বাংলাদেশের স্বাধীনতা দিবসে মালদ্বীপের প্রেসিডেন্টের শুভেচ্ছা

বাংলাদেশের স্বাধীনতা দিবসে মালদ্বীপের প্রেসিডেন্টের শুভেচ্ছা বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও বাংলাদেশের জনগণকে আন্তরি ৃ শুভেচ্ছা জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু। আজ এক শুভেচ্ছা বার্তায় মালদ্বীপের প্রেসিডেন্ট জানান, তিনি বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ জনগণকে দিবসটির আন্তরিক শুভেচ্ছা জানাতে পেরে আনন্দিত। তিনি বলেন, কোনো সন্দেহ নেই যে বাংলাদেশের ইতিহাসে এই গুরুত্বপূর্ণ দিনটির উদযাপন গুরুত্বপূর্ণ, যা স্বাধীনতা এবং ভবিষ্যতের আশাকে গভীরভাবে আলোকপাত করে; সমস্ত বাংলাদেশিদের জন্য তাদের দেশের ক্রমাগত উন্নতির প্রচেষ্টার প্রেরণার উৎস হবে। মোহাম্মদ মুইজ্জু বলেন, বাংলাদেশকে বিশ্বস্ত প্রতিবেশী ও উন্নয়ন সহযোগী হিসেবে বিবেচনা করে মালদ্বীপ। আমাদের মানুষে মানুষে আদান-প্রদান দুই দেশের অংশীদারিত্বকে দীর্ঘকাল ধরে সংজ্ঞায়িত করেছে এবং আমাদের পারস্পরিক অগ্রগতিতে অবদান রেখেছে। মালদ্বীপের প্রেসিডেন্ট বলেন, আমরা আমাদের সহযোগিতাকে শক্তিশালী করার জন্য যে ইতিবাচক কাজ করছি তার জন্য আমি আনন্দিত।
স্বাধীনতা দিবসে ৩১ বার তোপধ্বনিতে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে ৩১ বার তোপধ্বনিতে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের অংশ হিসেবে রাজধানীতে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। আজ সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে এ আনুষ্ঠানিকতার সূচনা হয়। রাজধানীর তেজগাঁওয়ে পুরাতন বিমানবন্দর এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি আর্টিলারি রেজিমেন্ট এ আয়োজন সম্পন্ন করে। এ সময় রেজিমেন্টের ৬টি গান থেকে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা যুদ্ধে নিহত বীর শহিদদের প্রতি গান স্যালুট প্রদর্শন করা হয়।
স্পট মার্কেট থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার

স্পট মার্কেট থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার ইরানের যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে বিরাজমান অস্থিতিশীলতার মধ্যে জ্বালানি সংকট মোকাবিলায় জরুরি ভিত্তিতে স্পট মার্কেট থেকে আরো দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কিনতে যাচ্ছে সরকার। যুক্তরাজ্যের কোম্পানি টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার এলএনজি সরবরাহের এ কাজ পেয়েছে। সচিবালয়ে গতকাল অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এলএনজি আমদানির এ প্রস্তাব অনুমোদিত হয়। অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে গণ খাতে ক্রয় বিধিমালা-২০০৮ অনুসরণ করে আন্তর্জাতিক দরপত্রপ্রক্রিয়ায় স্পট মার্কেট থেকে এই এলএনজি আমদানি করা হবে। এক কার্গোতে থাকে ৩৩ লাখ ৬০ হাজার মিলিয়ন মেট্রিক ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) এলএনজি। অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার থেকে এক কার্গো এলএনজি আনতে প্রতি এমএমবিটিইউর দাম পড়ছে ১৯ দশমিক ৭৭ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় দুই কার্গোর দাম পড়ছে ১ হাজার ৬৬৬ কোটি ৭৯ লাখ টাকা। চলতি বছরের ২৪ থেকে ২৫ এপ্রিল সময়ের জন্য এক কার্গো, ২৭ থেকে ২৮ এপ্রিল সময়ের জন্য আরেক কার্গো এলএনজি আসবে দেশে। টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার থেকে এক কার্গো এলএনজি আনার প্রস্তাব এর আগে ১১ মার্চ ক্রয় কমিটিতে অনুমোদিত হয়েছিল। তখন প্রতি এমএমবিটিইউর দাম ছিল ২১ দশমিক ৫৮ মার্কিন ডলার। সে হিসাবে এবার দাম একটু কমেছে। গত বছরের ৯ ডিসেম্বর এই টোটাল এনার্জিস গ্যাস থেকে প্রতি এমএমবিটিইউ এলএনজি আনতে ব্যয় হয়েছিল ১০ দশমিক ৩৭ ডলার। এ ছাড়া নিম্ন আয়ের পরিবারের কাছে ভর্তুকি দামে বিক্রি করতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ১ কোটি লিটার পরিশোধিত পাম অলিন কেনার প্রস্তাব অনুমোদিত হয়েছে ক্রয় কমিটিতে। এতে ব্যয় হবে ১৬৩ কোটি ৪৮ লাখ টাকা। কাজ পেয়েছে শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। চলতি ২০২৫-২৬ অর্থবছরে ইপিআই কার্যক্রমে ব্যবহৃত ভ্যাকসিন সরাসরি ক্রয়পদ্ধতিতে ইউনিসেফ থেকে কেনার একটি প্রস্তাব অনুমোদিত হয়েছে। এতে ব্যয় হবে ৬০৪ কোটি টাকা। কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি (কাফকো) থেকে ৩০ হাজার টন ইউরিয়া সার কেনার একটি প্রস্তাবও অনুমোদিত হয় বৈঠকে। ব্যয় হবে ১৭৫ কোটি ৩৫ লাখ টাকা। ‘সার সংরক্ষণ ও বিতরণের সুবিধার্থে দেশের বিভিন্ন জায়গায় ৩৪টি বাফার গুদাম নির্মাণ (১ম সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের আওতায় চুয়াডাঙ্গায় ১০ হাজার টন ক্ষমতাসম্পন্ন একটি গুদাম নির্মাণের প্রস্তাবও অনুমোদিত হয়েছে বৈঠকে। এতে ব্যয় হবে ৪৩ কোটি ১৫ লাখ টাকা। কাজ পেয়েছে এস এস রহমান ইন্টারন্যাশনাল। ‘বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বৈদ্যুতিক বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও ক্ষমতাবর্ধন’ শীর্ষক প্রকল্পের আওতায় এসপিসি পোল বা বিদ্যুতের খুঁটি কেনার একটি প্রস্তাব অনুমোদিত হয়েছে ক্রয় কমিটির বৈঠকে। এতে ব্যয় হবে ২৩০ কোটি টাকা। যৌথভাবে কাজ পেয়েছে দাদা ইঞ্জিনিয়ারিং, কনটেক কনস্ট্রাকশন, টিএসসিও পাওয়ার ও পাশা পোলস লিমিটেড।
সামিটে অংশ নিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন তথ্যমন্ত্রী

সামিটে অংশ নিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন তথ্যমন্ত্রী তুরস্ক সরকারের আমন্ত্রণে ‘ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক কমিউনিকেশন সামিট (স্ট্র্যাটকম) ২০২৬’-এ অংশ নিতে গতকাল রাত পৌনে ২টার দিকে তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তুরস্কের ইস্তাম্বুল শহরের কনরাড বসফরাস হোটেলে ২৭ ও ২৮ মার্চ দুইদিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে বলে তথ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সফরসূচি অনুযায়ী, আজ সৌদি আরবের জেদ্দা হয়ে মন্ত্রীর ইস্তাম্বুলে পৌঁছানোর কথা রয়েছে। সেখানে পৌঁছানোর পর সন্ধ্যায় তথ্যমন্ত্রী তুরস্কের বাংলাদেশ দূতাবাস আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন। সম্মেলনের কার্যসূচি অনুযায়ী, তথ্যমন্ত্রী ২৭ মার্চ বেলা ১১টা ২০ মিনিটে সম্মেলনের প্রথম প্যানেল আলোচনায় অন্যতম আলোচক হিসেবে বক্তব্য দেবেন। অধিবেশনে তার সঙ্গে উত্তর সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রী তাহসিন এরতুগ্রুলোগ্লু, সিরিয়ার তথ্যমন্ত্রী হামজা আলমুস্তাফা এবং কাজাখস্তানের সংস্কৃতি ও তথ্য উপমন্ত্রী কানাত ঝুমাবায়েভিচ ইসকাকভ আলোচনায় অংশ নেবেন। প্যানেলটি সঞ্চালনা করবেন টিআরটি ওয়ার্ল্ডের সিনিয়র উপস্থাপক অ্যালিচান আয়ানলার। সফরকালে তথ্যমন্ত্রী বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। সম্মেলন শেষে আগামী ৩০ মার্চ সকালে তথ্যমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
বাংলাদেশিদের জন্য জরুরি বার্তা দিল সৌদি আরব

বাংলাদেশিদের জন্য জরুরি বার্তা দিল সৌদি আরব মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে গত ২৫ ফেব্রুয়ারি ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও যেসব বাংলাদেশি সৌদি আরব ত্যাগ করতে পারেননি, তাদেরকে আগামী ১৮ এপ্রিলের আগেই দেশটি ছাড়তে নির্দেশ দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। গ্তকাল রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সৌদি আরবে ভিজিট, ওমরাহ এবং ফাইনাল এক্সিট ভিসায় অবস্থানরত বাংলাদেশি ভাই ও বোনদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গত ২৫ ফেব্রুয়ারি যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও সৌদি আরব ত্যাগ করতে পারেননি, তাদেরকে ১৮ এপ্রিলের পূর্বে সৌদি আরব ত্যাগ করার জন্য সৌদি কর্তৃপক্ষ সুযোগ দিয়েছে।’ এতে আরও জানানো হয়, ১৮ এপ্রিলের পূর্বে যেকোনো দিন টিকিট নিয়ে সরাসরি এয়ারপোর্টে গেলেই সৌদি আরব ত্যাগ করা সম্ভব হবে। এই সময়ের মধ্যে কোনোরূপ ভিসার মেয়াদ বৃদ্ধি করা কিংবা জরিমানা ছাড়াই প্রবাসীরা সৌদি আরব ত্যাগ করতে পারবেন। এমতাবস্থায় মেয়াদোত্তীর্ণ ভিজিট ভিসা, ওমরাহ ভিসা এবং ফাইনাল এক্সিট ভিসাধারীদের ১৮ এপ্রিলের পূর্বেই সৌদি আরব ত্যাগ করার জন্য অনুরোধ করা হল। নির্দিষ্ট সময়ের মধ্যে সৌদি আরব ত্যাগ না করলে পরবর্তীতে আইনি জটিলতা সৃষ্টি হতে পারে বলেও সতর্ক করেছে দূতাবাস।
জাতীয় প্যারেড স্কয়ারে বর্ণাঢ্য কুচকাওয়াজ-ফ্লাইপাস্ট

জাতীয় প্যারেড স্কয়ারে বর্ণাঢ্য কুচকাওয়াজ-ফ্লাইপাস্ট মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর পুরাতন বিমানবন্দরের জাতীয় প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ ও মনোজ্ঞ ফ্লাইপাস্ট অনুষ্ঠিত হয়েছে। জাঁকজমক এ উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সকাল ১০টার পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় প্যারেড স্কয়ারে এলে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে তিনি প্যারেড পরিদর্শন করেন এবং সালাম গ্রহণ করেন। জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মন্ত্রিপরিষদের সদস্য, তারেক রহমানের মেয়ে জাইমা রহমানসহ দেশি-বিদেশি কূটনৈতিক, রাজনৈতিক নেতা, আমন্ত্রিত অতিথি ছাড়াও কুচকাওয়াজ ও মনোজ্ঞ ফ্লাইপাস্ট দেখতে জাতীয় প্যারেড স্কয়ারে এসেছিলেন হাজারো দর্শনার্থী।
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ ভোর ৬টার দিকে তারা ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পণের পর মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এ সময় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়।রাষ্ট্রপতির সাথে আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদনের পরই মন্ত্রিপরিষদ সদস্যদের নিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।
বাংলাদেশের স্বাধীনতা দিবসে ব্রিটেনের রাজার শুভেচ্ছা

বাংলাদেশের স্বাধীনতা দিবসে ব্রিটেনের রাজার শুভেচ্ছা বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। আজ এ তথ্য জানিয়েছে ঢাকার ব্রিটিশ হাইকমিশন। রাষ্ট্রপতির কাছে পাঠানো চিঠিতে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস বলেন, আপনাদের জাতীয় দিবসের এই আনন্দময় মুহূর্তে আমি ও আমার স্ত্রী রাষ্ট্রপতি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশকে আমাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি আন্তরিক কৃতজ্ঞতার সঙ্গে আমাদের দুদেশের মধ্যকার সেই চিরস্থায়ী অংশীদারিত্বের কথা স্মরণ করছি, যা আমাদের কমনওয়েলথকে সংজ্ঞায়িত করে এমন অভিন্ন মূল্যবোধ ও পারস্পরিক শ্রদ্ধার ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। ব্রিটেনের রাজা বলেন, যুক্তরাজ্যজুড়ে ৬ লাখ ৫০ হাজারেরও বেশি বাংলাদেশি বংশোদ্ভূত মানুষ বসবাস করেন, যারা আমাদের জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন, আমাদের সমাজকে সমৃদ্ধ করছেন এবং আমাদের দুদেশের মধ্যকার চিরস্থায়ী সম্পর্ককে আরও শক্তিশালী করছেন। বিশ্বজুড়ে বোঝাপড়া, সহযোগিতা এবং সুযোগ তৈরিতে আমাদের কমনওয়েলথ পরিবার যে ভূমিকা পালন করে, তার জন্য আমি গভীরভাবে গর্বিত। কমনওয়েলথের সমৃদ্ধ বৈচিত্র্য এবং এর তরুণ প্রজন্মের উদ্যম আশা ও অগ্রগতির অনুপ্রেরণা জুগিয়ে চলেছে। এই বৈশ্বিক অনিশ্চয়তার সময়ে, আমাদের সম্মিলিত শক্তি ও ঐক্য আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তিনি বলেন, আমি নভেম্বরে অনুষ্ঠেয় কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকে আমাদের দেশগুলোর একত্রিত হওয়ার সুযোগের জন্য উন্মুখ হয়ে আছি, যেখানে আমরা আমাদের যৌথ অঙ্গীকারগুলো পুনর্ব্যক্ত এবং ভবিষ্যতের জন্য একটি কর্মপন্থা নির্ধারণ করতে পারব। জলবায়ু কার্যক্রমে আমাদের সহযোগিতা আমাদের সম্পর্কের একটি অপরিহার্য বৈশিষ্ট্য হিসেবেই রয়েছে। আমি স্থিতিস্থাপকতা তৈরিতে ও টেকসই উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের দৃঢ় নেতৃত্বের অত্যন্ত প্রশংসা করি। কারণ আমরা একসঙ্গে আমাদের পরিবেশ রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য আরও টেকসই ও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করতে কাজ করে চলেছি। রাজা তৃতীয় চার্লস বলেন, আমার স্ত্রী ও আমি আপনার এবং বাংলাদেশের সব মানুষের জন্য আগামী বছরটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ হোক এই কামনায় আমাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।