শিবগঞ্জে লাইসেন্স বিহীন ২ টি মটর গাড়ীকে ৯০০ টাকা জরিমানা

শিবগঞ্জে লাইসেন্স বিহীন ২ টি মটর গাড়ীকে ৯০০ টাকা জরিমানা শিবগঞ্জে লাইসেন্স বিহীন, রেজিস্ট্রেশন বিহীন এবং হেলমেট বিহীন মোটরসাইকেল চালনার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। আজ মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সহকারী কমিনার – ভূমি মোঃ তৌফিক আজিজ। এসময় সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী লাইসেন্স ও রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল চালানোর অপরাধে ৪ ধারা ভঙ্গের দায়ে ৬৬ ধারায় ২ জনকে মোট ৬০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া হেলমেট বিহীন মোটরসাইকেল চালানোর অপরাধে একই আইনের ১৬ ধারা ভঙ্গের দায়ে ৭২ ধারায় একজনকে ৩০০ টাকা জরিমানা করা হয়েছে।  

গোমস্তাপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ফিলিং স্টেশনকে অর্থদণ্ড

গোমস্তাপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ফিলিং স্টেশনকে অর্থদণ্ড গোমস্তাপুরে ২ টি ফিলিং স্টেশনে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। আজ ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী এই অভিযান পরিচালনা করেন। অভিযানে গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড়দাদপুর এলাকায় অবস্থিত মেসার্স ব্রাদার্স এন্ড সিস্টার ফিলিং স্টেশনে তেল মজুদ থাকা সত্ত্বেও বিক্রি না করার অপরাধে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেন ভ্রাম্যমান আদালতের বিচারক। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, আজ ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী উপজেলার মেসার্স মানিক রতন ফিলিং স্টেশন ও মেসার্স ব্রাদার্স এন্ড সিস্টার নামের ২টি ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করেন। এর মধ্যে মেসার্স ব্রাদার্স এন্ড সিস্টার ফিলিং স্টেশনে অভিযানে গিয়ে দেখতে পান পাম্পে তেল নেই স্টিকার ঝুলিয়ে রেখে তেল বিক্রি বন্ধ রেখেছে। পরে স্টোরেজ যাচাই করে ফিলিং স্টেশনটিতে ২ হাজার ৩৬৮ লিটার পেট্রোল, ৩ হাজার ৭৬০ লিটার ডিজেল এবং ৩ হাজার ৬৫৫ লিটার অকটেন মজুদ রয়েছে নিশ্চিত হন। ভ্রাম্যমান আদালতের বিচারক ও ইউএনও জাকির মুন্সী জানান, উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড়দাদপুর এলাকায় অবস্থিত মেসার্স ব্রাদার্স এন্ড সিস্টার ফিলিং স্টেশনে পেট্রোল, ডিজেল, অকটেন মজুদ থাকা সত্ত্বেও গ্রাহকের কাছে বিক্রি করছিলেন না। পণ্য বিক্রয় না করার অপরাধে ওই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে বিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে আদায় করা হয়। এছাড়া মজুদ থাকা জ্বালানি বিক্রয়ের কার্যক্রম শুরু করা হয়।

টানা ৮দিন বন্ধের পর চালু হয়েছে রহনপুর রেলবন্দর

টানা ৮দিন বন্ধের পর চালু হয়েছে রহনপুর রেলবন্দর ঈদের ছুটি শেষে গোমস্তাপুর উপজেলায় অবস্থিত রহনপুর রেলবন্দর গত টানা ৮ দিন বন্ধের পর পূণরায় চালু হয়েছে। গত ১৬ মার্চ থেকে ২৩ মার্চ ঈদের জন্য বন্দর বন্দ ছিলো। বন্দর চালুর প্রথম দিন ২৪ মার্চ দুটি পণ্যবাহী ভারতীয় ট্রেন বাংলাদেশের রহনপুর রেলবন্দরে প্রবেশ করে। এরপর গত ২৫ মার্চ আরও দুটি পণ্যবাহী ভারতীয় ট্রেন রহনপুরে প্রবেশ করে। ভারতের বিহার রাজ্যের কাটিহার ষ্টেশনে এসব ট্রেনে আমদানীকৃত ভুট্টা-পশুখাদ্য বোঝাই করা হয়। এছাড়া আজ রাতে আরও ১টি ও আগামীকাল শনিবার ও ২৯ মার্চ রোববার আরও অন্তত ৩ টি ট্রেন প্রবেশের কথা রয়েছে বলে জানিয়েছে রেল সূত্র। রহনপুর রেলওয়ে ষ্টেশন মাষ্টার মামুনুর রশিদ জানান, এসকল ট্রেন ভারতের বিহারের কাটিহার ষ্টেশন থেকে ছেড়ে পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। আমদানী পন্যবাহী এ সব ট্রেনে যথাক্রমে ৪২, ৪১, ৩৯ ও ২১টি ওয়াগন ছিল। ট্রেনগুলোর ৩টি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা জংশন ষ্টেশন হয়ে ঈশ্বরদী, উল্লাপাড়া ও সিরাজগঞ্জ বাজার ষ্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আমনূরা জংশন ষ্টেশনে গন্তব্যে যাবার জন্য অপেক্ষমান রয়েছে একটি ট্রেন। আমনুরা জংশন মাষ্টার হাসিবুল হাসান বলেন, ভারত থেকে আমদানীকৃত ট্রেনের কাষ্টমস প্রক্রিয়া রহনপুরে সম্পন্ন হবার পর আমনুরা জংশনে এসে পৌঁছায়। এরপর ট্রেনগুলি গন্তব্যে ছেড়ে যায়। ঈদের বন্ধের পর গতকাল পর্যন্ত ভারত থেকে আমদানীকৃত মেইজ বোঝাই ৩টি ট্রেন গন্তব্যে রওনা হয়েছে বলেও জানান আমনুরা জংশন ষ্টেশন মাষ্টার।

জ্বালানি সংকটে ভেনেজুয়েলায় এক সপ্তাহ ছুটি ঘোষণা

জ্বালানি সংকটে ভেনেজুয়েলায় এক সপ্তাহ ছুটি ঘোষণা ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ তীব্র গরম ও জ্বালানি সংকটের কারণে সরকারি কর্মচারীদের জন্য এক সপ্তাহের ছুটি ঘোষণা করেছেন। আজ বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা দীর্ঘদিন ধরেই বিদ্যুৎ সংকট ও রেশনিংয়ের সমস্যায় ভুগছে। বিশেষ করে ইস্টার উপলক্ষে জ্বালানি সাশ্রয়ের জন্য অতীতেও কর্মদিবস কমানো ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নজির রয়েছে। ডেলসি রদ্রিগেজ বলেন, পবিত্র সপ্তাহ উপলক্ষে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি থাকবে। পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয়ের অংশ হিসেবে বিভিন্ন মন্ত্রণালয়েও সীমিত কার্যক্রম বা ছুটি পালন করা হবে। তিনি জানান, টানা প্রায় ৪৫ দিন ধরে তীব্র তাপপ্রবাহের কারণে বিদ্যুতের চাহিদা বেড়ে গেছে, যা জ্বালানি সংকটকে আরও তীব্র করেছে। তবে জরুরি ও প্রয়োজনীয় সেবাগুলো এই সিদ্ধান্তের বাইরে থাকবে। উল্লেখ্য, গত ৩ জানুয়ারি মার্কিন বাহিনীর অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো গ্রেফতার হওয়ার পর থেকে ডেলসি রদ্রিগেজ অন্তর্বর্তী নেতৃত্ব দিয়ে আসছেন।

যুক্তরাষ্ট্র থেকে এলো আরও ৬২ হাজার মেট্রিক টন গম

যুক্তরাষ্ট্র থেকে এলো আরও ৬২ হাজার মেট্রিক টন গম যুক্তরাষ্ট্র থেকে আরও ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। আজ খাদ্য মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। খাদ্য মন্ত্রণালয় জানায়, মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) আলোকে নগদ ক্রয় চুক্তি নম্বর জি টু জি-০৩ এর অধীনে আমেরিকা থেকে ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম নিয়ে এমভি. উবন নারী (MV. UBON NAREE) জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। ইতোপূর্বে জি টু জি-৩ চুক্তির আওতায় প্রথম শিপমেন্টের মাধ্যমে ৫৮ হাজার ৪৫৭ মেট্রিক টন গম দেশে পৌঁছেছে। জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে এবং দ্রুত গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জাহাজে রক্ষিত ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গমের মধ্যে ৩৭ হাজার ২৯০ মেট্রিক টন গম চট্টগ্রামে এবং অবশিষ্ট ২৪ হাজার ৮৬০ মেট্রিক টন মোংলা বন্দরে খালাস করা হবে। বাংলাদেশ ইতোমধ্যে সরকার টু সরকার (জি টু জি) ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি কার্যক্রম শুরু করছে। জি টু জি-১ এবং ২ চুক্তির আওতায় আমদানিকৃত সকল গম দেশে পৌঁছেছে। জি টু জি-১ মোতাবেক ২ লাখ ৩৭ হাজার ৮৪৫ মেট্রিক টন এবং জি টু জি-২ মোতাবেক ২ লাখ ৩০ হাজার ৩৯ মেট্রিক টন; মোট ৪ লাখ ৬৭ হাজার ৮৮৪ মেট্রিক টন গম দেশে এসেছে। দেশে মোট গমের চাহিদা কমবেশি ৭০ লাখ মেট্রিক টন। দেশে উৎপাদন হয় কমবেশি ১০ লাখ মেট্রিক টন। চাহিদা পূরণের জন্য সরকারি বেসরকারি পর্যায়ে অবশিষ্ট গম বিদেশ থেকে আমদানি করা হয়।

ঈদযাত্রায় সড়কে ঝরল ২৭৪ প্রাণ : রোড সেফটি ফাউন্ডেশন

ঈদযাত্রায় সড়কে ঝরল ২৭৪ প্রাণ : রোড সেফটি ফাউন্ডেশন এবারের ঈদুল ফিতরের আগে ও পরে গত ১০ দিনে দেশে সড়ক দুর্ঘটনায় ২৭৪ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে সড়ক নিরাপত্তায় কাজ করা সংগঠন রোড সেফটি ফাউন্ডেশন। সংগঠনটির তথ্যমতে, ১৭ থেকে ২৬ মার্চ ভোর পর্যন্ত সারা দেশে মোট ৩৪২টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে প্রাণ হারিয়েছেন ২৭৪ জন। গত বছর ঈদুল ফিতরের ছুটিতে ১১ দিনে সড়ক দুর্ঘটনায় ২৪৯ জন নিহত হয়েছিলেন। সে হিসেবে এবারের ঈদে প্রাণহানির সংখ্যা বেড়েছে। এবারের ঈদযাত্রায় কিছু দুর্ঘটনা নাড়িয়ে দিয়েছে পুরো দেশকে। গত ২১ মার্চ রাতে কুমিল্লায় বাস ও ট্রেনের সংঘর্ষে ১২ জন নিহত হন। এর কয়েক দিন পর ২৫ মার্চ রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে একটি যাত্রীবাহী বাস ডুবে ২৬ জনের মৃত্যু হয়। এদিকে, সরকারি সংস্থা বিআরটিএ’র (বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ) তথ্যমতে, ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত ৭ দিনে ৯২টি সড়ক দুর্ঘটনায় ১০০ জন নিহত এবং ২১৭ জন আহত হয়েছেন। পুলিশ সদর দপ্তরের এক গবেষণা বলছে, ৪২ শতাংশ দুর্ঘটনার মূলে রয়েছে চালকদের বেপরোয়া গতি। এছাড়া ফিটনেসবিহীন যানবাহন এবং লাইসেন্সবিহীন চালকদের দৌরাত্ম্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান বলেন, দুর্ঘটনা ও মৃত্যুর পরিসংখ্যানই প্রমাণ করে সড়ক ব্যবস্থাপনার দুর্বলতা রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধ করা, চালকদের সঠিক প্রশিক্ষণ নিশ্চিত করা এবং মহাসড়কে আধুনিক ট্রাফিক ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমেই কেবল এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যু প্রতিরোধ করা সম্ভব।

চল্লিশের পর প্রোটিন জরুরি কেন?

চল্লিশের পর প্রোটিন জরুরি কেন? বার্ধক্যের ধারণাটি সময়ের সঙ্গে সঙ্গে নতুনভাবে সংজ্ঞায়িত হচ্ছে। লক্ষ্য বদলে গেছে, এখন আর শুধু বেশিদিন বেঁচে থাকাটা মুখ্য নয়, বরং পরিপূর্ণ, উদ্যমী এবং স্বাস্থ্যকর জীবনযাপন করাটাই মূল লক্ষ্য। চল্লিশের পরের জীবনযাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। আগের প্রজন্মের একই বয়সের মানুষের তুলনায় আজকের মানুষ অনেক বেশি সক্রিয়, সচেতন এবং নিজেদের স্বাস্থ্য নিয়ে অনেক বেশি সতর্ক। চল্লিশ ও পঞ্চাশের কোঠায় থাকা ব্যক্তিরা এখন আর ধীরে ধীরে নিজেদের গুটিয়ে নিচ্ছেন না; বরং, তারা নিজেদের জীবনকে আরও উন্নত করতে সক্রিয় হচ্ছেন। এই বিনিয়োগের কেন্দ্রবিন্দুতে রয়েছে খাদ্যের সঙ্গে এক নতুন সম্পর্ক। আমরা কতটা সুস্থভাবে বার্ধক্যে পৌঁছাব, তাতে পুষ্টি একটি নির্ধারক ভূমিকা পালন করে চল্লিশের দশকেই এই সম্পর্ককে আরও গভীর করা প্রয়োজন। একটি সুষম খাদ্যতালিকা অপরিহার্য হয়ে ওঠে, এর বাইরে শরীরের জন্য যা ক্রমশ প্রয়োজন তা হলো প্রোটিনের ওপর সচেতনভাবে মনোযোগ দেওয়া। পর্যাপ্ত প্রোটিন ছাড়া শরীর ধীরে ধীরে পেশী হারাতে থাকে, যা শক্তি, সচলতা এবং সার্বিক কার্যকারিতাকে প্রভাবিত করে। আগে প্রোটিনকে মূলত ক্রীড়াবিদ, বডিবিল্ডার বা বাড়ন্ত শিশুদের সঙ্গে যুক্ত করা হতো। তবে জীবনের সকল পর্যায়ে পেশী শক্তি, সচলতা এবং সার্বিক প্রাণশক্তি বজায় রাখার জন্য প্রোটিন একটি অপরিহার্য পুষ্টি উপাদান। সচেতনতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রোটিন এখন আরও উদ্দেশ্যমূলক এবং অর্থবহ খাদ্যাভ্যাসে রূপান্তরিত হচ্ছে, বিশেষ করে ৪০-এর কাছাকাছি এবং তার বেশি বয়সী সুস্থ বয়স্কদের মধ্যে, যারা সক্রিয়ভাবে এটি গ্রহণ করছেন। ৪০-এর পরে প্রোটিন কেন অপরিহার্য হয়ে ওঠে বেশিরভাগ ঐতিহ্যবাহী খাদ্যাভ্যাস মূলত শস্য-কেন্দ্রিক, যেখানে কার্যকরী পুষ্টির চেয়ে তৃপ্তির ওপর বেশি জোর দেওয়া হয়। যদিও এই ধরনের খাবার শক্তি জোগায়, তবে এতে পর্যাপ্ত প্রোটিনের অভাব থাকে, যার ফলে দৈনন্দিন পুষ্টির ঘাটতি দেখা দেয়। একটি মেডিকেল রিসার্চ (ICMR-NIN, 2024) অনুসারে, প্রতি কেজি শরীরের ওজনের জন্য ০.৮-১.০ গ্রাম প্রোটিন গ্রহণের পরামর্শ দেওয়া হয়, এবং বয়স্কদের জন্য এর চাহিদা আরও বেশি। তবে গবেষণায় দেখা গেছে যে ৭০%-এরও বেশি মানুষ এটি পূরণ করতে ব্যর্থ হন এবং বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাদের প্রোটিন গ্রহণের পরিমাণ অনেকটা হ্রাস পায়। এই ঘাটতি ধীরে ধীরে তৈরি হয় এবং এর ফলে পেশীর পরিমাণ কমে যায়, রোগ থেকে সেরে উঠতে দেরি হয়, ক্লান্তি, রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে এবং দৈনন্দিন শক্তি ও স্বনির্ভরতা হ্রাস পায়। বার্ধক্যের সঙ্গে সম্পর্কিত সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তনগুলোর মধ্যে একটি হলো পেশীর পরিমাণ এবং শক্তির ধীরে ধীরে হ্রাস পাওয়া, এই অবস্থাকে সারকোপেনিয়া বলা হয়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই প্রক্রিয়া দ্রুততর হওয়ায়, সিঁড়ি বেয়ে ওঠা বা বাজার করার জিনিসপত্র বহন করার মতো সাধারণ কাজগুলোও কঠিন হয়ে উঠতে পারে। বার্ধক্যকালে, শরীরে অ্যানাবলিক রেজিস্ট্যান্সও দেখা দেয়, যেখানে কঙ্কাল পেশীগুলো টিস্যু তৈরি ও মেরামতের জন্য খাদ্য থেকে প্রাপ্ত প্রোটিন ব্যবহারে কম দক্ষ হয়ে পড়ে। ফলস্বরূপ, পেশীর ক্ষয় রোধ করতে এবং শক্তি ও শরীরের অত্যাবশ্যকীয় কাজগুলো বজায় রাখতে অধিক পরিমাণে প্রোটিন গ্রহণের প্রয়োজন হয়। দৈনন্দিন খাদ্যাভ্যাসের উন্নতি সুস্থ বার্ধক্য মানে চরম ডায়েট বা স্বল্পমেয়াদী সমাধান নয়, এর মূল বিষয় হলো এমন ধারাবাহিক ও টেকসই অভ্যাস গড়ে তোলা যা সময়ের সঙ্গে সঙ্গে শরীরকে সহায়তা করে। সাধারণ ও পরিচিত খাবারের অদলবদলই বড় প্রভাব ফেলতে পারে। সাধারণ গমের আটার পরিবর্তে প্রোটিন-সমৃদ্ধ বা প্রোটিন-বর্ধিত আটা ব্যবহার করা, খাবারে পনির, সয়া বা প্রাণিজ প্রোটিন যোগ করা, ধীরে ধীরে দৈনিক প্রোটিন গ্রহণের পরিমাণ বাড়াতে পারে। এই পরিবর্তনগুলোর বাইরে, দিনের সবচেয়ে ভারী খাবারগুলো বিশেষ করে সকালের নাস্তা এবং রাতের খাবার নিয়ে নতুন করে ভাবা সবচেয়ে কার্যকর পরিবর্তনগুলোর মধ্যে একটি। শর্করা-বহুল সকালের নাস্তার পরিবর্তে হোল-গ্রেইন ওটসের মতো বিকল্প বেছে নিতে পারেন, যা প্রাকৃতিকভাবে প্রোটিন এবং দ্রবণীয় ফাইবার সরবরাহ করে, এটি একটি ছোট পরিবর্তন হলেও এর প্রভাব অনেক বড়। এই ধরনের অভ্যাস শক্তির মাত্রা স্থিতিশীল রাখতে, গ্লুকোজের আকস্মিক বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে, পেশী ও হৃৎপিণ্ডের স্বাস্থ্য রক্ষায় সহায়তা করে এবং দিনের বাকি অংশের জন্য একটি শক্তিশালী পুষ্টির ভিত্তি তৈরি করে। খাবারে উচ্চ-প্রোটিনযুক্ত সিরিয়াল, প্রোটিন-সমৃদ্ধ আটা এবং প্রাকৃতিকভাবে প্রোটিন-সমৃদ্ধ উপাদানও অন্তর্ভুক্ত করা যেতে পারে। একটি সুষম প্লেটে বিভিন্ন বেলার খাবারে পর্যাপ্ত পরিমাণে উচ্চ-মানের প্রোটিন, ফাইবার, ভিটামিন এবং স্বাস্থ্যকর ফ্যাট থাকা উচিত।

শেষ হলো হানিয়া-বিলালের ‘মেরি জিন্দেগি হ্যায় তু’

শেষ হলো হানিয়া-বিলালের ‘মেরি জিন্দেগি হ্যায় তু’ বর্তমান সময়ের পাকিস্তানি ড্রামা ইন্ডাস্ট্রির অন্যতম তারকা জুটি হানিয়া আমির-বিলাল আব্বাস খান। ললিউডের এ তারকা জুটির ‘মেরি জিন্দেগি হ্যায় তু’র যাত্রা শেষ হলো। দীর্ঘ চার মাসের সফল প্রচারণার পর গত ২২ মার্চ মুক্তি পেয়েছে নাটকটির অন্তিম পর্ব। ৩৪ পর্বের এই মেগা হিট সিরিজটি বিদায়বেলায় দর্শক হৃদয়ে বড় এক শূন্যতা রেখে গেছে। নাটকটিতে ‘ডা. আয়রা’ চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছেন জনপ্রিয় হানিয়া আমির। কাজ শেষ করার পর নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্ট করেছেন তিনি। শুটিং সেটের পর্দার পেছনের কিছু অদেখা মুহূর্ত শেয়ার করে হানিয়া লিখেছেন, ‘সফর কঠিন ছিল, কিন্তু গন্তব্য প্রিয়। বিদায়, প্রিয়রা।’ তার এমন বিদায়ী বার্তায় মন্তব্য ঘরে আবেগ ধরে রাখতে পারছেন না ভক্তরা। ২০২৫ সালের শেষদিকে শুরু হওয়া এই নাটকে হানিয়ার বিপরীতে ‘কামইয়ার’ চরিত্রে দেখা গেছে বিলাল আব্বাস খানকে। রাদান শাহ-এর দুর্দান্ত চিত্রনাট্য এবং মুসাদ্দিক মালেকের সুনিপুণ পরিচালনায় নাটকটি শুধু পাকিস্তানেই নয়, আন্তর্জাতিকভাবেও ব্যাপক সমাদৃত হয়েছে। নাটকটির সফলতায় বড় ভূমিকা রেখেছে এর টাইটেল ট্র্যাক বা ওএসটি। অসীম আজহার ও সাবরি সিস্টার্সের কণ্ঠে গাওয়া গানটি মাসজুড়েই ছিল মিউজিক চার্টের শীর্ষে। হানিয়া আমির ও বিলাল আব্বাস ছাড়াও এই সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আলি রেহমান খান, আলী খান, জাভেরিয়া আব্বাসি এবং ওয়ার্দা আজিজ। বর্তমানে নাটকের সবকটি পর্ব ইউটিউব প্ল্যাটফর্মে দর্শকদের জন্য উন্মুক্ত রয়েছে।

বসন্তে পড়ালেখা কমিয়ে প্রেম করার পরামর্শ দিল চীনা বিশ্ববিদ্যালয়

বসন্তে পড়ালেখা কমিয়ে প্রেম করার পরামর্শ দিল চীনা বিশ্ববিদ্যালয় পড়াশোনার বাইরে একটু ভিন্ন বার্তা দিয়ে আলোচনায় এসেছে চীনের একটি বিশ্ববিদ্যালয়। বসন্তের ছুটিতে শিক্ষার্থীদের ফুল উপভোগ করার পাশাপাশি প্রেমে পড়ার আহ্বান জানিয়েছে তারা। রয়টার্স এর এক প্রতিবেদনে জানা গেছে, সিচুয়ান সাউথওয়েস্ট ভোকেশনাল কলেজ অব এভিয়েশন তাদের উইচ্যাট অ্যাকাউন্টে ১ থেকে ৬ এপ্রিল পর্যন্ত বসন্তকালীন ছুটির প্রতিপাদ্য হিসেবে ফুল দেখা ও রোমান্স উপভোগের কথা জানিয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তিতে শিক্ষক ও শিক্ষার্থীদের সাময়িকভাবে বইপত্র সরিয়ে রেখে ছুটি উপভোগের আহ্বান জানানো হয়। এর আগে চীন গ্রীষ্ম ও শীতকালীন ছুটির পাশাপাশি বসন্ত ও শরৎকালীন ছুটি চালুর ঘোষণা দেয়। কর্তৃপক্ষ জানায়, এই উদ্যোগের পেছনে রয়েছে অভ্যন্তরীণ ভোগ বাড়ানো এবং তরুণদের মধ্যে পারিবারিক জীবন গঠনে আগ্রহ তৈরি করা। পর্যাপ্ত অবসর সময় তরুণদের সন্তান নিতে উৎসাহিত করবে বলেও মনে করা হচ্ছে। চীনে টানা কয়েক বছর ধরে জন্মহার কমছে। ২০২৫ সালে দেশটির জনসংখ্যা আরও কমে গেছে এবং জন্মহার নেমেছে রেকর্ড নিম্নে। এই পরিস্থিতি মোকাবিলায় সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশন এনডিআরসি শিশু বান্ধব উন্নয়ন জোরদারে নতুন নির্দেশনা দিয়েছে। এতে শিক্ষা, স্বাস্থ্য, ভ্রমণ ও খেলাধুলা খাতে উন্নয়ন বাড়িয়ে শিশু বান্ধব শহর গড়ে তোলার কথা বলা হয়েছে। ট্রাভেল কোম্পানি ট্রিপ এর সহ প্রতিষ্ঠাতা জেমস লিয়াং বলেন, সন্তান লালন পালনের জন্য সময় ও আর্থিক সক্ষমতা জরুরি। এ ক্ষেত্রে তরুণদের সচেতন করতে আরও উদ্যোগ প্রয়োজন।

৭ দিনে ৫০০ কোটির ক্লাবে ‘ধুরন্ধর ২’, বক্স অফিসে তাণ্ডব

৭ দিনে ৫০০ কোটির ক্লাবে ‘ধুরন্ধর ২’, বক্স অফিসে তাণ্ডব বলিউডের বক্স অফিসে বর্তমানে রীতিমতো তাণ্ডব চালাচ্ছে রণবীর সিং অভিনীত স্পাই অ্যাকশন ড্রামা ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’। আদিত্য ধর পরিচালিত এই সিনেমাটি একের পর এক পুরোনো রেকর্ড ভেঙে বক্স অফিসে সাফল্যের নতুন মানদণ্ড তৈরি করছে। মুক্তির মাত্র সপ্তম দিনে অর্থাৎ গতকাল ৪০ কোটি রুপি আয়ের মাধ্যমে সিনেমাটির মোট সংগ্রহ দাঁড়িয়েছে ৫২৬ কোটি টাকা (নেট)। এর ফলে হিন্দি সিনেমার ইতিহাসে দ্রুততম সময়ে ৫০০ কোটির ক্লাবে প্রবেশের অনন্য নজির গড়ল ‘ধুরন্ধর ২’। যদিও এই অভাবনীয় অর্জনে সিনেমাটির ‘পেইড প্রিভিউ’ বা আগাম প্রদর্শনীর বড় ভূমিকা ছিল বলে মনে করছেন বিশ্লেষকরা। এর আগে হিন্দি সংস্করণে দ্রুততম ৫০০ কোটি ছোঁয়ার রেকর্ডটি ছিল আল্লু অর্জুনের ‘পুষ্পা ২: দ্য রুল’-এর দখলে, যা এই মাইলফলক স্পর্শ করতে ১১ দিন সময় নিয়েছিল। এ ছাড়া ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত এই সিরিজের প্রথম কিস্তি ‘ধুরন্ধর’ ১৭ দিনে এই রেকর্ড গড়েছিল। জাওয়ান, স্ত্রী ২ কিংবা গদর ২-এর মতো ব্লকবাস্টার সিনেমাগুলোকেও এখন আয়ের দৌড়ে পেছনে ফেলে দিয়েছে রণবীরের এই নতুন সিনেমাটি। বর্তমান ধারা বজায় থাকলে আগামী দু-এক দিনের মধ্যেই এটি জাওয়ান এবং ছাভার জীবনকালীন আয়কে ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। বাণিজ্য বিশ্লেষকদের মতে, সিনেমাটি এখন খুব দ্রুত ৬০০ কোটি ক্লাবের দিকে এগোচ্ছে এবং আগামী রবিবারের মধ্যে এর মোট সংগ্রহ ৭০০ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। অ্যানিম্যাল কিংবা পাঠানের মতো সিনেমাগুলোকে এরই মধ্যে টপকে যাওয়া ‘ধুরন্ধর ২’ এখন বলিউডের ইতিহাসে অন্যতম সফল স্পাই থ্রিলার হিসেবে নিজের অবস্থান শক্ত করে নিয়েছে। বক্স অফিসের এই জয়জয়কার রণবীর সিংয়ের ক্যারিয়ারে এক নতুন উচ্চতা যোগ করল।