যুদ্ধ শেষ হবে নেতানিয়াহুর সঙ্গে যৌথ সিদ্ধান্তে: ট্রাম্প

যুদ্ধ শেষ হবে নেতানিয়াহুর সঙ্গে যৌথ সিদ্ধান্তে: ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ কখন শেষ হবে সেই সিদ্ধান্ত তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যৌথভাবে নেবেন। রবিবার (৮ মার্চ) টাইমস অব ইসরায়েলকে ফোনে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা বলেন। তিনি জানান, আলোচনা চালিয়ে যাচ্ছেন এবং উপযুক্ত সময়ে সিদ্ধান্ত নেবেন। যুক্তরাষ্ট্র হামলা বন্ধ করার সিদ্ধান্ত নিলে ইসরায়েল কি যুদ্ধ চালিয়ে নিতে পারে এমন এক প্রশ্নে ট্রাম্প বলেন, “আমার মনে হয়, এটি প্রয়োজন হবে না।” মোজতবা খামেনি ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প মন্তব্য করতে রাজি হননি এবং বলেন, “দেখা যাক কী হয়।” এর আগে ট্রাম্প স্পষ্টভাবে মোজতবা খামেনির বিরোধিতা করেছিলন। ট্রাম্প বলেছিলেন, “তাকে (ইরানের সর্বোচ্চ নেতা) আমাদের অনুমোদন নিতে হবে। যদি সে আমাদের অনুমোদন না নেয়, তাহলে সে দীর্ঘকাল টিকে থাকতে পারবে না।” মার্কিন প্রেসিডেন্ট জানান, এমন নেতা তিনি চান যিনি শান্তি ও স্থিতিশীলতা আনতে সক্ষম হবেন।

মধ্যপ্রাচ্যে সংঘাতে এখন পর্যন্ত ৪ বাংলাদেশি নিহত: প্রবাসী কল্যাণমন্ত্রী

মধ্যপ্রাচ্যে সংঘাতে এখন পর্যন্ত ৪ বাংলাদেশি নিহত: প্রবাসী কল্যাণমন্ত্রী মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে এখন পর্যন্ত চারজন বাংলাদেশি নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, “সংঘাত চলাকালে মধ্যপ্রাচ্যে অবস্থানরত সব শ্রমিক ও প্রবাসীদের পাশে বাংলাদেশ সরকার রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।”  সোমবার (৯ মার্চ) সংযুক্ত আরব আমিরাতে নিহত বাংলাদেশি আলী আহমদের মরদেহ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রহণ শেষে সাংবাদিকদের কাছে এ কথা বলেন মন্ত্রী। এ সময় তিনি বলেন,“ প্রবাসীদের যেকোনো সংকটে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় পরিবারের সদস্যদের মতো তাদের পাশে থাকবে।” মন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে এখন পর্যন্ত চারজন বাংলাদেশি নিহত এবং ১০ জন আহত হয়েছেন। আহতদের সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে সরকারের উদ্যোগে চিকিৎসা দেওয়া হচ্ছে। পাশাপাশি তাদের সার্বিক খোঁজখবরও রাখা হচ্চে।

হামলায় ইরানে নিহত ১২৫৫, আহত ১২ হাজারের বেশি

হামলায় ইরানে নিহত ১২৫৫, আহত ১২ হাজারের বেশি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নয় দিনে ইরানে ১ হাজার ২৫৫ জন নিহত হয়েছেন। এছাড়া, আহত হয়েছেন ১২ হাজারের বেশি।  ইরানের উপস্বাস্থ্যমন্ত্রী আলি জাফারিয়ান আলজাজিরাকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, নিহতদের মধ্যে আট মাস থেকে ৮৮ বছর বয়সী ব্যক্তি রয়েছে। শুধু নারীই নিহত হয়েছেন ২০০। মিনাবের একটি প্রাথমিক বিদ্যালয়ে হামলায় ১৬৮ শিশু নিহত হয়েছে। এছাড়া, হামলায় ৫৫ জন স্বাস্থ্যকর্মী আহত এবং ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন চিকিৎসক, দুইজন নার্স ও তিনজন জরুরি সেবাকর্মী রয়েছেন। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরু হয়। পাল্টা হামলা শুরু করে ইরানও। যুদ্ধ এখন ওই অঞ্চলের ১৪ দেশে ছড়িয়ে পড়েছে। ইরানের মতো এই দেশগুলোতেও বেসামরিক মানুষের প্রাণহানি হচ্ছে। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে মানবিক জরুরি অবস্থা সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করেছে জাতিসংঘ।