টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বুধবার মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ২টা ১৫ মিনিটে শুরু হবে ম্যাচটি। বাংলাদেশ দলের নেতৃত্ব দিচ্ছেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। টস জিতে প্রথমে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নেন তিনি। তিন ম্যাচের এই সিরিজের প্রথম ম্যাচটি ঘিরে দুই দলের মধ্যেই রয়েছে বাড়তি উত্তেজনা। ঘরের মাঠে সিরিজ শুরু হওয়ায় ভালো শুরু করতে মরিয়া বাংলাদেশ দল। অন্যদিকে সফরকারী পাকিস্তানও চায় প্রথম ম্যাচ জিতে সিরিজে এগিয়ে যেতে। প্রথম ম্যাচে জয় দিয়ে সিরিজ শুরু করতে পারলে বাংলাদেশ দলের আত্মবিশ্বাস অনেকটাই বাড়বে। তিন ম্যাচের সিরিজের বাকি দুটি ম্যাচও অনুষ্ঠিত হবে একই ভেন্যুতে।
অ্যাতলেতিকোয় বিধ্বস্ত টটেনহাম, আতালান্তাকে উড়িয়ে দিল বায়ার্ন

অ্যাতলেতিকোয় বিধ্বস্ত টটেনহাম, আতালান্তাকে উড়িয়ে দিল বায়ার্ন চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো পর্বের প্রথম লেগে দুই ভিন্ন ম্যাচে একই রকম গল্প দেখা গেল। একদিকে দুর্দান্ত পারফরম্যান্সে ইংলিশ ক্লাবকে বিধ্বস্ত করেছে অ্যাতলেতিকো, অন্যদিকে ইতালিয়ান প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসিয়েছে বায়ার্ন মিউনিখ। মাদ্রিদের মেট্রোপলিটানো স্টেডিয়ামে টটেনহামকে ৫-২ গোলে হারিয়েছে অ্যাতলেতিকো। ম্যাচের শুরুতেই গোলরক্ষক আন্তোনিন কিনস্কির একের পর এক ভুলে বিপর্যয়ে পড়ে টটেনহাম। প্রথম ১৫ মিনিটেই তিন গোল হজম করে বসে দলটি। ৬ মিনিটে কিনস্কির ভুল থেকে বল পেয়ে যান হুলিয়ান আলভারেজ, তার পাস থেকে গোল করেন মার্কোস লরেন্তে। এরপর ১৪ মিনিটে ব্যবধান বাড়ান আঁতোয়ান গ্রিয়েজমান। এর এক মিনিট পর আবারও কিনস্কির ভুলে সহজ গোল পান আলভারেজ। পরিস্থিতি সামাল দিতে কিনস্কিকে তুলে মাঠে নামানো হয় গুলিয়েলমো ভিকারিওকে। কিন্তু কর্নার থেকে হেডে গোল করে ব্যবধান ৪–০ করেন রবিন লে নরমান্ড। পরে পেদ্রো একটি গোল শোধ করলেও দ্বিতীয়ার্ধে নিজের দ্বিতীয় গোলটি করেন আলভারেজ। শেষদিকে ডমিনিক সোলান্কে গোল করে ব্যবধান কমান। এই জয়ে কোয়ার্টার ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেল অ্যাতলেতিকো। অন্য ম্যাচে ইতালির আতালান্তার মাঠে গোল উৎসব করেছে বায়ার্ন। আতালান্তাকে ৬-১ গোলে বিধ্বস্ত করেছে জার্মান জায়ান্টরা। এই জয়ে সবচেয়ে উজ্জ্বল ছিলেন মাইকেল ওলিসে। দুটি গোল করার পাশাপাশি একটি অ্যাসিস্টও করেন তিনি। এ ছাড়া গোল করেন জসিপ স্ট্যানিসিস, সের্জ গানাব্রি, নিকোলাস জ্যাকসন ও জামাল মুসিয়ালা। শেষদিকে মারিও প্যাসিালিক একটি সান্ত্বনার গোল করলেও তাতে বড় পরাজয় এড়াতে পারেনি আতালান্তা। প্রথম লেগের এমন বড় জয়ের ফলে কোয়ার্টার ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেছে বায়ার্ন মিউনিখও।
সিটি তারকার ‘প্রেমে’ পড়েছেন রিয়াল সভাপতি পেরেজ

সিটি তারকার ‘প্রেমে’ পড়েছেন রিয়াল সভাপতি পেরেজ রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ দীর্ঘদিন ধরেই মুগ্ধ ম্যানচেনস্টার সিটি তারকা রদ্রিতে। সিটির এই স্প্যানিশ মিডফিল্ডারকে ভবিষ্যতে রিয়াল মাদ্রিদের জার্সিতে দেখতে চান তিনি। স্প্যানিশ সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, রিয়াল মাদ্রিদের মাঝমাঠ শক্তিশালী করার জন্য রদ্রিকেই সবচেয়ে উপযুক্ত খেলোয়াড় মনে করেন পেরেজ। মাঝমাঠ থেকে ম্যাচের গতি নিয়ন্ত্রণ করা এবং দলকে ভারসাম্য দেওয়ার মতো একজন সংগঠক মিডফিল্ডারের খোঁজেই ছিল স্প্যানিশ জায়ান্টরা। এমনকি ক্লাবের ভেতরে পেরেজ নাকি স্পষ্ট করেই বলেছেন, ‘যদি রদ্রি না হয়, তাহলে নতুন করে কাউকে সই করানোর প্রয়োজন নেই।’ তবে এই সম্ভাব্য ট্রান্সফার সহজ নয়। কারণ রদ্রির সঙ্গে ম্যানচেস্টার সিটির চুক্তি রয়েছে ২০২৭ সাল পর্যন্ত। ফলে তাকে দলে ভেড়াতে চাইলে বড় অঙ্কের অর্থ ব্যয় করতে হতে পারে রিয়ালকে। ক্লাব ঘনিষ্ঠ সূত্রের দাবি, রদ্রির ফুটবল দক্ষতার পাশাপাশি তার ব্যক্তিত্ব ও পেশাদার মনোভাবও মুগ্ধ করেছে পেরেজকে। মাঠের বাইরে পড়াশোনার প্রতি তার আগ্রহ এবং পেশাদার ক্যারিয়ারের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা চালিয়ে যাওয়ার বিষয়টিও রিয়াল সভাপতির কাছে তাকে আরো বিশেষ করে তুলেছে। এদিকে সিটির হয়ে আবারও সান্তিয়াগো বার্নাব্যুতে খেলতে ফিরছেন রদ্রি। ম্যাচের পাশাপাশি এই সফরকে ঘিরে ভবিষ্যতে কোনো সম্ভাব্য ট্রান্সফার আলোচনা শুরু হয় কি না, সেটিও এখন দেখার বিষয়।
আফগানিস্তান–শ্রীলঙ্কা সিরিজ স্থগিত, জানা গেল কারণ

আফগানিস্তান–শ্রীলঙ্কা সিরিজ স্থগিত, জানা গেল কারণ আঞ্চলিক অস্থিতিশীলতা ও ভ্রমণসংক্রান্ত জটিলতার কারণে আফগানিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার নির্ধারিত দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ স্থগিত করা হয়েছে। আফগানিস্তান ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা এই সিরিজটি এখন ২০২৬ সালের শেষ দিকে আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। আগামী ১৩ মার্চ থেকে সিরিজটি শুরু হওয়ার কথা ছিল। ছয় ম্যাচের এই সাদা বলের সিরিজে তিনটি টি–টোয়েন্টি ও তিনটি ওয়ানডে ম্যাচ আয়োজনের সূচি নির্ধারিত ছিল। সূচি অনুযায়ী তিনটি টি–টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ১৩, ১৫ ও ১৭ মার্চ। এরপর তিনটি ওয়ানডে ম্যাচ আয়োজনের পরিকল্পনা ছিল দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২০, ২২ ও ২৫ মার্চ। সিরিজ আয়োজনের জন্য প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার পর এমিরেটস ক্রিকেট বোর্ড–এর সহায়তায় শারজাহ ও দুবাই—দুই ভেন্যুতেই প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। তবে মার্চের শুরুতে অপ্রত্যাশিত কিছু পরিস্থিতির কারণে দলগুলোর যাতায়াত এবং সিরিজ পরিচালনায় লজিস্টিক জটিলতা তৈরি হয়। এ অবস্থায় আফগানিস্তান ক্রিকেট বোর্ড সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে একাধিক বৈঠক করে। আলোচনায় এমিরেটস ক্রিকেট বোর্ড এবং দুই ভেন্যুর কর্তৃপক্ষও অংশ নেয়। প্রথমে পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিরিজ চালিয়ে যাওয়ার সম্ভাবনা খতিয়ে দেখা হলেও শেষ পর্যন্ত সমস্যাগুলো সমাধান না হওয়ায় সিরিজটি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এসিবি জানিয়েছে, নতুন সূচি অনুযায়ী সিরিজটি আয়োজনের জন্য সংযুক্ত আরব আমিরাতকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে। দুই বোর্ডের পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে পরবর্তীতে নতুন সময়সূচি ঘোষণা করা হবে।
পে স্কেল বাস্তবায়নে যে নীতি বেছে নিল সরকার

পে স্কেল বাস্তবায়নে যে নীতি বেছে নিল সরকার ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধের প্রভাবে সারা বিশ্বের অর্থনীতি প্রায় নাস্তানাবুদ হয়ে পড়েছে। বাংলাদেশের অর্থনীতিতেও এর ব্যাপক প্রভাব পড়তে শুরু করেছে। এরই মধ্যে শুরু হয়েছে জ্বালানির সংকট। এ ছাড়া সরকারের রাজস্ব ঘাটতি ৬০ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে। ফলে অর্থসংকটে রয়েছে সরকার। এ জন্য নতুন পে স্কেল বাস্তবায়নের ব্যাপারে ধীরে চলো নীতি বেছে নিয়েছে সরকার। জানা গেছে, এ নিয়ে জাতীয় সংসদের অধিবেশনে আলোচনা হতে পারে। অবশ্য সেই প্রস্তাব রিভিউ করারও ঘোষণা দেওয়া হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসার কথা রয়েছে। এর পরে রয়েছে বাজেট অধিবেশন। ইতিমধ্যে সংসদের কার্যপ্রণালী প্রণয়নের প্রস্তুতি চলছে। অর্থ বিভাগের কর্মকর্তারা বলছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যেহেতু বলেছেন তাই সরকারি চাকরিজীবীদের নতুন এই বেতনকাঠামো ধাপে ধাপে বাস্তবায়ন করা হতে পারে। তবে এখনই সব বাস্তবায়ন সম্ভব নয়, এ জন্য কিছুটা সময় নিয়ে এগোচ্ছে সরকার। এদিকে গতকাল সচিবালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন পিকেএসএফ ও পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান। যদিও শিডিউলে দেওয়া তথ্য বলছে, তিনি অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন পিকেএসএফের চেয়ারম্যান হিসেবে। তবে বৈঠকে পে কমিশনের প্রতিবেদন ও সুপারিশ বিষয়েও আলোচনা হয়েছে। অর্থ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। এদিকে, নতুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ১৮ ফেব্রুয়ারি গণমাধ্যমকে বলেছেন, ‘পে স্কেলের সুপারিশ আমাদের দেখতে হবে। না দেখে এ বিষয়ে কিছু বলতে পারব না। আমাদের দেখতে হবে মোট অ্যামাউন্ট কত। এটা কতটুকু বাস্তবায়ন করা সম্ভব সেগুলো দেখতে হবে।’ তিনি আরো বলেন, ‘বর্তমান আর্থিক অবস্থায় যেখানে বাংলাদেশের ট্যাক্স রেভিনিউ, ট্যাক্স জিডিপি রেশিও সবচেয়ে খারাপ, এমনকি দক্ষিণ এশিয়াতে সবচেয়ে খারাপ। এসব দেখে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, কতটুকু কখন কিভাবে বাস্তবায়ন করা যায়। সেটা আমরা পরীক্ষানিরীক্ষা করে দেখব।’ সূত্র জানান, আসছে নতুন অর্থবছর ২০২৬-২৭-এ প্রস্তাবিত নবম পে স্কেল বাস্তবায়নের কথা বললেও বাস্তবে সেটা কতখানি সম্ভব হবে তা এখনই বলা যাচ্ছে না। কেননা সরকারের মধ্যে অর্থসংকট আরো বেড়েছে। অন্যদিকে মূল্যস্ফীতির চাপ এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এর সঙ্গে যুক্ত হয়েছে মধ্যপ্রাচ্যসংকট। যার নেতিবাচক প্রভাব পড়েছে দেশের সামগ্রিক অর্থনীতিতে। তবে পে স্কেল নিয়ে সরকারি চাকরিজীবিদের ওপর নেতিবাচক প্রভাব পড়ুক এমন পরিস্থিতি তৈরিও করতে চায় না সরকার। ইতিমধ্যে প্রস্তাবিত পে স্কেল রিভিউও করার ঘোষণা দেওয়া হয়েছে। অর্থ বিভাগ সূত্র জানায়, মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে দেশে আর্থিক সংকট আরো বেড়েছে। এ যুদ্ধ কতটা দীর্ঘায়িত হবে তা এখনই বলা যাচ্ছে না। যুদ্ধ যতটা দীর্ঘায়িত হবে সংকট ততই বাড়বে। এমনিতেই অর্থবছরের মাঝামাঝি পর্যন্ত রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে ৬০ হাজার কোটি টাকার ওপরে। জানা গেছে, রাজনৈতিক, আর্থিক ও সামাজিক সংকট আমলে নিয়ে সরকারি কর্মচারীদের নতুন বেতনকাঠামোর জন্য একটি কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। কিন্তু আর্থিক সংকট বিবেচনায় নিয়ে নির্বাচনের আগে তা বাস্তবায়ন করে যেতে পারেনি ড. ইউনূস সরকার। তবে পে কমিশন যে প্রতিবেদন জমা দিয়েছে, সে অনুযায়ী একটি বেতনকাঠামোর সুপারিশমালা বর্তমান সরকারের কাছে রয়েছে। যেটি রিভিউ করার ঘোষণা দিলেও এখনো শুরু করা হয়নি। তবে বাজেট প্রণয়নের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলে সেটি রিভিউ করা হতে পারে। অবশ্য তৎকালীন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ দায়িত্ব ছাড়ার প্রাক্কালে বাংলাদেশ প্রতিদিনকে বলেছিলেন, ‘কমিশন যে প্রতিবেদন জমা দিয়েছে সেটা বাস্তবসম্মত। আমরা এটা বাস্তবায়নের জন্য নির্বাচিত সরকারের হাতে দিয়ে যাচ্ছি। আশা করি সরকার সেটা বিবেচনা করবে। এ ক্ষেত্রে দেশের আর্থসামাজিক অবস্থা ও মূল্যস্ফীতি বিবেচনায় রাখতে বলা হয়েছে। আমাদের পরিকল্পনা ছিল সময়োপযোগী একটি বেতনকাঠামো ঘোষণা করা।’ এদিকে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর পে স্কেল নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানায়নি। তবে যেহেতু সামনে অধিবেশন রয়েছে, তাই সেটা সংসদে আলোচনা হতে পারে বলে জানা গেছে। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় গেলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য যথাসময়ে পে স্কেল বাস্তবায়নের ঘোষণা দিয়েছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। অবশ্য প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি। গত বছরের ২৭ জুলাই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতনকাঠামো প্রণয়নের লক্ষ্যে ২১ সদস্য নিয়ে বেতন কমিশন গঠিত হয়। সাবেক অর্থ সচিব ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান জাকির আহমেদ খানকে কমিশনের প্রধান করা হয়। কমিশনকে ছয় মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়। চলতি বছরের ২১ জানুয়ারি কমিশন তাদের সুপারিশ জমা দেয়।
৬ জাহাজ থেকে খালাস হচ্ছে জ্বালানি, পথে আরো ৪ জাহাজ

৬ জাহাজ থেকে খালাস হচ্ছে জ্বালানি, পথে আরো ৪ জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ৬টি জাহাজ থেকে জ্বালানি খালাস হচ্ছে বলে জানিয়েছেন হারবার অ্যান্ড মেরিন সদস্য কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ। আজ বুধবার এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এলপিজি, এলএনজি ও জ্বালানি তেলবাহী আরো ৪টি জাহাজ দেশের পথে রয়েছে। ব্রিফিংয়ে আহমেদ আমিন আবদুল্লাহ জানান, দেশের পথে জ্বালানিবাহী চারটি জাহাজের মধ্যে একটি আজ এবং দুইটি ১২ মার্চ ও ১৪ মার্চ বন্দরের জলসীমায় প্রবেশ করার কথা রয়েছে। জ্বালানিবাহী সব জাহাজকে অগ্রাধিকার বার্থিং সুবিধা দেওয়া হচ্ছে বলে জানান তিনি। এ ছাড়া বহির্নোঙরে মাদার ভেসেলের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি : স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি : স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় সংসদে ভাষণ দেবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ‘জুলাই সনদের সব কিছু ধারণ করা হবে। আগামীকাল সকাল ১১টায় জাতীয় সংসদের অধিবেশন বসবে। এই সংসদেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। তাদের শপথ গ্রহণ করাবেন রাষ্ট্রপতি।’ মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে সংসদ থেকে বের হয়ে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে কাল। সংসদ নেতা স্বাগত বক্তব্য দিয়ে অধিবেশনে সভাপতি কে হবেন, সেটি উপস্থাপন করবেন। সংসদের বিধি মোতাবেক শপথ নেবেন স্পিকার ও ডেপুটি স্পিকার। আর ১৫ তারিখ অধিবেশন হয়ে এরপর বিরতি হতে পারে। তিনি আরো বলেন, সংসদ অধিবেশন বসার পর জনপ্রত্যাশা, শহীদদের আকাঙ্ক্ষাসহ জুলাই সনদে যা কিছু সম্মত হয়েছি, সেটি ধারণ করবো। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদে ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংসদ ভবনে সরকারদলীয় সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল বৃহস্পতিবার (১২ মার্চ) শুরু হতে যাওয়া সংসদ অধিবেশন নিয়ে এতে আলোচনা হয়।
বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে ওরিয়েন্টেশন

বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে ওরিয়েন্টেশন চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে স্থানীয় অংশীজনদের নিয়ে এক ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সদর উপজেলা মডেল মসজিদের সভাকক্ষে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ইউনিসেফের স্ট্রেংদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ (এসএসবিসি) প্রকল্পের আওতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এই প্রশিক্ষণের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আব্দুস সামার কলেজের অধ্যক্ষ তোহুরুল ইসলাম ও চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার এএসআই রক্সি খাতুন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এসএসবিসি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক উত্তম মণ্ডল এবং মানপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম, ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জের সুপারভাইজার আবু সউদ মো. আব্দুল অদুদসহ অন্যরা। ওরিয়েন্টেশনে স্থানীয় জনপ্রতিনিধি, স্বাস্থ্য ও সমাজকর্মী, যুব প্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় আরো বলা হয়, চাঁপাইনবাবগঞ্জকে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতামুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে হলে সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। এ লক্ষ্যে সচেতনতা বৃদ্ধি, আইন প্রয়োগ এবং সামাজিক উদ্যোগ জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
চাঁপাইনবাবগঞ্জে ভিজিএফ কর্মসূচি বাস্তবায়নে পৌর কমিটির সভা

চাঁপাইনবাবগঞ্জে ভিজিএফ কর্মসূচি বাস্তবায়নে পৌর কমিটির সভা চাঁপাইনবাবগঞ্জে ২০২৫-২৬ অর্থবছরে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় খাদ্যশস্য সহায়তা বিতরণের লক্ষ্যে পৌর মানবিক সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ। সভায় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি নূরে আলম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের শস্য কর্মকর্তা জহুরুল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ, দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি খাইরুল ইসলামসহ পৌর মানবিক সহায়তা কমিটির সদস্যবৃন্দ। সভায় জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ভিজিএফ কর্মসূচির আওতায় এবার ৪৬ দশমিক ২৫০ টন চাল বরাদ্দ পাওয়া গেছে। এই চাল কার্ডপ্রতি ১০ কেজি করে মোট ৪ হাজার ৬২৫টি কার্ডধারী উপকারভোগীর মাঝে বিতরণ করা হবে। আগামী ১৪ মার্চ থেকে শুরু করে ৩ দিনের মধ্যে পৌরসভার সকল উপকারভোগী সদস্যের মাঝে চাল বিতরণ সম্পন্ন করা হবে বলেও সভায় জানানো হয়। সভায় আরও বলা হয়, নিরপেক্ষতা ও স্বচ্ছতার সাথে প্রকৃত উপকারভোগী যাচাই- বাছাই করে তাদের মাঝে খাদ্যশস্য বিতরণ নিশ্চিত করতে হবে। মানবিক সহায়তা কর্মসূচির আওতায় অন্তর্ভুক্ত হতে নির্ধারিত কয়েকটি শর্তের ভিত্তিতে উপকারভোগী নির্বাচন করা হবে। শর্তগুলোর মধ্যে রয়েছে—যেসব পরিবারের মালিকানায় ভিটাবাড়ি ছাড়া অন্য কোনো জমি নেই, দিনমজুরের আয়ের উপর নির্ভরশীল পরিবার, মহিলা শ্রমিকের আয় বা ভিক্ষাবৃত্তির উপর নির্ভরশীল পরিবার, উপার্জনক্ষম পূর্ণবয়স্ক কোনো পুরুষ সদস্য নেই এমন অসচ্ছল পরিবার, যেসব পরিবারে স্কুলগামী শিশুকে উপার্জনের জন্য কাজ করতে হয়, যেসব পরিবারে উপার্জনশীল কোনো ব্যক্তি নেই, স্বামী পরিত্যক্তা বা তালাকপ্রাপ্তা নারীর নেতৃত্বাধীন অসচ্ছল পরিবার, অসচ্ছল মুক্তিযোদ্ধা বা প্রতিবন্ধী পরিবারের প্রধান, ক্ষুদ্রঋণ সুবিধা না পাওয়া পরিবার, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়ে খাদ্য বা অর্থসংকটে পড়া পরিবার এবং যেসব পরিবার বছরের অধিকাংশ সময় দুই বেলা খাবার জোগাড় করতে পারে না।
গোমস্তাপুর জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

গোমস্তাপুর জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত গোমস্তাপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালী, অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে র্যালিটি উপজেলা চত্বর থেকে বের হয়ে ওই এলাকার সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। সেখানে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সদস্যরা অগ্নিকাণ্ড বিষয়ক মহড়ায় অংশ নেন। পরে উপজেলা সভাকক্ষে আয়োজিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি। প্রধান অতিথির বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মিজানুর রহমান। অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভুমি) উম্মে সালমা রুমা, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল বারিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুল আলিম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ মাহাতাব আলী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজমসহ অন্যরা।