গোমস্তাপুরে ২০ প্রতিবন্ধী পেল হুইল চেয়ার

গোমস্তাপুরে ২০ প্রতিবন্ধী পেল হুইল চেয়ার গোমস্তাপুরে ২০ প্রতিবন্ধী পেল হুইল চেয়ার। আজ কলেজ মোড়ের মডেল মসজিদ মিলনায়তন এই হুইল চেয়ার বিতরণ করা হয়। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান প্রধান অতিথি থেকে এগুলো বিতরণ করেন। গোমস্তাপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ইমামুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য ও উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম বকুল, রহনপুর পৌর জামায়াতের আমির মনিরুজ্জামান ডাবলু, সেক্রেটারি মানিক রায়হানসহ অন্যরা। প্রধান অতিথি ড. মিজানুর রহমান এমপি তার বক্তব্য বলেন, নতুন এসব হুইল চেয়ার তাদের শারীরিক চলাফেরার সহায়ক হিসেবে কাজ করবে। প্রতিবন্ধীদের জীবনে নতুন গতি আনবে। তিনি আরো বলেন নির্বাচনকালীন সময়ে আমি প্রতিবন্ধীদের আশ্বস্ত করেছিলাম যদি নির্বাচিত হই তাহলে চলাফেরা সুবিধার্থে প্রত্যেকেই একটি করে হুইল চেয়ার দেওয়ার ব্যবস্থা করা হবে।

চাঁপাইনবাবগঞ্জে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলা থেকে শিরিন সুলতানা নামে দুই সন্তানের জননী এক গৃহবধুর গলায় ওড়নার ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি রানীহাটি ইউনিয়নের চকআলমপুর বাঘাপাড়া গ্রামের সেলিম রেজার স্ত্রী ও মৃত গোলাম আজমের মেয়ে। স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, আজ সকাল ৯টার দিকে স্বামীর বাড়ির নিজ শয়নকক্ষের ছাদের বাঁশের তীরের সাথে ফাঁস দেন শিরিন। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়। সদর থানার ওসি নূরে আলম বলেন, প্রাথমিকভাবে শিরিন আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। এর কারণ তদন্ত করে দেখেছে পুলিশ। ময়নাতদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তবে তাঁর স্বামীর পরিবার পুলিশকে জানিয়েছে, শিরিন দীর্ঘদিন অসুস্থ ছিলেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

মেহেদি উৎসবে মেতেছেন দেব-রুক্মিণী

মেহেদি উৎসবে মেতেছেন দেব-রুক্মিণী টলিউড সুপারস্টার দেব ও অভিনেত্রী রুক্মিণী এক দশকেরও বেশি সময় ধরে তাদের ঘনিষ্ঠতা টলিপাড়ার এক ‘ওপেন সিক্রেট’। বারবার তারা বুঝিয়ে দিয়েছেন, তাদের প্রেম কাহিনি অন্যরকম। তবে এবার পর্দার সেই ‘কাছের মানুষ’ রুক্মিণী মৈত্রকে নিয়ে বাস্তবের ছাদনাতলায় যাওয়ার জোরালো ইঙ্গিত দিলেন দেব। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেবের শেয়ার করা কিছু ছবি নেটপাড়ায় রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, একে অপরের সান্নিধ্যে মেহেদি উৎসবে মেতেছেন এই তারকা জুটি। শুধু মেহেদিতে হাত রাঙানোই নয়, দেবের হাতে স্পষ্ট ফুটে উঠেছে রুক্মিণীর নাম। ক্যামেরাবন্দি সেই মিষ্টি মুহূর্তগুলোতে একে অপরের চোখের ভাষা আর খুনসুঁটি বলে দিচ্ছিল তাদের গভীর রসায়নের গল্প।অনুরাগীদের মনে একটাই প্রশ্ন তবে কি এবার সত্যিই বিয়ের সানাই বাজতে চলেছে? অনেকে তো আগাম শুভেচ্ছাবার্তাও দিতে শুরু করেছেন। রুক্মিণী একবার মজা করে জানিয়েছিলেন, দেব যখন প্রথম তার বাবার সঙ্গে দেখা করেন, তখন নিজের পরিচয় দিয়েছিলেন ‘ইঞ্জিনিয়ার’ হিসেবে আর অভিনয় ও রাজনীতিকে বলেছিলেন ‘একটু-আধটু’ কাজ।

ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার আগে যা যা চেক করা জরুরি

ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার আগে যা যা চেক করা জরুরি রমজান প্রায় শেষ, ঘনিয়ে এসেছে ঈদুল ফিতর। ছুটির সুযোগে অনেকেই শহর ছেড়ে গ্রামে ফিরছেন প্রিয়জনদের সঙ্গে উৎসব উদযাপন করতে। তবে এই সময় বাসা ফাঁকা রেখে যাওয়ার আগে কিছু গুরুত্বপূর্ণ প্রস্তুতি না নিলে ফিরে এসে ভোগান্তিতে পড়তে হতে পারে। ছুটিতে যাওয়ার আগে নিচের বিষয়গুলো নিশ্চিত করলে ঝামেলা অনেকটাই কমবে— দরজা-জানালা ঠিকভাবে বন্ধ করুন শুধু গেট তালা দিলেই হবে না, বাসার সব দরজা-জানালা ভালোভাবে বন্ধ আছে কিনা তা নিশ্চিত করুন। এতে চুরি বা বৃষ্টির পানি ঢোকার ঝুঁকি কমে। বিদ্যুৎ সংযোগ নিরাপদে রাখুন অপ্রয়োজনীয় লাইট, ফ্যান বন্ধ করুন। টিভি, চার্জার, মাইক্রোওয়েভসহ সব ইলেকট্রনিক ডিভাইস আনপ্লাগ করে রাখলে আগুন লাগার ঝুঁকি কমে এবং অপ্রয়োজনীয় বিলও এড়ানো যায়। গ্যাস লাইন বন্ধ করুন রান্নাঘরের চুলা ও সিলিন্ডারের রেগুলেটর বন্ধ আছে কিনা নিশ্চিত করুন। এটি নিরাপত্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি। পানির ট্যাপ পরীক্ষা করুন সব ট্যাপ বন্ধ আছে কিনা দেখে নিন। সম্ভব হলে মেইন লাইন বন্ধ রাখুন, এতে পানি অপচয় ও বাসা ভিজে যাওয়ার ঝুঁকি কমবে। ফ্রিজ খালি বা প্রস্তুত রাখুন সহজে নষ্ট হয় এমন খাবার ফেলে দিন বা আগে খেয়ে শেষ করুন। দীর্ঘদিন ফ্রিজ বন্ধ থাকলে দুর্গন্ধ এড়াতে দরজা সামান্য খোলা রাখা যেতে পারে। মূল্যবান জিনিস নিরাপদে রাখুন টাকা, স্বর্ণালংকার ও গুরুত্বপূর্ণ কাগজপত্র লকারে রাখুন। প্রয়োজনে বিশ্বস্ত প্রতিবেশী বা আত্মীয়ের কাছে রাখতে পারেন। পাশাপাশি নিরাপত্তাকর্মীকেও বিষয়টি জানিয়ে যান। ছোট ছোট এই প্রস্তুতিগুলোই আপনার ঈদের আনন্দকে নির্ভার করতে পারে। পরিবার নিয়ে নিশ্চিন্তে সময় কাটাতে চাইলে বাসা রেখে যাওয়ার আগে একটু সচেতন হওয়াই সবচেয়ে বড় নিরাপত্তা।

ঈদের আপনার জন্য ‘হেয়ার স্টাইল’

ঈদের আপনার জন্য ‘হেয়ার স্টাইল’ ঈদের দিন আয়নার সামনে দাঁড়িয়ে সবচেয়ে বড় দ্বিধাটা শুরু হয় চুল নিয়ে-খোঁপা না বেণি? নাকি স্রেফ খোলা চুল? এবারের ঈদে সমসাময়িক ট্রেন্ড ও ধ্রুপদি সাজের মিশেলে আপনার জন্য রইল ‘হেয়ার স্টাইল গাইড’। ধ্রুপদি মাধুর্য : ফুলে সাজা খোঁপা শাড়ির সঙ্গে খোঁপাকে বলা হয় ‘এভারগ্রিন’ ফ্যাশন। ঈদের দাওয়াতের জন্য প্রথমেই চুল ভালোভাবে আঁচড়ে নিয়ে সিঁথির পেছনে হালকা পনিটেইল করে নিন। এবার প্রতিটি গোছ আলাদা করে ববি পিন দিয়ে আটকে একটি ভরাট খোঁপায় রূপ দিন। খোঁপা বড় দেখাতে ভিতরের দিকে উল্টো ব্রাশ করে নিতে পারেন। সাজে আভিজাত্য আনতে খোঁপায় জড়িয়ে নিন দোলনচাঁপা, জারবারা অথবা লাল গোলাপ। আধুনিকতার ছোঁয়া : খোলা চুলে ‘বিচ ওয়েভ’ ঐতিহ্যবাহী শাড়ির সঙ্গে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় স্টাইল হলো ‘বিচ ওয়েভ’ বা ঢেউ খেলানো চুল। এই লুক পেতে চুলে ড্রাই শ্যাম্পু ব্যবহার করে কিছুটা রাফ করে নিন, এরপর টং বা কার্লিং মেশিন দিয়ে হালকা কোঁকড়া করে হাত দিয়ে ছাড়িয়ে নিন। এই এলোমেলো অথচ গোছানো ঢেউ খেলানো চুল চেহারা দেবে আভিজাত্য। ঝটপট সাজ : টুইস্ট খোঁপা ঈদের ব্যস্ততার মাঝে যারা দ্রুত সাজতে চান, তাদের জন্য টুইস্ট খোঁপা সেরা। কপালের সামনের চুলগুলো ফুলিয়ে পনিটেইল করুন। এরপর ধাপে ধাপে ঝুঁটি বেঁধে মাঝখান দিয়ে উল্টো করে ঘুরিয়ে নিন। এভাবে চার-পাঁচটি ধাপ শেষ করে কাঁধের কাছে সাধারণ খোঁপা করে আটকে দিন। খুব কম সময়েই পেয়ে যাবেন জমকালো এক ‘পার্টি লুক’। ফিউশন স্টাইল : ফাংকি বেণি ও বান ঈদের বিকালে যারা সালোয়ার কামিজ বা ফিউশন পোশাক (স্কার্ট-টপ বা পালাজ্জো) পরবেন, তারা বেছে নিতে পারেন ‘ফাংকি বেণি’। একপাশে সিঁথি করে একদিক থেকে চিকন বেণি টেনে অন্যপাশে এলোমেলো করে পেঁচিয়ে নিন। অন্যদিকে বানের চারপাশ দিয়ে পুঁতির মালা জড়িয়ে আনুন ‘রয়্যাল’ লুক। খোলা চুলে ফ্যাশন করতে চাইলে একপাশে বেণি করে বাকি চুলে কার্ল বা স্ট্রেট লুক দিতে পারেন।

টম হল্যান্ডের সঙ্গে ‘বিয়ের ছবি’ ভাইরাল, যা বললেন জেন্ডায়া

টম হল্যান্ডের সঙ্গে ‘বিয়ের ছবি’ ভাইরাল, যা বললেন জেন্ডায়া ‘স্পাইডারম্যান’ খ্যাত হলিউড অভিনেতা টম হল্যান্ডের সঙ্গে অভিনেত্রী জেন্ডায়ার ‘বিয়ের ছবি’ অন্তর্জালে ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে অভিনেত্রীর কাছে জানতে চেয়েছেন অনেকে। সম্প্রতি এ বিষয়ে মুখ খুলেছেন জেন্ডায়া। জানালেন, ছবিগুলো আসলে সত্যি নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি। সম্প্রতি ‘জিমি কিমেল লাইভ’ অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি জানান, ইন্টারনেটে ছড়িয়ে পড়া তাদের বিয়ের ভুয়া ছবিগুলো দেখে সাধারণ মানুষ তো বটেই, এমনকি তার পরিচিত অনেকেই বিভ্রান্ত হয়েছেন। জেন্ডায়া হাসতে হাসতে বলেন, অনেকেই এই ছবিগুলো দেখে প্রতারিত হয়েছেন। বাস্তব জীবনে বাইরে বের হলে মানুষ আমাকে বলছিল, তোমাদের বিয়ের ছবিগুলো দারুণ হয়েছে! অথচ আমি মনে মনে বলছিলাম, ওগুলো তো এআই, ওগুলো আসল নয়! এমনকি অভিনেত্রীর অনেক ঘনিষ্ঠজন বিয়েতে দাওয়াত না পেয়ে অভিমানও করেছিলেন বলে তিনি মজার ছলে জানান। অনুষ্ঠানে জেন্ডায়ার বাম হাতে এনগেজমেন্ট রিং এবং ওয়েডিং ব্যান্ডের মতো উজ্জ্বল আংটি দেখা গেলেও তিনি সরাসরি বিয়ের খবরটি নিশ্চিত করেননি। বরং রসিকতা করে তার নতুন সিনেমা ‘দ্য ড্রামা’র একটি ক্লিপ দেখান, যেখানে সহ-অভিনেতা রবার্ট প্যাটিনসনের মুখে টম হল্যান্ডের মুখ বসিয়ে দেওয়া হয়েছিল। জেন্ডায়া জানান, ইন্টারনেটের জল্পনা নিরসনে এটি তার একটি ছোট কৌতুক। এ ছাড়া আলাপকালে তিনি তাদের আসন্ন সিনেমা ‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’ সম্পর্কেও কথা বলেন। আগামী ৩১ জুলাই মুক্তি পেতে যাওয়া এই সিনেমাটি নিয়ে তিনি বেশ আশাবাদী এবং টম হল্যান্ডকে ‘সেরা স্পাইডারম্যান’ হিসেবে মেনে নিয়ে লাজুক হাসিতে নিজের পক্ষপাতের কথাও স্বীকার করেন। টম হল্যান্ড এবং জেন্ডায়ার প্রেমকাহিনি শুরু হয় ২০১৬ সালে ‘স্পাইডারম্যান: হোমকামিং’ ছবির সেট থেকে। দীর্ঘ সময় ধরে তারা নিজেদের সম্পর্ককে কেবল ‘বন্ধুত্ব’ হিসেবে দাবি করে আসলেও, ২০২১ সালে গাড়ির ভেতর তাদের চুম্বনের একটি ছবি ভাইরাল হলে প্রেমের বিষয়টি নিশ্চিত হয়। এরপর থেকে বিভিন্ন রেড কার্পেট ইভেন্ট, সোশ্যাল মিডিয়া পোস্ট এবং সাক্ষাৎকারে একে অপরের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করে তারা বিশ্বজুড়ে ভক্তদের প্রিয় ‘পাওয়ার কাপল’-এ পরিণত হয়েছেন। পর্দার পিটার পার্কার ও এমজের এই রসায়ন বাস্তব জীবনেও সমানভাবে উজ্জ্বল। সম্প্রতি জেন্ডায়ার স্টাইলিস্ট ল রচ তাদের বিয়ের ইঙ্গিত দিয়ে একটি মন্তব্য করায় এবং ইন্টারনেটে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি কিছু বিয়ের ছবি ছড়িয়ে পড়ায় তাদের বিয়ে নিয়ে ব্যাপক শোরগোল শুরু হয়। যদিও জেন্ডায়া জিমি কিমেল শো-তে উপস্থিত হয়ে সেই ভাইরাল ছবিগুলোকে ভুয়া এবং এআইয়ের কারসাজি বলে উড়িয়ে দিয়েছেন, তবু তার হাতের আংটি এবং টমের সঙ্গে তার গভীর রসায়ন ভক্তদের মনে বিয়ের জল্পনা জিইয়ে রেখেছে। আপাতত তারা আনুষ্ঠানিকভাবে বিয়ের ঘোষণা না দিলেও, তাদের সম্পর্কের প্রতিটি আপডেট পেতে মুখিয়ে আছে বিনোদন দুনিয়া।

অশ্লীলতার দায়ে সরিয়ে নেওয়া হলো নোরা ফাতেহির নতুন গান, বিতর্ক তুঙ্গে

অশ্লীলতার দায়ে সরিয়ে নেওয়া হলো নোরা ফাতেহির নতুন গান, বিতর্ক তুঙ্গে বলিউডের আইটেম ড্যান্স কুইন নোরা ফাতেহির নতুন গান ‘সরকে চুনার তেরি সরকে’ মুক্তি পাওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই বড় ধরনের বিতর্কের মুখে পড়েছে। আসন্ন কন্নড় ছবি ‘কেডি: দ্য ডেভিল’-এর এই গানটির হিন্দি সংস্করণে মাত্রাতিরিক্ত অশ্লীল লিরিক্স এবং কুরুচিপূর্ণ দৃশ্যায়নের অভিযোগ ওঠায় শেষ পর্যন্ত তা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়া হয়েছে। গত ১৪ মার্চ কেভিএন প্রোডাকশনস থেকে গানটি মুক্তি পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। মঙ্গলবার (১৭ মার্চ) অ্যাডভোকেট বিনীত জিন্দাল ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সেন্সর বোর্ডে একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়েছে, গানটির কথা এবং উপস্থাপনা অত্যন্ত কুরুচিপূর্ণ ও যৌন উদ্দীপক, যা অপ্রাপ্তবয়স্কদের জন্য ক্ষতিকর। ভারতীয় দণ্ডবিধি (বিএনএস), পকসো এবং আইটি আইনের আওতায় এই আইনি নোটিশ পাঠানো হয়েছে। নেটিজেনরা ক্ষোভ প্রকাশ করে বলছেন, ভারতের সেন্সর বোর্ড কীভাবে এমন কুরুচিপূর্ণ লিরিক্সের অনুমতি দিল। অভিযোগের মুখে হিন্দি সংস্করণটি সরিয়ে ফেলা হলেও অবাক করা বিষয় হলো, গানটির আসল কন্নড় সংস্করণসহ তামিল, তেলেগু এবং মালয়ালম সংস্করণগুলো এখনো ইউটিউবে বহাল তবিয়তে রয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর মাধ্যমে বিশ্লেষণ করে দেখা গেছে, আঞ্চলিক ভাষার লিরিক্সগুলোর অর্থও হিন্দি সংস্করণের মতোই আপত্তিকর। হিন্দি ভার্সনটি সরিয়ে ফেলা হলেও অন্য ভাষায় গানটির প্রচার থামেনি; বরং এর একটি আঞ্চলিক সংস্করণ ইতোমধ্যেই এক কোটি ভিউ ছাড়িয়ে গেছে। এই বিতর্কের মাঝে মুখ খুলেছেন হিন্দি সংস্করণের গীতিকার রকিব আলম। তিনি দাবি করেছেন, এই বিতর্কিত লিরিক্স তার নিজস্ব সৃষ্টি নয়। তিনি জানান, ছবির পরিচালক প্রেম তাকে কন্নড় থেকে হুবহু শব্দ ধরে হিন্দি অনুবাদ করতে বাধ্য করেছিলেন। রকিব আলম বলেন, আমি এই গানটি লিখতে রাজি ছিলাম না এবং পরিচালককে সতর্ক করেছিলাম যে এটি সেন্সরে আটকে যাবে। কিন্তু পরিচালক বিতর্ক তৈরির উদ্দেশ্যেই এটি হুবহু অনুবাদ করাতে চেয়েছিলেন। সিনেমা এবং সংগীতের মাধ্যমে সুস্থ সংস্কৃতির ভারসাম্য নষ্ট হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সমাজকর্মীরাও। বিশেষ করে শিশুদের ওপর এই ধরনের গানের নেতিবাচক প্রভাব এবং সামাজিক অবক্ষয় নিয়ে এখন নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।

বড় বাজেটে রোমান্টিক সিনেমায় শাহরুখ

বড় বাজেটে রোমান্টিক সিনেমায় শাহরুখ বলিউডের বাদশা শাহরুখ খান আবার রোম্যান্টিক চরিত্রে পর্দায় ফিরতে চলেছেন। দীর্ঘ এক দশকের পর ভক্তরা তার সেই চেনা প্রেমিক অবতারের জন্য অপেক্ষা করেছিলেন, যা এবার মেগাবাজেট প্রজেক্টের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘কিং’ সিনেমার কাজ শেষ করে শাহরুখ এবার সম্পূর্ণ রোম্যান্টিক চিত্রনাট্যের সঙ্গে যুক্ত হচ্ছেন। নতুন সিনেমাটি তার ক্যারিয়ারের ব্লকবাস্টার ‘ম্যায় হুঁ না’-র ধাঁচে তৈরি হতে পারে এবং সিক্যুয়েল হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। শাহরুখ ইতোমধ্যেই লেখক ও পরিচালক দলের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন। তাঁর প্রিয় বন্ধু ও সফল নির্মাতা ফারহা খান এই প্রজেক্ট পরিচালনা করতে পারেন। টানা অ্যাকশন সিনেমার শুটিংয়ে চোটপাটের কারণে চিকিৎসকরা বিশ্রামের পরামর্শ দিয়েছেন। তাই এবার রোম্যান্টিক ঘরানায় ফিরে শরীরের ওপর চাপ কমানোই মূল লক্ষ্য। নতুন সিনেমা কেবল সাধারণ প্রেমের গল্প নয়, বরং পরিণত বয়সের বাস্তবধর্মী রোম্যান্স প্রদর্শন করবে। মেগাবাজেট প্রজেক্টে শাহরুখকে দ্বৈত চরিত্রে দেখা যেতে পারে। চিত্রনাট্য বর্তমানে শেষ পর্যায়ে, সব ঠিক থাকলে জুন ২০২৬-এ আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। শুটিং শুরু হতে পারে ২০২৭ সালের জানুয়ারি বা ফেব্রুয়ারি।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালে আর্সেনাল

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালে আর্সেনাল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্সেনাল। শেষ ষোলোর ফিরতি লেগে জার্মানির বায়ার লেভারকুসেনকে ২-০ গোলে হারিয়ে দুই লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত করেছে মিকেল আর্তেতার দল। গ্তকাল রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে স্বাগতিকরা। বল দখলে লেভারকুসেন এগিয়ে থাকলেও সুযোগ তৈরিতে অনেকটাই এগিয়ে ছিল আর্সেনাল। পুরো ম্যাচে ২০টি শট নেয় তারা, যার মধ্যে ১৩টি ছিল লক্ষ্যে। বিপরীতে লেভারকুসেনের ১০টি শটের মধ্যে মাত্র দুটি লক্ষ্যে রাখতে পারে। প্রথমার্ধে একের পর এক আক্রমণ চালিয়েও গোল পাচ্ছিল না আর্সেনাল। তবে ৩৬ মিনিটে জট খোলে। লিয়েন্দ্রো ট্রোসার্ডের বাড়ানো পাস পেয়ে এবেরেশি এজের শটে বল জালে জড়ায়। চ্যাম্পিয়ন্স লিগে এটি ছিল তার প্রথম গোল। বিরতির আগে আর গোল না হলেও ম্যাচের নিয়ন্ত্রণ ছিল স্বাগতিকদের হাতেই। দ্বিতীয়ার্ধে লেভারকুসেন সমতা ফেরাতে চেষ্টা করলেও আর্সেনালের রক্ষণ ছিল দৃঢ়। ৬৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ডেকলান রাইস। মাঝমাঠ থেকে বল নিয়ন্ত্রণে নিয়ে ডি-বক্সের বাইরে থেকে নেওয়া তার জোরালো শট পোস্ট ছুঁয়ে জালে ঢুকে গেলে ম্যাচ প্রায় নিশ্চিত হয়ে যায়। শেষদিকে কয়েকটি আক্রমণ করেও গোল করতে পারেনি লেভারকুসেন। ফলে ফিরতি লেগে ২-০ এবং দুই লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নেয় জার্মান ক্লাবটি। কোয়ার্টার ফাইনালে আর্সেনালের প্রতিপক্ষ পর্তুগালের স্পোর্টিং সিপি। তারা নরওয়ের বোডো গ্লিমটকে হারিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে। আগামী ৮ এপ্রিল শুরু হবে কোয়ার্টার ফাইনালের লড়াই।

ইরানের আবেদন প্রত্যাখ্যান ফিফার

ইরানের আবেদন প্রত্যাখ্যান ফিফার নিরাপত্তা ইস্যুতে ২০২৬ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রে নির্ধারিত তাদের বিশ্বকাপের সমস্ত ম্যাচ সরিয়ে মেক্সিকোতে নেওয়ার আহ্বান জানিয়েছে ইরান ফুটবল ফেডারেশন। তবে তেহরানের অনুরোধ প্রত্যাখ্যান করে দিয়েছে ফিফা। আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে শুরু হতে যাওয়া এই বিশ্বকাপে ইরান অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেছে। সূচি অনুযায়ী ইরানের দুটি ম্যাচ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস এবং সিয়াটলে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে মার্কিন প্রেসিডেন্ট ইরানের জাতীয় দলের নিরাপত্তা নিশ্চিত করতে অপারগতা প্রকাশ করেছেন, এমন পরিস্থিতিতে তারা কোনোভাবেই যুক্তরাষ্ট্রে ভ্রমণে আগ্রহী নন। ইরানের ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ মেক্সিকোতে অবস্থিত ইরানি দূতাবাসের একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে প্রেসিডেন্টের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। নিরাপত্তা নিশ্চিত করা না হলে আমেরিকায় যাবে না বলে জানান। বিশ্বকাপের পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য ফিফা ইরানসহ অংশগ্রহণকারী সকল সদস্য সংস্থার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। গতকাল এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, তারা আশা করে সব দেশই আনুষ্ঠানিক ম্যাচসূচি অনুযায়ী প্রতিযোগিতায় অংশ নেবে। সাম্প্রতিক বছরগুলোতে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনকে সমর্থন করার পর বেলারুশ জাতীয় ফুটবল দল হাঙ্গেরিতে তাদের হোম ম্যাচগুলো আয়োজন করেছে, যার মধ্যে জেডটিই এরেনায় স্কটল্যান্ড জাতীয় ফুটবল দলের বিপক্ষে একটি বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচও ছিল। ক্রিকেটে এ ধরনের সমঝোতা সাধারণ ব্যাপার, যেখানে দীর্ঘদিনের রাজনৈতিক উত্তেজনার কারণে ভারত জাতীয় ক্রিকেট দল এবং পাকিস্তান জাতীয় ক্রিকেট দল শুধুমাত্র আইসিসি টুর্নামেন্টের সময় নিরপেক্ষ ভেন্যুতে মুখোমুখি হচ্ছে।