ভারতের কাছে তিন ট্যাংকার জাহাজ ফেরত চাইল ইরান

ভারতের কাছে তিন ট্যাংকার জাহাজ ফেরত চাইল ইরান হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী ভারতীয় জাহাজের নিরাপত্তার শর্ত হি„সেবে ভারতের কাছে জব্দ তিন ট্যাংকার ফেরত চেয়েছে ইরান। সেই সঙ্গে ভারতের কাছে জরুরি ওষুধ এবং জরুরি মেডিকেল সরঞ্জামও চেয়েছেন ইরানের রাষ্ট্রদূত। জানা গেছে, বিগত সময়ে অ্যাসফেল্ট স্টার, আল জাফজিয়া এবং স্টেলার রুবি নামে ইরান-সংশ্লিষ্ট তিনটি জাহাজ জব্দ করেছে ভারত। এর মধ্যে স্টেলার রুবির মালিক ইরান, বাকি দুই জাহাজ আল জাফজিয়া এবং অ্যাসফল্ট স্টার যথাক্রমে মালি এবং নিকারাগুয়ার পতাকাবাহী। বিধিবহির্ভূতভাবে জ্বালানি তেল পাচারের অভিযোগে গত ফেব্রুয়ারিতে আরব সাগরের ভারতীয় সীমানায় এই তিন ট্যাংকার জব্দ করেছিল ভারতীয় নৌবাহিনী ও কোস্টগার্ড। বর্তমানে জাহাজগুলো ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ের বন্দরে আছে। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে পাকিস্তানের জাতীয় দৈনিক ডন জানিয়েছে, নয়াদিল্লিতে ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক হয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের। সেই বৈঠকে ইরানের রাষ্ট্রদূত ভারতীয় কর্মকর্তাদের কাছে ওই তিনটি জাহাজ ফেরত চান। এর পাশাপাশি ইরানের জনগণের জন্য জরুরি ওষুধ এবং মেডিকেল সামগ্রী পাঠানোর অনুরোধও জানান তিনি। এ ব্যাপারে আরও বিস্তারিত জানতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়, নয়াদিল্লির ইরানি দূতাবাস এবং ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছিল ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স, কিন্তু এই তিন দফতরের কোনও মন্ত্রণালয় এ ব্যাপারে মন্তব্য করতে চায়নি। প্রসঙ্গত, আরব সাগর এবং পারস্য উপসাগরকে যুক্ত করা হরমুজ প্রণালি আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ রুট। প্রতিদিন বিশ্বে যত জ্বালানি তেল ও তরল গ্যাসবাহী জাহাজ চলাচল করে, সেগুলোর ২০ শতাংশই এই রুট ব্যবহার করে। হরমুজ প্রণালিকে ‘জ্বালানির বৈশ্বিক দরজা’-ও বলা হয়, কারণ মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারী দেশগুলো এই পথ ব্যবহার করেই তাদের তেল রফতানি করে। হরমুজ না থাকলে মধ্যপ্রাচ্যের তেল সহজে পশ্চিমা বিশ্বে সরবরাহ করা যেত না। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করে। ইরানও তাৎক্ষণিকভাবে পাল্টা হামলা শুরু করে। এর জেরে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনায় হামলা চালাচ্ছে তেহরান। একই সঙ্গে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ জারি করেছে ইরান। বিভিন্ন দেশের পতাকাবাহী ট্যাংকার জাহাজে হামলাও চালানো হচ্ছে। এই পথে চলাচলের সময় এরই মধ্যে বিভিন্ন দেশের পতাকাবাহী ১২টিরও বেশি ট্যাংকার জাহাজ হামলার শিকার হয়েছে। তবে রিপোর্ট লেখা পর্যন্ত হরমুজে কোনও ভারতীয় ট্যাংকার জাহাজে হামলা হয়নি। বরং আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমে এমন প্রতিবেদন প্রকাশিত হয়েছে যে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি নির্দেশ দিয়েছেন— হরমুজ প্রণালিতে চলাচলকারী কোনও ভারতীয় জাহাজে যেন হামলা না করা হয়। কী কারণে ভারতকে এই ‘ছাড়’ দিল ইরান— তা জানতে রবিবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রাহ্মনিয়াম জয়শঙ্করের সঙ্গে যোগাযোগ করেছিল ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস। জয়শঙ্কর বলেছেন, এখানে ‘লুকোছাপা’-র কোনও ব্যাপার নেই, এবং এটি ঘটেছে ইরানের সঙ্গে ভারতের পারস্পরিক সম্পর্কের ভিত্তিতেই। হরমুজ প্রণালিতে ভারতের চারটি জ্বালানিবাহী ট্যাংকার জাহাজকে নিরাপদ প্যাসেজ দিয়েছে ইরান।
জ্বালানি ঘাটতির শঙ্কায় সাপ্তাহিক ছুটি তিন দিন করল শ্রীলঙ্কা

জ্বালানি ঘাটতির শঙ্কায় সাপ্তাহিক ছুটি তিন দিন করল শ্রীলঙ্কা মধ্যপ্রাচ্যে যুদ্ধের ধাক্কা এবার সরাসরি লেগেছে এশিয়ার জ্বালানি সরবরাহ ব্যবস্থায়। সম্ভাব্য জ্বালানি সংকট মোকাবিলায় দ্বীপ রাষ্ট্র শ্রীলঙ্কা সপ্তাহে আরও একদিন ছুটি ঘোষণা করেছে। এর ফলে দেশটিতে আপাতত সাপ্তাহিক ছুটি দাঁড়াচ্ছে তিন দিনে। শুধু শ্রীলঙ্কাই নয়, থাইল্যান্ড, মিয়ানমার, বাংলাদেশসহ বিভিন্ন দেশ জ্বালানি সাশ্রয়ে নিচ্ছে বিভিন্ন পদক্ষেপ। এতে করে পুরো অঞ্চলে নতুন করে ব্যয়সংকোচনের বাস্তবতা সামনে এসেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের প্রভাব মোকাবিলায় জ্বালানি সাশ্রয়ের পদক্ষেপ হিসেবে শ্রীলঙ্কা সপ্তাহে আরও একদিন ছুটি ঘোষণা করেছে। দেশটির সরকার জানিয়েছে, প্রতি বুধবার এখন থেকে সরকারি ছুটি থাকবে। সোমবার জরুরি বৈঠকে প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে বলেন, “আমাদের সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে, তবে ভালো কিছুর আশা রাখতেও হবে।” যুদ্ধের কারণে হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়ায় জ্বালানি সরবরাহে সম্ভাব্য ঘাটতির মুখে পড়েছে দেশটি। এই প্রণালি দিয়ে আগে উপসাগরীয় অঞ্চল থেকে এশিয়ায় প্রতিদিন লাখ লাখ ব্যারেল তেল পরিবহন হতো। গত বছর এই পথ দিয়ে পরিবাহিত তেল ও গ্যাসের প্রায় ৯০ শতাংশের গন্তব্যই ছিল এশিয়া। অবশ্য যুদ্ধের পর থেকে এশিয়ার বিভিন্ন দেশ জ্বালানি সাশ্রয়ে ব্যয়সংকোচনমূলক নানা পদক্ষেপ নিচ্ছে। থাইল্যান্ডে মানুষকে স্যুটের বদলে হাফহাতা পোশাক পরার আহ্বান জানানো হয়েছে, যাতে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহার কমে। মিয়ানমারে ব্যক্তিগত গাড়ি লাইসেন্স নম্বর অনুযায়ী একদিন পরপর চালানোর অনুমতি দেওয়া হচ্ছে। বাংলাদেশে বিশ্ববিদ্যালয়গুলোর রমজানের ছুটি এগিয়ে আনা হয়েছে এবং বিদ্যুৎ সাশ্রয়ে দেশজুড়ে নির্ধারিত লোডশেডিং চালু করা হয়েছে। ফিলিপাইনে কিছু সরকারি দফতরে সপ্তাহে অন্তত এক দিন বাসা থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র অপ্রয়োজনীয় সরকারি ভ্রমণ নিষিদ্ধ করেছেন। ভিয়েতনাম সরকার নাগরিকদের বেশি সময় বাসায় থাকার পরামর্শ দিয়েছে। একই সঙ্গে সাইকেল চালানো, কারপুল করা, গণপরিবহন ব্যবহার এবং অপ্রয়োজনীয় ব্যক্তিগত গাড়ি ব্যবহার সীমিত করার আহ্বান জানানো হয়েছে। বিবিসি বলছে, শ্রীলঙ্কায় নতুন চার দিনের কর্মসপ্তাহ স্কুল ও বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। তবে স্বাস্থ্য ও অভিবাসনসহ জরুরি সেবা দেওয়া সরকারি প্রতিষ্ঠানগুলো এ সিদ্ধান্তের বাইরে থাকবে। কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবারের পরিবর্তে বুধবার ছুটি নির্ধারণ করা হয়েছে, যাতে টানা তিন দিন সরকারি অফিস বন্ধ না থাকে। এছাড়া শ্রীলঙ্কায় এখন থেকে গাড়িচালকদের ‘ন্যাশনাল ফুয়েল পাস’ নিবন্ধন করতে হবে। আর এর মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ জ্বালানি কেনার সীমা নির্ধারণ করা হয়েছে। তবে এই সিদ্ধান্তে কিছু মানুষের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, ব্যক্তিগত গাড়ির জন্য ১৫ লিটার এবং মোটরসাইকেলের জন্য ৫ লিটার জ্বালানির কোটা খুবই কম। এর আগে ২০২২ সালে দক্ষিণ এশিয়ার এই দেশটির ভয়াবহ অর্থনৈতিক সংকটের সময় প্রথম এই জ্বালানি রেশনিং পদ্ধতি চালু করা হয়েছিল। তখন বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফুরিয়ে যাওয়ায় প্রয়োজনীয় পণ্য আমদানি এবং জ্বালানি কেনা সম্ভব হচ্ছিল না। আর গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরু করার পর থেকেই তেলের দাম বেড়ে গেছে। বর্তমানে প্রতি ব্যারেল তেলের দাম ১০০ ডলার ছাড়িয়ে গেছে।
ঈদের দিন কালবৈশাখীর আভাস

ঈদের দিন কালবৈশাখীর আভাস ঈদুল ফিতরের আনন্দে যখন ঘরে ফেরার প্রস্তুতি চলছে, ঠিক তখনই বৈরী আবহাওয়ার শঙ্কার খবর দিচ্ছে আবহাওয়া অফিস। পূর্বাভাস অনুযায়ী, ঈদের দিন দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে। আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, আগামী ২০ ও ২১ মার্চ তুলনামূলক বেশি বৃষ্টিপাত হতে পারে। এর আগে ও পরে বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকবে। এ কারণে ঈদের দিন কালবৈশাখীর আশঙ্কা বেশি। তিনি আরও জানান, সম্ভাব্য ঝড়ের প্রভাবে রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ এবং ঢাকা বিভাগ-এর উত্তরাঞ্চলে বিরূপ আবহাওয়া বিরাজ করতে পারে। এদিকে আবহাওয়ার আগামী পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার (১৮ মার্চ) সকাল পর্যন্ত সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বুধবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শুক্রবার (২০ মার্চ) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। শনিবার (২১ মার্চ) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আজ থেকে ৭ দিন মহাসড়কে চলবে না যেসব যানবাহন

আজ থেকে ৭ দিন মহাসড়কে চলবে না যেসব যানবাহন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ থেকে দেশের মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এক জরুরি বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জানিয়েছে। এই নির্দেশনা ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে। তবে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য, পচনশীল পণ্য, তৈরি পোশাক, ওষুধ, সার ও জ্বালানি বহনকারী যানবাহন এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে। এ ছাড়া গুরুত্বপূর্ণ সড়কের দুই পাশে কোনো যানবাহন পার্কিং না করারও নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে, ১২ মার্চ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার সই করা এক গণবিজ্ঞপ্তিতেও ঈদ যাত্রায় ঘরমুখী মানুষের যাতায়াত সহজ করতে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করা হয়েছিল।
সারা দেশে আজ ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টির সম্ভাবনা

সারা দেশে আজ ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টির সম্ভাবনা সারা দেশে আজ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎচমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (১০ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া বুলেটিনে বলা হয়, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎচমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। গত ২৪ ঘণ্টায় দেশে সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মোংলায় ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানায়, বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা হিসেবে দেশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা কমতে পারে। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
মধ্যপ্রাচ্যে আকাশসীমা বন্ধ, শাহজালালে বাতিল ৫৫৭ ফ্লাইট

মধ্যপ্রাচ্যে আকাশসীমা বন্ধ, শাহজালালে বাতিল ৫৫৭ ফ্লাইট মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির কারণে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিভিন্ন এয়ারলাইন্সের বিপুলসংখ্যক ফ্লাইট বাতিল হয়েছে। বিমানবন্দর সূত্রে জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ১৭ মার্চ (১৬ মার্চ দিবাগত রাত ১২টার পরবর্তী সময় পর্যন্ত) মোট ৫৫৭টি ফ্লাইট বাতিল করা হয়েছে। তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ৩২টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি, ৯ মার্চ ৩৩টি, ১০ মার্চ ৩২টি, ১১ মার্চ ২৭টি, ১২ মার্চ ২৮টি, ১৩ মার্চ ২৫টি, ১৪ মার্চ ২৬টি, ১৫ মার্চ ২৩টি এবং ১৬ মার্চ ৩১টি ফ্লাইট বাতিল করা হয়। এছাড়া ১৭ মার্চ (০০০০ এলটি-এর পর) আরও ২৬টি ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে কুয়েত এয়ারওয়েজের ২টি, এয়ার অ্যারাবিয়ার ৬টি, গালফ এয়ারের ৪টি, কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটস এয়ারলাইন্সের ২টি, জাজিরা এয়ারওয়েজের ৪টি এবং ফ্লাইদুবাইয়ের ৪টি ফ্লাইট রয়েছে। একই সময়ে সীমিত পরিসরে মধ্যপ্রাচ্যগামী কিছু ফ্লাইট পরিচালিত হয়েছে এবং কিছু ফ্লাইট পরিকল্পনায় রয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি থেকে ১৭ মার্চ পর্যন্ত মোট ৬২৮টি ফ্লাইট পরিচালিত বা পরিকল্পিত রয়েছে। বিমানবন্দর সংশ্লিষ্টরা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির ওপর নির্ভর করে ফ্লাইট পরিচালনা ও বাতিলের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ফ্লাইট চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।
ঈদে গাড়ি চলাচল নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা

ঈদে গাড়ি চলাচল নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সড়কপথে যাত্রা সহজ, নিরাপদ ও আরামদায়ক করতে বেশকিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। বিশেষ প্রয়োজনে যোগাযোগের জন্য হটলাইন নম্বর দিয়েছে কর্তৃপক্ষ। গতকাল জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র ঈদুল ফিতরের আগের তিনদিন এবং পরবর্তী তিনদিন অর্থাৎ ১৭ মার্চ হতে ২৩ মার্চ পর্যন্ত মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে। তবে গুরুত্বপূর্ণ রাস্তার দুই পাশে পার্কিং করা যাবে না। নিত্য প্রয়োজনীয় খাদ্য-দ্রব্য, পচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ওষুধ, সার এবং জ্বালানি বহনকারী যানবাহনসমূহ এর আওতামুক্ত থাকবে। যানবাহন চলাচল নিরবচ্ছিন্ন রাখার নিমিত্ত যে কোনো প্রয়োজনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের সাথে যোগাযোগের হটলাইন নম্বর ১৬১০৭। মোবাইল নম্বর-০১৫৫০০৫১৬০৬ এবং ০১৫৫০০৫৬৫৭৭-এ যোগাযোগ করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করেছে কর্তৃপক্ষ।
ট্রেনে ঈদ ফিরতি যাত্রা : আজ মিলছে ২৭ মার্চের টিকিট

ট্রেনে ঈদ ফিরতি যাত্রা : আজ মিলছে ২৭ মার্চের টিকিট পবিত্র ঈদুল ফিতর শেষে ঘরমুখো মানুষের ফিরতি যাত্রার জন্য ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। আজ বিক্রি করা হচ্ছে আগামী ২৭ মার্চের ট্রেনের টিকিট। বরাবরের মতো এবারও আন্তঃনগর ট্রেনের সাত দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল ৮টা থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়েছে। এ সময় পাওয়া যাবে রেলওয়ের পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট। অন্যদিকে দুপুর ২টা থেকে বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের আসনের অগ্রিম টিকিট। সম্প্রতি রাজধানীর রেল ভবনে ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ ট্রেনযাত্রার প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ২৩ মার্চের টিকিট বিক্রি হয়েছে গত ১৩ মার্চ, ২৪ মার্চের টিকিট ১৪ মার্চ ও ২৫ মার্চের টিকিট ১৫ মার্চ। এছাড়া ২৭ মার্চের টিকিট ১৭ মার্চ, ২৮ মার্চের টিকিট ১৮ মার্চ এবং ২৯ মার্চের টিকিট ১৯ মার্চ বিক্রি করা হবে। আরও সিদ্ধান্ত হয়েছে, চাঁদ দেখার ওপর ভিত্তি করে আগামী ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রি করা হবে। যাত্রীদের অনুরোধে নন-এসি কোচের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে। ঈদযাত্রার অগ্রিম টিকিট একজন যাত্রী সর্বোচ্চ একবার কিনতে পারবেন। এক্ষেত্রে সর্বোচ্চ চারটি আসন সংগ্রহ করা যাবে। ঈদ যাত্রার কোনো টিকিট রিফান্ড করা হবে না।
সরকারি ছুটির মধ্যেই সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক আজ

সরকারি ছুটির মধ্যেই সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক আজ পবিত্র শবেকদরের সরকারি ছুটির দিনও মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হবে আজ । দুপুর ২টায় সচিবালয়ের এক নম্বর ভবনে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানা গেছে, আজ পবিত্র শবেকদরের সরকারি ছুটি। আগামীকাল ১৮ মার্চ নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করায় মঙ্গলবার থেকেই মূলত টানা সাত দিনের ছুটি শুরু হচ্ছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের। এরই মধ্যে আজ দুপুরে মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং আসন্ন ঈদুল ফিতর উদযাপনসংক্রান্ত বিষয়ে আলোচনা হতে পারে।
এক বছরে রোহিঙ্গা বাড়ল ১ লাখ ৭৯ হাজার

এক বছরে রোহিঙ্গা বাড়ল ১ লাখ ৭৯ হাজার গত এক বছরে কক্সবাজারে আশ্রয় নেওয়া মিয়ানমানমারের রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা আরও প্রায় ১ লাখ ৭৯ হাজার বেড়েছে। গতকাল প্রকাশিত জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের মাসিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা ছিল ১০ লাখ ৬ হাজার ১০৭ জন। তবে ২০২৬ সালের একই সময়ে এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ লাখ ৮৪ হাজার ৮৬৪ জনে। অর্থাৎ এক বছরের ব্যবধানে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর সংখ্যা বেড়েছে ১ লাখ ৭৮ হাজার ৭৫৭ জন। ইউএনএইচসিআর জানায়, ১৯৯০ সাল থেকে বাংলাদেশে নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা ছিল ৩৯ হাজার ৫০২ জন। তবে ২০১৭ সালের আগস্টে মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতার পর নতুন করে ১০ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নেয়। বর্তমানে কক্সবাজারের বিভিন্ন আশ্রয়শিবিরে বিপুল সংখ্যক রোহিঙ্গা বসবাস করছে।