মধ্যপ্রাচ্যে সংঘাতে এখন পর্যন্ত ৪ বাংলাদেশি নিহত: প্রবাসী কল্যাণমন্ত্রী

মধ্যপ্রাচ্যে সংঘাতে এখন পর্যন্ত ৪ বাংলাদেশি নিহত: প্রবাসী কল্যাণমন্ত্রী মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে এখন পর্যন্ত চারজন বাংলাদেশি নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, “সংঘাত চলাকালে মধ্যপ্রাচ্যে অবস্থানরত সব শ্রমিক ও প্রবাসীদের পাশে বাংলাদেশ সরকার রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।” সোমবার (৯ মার্চ) সংযুক্ত আরব আমিরাতে নিহত বাংলাদেশি আলী আহমদের মরদেহ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রহণ শেষে সাংবাদিকদের কাছে এ কথা বলেন মন্ত্রী। এ সময় তিনি বলেন,“ প্রবাসীদের যেকোনো সংকটে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় পরিবারের সদস্যদের মতো তাদের পাশে থাকবে।” মন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে এখন পর্যন্ত চারজন বাংলাদেশি নিহত এবং ১০ জন আহত হয়েছেন। আহতদের সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে সরকারের উদ্যোগে চিকিৎসা দেওয়া হচ্ছে। পাশাপাশি তাদের সার্বিক খোঁজখবরও রাখা হচ্চে।
হামলায় ইরানে নিহত ১২৫৫, আহত ১২ হাজারের বেশি

হামলায় ইরানে নিহত ১২৫৫, আহত ১২ হাজারের বেশি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নয় দিনে ইরানে ১ হাজার ২৫৫ জন নিহত হয়েছেন। এছাড়া, আহত হয়েছেন ১২ হাজারের বেশি। ইরানের উপস্বাস্থ্যমন্ত্রী আলি জাফারিয়ান আলজাজিরাকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, নিহতদের মধ্যে আট মাস থেকে ৮৮ বছর বয়সী ব্যক্তি রয়েছে। শুধু নারীই নিহত হয়েছেন ২০০। মিনাবের একটি প্রাথমিক বিদ্যালয়ে হামলায় ১৬৮ শিশু নিহত হয়েছে। এছাড়া, হামলায় ৫৫ জন স্বাস্থ্যকর্মী আহত এবং ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন চিকিৎসক, দুইজন নার্স ও তিনজন জরুরি সেবাকর্মী রয়েছেন। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরু হয়। পাল্টা হামলা শুরু করে ইরানও। যুদ্ধ এখন ওই অঞ্চলের ১৪ দেশে ছড়িয়ে পড়েছে। ইরানের মতো এই দেশগুলোতেও বেসামরিক মানুষের প্রাণহানি হচ্ছে। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে মানবিক জরুরি অবস্থা সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করেছে জাতিসংঘ।
নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন চাঁপাইনবাবগঞ্জ জেলায় নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। রবিবার দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আলোচনা সভার আয়োজন করে। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা র্যালি ও আলোচনা সভার আয়োজন করে। এছাড়া টিআইবি-সনাক’র আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এছাড়া জেলার পাঁচ উপজেলাতেও পৃথক আয়োজনে দিবসটি উদযাপন করা হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ। সভাপতির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার। সূচনা বক্তব্য দেন— জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সাহিদা আখতার। এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন— সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. সুলতানা পাপিয়া, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ইয়াসমীন মিতু, জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা শফিকুল ইসলাম খানসুর, ব্র্যাকের জেলা সমন্বয়কারী মোমেনা খাতুন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ভারপ্রাপ্ত ম্যানেজার শ্যামল কস্তা, অদম্য নারী সুমাইয়া ইসলাম। এবছরের আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য— “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার”। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা র্যালি ও আলোচনা সভার আয়োজন করে। সকালে পৌরসভা থেকে র্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌরসভার সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। কর্মসূচিতে পৌর নির্বাহী কর্মকর্তা মামুন অর রশিদ, নির্বাহী প্রকৌশলী তৌফিকুল ইসলাম, শহর পরিকল্পনা বিদ ইমরান হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন। বেলা ১১টায় দিবসটি উদ্যাপন উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে টিআইবি-সচেতন নাগরিক কমিটি সনাক। ‘‘নারী ও কন্যা শিশুর অধিকার ও ন্যায়বিচার নিশ্চিতে রাজনীতি ও নির্বাচনে নারীর সমান প্রতিনিধিত্ব চাই’’ প্রতিপাদ্যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশ বাংলাদেশ’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি-সনাক দিবসটি উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধনে বক্তব্য দেন— সনাক সভাপতি সাইফুল ইসলাম রেজা, সনাকের জেন্ডার উপকমিটির আহ্বায়ক মো. এনামুল হক, সনাক সদস্য গোলাম ফারুক মিথুন, ব্র্যাকের জেলা প্রতিনিধি মোমেনা খাতুন, আশার এরিয়া ম্যানেজার মো. শফিকুল ইসলামসহ অন্যরা। দিবসটি উপলক্ষে অংশীজনের বিবেচনার জন্য বিভিন্ন দাবি তুলে ধরেন সনাক সদস্য ড. দীপালী রাণী দাস। দাবিগুলো হচ্ছে— নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সত্যিকারের অংশগ্রহণ নিশ্চিতে রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ গণতান্ত্রিক কাঠামো মজবুত করাসহ দলীয় নীতি-নির্ধারণী পর্যায়ে নারীর অন্তর্ভুক্তি নিশ্চিত করা। রাজনৈতিক ও নির্বাচনী পুঁজি হিসেবে অর্থ, পেশী, ধর্ম ও পুরুষতান্ত্রিকতার ক্রমবর্ধমান প্রভাব নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। নারী সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। সংসদ নির্বাচনে নারী প্রতিনিধিত্বের সংখ্যা ৫০ থেকে ১০০তে উন্নীত করতে হবে এবং পর্যায়ক্রমে কমপক্ষে ৩৩ শতাংশ নারী প্রার্থী মনোনয়ন দিতে হবে। রাষ্ট্রীয় কোষাগার থেকে নির্বাচনে অংশগ্রহণকারী নারী প্রার্থীদের নির্বাচনী প্রচারণা ব্যয় বহনের বিধান প্রণয়ন করতে হবে। নারী অধিকার রক্ষা ও তদারকির জন্য একটি স্বতন্ত্র ও স্থায়ী নারী কমিশন গঠন করা ইত্যাদি। এছাড়া নারী দিবস উপলক্ষে র্যালির আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। র্যালিতে অংশ নেন প্রয়াসের পরিচালক (কার্যক্রম) পঙ্কজ কুমার সরকার, যুগ্ম পরিচালক নাসের উদ্দিন, কনিষ্ঠ সহকারী পরিচালক তানভীর আহমেদ রিয়াদ, স্মার্ট প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক জাহাংগীর আলমসহ অন্যরা। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় র্যালির আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। এদিকে চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। আমনুরা কেএম উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানের আয়োজন করে আন্তর্জাতিক সংস্থা ফুড ফর দি হাংরি (এফএইচ) অ্যাসোসিয়েশন, চাঁপাইনবাবগঞ্জ এরিয়া প্রোগ্রাম। এ উপলক্ষে সকালে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করা হয়। আমনুরা কেএম উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সমসের আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস। নাচোল প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। রবিবার সকালে নাচোল উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন নাচোল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া। সূচনা বক্তব্য দেন— উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বন্দনা সাহা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন— উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুব উল আলম, নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) আছলাম আলী, উপজেলা প্রকৌশলী সাদিকুল ইসলাম। গোমস্তাপুর প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। রবিবার সকালে র্যালিটি উপজেলা চত্বর থেকে বের হয়ে ওই এলাকার সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা। অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন— উপজেলা মহিলা বিষয়ক অফিসার পঙ্কজ কুমার দাস, শিক্ষা অফিসার ইছাহাক আলি, রহনপুর পৌর নির্বাহী কর্মকর্তা খায়রুল হক, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজম, তোজাম্মেল হোসেন একাডেমির শিক্ষক পারুল খাতুন, ডাসকো প্রতিনিধি আবুল বাসার, ব্রাক প্রতিনিধি সুমতি একা, নারী কর্মী মিতালি পাড়ে।
চাঁন্দলাই নূরানী একাডেমির মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

চাঁন্দলাই নূরানী একাডেমির মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চাঁন্দলাই নূরানী একাডেমির মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়ার পাশাপাশি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কারও বিতরণ করা হয়েছে। রবিবার বিকেলে চাঁন্দলাই জামে মসজিদ কমপ্লেক্স মাঠে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। চাঁন্দলাই জামে মসজিদ কমপ্লেক্সের সভাপতি মো. আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন। অন্যদের মধ্যে বক্তব্য দেন— ইসলামী ব্যাংক হেড অফিসের অ্যাসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. আব্দুল মালেক, জেলা জামায়াতের আমির ও চাঁন্দলাই নূরানী একাডেমির সহসভাপতি আবুজার গিফারী, একাডেমির সদস্য মো. রফিকুল ইসলাম, মো. আনারুল ইসলাম, চাঁন্দলাই জামে মসজিদ কমপ্লেক্সের সম্পাদক মো. আব্দুর রাকিব। অনুষ্ঠান সঞ্চালনা করেন একাডেমির প্রধান শিক্ষক মো. ওবাইদুর রহমান। অনুষ্ঠানে শিক্ষার্থীরা হামদ ও নাতে রাসুল (স.) উপস্থাপন করেন। শেষে মেধাবী শিক্ষার্থী, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
চাঁপাইনবাবগঞ্জে পৌরসভা : ড্রেন নির্মাণের সময় দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে পৌরসভা : ড্রেন নির্মাণের সময় দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ড্রেন নির্মাণের সময় সীমানা প্রাচীর ধসে নাইরুল ইসলাম (২৬) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার বেলা ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ঢাকা বাসস্ট্যান্ড সংলগ্ন কোর্টপাড়া মহল্লায় প্রাচীরের দেওয়াল ধসে মর্মান্তিক এই ঘটনা ঘটে। নিহত নাইরুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের অরুনবাড়ী বেহুলা গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে। স্থানীয়রা জানান, সকালে পৌরসভার ড্রেন নির্মাণের কাজ করছিলেন নাইরুল ইসলাম। কাজ করার সময় পাশের একটি বাড়ির সীমানা প্রাচীরের দেওয়াল হঠাৎ ধসে তার ওপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম জানান, ড্রেন নির্মাণের সময় দেওয়াল ধসে চাপা পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
আন্তর্জাতিক নারী দিবসে চাঁপাইনবাবগঞ্জে প্রয়াসের র্যালি

আন্তর্জাতিক নারী দিবসে চাঁপাইনবাবগঞ্জে প্রয়াসের র্যালি চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। নারী অধিকার, ন্যায়বিচার এবং নারীর ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়। রবিবার সকালে জেলা শহরের বেলেপুকুর এলাকা থেকে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি-এর উদ্যোগে বর্ণাঢ্য র্যালিটি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। র্যালিতে উপস্থিত ছিলেন, প্রয়াসের পরিচালক (কার্যক্রম) পঙ্কজ কুমার সরকার, যুগ্ম পরিচালক নাসের উদ্দিন, কনিষ্ঠ সহকারী পরিচালক তানভীর আহমেদ রিয়াদ, স্মার্ট প্রকল্পের ব্যবস্থাপক জাহাংগীর আলম, ইসিসিসিপি-ড্রাউট প্রকল্পের ব্যবস্থাপক বকুল কুমার ঘোষ, রেডিও মহানন্দার সহকারি স্টেশন ম্যানেজার রেজাউল করিম, টেকনিক্যাল অফিসার রিফাত আমিন হিরা, পরিবেশ ও আরইসিপি অফিসার রাহাত ইকবাল মাহমুদ, স্মার্ট প্রকল্পের এমআইএস অ্যান্ড ডকুমেন্টেশন অফিসার মনজিলা আক্তার সুমি, সহকারী টেকনিক্যাল অফিসার স্বপন কুমার, আল মামুন শাহ, আব্দুল মোত্তালেবসহ অন্যরা। এছাড়াও র্যালিতে স্মার্ট প্রকল্পের বিভিন্ন এলাকার নারী সদস্য, উদ্যোক্তা ও শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহায়তায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির স্মার্ট সাসটেইনেবল মাইক্রোএন্টারপ্রাইজ অ্যান্ড রেসিলেন্ট ট্রান্সফরমেশন প্রকল্প এই কর্মসূচির আয়োজন করে। আয়োজকরা জানান, এবারের আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য “রাইটস জাস্টিস, অ্যাকশন ফর অল ওমেন অ্যান্ড গার্লস”। এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারীর অধিকার প্রতিষ্ঠা, সহিংসতা প্রতিরোধ এবং সমাজে নারীর সমান অংশগ্রহণ নিশ্চিত করার বার্তা সবার মাঝে পৌঁছে দিতে র্যালিটি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বক্তারা বলেন, সমাজের প্রতিটি ক্ষেত্রে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে হলে নারীর প্রতি বৈষম্য দূর করা এবং তাদের অর্থনৈতিক ও সামাজিকভাবে ক্ষমতায়ন করা জরুরি। নারী উন্নয়নের জন্য সরকার ও বেসরকারি বিভিন্ন সংস্থা নানা উদ্যোগ গ্রহণ করলেও এখনও অনেক ক্ষেত্রে নারীরা বৈষম্য ও সহিংসতার শিকার হচ্ছেন। এসব সমস্যা দূর করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। অনুষ্ঠানে বক্তারা আরো বলেন, নারীরা এখন শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নারীর ক্ষমতায়ন ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। দিবসটি উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার কথাও জানিয়েছে আয়োজকরা। প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কর্মকর্তারা জানান, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্যালির পাশাপাশি আলোচনা সভা ও সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে নারীর অধিকার ও মর্যাদা রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
দ্রুত খাওয়ার অভ্যাস কমাবেন যেভাবে

দ্রুত খাওয়ার অভ্যাস কমাবেন যেভাবে অনেকেরই খুব দ্রুত খাবার খাওয়ার অভ্যাস রয়েছে। অফিসের তাড়া, কাজের চাপ, সময়ের অভাব আবার কেউ বা এমনিতেই তাড়াহুড়া করে খাবার খান। চিকিৎসকদের মতে, তাড়াহুড়ো করে খাবার খাওয়ার অভ্যাস শরীরের জন্য মোটেও ভালো নয়। এতে নিজের অজান্তেই বেশি খাওয়া হয়ে যায়। এর ফলে ধীরে ধীরে ওজন বাড়ার ঝুঁকি তৈরি হয়। বিশেষজ্ঞদের মতে, আমরা যখন খাবার খাই তখন শরীরের ভেতরে কিছু হরমোন কাজ করতে শুরু করে। এই হরমোনগুলো মস্তিষ্ককে জানায় পেট ভরেছে কিনা। এই বার্তার মস্তিষ্কে পৌঁছতে প্রায় ২০ মিনিট সময় লাগে। কিন্তু কেউ যদি খুব দ্রুত খাবার খেয়ে ফেলেন, তাহলে শরীরের ‘পেট ভরে গিয়েছে’ সংকেত পাওয়ার আগেই প্রয়োজনের চেয়ে বেশি খাবার খেয়ে ফেলেন। এর ফলে শরীরে অতিরিক্ত ক্যালরি জমে এবং সময়ের সঙ্গে ওজন বাড়তে শুরু করে। চিকিৎসকদের মতে, দ্রুত খাওয়ার কারণে শুধু ওজনই বাড়ে না, হজমের সমস্যাও হতে পারে। কারণ খাবার ভালো করে চিবিয়ে না খেলে তা পেটের জন্য হজম করা কঠিন হয়ে পড়ে। এতে গ্যাস,পেট ফাঁপা বা বদহজমের মতো সমস্যা দেখা দিতে পারে। চিকিৎসক আরও বলেছেন, আজকাল অনেকেই প্রক্রিয়াজাত খাবার বা ফাস্ট ফুড বেশি খেয়ে থাকেন। এই ধরনের খাবার সাধারণত খুব দ্রুত খাওয়া যায় এবং এতে ক্যালরিও বেশি থাকে। এর ফলে মানুষ বুঝতে না পেরে অনেক বেশি খেয়ে ফেলেন। দ্রুত খাওয়ার অভ্যাস কমাতে কিছু উপায় বেছে নিতে পারেন। যেমন- খাওয়ার আগে কয়েক সেকেন্ড সময় নিয়ে খাবারের গন্ধ নিন বা ভাল করে দেখে নিন। এতে শরীর ধীরে ধীরে খাবারের জন্য প্রস্তুত হবে এবং খাওয়ার গতি কিছুটা কমবে। প্রতিটি খাবার ধীরে ধীরে ও ভালো করে চিবিয়ে খাওয়ার অভ্যাস করুন। বিশেষজ্ঞদের মতে, প্রতিটি গ্রাস অন্তত ২০ থেকে ৩০ বার চিবিয়ে খাওয়া ভালো। এতে খাবার সহজে হজম হয় এবং অতিরিক্ত খাওয়ার সম্ভাবনাও কমে। এছাড়া এক একটি গ্রাস নেওয়ার মাঝে কয়েক সেকেন্ড বিরতি নেওয়াও উপকারী। এতে শরীর বুঝতে পারে পেট কতটা ভরেছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, সময় নিয়ে খাবার খেলে যেমন ওজন নিয়ন্ত্রণে রাখা যায়, তেমনি হজম ভালো হয়।
ইরানের নতুন শীর্ষনেতা নির্বাচিত

ইরানের নতুন শীর্ষনেতা নির্বাচিত ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনকারী বিশেষজ্ঞ পরিষদ জানিয়েছে, নতুন নেতা নির্বাচনের ভোট সম্পন্ন হয়েছে, তবে নির্বাচিত ব্যক্তির নাম এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। পরিষদের সদস্য আহমেদ আল আমলহোদা বলেন, নেতা নিয়োগের ভোট হয়েছে এবং নেতা নির্বাচিত হয়েছে। শিগগিরই নাম ঘোষণা করা হবে।কিছু সদস্য ইঙ্গিত দিয়েছেন যে নিহত সর্বোচ্চ নেতা আলী খামেনির ছেলে মোজতাবা খামেনি এই পদে আসতে পারেন। মোজতবা খামেনিকে দীর্ঘদিন ধরেই সম্ভাব্য উত্তরসূরি হিসেবে আলোচনা করা হচ্ছিল। তার বাবা ১৯৮৯ সাল থেকে ইরানের সর্বোচ্চ নেতা ছিলেন।ইরানে সর্বোচ্চ নেতা পদটি দেশের সর্বোচ্চ রাজনৈতিক ও ধর্মীয় কর্তৃত্ব রাষ্ট্রের সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে শেষ কথা বলেন তিনি। আরেক সদস্য মোহসেন হায়দেরি বলেন, অ্যাসেম্বলি অব এক্সপার্টসের সংখ্যাগরিষ্ঠ সমর্থনে সবচেয়ে উপযুক্ত প্রার্থী নির্ধারিত হয়েছে। তিনি যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে বলেন, বড় শয়তানও (যুক্তরাষ্ট্র) নির্বাচিত ব্যক্তির নাম উল্লেখ করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়ায় তার ভূমিকা থাকা উচিত এবং তিনি মোজতবা খামেনিকে দুর্বল প্রার্থী বলে মন্তব্য করেছেন। তবে ইরানের কর্মকর্তারা স্পষ্টভাবে জানিয়েছেন যে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই এবং থাকবে না। এদিকে ইসরায়েলের সেনাবাহিনী পার্সিয়ান ভাষায় এক পোস্টে হুঁশিয়ারি দিয়েছে যে নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়ায় জড়িত ব্যক্তিদেরও তারা লক্ষ্যবস্তু করতে পারে। সূত্র: এএফপি
জ্বলছে তেলের ডিপো, তেহরানের রাস্তায় আগুনের নদী

জ্বলছে তেলের ডিপো, তেহরানের রাস্তায় আগুনের নদী ইসরায়েলের সামরিক বাহিনী প্রথমবারের মতো ইরানের রাজধানী তেহরানের তেলের ডিপো ও পরিশোধনাগারে হামলা চালিয়েছে। এতে রাজধানী তেহরানজুড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। হামলায় ক্ষতিগ্রস্ত তেলের ডিপো থেকে ছড়িয়ে পড়া জ্বালানি তেহরানের পয়ঃনিষ্কাশন ব্যবস্থার কিছু অংশে মিশে গেছে। এর ফলে ইরানের রাজধানীর সব রাস্তা যেন ‘‘আগুনের নদীতে’’ পরিণত হয়েছে। পুরো রাজধানী শহরের পয়ঃনিষ্কাশন ব্যবস্থার জন্য ব্যবহৃত রাস্তার পাশের সব ড্রেন বর্তমানে দাউ দাউ করে জ্বলছে। ইরানের সংস্কৃতি ও শিল্পবিষয়ক সামাজিক যোগাযোগামাধ্যম এক্স অ্যাকাউন্ট ‘লিভিং ইন তেহরানের’ পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে, তেহরানের একটি রাস্তার পাশে আগুন জ্বলছে। পুরো রাস্তার পাশ ঘেঁষে আগুনের লেলিহান শিখা দাউদাউ করে জ্বলছে। এর আগে, ইরানের তেল মন্ত্রণালয় তেহরানের পশ্চিমের আলবোর্জ প্রদেশের কারাজ শহরসহ তিনটি এলাকায় জ্বালানি ডিপোতে ইসরায়েল ও মার্কিন বাহিনীর হামলার তথ্য নিশ্চিত করেছে। • সংঘাত আরও তীব্র হবে, ঘোষণা ইসরায়েলের ইসরায়েলের জ্বালানিমন্ত্রী এলি কোহেন বলেছেন, ইরানের তেল স্থাপনায় ইসরায়েলি হামলা যুদ্ধের তীব্রতা বাড়িয়েছে এবং আমরা আগামী দিনগুলোতে আরও উত্তেজনার মুখোমুখি হবো। ইসরায়েলের রেডিও ১০৩ ব্রডকাস্টারকে দেওয়া সাক্ষাৎকারে কোহেন বলেন, ইরানের বর্তমান শাসকগোষ্ঠীর ক্ষতি করতে সাহায্য করবে; এমন সব লক্ষ্যবস্তুই আমাদের বিবেচনায় রয়েছে। যুদ্ধের পরিকল্পিত সময়সীমা সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমরা জানি, যে লক্ষ্যগুলো নির্ধারণ করেছি তা অর্জনের জন্য আমাদের কতটুকু সময় প্রয়োজন। যুদ্ধের একটি পরিকল্পনা রয়েছে, মাঠ পর্যায়ে পরিস্থিতির উন্নয়ন ঘটছে। আমরা এমন পরিস্থিতিতে পড়তে চাই না যে, আরও এক বা দুই বছর পর আমাদের নতুন কোনও ধাপে যেতে হয়। • ইসরায়েলে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ইরান যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৯২৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫৭ জন। মন্ত্রণালয় বলেছে, হাসপাতালে ভর্তিকৃতদের মধ্যে ৯ জনের অবস্থা গুরুতর, ৪২ জনের অবস্থা মাঝারি এবং ৭০ জন সামান্য আহত হয়েছেন। হাসপাতালে ভর্তি হওয়া ইসরায়েলিদের বড় অংশ নিরাপদ আশ্রয়ে যাওয়ার সময় আহত হয়েছেন। সূত্র: আল জাজিরা, এএফপি।
ইরানে সরকার পরিবর্তনের বিরুদ্ধে সতর্ক করলো চীন

ইরানে সরকার পরিবর্তনের বিরুদ্ধে সতর্ক করলো চীন চীন বলেছে, চলমান মার্কিন-ইসরায়েলি হামলার মধ্যে ইরানে সরকার পরিবর্তনের চেষ্টা করলে তা জনগণের সমর্থন পাবে না। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই রোববার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, সরকার পরিবর্তনের পরিকল্পনা কোনো সমর্থন পাবে না। এই বক্তব্য আসে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরানবিরোধী সামরিক অভিযানের প্রেক্ষাপটে। ওয়াং ই বলেন, চীনের প্রধান অবস্থান হলো ইরানসহ সব দেশের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখাতে হবে, মধ্যপ্রাচ্যে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করা উচিত, সংঘাত বাড়লে তা পুরো অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে। ওয়াং বলেন, এই যুদ্ধ হওয়া উচিত ছিল না, এবং এটি কারও জন্যই ভালো নয়। শক্তি কোনো সমাধান দেয় না; সশস্ত্র সংঘাত কেবল ঘৃণা বাড়ায় এবং নতুন সংকট তৈরি করে। তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের মানুষেরাই অঞ্চলের প্রকৃত মালিক, তাই বাইরের শক্তির হস্তক্ষেপ ছাড়া আঞ্চলিক দেশগুলোরই নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করা উচিত। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর সমন্বিত সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স কাউন্সিলের একটি গোপন প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বড় ধরনের মার্কিন সামরিক অভিযান হলেও ইরানের সামরিক ও ধর্মীয় ক্ষমতার কাঠামো সহজে ভেঙে পড়ার সম্ভাবনা কম। এই তথ্য প্রকাশ করেছে দ্য ওয়াশিংটন পোস্ট। প্রতিবেদনে বলা হয়, এতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্পের সেই দাবি প্রশ্নবিদ্ধ হয়েছে যে তিনি ইরানের নেতৃত্ব সরিয়ে নতুন নেতৃত্ব বসাতে পারবেন। চীন ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনিকে হত্যার ঘটনাও নিন্দা করেছে। একইসঙ্গে ওয়াং বলেন, ইউক্রেন যুদ্ধ নিয়ে পশ্চিমা সমালোচনা থাকা সত্ত্বেও চীন-রাশিয়ার সম্পর্ক দৃঢ় ও অটুট থাকবে।