‘প্রিন্স’ দেখা যাচ্ছে অনলাইনে

‘প্রিন্স’ দেখা যাচ্ছে অনলাইনে প্রেক্ষাগৃহে প্রদর্শনী নিয়ে জটিলতার রেশ কাটতে না কাটতেই এবার পাইরেসির কবলে পড়েছে শাকিব খান অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’। সার্ভার সমস্যার কারণে দেশের কিছু প্রেক্ষাগৃহে সিনেমাটির প্রদর্শনী বন্ধ হয়ে যাওয়ার পরপরই ইন্টারনেটে ছড়িয়ে পড়ছে এর গুরুত্বপূর্ণ সব ভিডিও ক্লিপ। যান্ত্রিক ত্রুটির কারণে অনেক দর্শক টিকিট কেটেও সিনেমাটি দেখতে না পেরে ক্ষোভ প্রকাশ করেছেন। কোনো কোনো প্রেক্ষাগৃহে ভাঙচুরের ঘটনাও ঘটেছে। এই অস্থিতিশীল পরিস্থিতির মাঝেই ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমাটির বেশ কিছু দৃশ্য দেখা যাচ্ছে। অনলাইনে ছড়িয়ে পড়া ক্লিপগুলো সবই ‘হল প্রিন্ট’। প্রেক্ষাগৃহে বসে মোবাইল ফোনে ধারণ করা এসব ভিডিও ছড়াচ্ছেন। আবু হায়াত মাহমুদ পরিচালিত এই সিনেমাটি নিয়ে শুরু থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক কৌতূহল ছিল। নব্বই দশকের ঢাকার কুখ্যাত গ্যাংস্টার কালা জাহাঙ্গীরের জীবন থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত এই ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। মেজবাহ উদ্দিন সুমনের গল্প ও চিত্রনাট্যে এটি কেবল একটি অ্যাকশনধর্মী কাজ নয়, বরং তৎকালীন ঢাকার আন্ডারওয়ার্ল্ড ও রাজনীতির এক গভীর দলিল হিসেবে উপস্থাপিত হয়েছে। প্রযোজক শিরিন সুলতানার এই বিগ বাজেটের সিনেমায় শাকিব খানের বিপরীতে প্রথমবার দেখা গেছে তসনিয়া ফারিণকে। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ওপার বাংলার জ্যোতির্ময়ী কুণ্ডু, ইন্তেখাব দিনার, রাশেদ মামুন অপু এবং ড. এজাজ।
ইরান যুদ্ধের প্রেক্ষাপটে দোহায় শাকিরার কনসার্ট বাতিল

ইরান যুদ্ধের প্রেক্ষাপটে দোহায় শাকিরার কনসার্ট বাতিল মধ্যপ্রাচ্যজুড়ে অস্থির পরিস্থিতির কারণে আগামী ১ এপ্রিল কাতারের দোহায় শাকিরার যে কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তা স্থগিত করা হয়েছে। সামাজিক মাধ্যমে এক পোস্টে এ তথ্য জানিয়েছে পর্যটনভিত্তিক ওয়েবসাইট ‘ভিজিট কাতার’। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অ্যাফলিনিটজ মিউজিক ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেগুলোতে শাকিরা ও জোনাস ব্রাদার্স পারফর্ম করার কথা ছিল। সেই অনুষ্ঠানও চলতি বছরের নভেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে টিকেট বিক্রির প্ল্যাটফর্ম ‘প্লাটিনাম লিস্ট’।
পিএসএলে বিশেষ নাম পেলেন মুস্তাফিজ-ইমন

পিএসএলে বিশেষ নাম পেলেন মুস্তাফিজ-ইমন একদিকে মধ্যপ্রাচ্যে সংঘাত, অপরদিকে আফগানিস্তানের সঙ্গে লড়াইয়ে ব্যস্ত পাকিস্তান। নিরাপত্তা নিয়ে সৃষ্ট উদ্বেগের মাঝেই আগামী বৃহস্পতিবার পর্দা উঠছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল)। উদ্বোধনী ম্যাচে খেলতে নামবে মুস্তাফিজুর রহমান ও পারভেজ হোসেন ইমনের দল লাহোর কালান্দার্স। সেখানে খেলতে গিয়ে ইতোমধ্যে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে নতুন বিশেষণ পেলেন এই দুই বাংলাদেশি তারকা। লাহোরের প্রতি ক্রিকেটারের অনুশীলন জার্সির পেছনে তাদের নাম লেখা হয়নি। তার বদলে ভিন্ন ভিন্ন বিশেষণ জুড়ে দেওয়া হয়েছে। যেখানে ইমনকে ‘লাকি’ বা ভাগ্যবান এবং মুস্তাফিজকে ‘প্রফিটিং’ বা লাভজনক উল্লেখ করেছে ফ্র্যাঞ্চাইজিটি। দলের অভ্যন্তরের বিশেষ থিম ও অনুপ্রেরণা দেওয়ার লক্ষ্যেই এমন নামকরণ করা হয়েছে। একইভাবে লাহোর কালান্দার্সের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদির নিকনেম দেওয়া হয়েছে ঈগল, অবশ্য এই নামটি তার সঙ্গে ব্যবহারের রীতি পুরোনো। এ ছাড়া কাউকে এক্সপ্লোডার বা বিধ্বংসী, কেউবা আবার ফেইথফুল বা বিশ্বস্ত তকমাও পেয়েছেন দলের পক্ষ থেকে। পিএসএলে আগের থেকেই লাহোরের প্রতিনিধিত্ব করছেন জিম্বাবুইয়ান অধিনায়ক সিকান্দার রাজা। তার জার্সির পেছনে লেখা ‘কালান্দার্স কা সিকান্দার’। এর আগে তিনি নিজেও পরিচয় দিয়েছিলেন এভাবে– ‘আমিই লাহোর কালান্দার্স, লাহোর কালান্দার্স মানেই আমি।’ এর আগে দুই বাংলাদেশি তারকা মুস্তাফিজ-ইমনের দলের সঙ্গে যোগ দেওয়ার পোস্টে লাহোর ফ্র্যাঞ্চাইজি সামাজিক মাধ্যমে লিখেছে– ‘আমাদের বাঙালি ভাইয়েরা লাহোর পা রেখেছেন। ভোররাতে এসে পৌঁছালেন মুস্তাফিজ ও ইমন। ক্লান্ত, তবে কালান্দারদের চেতনাকে আলিঙ্গন করতে প্রস্তুত। স্বাগতম ছেলেরা, লাহোর এখন আমাদের বাড়ি।’ আগামীকাল থেকে শুরু হচ্ছে পিএসএলের একাদশ আসর। বাংলাদেশ সময় রাত ৮টায় লাহোর মুখোমুখি হবে হায়দরাবাদ কিংসমেনের। এবারের পিএসএল শুরুতে হওয়ার কথা পাকিস্তানের ৬টি ভেন্যুতে থাকলেও, জ্বালানি সংকটের কারণে সেটি কেবল লাহোর ও করাচিতে স্থানান্তরিত হয়েছে। এমনকি মাঠে থাকছে না কোনো দর্শক। মুস্তাফিজ-ইমন ছাড়াও আর ৪ বাংলাদেশি খেলবেন পাকিস্তানি এই ফ্র্যাঞ্চাইজি লিগে। এরমধ্যে সর্বাধিক পেশোয়ার জালমিতে আছেন তিনজন– শরিফুল ইসলাম, নাহিদ রানা ও তানজিদ হাসান তামিম। এ ছাড়া লেগস্পিন অলরাউন্ডার রিশাদ হোসেন নতুন ফ্র্যাঞ্চাইজি রাওয়ালপিন্ডির (পিন্ডিজ) হয়ে নামবেন।
২০ হাজার কোটি টাকায় বিক্রি হলো রাজস্থান রয়্যালস

২০ হাজার কোটি টাকায় বিক্রি হলো রাজস্থান রয়্যালস ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথম আসরের চ্যাম্পিয়ন দল রাজস্থান রয়্যালস বিক্রি হয়ে গেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক ব্যবসায়ী কাল সোমানির নেতৃত্বাধীন একটি কনসোর্টিয়াম দলটির শতভাগ মালিকানা অধিগ্রহণ করেছে। এই চুক্তির আর্থিক মূল্য প্রায় ১৬৩ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ২০ হাজার কোটি টাকারও বেশি। গত বছর আইপিএল শেষ হওয়ার পরই বর্তমান মালিকপক্ষ দল বিক্রির সিদ্ধান্ত নেয় এবং সেই প্রক্রিয়া শুরু হয়। একাধিক আগ্রহী পক্ষ থাকলেও শেষ পর্যন্ত সোমানির নেতৃত্বাধীন কনসোর্টিয়ামের সঙ্গেই চুক্তি চূড়ান্ত করা হয়। এই কনসোর্টিয়ামে যুক্তরাষ্ট্রের আরও দুই প্রভাবশালী ব্যবসায়ী রব ওয়ালটন এবং হ্যাম্প পরিবার রয়েছে। বর্তমানে রাজস্থান রয়্যালসের ৬৫ শতাংশ মালিকানা রয়েছে ইমার্জিং মিডিয়া স্পোর্টিং হোল্ডিংস লিমিটেডের কাছে, যার নেতৃত্বে আছেন মনোজ বাদালে। এছাড়া অংশীদার হিসেবে রয়েছে রেডবার্ড ক্যাপিটাল পার্টনার্স (১৫ শতাংশ) এবং ল্যাচলান মার্ডক (১৩ শতাংশ শেয়ার)। এদিকে ব্ল্যাকস্টোনের একটি তহবিল আইপিএলে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে বলে জানা গেছে। তারা সরাসরি কোনো দল কিনতে না চাইলেও রাজস্থান রয়্যালস অথবা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখছে।
যুদ্ধে স্থগিত হওয়া এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ হবে জেদ্দায়

যুদ্ধে স্থগিত হওয়া এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ হবে জেদ্দায় মধ্যপ্রাচ্যে চলমান সামরিক সংঘাতের প্রভাবে স্থগিত হওয়া এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ এলিটের চারটি ম্যাচের ভেন্যু পরিবর্তন করা হয়েছে। ম্যাচগুলো আগামী মাসে সৌদি আরবের জেদ্দায় এক লেগে অনুষ্ঠিত হবে।গতকাল এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) নতুন সূচি ঘোষণা করে এ তথ্য জানায়। গত মাসের শেষ দিকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এর জবাবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালায় ইরান। দুই পক্ষের মধ্যে চলমান সংঘাতের কারণে টুর্নামেন্টের সূচিতে পরিবর্তন আনা হয়েছে। মূলত শেষ ষোলোর ম্যাচগুলো মার্চের প্রথম দুই সপ্তাহে কাতার, ইরান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে হোম ও অ্যাওয়ে ভিত্তিতে আয়োজনের কথা ছিল। তবে নিরাপত্তাজনিত কারণে সেগুলো স্থগিত করে এএফসি। নতুন সূচি অনুযায়ী, শিরোপাধারী আল-আহলি মুখোমুখি হবে কাতারের আল-দুহাইলের। চারবারের চ্যাম্পিয়ন আল-হিলাল খেলবে আল-সাদের বিপক্ষে। এছাড়া আরব আমিরাতের শাবাব আল-আহলি খেলবে ইরানের ট্রাক্টর এফসির বিপক্ষে এবং আল-ওয়াহদা লড়বে সৌদি প্রো লিগ চ্যাম্পিয়ন আল-ইত্তিহাদের সঙ্গে। আগামী ১৩ ও ১৪ এপ্রিল শেষ ষোলোর ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। একই ভেন্যু জেদ্দায় ১৬ থেকে ২৫ এপ্রিল কোয়ার্টার-ফাইনাল, সেমি-ফাইনাল ও ফাইনাল আয়োজন করা হবে। এদিকে, শেষ আটের ড্র আগামী বুধবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
২৮ বছর বয়সেই আরসিবির চেয়ারম্যান আর্যমান বিরলা

২৮ বছর বয়সেই আরসিবির চেয়ারম্যান আর্যমান বিরলা আইপিএলের বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বড় অঙ্কের চুক্তিতে মালিকানা বদল হয়েছে। ভারতীয় ও আন্তর্জাতিক ব্যবসায়ী প্রতিষ্ঠানের একটি কনসোর্টিয়াম দলটি কিনে নিয়েছে। নতুন মালিকানা পাওয়ার পর আলোচনায় উঠে এসেছে একটি নাম-আর্যমান বিরলা। মাত্র ২৮ বছর বয়সেই তিনি হচ্ছেন আরসিবির নতুন চেয়ারম্যান। দলের বর্তমান মালিক ইউনাইটেড স্পিরিটস লিমিটেড মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছে। এই কনসোর্টিয়ামে রয়েছে আদিত্য বিরলা গ্রুপ, ব্ল্যাকস্টোনের প্রাইভেট ইকুইটি ইউনিট, ডেভিড ব্লিটজারের বোল্ট ভেঞ্চারস এবং টাইমস অব ইন্ডিয়া গ্রুপ। প্রায় ১ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারের এই চুক্তি এখনো অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অনুমোদন পেলেই নতুন মালিকপক্ষ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে, দলের চেয়ারম্যান হচ্ছেন আদিত্য বিরলা গোষ্ঠীর তরুণ পরিচালক আর্যমান বিরলা। আর্যমান বিরলা ভারতের প্রভাবশালী শিল্পপতি কুমার মাঙ্গালাম বিরলার ছেলে। তবে তিনি শুধু ব্যবসায়ী পরিবারের উত্তরাধিকারী নন, এক সময় ক্রিকেটার হওয়ার স্বপ্নও দেখেছিলেন। ১৭ বছর বয়সে তিনি মুম্বাই ছেড়ে মধ্যপ্রদেশে গিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেন। ইংল্যান্ডেও ক্লাব ক্রিকেটে অংশ নিয়েছিলেন তিনি। ২০১৭ সালে প্রথমবার রঞ্জি ট্রফিতে খেলেন আর্যমান। তার আগে সি কে নাইডু ট্রফিতে দারুণ পারফরম করে নজর কাড়েন। সেই আসরে তিনি ৬০২ রান করেছিলেন এবং তিনটি শতক করেছিলেন। পরে রঞ্জি ট্রফিতেও শতকের দেখা পান। সেই সময় তার সতীর্থ ছিলেন বর্তমান বেঙ্গালুরু অধিনায়ক রজত পাতিদার ও অলরাউন্ডার ভেঙ্কটেশ আইয়ার। ২০১৮ সালে রাজস্থান তাকে দলে নিলেও ম্যাচ খেলার সুযোগ পাননি। ২০১৯ সালে মাত্র ২২ বছর বয়সে তিনি ক্রিকেট থেকে বিরতি নেন। সে সময় তিনি মানসিক চাপের কারণে খেলা থেকে দূরে সরে দাঁড়ানোর কথা জানিয়েছিলেন। ক্রিকেট ছেড়ে তিনি পুরোপুরি ব্যবসায় মন দেন। বর্তমানে তিনি আদিত্য বিরলা গ্রুপের গুরুত্বপূর্ণ দায়িত্বে কাজ করছেন। উচ্চশিক্ষার জন্য তিনি যুক্তরাষ্ট্রে পড়াশোনা করেছেন এবং হার্ভার্ড বিজনেস স্কুল থেকে ব্যবসা প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। এছাড়া বৈশ্বিক অর্থনীতিতেও উচ্চতর ডিগ্রি রয়েছে তার। দীর্ঘদিন পর আবার ক্রিকেটের সঙ্গে যুক্ত হচ্ছেন আর্যমান, তবে এবার মাঠে নয়, নেতৃত্বের ভূমিকায়। এক বিবৃতিতে তিনি বলেন, “বেঙ্গালুরুর ভবিষ্যৎ গড়ার এই যাত্রায় যুক্ত হতে পেরে আমি গর্বিত। আমরা মাঠে ও মাঠের বাইরে সমর্থকদের জন্য নতুন কিছু করতে চাই।”
মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে সম্পত্তির দাম কমছে দুবাইয়ে

মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে সম্পত্তির দাম কমছে দুবাইয়ে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে। এ কারণে ইউএইর বাণিজ্যিক কেন্দ্র দুবাইয়ের ‘নিরাপদ আশ্রয়স্থল’ হিসেবে গড়ে ওঠা ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে দুবাইয়ে প্রোপার্ট মার্কেট বা সম্পত্তির বাজারে লেনদেনের পরিমাণ দ্রুত কমছে। ইতোমধ্যে কিছু আবাসন এজেন্ট দাম কমানোর ইঙ্গিত দিচ্ছেন। এদিকে আবাসন কোম্পানিগুলোর শেয়ারের দামও কমেছে। বুর্জ খলিফার নির্মাতা ইমার প্রোপার্টিজের শেয়ার যুদ্ধ শুরুর পর থেকে দুবাই শেয়ারবাজারে ২৬ শতাংশের বেশি কমেছে। চলতি সপ্তাহে প্রকাশিত যুক্তরাষ্ট্রের বহুজাতিক বিনিয়োগ ব্যাংক ও আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাকসের বিশ্লেষকদের এক নোট অনুযায়ী, চলতি মার্চের প্রথম ১২ দিনে ইউএইর আবাসন খাতে লেনদেনের পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় ৩৭ শতাংশ কমেছে। একইভাবে গত মাসের (ফেব্রুয়ারি) একই সময়ের তুলনায় লেনদেন পরিমাণ ৪৯ শতাংশ কম। ইতিমধ্যে ইউএইর কিছু সম্পত্তি বড় ছাড়ে বিক্রির প্রস্তাব দেওয়া হচ্ছে। রিয়েল এস্টেট এজেন্টদের তথ্য ও রয়টার্সের পর্যালোচনা করা সামাজিক যোগাযোগমাধ্যমের বার্তা অনুযায়ী, সম্পত্তির দাম কোথাও কোথাও ১২-১৫ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের রিয়েল এস্টেট খাতের উত্থান দুবাইয়ের অর্থনৈতিক উত্থানের সঙ্গে তাল মিলিয়ে চলেছে। তবে টানা পাঁচ বছর দাম বাড়ার পর বাজারে মন্দার আশঙ্কা আগে থেকেই ছিল। বর্তমান সংঘাত এই বাজারের জন্য এখন পর্যন্ত সবচেয়ে বড় পরীক্ষা হিসেবে দেখা দিচ্ছে। করমুক্ত নীতির কারণে ধনী অভিবাসীদের ঢলই এত দিন চাহিদা বাড়িয়ে রেখেছিল। সিটি ব্যাংকের বিশ্লেষকেরা বলছেন, এই যুদ্ধ দুবাইয়ে ভবিষ্যৎ জনসংখ্যা বৃদ্ধির প্রত্যাশায় ‘উল্লেখযোগ্য ঝুঁকি’ তৈরি করেছে। এতে বাড়ির ক্রেতা ও সম্পত্তি বিনিয়োগকারীরা নিরুৎসাহিত হতে পারেন।
মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি বন্ধসহ ৫ শর্ত ইরানের

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি বন্ধসহ ৫ শর্ত ইরানের ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধের চুক্তিতে পৌঁছাতে পাঁচটি শর্ত দিয়েছে ইরান। সোমবার হিব্রু গণমাধ্যম জানিয়েছে, ফেব্রুয়ারির শেষভাগ থেকে চলমান যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে সম্মত হওয়ার জন্য ইরান পাঁচটি শর্ত দিয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর প্রতিবেদন অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত পরোক্ষ আলোচনার অংশ হিসেবে এই সংঘাত নিরসনে ইরান কিছু কঠোর আনুষ্ঠানিক দাবি তুলে ধরেছে। প্রতিবেদন অনুযায়ী, প্রথম শর্ত হিসেবে ইরান চেয়েছে ভবিষ্যতে আর যেন যুদ্ধ শুরু না হয়-এ বিষয়ে যুক্তরাষ্ট্রকে স্পষ্ট নিশ্চয়তা দিতে হবে। দ্বিতীয়ত, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে ঘিরে নতুন নিরাপত্তা ব্যবস্থা গঠনের দাবি জানিয়েছে তেহরান। ইরানের প্রস্তাব অনুযায়ী, এই ব্যবস্থার মাধ্যমে ওই এলাকার নিয়ন্ত্রণ কার্যত তাদের হাতেই থাকতে হবে। তৃতীয় শর্ত হিসেবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটি বন্ধ করার দাবি জানিয়েছে ইরান। তাদের মতে, এসব ঘাঁটি থেকেই অঞ্চলজুড়ে উত্তেজনা বাড়ছে। চতুর্থ শর্তে যুদ্ধের কারণে হওয়া ক্ষয়ক্ষতির জন্য আর্থিক ক্ষতিপূরণ দাবি করেছে তেহরান। ইরানি কর্মকর্তাদের বক্তব্য, সাম্প্রতিক হামলায় দেশের অবকাঠামো ও অর্থনীতির বড় ক্ষতি হয়েছে, তাই ক্ষতিপূরণ দিতে হবে। পঞ্চম শর্ত হিসেবে ইরান অভিযোগ করেছে, কিছু আন্তর্জাতিক সংবাদমাধ্যম তাদের বিরুদ্ধে বিদ্বেষমূলক প্রচার চালাচ্ছে। এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বিচারিক ব্যবস্থা নেওয়া বা তাদের হস্তান্তরের দাবি জানিয়েছে দেশটি। এর আগে সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ওয়াশিংটন বেশ কিছুদিন ধরে ইরানের সঙ্গে যোগাযোগ রাখছে এবং সাম্প্রতিক সময়ে তেহরান আলোচনায় বেশি গুরুত্ব দিচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর থেকে উত্তেজনা দ্রুত ছড়িয়ে পড়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। এরপর থেকে ইরান ও তাদের মিত্রদের সঙ্গে পাল্টাপাল্টি হামলা চলছেই।
৪র্থ বারের মতো ক্ষমতায় আসতে পারে মমতা ব্যানার্জির সরকার

৪র্থ বারের মতো ক্ষমতায় আসতে পারে মমতা ব্যানার্জির সরকার পশ্চিমবঙ্গে আরও একটি মেয়াদে ক্ষমতায় আসতে পারে মমতা ব্যানার্জি-এর নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস (টিএমসি)। আসন্ন বিধানসভা নির্বাচনে ২৯৪ আসনের মধ্যে দলটি ১৮৪–১৯৪টি আসন পেতে পারে বলে একটি জনমত জরিপে আভাস মিলেছে। সর্বভারতীয় গণমাধ্যম CNN-News18-এ প্রকাশিত ‘ভোট-ভাইব’ জরিপ অনুযায়ী, প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) পেতে পারে ৯৮–১০৮টি আসন। ফলে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা থেকে তারা অনেকটাই পিছিয়ে থাকবে। জরিপে আরও বলা হয়েছে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এবং বামফ্রন্ট-সহ অন্যান্য দল মিলিয়ে পেতে পারে মাত্র ১-৩টি আসন। ভোটের হিসাবে তৃণমূল কংগ্রেস পেতে পারে ৪১.৯ শতাংশ এবং বিজেপি ৩৪.৯ শতাংশ ভোট। জরিপে বলা হচ্ছে, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের প্রবণতারই প্রতিফলন ঘটতে পারে এবারের বিধানসভা ভোটে। সম্প্রদায়ভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, মুসলিম ভোটারদের মধ্যে তৃণমূলের শক্ত অবস্থান বজায় রয়েছে—৫৭.৬ শতাংশ তাদের সমর্থন করছে। অন্যদিকে তফসিলি উপজাতিদের মধ্যে বিজেপির সমর্থন ৫১ শতাংশ। তফসিলি জাতি ও দলিত ভোটারদের মধ্যে কিছুটা বিভাজন থাকলেও ৪৩ শতাংশ বিজেপি এবং ৩৯.৫ শতাংশ তৃণমূলকে সমর্থন করছে। মুখ্যমন্ত্রী পদের পছন্দের তালিকাতেও এগিয়ে রয়েছেন মমতা ব্যানার্জি—৪৮.৫ শতাংশ সমর্থন নিয়ে শীর্ষে। তাঁর পরে রয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (৩৩.৪ শতাংশ)। এছাড়া মোহাম্মদ সেলিম পেয়েছেন ৪.৩ শতাংশ এবং অধীর রঞ্জন চৌধুরী পেয়েছেন ৩.৭ শতাংশ সমর্থন। জরিপে উঠে এসেছে, এবারের নির্বাচনের অন্যতম প্রধান ইস্যু বেকারত্ব—৩৭.২ শতাংশ উত্তরদাতা এটিকে সবচেয়ে বড় সমস্যা হিসেবে উল্লেখ করেছেন। এছাড়া আইন-শৃঙ্খলা, নারী নিরাপত্তা, মূল্যবৃদ্ধি ও দুর্নীতিও গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে উঠে এসেছে। একই সঙ্গে জরিপে বলা হয়েছে, নতুন রাজনৈতিক সমীকরণও প্রভাব ফেলতে পারে নির্বাচনে। বিশেষ করে ‘আম জনতা উন্নয়ন পার্টি’ (এজেইউপি) এবং অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম)-এর জোট তৃণমূলের ভোটব্যাংকে কিছুটা প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। জরিপ অনুযায়ী, বর্তমান সরকারের কাজকে ৪৩.৩ শতাংশ মানুষ ‘ভালো’ বা ‘খুব ভালো’ বললেও ৩৮.৯ শতাংশ একে ‘খারাপ’ বা ‘খুব খারাপ’ হিসেবে মূল্যায়ন করেছেন। এতে বোঝা যায়, সরকারের প্রতি সমর্থনের পাশাপাশি কিছুটা অসন্তোষও রয়েছে। অন্যদিকে বিজেপির সামনে বড় চ্যালেঞ্জ হিসেবে উঠে এসেছে অভ্যন্তরীণ দ্বন্দ্ব, নেতৃত্বের অভাব, দুর্বল সংগঠন ও জনসংযোগের ঘাটতি। উল্লেখ্য, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে প্রথম দফায় ২৩ এপ্রিল ১৫২ আসনে এবং দ্বিতীয় দফায় ২৯ এপ্রিল ১৪২ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গণনা হবে ৪ মে।
ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে ট্রাম্পের জনপ্রিয়তায় ধস, জনসমর্থন নেমেছে ৩৬ শতাংশে

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে ট্রাম্পের জনপ্রিয়তায় ধস, জনসমর্থন নেমেছে ৩৬ শতাংশে ইরানের বিরুদ্ধে শুরু করা যুদ্ধের জেরে ও জ্বালানি তেলের দাম বৃদ্ধি আমেরিকানদের কাছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তায় বড় ধরনের ধস নেমেছে। রয়টার্স/ইপসোস এর সাম্প্রতিক এক জরিপ অনুযায়ী, হোয়াইট হাউসে ফেরার পর ট্রাম্পের জনসমর্থন এখন সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। সোমবার শেষ হওয়া চার দিনব্যাপী এই জরিপে দেখা গেছে, মাত্র ৩৬ শতাংশ আমেরিকান ট্রাম্পের কর্মদক্ষতার ওপর আস্থা রেখেছেন। গত সপ্তাহে রয়টার্স/ইপসোস-এর জরিপে এই হার ছিল ৪০ শতাংশ। গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েলের সমন্বিত হামলার পর থেকে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। ফলে দেশের অর্থনীতি এবং জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে ট্রাম্পের ভূমিকা নিয়ে আমেরিকানদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। জরিপে অংশ নেওয়া মাত্র ২৫ শতাংশ মানুষ জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে ট্রাম্পের পদক্ষেপকে সমর্থন করেছেন; অথচ ২০২৪ সালের নির্বাচনী প্রচারণায় এই বিষয়টিই ছিল তার অন্যতম প্রধান প্রতিশ্রুতি। দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনায় ট্রাম্পের ওপর আস্থা রেখেছেন মাত্র ২৯ শতাংশ মানুষ। এটি ট্রাম্পের দুই মেয়াদের রাষ্ট্রপতিত্বের মধ্যে সর্বনিম্ন রেটিং। এমনকি তার পূর্বসূরি ডেমোক্র্যাট জো বাইডেনের সর্বনিম্ন অর্থনৈতিক রেটিংয়ের চেয়েও এটি কম। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম দিনগুলোতে ট্রাম্পের সামগ্রিক জনসমর্থন ছিল ৪৭ শতাংশ এবং গত বছরের গ্রীষ্মকাল থেকে এটি মূলত ৪০ শতাংশের আশপাশে ছিল। বর্তমান রেটিং তার প্রথম মেয়াদের সর্বনিম্ন রেটিং (৩৩ শতাংশ) এবং জো বাইডেনের সর্বনিম্ন রেটিংয়ের (৩৫ শতাংশ) চেয়ে কিছুটা উপরে। ক্ষমতায় আসার আগে ট্রাম্প ‘বোকামিপূর্ণ যুদ্ধ’ এড়িয়ে চলার প্রতিশ্রুতি দিলেও ইরানের সাথে চলমান যুদ্ধ পরিস্থিতি পাল্টে দিচ্ছে। জরিপে দেখা গেছে, মাত্র ৩৫ শতাংশ আমেরিকান ইরানের ওপর হামলার পক্ষে মত দিয়েছেন, যা গত সপ্তাহে ছিল ৩৭ শতাংশ। অন্যদিকে, ৬১ শতাংশ মানুষ এই হামলার বিপক্ষে অবস্থান নিয়েছেন, গত সপ্তাহে যা ছিল ৫৯ শতাংশ।