গান শোনাবেন বুবলী

গান শোনাবেন বুবলী চিত্রনায়িকা শবনম বুবলী সামনে আসছেন গায়িকা হিসেবে। জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র ঈদ আয়োজনে গান শোনাবেন নায়িকা। তার সঙ্গে থাকছেন সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। আয়োজক সূত্র জানিয়েছে, পেশাদার কণ্ঠশিল্পী না হয়েও বুবলী অত্যন্ত চমৎকারভাবে গানটি গেয়েছেন। এর মাধ্যমে গান গেয়ে বুবলীর আত্মপ্রকাশ ঈদ ইত্যাদির অন্যতম বড় চমক হিসেবে ধরা হচ্ছে। জানা গেছে, গানটির কথা লিখেছেন প্রখ্যাত গীতিকবি কবির বকুল এবং সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল নিজেই। গত ২৪ জানুয়ারি বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের বহিরঙ্গনে নির্মিত ইত্যাদির বিশাল সেটে গানটির চিত্রধারণ করা হয়। এর আগে ইত্যাদি’র মঞ্চে অভিনয়শিল্পী তাসনিয়া ফারিণ, সিয়াম আহমেদ ও জান্নাতুল সুমাইয়া হিমির মতো তারকারা গান গেয়ে দর্শকদের তাক লাগিয়ে দিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় এবার বুবলী ও ইমরানের যুগলবন্দি দর্শকদের নতুন অভিজ্ঞতা দেবে বলে আশা করা হচ্ছে হানিফ সংকেত পরিচালিত ‘ইত্যাদি’তে প্রতি বছরই বিশেষ পরিকল্পনা ও বৈচিত্র্যময় পরিবেশনা থাকে। ইতিপূর্বে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, পারভীন সুলতানা দিতি, মৌসুমী এবং নোবেল ও অপি করিমের মতো তারকারাও এই মঞ্চে গান গেয়েছেন। ফাগুন অডিও ভিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, গানের নির্মাণশৈলী, লোকেশন এবং শিল্পীদ্বয়ের গায়কী মিলিয়ে এই পরিবেশনাটিও পূর্বের মতো দর্শকপ্রিয়তা পাবে। জানা গেছে, ঈদের বিশেষ ‘ইত্যাদি’ প্রচারিত হবে ঈদের পরদিন রাত ৮টায় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) পর্দায়।
শেষ দিনে নির্বাচক হতে আবেদন করছেন হাবিবুল বাশার

শেষ দিনে নির্বাচক হতে আবেদন করছেন হাবিবুল বাশার বাংলাদেশ জাতীয় দলের নির্বাচক প্যানেলে শূন্য থাকা দুটি পদ পূরণে চলছে আবেদন প্রক্রিয়া। আবেদনের শেষ দিনে এ পদে আবেদন করার কথা জানিয়েছেন সাবেক জাতীয় অধিনায়ক ও সাবেক নির্বাচক হাবিবুল বাশার। এদিকে বিসিবির পরিচালক হওয়ায় নির্বাচকের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন আবদুর রাজ্জাক। অন্যদিকে প্রধান নির্বাচক ও গাজী আশরাফ হোসেন লিপুর মেয়াদও শেষ হয়ে গেছে। ফলে নির্বাচক প্যানেলে এখন একমাত্র সদস্য হিসেবে রয়েছেন হাসিবুল হোসাইন শান্ত। এ বিষয়ে হাবিবুল বাশার বলেন, আমি তো বাইরের কেউ নই, ইন-হাউজেরই মানুষ। এখনও ক্রিকেট বোর্ডের সঙ্গেই আছি। তাই বিষয়টা আমার জন্য একটু ভিন্ন। আমি হয়তো ৮ মার্চ আবেদন জমা দেব। আরও অনেকেই আবেদন করছেন। বিসিবি যাকে যোগ্য মনে করবে তাকেই দায়িত্ব দেবে। প্রধান নির্বাচক হওয়ার গুঞ্জন প্রসঙ্গে তিনি বলেন, বোর্ড বিজ্ঞপ্তি দিয়েছে এবং সবার কাছ থেকেই আবেদন নেওয়া হচ্ছে। সেখান থেকেই যোগ্য প্রার্থী বেছে নেওয়া হবে। এর আগে সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু্ও জানিয়েছিলেন, শর্তাবলী উপযুক্ত হলে তিনিও এ পদে আবেদন করতে পারেন। বিসিবি জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে পাওয়া আবেদন যাচাই-বাছাই শেষে নতুন নির্বাচক প্যানেল গঠন করা হবে। আবেদনকারীদের মধ্য থেকেই একজনকে প্রধান নির্বাচকের দায়িত্ব দেওয়া হবে।
ইফতারে রাখতে পারেন তরমুজের স্মুদি

ইফতারে রাখতে পারেন তরমুজের স্মুদি রমজানে সারাদিন রোজা রাখার পর ইফতারে শরীরকে দ্রুত সতেজ করতে প্রয়োজন পানিসমৃদ্ধ ও পুষ্টিকর খাবার। এ সময় তরমুজের স্মুদি হতে পারে দারুণ একটি পানীয়। তরমুজে প্রচুর পানি, ভিটামিন ও খনিজ উপাদান থাকায় এটি শরীরকে দ্রুত হাইড্রেট করে এবং ক্লান্তি দূর করতে সাহায্য করে। তরমুজে থাকা ভিটামিন এ, সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে। পাশাপাশি এতে থাকা প্রাকৃতিক মিষ্টতা ইফতারের সময় শরীরে দ্রুত শক্তি জোগায়। তাই এই গরমে ইফতারের তালিকায় রাখতে পারেন তরমুজের স্মুদি। যেসব উপকরণ লাগবে তরমুজ কিউব করে কাটা ২ কাপ ঠান্ডা দুধ আধা কাপ দই আধা কাপ মধু বা চিনি ১-২ চা চামচ (স্বাদ অনুযায়ী) বরফ কুচি কয়েকটি সামান্য পুদিনা পাতা (ঐচ্ছিক) যেভাবে তৈরি করবেন প্রথমে তরমুজের বীজ ফেলে ছোট ছোট টুকরো করে নিন। এরপর ব্লেন্ডারে তরমুজ, দুধ, দই, মধু বা চিনি এবং বরফ কুচি একসঙ্গে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করুন। মিশ্রণটি মসৃণ হয়ে গেলে গ্লাসে ঢেলে ওপরে সামান্য পুদিনা পাতা দিয়ে পরিবেশন করুন।
মেসির ‘৮৯৯’ গোলে মায়ামির জয়

মেসির ‘৮৯৯’ গোলে মায়ামির জয় লিওনেল মেসি আরেকটি ঐতিহাসিক গোলের মাইলফলকের খুব কাছাকাছি পৌঁছে গেছেন। তার গোলেই শনিবার ওয়াশিংটনের দল ডি.সি. ইউনাইটেডকে ২-১ ব্যবধানে হারিয়ে চলতি মৌসুমে দ্বিতীয় জয় পেয়েছে ইন্টার মায়ামি। গত সপ্তাহে অরল্যান্ডোর বিপক্ষে ফ্লোরিডা ডার্বিতে জোড়া গোল করা মেসি এবারও গোলের দেখা পেয়েছেন। ম্যাচের ২৭তম মিনিটে নিখুঁত চিপ শটে বল জালে জড়িয়ে মৌসুমে নিজের তৃতীয় গোলটি করেন আর্জেন্টাইন এই মহাতারকা। এই গোলের মাধ্যমে মায়ামির হয়ে মেসির গোলসংখ্যা দাঁড়িয়েছে ৮০-তে। সব মিলিয়ে তার ক্যারিয়ারের মোট গোল এখন ৮৯৯, অর্থাৎ ঐতিহাসিক ৯০০ গোলের মাইলফলক ছুঁতে তিনি মাত্র একটি গোল দূরে। আটবারের বর্ষসেরা ফুটবলারের পুরস্কারজয়ী এই তারকা আগামী জুনে ৩৯ বছরে পা দেবেন। ক্যারিয়ারের শুরুতে বার্সেলোনার হয়ে তিনি করেছেন ৬৭২ গোল। পরে পিএসজির হয়ে করেছেন ৩২ গোল। এছাড়া আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে তার গোলসংখ্যা ১১৫। শনিবারের এই জয়ে তিন ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে পূর্বাঞ্চলীয় তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে গত মৌসুমের চ্যাম্পিয়ন মায়ামি। এর আগে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে হোয়াইট হাউসে এক সংবর্ধনায় অংশ নিয়েছিল দলটি। ম্যাচের ১৭তম মিনিটে মেসির সতীর্থ ও আর্জেন্টিনা জাতীয় দলের মিডফিল্ডার রদ্রিগো দে পলের অসাধারণ বাঁকানো শটে এগিয়ে যায় মায়ামি। এর দশ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন মেসি। মাতেও সিলভেত্তির দারুণ থ্রু পাস ধরে দ্রুত এগিয়ে এসে প্রতিপক্ষ গোলরক্ষকের ওপর দিয়ে নিখুঁত ফিনিশে বল জালে পাঠান তিনি। বিরতির পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ডি.সি. ইউনাইটেড। ম্যাচের ৭৫তম মিনিটে ইসরায়েলের ফরোয়ার্ড তাই বারিবো একটি গোল শোধ করে দলকে আশা জাগান। তবে শেষ পর্যন্ত মায়ামির রক্ষণভাগ দৃঢ়তা ধরে রাখলে আর কোনো গোল করতে পারেনি প্রতিপক্ষ। ফলে ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে মেসির দল।
ঢাকায় পাকিস্তান ক্রিকেট দল

ঢাকায় পাকিস্তান ক্রিকেট দল পাকিস্তান দলের ৫ কোচিং স্টাফ ঢাকায় চলে এসেছেন শনিবারই। তারা সরাসরি শ্রীলঙ্কা থেকে চলে আসেন। আজ (রোববার) ঢাকায় পা রাখলেন পাকিস্তানের ক্রিকেটার এবং বাকি স্টাফরা। ভোর ৪টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা। জানা গেছে, সালমান আগা, মোহাম্মদ রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদিরা বিমাবন্দরেই রমজানের সেহরি করেছেন। তারপর সোনারগাঁ হোটেলে চেক ইন করেছেন তারা। বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ৯ মার্চ। পরের দুই ম্যাচ ১১ ও ১৩ মার্চ। সবগুলো ম্যাচই হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
ফাইনাল জিতলে মিলবে ৩৬.৫৭ কোটি

ফাইনাল জিতলে মিলবে ৩৬.৫৭ কোটি মঞ্চ তৈরি। মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। আজ (রোববার) টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল জয়ী দল শুধু সোনালি ট্রফিই নয়, সঙ্গে নিয়ে যাবে বিশাল অঙ্কের অর্থ। চলতি বিশ্বকাপের জন্য প্রায় ১৬০ কোটি টাকার প্রাইজমানি ঘোষণা করেছিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আগের আসরের চেয়ে এবার প্রাইজমানি বেড়েছে ২০ শতাংশ। ২০২৪ সালের চ্যাম্পিয়ন ভারতের সামনে প্রথম দল হিসেবে শিরোপা ধরে রাখার সুযোগ। আর প্রথমবার ট্রফি জেতার হাতছানি নিউজিল্যান্ডের। ফাইনালে বিজয়ী দল ৩৬ কোটি ৫৭ লাখ টাকা পাবে। রানার্সআপও বেশ মোটা অঙ্কের টাকা দখল করবে। সাড়ে ১৯ কোটি টাকা পাবে ফাইনালের পরাজিত দল। সেমিফাইনালে পরাজিত প্রত্যেক দল ৯ কোটি ৬৩ লাখ টাকা করে পাবে। সুপার এইটে অংশ নেওয়া প্রত্যেক দলের পকেটে ঢুকবে ৪ কোটি ৬৩ লাখ টাকা করে। গ্রুপ পর্বে বিদায় নেওয়া দলের প্রত্যেকে পাবে ৩ কোটি টাকা। গতবার আইসিসি বিশ্বকাপ প্রাইজমানির বাইরেও ভারতীয় ক্রিকেট বোর্ড তাদের চ্যাম্পিয়ন দলকে ১২৫ কোটি রুপি পুরস্কার দিয়েছিল। এবার ঘরের মাঠে শিরোপা উঁচিয়ে ধরলে হয়তো আরও বড় অঙ্কের পুরস্কার অপেক্ষা করছে সূর্যকুমার যাদবদের জন্য।
মধ্যপ্রাচ্যের আজও ২৬টি ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যের আজও ২৬টি ফ্লাইট বাতিল মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে নিরাপত্তা ঝুঁকির কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। এর সরাসরি প্রভাব পড়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। রোববার (৭ মার্চ) ২৬টিসহ গত নয় দিনে শাহজালাল বিমানবন্দরের বিভিন্ন এয়ারলাইন্সের মোট ৩০০ ফ্লাইট বাতিল করা হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র ঢাকা পোস্টকে জানায়, যুদ্ধপরিস্থিতিতে আকাশপথ বন্ধের কারণে ঢাকা থেকে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি ফ্লাইট, ২ মার্চ ৪৬টি এবং ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি ও ৭ মার্চ ২৮টি ফ্লাইট বাতিল হয়। রোববার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে কুয়েতের ২টি, জাজিরার (কুয়েত) ৪টি, এয়ার অ্যারাবিয়ার (শারজাহ, ইউএই) ৬টি, গালফ এয়ারের (বাহরাইন) ২টি, কাতার এয়ারওয়েজের (কাতার) ৪টি, এমিরেটস এয়ারলাইনসের (সংযুক্ত আরব আমিরাত) ৪টি, ফ্লাইদুবাইয়ে (সংযুক্ত আরব আমিরাত) ২টি, এবং সৌদিয়া এয়ারলাইনসের (রিয়াদ) ২টি সহ মোট ২৬টি ফ্লাইট বাতিল হয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত সর্বমোট বাতিল করা ফ্লাইট ৩০০টি।
শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন জাইমা

শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন জাইমা গণতন্ত্রের অগ্রযাত্রায় অসামান্য অবদানের জন্য ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা (মরোণত্তর) পেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। খালেদা জিয়ার পক্ষে পুরস্কার গ্রহণ করেছেন তার নাতনি ও প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। রোববার (৮ মার্চ) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘অদম্য নারী পুরস্কার ২০২৬’ দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। অন্যান্য বছরের মতো এবারও পাঁচটি ক্যাটাগরিতে পাঁচজন নারীকে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ হিসেবে পুরস্কৃত করা হয়েছে। তারা হলেন- . গণতন্ত্রের অগ্রযাত্রায় ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ খালেদা জিয়া . অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী নুরুন নাহার আক্তার . শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী মোছা. ববিতা খাতুন . সফল জননী নুরবানু কবীর . নির্যাতনের দুঃস্বপ্ন মুছে ফেলে জীবনসংগ্রামে জয়ী নারী মোছা. শমলা বেগম এবং . সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী মোছা. আফরোজা ইয়াসমিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। তিনি তার বক্তব্যে বলেন, ‘শত অত্যাচারে বেগম খালেদা জিয়া ছিলেন অদম্য ও অবিচল। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই পুরস্কার প্রথা দেশের নারীদের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে অংশগ্রহণ বাড়াতে সহায়ক হিসেবে বিবেচিত। বিশেষ করে এমন ধরনের স্বীকৃতি নারীর সংগ্রাম, নেতৃত্ব ও অবদানের গল্পকে দেশের জনসাধারণের সামনে তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আরো জোরদারের প্রত্যাশা বাংলাদেশ–সুইজারল্যান্ড সম্পর্ক

আরো জোরদারের প্রত্যাশা বাংলাদেশ–সুইজারল্যান্ড সম্পর্ক রবিবার সচিবালয়ে সেতুমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত । বাংলাদেশের সঙ্গে সুইজারল্যান্ডের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেছেন সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। রবিবার (৮ মার্চ) সচিবালয়ে সেতুমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি। এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে রাষ্ট্রদূত বাংলাদেশের জনগণের বিপুল সমর্থনে গঠিত বর্তমান সরকারের প্রতি অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি দুই দেশের পারস্পরিক স্বার্থ ও সহযোগিতার ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার করার আগ্রহ প্রকাশ করেন। রাষ্ট্রদূত বলেন, “বাংলাদেশের সঙ্গে সুইজারল্যান্ডের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। ভবিষ্যতেও এ সম্পর্ককে আরও এগিয়ে নিতে তারা আগ্রহী।” বিশেষ করে অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তি খাত, বন্দর ব্যবস্থাপনা এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে সহযোগিতার সম্ভাবনার কথা তিনি উল্লেখ করেন। তিনি জানান, পারস্পরিক অংশীদারিত্বের ভিত্তিতে এসব খাতে সুইজারল্যান্ড সহযোগিতা অব্যাহত রাখতে আগ্রহী এবং প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত। এ সময় সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বলেন, “বাংলাদেশ উন্নয়ন ও অবকাঠামো খাতে দ্রুত এগিয়ে যাচ্ছে। এ অগ্রযাত্রায় আন্তর্জাতিক অংশীদারদের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি আশা প্রকাশ করেন, অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তি স্থানান্তর, বন্দর ব্যবস্থাপনা এবং বিদেশি বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ ও সুইজারল্যান্ড যৌথভাবে কাজ করবে। সাক্ষাৎ শেষে উভয় পক্ষ ভবিষ্যতে বাংলাদেশ-সুইজারল্যান্ড সম্পর্ক আরো সুদৃঢ় করতে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
৫৩ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

৫৩ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ৫৩ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রোববার (৮ মার্চ) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়। একটি প্রজ্ঞাপনে ৪০ জন অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, সহকারী পুলিশ সুপার থেকে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে নামের পাশে উল্লেখিত পদে বদলি থাকবে। আরেকটি প্রজ্ঞাপনে ১৩ জন অতিরিক্ত পুলিশ সুপারকে জেলার বিভিন্ন সার্কেলে বদলি করা হয়েছে।