ফিফার সঙ্গে চুক্তি করল ইউটিউব

ফিফার সঙ্গে চুক্তি করল ইউটিউব জুন-জুলাইয়ে ফিফা ফুটবল বিশ্বকাপের আসর বসবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। যা নিয়ে ফুটবলভক্তদের উন্মাদনা আগে থেকেই ছিল, সেটিকে কাজে লাগিয়ে নিত্য-নতুন উদ্যোগ নিচ্ছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। মাঠে বসে সরাসরি খেলা দেখতে টিকিট বিক্রি চলছে অনলাইনে, তবে যুক্তরাষ্ট্রে হতে যাওয়া ম্যাচের টিকিটমূল্য ব্যাপক মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। এরই মাঝে স্ক্রিনের সামনে খেলা উপভোগ করা দর্শকদের জন্য নতুন পদক্ষেপ নিলো ফিফা। যদিও এর সেই উদ্যোগের নেপথ্যে কতটুকু দর্শক চাহিদা মিটবে আর কতটুকু বাণিজ্যিক স্বার্থ জড়িত সেই আলোচনা রয়েছে। বিশ্বকাপ নিয়ে সামাজিক ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউবের সঙ্গে চুক্তি করেছে ফিফা। যার অধীনে বিশ্বকাপে প্রতিটি ম্যাচের অংশবিশেষ যোগাযোগমাধ্যমটিতে সম্প্রচার করা হবে। ফিফা বলছে, ‘গেম-চেঞ্জিং পার্টনারশিপ’ হিসেবে আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত বিশ্বকাপ ম্যাচের প্রথম ১০ মিনিট সম্প্রচারে উৎসাহিত করা হবে স্বত্বধারীদের। ম্যাচের শুরুর ১০ মিনিট মূলত একধরনের ‘টিজার’ হিসেবে কাজ করবে, যা তরুণদের আগ্রহ বাড়িয়ে পরে টিভির মতো প্রচলিত মাধ্যমে পুরো ম্যাচ দেখতে উদ্বুদ্ধ করবে। ফিফা জানিয়েছে, সম্প্রচার স্বত্বধারীরা কিছু নির্দিষ্ট ম্যাচ তাদের ইউটিউবে চ্যানেলে দেখাতে পারবে। এর মাধ্যমে বিশ্বজুড়ে আরও বেশি দর্শকের সঙ্গে সংযোগ তৈরি এবং এই প্রতিযোগিতা দেখতে উদ্বুব্ধ করবে তাদের। সেখানে উল্লেখ থাকবে বিশ্বকাপের পরবর্তী ম্যাচ কবে–কোথায় দেখানো হবে। তবে ঠিক কত টাকা মূল্যে ফিফা-ইউটিউবের এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে, সেটি প্রকাশ করা হয়নি। ফিফা প্রতিশ্রুতি দিয়েছে– নিজেদের বিশ্বকাপ আর্কাইভের কিছু অংশ শেয়ার করা হবে, ‘যার মধ্যে থাকবে অতীতের ম্যাচ ও ফুটবল ইতিহাসের আরও অনেক স্মরণীয় মুহূর্ত।’ এর আগে ২০২২ বিশ্বকাপেও ইউটিউব ছিল ফিফার নিম্নস্তরের স্পন্সর। সে চুক্তিতে বলা হয়েছিল, ‘ক্রিয়েটররা মাঠে উপস্থিত থেকে ফিফা বিশ্বকাপের নেপথ্যের দারুণ সব মুহূর্ত ধারণ করবে।’ এ ছাড়া বিশ্বকাপজুড়ে ইউটিউব কন্টেন্ট নির্মাতাদেরও নিজেদের মতো করে বিভিন্ন মুহূর্ত ধারণ করা ও সম্প্রচারে ব্যাপক অনুমোদন দেওয়া হবে বলে জানিয়েছিল আগেই। বিশ্বকাপের ২৩তম আসরে প্রথমবারের মতো ৪৮ দল অংশ নেবে। তিনটি দেশের ১৬ ভেন্যুতে হবে টুর্নামেন্টের ১০৪ ম্যাচ। অথচ আগের আসরগুলোয় সর্বোচ্চ ম্যাচ হয়েছিল ৬৪টি করে। ১২ গ্রুপে ভাগ হয়ে খেলবে প্রতিযোগী দলগুলো। বোঝাই যাচ্ছে কতটা ঠাসা সূচিতে বুঁদ হতে যাচ্ছে ফুটবলবিশ্ব। গ্রুপপর্ব থেকে শীর্ষ দুটি দল যাবে রাউন্ড অব ৩২–এ। বাকি ৮টি স্লট পূর্ণ হবে গ্রুপপর্বের লড়াইয়ে তৃতীয় স্থানে থাকা সেরা ৮ দল নিয়ে। এরপর ক্রমান্বয়ে রাউন্ড অব সিক্সটিন, ৮ দলের কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ১৯ জুলাই ফাইনাল অনুষ্ঠিত হবে। আসন্ন আসরে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ব্রাজিল সহজ গ্রুপে পড়েছে। ‘সি’ গ্রুপে ব্রাজিল পেয়েছে মরক্কো, হাইতি ও স্কটল্যান্ডকে। আর্জেন্টিনার ‘জে’ গ্রুপে প্রতিপক্ষ অস্ট্রিয়া, আলজেরিয়া ও জর্ডান। ব্রাজিল তাদের প্রথম ম্যাচ খেলবে মরক্কোর (১৪ জুন) সঙ্গে। ১৯৯৮ সালের বিশ্বকাপেও দুই দলের গ্রুপে দেখা হয়েছিল, ৩-০ গোলে জিতেছিল সেলেসাওরা। আর বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রথম ম্যাচ আলজেরিয়ার (১৭ জুন) বিপক্ষে।

এবার ভেনেজুয়েলাকে ‘৫১তম অঙ্গরাজ্য’ বানানোর ইঙ্গিত ট্রাম্পের!

এবার ভেনেজুয়েলাকে ‘৫১তম অঙ্গরাজ্য’ বানানোর ইঙ্গিত ট্রাম্পের! লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের ‘৫১তম অঙ্গরাজ্য’ বানানোর ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একটি বেসবল ম্যাচে ভেনেজুয়েলার জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে তিনি এ ধরনের ইঙ্গিত দেন। এর আগে কানাডা ও গ্রিনল্যান্ড নিয়েও এমন মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছিলেন ট্রাম্প। সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ওয়ার্ল্ড বেসবল ক্লাসিকের সেমিফাইনালে ইতালিকে ৪-২ ব্যবধানে হারানোর পর ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে ভেনেজুয়েলার প্রশংসা করেন। তিনি লেখেন, “দারুণ! আজ রাতে বেসবলে ইতালিকে হারিয়েছে ভেনেজুয়েলা। তাদের বেশ ফুরফুরে দেখাচ্ছে। সম্প্রতি ভেনেজুয়েলায় অনেক ভালো কিছু ঘটছে। আমি ভাবছি এই জাদুর রহস্য কী?” এবং এরপরই প্রশ্ন তোলেন— “৫১তম অঙ্গরাজ্য হলে কেমন হয়?” দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার পর ট্রাম্প বিভিন্ন দেশ ও অঞ্চল নিয়ে এমন মন্তব্য আগেও করেছেন। গ্রিনল্যান্ড ও কানাডাকেও তিনি যুক্তরাষ্ট্রের অংশ করার ইঙ্গিত দিয়েছিলেন। এদিকে এই জয়ের ফলে ভেনেজুয়েলা ফাইনালে উঠেছে এবং সেখানে তাদের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র। ২০২৩ সালে দুই দল মুখোমুখি হয়েছিল এবং সেখানে যুক্তরাষ্ট্র সহজেই জয় পেয়েছিল। সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের এক অভিযানে দেশটির তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হন। এর আগে ভেনেজুয়েলা থেকে মাদকপাচারের সন্দেহে নৌযানগুলোতে কয়েক সপ্তাহ ধরে হামলা চালানো হয়। মাদুরো আটক হওয়ার পর ট্রাম্প ঘোষণা দেন, যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিগুলো ভেনেজুয়েলায় বিনিয়োগ বাড়াবে এবং জ্বালানি খাত আধুনিকায়নে কাজ করবে। তবে সাম্প্রতিক সময়ে তার মনোযোগ বেশি রয়েছে মধ্যপ্রাচ্যের দিকে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালায় এবং ওই হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। এই সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যায়। গ্যাসবাডির তথ্যানুযায়ী, ফেব্রুয়ারির মাঝামাঝি ২ দশমিক ৮৮ ডলার থেকে বেড়ে তা রবিবার ৩ দশমিক ৬৮ ডলারে পৌঁছায়। ট্রাম্প দাবি করেছেন, জ্বালানির দাম বাড়লেও এতে যুক্তরাষ্ট্র ‘অনেক অর্থ আয় করবে’। যদিও নির্বাচনী প্রচারণায় তিনি জ্বালানি খরচ কমানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। এর আগে ইউরোপে গ্রিনল্যান্ড নিয়ে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন তিনি। জাতীয় নিরাপত্তার কথা উল্লেখ করে দ্বীপটি যুক্তরাষ্ট্রের প্রয়োজন বলেও দাবি করেছিলেন ট্রাম্প। একইভাবে কানাডাকেও যুক্তরাষ্ট্রের ‘প্রিয় ৫১তম অঙ্গরাজ্য’ বানানোর কথা বলেছিলেন তিনি। সম্প্রতি তিনি কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে ‘ভবিষ্যৎ গভর্নর’ বলেও উল্লেখ করেন।

হরমুজ প্রণালিতে অভিযানে যোগ দেবে আমিরাত

হরমুজ প্রণালিতে অভিযানে যোগ দেবে আমিরাত তেহরানে সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধের মাঝে হরমুজ প্রণালি সচল করার জন্য ওয়াশিংটনের নেতৃত্বাধীন উদ্যোগে সংযুক্ত আরব আমিরাত অংশ নিতে পারে বলে নিশ্চিত করেছে। দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গারগাশ এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় সময় মঙ্গলবার (১৭ মার্চ) মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক ‘কাউন্সিল অন ফরেন রিলেশনস’ আয়োজিত এক অনলাইন অনুষ্ঠানে তিনি আনোয়ার গারগাশ বলেন, বাণিজ্য প্রবাহ এবং জ্বালানি প্রবাহ নিশ্চিত করার দায়িত্ব সবার রয়েছে। কোনো আনুষ্ঠানিক পরিকল্পনায় এখনো সম্মত হয়নি, তবে আলোচনা চলছে। উপদেষ্টা আরও বলেন, ইরানের সঙ্গে মার্কিন-ইসরায়েলি যুদ্ধ শেষ হয়ে গেলে, এমন একটি ব্যবস্থা প্রয়োজন হবে যাতে তেহরান তার পারমাণবিক, ক্ষেপণাস্ত্র বা ড্রোন কর্মসূচি ব্যবহার করে মধ্যপ্রাচ্যে সন্ত্রাস ছড়াতে না পারে। এর আগে সোমবার হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, তিনি ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর সঙ্গে কথা বলেছেন। হরমুজ প্রণালি সচল করতে মিত্রদের রাজি করানোর বিষয়ে ম্যাক্রোঁর অবস্থানকে তিনি ‌‌‘‘১০-এর মধ্যে ৮’’ নম্বর দেন। একইসঙ্গে তিনি হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজ চলাচল নিশ্চিত করতে যুদ্ধজাহাজ মোতায়েন করতে বিভিন্ন দেশকে একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন।

ইরানের হামলায় আরও ১৯২ জন ইসরায়েলি আহত

ইরানের হামলায় আরও ১৯২ জন ইসরায়েলি আহত যুক্তরাষ্ট্র ও ইসরাইল জোটের বিমান হামলার জবাবে পাল্টা মিসাইল ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে ইরান। তাদের হামলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৯২ জন ইসরায়েলি নাগরিক আহত হয়েছেন। আজ ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা। প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টার মধ্যে ১৯২ জন আহত ইসরায়েলিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৪ জনের অবস্থা মাঝারি ধরনের গুরুতর। বাকিদের আঘাত তুলনামূলকভাবে কম। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত মোট ৩৭২৭ জন ইসরায়েলিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে, দখলদার ইসরাইলের ওপর ইরানের মিসাইল হামলা এখনো চলমান রয়েছে। ইরানের মুহুর্মুহু মিসাইল হামলায় ইহুদিবাদী ভূখণ্ডের মধ্য ও দক্ষিণাঞ্চলে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই সময়ে ইরান দাবি করেছে, লারিজানির হত্যার প্রতিশোধ হিসেবেই এসব হামলা চালানো হয়েছে। দেশটির গণমাধ্যম জানিয়েছে, হামলার পর মধ্য ইসরায়েলজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। চ্যানেল ১২-এর খবরে বলা হয়েছে, ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সতর্কতা জারির পর মধ্য ইসরায়েলের গুশ দান এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। অন্তত একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। এ সময় ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ থেকে কিছু বিস্ফোরণ ঘটেছে। হোলন শহরে ক্ষেপণাস্ত্র হামলায় কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েকটিতে আগুন ধরে যাওয়ার খবর পাওয়া গেছে। এদিকে, একই গণমাধ্যম জানিয়েছে, সর্বশেষ হামলায় মধ্য ইসরায়েলের কাফর কাসেম শহরের অন্তত চারটি স্থানে বিস্ফোরণ ঘটেছে। এতে ব্যাপক সম্পদের ক্ষতি হয়েছে। একটি স্থানে আতঙ্কে অসুস্থ হয়ে পড়া দু’জনকে চিকিৎসা দেওয়া হয়েছে।

যুদ্ধবিধ্বস্ত ইরান থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনছে সরকার

যুদ্ধবিধ্বস্ত ইরান থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনছে সরকার যুদ্ধবিধ্বস্ত ইরান থেকে দেশে ফিরতে আগ্রহী বাংলাদেশিদের প্রত্যাবাসনের উদ্যোগ নিয়েছে সরকার। দেশটিতে অবস্থানরত কয়েকশ নাগরিককে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে আগামীকাল থেকেই এই কার্যক্রম শুরু হতে পারে প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, প্রায় দুইশ বা তার বেশি বাংলাদেশিকে বাকু থেকে ঢাকায় ফেরানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রথমে তাদের সড়কপথে ইরান সীমান্ত অতিক্রম করে আজারবাইজানে নেওয়া হবে। পরে হায়দার আলিয়েভ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরিয়ে আনা হবে। এ কার্যক্রম তদারকির জন্য তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক আজারবাইজান যাচ্ছেন। পাশাপাশি প্রত্যাবাসন কার্যক্রমে সহায়তার জন্য ঢাকা থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুজন কর্মকর্তা ইতোমধ্যে বাকুর উদ্দেশে রওনা হয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ইরান থেকে দেশে ফিরতে আগ্রহীদের তালিকা তৈরি করা হয়েছে এবং দ্রুতই প্রত্যাবাসন কার্যক্রম শুরু করা হবে।

ঈদের দিন যেমন থাকতে পারে আবহাওয়া

ঈদের দিন যেমন থাকতে পারে আবহাওয়া চলছে সিয়াম সাধনার মাস রমজান। চাঁদ দেখার ওপর নির্ভর করছে আগামী শুক্র বা শনিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। এ দুদিন দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আজ আবহাওয়া অফিসের ৫ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২০ মার্চ শুক্রবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এছাড়া আগামী ২১ মার্চ (শনিবার) রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসময় সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের নতুন সতর্কতা জারি

ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের নতুন সতর্কতা জারি বি১/বি২ ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে চাওয়া বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন সতর্কবার্তা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস। আজ ঢাকাস্থ মার্কিন দূতাবাস এক ফেসবুক পোস্টের মাধ্যমে ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্র যেসব কাজ করা যাবে না, তার একটি তালিকা দিয়েছে। পোস্টে বলা হয়েছে, বি১/বি২ ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেয়া যাবে না। অনেকেই এই ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেয়ার চেষ্টা করেন, যেন শিশু মার্কিন নাগরিকত্ব পায়। বিষয়টি ‘বার্থ ট্যুরিজম’ নামে পরিচিত। একইভাবে বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রের কোনো নিয়োগকর্তা বা ব্যবসা প্রতিষ্ঠান থেকে পারিশ্রমিক পাওয়া যায় এমন কাজ করা যাবে না। এককথায় এই ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করা কোনও ব্যক্তি পারিশ্রমিকের বিনিময়ে কোনও কাজ করতে পারবেন না। এছাড়া ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে ডিগ্রি বা প্রাতিষ্ঠানিক ক্রেডিটের জন্য পড়াশোনা করা যাবে না বলেও সাফ জানিয়ে দিয়েছে মার্কিন দূতাবাস।

জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক আগামীকাল

জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক আগামীকাল পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার তথ্য পর্যালোচনা ও মুসলিম ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করতে আগামীকাল বৈঠকে বসতে যাচ্ছে জাতীয় চাঁদ দেখা কমিটি। আজ ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অবস্থিত বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশন-এর সম্মেলন কক্ষে সন্ধ্যা ৬টায় বৈঠকটি অনুষ্ঠিত হবে। এতে আরও বলা হয়, এ বৈঠকে সভাপতিত্ব করবেন ধর্ম মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। বাংলাদেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ এবং ০২-২২৩৩৮৩৩৯৭- এই ফোন নম্বরগুলোতে অথবা সংশ্লিষ্ট জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানোর জন্য অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

নওগাঁয় যাত্রীবাহী বাসে সাড়ে ৬ কোটি টাকার ক্রিষ্টাল মেথ আইস জব্দ

নওগাঁয় যাত্রীবাহী বাসে সাড়ে ৬ কোটি টাকার ক্রিষ্টাল মেথ আইস জব্দ নওগাঁ সদর উপজেলায় এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট, বিজিবি ও পুলিশের সমন্বয়ে গঠিত টাস্কফোর্সের অভিযানে একটি যাত্রীবাহী বাস তল্লাশী করে প্রায় সাড়ে ৬ কোটি টাকা মূল্যের ১ কেজি ৩০০ গ্রাম ‘ক্রিষ্টাল মেথ আইস’ মাদকদ্রব্য জব্দ হয়েছে। বিজিবি জানায়, গতকাল বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ থেকে বগুড়াগামী একটি যাত্রীবাহী বাসে সমন্বিত টাস্কফোর্সের একটি দল অভিযান চালায়। এসময় সাহাপুর এলাকায় সন্দেহভাজন বাসটি দাঁড় করিয়ে তল্লাশী করলে মালিকবিহীন অবস্থায় ১ কেজি ৩০ গ্রাম ক্রিষ্টাল মেথ আইস মাদকদ্রব্য জব্দ হয়। অভিযানে ১৬ বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার ও সহকারী পরিচালক রবিউল ইসলামের নেতৃত্বে সঙ্গে ছিলেন, নওগাঁ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট প্রশান্ত কুমার এবং নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সমন্বয়ে গঠিত একটি টাস্কফোস। গতকাল রাতে ১৬ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ১৬ বিজিবির প্রশাসনিক দায়িত্বপূর্ণ এলাকায় জব্দ ওই মাদকদ্রব্য নওগাঁ সদর মডেল থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীণ। তিনি আরও জানান, দায়িত্পূর্ণ নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে এবং প্রশাসনিক দায়িত্বপূর্ণ এলাকায় মাদক পাচার ও অবৈধ চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান চলমান রাখবে ১৬ বিজিবি।

গোমস্তাপুরে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোমস্তাপুরে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার গোমস্তাপুর উপজেলা থেকে মতিয়ারা ওরফে শিল্পী বেগম নামে এক গৃহবধুর সিলিং ফ্যানের সাথে গলায় রশির ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি গোমস্তাপুরের আলীনগর ইউনিয়নের উত্তর মকরমপুর মধ্যপাড়া গ্রামের হেলিম আলীর স্ত্রী এবং শিবগঞ্জ উপজেলার শ্যামপুর গোপালনগর গ্রামের মৃত ওয়াজেদ আলীর মেয়ে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আজ সকালে স্বামীর বাড়িতে শাশুড়ির শয়নকক্ষের দরজা ভেতর থেকে আটকিয়ে ফাঁস দেন মতিয়ারা। পরে পরিবারের সদস্যরা ঘটনা টের পেয়ে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙ্গে মতিয়ারাকে মৃত অবস্থায় ঝুলতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তবে মৃত্যুর ব্যাপারে মতিয়ারার বড়ভাই সিরাজুল ইসলাম আত্মহত্যা প্ররোচনার অভিযোগ তুলেছেন। ওসি আরও বলেন, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীণ।