একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষার অধিকারের জন্য জীবন উৎসর্গ করা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার রাত ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। শ্রদ্ধা নিবেদনের পর ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাতে শরিক হন প্রধানমন্ত্রীসহ শহীদ মিনারে জড়ো হওয়া হাজারো মানুষ। মোনাজাত শেষে মন্ত্রিসভার সদস্য ও নিজ উপদেষ্টাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এরপর শ্রদ্ধা জানান বিএনপির নেতারা।
ইফতারের পর শরীর ক্লান্ত লাগলে দূর করবেন যেভাবে

ইফতারের পর শরীর ক্লান্ত লাগলে দূর করবেন যেভাবে সারাদিন রোজার রাখার পর মাগরিবের আজান শুনে ইফতার করা হয়। টেবিলে সাজানো নানা পদের খাবার দেখে খাওয়ার আগ্রহ থাকে অনেক বেশি, কারণ আপনি সারাদিনের ক্ষুধার্ত। পেটপুরে মজার সব খাবার তো খেয়ে নিলেন, এরপর ভাবছেন মুহূর্তেই শক্তিশালী হয়ে যাবেন? আপনার প্রত্যাশা এমনটা থাকলেও আসলে তা হয় না। কারণ ইফতার খাওয়ার পরপরই আপনার ক্লান্ত লাগতে শুরু করে। একসঙ্গে বেশি খাবার খাওয়া সারাদিন না খেয়ে থাকার পর হঠাৎ করে বেশি খাবার খেলে হজমপ্রক্রিয়া দ্রুত সক্রিয় হয়ে যায়। তখন শরীরের রক্তপ্রবাহের বড় অংশ অন্ত্রের দিকে চলে যায়, যাতে খাবার দ্রুত হজম হয়। ফলে মস্তিষ্কে সাময়িকভাবে রক্তপ্রবাহ কমে গিয়ে তন্দ্রাচ্ছন্নতা ও ক্লান্তি অনুভূত হয়। পানিশূন্যতা সারাদিন পানি না খাওয়ার কারণে শরীরে পানির ঘাটতি তৈরি হয়। ইফতারে যদি পর্যাপ্ত পানি বা তরলজাতীয় খাবার গ্রহণ না করা হয়, তাহলে ক্লান্তি আরও বাড়ে। অতিরিক্ত ভাজাপোড়া ও ভারী খাবার ডুবো তেলে ভাজা খাবার, মসলাদার পদ ও অতিরিক্ত মিষ্টি শরীরের ওপর বাড়তি চাপ সৃষ্টি করে। এসব খাবার হজমে বেশি সময় নেয় এবং শরীরকে অবসন্ন করে তোলে। ইফতারের পর ক্লান্তি দূর করার উপায় ধীরে ও পরিমিতভাবে খান- ইফতার শুরু করুন একটি খেজুর ও একগ্লাস পানি দিয়ে। এরপর কিছুক্ষণ বিরতি দিন। একবারে বেশি না খেয়ে অল্প অল্প করে খান। এতে হজম সহজ হবে এবং শরীর ভারী লাগবে না। পানিশূন্যতা দূর করুন- ইফতারের পর পর্যাপ্ত পানি পান করুন। সঙ্গে রাখতে পারেন ফল, ফলের রস, শরবত, ডাবের পানি। এগুলো শরীরের পানিশূন্যতা দূর করে সতেজতা ফিরিয়ে আনতে সাহায্য করে। হালকা খাবার বেছে নিন- ভাজাপোড়া কমিয়ে ছোলা, ফল, সালাদ, স্যুপ বা হালকা প্রোটিনসমৃদ্ধ খাবার রাখুন। এতে শক্তি মিলবে, কিন্তু অতিরিক্ত ভারী লাগবে না। এককাপ চা কিংবা কফি- ইফতারের কিছু সময় পর এক কাপ হালকা চা বা কফি পান করতে পারেন। এতে থাকা ক্যাফেইন সাময়িকভাবে ক্লান্তি কমাতে সাহায্য করে। তবে অতিরিক্ত বা খুব কড়া কফি এড়িয়ে চলাই ভালো। কিছুক্ষণ হাঁটাহাঁটি করুন- ইফতারের পরপরই শুয়ে পড়বেন না। ১০–১৫ মিনিট হালকা হাঁটাহাঁটি করলে হজম ভালো হয় এবং শরীর চাঙ্গা থাকে। নামাজ আদায় করুন- ইফতারের শুরুতে হালকা কিছু খেয়ে মাগরিবের নামাজ আদায় করতে পারেন। এতে খাবার হজমের জন্য শরীর সময় পায়। নামাজ শেষে ধীরে ধীরে বাকি খাবার গ্রহণ করলে ক্লান্তি কম হয়। ইফতারের পর ক্লান্তি অনুভব করা স্বাভাবিক। তবে সঠিক খাদ্যাভ্যাস, পর্যাপ্ত পানি পান এবং হালকা শারীরিক নড়াচড়া এই সমস্যাকে অনেকটাই কমিয়ে দিতে পারে। রমজানে সুস্থ থাকতে চাই সচেতনতা ও পরিমিত খাবার গ্রহণ।
শিবগঞ্জ ও গোমস্তাপুরে রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে মোবাইল কোর্ট

শিবগঞ্জ ও গোমস্তাপুরে রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে মোবাইল কোর্ট রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে শিবগঞ্জে ৩টি ফলের দোকান ও একটি হোটেল মালিককে ৬ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বিকেলে শিবগঞ্জ বাজারে চালানো অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক আহমেদ। তিনি বলেন, মাহে রমজান উপলক্ষে বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে বিকেলে শিবগঞ্জ বাজারের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন না করার দায়ে ৩টি ফলের দোকানকে দেড় হাজার টাকা এবং হাবিব হোটেল এন্ড রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। তিনি আরও বলেন, রমজান মাসে বাজারদর স্থিতিশীল রাখা ও ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের তদারকি কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হবে। একই সঙ্গে ব্যবসায়ীদের আইন মেনে মূল্যতালিকা প্রদর্শন ও ন্যায্যমূল্যে পণ্য বিক্রির আহ্বান জানান। ভোক্তাদের স্বার্থবিরোধী কোনো অনিয়ম সহ্য করা হবে না বলেও জানান ভ্রাম্যমান আদালতের বিচারক আশিক আহমেদ। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ফজলে এলাহী ও শিবগঞ্জ থানার উপপরিদর্শক গোপালসহ অন্যরা। শিবগঞ্জ থানা পুলিশ সদস্যরা অভিযানে সহযোগিতা করে। এদিকে, গোমস্তাপুরে দ্রব্যের মূল্য তালিকা প্রদর্শণ না করায় ৩ ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ বিকেলে রহনপুর পৌর এলাকার স্টেশন বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সী ৩ টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। এছাড়া তারাসহ অন্য ব্যবসায়ীদের প্রতিষ্ঠানে পণ্য তালিকা প্রদর্শণ করতে বলেন। অন্যথায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে বলে সর্তক করেন। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, রমজান মাস উপলক্ষে ভোক্তা কাছে সঠিক দামে পণ্য বিক্রির লক্ষে উপজেলা প্রশাসন বাজার তদারকি করা হয়। আজ বিকেলে রহনপুর স্টেশন বাজারে বাজার তদারকি করার সময় ৩টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে পণ্য তালিকা প্রদর্শণ না করায় অর্থদণ্ড দেওয়া হয়। এ সময় গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর বারিক উপস্থিত ছিলেন।
জেলায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে নানা কর্মসূচি

জেলায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে নানা কর্মসূচি আগামীকাল ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। দিবসটি উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন নানা কর্মসূচি গ্রহণ করেছে। দিবসের কর্মসূচির মধ্যে রয়েছে— আজ হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়/গ্রীনভিউ কালেক্টরেট উচ্চ বিদ্যালয়/বাংলাদেশ শিশু একাডেমি, চাঁপাইনবাবগঞ্জ এ শিশুদের অংশগ্রহণে রচনা, চিত্রাঙ্কন, আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। একুশের প্রথম প্রহরে নবাবগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হবে। ২১ ফেব্রুয়ারি সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মসজিদ, মন্দির, গির্জা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন থাকবে। জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে স্ব-স্ব কর্মসূচি পালিত হবে। বিকেল ৪টায় চাঁপাইনবাবগঞ্জ পুরাতন স্টেডিয়ামে জেলা পর্যায়ে যুব সমাজকে সম্পৃক্ত করে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। এছাড়াও দিবসটি উপলক্ষে স্থানীয় গণমাধ্যমে কর্মসূচির প্রচার এবং রেডিও মহান্দায় বিশেষ অনুষ্ঠান সম্প্রচারিত হবে। গত ১৬ ফেব্রুয়ারি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে স্থানীয় কর্মসূচি প্রণয়ন সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদ। সভায় সরকারি নির্দেশনা অনুযায়ী দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য জেলা পর্যায়ের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়।
রমজানে বাড়ল সিএনজি স্টেশন বন্ধের সময়

রমজানে বাড়ল সিএনজি স্টেশন বন্ধের সময় পবিত্র রমজান মাসে ইফতার ও তারাবির সময় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে বিশেষ পদক্ষেপ নিয়েছে সরকার। বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের সরবরাহ বাড়াতে সিএনজি স্টেশন বন্ধ রাখার সময়সূচিতে বড় পরিবর্তন আনা হয়েছে। আজ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নতুন সিদ্ধান্তের কথা জানানো হয়। প্রজ্ঞাপন বলা হয়, আগামী ১৪ মার্চ পর্যন্ত সারা দেশে সিএনজি স্টেশনগুলো প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা বন্ধ থাকবে। আগে এই সময়সীমা ছিল সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত। অর্থাৎ, আগের তুলনায় আরও ৩ ঘণ্টা বেশি সময় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। মূলত গ্যাস বিতরণ নেটওয়ার্কে স্বল্প-চাপ পরিস্থিতি দূর করা এবং রমজানে বিদ্যুৎ খাতে গ্যাসের বাড়তি চাহিদা পূরণেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে তিনি ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। পুষ্পস্তবক অর্পণের পর তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবেন।
২১ ফেব্রুয়ারি ঘিরে কঠোর নিরাপত্তাগ্রহণ করা হয়েছে-র্যাব প্রধান

২১ ফেব্রুয়ারি ঘিরে কঠোর নিরাপত্তাগ্রহণ করা হয়েছে-র্যাব প্রধান আসন্ন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে বর্তমানে কোনো সুনির্দিষ্ট নিরাপত্তা হুমকি নেই বলে জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক অতিরিক্ত আইজিপি একেএম শহিদুর রহমান। তবে সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি। আজ সকাল সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে র্যাবের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে র্যাব প্রধান এসব কথা বলেন। তিনি বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সুষ্ঠুভাবে পালনের লক্ষ্যে কেন্দ্রীয়ভাবে বহুমাত্রিক নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।
দায়িত্ব পালনে অবহেলা বরদাশত করা হবে না বলেছেন ভূমিমন্ত্রী

দায়িত্ব পালনে অবহেলা বরদাশত করা হবে না বলেছেন ভূমিমন্ত্রী দায়িত্ব পালনে কোনো অবহেলা বরদাশত করা হবে না, বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। এছাড়াও তিনি বলেন, সততা, দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করতে হবে। জনগণের সঙ্গে সম্মানজনক আচরণ ও সেবামুখী মনোভাব তৈরি করতে হবে। আজ বেলা ১১টায় রাজশাহী সার্কিট হাউজের সম্মেলন কক্ষে বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসনের আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন। মিনু বলেন, আমরা একে অপরের সহকর্মী, কেউ কারো বস নই। দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।
রমজানে বাজার স্থিতিশীল রাখতে পর্যাপ্ত খাদ্য মজুদ

রমজানে বাজার স্থিতিশীল রাখতে পর্যাপ্ত খাদ্য মজুদ বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে সরকারের হাতে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে। এ বিষয়ে কোনো ধরনের শঙ্কার কারণ নেই। আজ সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর-এ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের অন্যতম প্রধান দায়িত্ব হলো নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর দাম স্থিতিশীল রাখা।
হাসপাতাল কর্তৃপক্ষের ওপর চটেছেন সালমান খান

হাসপাতাল কর্তৃপক্ষের ওপর চটেছেন সালমান খান বলিউডের প্রখ্যাত চিত্রনাট্যকার সেলিম খানের শারীরিক অবস্থা নিয়ে যখন গোটা সিনেমা পাড়ায় উদ্বেগ কাজ করছে, ঠিক তখনই বাবার ব্যক্তিগত স্বাস্থ্যগত তথ্য প্রকাশ্যে আসা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সুপারস্টার সালমান খান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যার কারণে প্রবীণ এই ব্যক্তিত্বকে হাসপাতালে ভর্তি করার পর থেকেই চিকিৎসকরা নিয়মিত ‘হেলথ বুলেটিন’ বা স্বাস্থ্যবার্তা গণমাধ্যমের কাছে প্রকাশ করে আসছেন। বিষয়টি নিয়ে রীতিমতো চটেছে পুরো খান পরিবার। সালমানের অভিযোগ, পরিবারের অনুমতি ছাড়া একজন ব্যক্তির শারীরিক অবস্থার খুঁটিনাটি জনসমক্ষে প্রচার করা তার ব্যক্তিগত গোপনীয়তার লঙ্ঘন। খান পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, সেলিম খানের প্রতি সাধারণ মানুষ ও ভক্তদের গভীর ভালোবাসা এবং উদ্বেগের জন্য তারা কৃতজ্ঞ। তবে সালমান মনে করেন, তার বাবার অসুস্থতার প্রতিটি ছোটখাটো বিষয় বাইরের মানুষের জানার প্রয়োজন নেই। কোনো তথ্যের দরকার হলে পরিবার নিজেই সেটি জানাবে। সালমান খানের পক্ষ থেকে কড়া বার্তা পাওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষ নতিস্বীকার করেছে এবং সিদ্ধান্ত নিয়েছে যে, এখন থেকে অনুমতি ছাড়া সেলিম খানকে নিয়ে আর কোনো মেডিকেল বুলেটিন বা সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে না। হাসপাতাল কর্তৃপক্ষের এমন অপেশাদার আচরণে সালমান ও তার পরিবার সরাসরি তাদের আপত্তির কথা জানিয়ে দিয়েছেন। এদিকে গত দুই দিনে সেলিম খানের শারীরিক অবস্থায় বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা গেছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার কোনো বড় ধরনের অস্ত্রোপচারের প্রয়োজন পড়েনি, তবে ডিএসএ প্রক্রিয়াটি সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে প্রবীণ এই চিত্রনাট্যকারকে ভেন্টিলেশনে রাখা হলেও তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। যদি দ্রুত উন্নতি ঘটে, তবে খুব শীঘ্রই তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র বা আইসিইউ-তে স্থানান্তর করা হতে পারে। চিকিৎসকদের একটি বিশেষ দল সার্বক্ষণিক তার দেখাশোনা করছেন এবং তিনি চিকিৎসায় ইতিবাচকভাবে সাড়া দিচ্ছেন। বৃহস্পতিবার হাসপাতালে সেলিম খানকে দেখতে গিয়েছিলেন সালমানের আগামী সিনেমা ‘ব্যাটল অব গলওয়ান’-এর সহ-অভিনেত্রী চিত্রাঙ্গদা সিংহ। হাসপাতাল থেকে বেরিয়ে তিনি অপেক্ষমাণ সাংবাদিকদের আশ্বস্ত করে জানান যে, সেলিম খান এখন আগের চেয়ে অনেক ভালো আছেন এবং সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। প্রিয় অভিনেতার বাবার এমন অসুস্থতায় সামাজিক যোগাযোগমাধ্যমে অগণিত ভক্ত দ্রুত আরোগ্য কামনা করে বার্তা পাঠাচ্ছেন। তবে পরিবারের পক্ষ থেকে বারবার অনুরোধ করা হয়েছে যাতে এই কঠিন সময়ে তাদের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান জানানো হয়।