চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেল-ইজিবাইক সংঘর্ষে নিহত ২

চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেল-ইজিবাইক সংঘর্ষে নিহত ২ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ব্যাটারিচালিত ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। গতকাল রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের লিলিখিলি মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ঘুঘুডিমা গ্রামের মৃত ইসমাইলের ছেলে ওহিদুল এবং একই এলাকার জয়নালের ছেলে মিনহাজ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে লিলিখিলি মোড়ে বিপরীতমুখী একটি ইজিবাইক ও মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী ওহিদুল ও মিনহাজ প্রাণ হারান। এ ঘটনায় জাহিদুর রহমান জাপান নামে এক ইজিবাইক যাত্রী গুরুতর আহত হয়েছেন। তিনি শিবগঞ্জ উপজেলার চোরবনা গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। দুর্ঘটনার পর স্থানীয়রা জাহিদুর রহমানকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে আসেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
শিবগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনের অর্থদন্ড

শিবগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনের অর্থদন্ড শিবগঞ্জ উপজেলায় পদ্মা নদীর তীর হতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত শাজহান নামে এক ব্যাক্তিকে ৬০ হাজার টাকা অর্থদন্ড করেছে। অভিযানে চক্রের পলাতক অজ্ঞাতনামা ২ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। এছাড়া মাটি বহনকারী একটি ট্রাক্টরের ব্যাটারী জব্দ করে ট্রাক্টরটি অচল করে দেয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, শুক্রবার(২০ মার্চ) সকাল সাড়ে ৮টা থেকে দুপুর প্রায় ১টা পর্যন্ত পাঁকা ইউনিয়নের বোগলাউড়ি ঘাট এলাকায় গোপন খবরের ভিতিত্তে পুলিশ ও আনসার নিয়ে অভিযান চালান শিবগঞ্জের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার তৌফিক আজিজ। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলন করে পরিবহনের অভিযোগে ২০২৩ সালের বালুমহাল ও মাটি ব্যবস্তাপনা(সংশোধন) আইনের ৪(ছ) ধারা ভঙ্গের দায়ে ১৫ ধারায় মো. শাহজাহানকে ৬০ হাজার টাকা অর্থদন্ড আরোপ করে আদায় করা হয়। পরে চক্রের পলাতক দুই সদস্যের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় নিয়মিত মামলা করা হয়। জব্দ হয় বালু পরিবহনে ব্যবহৃত ট্রাক্টরের ব্যাটারী। ইউএনও তৌফিক আজিজ বলেন, ঈদের বন্ধেও বালু ও মাটি খেকোদের বিরদ্ধে অভিযান চলামান থাকবে।
দেশজুড়ে ১৩৩ সিনেমা হলে চলছে ‘প্রিন্স’

দেশজুড়ে ১৩৩ সিনেমা হলে চলছে ‘প্রিন্স’ ঢাকাই চলচ্চিত্রের দর্শকদের কাছে ঈদ মানেই রূপালি পর্দায় শাকিব খানের নতুন চমক। চিরচেনা সেই আমেজ নিয়ে এবারের ঈদুল ফিতরে দেশজুড়ে মুক্তি পেয়েছে মেগা সুপারস্টার শাকিব খান অভিনীত চলচ্চিত্র ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’। মুক্তির প্রথম দিন থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের মাঝে উন্মাদনা তুঙ্গে। পরিচালক আবু হায়াত মাহমুদ নির্মিত এই ছবিটি দেশের মোট ১৩৩টি সিনেমা হলে একযোগে প্রদর্শিত হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শাকিব খান নিজেই এই খবরটি নিশ্চিত করেছেন। নব্বই দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ড কাঁপানো আলোচিত নাম কালা জাহাঙ্গীর। সেই কুখ্যাত গ্যাংস্টারের জীবনের ছায়া অবলম্বনেই তৈরি হয়েছে ‘প্রিন্স’-এর মূল গল্প। শাকিব খান তার পোস্টে লেখেন, ‘পরিবার-পরিজন, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন সবাইকে নিয়ে উৎসবের এই মহাআনন্দে ‘প্রিন্স’ দেখুন। দেশজুড়ে ১৩৩টি সিনেমা হলে একযোগে মহাসমারোহে চলছে। শুধু সংখ্যা নয়, এ তো তুখোড় চাহিদা। আধিপত্য? না এটা তো আমাদের অভ্যেস।’ মেজবাহ উদ্দিন সুমনের চিত্রনাট্যে শাকিব খান এই চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করেছেন, যা তার ক্যারিয়ারের অন্যতম সেরা কাজ হিসেবে ধরা হচ্ছে। এটি কেবল মারকাটারি অ্যাকশন সিনেমা নয়, বরং তৎকালীন ঢাকার রাজনীতি ও অপরাধ জগতের এক গভীর আখ্যান। শিরিন সুলতানা প্রযোজিত এই সিনেমায় শাকিব খানের বিপরীতে প্রথমবার দেখা যাচ্ছে তসনিয়া ফারিণকে। সেই সঙ্গে ওপার বাংলার জ্যোতির্ময়ী কুণ্ডু যোগ করেছেন ভিন্ন মাত্রা। এ ছাড়াও গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, রাশেদ মামুন অপু এবং ড. এজাজের মতো শক্তিশালী অভিনেতারা। এবারের ঈদে ‘প্রিন্স’ ছাড়াও মুক্তি পেয়েছে ‘বনলতা এক্সপ্রেস’, ‘দম’, ‘রাক্ষস’ ও ‘প্রেশার কুকার’। তবে হল সংখ্যা এবং অগ্রিম টিকিট বিক্রির দৌড়ে এখন পর্যন্ত সবার চেয়ে যোজন যোজন এগিয়ে রয়েছে শাকিবের ‘প্রিন্স’।
বিশেষ অতিথির জন্য যে আয়োজন করল বিজয়-রাশমিকা

বিশেষ অতিথির জন্য যে আয়োজন করল বিজয়-রাশমিকা দক্ষিণী মেগাস্টার বিজয় দেবরকোন্ডা ও রাশমিকা মান্দানার বিয়ের রেশ এখনো কাটেনি। রাজস্থানের উদয়পুরে রাজকীয় বিয়ে আর হায়দরাবাদের জমকালো রিসেপশনের পর এবার নিজেদের বাড়িতে এক ‘বিশেষ’ অতিথির জন্য এলাহি আয়োজন করে আলোচনায় এই তারকা দম্পতি। তবে এই বিশেষ অতিথি বিনোদন জগতের কোনো প্রভাবশালী ব্যক্তি নন, বরং এক একরত্তি খুদে ভক্ত। মাসখানেক আগেই পরিবারের উপস্থিতিতে চার হাত এক হয়েছে বিজয়-রাশমিকা। তাদের বিয়ের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকেই খুশিতে ভাসছেন অনুরাগীরা। কিন্তু একরত্তি সেই খুদে ভক্তের মনে ছিল বিষাদ। প্রিয় তারকাদের বিয়ের খবর যেন কিছুতেই মেনে নিতে পারছিল না সে। ভিডিওতে দেখা গিয়েছিল তার কান্নার দৃশ্য। সেই খুদে অনুরাগীর মান ভাঙাতেই এবার অভিনব উদ্যোগ নিলেন নবদম্পতি। সম্প্রতি প্রকাশ্যে আসা একটি ভিডিওতে দেখা গেছে, বিজয়ের হায়দরাবাদের বাসভবনে সেই ছোট্ট ভক্তকে আমন্ত্রণ জানিয়েছেন তারা। সেখানে তার সঙ্গে খুনসুটিতে মেতেছেন রাশমিকা। কখনো বিজয় তাকে কোলে নিয়ে পুরো বাড়ি ঘুরে দেখাচ্ছেন, আবার কখনো তার পাতে তুলে দিচ্ছেন লাড্ডু ও পোলাওয়ের মতো সুস্বাদু সব খাবার। শুধু আপ্যায়নই নয়, খুদে অতিথিকে স্নেহের চুম্বনেও ভরিয়ে দিয়েছেন এই তারকা জুটি। বিজয়-রাশমিকার এমন মানবিক ও অমায়িক আচরণ ভক্তদের মনে জায়গা করে নিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা তাদের প্রশংসায় পঞ্চমুখ। একজন জনপ্রিয় তারকা হয়েও সাধারণ এক ভক্তের আবেগ মূল্যায়ন করে তাকে নিজেদের ঘরে আপ্যায়ন করার বিষয়টি এখন নেটদুনিয়ায় টক অব দ্য টাউন।
ঈদে নচিকেতার নতুন গান ‘ভালো থেকো’

ঈদে নচিকেতার নতুন গান ‘ভালো থেকো’ ঈদের আনন্দে শ্রোতাদের বাড়তি বিনোদন দিতে প্রতিবারের মতো এবারও গান নিয়ে হাজির হচ্ছেন নব্বই দশকের জনপ্রিয় শিল্পী নচিকেতা চক্রবর্তী। কবির বকুলের কথায় এবং বেলাল খানের সুরে ‘ভালো থেকো’ শিরোনামের এই গানটি শ্রোতাদের ঈদ আয়োজনে যোগ করবে ভিন্ন মাত্রা। গানটির সংগীতায়োজন করেছেন শোভন রায়। নচিকেতা জানান, বাংলাদেশে অনেক সুরকারের সঙ্গেই কাজ করার অভিজ্ঞতা আছে তার, তবে এই গানটির সুরে তিনি বিশেষ এক আমেজ পেয়েছেন। তার বিশ্বাস, গানটির কথা ও সুর শ্রোতাদের মনের তালিকায় জায়গা করে নেবে। সুরকার বেলাল খান বলেন, নচিকেতা চক্রবর্তী দুই বাংলাতেই সমান জনপ্রিয়। বর্তমান প্রজন্মের (জেন-জি) শ্রোতারাও তার গানের মাঝে নিজেদের খুঁজে পান। এমন একজন কিংবদন্তি শিল্পীর জন্য সুর করা আমার জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল। গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন চন্দন রায় চৌধুরী। ভিডিওতে অভিনয় করেছেন তাপস রায় চৌধুরী ও প্রথমা দাস। নির্মাতা জানান, গানের কথার সঙ্গে সামঞ্জস্য রেখে একটি মানসম্মত ভিডিও নির্মাণ করা হয়েছে, যা দর্শকদের হতাশ করবে না।
যুদ্ধের মধ্যে উন্মুক্ত ময়দানে ঈদের নামাজ পড়ল ইরানিরা

যুদ্ধের মধ্যে উন্মুক্ত ময়দানে ঈদের নামাজ পড়ল ইরানিরা যুদ্ধের মধ্যেও উন্মুক্ত ময়দানে ঈদুল ফিতরের নামাজ পড়েছেন হাজার হাজার ইরানি। ৩০ রমজান শেষে আজ শনিবার দেশটিতে পালিত হচ্ছে ঈদ। দেশটির সরকারি টিভিতে প্রচারিত ফুটেজে দেখা গেছে, ভোরবেলা রাজধানী তেহরানের ইমাম খোমেনি গ্রান্ড মসজিদে ঈদের নামাজের জন্য জড়ো হয়েছেন হাজার হাজার মানুষ। মসজিদে জায়গা না হওয়ায় অনেক মানুষ বাইরে নামাজ আদায় করেন। এছাড়া আরাক, জাহেদান এবং আবাদানেও উন্মুক্ত জায়গায় মানুষ ঈদের নামাজ পড়েছেন। আজকে ঈদের দিনই আবার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় নিহত গোয়েন্দা মন্ত্রী ও বিপ্লবী গার্ডের মুখপাত্রের জানাজার নামাজও পড়েছেন ইরানের সাধারণ মানুষ। সূত্র: গালফ নিউজ
ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র

ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র ইরানের তেল রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা ৩০ দিনের জন্য শিথিল করেছে যুক্তরাষ্ট্র। তবে এটি শুধুমাত্র সাগরে থাকা তেলের ওপর কার্যকর হবে। অর্থাৎ ইরানের যেসব তেল এখন বিভিন্ন জাহাজ বা ট্যাংকারে রয়েছে সেসব তেল বিশ্বের আমদানিকারক দেশগুলো কিনতে পারবে। যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল ইরানে যৌথ হামলার পর ইরান গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। এরপর থেকে বিশ্ববাজারে তেলের দাম বাড়তে থাকে। এই পরিস্থিতি দূর করতে এখন ইরানি তেলে নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র। মার্কিন জ্বালানিমন্ত্রী স্কট বেসেন্ট মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে স্থানীয় সময় শুক্রবার (২০ মার্চ) বলেছেন, তাদের এ উদ্যোগের কারণে বিশ্ববাজারে প্রবেশ করবে ইরানের ১৪০ মিলিয়ন ব্যারল তেল। যেগুলো বর্তমানে জাহাজে লোড করা অবস্থায় আছে। বার্তাসংস্থা রয়টার্স বলেছে, যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্ত ইঙ্গিত করছে, ট্রাম্প প্রশাসন এখন উদ্বিগ্ন যে, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে তেলের সংকট যুক্তরাষ্ট্রের ব্যবসার ক্ষতি করতে পারে এবং তাদের মধ্যবর্তী নির্বাচনে প্রভাব ফেলতে পারে। অর্থাৎ কংগ্রেসের নিয়ন্ত্রণ হারাতে পারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির।
এমবাপ্পেকে দলে নিয়ে বিতর্ক, ব্যাখ্যা দিলেন দেশম

এমবাপ্পেকে দলে নিয়ে বিতর্ক, ব্যাখ্যা দিলেন দেশম চোটের কারণে সাম্প্রতিক সময়ে সীমিত ম্যাচ খেলার পরও বিলিয়ান এমবাপ্পেকে জাতীয় দলে ডাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। তবে এই সিদ্ধান্তের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। ব্রাজিল ও কলম্বিয়ার বিপক্ষে আসন্ন প্রীতি ম্যাচকে সামনে রেখে ঘোষিত দলে এমবাপ্পেকে রাখা হয়। হাঁটুর চোটের কারণে রিয়াল মাদ্রিদ তারকা এই ফরোয়ার্ড সম্প্রতি খুব বেশি সময় মাঠে থাকতে পারেননি, যা নিয়ে প্রশ্ন উঠেছে। এমবাপ্পেকে দলে নেওয়ার বিষয়ে দেশম বলেন, ‘এটা একেবারেই সত্য নয় যে তাকে মার্কেটিংয়ের জন্য আনা হয়েছে। সে নিজেই এই ম্যাচগুলো খেলতে চায়।’ তিনি জানান, অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচের পর এমবাপ্পের শারীরিক অবস্থা মূল্যায়ন করা হবে। এরপরই সিদ্ধান্ত নেওয়া হবে তিনি কতটা সময় খেলবেন। আগামী ২৬ মার্চ ব্রাজিল এবং ২৯ মার্চ কলম্বিয়ার বিপক্ষে যুক্তরাষ্ট্রে প্রীতি ম্যাচ খেলবে ফ্রান্স। দলে তৃতীয় গোলরক্ষক হিসেবে লুকাস শেভালিয়েকে অন্তর্ভুক্ত করাও আলোচনা তৈরি করেছে। এ বিষয়ে দেশম বলেন, ‘এটা তার প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি থেকে নেওয়া সিদ্ধান্ত। সামনে কী হবে জানি না, তবে তাকে দলে রাখা গুরুত্বপূর্ণ মনে হয়েছে।
সিঙ্গাপুর-ভিয়েতনাম ম্যাচের দল ঘোষণা, ফিরলেন কারা

সিঙ্গাপুর-ভিয়েতনাম ম্যাচের দল ঘোষণা, ফিরলেন কারা সিঙ্গাপুর ও ভিয়েতনামের বিপক্ষে আসন্ন ম্যাচকে সামনে রেখে ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ঘোষিত দলে নতুন কোনো মুখ না থাকলেও দলে ফিরেছেন কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলার, যা দলকে বাড়তি শক্তি জোগাবে বলে মনে করা হচ্ছে। দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছেন ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ। সর্বশেষ ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর ভুটানের বিপক্ষে দেশের জার্সিতে খেলেছিলেন তিনি। এরপর চোটের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন। প্রায় দেড় বছর পর আবারও জাতীয় দলে জায়গা করে নিলেন বসুন্ধরা কিংসের এই নির্ভরযোগ্য ডিফেন্ডার। এ ছাড়া স্কোয়াডে ফিরেছেন ফাহমিদুল ইসলাম, আরমান ফয়সাল ও মিরাজুল ইসলাম। তারা কেউই সর্বশেষ গত নভেম্বরে ভারতের বিপক্ষে দলে ছিলেন না। মিরাজুল ইসলামের অভিষেক হয়েছিল ২০২৪ সালে ভুটানের বিপক্ষে, সেটিই এখন পর্যন্ত তার শেষ আন্তর্জাতিক ম্যাচ। অন্যদিকে আরমান ফয়সাল সর্বশেষ খেলেছেন গত বছরের এশিয়ান কাপ বাছাইপর্বে হংকংয়ের বিপক্ষে। একই ম্যাচে মাঠে ছিলেন ফাহমিদুল ইসলামও, তবে কার্ডজনিত নিষেধাজ্ঞার কারণে ভারতের বিপক্ষে ঘরের ম্যাচে খেলতে পারেননি তিনি। বাংলাদেশ স্কোয়াড : গোলকিপার : মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান ডিফেন্ডার : তারিক কাজী, রহমত মিয়া, শাকিল আহাদ, আবদুল্লাহ ওমর, জায়ান আহমেদ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন মিডফিল্ডার : কাজেম শাহ, শেখ মোরছালিন, জামাল ভূঁইয়া, সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, শমিত সোম, হামজা চৌধুরী ফরোয়ার্ড : আরমান ফয়সাল, সুমন রেজা, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ, ফাহমিদুল ইসলাম, মিরাজুল ইসলাম আগামী ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে হাভিয়ের কাবরেরার শিষ্যরা। এরপর ৩১ মার্চ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। এ লক্ষ্যে আজ রাতেই দলের ভিয়েতনামের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। উল্লেখ্য, এশিয়ান কাপের মূল পর্বে খেলার সুযোগ আগেই শেষ হয়ে গেছে বাংলাদেশের। বাছাইপর্বে এখন পর্যন্ত পাঁচ ম্যাচে একটি জয় পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা, যা এসেছে গত নভেম্বরে ভারতের বিপক্ষে। অন্য ম্যাচগুলোতে দুই ড্র ও দুই হারে মোট ৫ পয়েন্ট সংগ্রহ করেছে দলটি।
ব্রাজিলের বিপক্ষে এমবাপ্পের নেতৃত্বে ফ্রান্স দলে আছেন যারা

ব্রাজিলের বিপক্ষে এমবাপ্পের নেতৃত্বে ফ্রান্স দলে আছেন যারা ফিফার মার্চ উইন্ডোতে বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে দুটি হাইভোল্টেজ প্রীতি ম্যাচ খেলবে ফ্রান্স। এই উইন্ডোতে রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং আরেক লাতিন পরাশক্তি কলম্বিয়ার মুখোমুখি হবে ফরাসিরা। আগামী ২৬ মার্চ যুক্তরাষ্ট্রের বোস্টনে ব্রাজিলের মুখোমুখি হবে এমবাপের দল। এরপর ২৯ মার্চ ওয়াশিংটনে তাদের প্রতিপক্ষ কলম্বিয়া। কোচ দেশম জানিয়েছেন, এই উইন্ডো শেষ হওয়ার পর আগামী ১৩ মে ফ্রান্সের চূড়ান্ত বিশ্বকাপ দল ঘোষণা করবেন তিনি। আসন্ন এই দুই ম্যাচকে সামনে রেখে কিলিয়ান এমবাপ্পের নেতৃত্বে শক্তিশালী দল ঘোষণা করেছেন ফ্রান্সের প্রধান কোচ দিদিয়ের দেশম। ঘোষিত সেই দলে ফিরেছেন পিএসজির তারকা ফরোয়ার্ড উসমান দেম্বেলে। চোটের কারণে দেশের জার্সিতে গত বছরের শেষ পাঁচটি ম্যাচ খেলতে পারেননি তিনি। দলে ফিরেছেন অধিনায়ক কিলিয়ান এমবাপেও। গত নভেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচে আজারবাইজানের বিপক্ষে খেলেননি তিনি। ব্রাজিলের বিপক্ষে আসন্ন এই প্রীতি ম্যাচে রিয়াল মাদ্রিদ সতীর্থ ভিনিসিয়ুস জুনিয়রের বিপক্ষে প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে দেখা যাবে এমবাপেকে। সম্প্রতি পিএসজির হয়ে খেলতে নেমে অ্যাঙ্কেলে চোট পেয়েছেন তরুণ স্ট্রাইকার ব্র্যাডলি বারকোলা। ফলে দেশমের এই স্কোয়াডে জায়গা হয়নি তার। বারকোলার জায়গায় মূলত সুযোগ পেয়েছেন র্যান্ডাল কোলো মুয়ানি। দেশমের স্কোয়াডে অন্যতম বড় চমক হিসেবে জায়গা করে নিয়েছেন গোলরক্ষক লুকাস শ্যাভালিয়র। প্রীতি ম্যাচের দলে আছেন যারা- গোলকিপার : লুকাস শ্যাভালিয়র, মাইক মাইগনান ও ব্রাইস সাম্বা। ডিফেন্ডার : লুকাস দিনিয়ে, মালো গুস্তো, লুকাস হার্নান্দেজ, থিও হার্নান্দেজ, পিয়েরে কালুলু, ইব্রাহিমা কোনাতে, উইলিয়াম সালিবা ও দায়োত উপামেকানো। মিডফিল্ডার : এদুয়ার্দো কামাভিঙ্গা, এনগোলো কান্তে, মানু কোনে, আদ্রিয়েন র্যাবিয়ট, অঁরেলিয়ে শুয়ামেনি ও ওয়ারেন জাইরে-এমেরি। ফরোয়ার্ড : ম্যাগনেস আকলিউচে, রায়ান চেরকি, উসমান দেম্বেলে, দেজিরে দুয়ে, হুগো একিতিকে, র্যান্ডাল কোলো মুয়ানি, কিলিয়ান এমবাপে, মাইকেল ওলিসে ও মার্কাস থুরাম।