মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড

মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার রেহাইচর ও ফকিরপাড়া বস্তি এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক সেবনের দায়ে ৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে জেলা টাস্কফোর্স। এসময় ৯০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। বৃহস্পতিবার বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে গঠিত টাস্কফোর্স এই অভিযান পরিচালনা করে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযানে মাদক সেবনের দায়ে ৬ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ফকিরপাড়া এলাকার মন্টু আলীর ছেলে মো. হাসান আলী (৪৬)কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া রেহাইচর মহল্লার শ্রী নেপাল কর্মকারের ছেলে শ্রী কাজল কর্মকার (৩৭) এবং রেহাইচরের মো. মিজানুর রহমানের ছেলে মো. হারুন (৩৫)কে ২ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। আজাইপুর এলাকার মৃত মোহতারেম আলীর ছেলে মো. মোহাইমেনুল ইসলাম (৩৪) এবং রেহাইচরের মৃত আমিরের ছেলে মো. মাহবুবকে ২ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া শিবতলা এলাকার মৃত আমিনুল ইসলামের ছেলে মো. নাদিম হোসেন (৫১)কে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অভিযান চলাকালে জব্দকৃত মাদকদ্রব্য আদালতে উপস্থাপন করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাব্বির আহমেদ রোবেল আটককৃতদের বিরুদ্ধে এই দণ্ডাদেশ প্রদান করেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরিদর্শক মো. রফিকুল ইসলাম ও উপপরিদর্শক মো. মুস্তাফিজুর রহমান পৃথকভাবে প্রসিকিউশন দাখিল করেন।
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি’র হাতে মানবপাচারকারীসহ ৪ বাংলাদেশী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি’র হাতে মানবপাচারকারীসহ ৪ বাংলাদেশী গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সীমান্তে বিজিবি’র অভিযানে এক মানবপাচারকারী ও রাজমিস্ত্রীর কাজে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে অনুপ্রবেশের পরিকল্পনাকালে ৩ বাংলাদেশী নাগরিককে গ্রেপ্তার করেছে বিজিবি। গতকাল রাত ১২টার দিকে বিজিবি জানায়, গতকাল সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার আলাতুলী ইউনিয়নের বকচর গ্রামে অভিযান চালিয়ে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়। বিজিবি আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বকচর বিওপির একটি টহলদল সীমান্তের শূণ্যরেখা থেকে ২০০ গজ বাংলাদেশের ভেতরে অভিযান চালিয়ে তাদের আটক করে। চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
গোমস্তাপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশকারী আরও ৫ বাংলাদেশী আটক

গোমস্তাপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশকারী আরও ৫ বাংলাদেশী আটক গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের চাড়ালডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে কারাভোগ শেষে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের পর আরো ৫ জন আটক হয়েছেন। গতকাল দুপুরে রহনপুর পৌর এলাকার কলেজ মোড় থেকে স্থানীয়রা তাদের আটকের পর পুলিশে হস্তান্তর করে। এর আগে গতকাল সকালে আরো ১৭ জন বাংলাদেশীকে সীমান্ত থেকে আটক করে বিজিবি। এ নিয়ে গতকাল দু’দফায় ২২ বাংলাদেশীকে ভারত থেকে অবৈধ অনুপ্রবেশের পর আটক করা হয়েছে। এদের মধ্যে ৫ জন শিশু, ৭ জন নারী ও ১০ জন পুরুষ রয়েছেন। আজ বিকেলে পুলিশ জানিয়েছে, পরিচয় নিশ্চিত হবার পর তাদের কয়েকজনকে ইতিমধ্যে পরিবারের জিম্মায় দেয়া হয়েছে। অন্যদেরও প্রক্রিয়া চলছে। সংশ্লিস্ট ১৬ বিজিবি নওগাঁ ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম ও গোমস্তাপুর থানার অফিসার ইনচাজ-ওসি আব্দুল বারেক দুই দফায় ২২ বাংলাদেশীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
শিবগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট প্রচারে উদ্বুদ্ধকরণ সভা

শিবগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট প্রচারে উদ্বুদ্ধকরণ সভা শিবগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচার উপলক্ষে উদ্বুদ্ধকরণ সভা অনষ্ঠিত হয়েছে। আজ দুপুরে শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে, প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শাহাদাত হোসেন মাসুদ। শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক আহমেদের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) উজ্জ্বল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক নাকিব হাসান তরফদার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বিভিন্ন এলাকার নারী ও তরুণী ভোটাররা অংশ নেন। সভায় বক্তারা বলেন, গণভোটকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। পাশাপাশি ভোটারদের মধ্যে গণভোটের গুরুত্ব তুলে ধরতে সচেতনতামূলক প্রচার কার্যক্রম জোরদার করা হচ্ছে।
শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা হেনসার আলীকে রাষ্টীয় মর্যাদায় দাফন

শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা হেনসার আলীকে রাষ্টীয় মর্যাদায় দাফন শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের বিশ্বানাথপুর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য হেনসার আলী মৃত্যুবরণ করেছেন – ইন্না লিল্লাহি অইন্না ইলাহি রাজিউন। আজ সকাল সাড়ে ৭টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়েসহ বহু গূণগ্রাহী রেখে গেছেন। আজ বিকেল পৌনে ৫টায় নিজ গ্রামে পারিবারিক গোরস্থান প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার এবং সেনবাহিনীর পক্ষে শ্রদ্ধা জানানোর পর জানাজার নামাজ শেষে ওই গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। দাফন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল মিয়া,সেনাবাহিনীর সার্জেন্ট আহসান হাবীব, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এবং সাবেক এমপি শাহজাহান মিঞা, ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ রুহুল আমীন,বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান বাচ্চু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সভাপতি মাহবুবুর রহমান মিজানসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
উপদেষ্টা পরিষদে গণঅভ্যুত্থানের দায়মুক্তি অধ্যাদেশ অনুমোদন

উপদেষ্টা পরিষদে গণঅভ্যুত্থানের দায়মুক্তি অধ্যাদেশ অনুমোদন জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী যোদ্ধাদের আইনি সুরক্ষা দিতে উপদেষ্টা পরিষদে জুলাই গণঅভ্যুত্থানের দায়মুক্তি অধ্যাদেশ অনুমোদন পেয়েছে। আজ বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেন, “জুলাই-আগস্টে রাজনৈতিক প্রতিরোধে ফৌজদারি মামলা থাকলে সরকার প্রত্যাহার করবে। নতুন করে মামলা করা হবে না।” “জুলাই গণঅভ্যুত্থানকারীদের বিরুদ্ধে কোথাও কোনো মামলা হয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।” তবে ওই সময় ব্যক্তিগত, সংকীর্ণ স্বার্থে কোনো হত্যাকাণ্ড সংঘটিত হলে তার বিচার হবে। এ বিষয়ে মানবাধিকার কমিশন তদন্ত করে প্রতিবেদন দেবে। এরপর সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান আইন উপদেষ্টা। এর আগে, ৮ জানুয়ারি এক ফেসবুক পোস্টে আইন উপদেষ্টা জানিয়েছিলেন ‘দায়মুক্তি অধ্যাদেশ’ এর খসড়া চূড়ান্ত করা হয়েছে। জুলাই বিপ্লবের বীরদের ফ্যাসিস্ট সরকারের দোসরদের হাত থেকে নিরাপদ রাখতে এবং তাদের প্রতিরোধমূলক কর্মকাণ্ডের স্বীকৃতি দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আসিফ নজরুল তার পোস্টে উল্লেখ করেন, জুলাই যোদ্ধারা জীবনবাজি রেখে দেশকে ফ্যাসিস্ট শাসন থেকে মুক্ত করেছেন। আন্দোলনের সময় ফ্যাসিস্ট শেখ হাসিনার খুনিদের বিরুদ্ধে তারা যে প্রতিরোধমূলক কার্যক্রম চালিয়েছিলেন, তার জন্য তাদের দায়মুক্তি পাওয়ার অধিকার রয়েছে। এ ধরনের আইন প্রণয়ন সম্পূর্ণ বৈধ এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত। উদাহরণ হিসেবে তিনি আরব বসন্তসহ সমসাময়িক কালের বিভিন্ন বিপ্লবের কথা উল্লেখ করেন, যেখানে গণ-অভ্যুত্থানের পর বিপ্লবীদের সুরক্ষায় এ ধরনের আইন করা হয়েছিল। সংবিধান ও মুক্তিযোদ্ধাদের নজির অধ্যাদেশটির যৌক্তিকতা তুলে ধরে আইন উপদেষ্টা আরো বলেন, “বাংলাদেশের সংবিধানের ৪৬ অনুচ্ছেদে এ ধরনের দায়মুক্তি আইনের স্পষ্ট বৈধতা রয়েছে।” তিনি মনে করিয়ে দেন, “১৯৭৩ সালে মহান মুক্তিযুদ্ধের পর মুক্তিযোদ্ধাদের সুরক্ষার জন্যও অনুরূপ দায়মুক্তি আইন করা হয়েছিল। সেই একই ধারায় এবার জুলাই অভ্যুত্থানের বীরদের সুরক্ষা দেবে রাষ্ট্র।”
ভূমিকম্পে কেঁপে উঠল ইসরায়েল

ভূমিকম্পে কেঁপে উঠল ইসরায়েল ইসরায়েলে ৪ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলে এই কম্পন অনুভূত হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। আজ জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়, ইউরোপিয়ান-মেডিটেরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) ভূমিকম্পটির মাত্রা রিখটার স্কেলে ৪ দশমিক ২ হিসেবে নিশ্চিত করেছে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল দক্ষিণ ইসরায়েলের ডিমোনা শহরের কাছাকাছি এলাকায়। ভূমিকম্পের পরপরই লোহিত সাগর অঞ্চল ও দক্ষিণ নেগেভ মরুভূমিতে সতর্কতা জারি করে ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড। সতর্কতার পর এসব অঞ্চলের বাসিন্দারা ভূমিকম্প অনুভব করার কথা জানান। ইসরায়েলের জরুরি চিকিৎসাসেবা সংস্থা ম্যাগেন ডেভিড আদম (এমডিএ) জানিয়েছে, ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
৩ সহজ উপায় পরিশ্রম ছাড়া নারকেল কোরানোর

৩ সহজ উপায় পরিশ্রম ছাড়া নারকেল কোরানোর এই শীতে পিঠা বানানোর কথা ভাবছেন? তাহলে মাথায় রাখুন নারকেল ছাড়া পিঠাপুলির পূর্ণ স্বাদ পাওয়া যায় না। কিন্তু নারকেল কোরাতে অনেকের বেশ কাঠখড় পোড়াতে হয়। আবার কারো কারো বাসায় কোরানোর দা বা মেশিনও থাকে না। তাহলে কী করবেন? বলছি। সহজ কিছু কৌশল জানলে অল্প সময়ে নারকেল কোরানো যাবে। সেদ্ধ করে নিন নারকেল ফুটন্ত পানিতে মিনিট দশেক ভিজিয়ে রাখুন। গরম পানিতে মিনিটে পাঁচেকের জন্য সেদ্ধও করতে পারেন। এতে নারকেলের খোলা নরম হয়ে আসবে। ভারী কিছু দিয়ে অল্প টোকা মারলেই ভেঙে যাবে। পাশাপাশি নারকেলের শাঁসও নরম হয়ে যাবে। চামচ দিয়ে টানলেই শাঁস উঠে আসবে। এর পর ওই শাঁস ব্লেন্ড করে নিতে পারেন। ফ্রিজে রেখে দিন নারকেল দুই টুকরো করে ফ্রিজে দুই দিন রেখে দিন। দুই দিন পর দেখবেন নারকেলের মালা থেকে শাঁস বেরিয়ে আসছে। নারকেলের শাঁস ছুরির সাহায্যে বের করে নিন। কিংবা ভারী কিছু দিয়ে টোকা মারুন। খোলা ভেঙে শাঁস বেরিয়ে আসবে। তারপরে ফুড প্রসেসরে দিয়ে নারকেল প্রস্তুত করে নিন। পরিশ্রম ছাড়াই নারকেল কোরাতে পারবেন। মাইক্রোওভেনের সাহায্য নিন নারকেলের মালাগুলো ৩০ সেকেন্ডের জন্য মাইক্রোওভেনে ঘুরিয়ে নিন। যদি দেখেন খোসা থেকে শাঁস বেরিয়ে আসছে, তাহলে মাইক্রোওভেন বন্ধ করে দিন। যদি তা না হয়, তাহলে আরও ২-৩ বার ৩০ সেকেন্ড করে মাইক্রোওভেনে ঘুরিয়ে নিন। তবে, বেশি গরম করবেন না। শাঁস খোলা থেকে বেরিয়ে আসতে শুরু করলে মাইক্রোওভেন বন্ধ করে দিন। ছুরি বা চামচের সাহায্যে শাঁস বের করে ব্লেন্ডারের সাহায্যে পিঠার জন্য নারকেল প্রস্তুত করে নিন।
বচ্চন পরিবারে বিদ্যার দৌড়ে কে এগিয়ে?

বচ্চন পরিবারে বিদ্যার দৌড়ে কে এগিয়ে? ভারতের বিখ্যাত বচ্চন পরিবারের সবাই সুপারস্টার। দেশের অধিকাংশ মানুষই বচ্চন পরিবারের সদস্যদের সম্পর্কে অনেক তথ্য জানেন। বলি শাহেনশাহ অমিতাভ বচ্চন ও বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চন, অভিষেক বচ্চন ও সাবেক বিশ্বসুন্দরী অভিনেত্রী ঐশ্বরিয়া রাই এবং অগস্ত্য নন্দা। বিগবি অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের প্রেমের গল্প যেভাবে শুরু হয়েছিল, তা কারও অজানা নেই। অন্যদিকে অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চনের বিয়ে, সন্তান ও ডিভোর্স-চর্চা নিয়েও সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে জল্পনা-কল্পনার কোনো অন্ত নেই। কিন্তু আপনি কি জানেন? বচ্চন পরিবারের কোন সদস্য বেশি শিক্ষিত? নিখিল নন্দা ও তার স্ত্রী শ্বেতা বচ্চন পরিবারের সবচেয়ে শিক্ষিত। দুজনেরই বিজনেস ম্যানেজমেন্টে ডিগ্রি রয়েছে। অমিতাভ বচ্চন এলাহাবাদের বয়েজ হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে পড়াশোনা শেষ করার পর নৈনিতালের শেরউড কলেজে ভর্তি হন। এরপর তিনি কিরোরী মাল কলেজ থেকে বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন। অন্যদিকে জয়া বচ্চন ভোপালের সেন্ট জোসেফ কনভেন্ট স্কুল এবং পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অব ইন্ডিয়া (এফটিআইআই) থেকে পড়াশোনা করেছেন। তিনি ব্যাচেলর অব আর্টস ডিগ্রি অর্জন করেছেন। আর অভিষেক বচ্চন মুম্বাইয়ের বোম্বে স্কটিশ স্কুল শেষে সুইজারল্যান্ডের এগলন কলেজ থেকে স্কুল এডুকেশন শেষ করেছেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বোস্টন বিশ্ববিদ্যালয়ে বিজনেস নিয়ে লেখাপড়া করছিলেন। তবে অভিনয়ে ক্যারিয়ার গড়ার জন্য মাঝপথে পড়াশোনা ছেড়ে দেন। অন্যদিকে ঐশ্বরিয়া রাই বচ্চন মুম্বাইয়ের আর্য বিদ্যা মন্দির হাই স্কুল থেকে দশম শ্রেণি পাশ করেছিলেন। এরপর তিনি জয় হিন্দ কলেজ ও ডিজি রুপারেল কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেন। পরে তিনি রচনা সংসদ একাডেমি অব আর্কিটেকচারের ব্যাচেলর অব আর্কিটেকচার কোর্সে ভর্তি হন, কিন্তু মডেলিং ও অভিনয়ে ক্যারিয়ার গড়ার জন্য পড়াশোনা মাঝপথে ছেড়ে দেন। অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের মেয়ে শ্বেতা বচ্চন নন্দা নয়াদিল্লির মডার্ন স্কুলে পড়ার পর দেরাদুনের বিখ্যাত দুন স্কুল থেকে দ্বাদশ শ্রেণি পাশ করেন। এরপর তিনি বোস্টন বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) ডিগ্রি অর্জন করেন। অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের নাতনি নভ্যা নাভেলি নন্দা নিউইয়র্কের ফোর্ডহ্যাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। তিনি ডিজিটাল টেকনোলজি ও ইউএক্স ডিজাইনে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের নাতি অগস্ত্য নন্দা লন্ডনের সেভেনোয়াকস স্কুলে পড়াশোনা করেন। তবে তাদের কোন কোর্সের ডিগ্রি রয়েছে, সে সম্পর্কে তথ্য ইন্টারনেটে পাওয়া যায় না। নিখিল নন্দা বচ্চন পরিবারের জামাই এবং এসকর্টস কুবোটা লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর (সিএমডি), শ্বেতা বচ্চনের স্বামী। তিনি দেরাদুনের দুন স্কুলে পড়েন এবং তারপর মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের ওয়ার্টন স্কুল থেকে বিজনেস ম্যানেজমেন্টে ডিগ্রি অর্জন করেন। সবকিছু বিশ্লেষণ করে জানা যায়, নিখিল নন্দা ও তার স্ত্রী শ্বেতা বচ্চন পরিবারের সবচেয়ে শিক্ষিত। দুজনেরই বিজনেস ম্যানেজমেন্টে ডিগ্রি রয়েছে।
৫ বছরের কম বয়সী শিশুরা দিনে কতগুলো ডিম খেতে পারবে?

৫ বছরের কম বয়সী শিশুরা দিনে কতগুলো ডিম খেতে পারবে? ডিমকে একটি সম্পূর্ণ খাদ্য হিসাবে উল্লেখ করা হয় এবং এর কারণটি পুরোপুরি যুক্তিসঙ্গত। এটি সাশ্রয়ী, রান্না করা সহজ এবং প্রয়োজনীয় পুষ্টিগুণে ভরপুর, বিশেষ করে শিশুর বৃদ্ধি এবং বিকাশের জন্য। তবে ছোট শিশুদের বাবা-মায়েদের জন্য, একটি সাধারণ প্রশ্ন বারবার আসে, ৫ বছরের কম বয়সী বাচ্চারা প্রতিদিন কতগুলো ডিম খেতে পারে? ডিম কেন শিশুদের জন্য ভালো ডিম ক্রমবর্ধমান শিশুদের জন্য একটি পুষ্টির শক্তি। ডিম উচ্চমানের প্রোটিন, উপকারী চর্বি, প্রয়োজনীয় ভিটামিন এবং খনিজ পদার্থে ভরপুর যা মস্তিষ্কের বিকাশ, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং শারীরিক বৃদ্ধিকে ব্যাপকভাবে প্রভাবিত করে। ডিমে পাওয়া সবচেয়ে উল্লেখযোগ্য পুষ্টি উপাদানের মধ্যে একটি হলো কোলিন, যা স্মৃতিশক্তি এবং মস্তিষ্কের দক্ষতা উন্নত করার জন্য পরিচিত, বিশেষ করে শৈশবের প্রথম দিকে যখন মস্তিষ্কের বিকাশ তার সর্বোচ্চ পর্যায়ে থাকে। ডিম ভিটামিন ডি সমৃদ্ধ তাই শিশুদের খাবার হিসেবে এটি বেশ কার্যকরী। ভিটামিন ডি হাড়ের বৃদ্ধি, ক্যালসিয়াম শোষণের জন্য প্রয়োজনীয় ভিটামিন এবং বি ভিটামিনের সঙ্গে শক্তি বিপাক সহায়তার ভূমিকা পালন করে। যেহেতু ডিম নরম এবং ভালোভাবে রান্না করলে চিবানো সহজ, তাই শিশুদের জন্য এটি উপযুক্ত। ৫ বছরের কম বয়সীদের জন্য প্রতিদিন কতগুলো ডিম নিরাপদ? প্রতিদিন কতগুলো ডিম খাওয়া উচিত তা শিশুর বয়স এবং খাদ্যতালিকা দ্বারা নির্ধারিত হয়। বিশেষজ্ঞদের মতে ১ থেকে ৩ বছর বয়সী শিশুরা প্রতিদিন অর্ধেক থেকে একটি ডিম খেতে পারে, যেখানে ৪ থেকে ৫ বছর বয়সী শিশুদের জন্য প্রতিদিন একটি সম্পূর্ণ ডিম নিরাপদ এবং স্বাস্থ্যকর। শিশুদের পেট ছোট এবং তাদের খাবার থেকে বঞ্চিত বোধ না করার জন্য তাদের সবকিছুই খাওয়ানো উচিত। কোনো একটি খাবার যত পুষ্টিকরই হোক না কেন তা দিয়ে পেট ভরিয়ে রাখলে শিশুরা অন্যান্য গুরুত্বপূর্ণ খাদ্য উপাদানের প্রতি আকাঙ্ক্ষা পোষণ করতে পারে না। শিশুরা কি প্রতিদিন ডিম খেতে পারে? হ্যাঁ, প্রতিদিন পরিমিত পরিমাণে ডিম খাওয়া যেতে পারে। তবে, ফল, শাক-সবজি, গোটা শস্য, ডাল এবং দুগ্ধজাত খাবারের সমন্বয়ে একটি সুষম খাদ্যতালিকায় ডিম অন্তর্ভুক্ত করা উচিত। ছোট শিশুদের পুষ্টির জন্য কেবল ডিমই যথেষ্ট নয়। খাদ্যতালিকাগত বৈচিত্র্য নিশ্চিত করে যে শিশুরা ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট এবং বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্ট পাচ্ছে যা ডিম তাদের সরবরাহ করে না।