বাহরাইনে আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে বিশেষ ফ্লাইট

বাহরাইনে আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে বিশেষ ফ্লাইট বাহরাইনে আটকে পড়া প্রবাসী বাংলাদেশিদের জন্য দুটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। আজ মানামায় বাংলাদেশ দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে। দূতাবাসের বার্তায় বলা হয়, বাহরাইনে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ দূতাবাসের সমন্বয়ে গালফ এয়ারের মাধ্যমে বাহরাইন থেকে বাংলাদেশে যাওয়া এবং বাংলাদেশ থেকে বাহরাইনে আসার জন্য দুটি বিশেষ রিটার্ন ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। প্রথম ফ্লাইটটি আগামী ২৭ মার্চ বাহরাইন থেকে দাম্মাম হয়ে ঢাকা যাবে এবং একই দিনে ঢাকা থেকে দাম্মামে ফিরে আসবে। পরবর্তী ফ্লাইটটি আগামী ৩ এপ্রিল বাহরাইন থেকে দাম্মাম হয়ে ঢাকা যাবে এবং একই দিনে ঢাকা থেকে দাম্মামে ফিরে আসবে। এতে আরও বলা হয়, বিশেষ রিটার্ন ফ্লাইট দুটির মাধ্যমে যারা বাংলাদেশে যেতে আগ্রহী এবং বাংলাদেশ থেকে বাহরাইনে আসতে ইচ্ছুক, তাদের গুগল ফর্মে নিবন্ধন করার জন্য অনুরোধ করা হচ্ছে। ফ্লাইটের যাত্রীসংখ্যা পূর্ণ হওয়ার পর পরবর্তী নির্দেশনা প্রদান করা হবে।

বিদ্যুৎ সাশ্রয়ী হতে কর্মকর্তাদের যেসব নির্দেশ দিল ইসি

বিদ্যুৎ সাশ্রয়ী হতে কর্মকর্তাদের যেসব নির্দেশ দিল ইসি জ্বালানি সংকট মোকাবিলায় বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ ইসি কর্মকর্তারা জানান, মাসিক সমন্বয় সভায় ইসি সচিব আখতার আহমেদ সচিবালয় ও মাঠপর্যায়ের সব কর্মকর্তাকে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন।নির্দেশনায় বলা হয়েছে, বিদ্যুৎ সাশ্রয়ের জন্য অফিসে ব্যবহৃত এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে রাখতে হবে। পাশাপাশি জ্বালানি তেল সাশ্রয়ে প্রয়োজন ছাড়া সরকারি গাড়ির ব্যবহার পরিহার করতে বলা হয়েছে। সরকারের সাম্প্রতিক জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয় উদ্যোগের অংশ হিসেবেই ইসি এ নির্দেশনা জারি করেছে।

২৫-২৬ মার্চ আলোকসজ্জা না করার সিদ্ধান্ত সরকারের

২৫-২৬ মার্চ আলোকসজ্জা না করার সিদ্ধান্ত সরকারের দেশে জ্বালানি সংকট এড়াতে ও সরকারি ব্যয় সাশ্রয়ের অংশ হিসেবে এবারের স্বাধীনতা দিবসে সারা দেশে আলোকসজ্জা না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গণহত্যা দিবস উপলক্ষে ২৫ মার্চ রাতে গুরুত্বপূর্ণ সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবন ও স্থাপনায় কোনো আলোকসজ্জা করা যাবে না। এ ছাড়া ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসেও দেশব্যাপী আলোকসজ্জা করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। গত ৮ মার্চ বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রবিবার

শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রবিবার পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতরের উপলক্ষে টানা এক মাসেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে দেশের প্রাথমিক থেকে শুরু করে উচ্চমাধ্যমিকের সব প্রতিষ্ঠান। প্রায় ৪০ দিনের লম্বা এই ছুটি শেষ হচ্ছে আগামী ২৬ মার্চ (বৃহস্পতিবার)। তবে পরপর দুইদিন শুক্রবার (২৭ মার্চ) ও শনিবার (২৮ মার্চ) সাপ্তাহিক ছুটি থাকায় শ্রেণি কার্যক্রম শুরু হচ্ছে আগামী রবিবার (২৯ মার্চ) থেকে। সংশোধিত বার্ষিক ছুটির তালিকা থেকে এ তথ্য জানা গেছে। সংশোধিত ছুটির তালিকায় পবিত্র রমজান ও ঈদের ছুটি শুরু হয় গত ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) থেকে এবং সেখানে আগামী ২৬ মার্চ পর্যন্ত বন্ধ রাখার কথা বলা হয়। এদিকে, গত ৮ মার্চ মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের ফলে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য ঈদের ছুটি এগিয়ে এনে পরদিন সোমবার (৯ মার্চ) থেকে সব বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়। ঈদের ছুটি শেষে আগামী রবিবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের অধিকাংশ সরকারি ও বেসরকারি উচ্চশিক্ষাপ্রতিষ্ঠান খুলছে। গত ৯ মার্চ এক বিজ্ঞপ্তিতে ঢাবি প্রশাসন বলেছিল, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সোমবার (৯ মার্চ) থেকে ২৮ মার্চ (শনিবার) ঈদের ছুটি পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দেশের তিনটি অঞ্চলের ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা এক সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর, দিনাজপুর ও ময়মনসিংহ অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিও হতে পারে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর পুনঃ ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে আবহাওয়ার ১২০ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে। পাশাপাশি মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে সক্রিয় রয়েছে। এর প্রভাবে সিলেটসহ রংপুর ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেশের অন্যান্য এলাকায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। একই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।