ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক শুরু ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যক্রমকে গতিশীল করতে জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক শুরু হয়েছে। আজ বেলা ১১টায় জাতীয় সংসদ সচিবালয়ের কেবিনেট কক্ষে এ বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। উপস্থিত আছেন বিরোধী দলীয় উপনেতা ডা. আবদুল্লাহ তাহেরসহ কমিটির ১১ সদস্য। মূলত, সংসদ সদস্যদের আবাসন সমস্যাসহ গুরুত্বপূর্ণ বিষয়ে সমাধানের করণীয় ঠিক করতে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। এদিকে, বিকাল ৪টায় জাতীয় সংসদের সরকারি দলের সংসদীয় সভাও অনুষ্ঠিত হবে। সংসদ ভবনের সরকার দলীয় সভাকক্ষে ওই বৈঠক হবে। বিএনপি সংসদীয় দলের সভায় অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে আলোচনা হতে পারে। এসব অধ্যাদেশের বিষয়ে আগামী ২ এপ্রিলের মধ্যে জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রতিবেদন দেয়ার কথা রয়েছে। আগামীকাল থেকে ত্রয়োদশ জাতীয় সংসদের পরবর্তী অধিবেশন শুরু হবে। সংসদের এই অধিবেশন চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত। উল্লেখ্য, গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। এরপর থেকেই সংসদীয় কার্যক্রমকে নিয়মিত ও গতিশীল করতে বিভিন্ন প্রস্তুতি চলছিল। আজকের বৈঠকের মধ্য দিয়ে সংসদীয় কমিটিগুলোর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো।
‘বর্তমান পোশাকে পুলিশ সন্তুষ্ট নয়’ : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

‘বর্তমান পোশাকে পুলিশ সন্তুষ্ট নয়’ : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বর্তমান পোশাকে পুলিশ সদস্যরা সন্তুষ্ট নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বর্তমান পোশাকে পুলিশ বাহিনী সন্তুষ্ট নয়, আগের ঐতিহ্যমণ্ডিত যেকোনো একটি পোশাক যাতে বাংলাদেশ পুলিশ বাহিনী পায় সেজন্য সরকার কাজ করে যাচ্ছে। আজ রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমীতে ৪৩তম বিসিএস পুলিশ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণতান্ত্রিক সংস্কারে রাষ্ট্র কাঠামোর যে সংস্কারের কথা বলা হয়েছে- তার মধ্যে অন্যতম পুলিশ সংস্কার কমিশন গঠন। পুলিশ বাহিনীকে রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত রাখতে পুলিশ সংস্কার কমিশন গঠন করা হয়েছে। অচিরেই এর সুফল সবাই পাবে। এবারের ৭২ শিক্ষানবিশ পুলিশ সুপার এই প্রশিক্ষণ সমাপনীতে অংশ নেন। এদের মধ্যে ৬৬ জন পুরুষ আর ৬ নারী।। প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার আহমেদ সাদমান সাকিব। দীর্ঘ প্রশিক্ষণের কৃতিত্বের অংশ হিসেবে বেস্ট প্রবেশনার এবং বেস্ট অ্যাকাডেমিক এই দুটো ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পাওয়ার গৌরব অর্জন করেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মো. ফাহিম ফয়সাল। এছাড়াও বেস্ট ইন ফিল্ড অ্যাক্টিভিটিজ অ্যাওয়ার্ড অর্জন করেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মো. আরাফাত হোসেন, বেস্ট হর্সম্যানশিপ অ্যাওয়ার্ড অর্জন করেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার শাওন রেজা এবং বেস্ট শ্যুটার হওয়ার গৌরব অর্জন করেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার বাপী কুমার দাশ। ২০২৫ সালের ১ মার্চ শুরু হওয়া ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের ৭২ জন প্রশিক্ষণার্থী আজকের এই প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজের মধ্য দিয়ে বাস্তব কর্মজীবনে প্রবেশ করলেন।
জ্বালানি তেল মজুতকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়

জ্বালানি তেল মজুতকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় দেশে জ্বালানি তেলের মজুদ ও সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। আতঙ্কিত হয়ে অতিরিক্ত জ্বালানি তেল ক্রয় না করতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। আজ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমরানুল হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার চাহিদা অনুযায়ী জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে আন্তর্জাতিক বাজার হতে প্রয়োজনীয় তেল ক্রয় করছে। ফলে দেশে জ্বালানি তেলের সরবরাহ ঘাটতির কোনো সম্ভাবনা নেই। সতর্ক করে আরও বলা হয়েছে, পেট্রোল, অকটেন ও ডিজেল অত্যন্ত দাহ্য পদার্থ। এ ধরনের জ্বালানি তেল ব্যক্তিগতভাবে মজুদ করা অত্যন্ত বিপজ্জনক। যারা অতিরিক্ত লাভের আশায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করছেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে বিজ্ঞপ্তিতে জ্বালানি তেলের অবৈধ মজুদকে ‘না’ বলার আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জ্বালানি তেলের অবৈধ মজুদ রোধে দেশের প্রতিটি জেলায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট সক্রিয় রয়েছে। সরকার এখন পর্যন্ত জ্বালানি তেলের মূল্য বাড়ায়নি বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। তাই এ বিষয়ে সচেতন থাকার জন্য নাগরিকদের অনুরোধ জানানো হয়েছে।
প্রধানমন্ত্রীর মোটরকেডে যোগ হচ্ছে ৮০০ সিসির ১০ মোটরসাইকেল

প্রধানমন্ত্রীর মোটরকেডে যোগ হচ্ছে ৮০০ সিসির ১০ মোটরসাইকেল প্রধানমন্ত্রীর মোটরকেড ডিউটির জন্য ৮০০ সিসির ১০টি মোটরসাইকেল কেনা হচ্ছে। এতে সরকারের ব্যয় হবে ৬ কোটি টাকা। বাংলাদেশ পুলিশের সদর দপ্তরের বাজেট খাতে অর্থ বরাদ্দ থাকা সত্ত্বেও দ্বি-তারকাবিশিষ্ট খাত থেকে অর্থ বরাদ্দ দেওয়া হচ্ছে বলে জানা গেছে। অর্থমন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। প্রাপ্ত তথ্যে আরও জানা যায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় চলতি মার্চ মাসের ৫ তারিখে প্রধানমন্ত্রীর নিরাপত্তার স্বার্থে অ্যাডভান্স পাইলটদের ব্যবহারের জন্য ন্যূনতম ৮০০ সিসির ১০টি মোটরসাইকেল জরুরি ভিত্তিতে কেনার জন্য পুলিশ সদর দপ্তর থেকে বাংলাদেশ পুলিশ-এর ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে দ্বি-তারকা (**) চিহ্নিত মোটরযান খাতে ৬ কোটি টাকা বরাদ্দ চেয়ে অর্থমন্ত্রণালয়ে চিঠি দেয়। মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ‘সদর দপ্তর, বাংলাদেশ পুলিশ’ এর চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে বরাদ্দ রয়েছে ৮০ কোটি টাকা। এই অর্থ এখনও কোনো কাজে ব্যয় হয়নি। অব্যয়িত অর্থ থাকায় অপ্রত্যাশিত খাত থেকে বরাদ্দ দেয়ার সুযোগ নেই বলে জানানো হলে পুলিশ অধিদপ্তর হতে বলা হয়েছে বরাদ্দকৃত অর্থ ২০২৫-২৬ অর্থবছরের পূর্ব পরিকল্পনা অনুযায়ী ব্যয় করা হবে। সে প্রেক্ষিতে অপ্রত্যাশিত খাত হতে বরাদ্দ প্রদান করা প্রয়োজন। উল্লেখ্য, অর্থ বিভাগের ২০২৫ সালের ৮ জুলাই জারি করা পরিপত্র অনুযায়ী সব ধরনের যানবাহন ক্রয় বন্ধ রাখার নির্দেশনা রয়েছে। তবে ১০ বছরের অধিক পুরোনো টিওঅ্যান্ডইভুক্ত যানবাহন প্রতিস্থাপনের ক্ষেত্রে অর্থ বিভাগের অনুমোদনক্রমে ব্যয় নির্বাহ করা যাবে। এই প্রেক্ষাপটে সার্বিক বিবেচনায় প্রধানমন্ত্রীর নিরাপত্তার স্বার্থে ৮ জুলাইয়ের পরিপত্র শিথিল করে অর্থ বিভাগের অধীন ‘অপ্রত্যাশিত ব্যয় ব্যবস্থাপনা’ এর অপ্রত্যাশিত ব্যয়’ খাত থেকে ‘সদর দপ্তর, বাংলাদেশ পুলিশ-এর মোটরযান’ খাতে ৬ কোটি টাকা বরাদ্দ করে মন্ত্রণালয়। তবে এর বিপরীতে কয়েকটি শর্ত আরোপ করা হয়েছে। বরাদ্দকৃত অর্থ চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের কর্তৃত্ব আদেশের অংশ হিসেবে গণ্য হবে। এছাড়া অন্যান্য শর্তের মধ্যে রয়েছে, মোটরযান ক্রয়ের আগে ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগের অনুমোদন গ্রহণ করতে হবে। অনুমোদিত বিভাজন অনুযায়ী অর্থ ছাড় করতে হবে। ছাড়কৃত অর্থ ব্যয়ে সরকারি ক্রয় সংক্রান্ত আইন ২০০৬ সরকারি ক্রয়বিধিমালা ২০২৫-সহ যাবতীয় আর্থিক বিধিবিধান ও নিয়মাচার যথাযথভাবে প্রতিপালন করতে হবে।