সরকার সংস্কারের পক্ষে তাই ‘হ্যাঁ’ ভোটের কথা বলছে- প্রেস সচিব

সরকার সংস্কারের পক্ষে তাই ‘হ্যাঁ’ ভোটের কথা বলছে- প্রেস সচিব নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। প্রেস সচিব বলেন, নির্বাচন অনুষ্ঠানের জন্য রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ কর্মকর্তাদের প্রস্তুতি সম্পন্ন। পাশাপাশি নিরাপত্তার জন্য নিরাপত্তা বাহিনীর প্রস্তুতিসহ পোস্টাল ব্যালটের কাজও সম্পন্ন হয়েছে। এখন বলা যেতে পারে আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের জন্য অপেক্ষামাত্র। তিনি বলেন, পৃথিবীর যে সমস্ত দেশে গণভোট হয়েছে সেখানে সরকার গণভোটে ‘হ্যাঁ’ অথবা ‘না’ এর পক্ষ নিয়ে থাকে।
অনুষ্ঠিত হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে ভর্তি পরীক্ষা

অনুষ্ঠিত হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে ভর্তি পরীক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ সেশনে স্নাতক ও স্নাতক (সম্মান) প্রথমবর্ষে ‘সি’ ইউনিটের প্রথম শিফটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রশ্নের মান ও সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করেছেন ভর্তিচ্ছু ও অভিভাবকরা। এ বছর ১ ঘণ্টা সময়সীমায় ৮০টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর প্রতিযোগিতাদের মূল্যায়ণ করা হয়। সি ইউনিটে সিট আছে ১ হাজার ৫৩৬টি। মোট আবেদন পড়েছে ১ লাখ ২৬ হাজার ২২৫টি। তার মধ্যে বিজ্ঞানের শিক্ষার্থীরা আবেদন করেছে ১ লাখ ২০ হাজার ৮৩৮ জন এবং অবিজ্ঞান বিভাগের ৫ হাজার ৩৮৭ জন। ফলে প্রতি আসনে লড়বেন ৮২ জন ভর্তিচ্ছু।
শিক্ষা ক্যাডারের উচ্চতর ডিগ্রিধারীদের মাউশির নির্দেশনা

শিক্ষা ক্যাডারের উচ্চতর ডিগ্রিধারীদের মাউশির নির্দেশনা বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের যেসব কর্মকর্তা গত এক বছরের মধ্যে পিএইচডি, এমফিল বা এমএস ডিগ্রি সম্পন্ন করেছেন, তাদের গবেষণার সারসংক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ে উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল এক বিজ্ঞপ্তির মাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এই নির্দেশনা দিয়েছে। মাউশির প্রশিক্ষণ শাখার সহকারী পরিচালক-৩ সামিনা সুলতানা স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়, উচ্চতর ডিগ্রিধারী কর্মকর্তাদের গবেষণার বিষয়বস্তু, উদ্দেশ্য, মূল ফলাফল এবং এর ব্যবহারিক গুরুত্ব সর্বোচ্চ ১০টি পাওয়ার পয়েন্ট স্লাইডের মাধ্যমে উপস্থাপন করতে হবে। গবেষণালব্ধ এই জ্ঞান দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে ঠিক কিভাবে ভূমিকা রাখতে পারে, তা যাচাই করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
বাংলাদেশ থেকে আমদানির নিষেধাজ্ঞা তুলে নিয়েছে কুয়েত

বাংলাদেশ থেকে আমদানির নিষেধাজ্ঞা তুলে নিয়েছে কুয়েত বাংলাদেশ থেকে সব ধরনের হিমায়িত পোল্ট্রির মাংস এবং মাংসজাত দ্রব্য ও ডিম আমদানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে কুয়েত সরকার। গতকাল কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, কুয়েত সরকার বাংলাদেশ থেকে সব ধরনের হিমায়িত মুরগির মাংস, মাংসজাত পণ্য ও ডিম আমদানির ওপর আগের যে নিষেধাজ্ঞা ছিল, তা তুলে নিয়েছে।
ইরানে দূতাবাস সাময়িকভাবে বন্ধ করল নিউজিল্যান্ড

ইরানে দূতাবাস সাময়িকভাবে বন্ধ করল নিউজিল্যান্ড ইরানে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় তেহরানে অবস্থিত নিজেদের দূতাবাস সাময়িকভাবে বন্ধ করেছে নিউজিল্যান্ড। আজ দেশটির জানায়, দূতাবাসের কূটনীতিকদের নিরাপদে ইরান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। নিউজিল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, বাণিজ্যিক বিমানে করে কূটনৈতিক কর্মীরা ইরান ত্যাগ করেছেন। নিরাপত্তা পরিস্থিতি খারাপ হওয়ায় তেহরান দূতাবাসের কার্যক্রম এখন তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে পরিচালিত হচ্ছে। ইরান ভ্রমণের বিষয়ে নিউজিল্যান্ড সরকার আগের মতোই সব ধরনের ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দিচ্ছে। বর্তমানে যেসব নিউজিল্যান্ডের নাগরিক ইরানে অবস্থান করছেন, তাদের দ্রুত দেশ ছাড়ার আহ্বান জানানো হয়েছে।
সোহানের রংপুরের নতুন অধিনায়ক লিটন

সোহানের রংপুরের নতুন অধিনায়ক লিটন রংপুর রাইডার্সের নতুন অধিনায়ক হয়েছেন লিটন দাস। নুরুল হাসান সোহানের জায়গায় তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রথমবারের মতো রংপুর রাইডার্সকে নেতৃত্ব দেবেন জাতীয় দলের এই ক্রিকেটার। চলতি বিপিএলে রংপুরের হয়ে ব্যাট হাতে দেশীয় ক্রিকেটারদের মধ্যে লিটনের রান দ্বিতীয় সর্বোচ্চ। ৮ ম্যাচে ১৬২ রান করেছেন তিনি, গড় ২০.২৫ ও স্ট্রাইকরেট ১৩৫। অন্যদিকে ব্যাট হাতে এবারের আসরে একেবারেই ছন্দে নেই সোহান। নিজের ব্যাটিংয়ে পুরো মনোযোগ দেওয়ার জন্যই অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।
বাংলাদেশকে বদলাতে ও সমৃদ্ধশালী করতে গণভোটে ‘হ্যাঁ’ দিন

বাংলাদেশকে বদলাতে ও সমৃদ্ধশালী করতে গণভোটে ‘হ্যাঁ’ দিন অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, যারা বাংলাদেশকে বদলাতে চান, সমৃদ্ধশালী হিসেবে দেখতে চান, আসুন সবাই মিলে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে অবস্থান নিন। শুক্রবার সকালে বান্দরবান ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ প্রচারণা সভায় তিনি এসব কথা বলেন। আদিলুর রহমান বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দুটি ভোট দিতে হবে। একটি ভোটে ৫ বছরের জন্য আপনাদের পছন্দমতো প্রতিনিধি নির্বাচন, আরেকটি ভোট হবে আগামী ১০০ বছরের জন্য বাংলাদেশের গতি নির্ধারণ ও ফ্যাসিবাদমুক্ত চলার পথ।
সামরিক আইন জারির ঘটনায় দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড

সামরিক আইন জারির ঘটনায় দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। এই সাজা দেয়া হয় ২০২৪ সালের ডিসেম্বর মাসে বিতর্কিত সামরিক আইন জারির ঘটনায় তার বিরুদ্ধে আনীত বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে। সরাসরি সম্প্রচার করা হয় আদালতের এই রায়টি। শুক্রবার (১৬ জানুয়ারি) মামলার রায়ে আদালত জানিয়েছেন, ইউন সুক ইওল বিচারিক কাজে বাধা প্রদান এবং সরকারি নথিপত্র জাল করার দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন। বিশেষ করে তার জারি করা সামরিক আইন সংক্রান্ত গ্রেফতারি পরোয়ানা কার্যকর করতে বাধা দেওয়া এবং আইনি প্রক্রিয়া লঙ্ঘন করার বিষয়টি প্রমাণিত হয়েছে আদালতে। ২০২৪ সালের ডিসেম্বরে ব্যর্থ সামরিক আইন জারির চেষ্টার পর ইউনের বিরুদ্ধে বেশ কিছু ফৌজদারি মামলা দায়ের করা হয়েছিল। বিচারিক প্রক্রিয়ায় এটিই তার বিরুদ্ধে প্রথম কোনো বড় রায়। এ ছাড়া সরকারি নথিপত্র জাল করা এবং মার্শাল ল জারির ক্ষেত্রে সংবিধান ও প্রচলিত আইনি প্রক্রিয়া অনুসরণ না করার অভিযোগেও সাবেক প্রেসিডেন্টকে দোষী সাব্যস্ত করা হয়েছে। রয়টার্স জানিয়েছে, সিউলের সিউল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট আদালত এ মামলায় ইউন সুক ইওলকে দোষী সাব্যস্ত করেছে একাধিক অভিযোগে।
অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিত

অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিত শঙ্কাই সত্যি হলো। ক্রিকেটারদের খেলা বর্জনের কারণে অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসর স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু। সিলেট পর্ব শেষ হওয়ার পর আজ থেকে বিপিএলের ঢাকা পর্ব শুরু হওয়ার কথা ছিল। তবে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দেশের ক্রিকেট অঙ্গনে চরম অস্থিরতা দেখা দেয়। দিনের প্রথম ম্যাচ স্থগিত হওয়ার পর দ্বিতীয় ম্যাচটিও বাতিল করা হয়। এর পরই লিগের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। শেষ পর্যন্ত বিসিবি অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিত করার সিদ্ধান্ত নেয়। ফলে কবে আবার টুর্নামেন্ট মাঠে গড়াবে, সে বিষয়ে কোনো নিশ্চয়তা নেই। মূলত গতকাল গণমাধ্যমকে দেওয়া বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে দেশের ক্রিকেটপাড়া। বিশ্বকাপ ইস্যুতে খেলোয়াড়দের ক্ষতিপূরণ প্রসঙ্গে প্রশ্নের জবাবে তিনি ক্রিকেটারদের নিয়ে যে বক্তব্য দেন, তা মানহানিকর ও অবমাননাকর বলে দাবি করেন খেলোয়াড়রা। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। সংগঠনটি নাজমুল ইসলামের পদত্যাগ দাবি করে এবং দাবি পূরণ না হলে মাঠে না নামার ঘোষণা দেয়। এরই ধারাবাহিকতায় স্থগিত হয়ে যায় নির্ধারিত ম্যাচগুলো। মাঠে নামার পরিবর্তে সংবাদ সম্মেলন করে ক্রিকেটাররা জানান, বিসিবি তাদের কাছে ৪৮ ঘণ্টার সময় চেয়েছে। তবে সেই সময়সীমার বিষয়ে লিখিত ও প্রকাশ্য নিশ্চয়তা না পাওয়ায় তারা মাঠে নামেননি। কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন সংবাদ সম্মেলনে জানান, নির্দিষ্ট সময়ের মধ্যে নাজমুল ইসলামের বিসিবি থেকে সরে যাওয়ার নিশ্চয়তা পেলে তবেই তারা খেলায় ফিরবেন। এদিকে ক্রিকেটারদের সংবাদ সম্মেলন শেষ হওয়ার আগেই বিসিবি এক বিজ্ঞপ্তিতে জানায়, এম নাজমুল ইসলামকে অর্থ কমিটিসহ বিসিবির সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে ক্রিকেটাররা এটিকে পর্যাপ্ত মনে করেননি এবং পরিচালক পদ থেকে তার পদত্যাগের দাবিতে অনড় থাকেন। বিসিবির পক্ষ থেকে জানানো হয়, নির্বাচিত পরিচালক হওয়ায় নাজমুল ইসলাম নিজে পদত্যাগ না করলে তাকে অপসারণ করা সম্ভব নয়। এর মধ্যে দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হতে পারে—এমন গুঞ্জন শোনা গেলেও শেষ পর্যন্ত রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটান্সের মধ্যকার ম্যাচটিও স্থগিত করা হয়। পরে ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে বৈঠকের কথা থাকলেও তার আগেই অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিতের সিদ্ধান্ত জানিয়ে দেয় বিসিবি। এতে করে বিপিএলের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আরও ঘনীভূত হলো।
চাঁপাইনবাবগঞ্জে অনূর্ধ্ব-১৬ বালকদের হ্যান্ডবল প্রতিযোগিতা সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে অনূর্ধ্ব-১৬ বালকদের হ্যান্ডবল প্রতিযোগিতা সম্পন্ন চাঁপাইনবাবগঞ্জে অনূর্ধ্ব-১৬ বালকদের হ্যান্ডবল প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে জেলাশহরের ফুলকুঁড়ি ইসলামিক একাডেমি মাঠে দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৬টি দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয় দল ও ফুলকুঁড়ি ইসলামিক একাডেমি দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। উত্তেজনাপূর্ণ খেলায় ফুলকুঁড়ি ইসলামিক একাডেমি দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা শিক্ষা অফিসার মো. আব্দল মতিন। জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহমুদুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলকুঁড়ি ইসলামিক একাডেমির প্রধান শিক্ষক মোহা. আব্দুল আহাদ। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক, ক্রীড়া সংগঠক ছাড়াও জেলা ক্রীড়া অফিস ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬-এর আওতায় চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া অফিস এই প্রতিযোগিতার আয়োজন করে।