আজ বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন

আজ বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার আসন্ন ওয়ানডে সিরিজকে সামনে রেখে ট্রফি উন্মোচন করা হয়েছে। সিরিজ শুরুর আগে আজ আনুষ্ঠানিক এই আয়োজনের মাধ্যমে দুই দলের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ আর শাহিন আফ্রিদির উপস্থিতিতে ট্রফি সবার সামনে তুলে ধরা হয়। তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে দু’দল। সিরিজকে সামনে রেখে বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন, এ বছর আমাদের অনেক ওয়ানডে ম্যাচ আছে। সুতরাং আমরা পরিকল্পনা খুব ভালোভাবে করতে পারব। প্রতিটা ম্যাচ, প্রতিটা সিরিজ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আগামীকাল মাঠে গড়াবে সিরিজের প্রথম ওয়ানডে। একই ভেন্যুতে পরবর্তী ম্যাচগুলোও অনুষ্ঠিত হবে।

ফ্যামিলি কার্ড নারীর ক্ষমতায়নে সহায়ক হবে : সিপিডি

ফ্যামিলি কার্ড নারীর ক্ষমতায়নে সহায়ক হবে : সিপিডি সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেছেন, সরকারের চালুকৃত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি মানুষকে আর্থিক সহায়তা দেবে এবং নারীর ক্ষমতায়নে সহায়ক হবে।আজ ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে ২০২৬-২৭ সালের আসন্ন বাজেট নিয়ে সুপারিশ পেশ করে সংস্থাটি। সেখানে তিনি এসব কথা বলেন। সামাজিক সুরুক্ষায় সরকারের আরও পরিকল্পনা রয়েছে জানিয়ে সিপিডি নির্বাহী পরিচালক বলেন, প্রকৃত উপকারভোগী খুঁজে বের করার তাগিদ দিয়েছেন। তা না হলে অর্থের অপচয় হতে পারে। তাই ঝুঁকিগুলো চিহ্নিত করার ব্যবস্থা নেওয়া উচিত সরকারের। তিনি বলেন, বাজেট এমন একটা সময় প্রণীত হচ্ছে যখন বাংলাদেশের অর্থনীতি চ্যালেঞ্জের মুখোমুখি। এই পরিস্থিতি সুনির্দিষ্ট ও কৌশলগত পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত প্রয়োজন। নীতিনির্ধারকদের জন্য প্রধান অগ্রাধিকার হওয়া উচিত সামষ্টিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা। এজন্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব শৃঙ্খলা বজায় রাখা, বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে লক্ষ্যভিত্তিক সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করতে হবে। বাজেট প্রণোয়নের সময় দারিদ্র্য, প্রান্তিক ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরুক্ষা নিশ্চিত করা ও অর্থনৈতিক পুনরুদ্ধারকে ত্বরান্বিত করার বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে হবে বলেও জানান সিপিডির নির্বাহী পরিচালক। অনুষ্ঠানে সিপিডির সম্মানীয় ফেলো মোস্তাফিজুর রহমান ও গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম প্রমুখ উপস্থিত ছিলেন।

চমক নিয়ে আসছে ‘ওয়েলকাম 4’

চমক নিয়ে আসছে ‘ওয়েলকাম 4’ জনপ্রিয় বলিউড ফ্র্যাঞ্চাইজি ‘ওয়েলকাম’-এর চতুর্থ কিস্তির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা। অক্ষয় কুমার অভিনীত এই কমেডি ঘরানার সিনেমার নতুন পর্বে নানান চমক থাকবে বলে জানা গেছে। বর্তমানে সিনেমাটির চিত্রনাট্য গুছিয়ে আনার কাজ চলছে এবং শিগগিরই কাস্টিং চূড়ান্ত করা হবে। ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ফিরোজ নাদিয়াদওয়ালা জানান, ‘ওয়েলকাম ফোর’ সিনেমাটিকে বড় পরিসরে নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। এতে উদয় ভাই, মজনু ভাই ও ডক্টর ঘুঙরুর মতো কালজয়ী চরিত্রগুলোর পাশাপাশি বেশ কয়েকজন খলনায়ককে দেখা যাবে। সিনেমার গান ও অ্যাকশন দৃশ্যে আন্তর্জাতিক আবহ বজায় রাখতে মধ্যপ্রাচ্য, আফ্রিকা, যুক্তরাষ্ট্র ও চীনসহ বিভিন্ন দেশের সংগীতশিল্পীদের যুক্ত করার প্রক্রিয়া চলছে। এদিকে ফ্র্যাঞ্চাইজিটির তৃতীয় কিস্তি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ এর মুক্তি পিছিয়ে যাওয়া নিয়ে তৈরি হওয়া গুঞ্জন নাকচ করে দিয়েছেন নাদিয়াদওয়ালা। জানিয়েছেন, সিনেমাটির শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে এবং এটি এখন মুক্তির জন্য প্রস্তুত। বিশাল বাজেটের এই সিনেমায় শত শত ঘোড়া, সামরিক হেলিকপ্টার এবং দুবাইয়ে একটি গানের শুটিংয়ে প্রায় ৫৭০ কোটি টাকা মূল্যের বিলাসবহুল গাড়ি ব্যবহার করা হয়েছে। অক্ষয় কুমারের পাশাপাশি এই কিস্তিতে আরশাদ ওয়ারসি, সুনীল শেঠি ও পরেশ রাওয়ালের মতো তারকারা অভিনয় করছেন। ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘ওয়েলকাম’ সিনেমার ব্যবসায়িক সাফল্যের পর ২০১৫ সালে এর দ্বিতীয় কিস্তি ‘ওয়েলকাম ব্যাক’ মুক্তি পায়। আনিস বাজমি পরিচালিত প্রথম দুটি পর্ব দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পায়।

বিশ্বকাপ জয়ে ১৩১ কোটি রুপির পুরস্কার ঘোষণা বিসিসিআইয়ের

বিশ্বকাপ জয়ে ১৩১ কোটি রুপির পুরস্কার ঘোষণা বিসিসিআইয়ের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ জয়ের পর ভারতীয় ক্রিকেট দলকে বিশাল অঙ্কের অর্থ পুরস্কার দিচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। চ্যাম্পিয়ন হওয়ার পর আইসিসি থেকে প্রাপ্ত অর্থের পাঁচ গুণ, অর্থাৎ ১৩১ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭৪ কোটি টাকা) নগদ পুরস্কারের ঘোষণা করা হয়েছে। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে শিরোপা জেতে ভারত। অধিনায়ক সূর্যকুমার যাদবের নেতৃত্বে দলটি কেবল শিরোপাই জেতেনি, ইতিহাসও গড়েছে। ভারত প্রথম দল হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা সফলভাবে ধরে রেখেছে এবং তৃতীয়বারের মতো ট্রফি জয়ের কৃতিত্ব অর্জন করেছে। এর আগে ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর অধিনায়ক রোহিত শর্মা নেতৃত্বাধীন দলকে ১২৫ কোটি রুপি পুরস্কার দেওয়া হয়েছিল। এবার সেই অঙ্ক আরও বাড়িয়ে নতুন রেকর্ড গড়েছে বিসিসিআই। বিশ্বকাপ জিতে ভারত আইসিসি থেকেও উল্লেখযোগ্য অর্থ পেয়েছে। টুর্নামেন্ট জয়ের জন্য আইসিসি দিয়েছে ৩০ লাখ মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ২৭ কোটি রুপির বেশি। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের মোট প্রাইজমানি ছিল প্রায় ১ কোটি ৩৫ লাখ ডলার, যা আগের আসরের তুলনায় প্রায় ২০ শতাংশ বেশি। গ্রুপ পর্ব ও সুপার এইট পর্যায়ে প্রতিটি ম্যাচ জয়ের জন্যও অতিরিক্ত পারফরম্যান্স বোনাস পেয়েছে ভারতীয় দল।

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক চালকের মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক চালকের মরদেহ উদ্ধার শিবগঞ্জ উপজেলা থেকে মাসুদ রানা নামে এক ট্রাক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি শিবগঞ্জের নয়ালাভাঙ্গা ইউনিয়নের চন্ডিপুর ঘোষপাড়া গ্রামের রশিদুল হকের ছেলে। পুলিশ জানায়, গতকাল বিকেলে তৌহিদুল ইসলাম স্বদেশ নামে এক বন্ধু মোবাইল ফোনে খবর পেয়ে বাড়ি থেকে প্রায় ৩ কিলোমিটার দুরে শিবগঞ্জ পৌর এলাকার আমবাগান থেকে মাসুদকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেন। পরে তাঁকে ওই স্থানে থাকা একটি মোটরসাইকেলে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সন্ধ্যা ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মাসুদের মুখমন্ডলসহ দেহে হালকা আঘাতের চিহ্ন পেয়েছে পুলিশ। তাঁর পরিবার পুলিশকে জানিয়েছে, সকাল ১০টায় বাড়ি থেকে বের হবার পর তিনি আর বাড়ি ফেরেন নি। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবদেন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীণ বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার।

ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সকালে রাজধানীর বনানীতে ফ্যামিলি কার্ড কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। সকাল ১০টা ৪০ মিনিটের দিকে কড়াইল বস্তিসংলগ্ন টিঅ্যান্ডটি খেলার মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই জনকল্যাণমূলক প্রকল্পের সূচনা করেন। এই কর্মসূচির আওতায় দেশের নির্দিষ্ট জেলা ও সিটি করপোরেশন এলাকার দরিদ্র পরিবারগুলোকে প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করবে সরকার। ডিজিটাল বাংলাদেশ গড়ার অংশ হিসেবে উপকারভোগীরা তাদের পছন্দ অনুযায়ী সরাসরি মোবাইল ওয়ালেট অথবা ব্যাংক হিসাবের মাধ্যমে ঘরে বসেই এই ভাতার অর্থ গ্রহণ করতে পারবেন।

১১ দিনে ঢাকা থেকে ৩৬৭ ফ্লাইট বাতিল জানিয়েছে বেবিচক

১১ দিনে ঢাকা থেকে ৩৬৭ ফ্লাইট বাতিল জানিয়েছে বেবিচক মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে নিরপত্তা ঝুঁকির কারণে একের পর এক দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইনসের ফ্লাইট বাতিল হচ্ছে। আজ ৩২টি ফ্লাইট বাতিল করেছে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ বিভাগের কর্মকর্তা কাওছার মাহমুদ জানিয়েছেন, এ নিয়ে গত ২৮ ফেব্রুয়ারি থেকে আজ পর্যন্ত ১১ দিনে মোট ৩৬৭টি ফ্লাইট বাতিল হলো। গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতিতে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ করে দেয়।

জ্বালানির দাম বাড়ানোর পরিকল্পনা নেই বলেছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী

জ্বালানির দাম বাড়ানোর পরিকল্পনা নেই বলেছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী আপাতত জ্বালানির দাম বাড়ানোর বিষয়ে সরকারের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। আজ সচিবালয়ে তেল নিয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তিনি জানান, এখন পর্যন্ত দেশে কোনো সংকট নেই। মার্চ মাসে কোনো সমস্যা দেখা দেয়নি এবং উদ্বেগ-উৎকণ্ঠা শিগগিরই কেটে যাবে। বাংলাদেশে তেল রফতানি বাড়াতে ভারত সরকারকে অনানুষ্ঠানিকভাবে বলা হয়েছে।  

ভারত থেকে ৫ হাজার টন ডিজেল আসছে আজ

ভারত থেকে ৫ হাজার টন ডিজেল আসছে আজ বাংলাদেশ পেট্রলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে, ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে বাংলাদেশে ৫ হাজার টন ডিজেল আসছে। আজ এই জ্বালানি তেল পাইপলাইনের মাধ্যমে দেশে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। বিপিসির বাণিজ্য ও অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক মোরশেদ হোসাইন আজাদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। জ্বালানি তেলের মজুদ স্বাভাবিক রাখা এবং দেশজুড়ে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরকার জরুরিভিত্তিতে এই উদ্যোগ নিয়েছে। পাইপলাইনের মাধ্যমে এই আমদানির ফলে পরিবহন খরচ ও সময় সাশ্রয় হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।  

ট্রাম্পের ঘোষণায় তেলের দামে বড় পতন বিশ্ববাজারে 

ট্রাম্পের ঘোষণায় তেলের দামে বড় পতন বিশ্ববাজারে  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘শিগগিরই ইরান যুদ্ধ শেষ হবে’ ঘোষণা দেওয়ার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন লক্ষ্য করা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প স্পষ্ট জানান, ইরান যদি হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন বন্ধের চেষ্টা করে, তবে যুক্তরাষ্ট্র তাদের ওপর পূর্বের তুলনায় ২০ গুণ বেশি শক্তিশালী হামলা চালাবে। ট্রাম্পের এই আশ্বাসের পর আজ সকালে এশিয়ার বাজারে তেলের দাম দ্রুত কমতে শুরু করে: ব্রেন্ট ক্রুড: ১০% কমে ব্যারেলপ্রতি ৮৮ দশমিক ৯২ ডলারে নেমেছে যা গতকাল ছিল ১২০ ডলার, নাইমেক্স লাইট সুইট ক্রুড: ১০ দশমিক ২% কমে ব্যারেলপ্রতি ৮৫ দশমিক ০৮ ডলারে দাঁড়িয়েছে। তবে আশঙ্কার বিষয় হলো, বর্তমান দাম কমলেও ইসরায়েল-ইরান সংঘাত শুরুর আগের তুলনায় তেলের দাম এখনো ২০ শতাংশ বেশি রয়েছে।