নেপালে সেরা খেলোয়াড় বাংলাদেশের ফাবিহা

নেপালে সেরা খেলোয়াড় বাংলাদেশের ফাবিহা অষ্টম নেকোস আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপের শেষ দিনে আরো দুটি স্বর্ণ জিতে মোট ৪টি স্বর্ণ ও একটি ব্রোঞ্জ নিয়ে জুনিয়র ক্যাটাগরিতে রানার্সআপ হয়ে টুর্নামেন্ট শেষ করেছে বাংলাদেশ। নেপালের রাজধানী কাঠমান্ডুর নয়া বাজারে অবস্থিত বহুমুখী মার্শাল আর্ট কেন্দ্রে ‘অষ্টম নেকোস আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপের তৃতীয় দিনে +৭০ কেজি ওজনে দাপটের সাথে স্বর্ণ জিতেছে ফাবিহা বুশরা। এছাড়া দিনের শেষ ইভেন্ট পুরুষদের -৭৩ কেজি ওজনে বাজিমাত করেন শাহিন আহমেদ। এর আগে টুর্নামেন্টের দ্বিতীয় দিনে মেয়েদের অনূর্ধ্ব-১৮ ক্যাডেট +৫৩ ওজন ইভেন্টে স্বর্ণপদক জিতেছিলো আজিজা আলেয়া লিয়ন, বালক ক্যাডেট +৬২ ইভেন্টে স্বর্ণ জিতেছিলো উসাচিং মারমা বিজয় এবং বালিকা -৪৫ ইভেন্টে ব্রোঞ্জ জিতেছিলো রেমি হাসি। শেষপর্যন্ত বাংলাদেশের ঝুলিতে জমা হয় মোট চারটি স্বর্ণ এবং একটি ব্রোঞ্জ। জুনিয়র ক্যাটাগরিতে সেমিফাইনালে ৪ সেকেন্ড এবং ফাইনালে ৩০ সেকেন্ডে প্রতিপক্ষকে হারিয়ে টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হয়েছেন ফাবিহা বুশরা। নেপাল ক্রীড়া ফেডারেশনের অন্তর্ভুক্ত জাতীয় জুডো সংঘের আয়োজনে এই আন্তর্জাতিক টুর্নামেন্টে স্বাগতিক নেপালের ১৫ টি ক্লাব, বাংলাদেশ ও ভুটানের প্রায় ৩০০ জন জুডোকা অংশগ্রহণ করেন। বাংলাদেশ হয়ে তিনজন বালক ও তিনজন বালিকা অংশ নিয়েছিলো। যারা সবাই বিকেএসপির খেলোয়াড়। দলের ম্যানেজার হিসেবে দায়িত্বে ছিলেন ড. লুৎফর রহমান, কোচের দায়িত্বে ছিলেন মো. আবু বকর সিদ্দিক এবং দলের অফিশিয়াল হিসেবে দায়িত্বে ছিলেন ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিসার আল-আমিন।

সেঞ্চুরিতে অভিষেকেই ইতিহাস ১৫ বছরের ক্রিকেটারের

সেঞ্চুরিতে অভিষেকেই ইতিহাস ১৫ বছরের ক্রিকেটারের রুয়ান্ডার কিশোরী ওপেনার ফ্যানি উতাগুশিমানিন্ডে অভিষেক ম্যাচেই গড়লেন ইতিহাস। মাত্র ১৫ বছর ২২৩ দিন বয়সে নারী টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি করে তিনি হয়ে গেলেন সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান। শুধু তাই নয়, অভিষেক ম্যাচেই সেঞ্চুরি করার বিরল কীর্তিও প্রথমবারের মতো নিজের করে নিয়েছেন এই ডানহাতি ব্যাটার। নাইজেরিয়ার তাফাওয়া বালেওয়া স্কয়ার ক্রিকেট ওভালে অনুষ্ঠিত নাইজেরিয়া ইনভাইটেশনাল নারী টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ঘানার বিপক্ষে ৬৫ বলে অপরাজিত ১১১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন ফ্যানি। তার ইনিংসে ছিল ১৭টি চার। ফ্যানির ব্যাটে ভর করে রুয়ান্ডা নির্ধারিত ২০ ওভারে তোলে ৩ উইকেটে ২১০ রানের বিশাল সংগ্রহ। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে ঘানা। শেষ পর্যন্ত ৮ উইকেটে ৮৮ রানেই থেমে যায় তারা। ফলে ১২২ রানের বড় জয় তুলে নেয় রুয়ান্ডা। এর আগে নারী টি-টোয়েন্টিতে সর্বকনিষ্ঠ সেঞ্চুরির রেকর্ডটি ছিল উগান্ডার প্রসকোভিয়া আলাকোর দখলে। তিনি ২০১৯ সালে ১৬ বছর ২৩৩ দিন বয়সে সেঞ্চুরি করেছিলেন। রুয়ান্ডার হয়েও আগের রেকর্ডটি ছিল গিসেল ইশিমওয়ের, যিনি ২০২১ সালে ১৭ বছর ৩ দিন বয়সে এই কীর্তি গড়েন। ম্যাচে বল হাতেও উজ্জ্বল ছিলেন বেলিজ মুরেকাতেতে। তিনি ৩ উইকেট নিয়ে ঘানার ব্যাটিং লাইনআপ ভেঙে দেন। অভিষেকেই দুর্দান্ত সেঞ্চুরির জন্য ফ্যানি উতাগুশিমানিন্ডেকে ম্যাচসেরা নির্বাচিত করা হয়।

তিন জেলায় সড়কে প্রাণ গেল ১৯ জনের

তিন জেলায় সড়কে প্রাণ গেল ১৯ জনের দেশের তিন জেলায় সড়ক দুর্ঘটনায় ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কায় ১২ জন, ফেনীতে বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে তিনজন এবং হবিগঞ্জে বাসের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। জেলা প্রতিনিধিদের পাঠানো খবর- কুমিল্লা  কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে যাত্রীবাহী বাসে মেইল ট্রেনের ধাক্কায় ১২ জন নিহত হয়েছেন। এদের মধ্যে সাতজন পুরুষ, তিনজন নারী এবং দুই শিশু রয়েছে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার অজয় ভৌমিক বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার সালামত উল্লার ছেলে মো. বাবুল চৌধুরী (৫৩), ঝিনাইদহের মহেশপুরের পিন্টু মিয়ার স্ত্রী লাইজু আক্তার (২৬), তার দুই মেয়ে খাদিজা (৬) এবং মরিয়ম (৪), চুয়াডাঙ্গার জীবননগরের বিল্লাল হোসেনের ছেলে সোহেল রানা (৪৬), যশোরের চৌগাছের ফকির চাঁদ বিশ্বাসের ছেলে সিরাজুল ইসলাম (৬২) ও তার স্ত্রী কোহিনূর বেগম (৫৫), নোয়াখালীর সুধারাম এলাকার মোহাম্মদ সেলিমের ছেলে নজরুল ইসলাম রায়হান (৩৩), লক্ষ্মীপুর সদরের সিরাজউদ্দৌলার মেয়ে সায়েদা (৯), ঝিনাইদহ সদরের মুক্তার বিশ্বাসের ছেলে জোয়াদ বিশ্বাস (২০), মাগুরার মোহাম্মদপুর এলাকার ওহাব শেখের ছেলে ফচিয়ার রহমান (২৬) এবং চাঁদপুরের কচুয়া উপজেলার মমিনুল হকের ছেলে তাজুল ইসলাম (৬৮)। শনিবার (২১ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় মামুন পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসকে ধাক্কা দেয় চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাওয়া মেইল ট্রেন। এই ধাক্কায় বাসটিকে অন্তত আধা কিলোমিটার দূরে নিয়ে যায় ট্রেনটি। এতে প্রথমে ৭ জনের মরদেহ উদ্ধার করা হলেও পরে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১২ জনে। ঘটনার পর চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে আখাউড়া থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজে অংশ নেয়। এছাড়াও ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব এ উদ্ধার অভিযানে অংশ নেয়। সকাল ৮টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়। এ ঘটনায় রেলক্রসিংয়ের দুই গেটম্যানকে বরখাস্ত করা হয়। নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা ঘোষণা করেন কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসান। দুর্ঘটনার সঠিক কারণ বের করতে তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। হবিগঞ্জ হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বাসের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছেন। শনিবার (২১ মার্চ) দিবাগত রাতে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের আন্দিউড়া এলাকায় আন্দিউড়া উম্মেতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী রয়েছেন। রোববার (২২ মার্চ) বেলা সোয়া ১১টার দিকে বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন ঘটনাস্থলে থাকা মাধবপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) ইউসুফ। তিনি জানান, পিকআপ ভ্যানটি পাশে থাকা পুকুরে পড়ে আছে। এতে বাসাবাড়ির মালামাল ছিল। চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা পিকআপ ভ্যানের চালক ও যাত্রী। মরদেহগুলো হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তারা সিলেটের দিকে যাচ্ছিল নাকি সিলেট থেকে ফিরছিল তা বোঝা যাচ্ছে না। ফেনী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন। রোববার (২২ মার্চ) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহতদের মরদেহ ফেনী সদর হাসপাতালের মর্গে রাখা রয়েছে। হতাহতদের নাম-পরিচয় শনাক্তে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। মহিপাল হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ আসাদুল ইসলাম জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী-রামপুর এলাকায় চট্টগ্রাম অভিমুখী একটি লেনের কাজ চলছিল। এ সময় একটি অ্যাম্বুলেন্স ধীর গতিতে পার হচ্ছিল। এমতাবস্থায় শ্যামলী পরিবহনের একটি বাস অ্যাম্বুলেন্সটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এ ঘটনায় বাস ও অ্যাম্বুলেন্স চালকের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে পেছনে মোটরসাইকেল ও আরও কিছু বাসের জট লেগে যায়। তার কিছুক্ষণ পর বেপরোয়া গতিতে আসা দোয়েল পরিবহনের একটি বাস জটলার মধ্যে ধাক্কা দেয়। এতে বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় একজন মোটরসাইকেল আরোহী, বাসের সুপারভাইজার, ও একজন যাত্রী নিহত হন।

বিশ্ববাজারে সোনার দরপতন

বিশ্ববাজারে সোনার দরপতন আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে দরপতন দেখা গেছে। একদিনে ২ দশমিক ৩৬ শতাংশ পতন হয়েছে। ফলে প্রতি আউন্স সাড়ে ৪ হাজার ডলারের নিচে নেমে এসেছে। বিশ্বজুড়ে স্বর্ণ ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট ‌‘গোল্ডপ্রাইস’ সূত্রে জানা যায়, সব শেষ আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ১০৯ ডলার কমে ৪ হাজার ৪৯৪ ডলার নেমে এসেছে। একদিন আগে ছিল ৪ হাজার ৬০০ ডলারের ওপরে ছিল। এছাড়া এক সপ্তাহ আগে গত ১৪ মার্চ প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল ৫ হাজার ২০ ডলার। সেই হিসেবে এক সপ্তাহে সোনার দাম প্রতি আউন্সে কমেছে ৫২৬ ডলার বা ১০ দশমিক ৫ শতাংশ। এদিকে, দেশের বাজারে গত বৃহস্পতিবার (১৯ মার্চ) একদিনে দুদফা সোনার দাম কমানোর ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। দুদফায় প্রতি ভরিতে সর্বোচ্চ ১৫ হাজার ৩৩৮ টাকা পর্যন্ত দাম কমানো হয়। এতে করে ভালো মানের (২২ ক্যারেট) সোনার ভরি কমে দুই লাখ ৪৬ হাজার ৯২৭ টাকায় নেমে আসে।

মার্চের ২২ দিনে চট্টগ্রাম বন্দরে ২৫ জাহাজ জ্বালানি খালাস

মার্চের ২২ দিনে চট্টগ্রাম বন্দরে ২৫ জাহাজ জ্বালানি খালাস ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধ শুরুর প্রেক্ষাপটে বৈশ্বিক অস্থিরতার মধ্যেও চট্টগ্রাম বন্দরে জ্বালানি খালাস কার্যক্রম স্বাভাবিক রয়েছে। মার্চের প্রথম দিন থেকে ২২ মার্চ পর্যন্ত ২২ দিনে বন্দরে মোট ২৫টি জাহাজ থেকে জ্বালানি খালাস করা হয়েছে। রোববার (২২ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম।  তিনি জানান, মার্চ মাসে এখন পর্যন্ত মোট ২৫টি জাহাজ থেকে জ্বালানি খালাস সম্পন্ন হয়েছে। বর্তমানে ওমান থেকে আসা একটি জাহাজে এলপিজি গ্যাস খালাস কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া থাইল্যান্ড থেকে বেস অয়েল নিয়ে আসা একটি জাহাজ বহির্নোঙরে খালাসের অপেক্ষায় রয়েছে। বন্দরের কর্মকর্তারা জানায়, বর্তমানে বিক বরনহলম এবং মর্নিং জেন নামের দুটি জাহাজ বন্দরের পথে রয়েছে। জাহাজ দুটি ২৫ মার্চের মধ্যে বন্দরে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। এদিকে ওমান থেকে আসা এলপিজি সেভান জাহাজে গ্যাস খালাস চলছে। অন্যদিকে থাইল্যান্ড থেকে বেস অয়েল নিয়ে আসা এবি অলিভিয়া জাহাজটি বহির্নোঙরের ব্রাভো পয়েন্টে অবস্থান করছে এবং খালাসের অপেক্ষায় রয়েছে।

২৬ মার্চ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

২৬ মার্চ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা জানাতে আগামী বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর ৫টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রবিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবীর রিজভী। সংবাদ সম্মেলনে রিজভী জানান, স্বাধীনতা দিবসের আগের দিন ২৫ মার্চ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনায় বক্তব্য দেবেন দলের শীর্ষ নেতারা। এ ছাড়া ২৬ মার্চ কেন্দ্রীয় ও সারা দেশের কার্যালয়ে পতাকা উত্তোলন করবে বিএনপি। জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে ঢাকায় ফিরে মহান স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এরপর ফাতিহা পাঠসহ দোয়া করবেন দলের সর্বস্তরের নেতাকর্মীরা। একই সঙ্গে মাজার প্রাঙ্গণে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে দোয়ার আয়োজন করা হবে। এর আগে ২৫ মার্চ দুপুর সাড়ে ১২টায় রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির উদ্যোগে আলোচনাসভা অনুষ্ঠিত হবে। এতে দলের কেন্দ্রীয় নেতাসহ দেশবরেণ্য ব্যক্তিরা বক্তব্য দেবেন। দিবসটি উপলক্ষে এরই মধ্যে পোস্টার প্রকাশ করা হয়েছে এবং বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবার পাবে ১ লাখ টাকা

ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবার পাবে ১ লাখ টাকা কুমিল্লায় লেভেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষের ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের জন্য রেল কর্তৃপক্ষ এক লাখ টাকা করে ক্ষতিপূরণ দেবে বলে জানিয়েছেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। রবিবার (২২ মার্চ) দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ারবাজার বিশ্বরোড এলাকায় দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।  বাস-ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, রেলওয়ের কোনো ধরনের গাফিলতি বা দায়িত্বে অবহেলা সহ্য করা হবে না। দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকার তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদি একাধিক সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান তিনি। আহতদর চিকিৎসার বিষয়ে রেল প্রতিমন্ত্রী বলেন, ‘আমি ইতিমধ্যে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, আহতদের মধ্যে যদি কাউকে ঢাকায় নিয়ে উন্নত চিকিৎসা করানোর প্রয়োজন হয় আমরা সেই ব্যবস্থাও করব। এ ছাড়া যারা আহত হয়েছেন তাদের উন্নত চিকিৎসার জন্য স্বাস্থ্যমন্ত্রী খোঁজখবর রাখছেন।’ এ সময়ে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী, খাদ্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচাল (ডিজি) মো. আফজাল হোসেন, কুমিল্লা জেলা প্রশাসক রেজা হাসান, কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া, কুমিল্লা সিটি করপোরেশন প্রশাসক ইউসুফ মোল্লা টিপুসহ জেলা ও রেল মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।