তিন নাটকে ক্যাপিটাল ড্রামার ঈদ উৎসব 

তিন নাটকে ক্যাপিটাল ড্রামার ঈদ উৎসব  ঈদ উৎসব ঘিরে বিনোদনের পসরা সাজিয়েছে বিনোদনের প্ল্যাটফর্মগুলো। এর মধ্যে রেডিও ক্যাপিটালের ইউটিউব চ্যানেল ‘ক্যাপিটাল ড্রামা’ আনছে তিনটি নাটক—‘তোমাকে চাই’, ‘পি. ও বক্স ১৪৪’ ও ‘আপনজন’। তিনটি নাটকই নিবেদন করছে পোলার আইসক্রিম। তোমাকে চাই ঈদের দিন সন্ধ্যা ৭টায় প্রকাশিত হবে মাসরিকুল আলমের নাটক ‘তোমাকে চাই’। এতে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, তানজিম সাইয়ারা তটিনী প্রমুখ। ক্যাপিটাল ড্রামা জানিয়েছে, এই ঈদে অপূর্ব অভিনীত নাটক এটিই। নাটকের গল্প সোহেলকে ঘিরে। খালার মতে সে পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান ছেলে, আর খালুর মতে সে একেবারেই অকর্মা। খালার কথায় খালাতো বোন রিনাকে বিয়েতে রাজি করায় সোহেল। পরে রিনা জানায়, ছোটবেলা থেকেই সে সোহেলকে ভালোবাসে। রিনার বিয়ের আগের দিন সোহেল বুঝতে পারে সেও রিনাকে ভালোবাসে; কিন্তু পরিবারের সম্মানের কথা ভেবে সে বাড়ি ছেড়ে পালিয়ে যায়। পরে জানা যায়, রিনাও বিয়ে ভাঙার পরিকল্পনা করে পালিয়ে যায়। অভিনেতা অপূর্ব বলেন, ‘নাটকটির গল্প ও চরিত্রগুলো আমার কাছে বেশ আলাদা লেগেছে। শুটিংয়ের সময় পুরো টিম খুব উপভোগ করে কাজ করেছি। আশা করি দর্শকরাও নাটকটি দেখে পছন্দ করবেন।’ আপনজন ঈদের তৃতীয় দিন সন্ধ্যা ৭টায় প্রকাশিত হবে জাকারিয়া শৌখিন পরিচালিত নাটকটি। এতে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, নাজনীন নাহার নীহা প্রমুখ। এই ঈদে শৌখিন পরিচালিত একমাত্র নাটক এটি। সবুজপুর গ্রামে জন্ম নেওয়া আবিদ এসএসসি পর্যন্ত গ্রামেই পড়াশোনা করে। এরপর ঢাকা কলেজে এইচএসসি এবং পরে মালয়েশিয়া ও অস্ট্রেলিয়ায় পড়াশোনা করে। প্রায় ১০ বছর পর গ্রামে ফিরে সে। তার স্বপ্ন গ্রামে একটি অ্যাভোকাডো অ্যাগ্রো ফার্ম গড়ে তোলা। গ্রামে ঢুকেই লতার মারা একটি ক্রিকেট বল তার মাথায় পড়ে, আর সেখান থেকেই তাদের পরিচয় ও ধীরে ধীরে ভালোবাসার শুরু। কিন্তু দুই পরিবারের পুরনো শত্রুতার কারণে তারা নিজেদের সম্পর্ক থেকে সরে আসতে চায়। নির্মাতা জাকারিয়া শৌখিন বলেন, ‘নাটকটি ঈদের আমেজ বাড়িয়ে দেবে। আপনজন নাটকটি আপনজনের সঙ্গে বসে দেখার মতো গল্প। পরিবার এবং প্রেম সমান্তরালভাবে এগিয়েছে।’ তিন নাটকে ক্যাপিটাল ড্রামার ঈদ পি. ও বক্স ১৪৪ ঈদ উৎসবেই আসবে শিহাব শাহীন পরিচালিত নাটকটি। তবে এখনও দিনক্ষণ চূড়ান্ত হয়নি। এতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, তানজিম সাইয়ারা তটিনী প্রমুখ। পত্র মিতালির মাধ্যমে অনামিকা ও মাসুদের পরিচয় হয়। চিঠির মাধ্যমে একে অপরের অনুভূতি প্রকাশ করতে গিয়ে প্রেমে পড়ে। একসময় তারা ঠিক করে শাড়ি-পাঞ্জাবি পরে দেখা করবে, কিন্তু দূর থেকে মাসুদকে দেখে পছন্দ না হওয়ায় অনামিকা সামনে না এসে ফিরে যায়। অনামিকার হয়ে মেয়েটি চিঠি লিখে দিত, অনামিকা তাকে বলে, চাইলে সে চিঠি লেখা চালিয়ে যেতে পারে। এরপর মাসুদের সঙ্গে চিঠির আদান-প্রদান চলতে থাকে আসলে সে মেয়েটির সঙ্গেই, যে সত্যিকার অর্থে চিঠিগুলো লিখত। কিন্তু একসময় হঠাৎ করেই চিঠিগুলো ঠিকানায় পৌঁছানো বন্ধ হয়ে যায়।

ঈদের রাতে থাকছে বাহারি আয়োজনে বিটিভি’র ‘আনন্দমেলা’

ঈদের রাতে থাকছে বাহারি আয়োজনে বিটিভি’র ‘আনন্দমেলা’ ঈদ উপলক্ষে এবারও বর্ণাঢ্য আয়োজনে নির্মিত হয়েছে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’। এবারের ‘আনন্দমেলা’ উপস্থাপনা করবেন জনপ্রিয় দুই তারকা মাসুমা রহমান নাবিলা ও ইরফান সাজ্জাদ। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ থাকছে তারকাদের নৃত্য পরিবেশনা। এখানে নাচবেন পূজা চেরি, মেহজাবীন চৌধুরী, রিচি সোলায়মান, চাঁদনী ও আনিকা কবির শখ। আশির দশক থেকে বর্তমান সময়ের জনপ্রিয় সিনেমার গান ও লোকগানের সঙ্গে তাদের পরিবেশনা সাজানো হয়েছে বিশেষ কোরিওগ্রাফিতে। সঙ্গীত পরিবেশনায় থাকছেন কনকচাঁপা, মনির খান, রবি চৌধুরী, ন্যান্সি, নাসির এবং চিরকুট ব্যান্ড। এছাড়া অনুষ্ঠানে থাকবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় আকর্ষণীয় অ্যাক্রোবেটিক শো। দর্শকদের হাসাতে থাকবেন কৌতুকশিল্পী আবু হেনা রনি। পাশাপাশি থাকবে যন্ত্রসঙ্গীতে রমজানের ঐ রোজার শেষে, বিশেষ জিঙ্গেল এবং নাটিকা। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন আফরোজা সুলতানা, হাসান রিয়াদ ও ইয়াসমিন আক্তার। নাচ, গান, কমেডি ও নানা আয়োজনে সাজানো এই বিশেষ ‘আনন্দমেলা’ অনুষ্ঠানটি ঈদের দিন রাত ১০টায় বিটিভির পর্দায় প্রচারিত হবে।

এপ্রিলে বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা

এপ্রিলে বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা সাদা বলের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামী এপ্রিলে বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড। সিরিজে ৩টি ওয়ানডে এবং ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুদল। ঢাকা এবং চট্টগ্রামে অনুষ্ঠিত হবে সিরিজের ম্যাচগুলো। একই সময়ে সাদা বলের সিরিজ খেলতে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কার মহিলা দল। ১৬ মার্চ এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশের নিউজিল্যান্ড সিরিজের সূচি চূড়ান্ত করেছে বিসিবি। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ হবে ১৭ এপ্রিল মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে। একই ভেন্যুতে পরের ওয়ানডে ম্যাচটি হবে ২০ এপ্রিল। সিরিজের তৃতীয় ওয়ানডে হবে চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে। ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই শুরু হবে দুপুর দুইটায়। অন্যদিকে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ ২৭ এপ্রিল হবে চট্টগ্রামে। একই ভেন্যুতে পরের ম্যাচ ২৯ এপ্রিল। মিরপুরে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ২ মে। টি-টোয়েন্টি সিরিজের সব ম্যাচই হবে সন্ধ্যা ৬টায়। পূর্ণাঙ্গ এই সিরিজ খেলতে আগামী ১৩ এপ্রিল বাংলাদেশে এসে পৌঁছাবে নিউজিল্যান্ড দল। দ্বিতীয় ওয়ানডের পর ২১ এপ্রিল ঢাকা ছেড়ে চট্টগ্রামে যাবে দুদল। দ্বিতীয় টি-টোয়েন্টির পর ৩০ এপ্রিল সেখান থেকে ঢাকায় ফিরবে দুদল। এদিকে শ্রীলঙ্কা মহিলা দল ১৭ এপ্রিল তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচের জন্য সাদা বলের সফরে বাংলাদেশে আসবে। ২০, ২২ এবং ২৫ এপ্রিল রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে ওয়ানডে সিরিজটি অনুষ্ঠিত হবে। ওয়ানডে পর্বের পর, উভয় দলই টি-টোয়েন্টি সিরিজের জন্য সিলেটে যাবে, যার ম্যাচগুলি ২৮ এপ্রিল, ৩০ এপ্রিল এবং ২ মে অনুষ্ঠিত হবে। শ্রীলঙ্কা মহিলা দলের সাথে থাকবেন বাংলাদেশের সাবেক কোচ জেমি সিডন্স, যিনি বর্তমানে তাদের প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশে প্রথম দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আসছে শ্রীলঙ্কার মেয়েরা

বাংলাদেশে প্রথম দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আসছে শ্রীলঙ্কার মেয়েরা প্রথমবারের মতো পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আগামী এপ্রিলে বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল। তিনটি একদিনের আন্তর্জাতিক ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচের এই সিরিজের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সূচি অনুযায়ী, ১৭ এপ্রিল ঢাকায় পৌঁছাবে শ্রীলঙ্কা নারী দল। সেদিনই তারা রাজশাহীতে যাবে এবং দুই দিন অনুশীলনের পর ২০ এপ্রিল রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম একদিনের ম্যাচ। একই মাঠে ২২ ও ২৫ এপ্রিল অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুটি ম্যাচ। তিনটি ম্যাচই শুরু হবে সকাল সাড়ে ৯টায়। একদিনের সিরিজ শেষে ২৬ এপ্রিল সিলেটে যাবে সফরকারীরা। ২৭ এপ্রিল অনুশীলনের পর ২৮ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে টি–টোয়েন্টি সিরিজ। পরের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ৩০ এপ্রিল ও ২ মে। এই তিনটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টায়। সিরিজ শেষে ৩ মে দেশে ফিরবে শ্রীলঙ্কা দল। বাংলাদেশের মাটিতে শ্রীলঙ্কা নারী দলের খেলতে আসা এবারই প্রথম নয়, তবে পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক সিরিজ এই প্রথম। এর আগে, ২০০৯ সালে ত্রিদেশীয় সিরিজ, ২০১১ সালে বিশ্বকাপ বাছাই, ২০১৪ সালের বিশ্ব টি-টোয়েন্টি এবং ২০২২ সালের এশিয়া কাপেও বাংলাদেশে খেলেছে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল।

স্কোয়াডে জায়গা না পেয়ে হতাশ নেইমার

স্কোয়াডে জায়গা না পেয়ে হতাশ নেইমার ব্রাজিল জাতীয় দলে আবারও ডাক না পেয়ে হতাশা প্রকাশ করেছেন নেইমার জুনিয়র। দীর্ঘদিন ধরে চোটের সঙ্গে লড়াই করা এই তারকা ফুটবলার জানিয়েছেন, জাতীয় দলে ফিরতে এবং বিশ্বকাপে খেলতে তিনি এখনও আশাবাদী, তবে সিদ্ধান্ত তার হাতে নেই। ২০২৩ সালের অক্টোবরে গুরুতর হাঁটুর চোটে পড়ার পর থেকেই জাতীয় দলের বাইরে আছেন নেইমার। সেই চোট কাটিয়ে মাঠে ফিরলেও পুরোপুরি ফিট না থাকায় তাকে আবারও দলে রাখা হয়নি। ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি আসন্ন দুটি প্রীতি ম্যাচের জন্য যে দল ঘোষণা করেছেন, সেখানে প্রাথমিক তালিকায় থাকলেও চূড়ান্ত স্কোয়াডে জায়গা পাননি এই ফরোয়ার্ড। আগামী ২৬ মার্চ যুক্তরাষ্ট্রের বোস্টনে ফ্রান্সের বিপক্ষে এবং ৩১ মার্চ অরল্যান্ডোতে ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। এই দুটি ম্যাচই বিশ্বকাপের আগে খেলোয়াড় বাছাইয়ের গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে। কিন্তু সেই সুযোগেও নেইমারকে দলে না রাখায় স্বাভাবিকভাবেই হতাশ হয়েছেন তিনি। স্কোয়াড ঘোষণার পর প্রতিক্রিয়ায় নেইমার বলেন, তিনি আবার জাতীয় দলে ফিরতে চান এবং বিশ্বকাপ খেলাই তার বড় লক্ষ্য। তবে তিনি স্বীকার করেন, চূড়ান্ত সিদ্ধান্ত কোচিং স্টাফের। দলে থাকুন বা না থাকুন, ব্রাজিলের জন্য সমর্থন সবসময় থাকবে বলেও জানান তিনি। নিজের হতাশার কথাও লুকাননি এই ৩৪ বছর বয়সী ফুটবলার। স্কোয়াডে নিজের নাম না দেখে তিনি ‘হতাশ ও বিষণ্ন’ হয়েছেন বলে জানান। তবুও হাল ছাড়ছেন না নেইমার। তার কথায়, অনুশীলন ও ম্যাচ খেলে তিনি নিজেকে প্রমাণ করার চেষ্টা চালিয়ে যাবেন এবং এখনও বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার আশা শেষ হয়ে যায়নি। নেইমারকে দলে না নেওয়ার কারণ ব্যাখ্যা করে আনচেলত্তি বলেছেন, তিনি এখনও শতভাগ ফিট নন। কোচের মতে, পুরোপুরি সুস্থ হয়ে নিজের সেরা খেলাটা দেখাতে পারলেই আবার জাতীয় দলে ফিরতে পারবেন ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা এই ফুটবলার। বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার আগে ক্লাবের হয়ে কয়েকটি ম্যাচ খেলার সুযোগ আছে নেইমারের সামনে। সেই ম্যাচগুলোতে ভালো পারফরম্যান্স এবং চোটমুক্ত থাকতে পারলে আবারও ব্রাজিল দলে ফেরার দরজা খুলতে পারে তার জন্য।

শরিফুলকে বাংলায় স্বাগত জানাল পেশোয়ার জালমি

শরিফুলকে বাংলায় স্বাগত জানাল পেশোয়ার জালমি পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পঞ্চম বাংলাদেশি হিসেবে শরিফুল ইসলাম প্রথমবার ফ্র্যাঞ্চাইজি লিগটিতে ডাক পেয়েছেন। সব ঠিক থাকলে নাহিদ রানার সঙ্গে পেশোয়ার জালমিতে দেখা যাবে বাঁ–হাতি এই পেসারকে। গতকাল রাত সাড়ে ১১টার দিকে নিজেদের ফেসবুক পেজে দেওয়া পোস্টে এই তথ্য জানিয়েছে পিএসএল ফ্র্যাঞ্চাইজিটি। পোস্টে শরিফুলের ছবি দিয়ে তারা লিখেছে, ‘দ্য ইয়োলো (জার্সি) স্টর্ম তোমাকে পেয়ে আরও শক্তিশালী হলো। বাংলাদেশ এক্সপ্রেস এই বাঁ-হাতি পেসার হলুদ জার্সিতে পাকিস্তান সুপার লিগ মাতাতে প্রস্তুত। গতি, স্ট্রাইক ও ঝড়ের শক্তি–তোমাকে জালমি পরিবারে স্বাগতম।’ শরিফুলকে স্বাগত জানানোর অংশটি বাংলায় (ইংরেজি ভাষায়) লিখেছে পেশোয়ার। আগামী ২৬ মার্চ থেকে ৩ মে পিএসএলের একাদশ আসর অনুষ্ঠিত হবে। মুস্তাফিজের সঙ্গে লাহোরের জার্সি গায়ে জড়াবেন বাংলাদেশের বাঁ-হাতি ওপেনার পারভেজ হোসেন ইমনও। এছাড়া রিশাদ হোসেন রাওয়ালপিন্ডি (পিন্ডিজ) এবং পেশোয়ারের হয়ে খেলবেন শরিফুল ও নাহিদ রানা। ২৬ মার্চ পিএসএলের উদ্বোধনী ম্যাচে লড়বে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স ও হায়রাবাদ হিউস্টন। অর্থাৎ, আসরের প্রথম দিনেই মাঠে নামার সুযোগ রয়েছে দুই বাংলাদেশি তারকা মুস্তাফিজ-ইমনের। অন্যদিকে, ২৮ মার্চ প্রথম ম্যাচ রয়েছে রিশাদ, রানা ও শরিফুলের। তিনজনই একাদশে থাকলে ওই ম্যাচে তারা প্রতিপক্ষ হিসেবে নামবেন। অর্থাৎ, রানা-শরিফুলের পেশোয়ার জালমি লড়বে রিশাদের রাওয়ালপিন্ডির বিপক্ষে। একইভাবে মুস্তাফিজ-ইমনের লাহোর কালান্দার্সের বিপক্ষেও ম্যাচ রয়েছে পেশোয়ার ও রাওয়ালপিন্ডির। ফলে বাংলাদেশ জাতীয় দলের সতীর্থদের মুখোমুখি লড়তে হতে পারে এবারের পিএসএলে। সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এ দুর্দান্ত পারফরম্যান্স করে নজর কাড়েন শরিফুল। চট্টগ্রাম রয়্যালসর হয়ে খেলতে নেমে দলকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। পুরো আসরে ১২ ইনিংসে মাত্র ৫.৮৪ ইকোনমি রেটে ২৬ উইকেট শিকার করেন এই পেসার। এতে তিনি বিপিএলের গত মৌসুমের সর্বোচ্চ উইকেটশিকারি হন এবং এক আসরে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ডও গড়েন।

পাকিস্তানের হামলায় কাবুলে ৪০০ নিহত, দাবি তালেবানের

পাকিস্তানের হামলায় কাবুলে ৪০০ নিহত, দাবি তালেবানের আফগানিস্তানের রাজধানী কাবুলে পাকিস্তানের বিমান হামলায় প্রায় ৪০০ জন নিহত হয়েছে বলে দাবি করেছে তালেবান সরকার। এই ঘটনায় আরও প্রায় ২৫০ জন আহত হয়েছেন বলেও জানিয়েছে তারা তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, কাবুলের একটি মাদকাসক্তদের চিকিৎসা কেন্দ্রে (পুনর্বাসন হাসপাতাল) হামলা চালানো হয়। এতে হাসপাতালে চিকিৎসাধীন অনেক মানুষ নিহত ও আহত হন। তালেবান সরকারের উপ-মুখপাত্র হামিদুল্লাহ ফিতরাত জানান, হামলায় হাসপাতালের বড় একটি অংশ ধ্বংস হয়ে গেছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। এর আগে আফগান স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শরাফাত জামান বলেছিলেন, এই হামলায় অন্তত ২০০ জন নিহত হয়েছেন। তার ভাষ্য অনুযায়ী, হামলার সময় ওই হাসপাতালে প্রায় তিন হাজার মাদকাসক্ত চিকিৎসা নিচ্ছিলেন। স্থানীয় সংবাদমাধ্যম টোলো নিউজ জানিয়েছে, কাবুলের নবম পুলিশ জেলায় অবস্থিত একটি মাদকাসক্তদের চিকিৎসা কেন্দ্র লক্ষ্য করে এই বিমান হামলা চালানো হয়। এতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনা এমন সময় ঘটেছে, যখন আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তে দুই দেশের বাহিনীর মধ্যে কয়েক দফা গোলাগুলির খবর পাওয়া গেছে। প্রতিবেশী দুই দেশের মধ্যে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটিই সবচেয়ে তীব্র সংঘাত হিসেবে দেখা হচ্ছে। তবে পাকিস্তান পুনর্বাসন কেন্দ্রে হামলার অভিযোগ প্রত্যাখ্যান করেছে। দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বলেছে, কাবুলে কোনো হাসপাতাল লক্ষ্য করে হামলা চালানো হয়নি। পাকিস্তানের দাবি, ১৬ মার্চ রাতে তারা কাবুল ও নানগারহার এলাকায় নির্দিষ্ট সামরিক স্থাপনা এবং সন্ত্রাসীদের সহায়তাকারী অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে। এসব স্থাপনা পাকিস্তানের বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে হামলায় ব্যবহার করা হচ্ছিল বলে তাদের দাবি। মন্ত্রণালয় আরও বলেছে, হামলার পর সেখানে মজুদ থাকা গোলাবারুদ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পাকিস্তানের ভাষ্য অনুযায়ী, তাদের হামলা ছিল অত্যন্ত নির্ভুল এবং বেসামরিক ক্ষয়ক্ষতি এড়ানোর চেষ্টা করা হয়েছে। তালেবান মুখপাত্রের অভিযোগকে ইসলামাবাদ মিথ্যা ও বিভ্রান্তিকর বলেও উল্লেখ করেছে।

প্রবল ঝড়ে যুক্তরাষ্ট্রে সাড়ে ১২ হাজার ফ্লাইট বাতিল

প্রবল ঝড়ে যুক্তরাষ্ট্রে সাড়ে ১২ হাজার ফ্লাইট বাতিল যুক্তরাষ্ট্রজুড়ে প্রবল ঝড়, তীব্র বাতাস ও বজ্রপাতের কারণে বিমান চলাচলে চরম বিপর্যয় দেখা দিয়েছে। এতে সাড়ে ১২ হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। গতকাল দেশটির পূর্ব উপকূলসহ বিভিন্ন অঞ্চলে বৈরী আবহাওয়ার প্রভাবে এ অবস্থার সৃষ্টি হয়েছে। মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, পরিস্থিতি সামাল দিতে নিউইয়র্ক, নিউ জার্সি, ওয়াশিংটন ও আটলান্টার মতো গুরুত্বপূর্ণ শহরের প্রধান বিমানবন্দরগুলোতে ফ্লাইট চলাচলে বিধিনিষেধ জারি করা হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিমানবন্দরগুলোর মধ্যে রয়েছে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর (জেএফকে), লাগার্ডিয়া বিমানবন্দর, হার্টসফিল্ড-জ্যাকসন আটলান্টা আন্তর্জাতিক বিমানবন্দর এবং ও’হেয়ার আন্তর্জাতিক বিমানবন্দর। এসব বিমানবন্দরে অর্ধেকেরও বেশি ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে। এছাড়া জর্জ বুশ আন্তঃমহাদেশীয় বিমানবন্দর এবং বাল্টিমোর/ওয়াশিংটন আন্তর্জাতিক বিমানবন্দরে সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়্যারের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় বিকেল ৪টা পর্যন্ত প্রায় ৪ হাজার ফ্লাইট বাতিল এবং সাড়ে ৮ হাজারের বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে। বড় এয়ারলাইন্সগুলোর মধ্যে আমেরিকান এয়ারলাইন্স, সাউথওয়েস্ট এয়ারলাইন্স ও ডেল্টা এয়ার লাইন্সের প্রায় ৪৫ শতাংশ ফ্লাইট শিডিউল বিঘ্নিত হয়েছে। অন্যদিকে, ইউনাইটেড এয়ারলাইন্স জানিয়েছে, তাদের ৩৬ শতাংশ ফ্লাইটে বিঘ্ন ঘটেছে। মার্কিন পরিবহন সচিব শন ডাফি বলেছেন, শীতকালীন ঝড় ও বজ্রপাতের কারণে সারা দেশজুড়েই বিমান চলাচলে প্রভাব পড়ছে। নিরাপত্তার স্বার্থে ওয়াশিংটন ডিসি এলাকায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দুপুর ২টার মধ্যে অফিস ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে মধ্যপ্রাচ্যের তেলের দাম

সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে মধ্যপ্রাচ্যের তেলের দাম ইরান যুদ্ধের জেরে বন্ধ হয়ে গেছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি তেল পরিবহনের পথ হরমুজ প্রণালি। এতে বিশ্ববাজারে তেলের সরবরাহ ব্যাপকভাবে কমে গেছে। ফলে বাণিজ্য মন্দা সত্ত্বেও মধ্যপ্রাচ্যের অপরিশোধিত তেলের দাম সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। কিছু ব্যবসায়ী যুক্তি দিচ্ছেন যে, সরবরাহ বিঘ্নিত হওয়ায় ব্রেন্ট বেঞ্চমার্ক প্রাসঙ্গিকতা হারিয়েছে। এশিয়ার উদ্দেশ্যে পাঠানো মধ্যপ্রাচ্যের লাখ লাখ ব্যারেল অপরিশোধিত তেলের মূল্য নির্ধারণে ব্যবহৃত এই বেঞ্চমার্কের আকস্মিক বৃদ্ধি এশীয় শোধনাগারগুলোর খরচ বাড়িয়ে দিচ্ছে, যা তাদের আগামী মাসগুলোতে বিকল্প খুঁজতে বা উৎপাদন আরও কমাতে বাধ্য করছে। এসঅ্যান্ডপি গ্লোবাল প্ল্যাটস জানিয়েছে, সোমবার মে মাসের কার্গোর জন্য দুবাইয়ের ক্রুডের স্পট দাম প্রতি ব্যারেল রেকর্ড ১৫৩.২৫ ডলার নির্ধারিত হয়েছে, যা ২০০৮ সালের ব্রেন্ট ফিউচার্সের সর্বকালের সর্বোচ্চ ১৪৭.৫০ ডলারকে ছাড়িয়ে গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের তথ্যানুযায়ী, এর ফলে সোমবার সোয়াপের (মূল্য ঝুঁকি চুক্তি) তুলনায় দুবাইয়ের প্রিমিয়াম দাঁড়িয়েছে প্রতি ব্যারেলে ৫৬.০১ ডলারে, যা অপরিশোধিত তেলের মোট মূল্যের প্রায় এক-তৃতীয়াংশ এবং ফেব্রুয়ারির গড় ৯০ সেন্ট থেকে বেশি। একইভাবে, ওমানের অপরিশোধিত তেলের (ওমান ক্রুড ফিউচার্স) দাম রেকর্ড ব্যারেলপ্রতি ১৪৭.৭৯ ডলার পৌঁছেছে, যার ফলে দুবাই সোয়াপের তুলনায় এর প্রিমিয়াম দাঁড়িয়েছে প্রতি ব্যারেলে ৫০.৫৭ ডলারে, যা ফেব্রুয়ারির গড় ৭৫ সেন্টের চেয়ে অনেক বেশি। তিনটি বাণিজ্য সূত্র জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের মুরবান ফিউচার্সের সাথে দামের বিশাল ব্যবধানের কারণে দুবাইয়ের তেলের দাম বিকৃত দেখাচ্ছে, যা সোমবার প্রতি ব্যারেলে ১১১.৭৬ ডলারে স্থির হয়েছিল। অ্যানালিটিক্স ফার্ম কেপলারের তথ্যানুযায়ী, যুদ্ধের কারণে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ থাকায় মার্চ মাসে এশিয়ায় মধ্যপ্রাচ্যের অপরিশোধিত তেল রফতানি কমে দৈনিক ১১.৬৬৫ মিলিয়ন ব্যারেলে (বিপিডি) দাঁড়িয়েছে, যা ফেব্রুয়ারির প্রায় ১৯ মিলিয়ন বিপিডি থেকে কম এবং মার্চ ২০২৫-এর স্তরের চেয়ে প্রায় ৩২ শতাংশ কম। সরবরাহ ব্যাপক হ্রাস কিছু শোধনাগার সূত্র এই মূল্যবৃদ্ধির জন্য প্ল্যাটস মার্কেট অন ক্লোজ প্রক্রিয়ার সময় সরবরাহের জন্য উপলব্ধ সরবরাহ কমে যাওয়াকে দায়ী করেছে। কারণ সংস্থাটি হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী তিনটি অপরিশোধিত তেলের গ্রেড তালিকা থেকে বাদ দিয়েছে। সূত্রগুলোর মধ্যে একজন বলেন, “দুর্বল বাণিজ্যের কারণে এটি একটি অস্বাভাবিক এবং অন্যায্য মূল্য নির্ধারণ।” তিনি আরও বলেন, অবশিষ্ট গ্রেডগুলো- ওমান এবং মুরবান-মধ্যপ্রাচ্যের এবং কিছু রাশিয়ান ব্যারেলের মূল্য নির্ধারণে ব্যবহৃত বেঞ্চমার্কের প্রতিনিধিত্ব করে না। আরেকটি শোধনাগার সূত্র জানিয়েছে, দুবাই এবং ওমানের বেঞ্চমার্ক ভেঙে যাওয়ায় মে মাসের জন্য মধ্যপ্রাচ্যের অপরিশোধিত তেলের বাণিজ্য থমকে গেছে। নাম প্রকাশ না করার শর্তে সূত্রগুলো এসব তথ্য জানিয়েছে। এসঅ্যান্ডপি গ্লোবাল এনার্জির একজন মুখপাত্র একটি ইমেইলে বলেছেন, “প্ল্যাটস দুবাই স্পট মার্কেটে লেনদেন হওয়া মধ্যপ্রাচ্যের সাওয়ার ক্রুডের মূল্যকে প্রতিফলিত করে চলেছে।” তিনি আরও বলেন, এই মাসে প্ল্যাটস এমওসি চলাকালীন কার্যকলাপ বেশ জোরালো ছিল এবং একাধিক কার্গো সরবরাহ করা হয়েছে। তবে, ব্যবসায়ীরা বলেছেন, প্ল্যাটস উইন্ডোতে কার্গো গ্রহণকারী একমাত্র ক্রেতা হলো টোটালএনার্জিস। বাণিজ্য তথ্যানুযায়ী, এই ফরাসি প্রধান সংস্থাটি এই মাসে ওমান এবং মুরবানের ২৪টি ক্রুড কার্গো অর্থাৎ ১ কোটি ২০ লাখ ব্যারেল কিনে নিয়েছে। তবে টোটালএনার্জিস এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি। প্ল্যাটস সোমবার জানিয়েছে, তারা মধ্যপ্রাচ্যের তেলের সরবরাহযোগ্যতা এবং প্ল্যাটস দুবাই তেলের বেঞ্চমার্ক পদ্ধতি সম্পর্কে অবিলম্বে মতামত চাইছে। বিকল্প সরবরাহের জন্য আফ্রিকা-আমেরিকা এদিকে, এশীয় শোধনাগারগুলো সরবরাহের জন্য মরিয়া হয়ে ওঠায় আমেরিকা ও আফ্রিকা থেকে আসা অপরিশোধিত তেলের স্পট দাম বেড়েছে। দু’জন ব্যবসায়ী জানিয়েছেন, আইসিই ব্রেন্টের তুলনায় ব্রাজিলিয়ান স্পট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি রেকর্ড ১২-১৫ ডলার বেড়েছে। অন্যদিকে এপ্রিলে লোড করার জন্য পশ্চিম আফ্রিকার অপরিশোধিত তেলের ফ্রি-অন-বোর্ড ভিত্তিতে প্রিমিয়াম এক মাস আগের তুলনায় ব্যারেলপ্রতি প্রায় ১ ডলার বেড়েছে। তাদের একজন আরও বলেছেন, এরই মধ্যে বেশিরভাগ কার্গো বিক্রি হয়ে গেছে।

আমিরাতের প্রধান বন্দরের কাছে তেলের ট্যাংকারে হামলা

আমিরাতের প্রধান বন্দরের কাছে তেলের ট্যাংকারে হামলা মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ সংযুক্ত আরব আমিরাতের প্রধান সমুদ্রবন্দর ফুজাইরার কাছে একটি তেলবাহী ট্যাংকারে জাহাজে হামলা হয়েছে। আজ ভোরের দিকে এ হামলা ঘটে। ব্রিটিশ সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশন (ইউকেএমটো) এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে। ফুজাইরা ওমান উপসাগরের তীরবর্তী বন্দর। ট্যাংকারটি ওমান উপসাগরের যে এলাকায় হামলার শিকার হয়েছে, সেটি ফুজাইরা থেকে ২৩ নটিক্যাল মাইল দূরে। হামলার সময় সেটি নোঙ্গর করা অবস্থায় ছিল। ইউকেএমটির বিবৃতিতে বলা হয়েছে, ট্যাংকারটিতে বিস্ফোরক কোনও বস্তু আঘাত হেনেছে। সেটি ড্রোন, ক্ষেপণাস্ত্র নাকি অন্যকিছু— তা নিশ্চিত হওয়া যায়নি। তবে এই হামলায় ট্যাংকারটির খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি এবং কোনও হতাহতের ঘটনাও ঘটেনি। হরমুজ প্রণালির কাছে অবস্থিত ফুজাইরা সমুদ্রবন্দর আমিরাতের জ্বলানি বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো। দেশটির অধিকাংশ জ্বালানি তেলে এই বন্দর দিয়েই বহির্বিশ্বে যায়। তবে ইরান যুদ্ধ শুরুর পর থেকে বন্দরটি বন্ধ আছে।