েছেন সাবেক জাতীয় অধিনায়ক ও সাবেক নির্বাচক হাবিবুল বাশার। এদিকে বিসিবির পরিচালক হওয়ায় নির্বাচকের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন আবদুর রাজ্জাক। অন্যদিকে প্রধান নির্বাচক ও গাজী আশরাফ হোসেন লিপুর মেয়াদও শেষ হয়ে গেছে। ফলে নির্বাচক প্যানেলে এখন একমাত্র সদস্য হিসেবে রয়েছেন হাসিবুল হোসাইন শান্ত। এ বিষয়ে হাবিবুল বাশার বলেন, আমি তো বাইরের কেউ নই, ইন-হাউজেরই মানুষ। এখনও ক্রিকেট বোর্ডের সঙ্গেই আছি। তাই বিষয়টা আমার জন্য একটু ভিন্ন। আমি হয়তো ৮ মার্চ আবেদন জমা দেব। আরও অনেকেই আবেদন করছেন। বিসিবি যাকে যোগ্য মনে করবে তাকেই দায়িত্ব দেবে। প্রধান নির্বাচক হওয়ার গুঞ্জন প্রসঙ্গে তিনি বলেন, বোর্ড বিজ্ঞপ্তি দিয়েছে এবং সবার কাছ থেকেই আবেদন নেওয়া হচ্ছে। সেখান থেকেই যোগ্য প্রার্থী বেছে নেওয়া হবে। এর আগে সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু্ও জানিয়েছিলেন, শর্তাবলী উপযুক্ত হলে তিনিও এ পদে আবেদন করতে পারেন। বিসিবি জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে পাওয়া আবেদন যাচাই-বাছাই শেষে নতুন নির্বাচক প্যানেল গঠন করা হবে। আবেদনকারীদের মধ্য থেকেই একজনকে প্রধান নির্বাচকের দায়িত্ব দেওয়া হবে।

ইফতারে রাখতে পারেন তরমুজের স্মুদি

ইফতারে রাখতে পারেন তরমুজের স্মুদি রমজানে সারাদিন রোজা রাখার পর ইফতারে শরীরকে দ্রুত সতেজ করতে প্রয়োজন পানিসমৃদ্ধ ও পুষ্টিকর খাবার। এ সময় তরমুজের স্মুদি হতে পারে দারুণ একটি পানীয়। তরমুজে প্রচুর পানি, ভিটামিন ও খনিজ উপাদান থাকায় এটি শরীরকে দ্রুত হাইড্রেট করে এবং ক্লান্তি দূর করতে সাহায্য করে। তরমুজে থাকা ভিটামিন এ, সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে। পাশাপাশি এতে থাকা প্রাকৃতিক মিষ্টতা ইফতারের সময় শরীরে দ্রুত শক্তি জোগায়। তাই এই গরমে ইফতারের তালিকায় রাখতে পারেন তরমুজের স্মুদি। যেসব উপকরণ লাগবে তরমুজ কিউব করে কাটা ২ কাপ ঠান্ডা দুধ আধা কাপ দই আধা কাপ মধু বা চিনি ১-২ চা চামচ (স্বাদ অনুযায়ী) বরফ কুচি কয়েকটি সামান্য পুদিনা পাতা (ঐচ্ছিক) যেভাবে তৈরি করবেন প্রথমে তরমুজের বীজ ফেলে ছোট ছোট টুকরো করে নিন। এরপর ব্লেন্ডারে তরমুজ, দুধ, দই, মধু বা চিনি এবং বরফ কুচি একসঙ্গে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করুন। মিশ্রণটি মসৃণ হয়ে গেলে গ্লাসে ঢেলে ওপরে সামান্য পুদিনা পাতা দিয়ে পরিবেশন করুন।

মেসির ‘৮৯৯’ গোলে মায়ামির জয়

মেসির ‘৮৯৯’ গোলে মায়ামির জয় লিওনেল মেসি আরেকটি ঐতিহাসিক গোলের মাইলফলকের খুব কাছাকাছি পৌঁছে গেছেন। তার গোলেই শনিবার ওয়াশিংটনের দল ডি.সি. ইউনাইটেডকে ২-১ ব্যবধানে হারিয়ে চলতি মৌসুমে দ্বিতীয় জয় পেয়েছে ইন্টার মায়ামি। গত সপ্তাহে অরল্যান্ডোর বিপক্ষে ফ্লোরিডা ডার্বিতে জোড়া গোল করা মেসি এবারও গোলের দেখা পেয়েছেন। ম্যাচের ২৭তম মিনিটে নিখুঁত চিপ শটে বল জালে জড়িয়ে মৌসুমে নিজের তৃতীয় গোলটি করেন আর্জেন্টাইন এই মহাতারকা। এই গোলের মাধ্যমে মায়ামির হয়ে মেসির গোলসংখ্যা দাঁড়িয়েছে ৮০-তে। সব মিলিয়ে তার ক্যারিয়ারের মোট গোল এখন ৮৯৯, অর্থাৎ ঐতিহাসিক ৯০০ গোলের মাইলফলক ছুঁতে তিনি মাত্র একটি গোল দূরে। আটবারের বর্ষসেরা ফুটবলারের পুরস্কারজয়ী এই তারকা আগামী জুনে ৩৯ বছরে পা দেবেন। ক্যারিয়ারের শুরুতে বার্সেলোনার হয়ে তিনি করেছেন ৬৭২ গোল। পরে পিএসজির হয়ে করেছেন ৩২ গোল। এছাড়া আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে তার গোলসংখ্যা ১১৫। শনিবারের এই জয়ে তিন ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে পূর্বাঞ্চলীয় তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে গত মৌসুমের চ্যাম্পিয়ন মায়ামি। এর আগে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে হোয়াইট হাউসে এক সংবর্ধনায় অংশ নিয়েছিল দলটি। ম্যাচের ১৭তম মিনিটে মেসির সতীর্থ ও আর্জেন্টিনা জাতীয় দলের মিডফিল্ডার রদ্রিগো দে পলের অসাধারণ বাঁকানো শটে এগিয়ে যায় মায়ামি। এর দশ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন মেসি। মাতেও সিলভেত্তির দারুণ থ্রু পাস ধরে দ্রুত এগিয়ে এসে প্রতিপক্ষ গোলরক্ষকের ওপর দিয়ে নিখুঁত ফিনিশে বল জালে পাঠান তিনি। বিরতির পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ডি.সি. ইউনাইটেড। ম্যাচের ৭৫তম মিনিটে ইসরায়েলের ফরোয়ার্ড তাই বারিবো একটি গোল শোধ করে দলকে আশা জাগান। তবে শেষ পর্যন্ত মায়ামির রক্ষণভাগ দৃঢ়তা ধরে রাখলে আর কোনো গোল করতে পারেনি প্রতিপক্ষ। ফলে ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে মেসির দল।

ঢাকায় পাকিস্তান ক্রিকেট দল

ঢাকায় পাকিস্তান ক্রিকেট দল পাকিস্তান দলের ৫ কোচিং স্টাফ ঢাকায় চলে এসেছেন শনিবারই। তারা সরাসরি শ্রীলঙ্কা থেকে চলে আসেন। আজ (রোববার) ঢাকায় পা রাখলেন পাকিস্তানের ক্রিকেটার এবং বাকি স্টাফরা। ভোর ৪টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা। জানা গেছে, সালমান আগা, মোহাম্মদ রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদিরা বিমাবন্দরেই রমজানের সেহরি করেছেন। তারপর সোনারগাঁ হোটেলে চেক ইন করেছেন তারা। বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ৯ মার্চ। পরের দুই ম্যাচ ১১ ও ১৩ মার্চ। সবগুলো ম্যাচই হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

ফাইনাল জিতলে মিলবে ৩৬.৫৭ কোটি

ফাইনাল জিতলে মিলবে ৩৬.৫৭ কোটি মঞ্চ তৈরি। মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। আজ (রোববার) টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল জয়ী দল শুধু সোনালি ট্রফিই নয়, সঙ্গে নিয়ে যাবে বিশাল অঙ্কের অর্থ। চলতি বিশ্বকাপের জন্য প্রায় ১৬০ কোটি টাকার প্রাইজমানি ঘোষণা করেছিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আগের আসরের চেয়ে এবার প্রাইজমানি বেড়েছে ২০ শতাংশ। ২০২৪ সালের চ্যাম্পিয়ন ভারতের সামনে প্রথম দল হিসেবে শিরোপা ধরে রাখার সুযোগ। আর প্রথমবার ট্রফি জেতার হাতছানি নিউজিল্যান্ডের। ফাইনালে বিজয়ী দল ৩৬ কোটি ৫৭ লাখ টাকা পাবে। রানার্সআপও বেশ মোটা অঙ্কের টাকা দখল করবে। সাড়ে ১৯ কোটি টাকা পাবে ফাইনালের পরাজিত দল। সেমিফাইনালে পরাজিত প্রত্যেক দল ৯ কোটি ৬৩ লাখ টাকা করে পাবে। সুপার এইটে অংশ নেওয়া প্রত্যেক দলের পকেটে ঢুকবে ৪ কোটি ৬৩ লাখ টাকা করে। গ্রুপ পর্বে বিদায় নেওয়া দলের প্রত্যেকে পাবে ৩ কোটি টাকা। গতবার আইসিসি বিশ্বকাপ প্রাইজমানির বাইরেও ভারতীয় ক্রিকেট বোর্ড তাদের চ্যাম্পিয়ন দলকে ১২৫ কোটি রুপি পুরস্কার দিয়েছিল। এবার ঘরের মাঠে শিরোপা উঁচিয়ে ধরলে হয়তো আরও বড় অঙ্কের পুরস্কার অপেক্ষা করছে সূর্যকুমার যাদবদের জন্য।

মধ্যপ্রাচ্যের আজও ২৬টি ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যের আজও ২৬টি ফ্লাইট বাতিল মধ‍্যপ্রাচ‍্য পরিস্থিতিতে নিরাপত্তা ঝুঁকির কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। এর সরাসরি প্রভাব পড়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। রোববার (৭ মার্চ) ২৬টিসহ গত নয় দিনে শাহজালাল বিমানবন্দরের বিভিন্ন এয়ারলাইন্সের মোট ৩০০ ফ্লাইট বাতিল করা হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র ঢাকা পোস্টকে জানায়, যুদ্ধপরিস্থিতিতে আকাশপথ বন্ধের কারণে ঢাকা থেকে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি ফ্লাইট, ২ মার্চ ৪৬টি এবং ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি ও ৭ মার্চ ২৮টি ফ্লাইট বাতিল হয়। রোববার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে কুয়েতের ২টি, জাজিরার (কুয়েত) ৪টি, এয়ার অ্যারাবিয়ার (শারজাহ, ইউএই) ৬টি, গালফ এয়ারের (বাহরাইন) ২টি, কাতার এয়ারওয়েজের (কাতার) ৪টি, এমিরেটস এয়ারলাইনসের (সংযুক্ত আরব আমিরাত) ৪টি, ফ্লাইদুবাইয়ে (সংযুক্ত আরব আমিরাত) ২টি, এবং সৌদিয়া এয়ারলাইনসের (রিয়াদ) ২টি সহ মোট ২৬টি ফ্লাইট বাতিল হয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত সর্বমোট বাতিল করা ফ্লাইট ৩০০টি।