চাঁপাইনবাবগঞ্জে ট্রাক চালকের মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক চালকের মরদেহ উদ্ধার শিবগঞ্জ উপজেলা থেকে মাসুদ রানা নামে এক ট্রাক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি শিবগঞ্জের নয়ালাভাঙ্গা ইউনিয়নের চন্ডিপুর ঘোষপাড়া গ্রামের রশিদুল হকের ছেলে। পুলিশ জানায়, গতকাল বিকেলে তৌহিদুল ইসলাম স্বদেশ নামে এক বন্ধু মোবাইল ফোনে খবর পেয়ে বাড়ি থেকে প্রায় ৩ কিলোমিটার দুরে শিবগঞ্জ পৌর এলাকার আমবাগান থেকে মাসুদকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেন। পরে তাঁকে ওই স্থানে থাকা একটি মোটরসাইকেলে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সন্ধ্যা ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মাসুদের মুখমন্ডলসহ দেহে হালকা আঘাতের চিহ্ন পেয়েছে পুলিশ। তাঁর পরিবার পুলিশকে জানিয়েছে, সকাল ১০টায় বাড়ি থেকে বের হবার পর তিনি আর বাড়ি ফেরেন নি। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবদেন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীণ বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার।

ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সকালে রাজধানীর বনানীতে ফ্যামিলি কার্ড কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। সকাল ১০টা ৪০ মিনিটের দিকে কড়াইল বস্তিসংলগ্ন টিঅ্যান্ডটি খেলার মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই জনকল্যাণমূলক প্রকল্পের সূচনা করেন। এই কর্মসূচির আওতায় দেশের নির্দিষ্ট জেলা ও সিটি করপোরেশন এলাকার দরিদ্র পরিবারগুলোকে প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করবে সরকার। ডিজিটাল বাংলাদেশ গড়ার অংশ হিসেবে উপকারভোগীরা তাদের পছন্দ অনুযায়ী সরাসরি মোবাইল ওয়ালেট অথবা ব্যাংক হিসাবের মাধ্যমে ঘরে বসেই এই ভাতার অর্থ গ্রহণ করতে পারবেন।

১১ দিনে ঢাকা থেকে ৩৬৭ ফ্লাইট বাতিল জানিয়েছে বেবিচক

১১ দিনে ঢাকা থেকে ৩৬৭ ফ্লাইট বাতিল জানিয়েছে বেবিচক মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে নিরপত্তা ঝুঁকির কারণে একের পর এক দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইনসের ফ্লাইট বাতিল হচ্ছে। আজ ৩২টি ফ্লাইট বাতিল করেছে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ বিভাগের কর্মকর্তা কাওছার মাহমুদ জানিয়েছেন, এ নিয়ে গত ২৮ ফেব্রুয়ারি থেকে আজ পর্যন্ত ১১ দিনে মোট ৩৬৭টি ফ্লাইট বাতিল হলো। গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতিতে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ করে দেয়।

জ্বালানির দাম বাড়ানোর পরিকল্পনা নেই বলেছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী

জ্বালানির দাম বাড়ানোর পরিকল্পনা নেই বলেছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী আপাতত জ্বালানির দাম বাড়ানোর বিষয়ে সরকারের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। আজ সচিবালয়ে তেল নিয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তিনি জানান, এখন পর্যন্ত দেশে কোনো সংকট নেই। মার্চ মাসে কোনো সমস্যা দেখা দেয়নি এবং উদ্বেগ-উৎকণ্ঠা শিগগিরই কেটে যাবে। বাংলাদেশে তেল রফতানি বাড়াতে ভারত সরকারকে অনানুষ্ঠানিকভাবে বলা হয়েছে।  

ভারত থেকে ৫ হাজার টন ডিজেল আসছে আজ

ভারত থেকে ৫ হাজার টন ডিজেল আসছে আজ বাংলাদেশ পেট্রলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে, ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে বাংলাদেশে ৫ হাজার টন ডিজেল আসছে। আজ এই জ্বালানি তেল পাইপলাইনের মাধ্যমে দেশে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। বিপিসির বাণিজ্য ও অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক মোরশেদ হোসাইন আজাদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। জ্বালানি তেলের মজুদ স্বাভাবিক রাখা এবং দেশজুড়ে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরকার জরুরিভিত্তিতে এই উদ্যোগ নিয়েছে। পাইপলাইনের মাধ্যমে এই আমদানির ফলে পরিবহন খরচ ও সময় সাশ্রয় হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।  

ট্রাম্পের ঘোষণায় তেলের দামে বড় পতন বিশ্ববাজারে 

ট্রাম্পের ঘোষণায় তেলের দামে বড় পতন বিশ্ববাজারে  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘শিগগিরই ইরান যুদ্ধ শেষ হবে’ ঘোষণা দেওয়ার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন লক্ষ্য করা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প স্পষ্ট জানান, ইরান যদি হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন বন্ধের চেষ্টা করে, তবে যুক্তরাষ্ট্র তাদের ওপর পূর্বের তুলনায় ২০ গুণ বেশি শক্তিশালী হামলা চালাবে। ট্রাম্পের এই আশ্বাসের পর আজ সকালে এশিয়ার বাজারে তেলের দাম দ্রুত কমতে শুরু করে: ব্রেন্ট ক্রুড: ১০% কমে ব্যারেলপ্রতি ৮৮ দশমিক ৯২ ডলারে নেমেছে যা গতকাল ছিল ১২০ ডলার, নাইমেক্স লাইট সুইট ক্রুড: ১০ দশমিক ২% কমে ব্যারেলপ্রতি ৮৫ দশমিক ০৮ ডলারে দাঁড়িয়েছে। তবে আশঙ্কার বিষয় হলো, বর্তমান দাম কমলেও ইসরায়েল-ইরান সংঘাত শুরুর আগের তুলনায় তেলের দাম এখনো ২০ শতাংশ বেশি রয়েছে।

বিসিবি থেকে ঈদ সামগ্রী পাচ্ছেন জাতীয় দলের ক্রিকেটাররা

বিসিবি থেকে ঈদ সামগ্রী পাচ্ছেন জাতীয় দলের ক্রিকেটাররা বর্তমানে দেশের জাতীয় দলের ক্রিকেটাররা ব্যস্ত সময় পার করছেন আন্তর্জাতিক সিরিজ নিয়ে। কেননা আগামীকাল থেকে শুরু হবে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। সিরিজ শেষেই ছুটিতে যাবেন ক্রিকেটাররা। তার আগে গতবারের মতো এবারো বিসিবি’র কাছ থেকে ঈদ সামগ্রী পাচ্ছেন ক্রিকেটাররা। সবমিলিয়ে ৩০ জন ক্রিকেটারকে দেয়া হবে ঈদ উপহার। কোচিং স্টাফের সদস্য থেকে শুরু করে দলের টিম বয়দের জন্যও থাকছে ঈদ উপহার। এদিকে পাকিস্তান সিরিজ নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন ক্রিকেটাররা। গেল বছরের অক্টোবরের পর থেকেই ওয়ানডে ফরম্যাটে আর কোনো ম্যাচ খেলেনি বাংলাদেশ।