ইরাক থেকে সেনা প্রত্যাহার করে নিল ইতালি

ইরাক থেকে সেনা প্রত্যাহার করে নিল ইতালি মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্রদের ওপর ইরানের আক্রমণ অব্যাহত রয়েছে। ইতালির সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার পর ইরাক থেকে তাদের সেনা প্রত্যাহার করছে দেশটি। ইরাকি কুর্দিস্তানের এরবিলের ক্যাম্প সিঙ্গারা বিমানঘাঁটিতে রাতভর ড্রোন হামলা হয়। ন্যাটোর প্রায় ৩০০ সেনা এই ঘাঁটিতে অবস্থান করছে। হামলায় একটি রেস্তোরাঁ এবং দুটি যানবাহন ধ্বংস হয়েছে। হামলায় কেউ আহত হয়নি, তবে ইরান এই অঞ্চলে আক্রমণ তীব্র করায় ইতালির প্রায় ১০০ সেনাকে রোমে ফিরে নেওয়া হয়েছে। কুর্দি সেনাদের বিদ্রোহের আশঙ্কায় সরকার কুর্দিস্তান অঞ্চলে বোমাবর্ষণ করেছে। ইরাকি কুর্দিরা সংঘাতের প্রথম দিনগুলোতে তেহরানে স্থল থেকে আক্রমণ শুরু করে বলে জানা গেছে, যদিও পরে কুর্দি নেতারা তা অস্বীকার করেছেন। ইতালির প্রতিরক্ষামন্ত্রীর মতে ক্যাম্প সিঙ্গারায় এই আক্রমণ ইচ্ছাকৃত ছিল। কারণ সেখানে ইতালীয় সেনারা কুর্দি পেশমার্গা বাহিনীকে প্রশিক্ষণ দিচ্ছিল। মার্কিন নেতৃত্বাধীন আইসিস-বিরোধী জোটের অংশ হিসেবে ইতালীয় সেখানে অবস্থান করছিল। এটি ইচ্ছাকৃত কি না জানতে চাইলে ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইডো ক্রোসেটো বলেন, ‘অবশ্যই হ্যাঁ। এটি অপারেশন ইনহেরেন্ট রেজলভের মধ্যে একটি ন্যাটো ঘাঁটি, তাই এটি একটি আমেরিকান ঘাঁটিও।’ তিনি হামলার জন্য কে দায়ী তা উল্লেখ করেননি তবে বলেছেন, ঘটনাস্থলে থাকা ১৪১ জন ইতালীয় সেনা বাড়ি ফিরে আসবে। তিনি বলেন, ‘আমরা ইতিমধ্যেই সেই মিশন থেকে ১০২ জনকে ফিরিয়ে এনেছি এবং আমরা প্রায় ৪০ জনকে জর্দানে নিয়েছি।’ ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি বলেছেন, ড্রোনটি কোথা থেকে এসেছে তা স্পষ্ট নয়। এটি সম্ভবত ইরাকে অবস্থিত ইরানপন্থী মিলিশিয়াদের কাজ। প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছেন, ‘আমি আমাদের সেনাদের প্রতি সংহতি প্রকাশ করছি। তারা হামলার পরে অক্ষত আছেন।’ ঘাঁটির কমান্ডার কর্নেল স্টেফানো পিজোত্তি বলেছেন, ‘সামরিক কর্মীদের বিমান হুমকি সম্পর্কে সতর্ক করা হয়েছিল এবং হামলার কয়েক ঘণ্টা আগে তারা বাংকারে আশ্রয় নিয়েছিল।’ পিজোত্তি আরো বলেন, ‘আমরা এই ধরনের পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত এবং প্রশিক্ষিত। আমাদের কর্মীদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। বিমান হামলার সতর্কতা শেষ হয়ে গেছে।’ এক বিবৃতিতে কুর্দিস্তান অঞ্চলের প্রেসিডেন্সি বলেছে, ‘ইরাকি সরকারকে কূটনৈতিক দূত এবং জোট বাহিনীকে রক্ষা করার দায়িত্ব পালন করতে হবে এবং অবৈধ গোষ্ঠীগুলোকে আর দেশের নিরাপত্তা ও স্বার্থ বিপন্ন করতে দেওয়া উচিত নয়।’ মেলোনি এর আগে বলেছিলেন, ইরানের যুদ্ধে ইতালির যোগদানের কোনো ইচ্ছা তার নেই। ডোনাল্ড ট্রাম্পের মিত্র হওয়া সত্ত্বেও তিনি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে ‘আন্তর্জাতিক আইনের বাইরে’ কাজ করার অভিযোগ করেছেন। ইতালি উপসাগরীয় দেশগুলোকে বিমান প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ করেছে এবং প্রতিরক্ষা জোরদার করতে এই সপ্তাহের শুরুতে একটি ইতালীয় যুদ্ধজাহাজ সাইপ্রাসে পৌঁছেছে। এ ছাড়া জানা গেছে, ইতালি ও ফ্রান্স ইরানের সঙ্গে একটি চুক্তির জন্য আলোচনা শুরু করেছে, যার মাধ্যমে তাদের জাহাজগুলো হরমুজ প্রণালি দিয়ে নিরাপদে চলাচল করতে পারবে। সূত্র : ডেইলি মেইল।
ইরাকে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

ইরাকে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। ইরাকি কর্মকর্তাদের বরাতে এই খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। প্রতিবেদন অনুযায়ী, মার্কিন দূতাবাস থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। নিরাপত্তা বাহিনীর অপর একটি সূত্রও কূটনৈতিক মিশনে এ হামলার খবরের সত্যতা নিশ্চিত করেছে। দূতাবাসের ভেতরের একটি হেলিপ্যাডে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। এদিকে, বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, একটি ড্রোন দূতাবাসে আঘাত হেনেছে। ইরাকের রাজধানীতে হামলায় ইরান-সমর্থিত দুই যোদ্ধা নিহত হওয়ার কিছুক্ষণ পরই এ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটে। কঠোর নিরাপত্তাবেষ্টিত গ্রিন জোনের ভেতরে বাগদাদে অবস্থিত বিশাল এই দূতাবাস প্রাঙ্গণটি প্রায়ই ইরানপন্থী মিলিশিয়াদের রকেট ও ড্রোন হামলার লক্ষ্যবস্তু হয়। বাগদাদে মার্কিন দূতাবাস থেকে সংবাদমাধ্যমগুলোকে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি। উল্লেখ্য, গতকাল শুক্রবার দূতাবাসটি ইরাকে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য লেভেল-৪ নিরাপত্তা সতর্কতা পুনরায় কার্যকর করে। এতে সতর্ক করা হয় যে, ইরান এবং ইরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীগুলো এর আগে মার্কিন নাগরিক, স্বার্থ ও অবকাঠামোর ওপর হামলা চালিয়েছে এবং তারা আবারও এসবকে লক্ষ্যবস্তু করতে পারে।
ইমাম-পুরোহিতদের সম্মানি কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ইমাম-পুরোহিতদের সম্মানি কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য ধর্মীয় নেতৃবৃন্দের মাসিক সম্মানি প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, বর্তমান সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী এই পাইলট প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে দেশের হাজার হাজার ধর্মীয় সেবককে মাসিক ভাতার আওতায় আনা হয়েছে। এর মাধ্যমে ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিদের জীবনমান উন্নয়ন ও সামাজিক স্বীকৃতি নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, এই কার্যক্রমে ৪ হাজার ৯০৮টি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের পাশাপাশি ৯৯০টি মন্দিরের পুরোহিত ও সেবাইতকে মাসিক সম্মানি প্রদান করা হবে। এ ছাড়া ১৪৪টি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ এবং ৩৯৬টি গির্জার যাজকসহ অন্যান্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরাও এই সুবিধার অন্তর্ভুক্ত হয়েছেন। প্রকল্পের আর্থিক রূপরেখা অনুযায়ী, প্রতিটি মসজিদের জন্য মোট ১০ হাজার টাকা মাসিক সম্মানি নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সংশ্লিষ্ট মসজিদের ইমাম পাবেন ৫ হাজার টাকা, মুয়াজ্জিন ৩ হাজার টাকা এবং খাদেম ২ হাজার টাকা করে পাবেন। অন্যদিকে, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের উপাসনালয়গুলোর জন্য প্রতি মাসে ৮ হাজার টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে মন্দিরের পুরোহিত ৫ হাজার টাকা এবং সেবাইত ৩ হাজার টাকা পাবেন। একইভাবে বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ৫ হাজার ও উপাধ্যক্ষ ৩ হাজার টাকা এবং খ্রিস্টান চার্চের পালক বা যাজক ৫ হাজার ও সহকারী যাজক ৩ হাজার টাকা করে সম্মানি পাবেন। উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের পদস্থ কর্মকর্তা এবং বিভিন্ন ধর্মের শীর্ষস্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মধ্যপ্রাচ্য সংকট : আজও বাতিল ২৪ ফ্লাইট

মধ্যপ্রাচ্য সংকট : আজও বাতিল ২৪ ফ্লাইট মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে নিরাপত্তা ঝুঁকির কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে সাতটি দেশ তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। যার প্রভাব পড়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। যুদ্ধপরিস্থিতিতে আকাশপথ বন্ধের কারণে ঢাকা থেকে গত ২৮ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত ৪৭৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে আজ শনিবার বাতিল হয়েছে ২৪টি ফ্লাইট। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানায়, ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি ফ্লাইট, ২ মার্চ ৪৬টি এবং ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি এবং ৯ মার্চ ৩৩টি, ১০ মার্চ ৩২ টি, ১১ মার্চ ২৭ টি, ১২ মার্চ ২৮ টি, ১৩ মার্চ ২৫ টি এবং ১৪ মার্চ শনিবার ২৪টি ফ্লাইট বাতিল হয়েছে। আজ শনিবারের বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে– কুয়েত ২টি, এয়ার অ্যারাবিয়া (শারজাহ, ইউএই) ২টি, গালফ এয়ার (বাহরাইন) ৪টি কাতার এয়ারওয়েজ (কাতার) ৪টি, এমিরেটস এয়ারলাইনস (সংযুক্ত আরব আমিরাত) ৪টি, জাজিরা (কুয়েত) ৪টি, ফ্লাইদুবাই (সংযুক্ত আরব আমিরাত) ৪টিসহ মোট ২৪টি ফ্লাইট বাতিল হয়েছে। এছাড়া সব মিলিয়ে এ পর্যন্ত সর্বমোট বাতিলকৃত ফ্লাইট সংখ্যা ৪৭৫টি।
সবার আগে একটি দেশের ঈদের তারিখ ঘোষণা

সবার আগে একটি দেশের ঈদের তারিখ ঘোষণা অস্ট্রেলিয়ায় পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করা হয়েছে। দেশটির শীর্ষ ইসলামি সংগঠন অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিল জানিয়েছে, আগামী শুক্রবার (২০ মার্চ) অস্ট্রেলিয়ায় ঈদুল ফিতর উদযাপিত হবে। দিনটি হবে ১৪৪৭ হিজরি সালের ১ শাওয়াল। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল জ্যোতির্বৈজ্ঞানিক পর্যবেক্ষণ কেন্দ্র এবং চাঁদ দেখার দায়িত্বে থাকা বিশেষায়িত বৈজ্ঞানিক প্রতিষ্ঠানগুলো তথ্য বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে পৌঁছেছে। চাঁদ দেখার ক্ষেত্রে শুধু অস্ট্রেলিয়ার পর্যবেক্ষণই নয়, বিশ্বের বিভিন্ন অঞ্চলের তথ্য বিশেষ করে প্রতিবেশী দেশগুলোর চাঁদ দেখার সম্ভাবনাও বিবেচনায় নেওয়া হয়েছে। ঘোষণা অনুযায়ী, অস্ট্রেলিয়ায় আগামী বৃহস্পতিবার (১৯ মার্চ) পবিত্র রমজান মাসের শেষ দিন হবে। এর পরদিনই অস্ট্রেলিয়ার মুসলিমরা ঈদুল ফিতর উদযাপন করবেন। অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিল আরো জানায়, রমজান মাসের শুরু ও শেষ নির্ধারণ, শাওয়াল মাসের সূচনা এবং ঈদুল ফিতরের দিন ঠিক করতে অস্ট্রেলিয়ার গ্র্যান্ড মুফতি ও অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল নির্দিষ্ট কিছু বৈজ্ঞানিক মানদণ্ড অনুসরণ করে। এর মধ্যে রয়েছে সূর্যাস্তের আগে নতুন চাঁদের আবির্ভাব, সূর্যাস্তের পর আকাশে চাঁদ কতক্ষণ দৃশ্যমান থাকতে পারে এবং অস্ট্রেলিয়া ও আশপাশের অঞ্চলে চাঁদ দেখা সম্ভব কিনা এসব বিষয়। কাউন্সিলের মতে, এই পদ্ধতি কেবল অস্ট্রেলিয়াতেই নয়, বিশ্বের অনেক স্বনামধন্য বৈজ্ঞানিক ও ইসলামি গবেষণা প্রতিষ্ঠান এবং ফিকহভিত্তিক সংগঠনও অনুসরণ করে থাকে। এর মাধ্যমে চাঁদ দেখার বিষয়ে একটি সুসংগঠিত ও বৈজ্ঞানিক পদ্ধতির ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়। সূত্র : খালিজ টাইমস
ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি পূরণে কাজ শুরু হয়েছে : প্রধানমন্ত্রী

ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি পূরণে কাজ শুরু হয়েছে : প্রধানমন্ত্রী নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ‘জনগণের রায়ে আল্লাহর রহমতে বিএনপি সরকার গঠনের পর ভোটের কালি নখ থেকে মোছার আগেই আমরা আমাদের সব প্রতিশ্রুতি ধারাবাহিকভাবে বাস্তাবায়নের কাজ শুরু করেছি। আলহামদুলিল্লাহ, এর জন্য আমি আল্লাহর দরবারে লাখো শুকরিয়া জানাচ্ছি।’শনিবার (১৪ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত ইমাম, মুয়াজ্জিন এবং বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতাদের জন্য সরকারি সম্মানি প্রদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে আছেন, তাদের জন্য আর্থিক সহায়তা ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেশে আর্থিক বৈষম্য কমানো হবে। জাতীয় নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার ইতিমধ্যে কাজ শুরু করেছে।’ তিনি বলেন, ‘জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করেছে। আর সেই ভোটের কালি নখ থেকে মোছার আগেই সরকার প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু করেছে। তারেক রহমান আরো জানান, অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা নারীদের জন্য ইতিমধ্যে ফ্যামিলি কার্ড চালু করা হয়েছে। পর্যায়ক্রমে সারা দেশে চার কোটি পরিবার এই সুবিধার আওতায় আসবে। পাশাপাশি আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখ থেকে কৃষক কার্ডের পাইলট প্রকল্প চালু করা হবে। এ ছাড়া আগামী ১৬ মার্চ দিনাজপুর থেকে দেশের খাল খনন কর্মসূচি শুরু করা হবে বলেও জানান তিনি। একই সঙ্গে খতিব, ইমাম, মুয়াজ্জিন এবং অন্যান্য ধর্মের ধর্মীয় গুরুদের জন্য আর্থিক সহায়তা বা সম্মানি প্রদানের একটি পাইলট কর্মসূচিও শুরু হয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। দেশের প্রতিটি নাগরিকের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করে একটি শক্তিশালী রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্য রয়েছে বলেও জানান সরকারপ্রধান। তিনি বলেন, ‘নাগরিকরা দুর্বল থাকলে রাষ্ট্র কখনোই শক্তিশালী হতে পারে না। তাই ধীরে ধীরে দেশের মানুষকে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে শক্তিশালী করে তোলাই সরকারের লক্ষ্য।’ প্রধানমন্ত্রী আরো বলেন, ‘ধর্ম-বর্ণ নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার রাষ্ট্রীয় সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।তিনি বলেন, ‘অর্থনৈতিক সমৃদ্ধি মানুষের জীবনে স্বাচ্ছন্দ্য আনতে পারে। তবে ধৈর্য, সততা, কৃতজ্ঞতা, শ্রদ্ধা, সহনশীলতা, উদারতা ও দায়িত্ববোধের মতো মানবিক গুণাবলি ছাড়া একজন মানুষ পূর্ণতা পায় না। এসব মূল্যবোধ গড়ে তুলতে ধর্মীয়, সামাজিক ও নৈতিক শিক্ষার গুরুত্বও তুলে ধরেন প্রধানমন্ত্রী।’ তিনি মনে করেন, ভবিষ্যতে যারা দেশকে নেতৃত্ব দেবে তাদের মধ্যে এই মানবিক ও নৈতিক মূল্যবোধ জাগ্রত হওয়া অত্যন্ত প্রয়োজন।
ঈদুল ফিতর উপলক্ষে নাচোলে ভিজিএফের চাল বিতরণ শুরু

ঈদুল ফিতর উপলক্ষে নাচোলে ভিজিএফের চাল বিতরণ শুরু নাচোলে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ২০ হাজারের অধিক দুস্থ অসহায় অতিদরিদ্র্য পরিবারের মধ্যে সরকারের খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় ভিজিএফের ২০৫.৭৭ মে. টন চাল বিতরণ শুরু হয়েছে। এ কার্যক্রম বাস্তবায়ন করছে উপজেলার চারটি ইউনিয়ন পরিষদ ও নাচোল পৌরসভা। উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের অফিসার দুলাল হোসেন জানান, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মানবিক সহায়তার আওতার এ বছর ২০৫.৭৭ মে. টন চাল ২০ হাজার ৫৭৭টি পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। কার্যক্রমটি নাচোলে গত ১২ মার্চ থেকে শুরু হয়েছে। তিনি আরো জানান বিতরণ কার্যক্রমটির স্বচ্ছতার জন্য প্রতিটি ইউনিয়ন পরিষদ ও পৌরসভায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একজন করে ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে। তিনি জানান, এবছর কসবা ইউনিয়নে ৪,২৩৭ ফতেপুর ইউনিয়নে ৪,৬৩৮, নাচোল ইউনিয়নে ৪,২৭০ ও নেজামপর ইউনিয়নে ৪,৩৪৭টি এবং নাচোল পৌরসভায় ৩,০৮৫টি পরিবারের মধ্যে বিতরণের জন্য বরাদ্দ প্রদান করেছে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। তালিকা প্রস্তুতের বিষয়ে ৩ নং নাচোল ইউনিয়ন পরিদের চেয়ারম্যান সফিকুল ইসলাম জানান, উপকারভোগীদের জন্য বাছায় ও মাষ্টার রোল প্রস্তুত ও বিতরণ কাজটি খুবই জটিল। তবুও জনসাধারণের কল্যাণে জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছি। শুক্রবার সকাল ৯ টা থেকে নাচোল ইউনিয়ন পরিষদে ভিজিএফ এর চাল বিতরণকালে চেয়ারম্যান সফিকুল ইসলাম, সচিব কামরুজ্জামান, ইউপি সদস্য আতাউর রহমান, শাহজাহানসহ গ্রামপুলিশগণ উপস্থিত ছিলেন।
ঈদুল ফিতরে টানা ১০ দিন বন্ধ সোনামসজিদ স্থলবন্দর

ঈদুল ফিতরে টানা ১০ দিন বন্ধ সোনামসজিদ স্থলবন্দর পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের দ্বিতীয় বৃহত্তম শিবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি এবং সিএন্ডএফ বিষয়ক কার্যক্রম আগামী ১৮ মার্চ বুধবার হতে ২৭ মার্চ শুক্রবার পর্যন্ত টানা ১০ দিন বন্ধ থাকবে। আগামী ২৮ মার্চ শনিবার হতে বন্দরের আমদানি-রপ্তানি এবং সিএন্ডএফ বিষয়ক কার্যক্রম যথারীতি পূণরায় চালু হবে। ১০ দিনের এই বন্ধের মধ্যে শুক্রবার সাপ্তাহিক ছুটিসহ সকল সরকারি ছুটি অন্তর্ভূক্ত। এছাড়া এই বন্ধের মধ্যে ঈদের দিনসহ প্রতিদিনই পাসপোর্টধারী যাত্রীদের সোনামসজিদ ইমগ্রেশন দিয়ে ভারত গমানাগমন স্বাভাবিক থাকবে। সোনামসজিদ আমদানী ও রপ্তানীকারক গ্রুপের সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন ইতি স্বাক্ষরিত এক পত্রের বরাতে এ সব তথ্য নিশ্চিত করেছেন বন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন সভাপতি মোস্তাফিজুর রহমান ও বন্দর পরিচালনাকারী বেসরকারি অপারেটর প্রতিষ্ঠান পানামা-সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেড অপারেশন ম্যানেজার কামাল খান। সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন সভাপতি বলেন, সোনামসজিদ আমদানী ও রপ্তানীকারক গ্রুপ এবং সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের এক যৌথ সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে এবং বাংলাদেশ ও ভারতের সকল সরকারি বেসরকারি সংশ্লিস্টদের তা পত্র দিয়ে জানিয়ে দেয়া হয়েছে। তবে এই সময়ে সোনামসজিদ ইমিগ্রশন দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের দু’দেশে যাতায়ত অব্যহত থাকবে। পানামার আপারেশন ম্যানেজার বলেন, তবে ওই বন্ধের সময় বন্দরের কিছু আভ্যন্তরণীণ পণ্য লোড-আনলোড,পরিবহন সহ অনান্য কার্যক্রম সীমিত পরিসরে চালু থাকবে।
বিজিবির অভিযানে স্বর্ণের বারসহ ভারতগামী যুবক আটক

বিজিবির অভিযানে স্বর্ণের বারসহ ভারতগামী যুবক আটক শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে পাসপোর্টে ভারত যাবার সময় অবৈধভাবে পাচারকালে ২টি স্বর্ণের বারসহ এক বাংলাদেশীকে আটক করেছে বিজিবি। আটক যুবক ময়মনসিংহের গফরগাঁও উপজেলার জয়ধরখালি বড়বড়াই কাউরাইদ গ্রামের রফিকুল ইসলামের ছেলে সনি। অভিযানে সনির পায়ুপথে পাওয়া গেছে প্রায় ৫৪ লক্ষ টাকা মূল্যের ২৩১.৮১ গ্রাম খাঁটি স্বর্নের দুটি বার। বিজিবি জানায়, গতকাল বিকেলে আইসিপিতে কবর্তব্যরত বিজিবি সদস্যরা আর্চওয়ে মেটাল ডিকেটর দিয়ে নিয়মিত চেকিং কার্যক্রম পরিচালনাকালে সনির দেহের অভ্যন্তরে ধাতব বস্তু থাকার বিষয়টি ধরা পড়ে। এ সময় তাঁকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদকালে তিনি নিজের নিকট স্বর্ন থাকার বিষয়টি স্বীকার করেন। পরে তাঁকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে শিবগঞ্জ থানা পুলিশের উপস্থিতিতে এক্স-রে করানো হলে পায়ু পথে দুটি স্বর্ণের বার পাওয়া যায়। বিজিবি আরও জানায়, বার দুটি জেলার দুটি পৃথক জুয়েলারী সমিতিকে দিয়ে পরীক্ষা করিয়ে খাঁটি স্বর্ণের বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এ ঘটনায় গতকাল রাতেই শিবগঞ্জ থানায় মামলা করে আসামীকে পুলিশে হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে (১৩মার্চ) চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের(৫৯) বিজিবি অ্িযধনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া অভিযানটি নিশ্চিত করেন। তিনি বলেন,রাজস্ব ফাঁকি দিতে চোরাকারবারিরা অভিনব পন্থা ও অপকৌশল গ্রহণ করলেও বিজিবি তা নস্যাৎ করেছে। বিজিবি যে কোন চোরাচালান রোধে সর্বদা কাজ করে যাচ্ছে বলেও জানান অধিনায়ক কিবরিয়া।
সার্বক্ষণিক ইবাদত আল্লাহর জিকির

সার্বক্ষণিক ইবাদত আল্লাহর জিকির আজ (১৩ মার্চ ২০২৬) ২৩ রমজান দিবাগত রাতে ইশার পর ২৪তম দিনের তারাবিহ নামাজে আমাদের দেশের মসজিদগুলোতে কোরআনের ২৭ নং পারা তিলাওয়াত করা হবে। এ পারায় রয়েছে সুরা যারিয়াতের শেষার্ধ, সুরা তুর, সুরা কামার, সুরা রহমান, সুরা ওয়াকিয়া ও সুরা হাদিদ। পবিত্র কোরআনের এ অংশে আমাদের দৈনন্দিন জীবন সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ যে শিক্ষা ও দিক-নির্দেশনা রয়েছে: প্রবৃত্তি ও শয়তান যখন আমাদের গোনাহের প্ররোচনা দেয়, তখন আমাদের কর্তব্য শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য ছুটে গিয়ে আল্লাহ তাআলার শরণাপন্ন হওয়া। আল্লাহ তাআলার আশ্রয় গ্রহণ করা। তিনি আমাদের শয়তান ও প্রবৃত্তির অনিষ্ট থেকে বাঁচিয়ে রাখবেন। কোনো গুনাহ হয়ে গেলেও দ্রুত তওবা করা উচিত। আল্লাহ তাআলা বলেন, (হে নবী আপনি বলুন) তোমরা আল্লাহর দিকে ছুটে যাও। আমি তো তাঁর পক্ষ থেকে তোমাদের জন্য এক স্পষ্ট সতর্ককারী। (সুরা যারিয়াত: ৫০) তাসবিহ, আল্লাহ তাআলার প্রশংসা ও স্মরণ মুমিনের সার্বক্ষণিক ইবাদত। দিনের বিভিন্ন সময় ও অবস্থায় আল্লাহর প্রশংসাসহ তাসবিহ পাঠ করার নির্দেশ দিয়ে আল্লাহ তাআলা বলেন, তুমি তোমার রবের প্রশংসা, পবিত্রতা ও মহিমা ঘোষণা কর যখন তুমি শয্যা ত্যাগ কর এবং তাঁর পবিত্রতা ঘোষণা কর রাতে ও তারকার অস্ত গমনের পর। (সুরা তুর: ৪৮, ৪৯) ইসলামে সৎ ও সত্যবাদী ব্যবসায়ীর বিশেষ মর্যাদা আছে। যারা ইনসাফ, সততা ও সত্যবাদিতা বজায় রেখে ব্যবসা করে, মাপে কম দিয়ে বা অন্য কোনোভাবে প্রতারণার আশ্রয় নেয় না, ধোঁকা দেয় না, কাউকে ঠকায় না। বেচাকেনার ক্ষেত্রে মাপে কম দেওয়াসহ যে কোনো রকম প্রতারণা হারাম ও অত্যন্ত গর্হিত পাপ। বেচাকেনায় যথাযথভাবে ওজন করার নির্দেশ দিয়ে আল্লাহ তাআলা বলেন, তোমরা ন্যায়সঙ্গতভাবে ওজন প্রতিষ্ঠা কর এবং ওজনকৃত বস্তু কম দিও না। (সুরা রহমান: ৯) ইসলামে আল্লাহর সন্তুষ্টির জন্য সম্পদ ব্যয়, জাকাত ও নফল সদকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। জাকাত ফরজ ইবাদত, ইসলামের পাঁচ স্তম্ভের অন্যতম। এ ছাড়া বেশি বেশি নফল সদকা করাও আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য অর্জনের মাধ্যম। ইমানের পরে সম্পদ ব্যয় করার নির্দেশ দিয়ে আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি ইমান আন এবং আল্লাহ তোমাদেরকে যা কিছুর উত্তরাধিকারী করেছেন, তা থেকে ব্যয় কর। তোমাদের মধ্যে যারা ইমান আনে ও (আল্লাহর নির্দেশ অনুযায়ী) ব্যয় করে তাদের জন্য রয়েছে বিরাট প্রতিদান। (সুরা হাদিদ: ৭)