অস্থায়ী যুদ্ধবিরতি নয়, চূড়ান্ত সমাধান চায় ইরান

অস্থায়ী যুদ্ধবিরতি নয়, চূড়ান্ত সমাধান চায় ইরান মধ্যপ্রাচ্য চলমান সংঘাত বন্ধে যেকোনো কার্যকর উদ্যোগকে স্বাগত জানাতে প্রস্তুত ইরান। তবে এই যুদ্ধ ইরানের ওপর ‘চাপিয়ে দেওয়া’ হয়েছে দাবি করে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, ‘এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র এই যুদ্ধ বন্ধে প্রস্তুত নয়।’ জাপানিজ সংবাদমাধ্যম কিয়োডোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। সাক্ষাৎকারটি শনিবার ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সিতেও প্রকাশ করা হয়েছে। আরাঘচি বলেন, ‘যদিও কিছু দেশ মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের সমাধানের চেষ্টা করছে। তবে ইরান যুদ্ধ বন্ধের কার্যকর প্রস্তাব শুনতে ও বিবেচনা করতে প্রস্তুত। কিন্তু যুক্তরাষ্ট্র আগ্রাসন বন্ধ করতে প্রস্তুত বলে মনে হচ্ছে না।’ তিনি আরও বলেন, ‘ইরান সরাসরি কোনো অস্থায়ী যুদ্ধবিরতির পক্ষে নয়। বরং ইরান এমন একটি চূড়ান্ত সমাধান চায়, যা দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নিশ্চিত করবে।’

ঈদের জামাতে বৃষ্টির বাগড়া

ঈদের জামাতে বৃষ্টির বাগড়া দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আনন্দের এই দিনটিকে ঘিরে যখন সারা দেশে উৎসবের আমেজ, ঠিক তখনই সেই আনন্দে কিছুটা বাগড়া দিয়েছে বৃষ্টি। দেশের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টির খবর পাওয়া গেছে। রাজধানী ঢাকায়ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির দেখা মিলেছে। কোথাও কোথাও ফোটা ফোটা বৃষ্টি শুরু হওয়ায় উৎসবের আমেজের মধ্যেও আবহাওয়ায় কিছুটা অস্বস্তি দেখা দিয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। আর মৌসুমের স্বাভাবিক লঘুচাপ রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে আবহাওয়ার এই পরিবর্তন দেখা দিচ্ছে। পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিরও আশঙ্কা রয়েছে। তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে।

ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চাই : প্রধানমন্ত্রী

ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চাই : প্রধানমন্ত্রী দল মত নির্বিশেষে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এই ঈদে আল্লাহর কাছে প্রার্থণা করি, যেন প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারি। আজ শনিবার প্রধানমন্ত্রীর বাসভবন যমুনায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা। এসময় সবাইকে ঈদের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, এই ঈদে আল্লাহর কাছে প্রার্থণা করি যেন প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারি। জনগণ যে দেশ দেখতে চায় সেই দেশ গড়তে কাজ করবে সরকার। ৭১ এবং ২৪ এ যারা শহীদ হয়েছে শ্রদ্ধার সঙ্গে তাঁদের স্মরণ করছি। প্রত্যাশিত দেশ গড়তে সবার সহযোগিতা কামনা করছি।