৭ দিনে ৫০০ কোটির ক্লাবে ‘ধুরন্ধর ২’, বক্স অফিসে তাণ্ডব

৭ দিনে ৫০০ কোটির ক্লাবে ‘ধুরন্ধর ২’, বক্স অফিসে তাণ্ডব বলিউডের বক্স অফিসে বর্তমানে রীতিমতো তাণ্ডব চালাচ্ছে রণবীর সিং অভিনীত স্পাই অ্যাকশন ড্রামা ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’। আদিত্য ধর পরিচালিত এই সিনেমাটি একের পর এক পুরোনো রেকর্ড ভেঙে বক্স অফিসে সাফল্যের নতুন মানদণ্ড তৈরি করছে। মুক্তির মাত্র সপ্তম দিনে অর্থাৎ গতকাল ৪০ কোটি রুপি আয়ের মাধ্যমে সিনেমাটির মোট সংগ্রহ দাঁড়িয়েছে ৫২৬ কোটি টাকা (নেট)। এর ফলে হিন্দি সিনেমার ইতিহাসে দ্রুততম সময়ে ৫০০ কোটির ক্লাবে প্রবেশের অনন্য নজির গড়ল ‘ধুরন্ধর ২’। যদিও এই অভাবনীয় অর্জনে সিনেমাটির ‘পেইড প্রিভিউ’ বা আগাম প্রদর্শনীর বড় ভূমিকা ছিল বলে মনে করছেন বিশ্লেষকরা। এর আগে হিন্দি সংস্করণে দ্রুততম ৫০০ কোটি ছোঁয়ার রেকর্ডটি ছিল আল্লু অর্জুনের ‘পুষ্পা ২: দ্য রুল’-এর দখলে, যা এই মাইলফলক স্পর্শ করতে ১১ দিন সময় নিয়েছিল। এ ছাড়া ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত এই সিরিজের প্রথম কিস্তি ‘ধুরন্ধর’ ১৭ দিনে এই রেকর্ড গড়েছিল। জাওয়ান, স্ত্রী ২ কিংবা গদর ২-এর মতো ব্লকবাস্টার সিনেমাগুলোকেও এখন আয়ের দৌড়ে পেছনে ফেলে দিয়েছে রণবীরের এই নতুন সিনেমাটি। বর্তমান ধারা বজায় থাকলে আগামী দু-এক দিনের মধ্যেই এটি জাওয়ান এবং ছাভার জীবনকালীন আয়কে ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। বাণিজ্য বিশ্লেষকদের মতে, সিনেমাটি এখন খুব দ্রুত ৬০০ কোটি ক্লাবের দিকে এগোচ্ছে এবং আগামী রবিবারের মধ্যে এর মোট সংগ্রহ ৭০০ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। অ্যানিম্যাল কিংবা পাঠানের মতো সিনেমাগুলোকে এরই মধ্যে টপকে যাওয়া ‘ধুরন্ধর ২’ এখন বলিউডের ইতিহাসে অন্যতম সফল স্পাই থ্রিলার হিসেবে নিজের অবস্থান শক্ত করে নিয়েছে। বক্স অফিসের এই জয়জয়কার রণবীর সিংয়ের ক্যারিয়ারে এক নতুন উচ্চতা যোগ করল।

প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন মালাইকা, জানালেন সম্পর্কে জড়ানোর ‘শর্ত’

প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন মালাইকা, জানালেন সম্পর্কে জড়ানোর ‘শর্ত’ বলিউড অভিনেত্রী মালাইকা অরোরার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা যেন থামছেই না। কখনো অর্জুন কাপুরের সঙ্গে বিচ্ছেদ, আবার কখনো কোনো ‘রহস্যময়’ পুরুষের সঙ্গে নাম জড়িয়ে প্রতিনিয়তই খবরের শিরোনাম হচ্ছেন তিনি। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। সম্প্রতি ‘কার্লি টেলস’-এ দেওয়া এক সাক্ষাৎকারে এই নিরন্তর গুঞ্জনকে ‘বিরক্তিকর’ বলে অভিহিত করেছেন মালাইকা। তিনি জানান, আগে এসব বিষয়ে মেজাজ হারালেও এখন তিনি এবং তার ছেলে আরহান খান এসব খবর পড়ে একসঙ্গে হাসাহাসি করেন। কারও সঙ্গে নাম জড়ালে তা এখন তাদের কাছে স্রেফ একটি কৌতুক ছাড়া আর কিছু নয়। সম্প্রতি ‘স্প্লিটসভিল্লা এক্সসিক্স’ খ্যাত সোরাব বেদীর সঙ্গে একটি পার্টির ছবি ভাইরাল হওয়ার পর মালাইকার নতুন প্রেমের গুঞ্জন তুঙ্গে ওঠে। এ প্রসঙ্গে মালাইকা স্পষ্ট জানান, তিনি বর্তমানে তার জীবনের প্রতিটি মুহূর্ত দারুণভাবে উপভোগ করছেন এবং নতুন করে কোনো সঙ্গী খোঁজার জন্য মরিয়া নন। মালাইকার ভাষ্যমতে, সঙ্গী বা সাহচর্য অবশ্যই সুন্দর, কিন্তু আমি সক্রিয়ভাবে কাউকে খুঁজছি না। আমি একজন স্বনির্ভর নারী হিসেবে গর্বিত এবং নিজেকে পূর্ণতা দিতে আমার কোনো পুরুষের প্রয়োজন নেই। তিনি আরও যোগ করেন, ভবিষ্যতে যদি কারও সঙ্গে সম্পর্কে জড়াতে হয়, তবে সেটি হবে সম্পূর্ণ তার নিজের শর্তে। দীর্ঘ দুই দশক আরবাজ খানের সঙ্গে সংসার করার পর ২০১৭ সালে তাদের বিচ্ছেদ হয়। এরপর ২০১৮ সাল থেকে অর্জুন কাপুরের সঙ্গে দীর্ঘস্থায়ী সম্পর্কে থাকলেও ২০২৪ সালে তাদের পথ আলাদা হয়ে যায়। বারবার বিভিন্ন বন্ধুর সঙ্গে নাম জড়ানো নিয়ে মালাইকা রসিকতা করে বলেন, এখন অবস্থা এমন দাঁড়িয়েছে যে কোনো দীর্ঘদিনের বন্ধু, বিবাহিত সহকর্মী বা ম্যানেজারের সঙ্গে দেখা গেলেও তাকে ‘প্রেমিক’ বানিয়ে দেওয়া হয়। পেশাদার জীবনেও মালাইকা বর্তমানে বেশ সফল সময় পার করছেন। গত বছর ‘থাম্মা’ ছবিতে রাশমিকা মান্দানার সঙ্গে তার ‘পয়জন বেবি’ গানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। অভিনয়ের পাশাপাশি লেখক হিসেবেও তিনি আত্মপ্রকাশ করেছেন তার নতুন বই ‘ইটস ইজি টু বি হেলদি’-র মাধ্যমে।

আন্তর্জাতিক প্রেক্ষাগৃহে মুক্তি পেল ‘বনলতা এক্সপ্রেস’

আন্তর্জাতিক প্রেক্ষাগৃহে মুক্তি পেল ‘বনলতা এক্সপ্রেস’ দেশের প্রেক্ষাগৃহে অভাবনীয় সাড়ার পর এবার আন্তর্জাতিক প্রেক্ষাগৃহে মুক্তি পেল তানিম নূরের সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। দর্শকদের প্রশংসার পাশাপাশি বক্স অফিসেও রমরমিয়ে আয় করছে ছবিটি। আজ থেকে অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে দেখা যাচ্ছে তারকাবহুল এই সিনেমাটি। এমনটা নিশ্চিত করেছেন ছবিটির পরিচালক এবং এর পরিবেশক বঙ্গজ ফিল্মস। বঙ্গজ ফিল্মস জানিয়েছে, আজ থেকে অস্ট্রেলিয়ার ব্যাংকস টাউন, ক্যাম্পবেল টাউন, ক্যারোসল-সহ শহরটির ১৯টি প্রেক্ষাগৃহে দেখা যাবে ‘বনলতা এক্সপ্রেস’। এছাড়াও আগামী এপ্রিল থেকে যুক্তরাজ্যের বিভিন্ন প্রেক্ষাগৃহেও মুক্তি পাবে ছবিটি। উল্লেখ্য, একটি ট্রেনযাত্রাকে ঘিরে এগোনো গল্পে যাত্রীদের জীবনের নানা দিক উঠে এসেছে ‘বনলতা এক্সপ্রেস’-এ। হুমায়ূন আহমেদ-এর ‘কিছুক্ষণ’ উপন্যাস থেকে অনুপ্রাণিত এই সিনেমায় অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, সাবিলা নূর ও আজমেরী হক বাঁধনসহ আরো অনেকে।মুক্তির পর থেকেই দর্শকদের অভাবনীয় সাড়া পাচ্ছে ছবিটি। মুক্তির দিন থেকে প্রতিদিনই বেশ অনেকটা করে এগিয়েছে সিনেমাটির আয়।

বিশ্বকাপে ব্রাজিলকে ফেবারিট মানছেন না ভিনিসিউস জুনিয়র

বিশ্বকাপে ব্রাজিলকে ফেবারিট মানছেন না ভিনিসিউস জুনিয়র আসন্ন বিশ্বকাপে ব্রাজিলকে ফেবারিট হিসেবে দেখছেন না ভিনিসিউস জুনিয়র। তবে শিরোপার লড়াইয়ে নিজেদের সর্বোচ্চটা উজাড় করে দিতে প্রস্তুত বলেও জানিয়েছেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল সবশেষ শিরোপা জিতেছে ২০০২ সালে। এরপর প্রতিটি বিশ্বকাপেই ‘হেক্সা’ জয়ের লক্ষ্য নিয়ে নামলেও সফল হতে পারেনি তারা। সামনে আরেকটি বিশ্বকাপকে ঘিরে আবারও আলোচনায় সেলেসাওদের সম্ভাবনা। বিশ্বকাপের আগে শেষ সময়ের প্রস্তুতিতে ব্যস্ত দলগুলো। সাম্প্রতিক পারফরম্যান্স ও দলের গভীরতায় অনেক দলকে ফেবারিট ধরা হলেও নিজেদের সেই তালিকায় রাখছেন না ভিনিসিউস। তার ভাষায়, সাম্প্রতিক ফলাফলের ভিত্তিতে ব্রাজিল ফেবারিট নয়। তবে দলের ইতিহাস ও জার্সির মর্যাদা ধরে রাখতে সর্বোচ্চ চেষ্টা করবে তারা। এদিকে ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তির অধীনে নতুনভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে ব্রাজিল। দল নির্বাচন নিয়ে সমালোচনা থাকলেও কোচের কৌশলের প্রশংসা করেছেন ভিনিসিউস। তিনি বলেন, কোচ দলের ওপর থেকে চাপ কমিয়ে খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়িয়েছেন। চলতি মৌসুমে দারুণ ফর্মে আছেন এই তারকা। ৪৩ ম্যাচে করেছেন ১৭ গোল, সঙ্গে আছে ৮টি সহায়তা। তবে জাতীয় দলে সেই পারফরম্যান্স ধরে রাখতে না পারার আক্ষেপ রয়েছে তার। আসন্ন বিশ্বকাপে নিজেকে নতুনভাবে প্রমাণ করতে চান তিনি। বিশ্বকাপের আগে ক্রোয়েশিয়ার বিপক্ষে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ব্রাজিল। এরপর ১৮ মে ঘোষণা করা হবে চূড়ান্ত দল। ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে পাঁচবারের চ্যাম্পিয়নরা।

এশিয়া কাপে কম্পাউন্ড ইভেন্টে প্রথমবার বাংলাদেশের সোনা জয়

এশিয়া কাপে কম্পাউন্ড ইভেন্টে প্রথমবার বাংলাদেশের সোনা জয় থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাংকিং টুর্নামেন্ট স্টেজ-১ এ পুরুষ কম্পাউন্ড দলগত ইভেন্টে স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ। ফাইনালে ভিয়েতনামকে ২৩১-২২৫ পয়েন্টে হারিয়ে এই সাফল্য পায় লাল-সবুজের প্রতিনিধিরা। হিমু বচ্চার, ঐশ্বর্য রহমান ও নেওয়াজ আহমেদ রাকিবের সমন্বয়ে গড়া বাংলাদেশ দল শুরু থেকেই এগিয়ে ছিল। প্রথম সেটে তারা ৫৭ পয়েন্ট তুললে ভিয়েতনাম পায় ৫৫। এরপর পুরো ম্যাচেই লিড ধরে রাখে বাংলাদেশ। চতুর্থ সেটে ভিয়েতনামের চেয়ে এক পয়েন্ট কম পেলেও মোট ব্যবধানে এগিয়ে ছিল বাংলাদেশ। শেষ সেটে দারুণ নৈপুণ্য দেখিয়ে ৬০-এর মধ্যে ৫৯ পয়েন্ট সংগ্রহ করে বড় ব্যবধানে জয় নিশ্চিত করে দলটি। এই জয়ের মাধ্যমে এশিয়া কাপে পুরুষ কম্পাউন্ড দলগত ইভেন্টে প্রথমবারের মতো স্বর্ণপদক জিতল বাংলাদেশ। একই সঙ্গে দক্ষিণ এশিয়ার বাইরে কম্পাউন্ড ইভেন্টে এটিই বাংলাদেশের প্রথম স্বর্ণ। বাংলাদেশ আর্চারি দলের সহকারী কোচ নূর এ আলম জানান, এর আগে ২০২১ সালে দক্ষিণ কোরিয়া ও ২০২২ সালে ইরাকে অনুষ্ঠিত এশিয়া কাপে পুরুষ দলগত ইভেন্টে রুপা জিতেছিল বাংলাদেশ। এই স্বর্ণপদক হিমু, আইশ্বর্য ও রাকিব তিন আর্চারেরই প্রথম আন্তর্জাতিক স্বর্ণ। এর আগে হিমু দক্ষিণ কোরিয়া ও ইরাকে রুপা জয়ী দলে ছিলেন, আর রাকিব ইরাক আসরে রুপা জিতেছিলেন।

হায়দরাবাদ কিংসমেনকে উড়িয়ে মোস্তাফিজ-ইমনদের পিএসএল শুরু

হায়দরাবাদ কিংসমেনকে উড়িয়ে মোস্তাফিজ-ইমনদের পিএসএল শুরু শিরোপা ধরে রাখার মিশনে চ্যাম্পিয়ন দলের মতোই নতুন পিএসএল শুরু করল লাহোর কালান্দার্স। এই টুর্নামেন্টের নতুন দল হায়দরাবাদ কিংসমেনকে উদ্বোধনী ম্যাচে রীতিমতো উড়িয়েই দিল মোস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমনদের দল। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গতকাল রাতের ম্যাচে কিংসমেনকে ৬৯ রানে হারিয়েছে কালান্দার্স। আগে ব্যাট করে ১৯৯ রানের বিশাল পুঁজি দাঁড় করায় গত আসরের চ্যাম্পিয়নরা। জবাবে ১৩০ রানে গুটিয়ে যায় এবারই প্রথম পিএসএল খেলতে আসা কিংসমেন। বাংলাদেশের দুই ক্রিকেটারের মধ্যে ইমনের অত বেশি ভালো কাটেনি প্রথম ম্যাচ। পিএসএলে নিজের অভিষেক ম্যাচে ১৩ বলে ১৪ রান করেন তিনি। আর ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন মোস্তাফিজ। উদ্বোধনী ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে কালান্দার্সের পক্ষে সর্বোচ্চ ৫৩ রানের ইনিংস খেলেন ফখর জামান। ৩৯ বলের ইনিংসে ১০টি চার মারেন বাঁহাতি ওপেনার। আরেক ওপেনার মোহাম্মদ নাঈম খেলেন ১৯ বলে ৩০ রানের ইনিংস। তিন নম্বরে নেমে ৪ রানের বেশি করতে পারেননি আব্দুল্লাহ শফিক। এরপর ক্রিজে গিয়ে মার্নাস লাবুশেনের বলে একটি ছক্কা মারেন ইমন। তবে পরের ওভারে রিলে মেরেডিথের বলে ছক্কা মারতে গিয়ে লং অনে ক্যাচ দেন বাংলাদেশের বাঁহাতি ব্যাটার। পরে ঝড় তোলেন হাসিবউল্লাহ খান ও সিকান্দার রাজা। মাত্র ১০ বলে ২৪ রান করেন রাজা। আর ২৪ বলে ৪০ রানের ইনিংস খেলেন হাসিবউল্লাহ। ইনিংসের শেষ দুই বলের জন্য ক্রিজে গিয়ে দুইটি ছক্কা মেরে দেন শাহিন শাহ আফ্রিদি। কিংসমেনের পক্ষে ২টি করে উইকেট নেন মেরেডিথ ও হাসান খান। রান তাড়ায় একবারের জন্যও জয়ের সুযোগ তৈরি করতে পারেনি পিএসএলের নবাগত দলটি। দলের পক্ষে সর্বোচ্চ ২৬ রান করেন অধিনায়ক লাবুশেন, সাইম আইয়ুব করেন ১৯ রান। স্বীকৃত ব্যাটারদের সবাই হতাশ করলে বড় পরাজয় সঙ্গী হয় কিংসমেনের। কালান্দার্সের হয়ে ২টি করে উইকেট নেন উবাইদ শাহ, হারিস রউফ ও সিকান্দার রাজা।

২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ধাপের টিকিট বিক্রি শুরু ১ এপ্রিল

২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ধাপের টিকিট বিক্রি শুরু ১ এপ্রিল বিশ্বকাপের উত্তেজনা যতই ঘনিয়ে আসছে, ততই বাড়ছে টিকিটের চাহিদা, আর সেই প্রেক্ষাপটেই চূড়ান্ত ঘোষণা দিল ফিফা। ২০২৬ ফিফা বিশ্বকাপের টিকিট বিক্রির শেষ ধাপ শুরু হচ্ছে আগামী বুধবার ১ এপ্রিল থেকে। ফিফা জানিয়েছে, এটি হবে টিকিট বিক্রির চতুর্থ ও শেষ ধাপ, যা ‘লাস্ট-মিনিট’ সেলস ফেজ হিসেবে পুরো টুর্নামেন্ট চলাকালীন ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত খোলা থাকবে। যদিও ঠিক কতসংখ্যক টিকিট ছাড়া হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য দেয়নি সংস্থাটি। এই ধাপে টিকিট বিক্রি হবে ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে। একইসঙ্গে ধাপে ধাপে টিকিট ছাড়া হবে, এমনকি কখনো কখনো ম্যাচের দিনেও টিকিট বিক্রির সুযোগ থাকতে পারে। এর আগের ধাপগুলোতে ফিফার তথ্যমতে, ৫০ কোটিরও বেশি আবেদন থেকে ইতোমধ্যে ১০ লাখের বেশি টিকিট বিক্রি হয়েছে। সব মিলিয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর ১৬টি স্টেডিয়ামে আয়োজিত এই আসরে প্রায় ৭০ লাখ টিকিট বিক্রির পরিকল্পনা রয়েছে। তবে টিকিটের উচ্চমূল্য নিয়ে তীব্র সমালোচনার মুখেও পড়েছে ফিফা। ইউরোপের সমর্থক সংগঠন ফুটবল সাপোটার্স ইউরোপ (এফএসই) ইউরোপীয় কমিশনে মামলা দায়ের করে অভিযোগ করেছে, ফিফা তাদের একচেটিয়া অবস্থান ব্যবহার করে অতিরিক্ত মূল্য নির্ধারণ করেছে এবং ক্রয়প্রক্রিয়াকে করেছে অস্পষ্ট ও অন্যায্য। যদিও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছেন, টিকিটের দাম নির্ধারণে মূল ভূমিকা রেখেছে ‘অস্বাভাবিক’ চাহিদা। সমালোচনার মুখে ফিফা ৬০ ডলারের একটি বিশেষ ক্যাটাগরির টিকিট চালু করেছিল, যা নির্দিষ্ট সমর্থক ক্লাবগুলোর জন্য সংরক্ষিত। তবে এফএসইয়ের দাবি, সাধারণ বিক্রি শুরু হওয়ার আগেই এই ক্যাটাগরির টিকিট প্রায় শেষ হয়ে গেছে। এদিকে, টিকিট পুনর্বিক্রয় ও বিনিময়ের অফিসিয়াল প্ল্যাটফর্মও ২ এপ্রিল থেকে আবার চালু করা হবে বলে জানিয়েছে ফিফা। যদিও এই প্ল্যাটফর্মেও উচ্চমূল্যের অভিযোগ রয়েছে। ফিফার দাবি, এটি সম্পূর্ণ ‘ফ্যান-টু-ফ্যান’ বাজার, যেখানে বিক্রেতারাই নিজেদের টিকিটের দাম নির্ধারণ করেন, এতে সংস্থার কোনো হস্তক্ষেপ নেই।

আইপিএলের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা

আইপিএলের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা আগামী ২৮ মার্চ মাঠে গড়াচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯ তম আসর। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গত বারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দ্রাবাদ। চিন্নাস্বামী স্টেডিয়ামে হবে সেই ম্যাচ। গ্তকাল আসরকে সামনে রেখে গ্রুপ পর্বের পুরো সূচি জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। এর আগে প্রথম পর্বের ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল তারা। দেশের চার রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচন থাকায় বাকি সূচি স্থগিত ছিল। সেই সূচি এবার জানিয়ে দেওয়া হয়েছে। গ্রুপ পর্বে মোট ৭০টি ম্যাচ হবে। প্লে-অফের সূচি পরে ঘোষণা করা হবে বলে জানিয়েছে আইপিএল কর্তৃপক্ষ| এসব ম্যাচগুলো অনুষ্ঠিত হবে কলকাতা, মুম্বই, চেন্নাই, দিল্লি, বেঙ্গালুরু, অহমদাবাদ, হায়দরাবাদ, লখনউ, জয়পুর, ধর্মশালা, রাইপুর, নিউ চণ্ডীগড় ও গুয়াহাটি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, রাজস্থান রয়্যালস, পঞ্জাব কিংস একাধিক মাঠে নিজেদের ঘরের ম্যাচ খেলবে। বাকি সাত দল একটি মাঠেই নিজেদের সব হোম ম্যাচ খেলবে। তবে এ বার আইপিএলে কোনও উদ্বোধনী অনুষ্ঠান হবে না বলে বোর্ড আগেই জানিয়ে দিয়েছে। ২৪ মে গ্রুপ পর্বের শেষ ম্যাচ হবে। দ্বিতীয় পর্বের সূচনা হবে সানরাইজার্স হায়দরাবাদ এবং রাজস্থান রয়্যালসের ম্যাচ দিয়ে, যা হায়দরাবাদে অনুষ্ঠিত হবে। এই পর্বে মোট আটটি ডাবল-হেডার ম্যাচ থাকবে, যেখানে প্রথম পর্বে ছিল চারটি। চেন্নাই এবং মুম্বই সমর্থকদের জন্য সুখবর, দ্বিতীয় পর্বে এই দুই দল দু’বার মুখোমুখি হবে। প্রথম ম্যাচটি হবে ২৩ এপ্রিল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। এরপর ২ মে চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে আবার মুখোমুখি হবে দুই দল। বিসিসিআই আরও জানিয়েছে, প্লে-অফের ভেন্যু পরে ঘোষণা করা হবে। “প্লে-অফের ভেন্যু যথাসময়ে জানানো হবে,” বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। আগেই ঘোষিত সূচি অনুযায়ী, আইপিএল ২০২৬-এর উদ্বোধনী ম্যাচে ২৮ মার্চ বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদের। আসম, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের কারণে একসঙ্গে পুরো সূচি ঘোষণা করা সম্ভব হয়নি। তবে নির্বাচনের তারিখ আগেই ঘোষণা হয়ে যাওয়ায় বিসিসিআই এখন টুর্নামেন্টের সম্পূর্ণ সূচি ও ম্যাচ তালিকা প্রকাশ করেছে। এবারের আইপিএলে কেকেআরের প্রথম ম্যাচ ২৯ মার্চ। প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স। ওয়াংখেড়েতে। কেকেআরের পরের তিন ম্যাচ ইডেনে। ২ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদ, ৬ এপ্রিল পঞ্জাব কিংস ও ৯ এপ্রিল লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলবে নাইটরা। কেকেআরের পঞ্চম ম্যাচ ১৪ এপ্রিল। এমএ চিদম্বরম স্টেডিয়ামে সিএসকের বিরুদ্ধে। ১৭ এপ্রিল আহমদাবাদে কেকেআর খেলবে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে। ১৯ এপ্রিল ইডেনে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নামবে কলকাতা। পরের ম্যাচ ২৬ এপ্রিল। এএলজি-র বিরুদ্ধে লখনউতে। ৩ মে হায়দরাবাদে এসআরআইচ-এর বিরুদ্ধে খেলবেন রাহানেরা।

জ্বালানির মূল্যবৃদ্ধিতে উত্তাল ফিলিপাইন, দেশজুড়ে ধর্মঘট ও জরুরি অবস্থা জারি

জ্বালানির মূল্যবৃদ্ধিতে উত্তাল ফিলিপাইন, দেশজুড়ে ধর্মঘট ও জরুরি অবস্থা জারি মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের জেরে জ্বালানিসংকটে বিপর্যস্ত ফিলিপাইনে তেলের আকাশছোঁয়া দামের প্রতিবাদে রাজধানী ম্যানিলায় শত শত মানুষ বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছেন। দেশটির পরিবহন ইউনিয়নগুলোর ডাকা দুই দিনের দেশব্যাপী ধর্মঘটের অংশ হিসেবে শুক্রবার এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। যুদ্ধ শুরুর পর থেকে ফিলিপাইনে ডিজেল ও পেট্রলের দাম দ্বিগুণেরও বেশি বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। বিক্ষোভকারীরা ম্যানিলা শহর প্রদক্ষিণ করে প্রেসিডেন্সিয়াল প্যালেসের দিকে অগ্রসর হওয়ার পরিকল্পনা করেছেন, যেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা ও ব্যারিকেড তৈরি করা হয়েছে। জ্বালানি ঘাটতির কারণে চলতি সপ্তাহের শুরুর দিকে ফিলিপাইন বিশ্বের প্রথম দেশ হিসেবে রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে। প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র সতর্ক করে বলেছেন যে, দেশের জ্বালানি সরবরাহের স্থিতিশীলতা ও প্রাপ্যতা বর্তমানে ‘আসন্ন বিপদের’ মুখে রয়েছে। ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী মারিয়া তেরেসা লাজারো সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, দেশে বর্তমানে মাত্র ৪০ থেকে ৪৫ দিনের পেট্রোলিয়াম মজুত অবশিষ্ট রয়েছে। জ্বালানির এই উচ্চমূল্য দেশটির অর্থনীতিতে একটি ‘ক্যাসকেডিং এফেক্ট’ বা ধারাবাহিক নেতিবাচক প্রভাব ফেলছে বলেও তিনি উল্লেখ করেন। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় ফিলিপাইন সরকার জ্বালানি সাশ্রয়ী কঠোর পদক্ষেপ কার্যকর করার পাশাপাশি পরিবহন খরচ কমাতে জ্বালানি ভর্তুকি এবং অন্যান্য উদ্যোগ গ্রহণ করেছে। এ ছাড়া বাজারে পেট্রোলিয়াম পণ্যের মজুতদারি, মুনাফাখোরি এবং কৃত্রিম সংকট তৈরি করে সরবরাহব্যবস্থায় কারসাজি রোধে প্রশাসনের পক্ষ থেকে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। সংকট উত্তরণে আন্তর্জাতিক মহলের সহযোগিতার পাশাপাশি অভ্যন্তরীণ সম্পদ ব্যবহারের ওপর জোর দিচ্ছে দেশটি।

অবসরে গেলেন নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী সুশিলা কার্কি

অবসরে গেলেন নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী সুশিলা কার্কি নেপালের প্রথম নারী প্রধান বিচারপতি সুশিলা কার্কি অবসর ভেঙে দেশের সবচেয়ে কঠিন দায়িত্ব নিয়েছিলেন। দুর্নীতিবিরোধী বিক্ষোভে সরকার পতনের পর তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন। দায়িত্ব পালন শেষে আবারও অবসরে ফিরে গেলেন তিনি। ৭৩ বছর বয়সী কার্কি সংকটময় সময়ে দেশের হাল ধরার জন্য প্রশংসিত হয়েছেন। ২০০৬ সালে গৃহযুদ্ধের অবসানের পর এটি ছিল দেশটির এক অস্থির সময়। বিদায়ী ভাষণে তিনি বলেন, ‘এই দায়িত্ব নেওয়ার সময় আমি ভয় ও অনিশ্চয়তায় ডুবে ছিলাম।’ কার্কি বলেন, ‘তবে আমি বিশ্বাস নিয়ে এসেছিলাম-সংকটের সময় অন্তত আশা জাগাতে পারব।’ তিনি এমন এক দেশের নেতৃত্ব দেন, যা তখন গভীরভাবে বিভক্ত ছিল। অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে তিনি যখন দায়িত্ব নেন, তখন প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। ২০২৫ সালের সেপ্টেম্বরের সহিংসতায় সংসদসহ বহু সরকারি ভবন পুড়িয়ে দেওয়া হয়। এতে ৭৭ জন নিহত হন। কার্কি বারবার বলেন, তিনি কখনো এই দায়িত্ব চাননি। জেন জি প্রজন্মের নেতৃত্বে শুরু হওয়া বিক্ষোভের কর্মীরা অনলাইন প্ল্যাটফর্ম ডিসকর্ডের মাধ্যমে তার নাম প্রস্তাব করে। শেষ পর্যন্ত তিনি নির্বাচিত হন। নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। গতকাল রাতে তিনি বলেন, ‘পরিবর্তনের জন্য কাজ করা তরুণ প্রজন্মের অনুরোধে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য নিয়ে আমি এই দায়িত্ব গ্রহণ করি।’ তিনি আরো বলেন, ‘এখন কিছুটা সন্তুষ্টি ও অনেক আশা নিয়ে বিদায় চাইছি।’ দায়িত্ব নেওয়ার পর তার প্রথম কাজগুলোর একটি ছিল সহিংসতা তদন্তে কমিশন গঠন। কমিশন তার পূর্বসূরি চারবারের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলিকে বিচারের আওতায় আনার সুপারিশ করেছে। নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাওয়া ৩৫ বছর বয়সী র‌্যাপার বালেন্দ্র শাহ ৫ মার্চ ভোট দেওয়ার পর কার্কির একটি ছবি পোস্ট করেন। তিনি লেখেন, ‘আপনার নেতৃত্বে গণতন্ত্র জয়ী হয়েছে।’ ১৯৫২ সালে পূর্ব নেপালের শিল্পশহর বিরাটনগরে জন্ম কার্কির। ভারতে রাষ্ট্রবিজ্ঞান ও কাঠমাণ্ডুতে আইন বিষয়ে ডিগ্রি অর্জন করেন তিনি। ১৯৭৯ সালে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। এ সময়ে নারীদের জন্য আইন পেশায় প্রবেশ ছিল বিরল। দ্রুতই নির্ভীক আইনজীবী হিসেবে সুনাম অর্জন করেন তিনি। অনেকেই এড়িয়ে যেতেন এমন মামলাও তিনি গ্রহণ করতেন।