ব্যর্থ সম্পর্কের অভিজ্ঞতা নিয়েই এগিয়ে যাওয়ার দিন আজ

ব্যর্থ সম্পর্কের অভিজ্ঞতা নিয়েই এগিয়ে যাওয়ার দিন আজ জীবনের প্রতিটি সম্পর্ক সফল হবে – এমন কোনো নিশ্চয়তা নেই। তবু প্রতিটি সম্পর্ক মানুষকে কিছু না কিছু শেখায়। আর সেই অভিজ্ঞতা নিয়েই সামনে এগিয়ে যাওয়ার বার্তা দেয় আজকের এই দিন – ব্যর্থ সম্পর্কের বোঝা পেছনে ফেলে নতুনভাবে শুরু করার দিন বা মুভ অন ডে। অনেকের কাছে আজকের এই ৯ মার্চ কেবল একটি প্রতীকী দিন। কিন্তু যারা দীর্ঘদিন ধরে ভাঙা সম্পর্কের কষ্ট, অনুশোচনা বা স্মৃতির ভার বয়ে চলেছেন, তাদের জন্য এই দিনটি হতে পারে নতুন করে নিজেকে গুছিয়ে নেওয়ার উপলক্ষ। কেন ভাঙা সম্পর্ক থেকে বের হওয়া জরুরি একটি ব্যর্থ সম্পর্ক মানুষের মানসিক স্বাস্থ্যে গভীর প্রভাব ফেলতে পারে। হতাশা, আত্মবিশ্বাস কমে যাওয়া কিংবা ভবিষ্যৎ সম্পর্কে ভয় – এসব অনুভূতি স্বাভাবিক। মনোবিজ্ঞানীরা বলেন, দীর্ঘদিন অতীতের কষ্ট আঁকড়ে ধরে থাকলে ব্যক্তিগত উন্নতি থেমে যেতে পারে। আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন জানায়, মানসিক সুস্থতার জন্য কখনো কখনো অতীতকে ছেড়ে দেওয়া এবং নতুন বাস্তবতাকে গ্রহণ করা গুরুত্বপূর্ণ। সম্পর্ক শুধু দুজন মানুষের বন্ধন নয়; এর সঙ্গে জড়িয়ে থাকে অভ্যাস, স্মৃতি, পরিকল্পনা এবং ভবিষ্যতের স্বপ্ন। তাই বিচ্ছেদ মানে শুধু একজন মানুষকে হারানো নয়, অনেক সময় একটি সম্ভাব্য ভবিষ্যৎকেও হারানো। সম্পর্ক ভাঙার মতো মানসিক চাপের ঘটনা মানুষের আবেগ, ঘুম এবং দৈনন্দিন জীবনে প্রভাব ফেলতে পারে। তবে সঠিক সমর্থন ও সময় পেলে বেশিরভাগ মানুষই ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসেন। এগিয়ে যাওয়ার জন্য কী করা যেতে পারে ১. নিজেকে সময় দিন বিচ্ছেদের পর দুঃখ বা রাগ অনুভব করা অস্বাভাবিক নয়। অনুভূতিগুলোকে অস্বীকার না করে সময় দিন নিজেকে। ২. নিজের প্রতি যত্নশীল হোন পছন্দের কাজ করা, বন্ধুদের সঙ্গে সময় কাটানো কিংবা নতুন কোনো দক্ষতা শেখা – এগুলো মানসিকভাবে শক্ত হতে সাহায্য করে। ৩. অভিজ্ঞতা থেকে শিক্ষা নিন ভাঙা সম্পর্ক মানেই ব্যর্থতা নয়। বরং এটি ভবিষ্যতে ভালো সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি শিক্ষা হতে পারে। ৪. ভবিষ্যতের দিকে তাকান জীবনের সম্ভাবনা কোনো একটি সম্পর্কেই সীমাবদ্ধ নয়। সামনে আরও নতুন মানুষ, নতুন অভিজ্ঞতা এবং নতুন গল্প অপেক্ষা করে থাকে। অনেক সময় মানুষ ভাঙা সম্পর্কের স্মৃতি এত শক্ত করে ধরে রাখে যে নতুন করে জীবন শুরু করার সাহস পায় না। কিন্তু বাস্তবতা হলো, জীবন সবসময় সামনে এগিয়ে যায়। তাই কখনো কখনো সবচেয়ে বড় সাহসিকতার কাজ হলো – পেছনের দরজাটি বন্ধ করে সামনে থাকা পথটিকে বেছে নেওয়া।
মা হতে যাচ্ছেন অভিনেত্রী চিত্রাঙ্গদা চক্রবর্তী

মা হতে যাচ্ছেন অভিনেত্রী চিত্রাঙ্গদা চক্রবর্তী মা হতে যাচ্ছেন ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী চিত্রাঙ্গদা চক্রবর্তী। সম্বিত চ্যাটার্জি ও চিত্রাঙ্গদা দম্পতির এটি প্রথম সন্তান। চিত্রাঙ্গদার বোন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী এসব তথ্য জানিয়েছেন। চিত্রাঙ্গদার অন্তঃসত্ত্বা হওয়ার সাত মাস চলছে। গতকাল বিশ্ব নারী দিবসে সাধ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন, তাতে চিত্রাঙ্গদার বেবি বাম্প দেখা যায়। এসব ছবিতে দেখা যায়, গোলাপি রঙের শাড়িতে সেজেছেন চিত্রাঙ্গদা। এর সঙ্গে বেছে নিয়েছেন স্লিভলেস ব্লাউজ। কানে-গলায় ছিমছাম সোনার গহনা। আর চোখে-মুখে ঠিকরে পড়ছে মাতৃত্বের আভা। বোন চিত্রাঙ্গদার বেবি বাম্পে কান পেতে আনন্দে আত্মহারা ঋতাভরী। সেন্ট সেভিয়ার্স কলেজে একসঙ্গে পড়াশোনা করেছেন চিত্রাঙ্গদা ও সম্বিত। প্রায় ১১-১২ বছরের পরিচয় তাদের। তবে প্রেমের সম্পর্কে জড়ান কলেজ জীবনের শেষের দিকে। তারা দুজনেই মুম্বাইয়ে বসবাস করেন। দীর্ঘদিন প্রেমের সম্পর্কে ছিলেন। এ সম্পর্ককে আরেক ধাপ এগিয়ে নিতে ২০২১ সালের ২৭ জানুয়ারি কলকাতার বাড়িতে বাগদান সারেন তারা। এরপর নানা কারণে এ জুটির বিয়ের আনুষ্ঠানিকতা পিছিয়ে যায়। ২০২২ সালের ২৪ এপ্রিল কলকাতায় কাছের মানুষজনের উপস্থিতিতে রেজিস্ট্রি বিয়ে করেন এই যুগল। চিত্রাঙ্গদা ‘শান্তিলাল ও প্রজাপতি রহস্য’, ‘আহারে মন’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন। তার বর সম্বিত পেশায় পারকাশনিস্ট। ২০১৮ সালে ড্রামার হিসেবে কমনওয়েলথ গেমস গোল্ড কোস্টে ভারতের প্রতিনিধিত্ব করেন তিনি। ক্যারিয়ারে বহু বিখ্যাত শিল্পীকে সঙ্গ দিয়েছেন সম্বিত।
দেশের সব মেডিকেল কলেজের সব ক্লাস-পরীক্ষা স্থগিত

দেশের সব মেডিকেল কলেজের সব ক্লাস-পরীক্ষা স্থগিত বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে দেশের সব সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ক্লাস ও অভ্যন্তরীণ পরীক্ষা সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (৯ মার্চ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন জানান, মঙ্গলবার (১০ মার্চ) থেকে মেডিকেল কলেজগুলোতে ক্লাস ও অভ্যন্তরীণ পরীক্ষা স্থগিত থাকবে। ঈদুল ফিতরের ছুটি শেষে স্বাভাবিক নিয়মে পাঠদান ও পরীক্ষা কার্যক্রম আবার শুরু হবে। তিনি আরো জানান, মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলোর চলমান বা নির্ধারিত পরীক্ষার বিষয়ে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজেদের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেবে। এর আগে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিকে সামনে রেখে সম্ভাব্য জ্বালানি সংকট মোকাবিলায় দেশের সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা দেয় সরকার।
পপতারকা রিহানার বাড়ি লক্ষ্য করে গুলি নারী আটক

পপতারকা রিহানার বাড়ি লক্ষ্য করে গুলি নারী আটক আমেরিকান পপতারকা রিহানার বেভারলি হিলসের বাড়িতে গুলিবর্ষণের এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। রবিবার (৮ মার্চ) দুপুরে এক নারী সন্দেহভাজন রিহানার বাড়ি লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়েন। পুলিশ জানায়, রবিবার দুপুর ১টা ২১ মিনিট নাগাদ বাড়ির উল্টো দিকের রাস্তায় একটি গাড়ি থেকে প্রায় ১০টি গুলি চালানো হয়। একটি গুলি বাড়ির দেয়াল ভেদ করে ভেতরে ঢুকে যায়। ঘটনার সময় রিহানা বাড়ির ভেতরেই অবস্থান করছিলেন। তবে সৌভাগ্যবশত তার কোনো ক্ষতি হয়নি এবং তিনি সম্পূর্ণ নিরাপদ আছেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং ৩০ বছর বয়সী এক নারীকে আটক করে। লস অ্যাঞ্জেলেস পুলিশ বিষয়টি তদন্ত করছে। তবে এখনো রিহানা বা তার টিমের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।
ক্রিকেটকে ‘ধ্বংস’ করেছে ভারত ,বললেন শোয়েব

ক্রিকেটকে ‘ধ্বংস’ করেছে ভারত ,বললেন শোয়েব টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্সে টানা দ্বিতীয় শিরোপা জিতেছে ভারত। এই ফরম্যাটে তাদের তৃতীয় বিশ্বকাপ জয়ের পর ক্রিকেট বিশ্বে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। তবে সবচেয়ে বিতর্কিত মন্তব্য এসেছে পাকিস্তানের সাবেক গতি তারকা শোয়েব আখতারের কাছ থেকে। তার দাবি, ভারতের আধিপত্য নাকি ক্রিকেটকেই ‘ধ্বংস করে দিচ্ছে’। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ভারত ৯৬ রানের বিশাল ব্যবধানে হারায় নিউজিলল্যান্ডকে। এই জয়ে তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জিতে নেয় ভারত। বেশিরভাগ ক্রিকেট বিশ্লেষক ভারতের এই জয়ে প্রশংসা করলেও আখতার ভিন্ন সুরে কথা বলেন। পাকিস্তানের একটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম-এর ক্রিকেট টক শো-তে তিনি বলেন, ‘এটা এমন যেন কোনো মহল্লায় এক ধনী ছেলে সব গরিব বাচ্চাদের ডেকে বলে, চলো ক্রিকেট খেলি। আট দলের মধ্যে চারটা রাখে, তারপর সেই চার থেকে আবার তিনটাকে নেয় এবং শেষে বলে, দেখো আমি জিতেছি। ভারত পুরো ক্রিকেটটাই নষ্ট করে ফেলেছে।’ তার এই মন্তব্য দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কের জন্ম দেয়। তবে ফাইনালের আগে আখতারের বক্তব্য কিছুটা ভিন্ন ছিল। তিনি তখন স্বীকার করেছিলেন যে ভারতই ফেভারিট, যদিও ‘ক্রিকেটের স্বার্থে’ তিনি নিউজিল্যান্ডকে চ্যাম্পিয়ন দেখতে চেয়েছিলেন। তবে সমালোচনার মাঝেও ভারতের সাফল্যের একটি কারণ স্বীকার করেছেন আখতার। তিনি ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরের প্রশংসা করে বলেন, কঠিন সময়েও খেলোয়াড়দের ওপর আস্থা রাখার কারণে দল বড় টুর্নামেন্টে সফল হয়েছে। এদিকে আখতার একা নন, ভারতের জয়ের পর আরও কয়েকজন পাকিস্তানি সাবেক ক্রিকেটারও বিতর্কিত মন্তব্য করেছেন। তাদের মধ্যে একজন সাবেক পেসার মোহাম্মদ আমির। একটি টক শোতে তিনি দাবি করেন, ভারতের জয়ের বড় কৃতিত্ব নাকি নিউজিল্যান্ডের বোলারদের। আমিরের মতে, কিউই বোলাররা পর্যাপ্ত চাপ সৃষ্টি করতে পারেনি, যার ফলে ভারতের ব্যাটাররা সহজেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয়।
রেকর্ড ৯০০ গোলের দ্বারপ্রান্তে মেসি

রেকর্ড ৯০০ গোলের দ্বারপ্রান্তে মেসি রেকর্ড ভাঙাই তার কাজ, কিন্তু এবারের মাইলফলকটি একটু আলাদা। কিংবদন্তি থেকে অবিনশ্বর হয়ে ওঠার পথে মেসি দাঁড়িয়ে আছেন মাত্র এক কদমের দূরত্বে। ইন্টার মায়ামির হয়ে ডিসি ইউনাইটেডের বিপক্ষে গোল করে নিজের পেশাদার ক্যারিয়ারের মোট গোলসংখ্যা ৮৯৯-এ পৌঁছে গেছেন মেসি। অর্থাৎ ৯০০ গোলের ঐতিহাসিক সীমা স্পর্শ করতে এখন তার প্রয়োজন মাত্র একটি গোল। যুক্তরাষ্ট্রের বাল্টিমোরে এমঅ্যান্ডটি ব্যাংক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ডিসি ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। রেকর্ড ৭২ হাজার ৫৬ জন দর্শকের সামনে হওয়া এই ম্যাচে গোল করেন মেসি ও তার আর্জেন্টাইন সতীর্থ রদ্রিগো ডি পল। ম্যাচের প্রথমার্ধের মাঝামাঝি সময়ে ইন্টার মায়ামির হয়ে দ্বিতীয় গোলটি করেন মেসি। গোলটি ছিল তার স্বভাবসিদ্ধ দক্ষতার এক নিখুঁত উদাহরণ। গোলরক্ষক শন জনসনের ওপর দিয়ে বলকে আলতোভাবে তুলে জালে জড়ান তিনি। সেই মুহূর্তেই তার ক্যারিয়ারের গোলসংখ্যা দাঁড়ায় ৮৯৯। ৩৮ বছর বয়সেও মেসির গোল করার ধারাবাহিকতা এখনো অবিশ্বাস্য। ২০২৩ সালের জুনে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকে ক্লাবটির হয়ে ইতিমধ্যে ৮০টি গোল করেছেন তিনি। মেসির পুরো ক্যারিয়ারের গোলসংখ্যা এখন বিভিন্ন দল মিলিয়ে বিস্তৃত এক ইতিহাস। স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার হয়ে তিনি করেছেন ৬৭২ গোল। ফরাসি ক্লাব পিএসজির হয়ে করেছেন ৩২ গোল। আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে তার গোলসংখ্যা ১১৫। আর ইন্টার মায়ামির হয়ে এখন পর্যন্ত করেছেন প্রায় ৮০ গোল। এই গোলগুলোর মাধ্যমে বার্সেলোনা, আর্জেন্টিনা জাতীয় দল এবং ইন্টার মায়ামি-এই তিন দলের ইতিহাসেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের নামে লিখেছেন মেসি। তার এই ধারাবাহিকতা ফুটবল ইতিহাসে এক বিরল উদাহরণ। এখন ফুটবল বিশ্ব তাকিয়ে আছে তার পরবর্তী গোলটির দিকে। সেই গোলটি হলেই মেসি পেশাদার ফুটবলের ইতিহাসে ৯০০ গোলের মাইলফলক স্পর্শ করবেন।
ঈদ উদযাপনে ৭ দিনের সরকারি ছুটি পাচ্ছেন না তারা

ঈদ উদযাপনে ৭ দিনের সরকারি ছুটি পাচ্ছেন না তারা আগামী ঈদুল ফিতর ও পবিত্র শবে কদর উদযাপনের জন্য ১৮ মার্চ এক দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। ফলে টানা সাত দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। রোববার (৮ মার্চ) জনপ্রশান মন্ত্রণালয় থেকে ছুটি বাড়িয়ে এই প্রজ্ঞাপন জারি করা হয়। তবে প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়েছে যে সব ধরনের সেবা ও প্রতিষ্ঠান এই ছুটির আওতায় পড়বে না।সরকারি বিশেষ ছুটির সময় জনস্বার্থে এবং জরুরি সেবা সচল রাখতে কিছু সেক্টরকে এই ছুটির বাইরে রাখা হয়েছে। এতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অংশের ৩৭ নম্বর ক্রমিকের অনুবলে সরকার কর্তৃক আসন্ন শব-ই-কদর ও ঈদ-উল-ফিতরের পূর্ব নির্ধারিত ছুটির মধ্যবর্তী ১৮ মার্চ (বুধবার) নির্বাহী আদেশে ১ দিনের সরকারি ছুটি ঘোষণা করা হলো। ছুটিকালীন সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে। প্রজ্ঞাপন অনুযায়ী, সরকার ঘোষিত এই বিশেষ ছুটির সময় সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে জনস্বার্থে এবং জরুরি সেবা সচল রাখতে বেশ কিছু সেক্টরকে এই ছুটির আওতামুক্ত রাখা হয়েছে।জরুরি পরিষেবা যেমন বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরসমূহের কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট এবং ডাক সেবায় নিয়োজিত কর্মী ও সংশ্লিষ্ট যানবাহনগুলো এই ছুটির আওতাবহির্ভূত থাকবে। চিকিৎসা সেবার গুরুত্ব বিবেচনা করে হাসপাতাল ও জরুরি সেবায় নিয়োজিত চিকিৎসক এবং অন্যান্য কর্মীদের জন্য এই ছুটি কার্যকর হবে না। একই সঙ্গে ওষুধসহ চিকিৎসা সরঞ্জামাদি বহনকারী যানবাহন ও এর সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরাও কর্মস্থলে নিয়োজিত থাকবেন। এ ছাড়া জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অন্যান্য অফিসসমূহও তাদের নিয়মিত কার্যক্রম চালু রাখবে। এছাড়াও কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে এবং আদালতের কার্যক্রমের বিষয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় সিদ্ধান্ত জানাবে। বেসরকারি খাতের শিল্প-কারখানা ও প্রতিষ্ঠানের ক্ষেত্রে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে। চলতি বছরের নির্ধারিত ছুটির তালিকা অনুযায়ী, ২১ মার্চ ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি। ১৯ ও ২০ মার্চ এবং ২২ ও ২৩ মার্চ ঈদুল ফিতরের আগে দুই ও পরে দুই দিনসহ মোট চার দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। একইসঙ্গে যুক্ত হলো ১৮ মার্চ সাধারণ ছুটি। এদিকে ১৭ মার্চ পবিত্র শবে কদরের ছুটি।
সংকট মোকাবিলায় চীনের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে বাংলাদেশ

সংকট মোকাবিলায় চীনের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে বাংলাদেশ মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে চীনের কাছে বাংলাদেশ জ্বালানি সহায়তা চেয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। চীনা রাষ্ট্রদূত জানান, জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতা করতে আগ্রহী চীন। তবে বাংলাদেশ কী ধরনের জ্বালানি সহায়তা চায়, সে বিষয়ে বেইজিং জানতে চেয়েছে। সোমবার (৯ মার্চ) সচিবালয়ে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। বৈঠকে নতুন সরকারের অগ্রাধিকারভুক্ত কয়েকটি প্রকল্প নিয়েও আলোচনা হয়েছে। অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন বিষয়ে দুই দেশের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানান তিনি। চীনা রাষ্ট্রদূত বলেন, তিস্তা প্রকল্প নতুন সরকার ও চীনের অগ্রাধিকারপ্রাপ্ত প্রকল্পগুলোর একটি। এ প্রকল্পে দ্রুত কাজ শুরুর বিষয়ে উভয় পক্ষ আশাবাদী। পাশাপাশি নতুন ঋণ সুবিধা ও বিনিয়োগ নিয়েও আলোচনা হয়েছে।
ডিসি সম্মেলন শুরু আগামী ৩ মে

ডিসি সম্মেলন শুরু আগামী ৩ মে আগামী ৩ থেকে ৬ মে পর্যন্ত চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সোমবার (৯ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে একটি স্মারক জারি করে সব সচিব, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে। স্মারকে সম্মেলন সফলভাবে আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। স্মারকে বলা হয়েছে, আগামী ৩ মে সকাল ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমান ওসমানী স্মৃতি মিলনায়তনে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিভিন্ন অধিবেশনে সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবরা অংশ নেবেন এবং জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করবেন।
মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ চার বোতল বিদেশি মদ নিজ হেফাজতে রাখার অভিযোগে কণ্ঠশিল্পী আসিফ আকবরের বিরুদ্ধে করা মামলায় তাকে খালাস দিয়েছেন আদালত। সোমবার (৯ মার্চ) শুনানি শেষে ঢাকার ২য় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক আয়েশা আক্তার মৌসুমী মামলার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দিয়ে এ রায় দেন। এর আগে, গত ৩ মার্চ আদালত মামলাটির সাক্ষ্যগ্রহণ শেষ করে যুক্তিতর্ক উপস্থাপন ও রায় ঘোষণার জন্য সোমবার (৯ মার্চ) দিন নির্ধারণ করেন। শুনানিকালে আসিফ আকবর আদালতে উপস্থিত ছিলেন। রায়ের প্রতিক্রিয়ায় তিনি জানান, তিনি ন্যায়বিচার পেয়েছেন। মামলার অভিযোগে বলা হয়, ২০১৮ সালের ৬ জুন তেজগাঁও থানার অন্তর্ভুক্ত পান্থপথে আর্ব এন্টারটেইনমেন্টের অফিস থেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের একটি মামলায় কণ্ঠশিল্পী আসিফ আকবরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তার অফিস কক্ষে চার বোতল অবৈধ টাকিলা মদ পাওয়া যায়। পরে মদগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে পাঠানো হয়। লাইসেন্স ছাড়া বিদেশি মদ নিজের দখলে রাখার অভিযোগে ২০১৯ সালের ২৩ জুলাই সিআইডি পুলিশের সাইবার তদন্ত শাখার উপ-পরিদর্শক প্রশান্ত কুমার সিকদার রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি দায়ের করেন।