‘মিড ডে মিল’ পর্যায়ক্রমে সব স্কুলে চালু হবে: ববি হাজ্জাজ

‘মিড ডে মিল’ পর্যায়ক্রমে সব স্কুলে চালু হবে: ববি হাজ্জাজ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ধাপে ধাপে ‘মিড ডে মিল’ কর্মসূচি চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেছেন, প্রথমে উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে এ কর্মসূচি চালু করা হবে, এরপর পর্যায়ক্রমে দেশের সব স্কুলে তা বাস্তবায়ন করা হবে। সোমবার (১৬ মার্চ) রাজধানীর গুলশানে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত নির্বাচনী ইশতেহারের আলোকে শিক্ষা খাত বিষয়ক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, শিক্ষাব্যবস্থাকে একটি সমন্বিত বা সিঙ্গেল কারিকুলামের আওতায় আনার পরিকল্পনা করছে সরকার। বাংলা, ইংরেজি ও ইবতেদায়ীসহ বিভিন্ন মাধ্যমে পড়াশোনা করলেও ১২ বছর শেষে যেন শিক্ষার্থীরা সমান দক্ষতা অর্জন করতে পারে, সে লক্ষ্যেই কাজ চলছে। বাস্তবায়নের সময়সীমা সম্পর্কে তিনি আরও জানান, শিক্ষা কারিকুলামে সংস্কৃতি ও খেলাধুলাকে আরও গুরুত্ব দিয়ে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী জুন মাসের পর এ বিষয়ে কাজ শুরু হবে এবং দুই থেকে তিন বছরের মধ্যে তা বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। ববি হাজ্জাজ বলেন, ভাষাগত দক্ষতা, গণিতের দক্ষতা ও নৈতিক মূল্যবোধ গড়ে তোলার মাধ্যমে দক্ষ জনগোষ্ঠী তৈরি করতে সরকার গুরুত্ব দিচ্ছে। পাশাপাশি প্রতিটি শিক্ষার্থী ও শিক্ষকের হাতে প্রযুক্তি পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। কোচিং নির্ভর শিক্ষার প্রবণতা কমাতে সরকারের অবস্থানও তুলে ধরেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, স্কুলের বাইরে অতিরিক্ত অর্থ ব্যয় করে কোচিংনির্ভর পড়াশোনা সরকার নিরুৎসাহিত করতে চায়। আগামী তিন বছরের মধ্যে কোচিং সংস্কৃতি উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে আশা করা হচ্ছে। তিনি বলেন, সরকার জবাবদিহিমূলকভাবে কাজ করতে চায় এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের জন্য আগামী পাঁচ বছরের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। প্রাথমিক শিক্ষায় ৯৬ শতাংশ শিক্ষার্থী অংশগ্রহণ নিশ্চিত করাকে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
ঈদের ছুটিতেও খোলা থাকবে ব্যাংক সীমিত পরিসরে

ঈদের ছুটিতেও খোলা থাকবে ব্যাংক সীমিত পরিসরে আসন্ন ঈদুল ফিতরের ছুটির মধ্যেও দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখা এবং পোশাক শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের সুবিধার্থে সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (১৬ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) এ সংক্রান্ত একটি সার্কুলার দেশের সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠিয়েছে। নির্দেশনা অনুযায়ী, ঈদের দিন ছাড়া আগামী ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত সমুদ্র, স্থল ও বিমানবন্দর সংলগ্ন ব্যাংক শাখা, উপশাখা ও বুথগুলো প্রয়োজন অনুযায়ী খোলা থাকবে। এই বিশেষ ব্যবস্থা সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনের জন্যও প্রযোজ্য হবে। পোশাক শিল্প অধ্যুষিত এলাকাগুলোতে আর্থিক লেনদেনের সুবিধার্থে আগামী ১৮ ও ১৯ মার্চ বিশেষ ব্যবস্থায় ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই দুই দিন সাভার, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের শিল্পঘন এলাকার নির্ধারিত ব্যাংক শাখাগুলোতে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত দাপ্তরিক কার্যক্রম চলবে। তবে গ্রাহকদের সঙ্গে সরাসরি লেনদেন করা যাবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের জন্য বিরতি থাকবে। শিল্প এলাকায় বেতন ও বোনাস পরিশোধের চাপ সামলাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রিয়াঙ্কাকে পাশে নিয়ে অভিনেতার অস্কার মঞ্চে ফ্রি প্যালেস্টাইন স্লোগান

প্রিয়াঙ্কাকে পাশে নিয়ে অভিনেতার অস্কার মঞ্চে ফ্রি প্যালেস্টাইন স্লোগান বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক পুরস্কার একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) ৯৮তম আসরে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করেছেন স্প্যানিশ অভিনেতা হাভিয়ের বারদেম। তিনি মঞ্চে দাঁড়িয়েই স্লোগান দেন ফ্রি প্যালেস্টাইনের। যখন অভিনেতা মঞ্চে দাঁড়িয়ে স্লোগান দেন তখন তার পাশে উপস্থিত ছিলেন ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সেরা আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগের পুরস্কার প্রদানের জন্য মঞ্চে আসেন হাভিয়ের বারদেম ও প্রিয়াঙ্কা চোপড়া। এ সময় বারদেমের পোশাকে ‘যুদ্ধ নয়’ লেখা একটি পিন লাগানো ছিল। পুরস্কার ঘোষণার আগে তিনি বলেন, ‘সে নো টু ওয়ার এন্ড ফ্রি প্যালেস্টাইন’ অর্থাৎ যুদ্ধকে না বলুন এবং ফিলিস্তিনকে মুক্ত করুন। তার এই বক্তব্যের পর উপস্থিত আমন্ত্রিত অতিথিরা করতালি দিয়ে তাকে সমর্থন জানান। পরে তারা নরওয়ের চলচ্চিত্র ‘সেন্টিমেন্টাল ভ্যালু’-কে এই বিভাগের বিজয়ী হিসেবে ঘোষণা করেন। মঞ্চে ওঠার আগেও রেড কার্পেটে দাঁড়িয়ে যুদ্ধের বিরুদ্ধে নিজের অবস্থান পরিষ্কার করেন এই অভিনেতা। সেখানে প্যালেস্টাইনের সমর্থনে এবং যুদ্ধের বিরুদ্ধে বিশেষ প্যাচ লাগানো পোশাকে পোজ দেন তিনি। অনুষ্ঠানের সঞ্চালক কোনান ও’ব্রায়েন তার উদ্বোধনী বক্তব্যে বর্তমান বিশ্বের অস্থির পরিস্থিতির কথা উল্লেখ করেন। তিনি বলেন, সিনেমা শুধু বিনোদন নয়, এটি বিশ্বজুড়ে শৈল্পিক ঐক্য এবং আশাবাদের প্রতীক। এবারের আসরে ৩১টি দেশের চলচ্চিত্র প্রতিনিধিত্ব করেছে।
৯০ মিনিটে সৌদি আরবে ধেয়ে গেলো ৩৭টি ড্রোন

৯০ মিনিটে সৌদি আরবে ধেয়ে গেলো ৩৭টি ড্রোন সৌদি আরবের পূর্বাঞ্চলে দেড় ঘণ্টায় ৩৭টি ড্রোন ধেয়ে গেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে বলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে।সৌদি দাবি করেছে যে তারা এসব ড্রোন প্রতিহত ও ধ্বংস করেছে। তবে এসব ড্রোন ঠিক কোথা থেকে এসেছে- তা সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়নি। এর আগে সৌদি আরবে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলিরেজা এনায়েতি রয়টার্সকে বলেছিলেন, সম্প্রতি সৌদির তেল অবকাঠামোগুলোতে হামলার ঘটনায় তেহরান দায়ী নয়। তিনি দাবি করেছেন যে এসব হামলার জন্য ইরান দায়ী নয়। আর ইরান যদি এসব হামলা চালাত, তবে তা অবশ্যই ঘোষণা দিত। তার এই দাবির পরেই সর্বশেষ দেশটির পূর্বাঞ্চলে দেড় ঘণ্টায় ৩৭টি ড্রোন ধেয়ে গেলো। আরব আমিরাতে ইরানের ‘ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা’আরব আমিরাতে ইরানের ‘ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা’ ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা সোমবার (১৬ মার্চ) পর্যন্ত টানা ১৭ দিনে গড়ালো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইরান শর্তহীনভাবে আত্মসমর্পণ না করলে অভিযান অব্যাহত থাকবে। অন্যদিকে ইরান জানিয়েছে, তারা কোনোভাবেই আত্মসমর্পণ করবে না এবং এই যুদ্ধ বন্ধের অধিকার একমাত্র তাদের। ইরানে হামলা শুরুর পর থেকেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি, বিমানবন্দর ও বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে তেহরান হামলা চালিয়ে যাচ্ছে।
নাহিদ রানার যত্ন নিন- পাকিস্তান অধিনায়ক

নাহিদ রানার যত্ন নিন- পাকিস্তান অধিনায়ক পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে পাকিস্তানকে ১১ রানে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। গতকাল অনুষ্ঠিত ম্যাচটিতে বোলিংয়ে আগুন ঝরিয়েছেন তরুণ পেসার নাহিদ রানা। প্রথম ম্যাচে ক্যারিয়ার সেরা ৫ উইকেটের পর শেষ ওয়ানডেতে গুরুত্বপূর্ণ সময়ে তিনি নিয়েছেন ২ উইকেট। সব মিলিয়ে সিরিজে ৮ উইকেট নিয়ে যৌথভাবে প্লেয়ার অব দা সিরিজ পুরস্কারও জিতেছেন নাহিদ। আর তার কাছে ধরাশায়ী হয়ে পাকিস্তান দলের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি বললেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড যথাযথ যত্ন নিলে দলের মেইন ম্যাচ হয়ে উঠবেন নাহিদ। মিরপুরে সিরিজের প্রথম ম্যাচে একাই পাকিস্তানের ব্যাটিং গুঁড়িয়ে দিয়েছিলেন নাহিদ। আগুনঝরা ফাস্ট বোলিংয়ে সফরকারীদের প্রথম পাঁচ ব্যাটারকে একাই আউট করে তিনি গড়েছিলেন রেকর্ড। সব মিলিয়ে মাত্র ২৪ রানে ৫ উইকেট নিয়ে পেয়েছিলেন ম্যাচ সেরার পুরস্কার। পরের দুই ম্যাচেও বোলিংয়ের ধার ধরে রেখে বাংলাদেশকে ২-১ ব্যবধানে সিরিজ জিতিয়েছেন ২৩ বছর বয়সী পেসার। তার দুর্দান্ত বোলিংয়ে মুগ্ধ হয়েছেন পাকিস্তান অধিনায়ক ও বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা পেসার আফ্রিদি। সিরিজের শেষ ম্যাচের পর টি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে অভিজ্ঞ বাঁহাতি পেসার তাই নাহিদের যত্ন নেওয়ার পরামর্শই দিলেন। “বাংলাদেশ ক্রিকেটের জন্য নাহিদ অনেক সম্ভাবনাময় প্রতিভা। বাংলাদেশের উচিত তার যত্ন নেওয়া। প্রতিটি ম্যাচে তাকে ব্যবহার না করে, শুধু গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে খেলানো উচিত। তাহলে সে দলের জন্য মেইন ম্যান হতে পারবে।” সদ্য সমাপ্ত এই সিরিজের উইকেট পাকিস্তানের জন্য ছিল একরকম সারপ্রাইজের মতো। কারণ গত বছরের অক্টোবরে মিরপুরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পুরোপুরি স্পিনিং উইকেট বানিয়ে খেলেছিলেন বাংলাদেশ। সেখান থেকে পুরোপুরি বদলে ফেলে পাকিস্তানের বিপক্ষে সবুজ ঘাসের উইকেটে খেলেছেন মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাসরা। যেখানে ব্যাটার-বোলারের জন্য ছিল প্রায় সমান-সমান সুবিধা। যা কিছুটা অবাক করেছে আফ্রিদিকেও। “তারা এখানে যে সবশেষ সিরিজটি খেলেছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, পুরো ৫০ ওভার স্পিনার দিয়ে করিয়েছিল। আর এখন ছিল সবুজ উইকেট। তবে হ্যাঁ ব্যাটিংয়ের জন্য খুব ভালো ছিল উইকেট। সব মিলিয়ে উপভোগ্য ছিল।”
র্যাবের নতুন মহাপরিচালক আহসান হাবীব পলাশ

র্যাবের নতুন মহাপরিচালক আহসান হাবীব পলাশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম রেঞ্জের উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) আহসান হাবীব পলাশ। সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। মো. আহসান হাবীব পলাশ র্যাবের প্রধান হিসেবে এ কে এম শহিদুর রহমানের স্থলাভিষিক্ত হলেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
যুক্তরাষ্ট্রের শাসনব্যবস্থাকে প্রশ্ন করা সেই সিনেমার অস্কার জয়

যুক্তরাষ্ট্রের শাসনব্যবস্থাকে প্রশ্ন করা সেই সিনেমার অস্কার জয় যুক্তরাষ্ট্রের রাজনীতি, সমাজ আর ক্ষমতার কাঠামোকে প্রশ্নের মুখে ফেলা এক সিনেমা এবার অস্কারের মঞ্চে সেরা ছবির পুরস্কার জিতেছে। লিওনার্দো ডিক্যাপ্রিও অভিনীত ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার ছবিটি মুক্তির পর থেকেই আলোচনায় ছিল। এবার সেই আলোচনাই পৌঁছে গেল অস্কারের শীর্ষ সম্মানে। ১৯৯০ সালে প্রকাশিত টমাস পিনচনের উপন্যাস ভাইনল্যান্ড থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমাটি নির্মাণ করেছেন পল টমাস অ্যান্ডারসন। সমসাময়িক যুক্তরাষ্ট্রের নানা বাস্তবতার সঙ্গে গল্পের মিল পাওয়া যায়। বিপ্লব, অভিবাসন, দুর্নীতি, সংঘর্ষ, শ্বেতাঙ্গ আধিপত্যের মতো বিষয় উঠে এসেছে সিনেমাটিতে। এসব উপাদানের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের শাসনব্যবস্থাকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে চলচ্চিত্রটি। তবে বিষয়টি গুরুগম্ভীর হলেও সিনেমাটি নির্মাণ করা হয়েছে বিনোদনের আবহে। গত বছর মুক্তির পর থেকেই ব্যাপক আলোচনা তৈরি করে লিওনার্দো ডিক্যাপ্রিও অভিনীত এই সিনেমা। এবার অস্কারে সেরা ছবির পুরস্কার জিতেছে ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার। এই সিনেমার জন্য সেরা নির্মাতার পুরস্কারও পেয়েছেন পল টমাস অ্যান্ডারসন। সব মিলিয়ে এবারের অস্কারে সর্বোচ্চ ছয়টি পুরস্কার জিতেছে সিনেমাটি। সেরা নির্মাতার পুরস্কার জিতে তিনি বলেন, এই স্বীকৃতির জন্য তাকে কঠোর পরিশ্রম করতে হয়েছে এবং তিনি সবাইকে ধন্যবাদ জানান। অন্যদিকে অনুমিতভাবেই সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন জেসি বাকলি। ক্লোয়ি ঝাও পরিচালিত হ্যামনেট সিনেমায় অভিনয়ের জন্য এই পুরস্কার পান আইরিশ এই তারকা। গোল্ডেন গ্লোব, ক্রিটিকস চয়েজ, বাফটা, অ্যাক্টর অ্যাওয়ার্ডস জয়ের পর অস্কারও জিতলেন তিনি। অস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কার জেতা প্রথম আইরিশ অভিনেত্রীও হলেন জেসি বাকলি। পুরস্কার গ্রহণের সময় অশ্রুসজল চোখে নির্মাতা ক্লোয়ি ঝাওয়ের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। সেরা অভিনেতার পুরস্কারে ছিল বড় চমক। টিমোথি শ্যালামে বা লিওনার্দো ডিক্যাপ্রিও নয়, পুরস্কার জিতেছেন মাইকেল বি জর্ডান। রায়ান কুগলারের হরর সিনেমা সিনার্স এ দ্বৈত চরিত্রে অভিনয়ের জন্য এই স্বীকৃতি পেয়েছেন তিনি। পুরস্কার গ্রহণের সময় আগের প্রজন্মের কৃষ্ণাঙ্গ অভিনেতাদের প্রতি কৃতজ্ঞতা জানান মাইকেল বি জর্ডান। তিনি বলেন, তারা আগে পথ তৈরি করেছিলেন বলেই আজ তিনি এখানে পৌঁছাতে পেরেছেন। এদিকে সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র হয়েছে নরওয়ের সিনেমা সেন্টিমেন্টাল ভ্যালু। গত বছর কান উৎসবে প্রিমিয়ারের পর থেকেই সমালোচকদের প্রশংসা পেয়েছিল সিনেমাটি। পার্শ্বচরিত্রে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন অ্যামি মুলিগান। হরর সিনেমা ওয়েপনস এর জন্য এই পুরস্কার জেতেন তিনি। পার্শ্বচরিত্রে সেরা অভিনেতা হয়েছেন শন পেন। এটি তার তৃতীয় অস্কার। তবে পুরস্কার নিতে মঞ্চে উপস্থিত ছিলেন না তিনি। এ ছাড়া নেটফ্লিক্সের মিউজিক্যাল সিনেমা কে পপ ডেমন হান্টার্স সেরা অ্যানিমেশন ছবির পুরস্কার পেয়েছে। সিনেমাটির গান গোল্ডেন জিতেছে সেরা গানের পুরস্কার। বরাবরের মতো এবারও অস্কারের মঞ্চে রাজনীতির ছোঁয়া ছিল। সেরা আন্তর্জাতিক চলচ্চিত্রের পুরস্কার ঘোষণা করতে গিয়ে স্প্যানিশ অভিনেতা হাভিয়ের বারদেম যুদ্ধবিরোধী বক্তব্য দেন।
গান নিয়ে বিতর্ক: গায়ক বাদশাকে হত্যার হুমকি

গান নিয়ে বিতর্ক: গায়ক বাদশাকে হত্যার হুমকি ভারতের জনপ্রিয় র্যাপার ও প্লেব্যাক গায়ক বাদশা-কে হত্যার হুমকি দিয়েছে কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাং। তার গাওয়া ‘টটেরি’ গান নিয়ে নারী ও অপ্রাপ্তবয়স্কদের ওপর আপত্তিকর কথার অভিযোগ উঠায় এই হুমকি দিয়েছে। খবর জানিয়েছে এনডিটিভি। লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্যরা ফেসবুকে পোস্ট দিয়ে বাদশাকে সরাসরি হত্যার হুমকি দিয়েছে। ওই বার্তায় লেখা হয়, “গায়ক বাদশা, আপনি হরিয়ানার সংস্কৃতিকে নষ্ট করার চেষ্টা করছেন। ২০২৪ সালে আপনার ক্লাবে আমরা ট্রেইলার দেখিয়েছিলাম; পরেরবার সরাসরি আপনার কপালে গুলি করব।” ২০২৪ সালে চন্ডীগড়-এ বাদশার মালিকানাধীন সেভিল বার অ্যান্ড লাউঞ্জ-এর বাইরে বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে সেই ঘটনার দায় স্বীকার করে কানাডাভিত্তিক সন্ত্রাসী গ্রুপ গোল্ডি ব্রার, যাকে লরেন্স বিষ্ণোইয়ের সহযোগী হিসেবে পরিচিত। হরিয়ানভি ভাষার ‘টটেরি’ গানটি সম্প্রতি বাদশার ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে এবং প্রকাশের সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়। তবে গানটির কথা ও ভিডিও নিয়ে সমালোচনা ও বিতর্ক শুরু হয়। অভিযোগ ওঠে, এতে নারী ও অপ্রাপ্তবয়স্কদের নিয়ে আপত্তিকর বিষয়বস্তু রয়েছে। এ ঘটনায় পাঁচকুলা-র এক বাসিন্দার অভিযোগের ভিত্তিতে বাদশার বিরুদ্ধে মামলা করা হয়েছে। গত সপ্তাহে বিতর্কের মুখে ক্ষমা চেয়ে বাদশা বলেন, “আমার নতুন গান প্রকাশের পর দেখি, গানটির কথা ও ভিডিও অনেক মানুষকে, বিশেষ করে হরিয়ানার মানুষকে কষ্ট দিয়েছে। আমি নিজেও হরিয়ানার মানুষ। কখনোই হরিয়ানার নারী বা শিশুদের অপমান করার উদ্দেশ্য ছিল না।” তিনি আরও বলেন, “আমি হিপ-হপ ঘরানার শিল্পী। অনেক সময় প্রতিযোগিতার কারণে কিছু কথা গানে যোগ করতে হয়; এটি কখনোই কোনো নারী বা শিশুদের উদ্দেশ্যে ছিল না। আমি সবসময় হরিয়ানার সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা করেছি। তারপরও যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, তবে আমি আন্তরিকভাবে ক্ষমা চাই। হরিয়ানার সন্তান হিসেবে আমাকে ক্ষমা করে দেবেন।”
হরমুজ প্রণালির কাছে আটকা শত শত জাহাজ, তেলের বাজারে অস্থিরতা

হরমুজ প্রণালির কাছে আটকা শত শত জাহাজ, তেলের বাজারে অস্থিরতা আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির কারণে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি-র কাছে বর্তমানে প্রায় এক হাজার জাহাজ পারাপারের অপেক্ষায় রয়েছে। এর মধ্যে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে ব্যবহৃত প্রায় ২০০টি তেলের ট্যাঙ্কারও রয়েছে। রোববার (১৫ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা-র ওই অঞ্চলের সংবাদদাতা ইনাজমাম রশিদ এক প্রতিবেদনে এ তথ্য জানান। প্রতিবেদনে বলা হয়, ইরান-এর সামরিক বাহিনী এই অত্যন্ত কৌশলগত জলপথের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখায় বৈশ্বিক তেলের বাজারে এর প্রভাব পড়েছে। ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বাড়ছে এবং জ্বালানি ব্যয়ও বৃদ্ধি পাচ্ছে। জাহাজগুলো যখন প্রণালিটি দিয়ে পার হওয়ার চেষ্টা করছে বা প্রবেশপথের কাছাকাছি আসছে, তখন কয়েকটি হামলার ঘটনাও ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। সংবাদদাতা জানান, কয়েক দিন আগে দূরে একটি জাহাজকে কয়েক ঘণ্টা ধরে আগুনে জ্বলতে দেখা গেছে। সেটি ইরানি বাহিনীর হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল কি না তা নিশ্চিত হওয়া যায়নি, তবে সাম্প্রতিক পরিস্থিতির কারণে সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এর আগে ইরান ঘোষণা দেয়, তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-সংশ্লিষ্ট জাহাজগুলোকে এই পথ দিয়ে যেতে দেবে না। যদিও বাস্তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কহীন কিছু জাহাজও হামলার শিকার হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে আরও জানানো হয়, সম্প্রতি থাইল্যান্ড-এর পতাকাবাহী একটি জাহাজ হরমুজ প্রণালি পার হওয়ার সময় সেটিকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এতে জাহাজটি ক্ষতিগ্রস্ত হলে ওমান-এর নৌবাহিনী প্রায় ২০ জন ক্রু সদস্যকে উদ্ধার করে। তবে এখনও প্রায় তিনজন ক্রু সদস্য সমুদ্রে নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগামী পহেলা বৈশাখ সারা দেশে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার কৃষক কার্ডবিষয়ক এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সকালে সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে কৃষক কার্ড সংক্রান্ত একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পহেলা বৈশাখে আনুষ্ঠানিকভাবে কৃষক কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধনের সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে কৃষিমন্ত্রী আমিন উর রশিদ, প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, স্থানীয় সরকার, সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সারা দেশের কৃষকদের সহায়তা ও কৃষিখাতে সরকারি সুবিধা সহজে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কৃষক কার্ড চালুর প্রতিশ্রুতি ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র নির্বাচনী ইশতেহারে। এই কর্মসূচির মাধ্যমে কৃষকদের বিভিন্ন ভর্তুকি ও সরকারি সহায়তা সরাসরি পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।