জেফারের সঙ্গে বিয়ের ছবি প্রকাশ করে যা বললেন রাফসান
জেফারের সঙ্গে বিয়ের ছবি প্রকাশ করে যা বললেন রাফসান জনপ্রিয় উপস্থাপক রাফসান সাবাব আজ (১৪ জানুয়ারি) গায়িকা ও অভিনেত্রী জেফার রহমানকে বিয়ে করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বিবাহের ছবি এবং স্ট্যাটাস শেয়ার করে আনন্দের সংবাদ জানিয়েছেন। দীর্ঘদিন ধরেই তাদের সম্পর্ক নিয়ে নানা জল্পনা থাকলেও আজ তা আনন্দঘন অবস্থায় পরিণত হলো। রাফসান বিয়ের ছবি প্রকাশ করেছেন তার ফেসবুকে। সেখানে তিনি লিখেছেন, ‘আমাদের যাত্রা শুরু করতে চলেছি, আমাদের বন্ধু, পরিবার ও প্রিয়জনদের ভালোবাসায় ঘেরা। আজ আমরা আমাদের জীবন একত্রিত করছি এবং একসাথে একটি সুন্দর অধ্যায়ে প্রবেশ করছি। এই স্ট্যাটাসে তিনি নতুন জীবনের সূচনায় পরিবার, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় তারা কতোটা আবদ্ধ সেই বার্তা দিয়েছেন। স্ট্যাটাসে দুই শিল্পীর জন্য শুভেচ্ছার বন্যা বইয়ে দিয়েছেন তাদের কাছের মানুষেরা। আজ সকালেই জেফার ও রাফসানের গায়ে হলুদ অনুষ্ঠানের আয়োজন ছিলো। সন্ধ্যায় আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন তারা। বিয়েটি ছিল আদরে ভরা এবং খুব ব্যক্তিগত পরিবেশে, যেখানে শুধুমাত্র পরিবারের সদস্য ও তাদের নিকটজনরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। দীর্ঘ দিন ধরেই শোবিজ অঙ্গনে জেফার ও রাফসানের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ছিল। কেউ বলতেন তারা শুধু বন্ধু, আবার অনেকে যৌথভাবে বিভিন্ন অনুষ্ঠানে বা বিদেশ ভ্রমণে তাদের ঘনিষ্ঠ দৃশ্য দেখে বিভিন্ন মতামত তোলে। তবে আজ এই গুঞ্জনগুলো বন্ধন পেয়ে সত্যি বন্ধনে পরিণত হলো। ’
৮ দিন ধরে কথা বলতে পারছেন না শবনম ফারিয়া, কী হয়েছে অভিনেত্রীর?
৮ দিন ধরে কথা বলতে পারছেন না শবনম ফারিয়া, কী হয়েছে অভিনেত্রীর? জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া গুরুতর অসুস্থ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক পোস্টে ফারিয়া নিজেই তার অসুস্থতার কথা জানিয়েছেন। জানা গেছে, গত এক সপ্তাহ ধরে গলার তীব্র সংক্রমণ ও টনসিলের প্রদাহে ভুগছেন তিনি। তিনি লেখেন, ‘আমি গলায় গুরুতর সংক্রমণ ও টনসিলের প্রদাহে ভুগছি। ৮ দিন ধরে আমার কণ্ঠস্বর বন্ধ হয়ে আছে।’ অসুস্থতা নিয়ে তিনি বলেন, ‘৫ তারিখে কথা বলার শক্তি হারিয়ে ফেলেছিলাম এবং নিজেকে কথা বলার জন্য জোর করার ফলে অবস্থা আরও খারাপ হয়েছে। দুঃখের বিষয়, আমাকে কয়েকটি নির্ধারিত কাজ ও শুটিং বাতিল করতে হয়েছে।’ বর্তমানে কোনো ফোনকলও রিসিভ করতে পারছেন না বলে জানান ফারিয়া। তিনি বলেন, ‘আমার অনেক কল আসছে। কিন্তু ধরতে পারছি না। খুব জরুরি হলে দয়া করে টেক্সট করুন।’
চ্যাম্পিয়ন্স লিগ জিতে সাড়ে ২০ হাজার কোটি টাকা পেলো পিএসজি

চ্যাম্পিয়ন্স লিগ জিতে সাড়ে ২০ হাজার কোটি টাকা পেলো পিএসজি ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গত মৌসুমে সর্বোচ্চ পুরস্কার অর্থ পেয়েছে ফ্রান্সের ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। চ্যাম্পিয়ন হিসেবে তারা আয় করেছে ১৪৪.৪ মিলিয়ন ইউরো (প্রায় ১৬৮ মিলিয়ন ডলার)। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় প্রায় ২০ হাজার ৬৪৯ কোটি টাকা। নতুন ও সম্প্রসারিত ফরম্যাটে ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর মধ্যে অতিরিক্ত ৪০০ মিলিয়ন ইউরো বিতরণ করেছে উয়েফা। মঙ্গলবার প্রকাশিত উয়েফার ২০২৪-২৫ মৌসুমের আর্থিক প্রতিবেদনে এসব তথ্য নিশ্চিত করা হয়। আগামী মাসে ব্রাসেলসে অনুষ্ঠিত হতে যাওয়া উয়েফার বার্ষিক কংগ্রেসের আগেই এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। রানার্সআপ ইন্টার মিলান পুরস্কার অর্থের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। তারা পেয়েছে ১৩৬.৬ মিলিয়ন ইউরো (প্রায় ১৯ হাজার ৫৩৮ কোটি টাকা)। নতুন ফরম্যাটে ৩৬টি দল অংশ নেয়, যেখানে প্রতিটি দল লিগ পর্বে আটটি করে ম্যাচ খেলে। মোট ২.৪৭ বিলিয়ন ইউরো পুরস্কার অর্থ এই দলগুলোর মধ্যে ভাগ করে দেওয়া হয়। এবার সাতটি ক্লাব অন্তত ১০০ মিলিয়ন ইউরো করে আয় করেছে, যেখানে আগের মৌসুমে (৩২ দল ও গ্রুপ পর্বের ফরম্যাটে) এই সংখ্যা ছিল পাঁচটি। তখন মোট পুরস্কার তহবিল ছিল ২.০৮ বিলিয়ন ইউরো। কোয়ার্টার ফাইনালে ওঠা দলগুলোর মধ্যে অ্যাস্টন ভিলা একমাত্র ক্লাব যারা ১০০ মিলিয়ন ইউরোর কম পেয়েছে। তাদের প্রাপ্তি ছিল ৮৩.৭ মিলিয়ন ইউরো। দীর্ঘ ৪১ বছর পর ইউরোপিয়ান প্রতিযোগিতায় ফেরা এবং তুলনামূলক কম উয়েফা র্যাঙ্কিং এর অন্যতম কারণ বলে উল্লেখ করা হয়েছে। রিয়াল মাদ্রিদ কোয়ার্টার ফাইনালে আর্সেনালের কাছে হেরে যাওয়ায় চ্যাম্পিয়ন্স লিগ থেকে পেয়েছে ১০২ মিলিয়ন ইউরোরও কম, যা ২০২৪ সালে শিরোপা জয়ের সময়ের তুলনায় প্রায় ৩৭ মিলিয়ন ইউরো কম। তবে উয়েফা সুপার কাপ জিতে তারা অতিরিক্ত ৫ মিলিয়ন ইউরো আয় করে। সেই ম্যাচে পরাজিত আতালান্তা পেয়েছে ৪ মিলিয়ন ইউরো। ইন্টার মিলান চ্যাম্পিয়ন্স লিগ থেকে যে পরিমাণ অর্থ পেয়েছে, তা প্রতিযোগিতায় অংশ নেওয়া অন্য চারটি ইতালিয়ান ক্লাবের প্রত্যেকটির আয়ের অন্তত দ্বিগুণ। ইংল্যান্ডের চারটি ক্লাবের মধ্যে সর্বনিম্ন আয় করেছে ম্যানচেস্টার সিটি। ২০২২-২৩ সালের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দলটি ফেব্রুয়ারিতে নকআউট প্লে-অফে রিয়াল মাদ্রিদের কাছে হেরে বিদায় নেওয়ার পর পেয়েছে ৭৬ মিলিয়ন ইউরো। সবচেয়ে কম অর্থ পেয়েছে স্লোভাকিয়ার চ্যাম্পিয়ন স্লোভান ব্রাতিস্লাভা। তারা আটটি লিগ ম্যাচের সবগুলোতেই হেরে ২২ মিলিয়ন ইউরোরও কম আয় করেছে। চ্যাম্পিয়ন্স লিগ ও দ্বিতীয় স্তরের ইউরোপা লিগের আর্থিক ব্যবধানও স্পষ্ট হয়েছে। ইউরোপা লিগের চ্যাম্পিয়ন টটেনহ্যাম পেয়েছে মাত্র ৪১ মিলিয়ন ইউরো। রানার্সআপ ম্যানচেস্টার ইউনাইটেড পেয়েছে ৩৬ মিলিয়ন ইউরো, তবে চলতি মৌসুমে কোনো ইউরোপিয়ান প্রতিযোগিতায় যোগ্যতা অর্জন না করায় তারা এবার উয়েফা থেকে কোনো অর্থই পাবে না। তৃতীয় স্তরের কনফারেন্স লিগ জিতে চেলসি পেয়েছে ২১.৮ মিলিয়ন ইউরো। বর্তমানে তারা আবার চ্যাম্পিয়ন্স লিগে ফিরেছে।
সংসদ ভোট: প্রিসাইডিং অফিসারদের প্রশিক্ষণ শুরু ২২ জানুয়ারি

সংসদ ভোট: প্রিসাইডিং অফিসারদের প্রশিক্ষণ শুরু ২২ জানুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ২২ জানুয়ারি থেকে প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং অফিসারদের প্রশিক্ষণ দেবে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (১৪ জানুয়ারি) নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান এ তথ্য জানান। তিনি বলেন, আগামী ২২ জানুয়ারি থেকে প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং অফিসারদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু করা হবে, যা চলবে আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। এ প্রশিক্ষণ কার্যক্রমে ৮ লাখের বেশি কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হবে। তফসিল অনুযায়ী, বর্তমানে চলছে প্রার্থিতা চূড়ান্ত করার কাজ। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আর ভোট গ্রহণ করা হবে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
মোদি পরিবারের বউ হচ্ছেন শ্রদ্ধা!

মোদি পরিবারের বউ হচ্ছেন শ্রদ্ধা! কয়েকদিন আগেই বিয়ের গুঞ্জন উসকে দিয়েছিলেন বলিউডের অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। কোনওরকম রাখঢাক না করেই ভক্তদের প্রশ্নে একবাক্যে জানিয়েছিলেন, ‘আমি বিয়ে করছি…’। এবার কানাঘুষা, ২০২৬ সালেই নাকি বিয়ে করতে চলেছেন নায়িকা। তবে কার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসছেন শ্রদ্ধা? অভিনেত্রী যে বছরখানেক ধরে রাহুল মোদির সঙ্গে সম্পর্কে রয়েছেন, সেখবর বলিউডে নতুন নয়! বহুবার একসঙ্গে তাদের কফিশপ, রেস্তরাঁ থেকে প্রিমিয়ার, বলিউডের হাইপ্রোফাইল পার্টিতে একসঙ্গে দেখা গেছে। সেসব ছবি নিয়ে কম চর্চা হয়নি সিনেদুনিয়ায়। শ্রদ্ধার প্রেমিক হিসেবে রাহুলকে দেখে যদিও অনেকেরই বিস্ময় হয়েছিল! তবে এক্ষেত্রে উল্লেখ্য, বলিউডে কাজের সংখ্যা কিন্তু নেহাত কম নয় নায়িকার প্রেমিকের। সহকারী পরিচালক হওয়ার পাশাপাশি গল্পকার হিসেবেও হিন্দি সিনেমা দুনিয়ায় নামডাক রয়েছে রাহুল মোদির। ‘প্যায়ার কা পঞ্চনামা ২’ থেকে ‘সোনু কে টিটু…’র মতো একাধিক সিনেমায় কাজ করেছেন। এবার খবর, দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে রাজস্থানে রাজকীয়ভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন শ্রদ্ধা কাপুর। যদিও আনুষ্ঠানিকভাবে নিজেদের বিয়ের খবর ঘোষণা করেনি তারকাজুটি। তবে শোনা যাচ্ছে, চলতি বছরেই উদয়পুরে রাহুল মোদির সঙ্গে শ্রদ্ধার চারহাত এক হতে চলেছে। ‘টেলিক্রিয়েটস’ নামে এক ইনস্টা অ্যাকাউন্টে দাবি করা হয়েছে, উদয়পুরের কোনও হেরিটেজ প্রাসাদে বসবে বিয়ের তাদের আসর। আদ্যোপান্ত ট্র্যাডিশনাল ধাঁচেই হবে বিয়ের অনুষ্ঠান। তবে সবটাই আপাতত কানাঘুষা। এই গুঞ্জন আদৌ সত্যি হবে কিনা? তা জানতে আরও অপেক্ষা করতে হবে শ্রদ্ধার ভক্তদের।
পঞ্চম দিনের শুনানি নিচ্ছে ইসি

পঞ্চম দিনের শুনানি নিচ্ছে ইসি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা বাতিল ও ফিরিয়ে দিতে পঞ্চম দিনের শুনানি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (১৪ জানুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটরিয়ামে বিকেল পাঁচটা পর্যন্ত শুনানি চলবে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে শুনানিতে অন্য নির্বাচন কমিশনারও আছেন। গত চারদিনে আপিলে ২০৩ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন৷ আবার একজনের প্রার্থিতা বাতিল হয়েছে। ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে শুনানি। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আগমনী ভিসা ফি মওকুফ হবে

নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আগমনী ভিসা ফি মওকুফ হবে নির্বাচন কমিশনের (ইসি) সুপারিশের ভিত্তিতে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেখতে চাওয়া বিদেশি পর্যবেক্ষকদের আগমনী ভিসা ফি মওকুফ করা যাবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বর্হিগমন-৫ শাখার উপ-সচিব মো. শফিকুল ইসলামের স্বাক্ষরে জারি করা এক অফিস আদেশ থেকে বিষয়টি জানা গেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে বিদেশি নাগরিকদের আগমনী ভিসাসহ (Visa on Arrival)- অন্যান্য ভিসা প্রদান সংক্রান্ত শিরোনামে ওই আদেশে আটটি সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এগুলো হলো: ক) বিদ্যমান ভিসা নীতিমালা ২০০৬ ও পরবর্তীতে জারীকৃত অন্যান্য প্রজ্ঞাপনের শর্তাবলী যথাযথভাবে অনুসরণ ও প্রযোজ্য ডকুমেন্টস যাচাইপূর্বক বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশন/দূতাবাস হতে সুনির্দিষ্ট ভিসা প্রদান করবে। খ) ১৫ সেপ্টেম্বর ২০১৬ তারিখে জারীকৃত পরিপত্রের শর্তাবলী যথাযথভাবে অনুসরণপূর্বক বিনা ভিসায় আগতদের আগমনী ভিসা (Visa on Arrival) প্রদান করবে। গ) আগমনী ভিসা (Visa on Arrival) প্রদানের ক্ষেত্রে আগমনের উদ্দেশ্য, স্পন্সরকারী প্রতিষ্ঠান/ব্যক্তি, হোটেল/আবাসস্থল, ফিরতি টিকেট ইত্যাদির প্রয়োজনীয় কাগজপত্র পুঙ্খানুপুঙ্খভাবে বিবেচনা করে সম্পূর্ণ সন্তুষ্ট হতে হবে। এক্ষেত্রে কোনো অনিয়ম বা ব্যত্যয় বা সন্দেহের ক্ষেত্রে ভিসা দেওয়া যাবে না। ঘ) বিদেশি সামরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের বাংলাদেশে আগমনের ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্বানুমতি গ্রহণ করতে হবে। ঙ) নির্বাচন কমিশন, পররাষ্ট্র মন্ত্রণালয়/প্রযোজ্য ক্ষেত্রে তথ্য মন্ত্রণালয়ের সুপারিশ অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ পর্যবেক্ষণের জন্য আগত বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের নির্বাচন কমিশন কর্তৃক নির্ধারিত নির্বাচনকালীন সময়ের জন্য ‘নির্বাচন পর্যবেক্ষণ’ সম্বলিত সিলসহ আগমনী ভিসা প্রদান করবে। চ) নির্বাচন কমিশন এর সুপারিশের ভিত্তিতে নির্বাচন পর্যবেক্ষকদের ভিসা ফি মওকুফপূর্বক আগমনী ভিসা প্রদান করা যাবে। ছ) বাংলাদেশের আন্তর্জাতিক বিমান বন্দরসহ স্থল ও নৌ-বন্দরে বিদেশি নাগরিকদের ভিসা প্রদান, আগমন, প্রস্থানের সময় নিয়োজিত স্পেশাল ব্রাঞ্চ, গোয়েন্দা সংস্থা ও আইন-শৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয় জোরদার করবে। জ) বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস/মিশন, বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর, স্পেশাল ব্রাঞ্চ এবং বাংলাদেশের আন্তর্জাতিক বিমান বন্দরসহ স্থল ও নৌ-বন্দরে বিদেশি নাগরিকদের ভিসা প্রদান ও আগমন-প্রস্থানের বিস্তারিত তথ্যাদি প্রতিদিন নিয়মিতভাবে এক্সেল ফরমেটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিবের (বহিরাগমন অনুবিভাগ) প্রদত্ত ইমেইল [email protected] প্রেরণ করবে। অফিস আদেশের অনুলিপি মন্ত্রপরিষদ সচিবসহ সংশ্লিষ্ট সকলকে বোঝানো হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন বিদেশি পর্যবেক্ষকদের কাছে ১৭ জানুয়ারির মধ্যে আবেদন আহ্বান করেছে। এছাড়া ২৬ দেশ ও সংস্থাকে আমন্ত্রণ জানানো হয়েছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিত্যক্ত কয়েকটি বিমানঘাঁটি চালু করছে ভারত

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিত্যক্ত কয়েকটি বিমানঘাঁটি চালু করছে ভারত ভারতের পশ্চিমবঙ্গ ও উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন পরিত্যক্ত বিমানঘাঁটির একটি নেটওয়ার্ক পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিচ্ছে ভারত। মূলত নিরাপত্তা ও কৌশলগত বাস্তবতার প্রেক্ষাপটে এই উদ্যোগ নিয়েছে নয়াদিল্লি। দেশটির সরকারি সূত্র টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছে, এই উদ্যোগের লক্ষ্য আঞ্চলিক যোগাযোগ জোরদার করা এবং এমন এক সময়ে বাংলাদেশের সঙ্গে সীমান্তবর্তী রাজ্যগুলোতে কার্যকর প্রস্তুতি নিশ্চিত করা, যখন দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে নাজুক অবস্থায় রয়েছে। চিকেন নেকের কাছে অবস্থিত রংপুরের লালমনিরহাট বিমানঘাঁটি পুনর্গঠনের উদ্যোগ ঘিরেই এই সিদ্ধান্ত এসেছে। ‘চিকেনস নেক’ ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে। ইতোমধ্যে ভারত এই অঞ্চলে তাদের সামরিক উপস্থিতি বাড়িয়েছে। পশ্চিমবঙ্গের চোপড়া, বিহারের কিশানগঞ্জ এবং আসামের ধুবরি জেলায় লাচিত বরফুকান এলাকায় নতুন সেনা ঘাঁটি স্থাপন করা হয়েছে। যেসব বিমানঘাঁটি সংস্কারের জন্য চিহ্নিত করা হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে জলপাইগুড়ির আম্বারি ও পাঙ্গা, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট, মালদহের ঝালঝালিয়া এবং আসামের ধুবরি। পশ্চিমবঙ্গের কোচবিহার এবং আসামের কোকরাঝাড় জেলার রুপসি বিমানঘাঁটি ইতোমধ্যে চালু রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উত্তর-পূর্বাঞ্চল জাপানি বাহিনীর বিরুদ্ধে বার্মা (বর্তমান মিয়ানমার) অঞ্চলে মিত্রবাহিনীর অভিযানের জন্য একটি গুরুত্বপূর্ণ রসদঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়েছিল। ত্রিপুরা, আসাম ও বাংলায় বহু বিমানঘাঁটি ছিল, যেগুলো বার্মা অভিযান, চীন–বার্মা–ভারত থিয়েটার এবং লেডো (স্টিলওয়েল) সড়কের মতো সরবরাহ রুটকে সমর্থন জুগিয়েছিল।
নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ভুয়া তথ্য ও বিভ্রান্তি মোকাবিলায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ বিষয়ে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কের সঙ্গে মঙ্গলবার টেলিফোনে কথা বলেন তিনি। আলোচনায় অধ্যাপক ইউনূস বলেন, নির্বাচনকে ঘিরে ভুয়া তথ্যের একধরনের বন্যা দেখা যাচ্ছে। বিদেশি গণমাধ্যমের পাশাপাশি স্থানীয় বিভিন্ন সূত্র থেকেও এসব তথ্য ছড়ানো হচ্ছে। তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা সংবাদ, গুজব ও অনুমানের ছড়াছড়ি চলছে, যা নির্বাচন প্রক্রিয়ার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে সরকার উদ্বিগ্ন। জবাবে ভলকার তুর্ক বলেন, বিষয়টি তাঁর নজরে এসেছে। তিনি জানান, ভুয়া তথ্যের ক্রমবর্ধমান এই চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় বাংলাদেশের পাশে থাকবে। তিনি বলেন, ‘ভুয়া তথ্যের পরিমাণ অনেক। এ সমস্যা মোকাবিলায় যা করা প্রয়োজন, আমরা তা করব।’এ ক্ষেত্রে জাতিসংঘের মানবাধিকার সংস্থা বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে বলেও জানান তিনি।টেলিফোনালাপে দুই পক্ষ আসন্ন গণভোট, প্রাতিষ্ঠানিক সংস্কারের গুরুত্ব, গুম সংক্রান্ত কমিশনের কার্যক্রম, জাতীয় মানবাধিকার কমিশন (এনএইচআরসি) গঠন এবং বৈশ্বিক ভূরাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেন। ভলকার তুর্ক গুমসংক্রান্ত বিষয়গুলোর অনুসন্ধান ও কাজ এগিয়ে নিতে ‘বাস্তব অর্থে স্বাধীন’ একটি জাতীয় মানবাধিকার কমিশন গঠনের গুরুত্ব তুলে ধরেন। এর জবাবে অধ্যাপক ইউনূস বলেন, জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ ইতিমধ্যে জারি করা হয়েছে এবং ১২ ফেব্রুয়ারির নির্বাচনের আগেই নতুন কমিশন পুনর্গঠন করা হবে। তিনি বলেন, ‘আমরা যাওয়ার আগেই এটি করব।’ প্রধান উপদেষ্টা আরও জানান, তিনি গুমসংক্রান্ত কমিশনের চূড়ান্ত প্রতিবেদন জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের কাছে হস্তান্তর করেছেন। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত স্বৈরশাসনামলে সংঘটিত গুমের শিকার ব্যক্তিদের জন্য জবাবদিহি ও ন্যায়বিচার নিশ্চিত করতে এই প্রতিবেদন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন। এ সময় ভলকার তুর্ক গত দেড় বছরে প্রধান উপদেষ্টার নেয়া উদ্যোগগুলোর প্রশংসা করেন। তিনি বলেন, তাঁর দপ্তর গুমসংক্রান্ত কমিশনের কাজে সহায়তা করেছে এবং ভবিষ্যতেও এই সহায়তা অব্যাহত থাকবে।টেলিফোনালাপের সময় প্রধান উপদেষ্টার সঙ্গে এসডিজি সমন্বয়ক ও জ্যেষ্ঠ সচিব লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।
বাংলাদেশে এলো বিশ্বকাপ ট্রফি

বাংলাদেশে এলো বিশ্বকাপ ট্রফি বাংলাদেশে চলে এলো ফিফা ফুটবল বিশ্বকাপের মূল ট্রফি। বুধবার সকাল দশটার দিকে বাংলাদেশে এসে পৌঁছায় সোনালি ট্রফিটি। সেখানে কিছু আনুষ্ঠানিকতার পর হোটেল রেডিসনে আসবে এই ট্রফি। আজ দুপুর দুইটার পর নির্বাচিত দর্শকদের জন্য ট্রফি নিয়ে সেশনের ব্যবস্থা আছে। তবে সাধারণ দর্শকদের দেখার তেমন সুযোগ থাকছে না। বাংলাদেশে ট্রফির সঙ্গে এসেছেন ২০০২ বিশ্বকাপজয়ী ব্রাজিলের সাবেক মিডফিল্ডার গিলবার্তো সিলভা। কোকা-কোলা কোম্পানি ও আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার যৌথ উদ্যোগে গত ৩ জানুয়ারি শুরু হয় ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর বাই কোকা-কোলা এর ষষ্ঠ আসর। সৌদি আরবের রাজধানী রিয়াদে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই বিশ্বকাপ ট্রফির বিশ্বভ্রমণের সূচনা করা হয়। ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় আসর। এই প্রথম তিনটি দেশ- কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে। আগের যে কোনো আসরের তুলনায় এবারের বিশ্বকাপে থাকবে আরও বেশি দল (৪৮টি), আরও বেশি ম্যাচ (১০৪) এবং ব্যাপক উৎসব আয়োজন। ফিফা বিশ্বকাপের মূল ট্রফি ভ্রমণ করবে ৩০টি ফিফা সদস্য দেশের ৭৫টি গন্তব্যে। পুরো সফর চলবে ১৫০ দিনেরও বেশি সময় ধরে, যা ফুটবলপ্রেমীদের জন্য জীবনে একবার দেখার মতো এক অনন্য সুযোগ তৈরি করবে।