গান নিয়ে বিতর্ক: গায়ক বাদশাকে হত্যার হুমকি

গান নিয়ে বিতর্ক: গায়ক বাদশাকে হত্যার হুমকি ভারতের জনপ্রিয় র‌্যাপার ও প্লেব্যাক গায়ক বাদশা-কে হত্যার হুমকি দিয়েছে কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাং। তার গাওয়া ‘টটেরি’ গান নিয়ে নারী ও অপ্রাপ্তবয়স্কদের ওপর আপত্তিকর কথার অভিযোগ উঠায় এই হুমকি দিয়েছে। খবর জানিয়েছে এনডিটিভি। লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্যরা ফেসবুকে পোস্ট দিয়ে বাদশাকে সরাসরি হত্যার হুমকি দিয়েছে। ওই বার্তায় লেখা হয়, “গায়ক বাদশা, আপনি হরিয়ানার সংস্কৃতিকে নষ্ট করার চেষ্টা করছেন। ২০২৪ সালে আপনার ক্লাবে আমরা ট্রেইলার দেখিয়েছিলাম; পরেরবার সরাসরি আপনার কপালে গুলি করব।” ২০২৪ সালে চন্ডীগড়-এ বাদশার মালিকানাধীন সেভিল বার অ্যান্ড লাউঞ্জ-এর বাইরে বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে সেই ঘটনার দায় স্বীকার করে কানাডাভিত্তিক সন্ত্রাসী গ্রুপ গোল্ডি ব্রার, যাকে লরেন্স বিষ্ণোইয়ের সহযোগী হিসেবে পরিচিত। হরিয়ানভি ভাষার ‘টটেরি’ গানটি সম্প্রতি বাদশার ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে এবং প্রকাশের সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়। তবে গানটির কথা ও ভিডিও নিয়ে সমালোচনা ও বিতর্ক শুরু হয়। অভিযোগ ওঠে, এতে নারী ও অপ্রাপ্তবয়স্কদের নিয়ে আপত্তিকর বিষয়বস্তু রয়েছে। এ ঘটনায় পাঁচকুলা-র এক বাসিন্দার অভিযোগের ভিত্তিতে বাদশার বিরুদ্ধে মামলা করা হয়েছে। গত সপ্তাহে বিতর্কের মুখে ক্ষমা চেয়ে বাদশা বলেন, “আমার নতুন গান প্রকাশের পর দেখি, গানটির কথা ও ভিডিও অনেক মানুষকে, বিশেষ করে হরিয়ানার মানুষকে কষ্ট দিয়েছে। আমি নিজেও হরিয়ানার মানুষ। কখনোই হরিয়ানার নারী বা শিশুদের অপমান করার উদ্দেশ্য ছিল না।” তিনি আরও বলেন, “আমি হিপ-হপ ঘরানার শিল্পী। অনেক সময় প্রতিযোগিতার কারণে কিছু কথা গানে যোগ করতে হয়; এটি কখনোই কোনো নারী বা শিশুদের উদ্দেশ্যে ছিল না। আমি সবসময় হরিয়ানার সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা করেছি। তারপরও যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, তবে আমি আন্তরিকভাবে ক্ষমা চাই। হরিয়ানার সন্তান হিসেবে আমাকে ক্ষমা করে দেবেন।”

হরমুজ প্রণালির কাছে আটকা শত শত জাহাজ, তেলের বাজারে অস্থিরতা

হরমুজ প্রণালির কাছে আটকা শত শত জাহাজ, তেলের বাজারে অস্থিরতা আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির কারণে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি-র কাছে বর্তমানে প্রায় এক হাজার জাহাজ পারাপারের অপেক্ষায় রয়েছে। এর মধ্যে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে ব্যবহৃত প্রায় ২০০টি তেলের ট্যাঙ্কারও রয়েছে। রোববার (১৫ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা-র ওই অঞ্চলের সংবাদদাতা ইনাজমাম রশিদ এক প্রতিবেদনে এ তথ্য জানান। প্রতিবেদনে বলা হয়, ইরান-এর সামরিক বাহিনী এই অত্যন্ত কৌশলগত জলপথের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখায় বৈশ্বিক তেলের বাজারে এর প্রভাব পড়েছে। ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বাড়ছে এবং জ্বালানি ব্যয়ও বৃদ্ধি পাচ্ছে। জাহাজগুলো যখন প্রণালিটি দিয়ে পার হওয়ার চেষ্টা করছে বা প্রবেশপথের কাছাকাছি আসছে, তখন কয়েকটি হামলার ঘটনাও ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। সংবাদদাতা জানান, কয়েক দিন আগে দূরে একটি জাহাজকে কয়েক ঘণ্টা ধরে আগুনে জ্বলতে দেখা গেছে। সেটি ইরানি বাহিনীর হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল কি না তা নিশ্চিত হওয়া যায়নি, তবে সাম্প্রতিক পরিস্থিতির কারণে সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এর আগে ইরান ঘোষণা দেয়, তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-সংশ্লিষ্ট জাহাজগুলোকে এই পথ দিয়ে যেতে দেবে না। যদিও বাস্তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কহীন কিছু জাহাজও হামলার শিকার হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে আরও জানানো হয়, সম্প্রতি থাইল্যান্ড-এর পতাকাবাহী একটি জাহাজ হরমুজ প্রণালি পার হওয়ার সময় সেটিকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এতে জাহাজটি ক্ষতিগ্রস্ত হলে ওমান-এর নৌবাহিনী প্রায় ২০ জন ক্রু সদস্যকে উদ্ধার করে। তবে এখনও প্রায় তিনজন ক্রু সদস্য সমুদ্রে নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগামী পহেলা বৈশাখ সারা দেশে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার কৃষক কার্ডবিষয়ক এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সকালে সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে কৃষক কার্ড সংক্রান্ত একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পহেলা বৈশাখে আনুষ্ঠানিকভাবে কৃষক কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধনের সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে কৃষিমন্ত্রী আমিন উর রশিদ, প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, স্থানীয় সরকার, সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সারা দেশের কৃষকদের সহায়তা ও কৃষিখাতে সরকারি সুবিধা সহজে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কৃষক কার্ড চালুর প্রতিশ্রুতি ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র নির্বাচনী ইশতেহারে। এই কর্মসূচির মাধ্যমে কৃষকদের বিভিন্ন ভর্তুকি ও সরকারি সহায়তা সরাসরি পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জে খেজুর বিতরণ ও বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে ইফতার মাহফিল

চাঁপাইনবাবগঞ্জে খেজুর বিতরণ ও বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে ইফতার মাহফিল পবিত্র মাহে রমজান উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে খেজুর বিতরণ ও বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে গোমস্তাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে সৌদি আরব সরকারের পাঠানো উপহার খেজুর উপজেলার বিভিন্ন হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়। উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা।অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল আলিম, উপজেলা শিক্ষা কর্মকর্তা ইছাহাক আলি ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম। এ সময় জনপ্রতিনিধি, মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।উল্লেখ্য, গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানাসহ মোট ৪৫টি প্রতিষ্ঠানে ১৬০ প্যাকেট খেজুর বিতরণ করা হয়। এদিকে শিবগঞ্জ উপজেলায় আদর্শ শিক্ষক ফেডারেশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. কেরামত আলী, যিনি অনলাইনের মাধ্যমে যুক্ত ছিলেন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শিবগঞ্জ পৌরসভার আমির আবু বকর সিদ্দিক, সহকারী সেক্রেটারি অধ্যাপক দুরুল হোদা, নায়েবে আমির আজিজ মাহমুদ ও সেক্রেটারি আব্দুর রউফ। ইফতার মাহফিলে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকরা অংশগ্রহণ করেন। অন্যদিকে গোমস্তাপুর উপজেলার রহনপুর নুনগোলায় অবস্থিত সরকার অটো রাইস মিলে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রহনপুর পৌরসভার সাবেক মেয়র মতিউর রহমান খান, তারিক আহমদ, মিলের স্বত্বাধিকারী মুসলেহ উদ্দিন শিপলু সরকার, মেসার্স মামুন অটো রাইস মিলের স্বত্বাধিকারী রফিকুল ইসলাম রফিক, বিএনপি নেতা জাকির খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।ইফতার মাহফিলে মরহুম সফিকুল আলম পিন্টু সরকারের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

ঈদ উপলক্ষে ১০ দিন বন্ধ থাকবে সোনামসজিদ স্থলবন্দরের আমদানি-রপ্তানি

ঈদ উপলক্ষে ১০ দিন বন্ধ থাকবে সোনামসজিদ স্থলবন্দরের আমদানি-রপ্তানি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দরে ১০ দিনের জন্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে। জানা গেছে, আগামী ১৮ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত সোনামসজিদ স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। পরে ২৮ মার্চ থেকে বন্দরের কার্যক্রম পুনরায় স্বাভাবিকভাবে চালু হবে। সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন ইতির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ বিষয়ে সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তাফিজুর রহমান এবং পানামা পোর্ট লিংক লিমিটেডের অপারেশন ম্যানেজার কামাল খান জানান, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও বন্দরে আগে থেকে থাকা পণ্যবাহী ট্রাকগুলোতে লোড-আনলোড, পরিবহনসহ অন্যান্য প্রয়োজনীয় কার্যক্রম সীমিত আকারে চালু থাকবে। অন্যদিকে স্থলবন্দর ইমিগ্রেশন কর্মকর্তা এসআই জামিরুল ইসলাম বলেন, ছুটির সময়েও সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের বাংলাদেশ ও ভারতের মধ্যে যাতায়াত স্বাভাবিকভাবে চলবে।

চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি ব্যবসায়ীদের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি ব্যবসায়ীদের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি তেল পরিস্থিতি নিয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্ট অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের জেলা ইউনিটের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আন্তর্জাতিক পরিস্থিতি, বিশেষ করে ইসরায়েল-ইরান সংঘাতের কারণে জ্বালানি তেল সরবরাহে সম্ভাব্য সংকট নিয়ে আলোচনা করা হয় এবং এ পরিস্থিতি মোকাবিলার বিভিন্ন দিক তুলে ধরা হয়। সভায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. ইয়াছিন আলী জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলায় প্রায় ৭১ হাজার হেক্টর জমিতে বোরো ধানসহ বিভিন্ন ফসলে সেচ দেওয়ার জন্য বর্তমানে ৯ হাজার ১২৮টি নলকূপ চালু রয়েছে। তাই ডিজেল সরবরাহের ক্ষেত্রে কৃষিখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার প্রস্তাব দেন তিনি, যাতে বোরো মৌসুমে সেচ কার্যক্রম ব্যাহত না হয়। ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদ জানান, তার উপজেলায় জ্বালানি তেলের ক্ষেত্রে কৃষিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে এবং আপাতত এক্সকাভেটর পরিচালনা বন্ধ রাখা হয়েছে। সভায় সিদ্ধান্ত হয়, সংকটকালীন সময়ে জ্বালানি তেল নিয়ে কোনো ধরনের কারসাজি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রতিটি পেট্রোল পাম্প সর্বোচ্চ ২ হাজার ৫০০ লিটার তেল মজুত রাখতে পারবে। এর বেশি মজুত রাখলে মোবাইল কোর্টের আওতায় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি খোলাবাজারে অবৈধভাবে তেল বিক্রি বন্ধে কঠোর নজরদারি থাকবে। পাম্পে তেল নেওয়ার সময় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কৃষকদের জন্য আপৎকালীন কৃষি কার্ড প্রদানের সুপারিশ করেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) একরামুল হক। এদিকে যানবাহনের চাপ ও যানজট কমাতে শিবগঞ্জ উপজেলার পাম্প মালিকরা একদিনে সব পাম্পে তেল সরবরাহ দেওয়ার অনুরোধ জানান। সভায় সংকটকালীন সময়ে সবাইকে জ্বালানি তেল ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানানো হয়। সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ, বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্ট অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি রাশিদুল হাসান, পদ্মা ওয়েল পিএলসির রাজশাহী অঞ্চলের মার্কেটিং অফিসার আরিফুল ইসলাম, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের বিক্রয় বিভাগের সহকারী ব্যবস্থাপক গোলাম ইয়াসিন, যমুনা ওয়েল কোম্পানি লিমিটেডের সিনিয়র বিক্রয় কর্মকর্তা আসাদুজ্জামান সাকিবসহ জেলার বিভিন্ন পেট্রোল পাম্পের মালিকরা।

রহনপুর পৌরসভায় ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম শুরু

রহনপুর পৌরসভায় ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম শুরু চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভায় ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রহনপুর পৌর নির্বাহী কর্মকর্তা খাইরুল হক এ কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেনসহ রহনপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় এই চাল বিতরণ করা হচ্ছে। চলতি অর্থবছরে রহনপুর পৌরসভার ৪ হাজার ৬২৫টি পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফের চাল বিনামূল্যে বিতরণ করা হবে। পৌর নির্বাহী কর্মকর্তা জানান, দুইদিনব্যাপী এ কার্যক্রমের মাধ্যমে তালিকাভুক্ত উপকারভোগী পরিবারগুলোর হাতে এই সহায়তা পৌঁছে দেওয়া হবে।

জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ, চাঁপাইনবাবগঞ্জে দায়িত্ব পেলেন হারুনুর রশীদ

জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ, চাঁপাইনবাবগঞ্জে দায়িত্ব পেলেন হারুনুর রশীদ দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রবিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদকে দায়িত্ব দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এ নিয়োগের মাধ্যমে জেলা পরিষদগুলোর প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে। স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা এবং বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড দ্রুত বাস্তবায়নের লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্তদের মধ্যে রয়েছেন— পঞ্চগড়ে মোহাম্মদ তৌহিদুল ইসলাম, দিনাজপুরে মোফাজ্জল হোসেন দুলাল, রংপুরে মোহাম্মদ সাইফুল ইসলাম, কুড়িগ্রামে মো. সোহেল হোসনাইন কায়কোবাদ, গাইবান্ধায় অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, জয়পুরহাটে মো. মাসুদ রানা প্রধান, বগুড়ায় এ কে এম আহাসানুল তৈয়ব জাকির, নওগাঁয় মো. আবু বক্কর সিদ্দিক, রাজশাহীতে মো. এরশাদ আলী, নাটোরে মো. রহিম নেওয়াজ, মেহেরপুরে মো. জাভেদ মাসুদ, কুষ্টিয়ায় সোহরাব উদ্দিন, ঝিনাইদহে মো. আবুল মজিদ, যশোরে দেলোয়ার হোসেন খান খোকন, মাগুরায় আলী আহমেদ, বাগেরহাটে শেখ মোহাম্মদ জাকির হোসেন, খুলনায় এস এম মনিরুল হাসান বাপ্পী, পটুয়াখালীতে স্নেহাংশু সরকার, ভোলায় গোলাম নবী আলমগীর, বরিশালে আকন কুদ্দুসর রহমান, ঝালকাঠিতে মো. শাহাদাৎ হোসেন, পিরোজপুরে আলমগীর হোসেন, টাঙ্গাইলে এস এম ওবায়দুল হক, শেরপুরে এ বি এম মামুনুর রশিদ, ময়মনসিংহে সৈয়দ এমরান সালেহ, নেত্রকোনায় মো. নূরুজ্জামান (অ্যাডভোকেট), কিশোরগঞ্জে খালেদ সাইফুল্লাহ সোহেল খান, মুন্সীগঞ্জে এ কে এম ইরাদত, নারায়ণগঞ্জে মো. মামুন মাহমুদ, রাজবাড়ীতে আব্দুস সালাম মিয়া, গোপালগঞ্জে শরিফ রফিক উজ্জামান, মাদারীপুরে খোন্দকার মাশুকুর রহমান, শরীয়তপুরে সরদার এ কে এম নাসির উদ্দিন, সুনামগঞ্জে মো. মিজানুর রহমান চৌধুরী, সিলেটে আবুল কাহের চৌধুরী, মৌলভীবাজারে মিজানুর রহমান, ব্রাহ্মণবাড়িয়ায় সিরাজুল ইসলাম, কুমিল্লায় মো. মোশতাক মিয়া, নোয়াখালীতে মো. হারুনুর রশিদ আজাদ, লক্ষ্মীপুরে সাহাব উদ্দিন এবং কক্সবাজারে এ টি এম নুরুল বশর চৌধুরী। উল্লেখ্য, জেলা পরিষদ ভেঙে দেওয়ার পর সাময়িকভাবে জেলা প্রশাসকরা প্রশাসকের দায়িত্ব পালন করছিলেন। এতে অনেক ক্ষেত্রে দৈনন্দিন কার্যক্রমে কিছুটা ব্যাঘাত ঘটে। নতুন করে প্রশাসক নিয়োগের ফলে প্রশাসনিক কার্যক্রমে গতি আসবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এদিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে হারুনুর রশীদকে নিয়োগ দেওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।