অনূর্ধ্ব-২০ সাফে আজ বাংলাদেশের সামনে পাকিস্তান

অনূর্ধ্ব-২০ সাফে আজ বাংলাদেশের সামনে পাকিস্তান ২০২৬ সালের অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপের পর্দা উঠেছে গতকাল। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ মাঠে নামছে আজ, প্রতিপক্ষ পাকিস্তান। মালের ন্যাশনাল স্টেডিয়ামে ‘বি’ গ্রুপে বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে। তিন দলের গ্রুপে বাংলাদেশের অপর প্রতিপক্ষ— প্রতিবেশী দেশ ভারত। পাকিস্তান ম্যাচকে সামনে রেখে মালদ্বীপে কঠোর অনুশীলন করেছে বাংলাদেশ। সোমবার শেষ মুহুর্তের অনুশীলন করেছে লাল সবুজের ছেলেরা। এদিন দলের হেড কোচ মার্ক কক্স খেলোয়াড়দের নিয়ে আত্মবিশ্বাসের কথা জানিয়েছেন। প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করতে চায় বাংলাদেশ। দলের গুরুত্বপূর্ণ সদস্য মোরশেদ আলী বলেন, ‘আমরা প্রস্তুত আছি। এই ম্যাচটি জেতার জন্য আমরা আত্মবিশ্বাসী। আমাদের সবার ভেতরে একটা জেদ কাজ করছে।’ পাকিস্তান দলের সাম্প্রতিক কোনো ম্যাচের ভিডিও বা অনুশীলনের ফুটেজ না থাকায় তাদের শক্তি বা কৌশল সম্পর্কে কোনো ধারণাই নেই বাংলাদেশের। কোচিং স্টাফরা এ নিয়ে খুব একটা বিচলিত নন। সহকারী কোচ আতিকুর রহমান মিশু নিজেদের কৌশলেই ভরসা রাখছেন, ‘পাকিস্তান সম্পর্কে আমরা কোনো ধারণা পাইনি। তাই প্রতিপক্ষ নয়, আমরা পুরোপুরি নিজেদের গেমপ্ল্যান নিয়েই পরিকল্পনা সাজিয়েছি।’ এবারের অনূর্ধ্ব-২০ দল নিয়ে দেশের ফুটবলপ্রেমীদের মাঝে বাড়তি উন্মাদনা কাজ করছে। এর অন্যতম কারণ দলে যুক্তরাষ্ট্র প্রবাসী দুই জমজ ফুটবলার রোনান সুলিভান এবং ডেকলান সুলিভানের অন্তর্ভুক্তি। তাঁদের উপস্থিতিতে দলের শক্তি ভিন্ন মাত্রা পাবে বলেই প্রত্যাশা সবার। এর আগে গতকাল উদ্বোধনী দিনে ম্যাচ হয়েছে দুটি। স্বাগতিক মালদ্বীপকে ২-৩ গোলে হারিয়ে শুভ সূচনা করেছে শ্রীলঙ্কা। ‘এ’ গ্রুপের অপর ম্যাচে ভুটানকে ২-১ গোলে হারিয়েছে নেপাল।
অস্ট্রেলিয়া-ভারত সিরিজে নজর ইংল্যান্ডের, পরিকল্পনায় বাংলাদেশও

অস্ট্রেলিয়া-ভারত সিরিজে নজর ইংল্যান্ডের, পরিকল্পনায় বাংলাদেশও অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে টেস্ট সিরিজকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। তবে ভবিষ্যৎ পরিকল্পনায় বাংলাদেশ সিরিজকেও অন্তর্ভুক্ত রাখা হয়েছে বলে জানিয়েছেন বোর্ডের প্রধান নির্বাহী রিচার্ড গুল্ড। ইংল্যান্ডের সাম্প্রতিক টেস্ট পারফরম্যান্স বিশ্লেষণ করলে দেখা যায়, অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ ২০১৫ সালে অ্যাশেজ জিতেছিল তারা। এরপর নিজেদের মাঠে দু’বার সিরিজ ড্র করলেও অস্ট্রেলিয়ার মাটিতে টানা তিনবার হেরে যায় ইংলিশরা। অন্যদিকে ভারতের বিপক্ষেও ২০১৮ সালের পর আর কোনো টেস্ট সিরিজ জিততে পারেনি দলটি। এই পরিসংখ্যানই মূলত তাদের নতুন পরিকল্পনার ভিত্তি তৈরি করেছে। রিচার্ড গুল্ড স্পষ্ট করে জানিয়েছেন, ইংল্যান্ডের প্রধান লক্ষ্য এখন অ্যাশেজ পুনরুদ্ধার এবং ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ জয়। তিনি বলেন, “আমাদের বুঝতে হবে অগ্রাধিকার কোথায়। অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে সিরিজ জিততে হলে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও যথাযথ প্রস্তুতি নিশ্চিত করতে হবে।” এই লক্ষ্য পূরণে ইংল্যান্ড দলের জন্য আলাদা প্রস্তুতি সূচি তৈরির কথাও জানিয়েছেন তিনি। বিশেষ করে অস্ট্রেলিয়ার কন্ডিশনে খেলার আগে পর্যাপ্ত সময় নিয়ে অনুশীলন ও প্রস্তুতি ম্যাচ আয়োজনের ওপর গুরুত্ব দিচ্ছে বোর্ড। এদিকে সাম্প্রতিক অ্যাশেজে অস্ট্রেলিয়ায় ৪-১ ব্যবধানে হারের পরও দল পরিচালনায় বড় কোনো পরিবর্তন আনেনি বোর্ড। ব্যবস্থাপনা পরিচালক হিসেবে রব কি, প্রধান কোচ হিসেবে ব্রেন্ডন ম্যাককালাম এবং টেস্ট অধিনায়ক হিসেবে বেন স্টোকসের ওপরই আস্থা রেখেছে তারা। গুল্ড জানিয়েছেন, অতীতে অস্ট্রেলিয়া সফরে প্রস্তুতির ঘাটতির কারণেই ইংল্যান্ড পিছিয়ে পড়েছিল। ভবিষ্যতে যেন এমন না হয়, সে জন্য আগেভাগেই পরিকল্পনা শুরু করেছে বোর্ড। এমনকি ২০২৯-৩০ অ্যাশেজ নিয়েও ইতোমধ্যে ভাবনা শুরু হয়েছে বলে জানান তিনি। টেস্ট ক্রিকেটকে আরও গুরুত্ব দিতে ‘বিগ থ্রি’ অস্ট্রেলিয়া, ভারত ও ইংল্যান্ড এই তিন বোর্ডকে একসঙ্গে কাজ করার আহ্বানও জানিয়েছেন গুল্ড। তার মতে, খেলোয়াড়দের সর্বোচ্চ পারফরম্যান্স পেতে হলে আন্তর্জাতিক সূচি ও প্রস্তুতি কাঠামো আরও উন্নত করা জরুরি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এখনো পর্যন্ত কোনোবারই ফাইনালে উঠতে পারেনি ইংল্যান্ড। তাই এই প্রতিযোগিতার শিরোপার চেয়ে অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ জয়কেই বেশি গুরুত্ব দিচ্ছে তারা। গুল্ডের ভাষায়, ‘ইংল্যান্ডের সাফল্যের আসল মাপকাঠি হলো এই দুই দলের বিপক্ষে জয়।’ তবে এই বড় দুই প্রতিপক্ষের পাশাপাশি অন্যান্য সিরিজও তাদের পরিকল্পনায় রয়েছে। ২০২৬-২৭ মৌসুমে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন টেস্ট, বাংলাদেশের বিপক্ষে দুই টেস্ট এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি টেস্ট খেলার সূচি রয়েছে। এছাড়া এর আগে নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষেও সিরিজ খেলবে ইংল্যান্ড। বাংলাদেশ সিরিজ নিয়েও ইতিবাচক মনোভাব দেখিয়েছে ইংল্যান্ড বোর্ড। গুল্ড বলেন, ‘এটা পুরোপুরি নতুন করে শুরু করার সময় নয়। গত কয়েক বছরে টেস্ট ক্রিকেট যে জায়গায় এসেছে, তা ধরে রেখেই আমাদের এগিয়ে যেতে হবে।’ সব মিলিয়ে, ইংল্যান্ড এখন দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে নিজেদের টেস্ট ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চায়, যেখানে অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে সাফল্যই হবে তাদের মূল লক্ষ্য আর সেই পরিকল্পনার অংশ হিসেবেই থাকছে বাংলাদেশ সিরিজও।
এবার হরর গল্পে ফের স্করসেসির পরিচালনায় ডিক্যাপ্রিও

এবার হরর গল্পে ফের স্করসেসির পরিচালনায় ডিক্যাপ্রিও ফের মার্টিন স্করসেসির পরিচালনায় পর্দায় আসছেন অস্কারজয়ী অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। সাইকোলজিক্যাল হরর সিনেমা ‘হোয়াট হ্যাপেনস অ্যাট নাইট’ নিয়ে আসছেন হলিউডের দুই আইকন। ভ্যারাইটি বলছে ডিক্যাপ্রিওর সঙ্গে এই সিনেমায় আছেন আরেক অস্কারজয়ী অভিনেত্রী জেনিফার লরেন্স। স্করসেসি ও লরেন্স তাদের ইনস্টাগ্রামে সিনেমার ফার্স্ট লুক ফটো প্রকাশ করেছেন। যেখানে দেখা যাচ্ছে- প্রচণ্ড শীতে হাত ধরাধরি করে হেঁটে যাচ্ছেন ডিক্যাপ্রিও ও লরেন্স। সিনেমায় তারা স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন। তাদের সম্পর্ক ঘিরেই আবর্তিত হয়েছে এই সিনেমার কাহিনী। অনেকেই বলছেন এটি স্করসেসি-ডিক্যাপ্রিওর ২০১০ সালের সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমা ‘শাটার আইল্যান্ড’ ঘরানার। চলতি বছর ফেব্রুয়ারিতে শুরু হয়েছে সিনেমার শুটিং। আশা করা হচ্ছে বছরের শেষ দিকে মুক্তি পাবে ‘হোয়াট হ্যাপেনস অ্যাট নাইট’। ডিক্যাপ্রিও, লরেন্স ছাড়াও এই সিনেমায় দেখা যাবে ম্যাডস মিকেলসেন, প্যাট্রিসিয়া ক্লার্কসন ও জ্যারেড হ্যারিসের মত তারকাদের। ‘হোয়াট হ্যাপেনস অ্যাট নাইট’ সিনেমাটি পিটার ক্যামেরনের উপন্যাসের ওপর ভিত্তি করে নির্মিত। যেখানে দেখা যায় এক মার্কিন দম্পতি ইউরোপের একটি ছোট শহরে হাজির হন একটি শিশুকে দত্তক নিতে। সেখান থেকে শুরু হয় রহস্যে ঘেরা গল্প। ডিক্যাপ্রিও এর আগে স্করসেসির সঙ্গে ‘দ্য এভিয়েটর’, ‘গ্যাংস অফ ইউ ইয়র্ক’, দ্য উলফ অফ ওয়াল স্ট্রিট’, ‘শাটার আইল্যান্ড’ এর মত সিনেমায় কাজ করেছেন। লরেন্স প্রথমবার কাজ করবেন এই কিংবদন্তি পরিচালকের সঙ্গে। এছাড়া লরেন্স ও ডিক্যাপ্রিওকে এর আগে ‘ডোন্ট লুক আপ’ সিনেমায় দেখা গেছে।
দ্বিতীয় দফায় ভারতে অস্ত্রোপচার তানিয়া বৃষ্টির

দ্বিতীয় দফায় ভারতে অস্ত্রোপচার তানিয়া বৃষ্টির ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টির ব্রেন টিউমার ধরা পড়ার পর চিকিৎসার অংশ হিসেবে দ্বিতীয় দফায় ভারতে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। অভিনেত্রীর অস্ত্রোপচারের বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা চয়নিকা চৌধুরী। তিনি তানিয়ার সুস্থতা কামনা করে জানান, বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও বিশেষ সতর্কতার মধ্যে থাকতে হবে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, তানিয়া বৃষ্টিকে মানসিক চাপ এড়িয়ে চলতে হবে এবং সুস্থতার জন্য সতর্ক থাকতে হবে। আগামী ১০ এপ্রিল ফলোআপের জন্য তাকে আবারও চেন্নাই যেতে হবে। নিজের অসুস্থতা নিয়ে সামাজিক মাধ্যমে সংক্ষিপ্ত বার্তায় তানিয়া বৃষ্টি লিখেছেন, অপারেশন + লাইফ সাপোর্ট + আইসিইউ = ১১ দিন। উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে প্রথম দফায় ব্রেন টিউমারের অস্ত্রোপচার করা হয় তানিয়া বৃষ্টির। তবে পরবর্তীতে শারীরিক জটিলতা দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়।
৮ বছর পর আনুশকার পর্দায় ফেরার গুঞ্জন

৮ বছর পর আনুশকার পর্দায় ফেরার গুঞ্জন মাঝে আট বছরের দীর্ঘ বিরতির পর খুব শিগগিরই হয়তো পর্দায় ফিরতে চলেছেন আনুশকা শর্মা। বলিউডে কান পাতলে নাকি এমনটিই শোনা যাচ্ছে। সেই সিনেমায় নাকি দেখা যেতে পারে দীপিকা পাড়ুকোনকে।শোনা যাচ্ছে, দক্ষিণের নামী পরিচালক অ্যাটলির তেলুগু সিনেমার মাধ্যমে নাকি পর্দায় প্রত্যাবর্তন হবে অভিনেত্রীর। সব ঠিক থাকলে ‘এএ২২Xএ৬’ সিনেমাতে দেখা যেতে পারে অভিনেত্রী। এমন কল্পবিজ্ঞান ঘরানার সিনেমাতে আগে কোনওদিন অভিনয় করেননি আনুশকা। প্রথমবার ছক ভাঙা কাজ করবেন তিনি। শুধু আনুশকাই নন। শোনা যাচ্ছে, দীপিকা পাড়ুকোন, রাশমিকা মান্দানা, জাহ্নবী কাপুরের মতো প্রথম সারির অভিনেত্রীদের দেখা যাবে। রাশিমকাকে আবার দেখা যেতে পারে খলনায়িকার ভূমিকায়। এই প্রথম কোনও সিনেমায় এমন ভিন্ন রূপে ধরা দেবেন তিনি। এখন প্রশ্ন হল, অ্যাটলির এই সিনেমাতে নায়কের ভূমিকায় কি কোনও বলিউড অভিনেতাকে দেখা যাবে নাকি অন্য কেউ। শোনা যাচ্ছে, এই সিনেমার পরতে পরতে চমক থাকবে। নায়ক নাকি দক্ষিণী তারকা আল্লু অর্জুন। এক নয়, একাধিক চরিত্রে দেখা যাবে তাকে। তবে সবটাই গুঞ্জন। এখনও পর্যন্ত এই বিষয়ে অ্যাটলি কিংবা আনুশকা- কারও পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বলে রাখা ভালো, ক্যারিয়ারের মধ্যগগনে বিরাট কোহলির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন আনুশকা। বর্তমানে দুই সন্তানের বাবা-মা। তাদের সুখী দাম্পত্যের রসায়ন আজও সবাইকে অবাক করে। বর্তমানে লন্ডনে সংসার করছেন তারা। আনুশকাকে শেষবার ২০১৮ সালে দেখা গিয়েছিল ‘জিরো’ সিনেমায়। শাহরুখ খানের সঙ্গে সিনেমাটিতে জুটি বেঁধেছিলেন তিনি। এটি বক্স অফিসে সেভাবে ব্যবসা করতে পারেনি। ২০২২ সালে ঝুলন গোস্বামীর বায়োপিক ‘চাকদা এক্সপ্রেস’-এ কাজ করার কথা ছিল আনুশকার। সেই সিনেমার কাজ অসম্পূর্ণ।
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ২০৮ শিশু নিহত

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ২০৮ শিশু নিহত যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ইরানে নিহত শিশুর সংখ্যা বেড়ে ২০৮ জনে দাঁড়িয়েছে। ইরানের জরুরি সেবা বিভাগের প্রধান জাফর মিয়াদফার এ তথ্য জানিয়েছেন। রাষ্ট্রীয় টেলিভেশন চ্যানেল আইআরআইবি কর্তৃক প্রকাশিত এক ভিডিও বিবৃতিতে জাফর বলেন, নিহত ২০৮ জন শিশুর মধ্যে ১৬৮ জনই যুদ্ধের শুরুতে মিনাব শহরের একটি বালিকা বিদ্যালয়ে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারিয়েছে। মিয়াদফার আরও জানান, নিহত শিশুদের মধ্যে ১৩ জনের বয়স পাঁচ বছরের কম এবং সর্বকনিষ্ঠ শিশুটির বয়স ছিল মাত্র তিন দিন। ইরান সরকারের তথ্যানুযায়ী, রিপোর্ট লেখা পর্যন্ত দেশজুড়ে দেড় হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এদিকে, আধা-সরকারি বার্তা সংস্থা ইসনা-তে দেওয়া এক বিবৃতিতে ইরানের স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ-রেজা জাফরকান্দি বলেন, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ২৮ ফেব্রুয়ারি থেকে রিপোর্ট লেখা পর্যন্ত প্রায় ৩১৮টি স্বাস্থ্য, চিকিৎসা ও জরুরি সেবা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে রয়েছে ৪৯টি জরুরি সেবা কেন্দ্র, ১৮৬টি স্বাস্থ্য কেন্দ্র ও ৪০টি হাসপাতাল। তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত হাসপাতালগুলোর মধ্যে অন্তত ১২টি বর্তমানে সম্পূর্ণ ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এছাড়া প্রায় ৩০টি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হয়ে অকেজো হয়ে পড়েছে।
ইরানের সঙ্গে যুদ্ধে এ পর্যন্ত ৪,৮২৯ জন আহত হয়েছে : ইসরায়েল

ইরানের সঙ্গে যুদ্ধে এ পর্যন্ত ৪,৮২৯ জন আহত হয়েছে : ইসরায়েল ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত ইসরায়েলের ৪৮২৯ জন আহত হয়েছে বলে দাবি করেছে তেল আবিব। আজ কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় দাবি করেছে ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ৪৮২৯ জন আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে ১১১ জন এখনো হাসপাতালে ভর্তি আছেন এবং ১২ জনের অবস্থা গুরুতর। উল্লেখ্য-গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানকে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে বিরত রাখতে যৌথ হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। জবাবে ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। একই সঙ্গে ইরান কয়েকটি আরব দেশে যেখানে মার্কিন ঘাঁটিসহ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থ সংশ্লিষ্ট আছে সেখানেও হামলা চালিয়ে যাচ্ছে। ফলে এই সংঘাত এখন ওই অঞ্চলের ১৪ দেশে ছড়িয়ে পড়েছে।
জেট ফুয়েলের দাম ৮০ শতাংশ পর্যন্ত বাড়ানো হতে পারে: বিইআরসি

জেট ফুয়েলের দাম ৮০ শতাংশ পর্যন্ত বাড়ানো হতে পারে: বিইআরসি বাংলাদেশেও জেট ফুয়েলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এতে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ৮০ শতাংশ পর্যন্ত বাড়ানো হতে পারে বলে বিইআরসি সূত্রে জানা গেছে। সূত্র জানায়, তেলের দাম বাড়াতে আজ জুমে জরুরি সভা করে বিইআরসি। এতে পদ্মা অয়েল, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনসহ (বিপিসি) বিইআরসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভ্যন্তরীণ রুটে ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১১২ টাকা ৪১ পয়সা থেকে এক লাফে ২০২ টাকা ২৯ পয়সা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ লিটারপ্রতি দাম বাড়ানো হয়েছে ৮৯ টাকা ৮৮ পয়সা বা ৮০ শতাংশ। এছাড়া আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার ফুয়েলের দাম ০.৭৩৮৪ ডলার থেকে বাড়িয়ে ১.৩২১৬ ডলার নির্ধারণ করা হয়েছে। দর বৃদ্ধির হার প্রায় ৭৯ শতাংশ।
২৫ মার্চ রাতে এক মিনিটের প্রতীকী ব্ল্যাক-আউট পালনের নির্দেশ

২৫ মার্চ রাতে এক মিনিটের প্রতীকী ব্ল্যাক-আউট পালনের নির্দেশ আগামী ২৫ মার্চ রাতে সারাদেশে এক মিনিটের প্রতীকী ব্ল্যাক-আউট পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই), জরুরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এবং বাংলাদেশে অবস্থিত বিদেশি মিশনসমূহ এ কর্মসূচির আওতার বাইরে থাকবে। গতকাল মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকারি নির্দেশনা অনুযায়ী, ২৫ মার্চ রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত এই ব্ল্যাক-আউট পালন করা হবে।
২৬ মার্চ প্যারেড স্কয়ারে হবে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট

২৬ মার্চ প্যারেড স্কয়ারে হবে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে আগামী ২৬ মার্চ সকাল ৯টায় জাতীয় প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট অনুষ্ঠিত হবে। গতকাল আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্যারেড স্কয়ারের কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। প্যারেড স্কয়ারে প্রবেশ করতে হবে ২, ৩, ৪, ১০ ও ১১ নম্বর ফটক দিয়ে।