২০২৬ হকি বিশ্বকাপেও ভারত-পাকিস্তান উত্তেজনা

২০২৬ হকি বিশ্বকাপেও ভারত-পাকিস্তান উত্তেজনা ক্রিকেটে ভারত-পাকিস্তান লড়াইকে বিশ্ব ক্রীড়াঙ্গনের অন্যতম হাইভোল্টেজ ম্যাচ হিসেবে ধরা হয়। আর্থিক দিক থেকেও এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ সবচেয়ে বেশি লাভজনক। ক্রিকেট মাঠের সেই উত্তেজনা এবার ছড়িয়ে পড়ছে হকির বিশ্ব মঞ্চে, যেখানে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। আগামী ১৫ থেকে ৩০ আগস্ট বেলজিয়াম ও নেদারল্যান্ডস-এর মাটিতে অনুষ্ঠিত হবে এফআইএইচ পুরুষ হকি বিশ্বকাপ ২০২৬। এই আসরে অংশ নেবে মোট ১৬টি দল, যেখানে এক পুলে লড়াই করবে চারটি করে দল। গতকাল নেদারল্যান্ডসের ওয়াগেনার স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে বিশ্বকাপের ড্র। যেখানে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক হকি ফেডারেশনের সভাপতি তাইয়াব ইকরাম। ড্রতে পুল ‘এ’-তে পড়েছে সহ-আয়োজক নেদারল্যান্ডস, জাপান, আর্জেন্টিনা ও নিউজিল্যান্ড। পুল ‘বি’-তে রয়েছে আয়োজক বেলজিয়াম, বর্তমান চ্যাম্পিয়ন জার্মানি, ফ্রান্স ও মালয়েশিয়া। পুল ‘সি’-তে লড়াই করবে অস্ট্রেলিয়া, স্পেন, আয়ারল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা। সবচেয়ে রোমাঞ্চপূর্ণ পুল ‘ডি’। এই পুলকে ডেথ অব পুল বললেও ভুল কিছু হবে না। পুলটিতে লড়াই করবে চারবারের চ্যাম্পিয়ন পাকিস্তান, ভারত, ইংল্যান্ড ও ওয়েলস।

৯০০তম গোল তবুও বিদায় মেসির ইন্টার মায়ামির

৯০০তম গোল তবুও বিদায় মেসির ইন্টার মায়ামির বর্ণাঢ্য ক্যারিয়ারে ৯০০তম গোলের মাইলফলক স্পর্শ করেছেন লিওনেল মেসি। যদিও তার দল ইন্টার মিয়ামি কনকাকাফ চ্যাম্পিয়নস কাপ থেকে বিদায় নিয়েছে। ন্যাশভিলের সঙ্গে ১-১ গোলে ড্র করার পর অ্যাওয়ে গোলের সুবাদে তারা বাদ পড়ে। ১৮ মার্চ ম্যাচের মাত্র সাত মিনিটে গোল করে শেষ ষোলোর দ্বিতীয় লেগে মিয়ামিকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন মেসি। তবে ৭৪তম মিনিটে ন্যাশভিলের ক্রিস্টিনা এসপিনোজা সমতা ফেরান। এর ফলে দুই লেগ মিলিয়ে স্কোর দাঁড়ায় ১-১। ম্যাচের বাকি সময় মিয়ামিকে আটকে রেখে টেনেসির দলটি অ্যাওয়ে গোলের সুবিধায় কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে। মেসির গোলের পর যে ম্যাচটি উদযাপনের রাত হওয়ার কথা ছিল, সেটাই মিয়ামির জন্য হয়ে যায় হতাশার। এটি ছিল ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে ক্লাবটির শেষ ম্যাচ। ২০২৩ সালে ফ্লোরিডায় যোগ দেওয়ার পর থেকে মেসির এমএলএস চ্যাম্পিয়নদের হয়ে গোলসংখ্যা দাঁড়ালো ৮১। আটবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা কাতালান জায়ান্ট বার্সেলোনার হয়ে ৬৭২টি, পিএসজির হয়ে ৩২টি এবং আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক ম্যাচে ১১৫টি গোল করেছেন। ৯০০তম গোলটি আসে তার পেশাদার ফুটবলের প্রথম গোলের প্রায় ২১ বছর পর। ২০০৫ সালে ১৭ বছর বয়সে বার্সেলোনার হয়ে আলবাসেতের বিপক্ষে ২-০ ব্যবধানে জয়ে তিনি প্রথম গোলটি করেছিলেন। ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়দের একজন হিসেবে বিবেচিত মেসি এখনো পেছনে ফেলতে পারেননি চির-প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোকে, যার ক্যারিয়ার গোলসংখ্যা বর্তমানে ৯৬৫।  

সৌদি যুদ্ধে জড়ালে ব্যবহার হবে পাকিস্তানের পরমাণু

সৌদি যুদ্ধে জড়ালে ব্যবহার হবে পাকিস্তানের পরমাণু ইরানের বিরুদ্ধে চলমান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি যুদ্ধে যদি সৌদি আরব সরাসরি অংশ নেয়, তবে রিয়াদ পাকিস্তানের সঙ্গে তাদের দ্বিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তি সক্রিয় করবে এবং দক্ষিণ এশিয়ার এই দেশটির পারমাণবিক অস্ত্রভাণ্ডারের সহায়তা নিতে পারে বলে জানিয়েছেন একজন সৌদি বিশ্লেষক। কানাডার সংবাদমাধ্যম সিবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে সৌদি ভূ-রাজনৈতিক গবেষক সালমান আল-আনসারি এই তথ্য প্রকাশ করেন। তিনি বলেন, সৌদি আরব যদি পূর্ণ শক্তি নিয়ে যুদ্ধে নামার সিদ্ধান্ত নেয়, তবে ইরান হবে সবচেয়ে বড় পরাজিত পক্ষ, কারণ তখন পাকিস্তানের সঙ্গে থাকা প্রতিরক্ষা চুক্তিটি কার্যকর হবে। তিনি আরও যোগ করেন যে, আক্ষরিক অর্থেই সৌদি আরবের ওপর পাকিস্তানের একটি ‘পারমাণবিক ছাতা’ রয়েছে। উল্লেখ্য, গত বছর কাতারের দোহায় হামাস প্রতিনিধিদের ওপর ইসরায়েলি হামলার পর সৌদি আরব ও পাকিস্তান একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছিল। এই চুক্তির মূল ভিত্তি অনেকটা ন্যাটোর ‘অনুচ্ছেদ ৫’-এর মতো, যেখানে বলা হয়েছে যে কোনো একটি দেশের ওপর আক্রমণ উভয় দেশের ওপর আক্রমণ হিসেবে গণ্য হবে।

রণবীর সিংয়ে মুগ্ধ আল্লু অর্জুন

রণবীর সিংয়ে মুগ্ধ আল্লু অর্জুন গতকাল প্রিভিউ শো-তে কিছুটা ঝামেলার সম্মুখীন হলেও আজ শুক্রবার (২০ মার্চ) প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আদিত্য ধরের নতুন স্পাই অ্যাকশন থ্রিলার ‘ধুরন্ধর : দ্য রিভেঞ্জ’। গত বছরের ব্লকবাস্টার ছবি ‘ধুরন্ধর’-এর সিক্যুয়াল এটি। মুক্তির প্রথম কয়েক ঘণ্টার মধ্যেই সিনেমাটি দর্শকদের প্রশংসা কুড়ানোর পাশাপাশি ইন্টারনেটে ব্যাপক সাড়া ফেলেছে। বুধবার (১৮ মার্চ) রাতে অনুষ্ঠিত বিশেষ প্রদর্শনীতে সিনেমাটি দেখে মুগ্ধ হয়েছেন বিনোদন জগতের তারকারা। তেলেগু সুপারস্টার আল্লু অর্জুন টুইটারে সিনেমার পুরো টিমকে অভিনন্দন জানিয়ে লিখেছেন, সোয়্যাগের সাথে দেশপ্রেমের এক অনন্য মিশেল এই ছবি। প্রতিটি ভারতীয় এই সিনেমা দেখে গর্ববোধ করবেন। পর্দায় রণবীর সিং মানেই আগুন! মাধবন স্যারসহ সব অভিনেতার কাজ অসাধারণ। আন্তর্জাতিক মানের এই সিনেমাটি তৈরি করার জন্য পরিচালক আদিত্য ধরকে ধন্যবাদ। আল্লু অর্জুনের এমন প্রশংসা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েছেন অভিনেতা আর মাধবন। তিনি উত্তরে জানান, ক্যারিয়ারের এই গুরুত্বপূর্ণ সময়ে সহকর্মীদের কাছ থেকে এমন রিভিউ পাওয়া তার জন্য অনেক বড় অনুপ্রেরণা। ২০২৬-এর এই সিক্যুয়ালে রণবীর সিংয়ের পাশাপাশি অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, আর মাধবন, অর্জুন রামপাল ও সারা অর্জুনের মতো তারকারা। দেশপ্রেম আর অ্যাকশনের মিশেলে তৈরি এই স্পাই থ্রিলারটি কারিগরি দিক থেকেও দর্শকদের চমকে দিয়েছে। রণবীর সিংয়ের বহুমুখী অভিনয় আর আদিত্য ধরের পরিচালনা—সব মিলিয়ে ‘ধুরন্ধর ২’ এ বছরের অন্যতম সেরা হিট হওয়ার পথে।

ঈদ উপলক্ষে দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা জোরদারে র‌্যাব

ঈদ উপলক্ষে দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা জোরদারে র‌্যাব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‌্যাব। আজ র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব ফোর্সেসের গৃহীত নিরাপত্তা ব্যবস্থা মধ্যে রয়েছে-দেশব্যাপী গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা, ব্যাটালিয়নসমূহ নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় পর্যাপ্ত সংখ্যক র‌্যাব সদস্য মোতায়েন, ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তার জন্য রয়েছে র‌্যাবের কন্ট্রোল রুম, স্ট্রাইকিং রিজার্ভ, ফুট ও মোবাইল পেট্রোল, ভেহিক্যাল স্ক্যানার, অবজারভেশন পোস্ট, চেকপোস্ট এবং সিসিটিভি মনিটরিং ব্যবস্থা। এছাড়াও রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতসহ সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। দেশব্যাপী ঘরমুখো মানুষকে নিরাপত্তা প্রদানের পাশাপাশি র‌্যাবের সেবা সাধারণ জনগণের কাছে পৌঁছে দেয়ার লক্ষ্যে ব্যাটালিয়নসমূহের দায়িত্বপূর্ণ এলাকার বাস টার্মিনাল, রেল স্টেশন, লঞ্চ টার্মিনাল, ফেরিঘাট এবং গুরুত্বপূর্ণ জনসমাগম স্থানসমূহে বিশেষ নজরদারি রয়েছে।

মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধে আজও ২৬ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধে আজও ২৬ ফ্লাইট বাতিল গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করায় এর সরাসরি প্রভাব পড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। যার পরিপ্রেক্ষিতে আজ মোট ২৬ টি ফ্লাইট বাতিল করা হয়েছে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়ে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত সর্বমোট বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে ৬১৪ টি।

সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক

সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার তথ্য পর্যালোচনা ও মুসলিম ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল ফিতরের তারিখ নির্ধারণ করতে আজ সন্ধ্যায় বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। গতকাল ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অবস্থিত ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ-এর সম্মেলন কক্ষে সন্ধ্যা ৬টায় বৈঠকটি অনুষ্ঠিত হবে। এতে আরও বলা হয়, এ বৈঠকে সভাপতিত্ব করবেন ধর্ম মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

ভরিতে সোনার দাম কমলো ৭৬৪০ টাকা

ভরিতে সোনার দাম কমলো ৭৬৪০ টাকা দেশের বাজারে সোনার দাম আরও কিছুটা কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কমানো হয়েছে ৭ হাজার ৬৪০ টাকা। এতে এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৫৪ হাজার ৬২৫ টাকা। স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমার পরিপ্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে। আজ সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয় বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। আজ বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আফগানিস্তানে আজ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর

আফগানিস্তানে আজ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় আফগানিস্তানে আজ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। তালেবান প্রশাসন গতকাল গভীর রাতে এ ঘোষণা দেয়। আফগান বার্তা সংস্থা খামা প্রেস এজেন্সি জানায়, দেশটির দক্ষিণাঞ্চলের হেলমান্দ এবং পশ্চিমাঞ্চলের ফারাহ ও গোর প্রদেশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। স্থানীয় বাসিন্দাদের সাক্ষ্য যাচাই করে সরকার পরিচালিত চাঁদ দেখা কমিটি এ সিদ্ধান্ত অনুমোদন করে। তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ আজ ঈদের প্রথম দিন ঘোষণা করে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। আফগান সম্প্রচার মাধ্যম তোলো নিউজের প্রতিবেদন অনুসারে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আফগান সরকার গতকাল ৪ হাজার ৫৯৬ জন বন্দীকে মুক্তি ও আরও ৪ হাজার ৪০৭ জন বন্দীর সাজা কমানো হয়েছে। এদিকে আফগানিস্তানের এ সিদ্ধান্তের কারণে অন্যান্য মুসলিম দেশের সঙ্গে ঈদের তারিখে পার্থক্য তৈরি হয়েছে। সৌদি আরব জানিয়েছে, গতকাল চাঁদ দেখা না যাওয়ায় দেশটিতে আগামীকাল ঈদ উদযাপিত হবে। একই সিদ্ধান্ত নিয়েছে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও কুয়েত। এছাড়া তুরস্ক ও অস্ট্রেলিয়া জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী আগামীকাল ঈদ নির্ধারণ করেছে। ইয়েমেন, লেবানন, ফিলিস্তিন ও ইরাকেও একই দিনে ঈদ উদযাপন করা হবে।

পিএসএল খেলার অনুমতি পেলেন মুস্তাফিজ-শরিফুলরা

পিএসএল খেলার অনুমতি পেলেন মুস্তাফিজ-শরিফুলরা পাকিস্তান সুপার লিগে পিএসএল এবার দল পেয়েছেন বাংলাদেশের পাচ তারকা ক্রিকেটার। আগামী ২৬ মার্চ থেকে শুরু হতে যাওয়া এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলতে তারা বিসিবির এনওসি (অনাপত্তি) পাবেন কি না, পেলেও তা কতদিনের জন্য সেই আলোচনা ছিল। অবশেষে জানা গেছে, পাঁচ ক্রিকেটারকেই এনওসি দিয়েছে বিসিবি। তারা লিগটিতে খেলতে পারবেন ১২ এপ্রিল পর্যন্ত। এবারের পিএসএলে সরাসরি চুক্তিতে বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছিল লাহোর কালান্দার্স। এরপর নিলামে দল পান রিশাদ হোসেন, নাহিদ রানা ও পারভেজ হোসেন ইমন। সবশেষ দিন দুয়েক আগে পঞ্চম বাংলাদেশি হিসেবে শরিফুল ইসলামও প্রথমবার ফ্র্যাঞ্চাইজি লিগটিতে ডাক পেয়েছেন। সব ঠিক থাকলে নাহিদ রানার সঙ্গে পেশোয়ার জালমিতে দেখা যাবে বাঁহাতি এই পেসারকে।