সৌদি-কুয়েত সামরিক সহযোগিতা জোরদার করছে

সৌদি-কুয়েত সামরিক সহযোগিতা জোরদার করছে কুয়েত ও সৌদি আরবের মধ্যে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে দুই দেশের শীর্ষ পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় কুয়েতের প্রতিরক্ষামন্ত্রী শেখ আবদুল্লাহ আলী আবদুল্লাহ আল-সালেম আল-সবাহ সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সাথে এই টেলিফোন সংলাপে অংশ নেন। কুয়েত সরকারের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, এই আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে সামরিক ও প্রতিরক্ষা ক্ষেত্রে পারস্পরিক সমন্বয় বাড়ানো। বর্তমান আঞ্চলিক পরিস্থিতির প্রেক্ষাপটে দেশ দুটির নিরাপত্তা নিশ্চিত করতে কীভাবে আরও ঘনিষ্ঠভাবে কাজ করা যায় সে বিষয়েও দুই নেতা মতবিনিময় করেন। এই সংলাপকে মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে দুই প্রতিবেশী দেশের কৌশলগত বন্ধন সুসংহত করার একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সূত্র: আলজাজিরা।

‘অপেক্ষায়’ ইরানের বিপ্লবী গার্ডস হরমুজ প্রণালিতে মার্কিন বাহিনীর

‘অপেক্ষায়’ ইরানের বিপ্লবী গার্ডস হরমুজ প্রণালিতে মার্কিন বাহিনীর হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের পাহারায় থাকা ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডস কর্পস (আইআরজিসি) মার্কিন বাহিনীর জন্য ‘অপেক্ষা’ করছে বলে জানিয়েছে আইআরজিসি’র মুখপাত্র আলী মোহাম্মদ নাইনি। শনিবার (৭ মার্চ) তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। আলী মোহাম্মদ নাইনি বলেন, ‘আমরা তাদের অপেক্ষায় আছি। ফার্স নিউজ এজেন্সির খবর অনুযায়ী নাইনি বলেন, ‘আমরা মার্কিনিদের পরামর্শ দিচ্ছি, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তারা যেন ১৯৮৭ সালে মার্কিন সুপারট্যাঙ্কার ‘ব্রিজেটন’-এ লাগা আগুনের কথা এবং সাম্প্রতিক সময়ে লক্ষ্যবস্তু হওয়া তেলবাহী জাহাজগুলোর কথা মনে রাখে। মার্কিন জ্বালানি সচিব ঘোষণা করেছেন, পরিস্থিতি অনুকূলে এলেই তাদের নৌবাহিনী হরমুজ প্রণালি দিয়ে জাহাজগুলোকে পাহারা দিয়ে পার করে দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তারা।

পিটার জ্যাকসন পাচ্ছেন পাম দ’র

পিটার জ্যাকসন পাচ্ছেন পাম দ’র বিশ্বখ্যাত নিউজিল্যান্ডের নির্মাতা পিটার জ্যাকসনকে সম্মানসূচক পাম দ’র প্রদান করবে কান চলচ্চিত্র উৎসবের ৭৯তম আসর। হলিউড ব্লকবাস্টার ও শিল্পধর্মী সিনেমাকে অনন্য শিল্পদৃষ্টি ও প্রযুক্তিগত সাহসিকতার সঙ্গে মিলিয়ে নতুন মাত্রা দেওয়ার স্বীকৃতিস্বরূপ এই সম্মান পাচ্ছেন তিনি। এর আগে এই সম্মান পেয়েছেন অ্যাগনেস ভারদা, মার্কো বেল্লছিও, জোডি ফস্টার, মেরিল স্ট্রিপ এবং গত বছর রবার্ট ডি নিরো’র মতো বিশ্বনন্দিতরা। সম্মাননা প্রসঙ্গে জ্যাকসন বলেন, ‘‘কান উৎসবে সম্মানসূচক পাম দ’র পাওয়া আমার ক্যারিয়ারের অন্যতম বড় সম্মান। আমার চলচ্চিত্রজীবনে কান সব সময়ই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ১৯৮৮ সালে আমার প্রথম চলচ্চিত্র ‘ব্যাড টেস্ট’ নিয়ে আমি ফেস্টিভ্যালের মার্কেটপ্লেসে অংশ নিয়েছিলাম। পরে ২০০১ সালে ‘দ্য লর্ড অব দ্য রিংস: দ্য ফেলোশিপ অব দ্য রিং’ ছবির একটি প্রিভিউ সিকোয়েন্স এখানে দেখানো হয়েছিল। এই উৎসব সব সময় সাহসী ও দূরদর্শী সিনেমাকে উদযাপন করে। এমন একটি মঞ্চ থেকে স্বীকৃতি পাওয়ার খবর পেয়ে আমি কৃতজ্ঞ। বিশ্বজুড়ে সাফল্যের পর ২০০৫ সালে জ্যাকসন নির্মাণ করেন ‘কিং কং’। পরে আবার টলকিয়েনের জগতে ফিরে এসে পরিচালনা করেন ‘দ্য হবিট’ ট্রিলজি, যা মুক্তি পায় ২০১২ থেকে ২০১৪ সালের মধ্যে। সাম্প্রতিক সময়ে তিনি ব্যতিক্রমধর্মী তথ্যচিত্র নির্মাণেও মনোযোগ দিয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য ‘দে শ্যাল নট গ্রো ওল্ড’ (২০১৮), যেখানে প্রথম বিশ্বযুদ্ধের আর্কাইভ ফুটেজ নতুন প্রযুক্তিতে পুনরুদ্ধার করা হয়েছে। পাশাপাশি সংগীত ইতিহাস নিয়ে নির্মাণ করেছেন আলোচিত মিনি সিরিজ ‘দ্য বিটলস: গেট ব্যাক’, যেখানে ব্রিটিশ ব্যান্ড দ্য বিটলস-এর অপ্রকাশিত ফুটেজ ব্যবহার করা হয়েছে। দীর্ঘ চার দশকের চলচ্চিত্রযাত্রায় প্রযুক্তি, কল্পনা ও গল্প বলার অনন্য সমন্বয়ে বিশ্ব সিনেমায় স্থায়ী প্রভাব ফেলেছেন পিটার জ্যাকসন। সেই অবদানের স্বীকৃতিই এবার মিলছে কান উৎসবের সর্বোচ্চ সম্মানসূচক পুরস্কারে। ৭৯তম কান উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে ১২ মে ২০২৬ ফ্রান্সের কান সৈকতে, সেদিনই আনুষ্ঠানিকভাবে পিটার জ্যাকসনের হাতে তুলে দেওয়া হবে সম্মানসূচক পাম দ’র। এমনটাই নিশ্চিত করেছে কান কর্তৃপক্ষ।

আরও ভয়ঙ্কর হচ্ছেন রণবীর ধুরন্ধর

আরও ভয়ঙ্কর হচ্ছেন রণবীর ধুরন্ধর বলিউডের রণবীর সিং অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ধুরন্ধর’ এর সিক্যুয়েল ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর ট্রেলার প্রকাশ পেয়েছে। ট্রেলারে প্রথম পর্বের চেয়েও বেশি অ্যাকশন ও রুদ্ধশ্বাস উত্তেজনার আভাস পাওয়া গেছে। পরিচালক আদিত্য ধর পরিচালিত এই সিনেমাটি আগামী ১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। প্রকাশিত ট্রেলারে দেখা যায়, প্রথম পর্বের রেশ ধরে এবার আরও ভয়ঙ্কর রূপে পর্দায় হাজির হচ্ছেন রণবীর সিং। সিনেমায় তার অভিনীত চরিত্র ‘জসকিরত সিং রঙ্গি’ কীভাবে দুর্ধর্ষ ‘হামজা’ হয়ে উঠল, সেই বিবর্তনের গল্পই এবারের মূল উপজীব্য। আগের পর্বে অক্ষয় খান্না অভিনীত রহমান বালোচ চরিত্রটি হত্যার পর এবার লিয়ারি অঞ্চলে নিজের একচ্ছত্র আধিপত্য বিস্তারের লড়াইয়ে নামবেন রণবীর। ট্রেলার জুড়ে তার মারমুখী উপস্থিতি দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করেছে। সিনেমাটিতে রণবীর সিং ছাড়াও অভিনয় করেছেন আর মাধবন, সঞ্জয় দত্ত, সারা অর্জুন ও রাকেশ বেদীর মতো পরিচিত মুখরা। ট্রেলারে আবহসংগীতের ব্যবহারও বেশ প্রশংসিত হচ্ছে। নিজের সামাজিক মাধ্যমে ট্রেলারটি শেয়ার করে রণবীর সিং লিখেছেন, বলেছিলাম না, এবার বিষয়টা ব্যক্তিগত। যা থেকে সিনেমাটির গল্পে ব্যক্তিগত প্রতিশোধের বিষয়টি আরও স্পষ্ট হয়ে উঠেছে। গত বছরের ডিসেম্বরে মুক্তি পেয়েছিল এই সিরিজের প্রথম সিনেমা ‘ধুরন্ধর’। সিনেমাটি বক্স অফিসে ব্যাপক সাফল্য পেলেও গল্পের প্রেক্ষাপট নিয়ে বেশ কিছু বিতর্কের সৃষ্টি হয়েছিল। তবে সব বিতর্ক ছাপিয়ে সিনেমাটি ১ হাজার কোটি রুপির বেশি ব্যবসা করে নতুন রেকর্ড গড়ে। সেই ধারাবাহিকতায় এবার সিক্যুয়েল ‘ধুরন্ধর টু’ বক্স অফিসের লড়াইয়ে কতটা প্রভাব ফেলে, এখন সেটিই দেখার বিষয়।

অর্থহীনের নতুন লাইনআপ ঘোষণা

অর্থহীনের নতুন লাইনআপ ঘোষণা নতুন লাইনআপ-এর ঘোষণা দিয়েছে দেশের জনপ্রিয় ব্যান্ডদল ‘অর্থহীন’। নতুন করে তিনজন মিউজিশিয়ানকে দলে যুক্ত করার খবর দিয়েছে দলটি। এর মধ্যে দলের আগের গিটারিস্ট শিশির আহমেদের ফেরার খবরও দিয়েছে ‘অর্থহীন’। এক ফেসবুক পোস্টে দলটির পক্ষ থেকে লেখা হয়েছে, আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমাদের দুইজন অসাধারণ মিউজিশিয়ানকে বিদায় জানাচ্ছি, যারা আমাদের গান এবং আত্মার সাথে মিশে ছিলেন। এদিকে, অর্থহীনের সঙ্গে মার্ক ডনের পথচলা ছিল এক দশকেরও বেশি সময়ের। দীর্ঘ এই যাত্রার স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘এই এক দশকে আমি ব্যান্ডটিকে নানা উত্থান-পতনের মধ্যদিয়ে যেতে দেখেছি। দীর্ঘ বিরতি, আবার নতুন করে দল গড়ে তোলা, প্রতিটা মুহূর্তে ব্যান্ডটির জন্য নিজের সর্বোচ্চটা দিয়েছি। আশা করি অর্থহীন ভবিষ্যতেও সেরা সব গান উপহার দেবে। কৃতজ্ঞতা ও গর্ব নিয়েই এই অধ্যায় শেষ করছি। অন্যদিকে গিটারিস্ট এহতেশাম আলী মঈনের পথচলা ছিল তুলনামূলকভাবে সংক্ষিপ্ত। গত বছরের জানুয়ারিতে তিনি অর্থহীনে যোগ দেন। দেড় বছরের সেই যাত্রা শেষ করে তিনি বলেন, ‘আমার সংগীতযাত্রার পরবর্তী ধাপে পা দেওয়ার আগে অর্থহীনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। অর্থহীনের জন্য আমার আন্তরিক শুভকামনা রইল। এখন থেকে স্বাধীনভাবে সংগীতচর্চা চালিয়ে যেতে চাই। বিদায়বেলায় এই দুই সংগীতশিল্পীর প্রতি শুভকামনা জানিয়েছে অর্থহীন। এক বিবৃতিতে ব্যান্ডটি লিখেছে, ‘পরিবর্তনই ধ্রুব সত্য-বিশেষ করে এমন একটি ব্যান্ডের জন্য যারা কয়েক দশক ধরে গান, সংগ্রাম আর বিজয়ের পথে হেঁটেছে। আজ আমরা আমাদের লাইনআপের একটি বড় পরিবর্তনের কথা আপনাদের জানাচ্ছি। আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমাদের দুজন অসাধারণ মিউজিশিয়ানকে বিদায় জানাচ্ছি, যারা আমাদের গান এবং আত্মার সঙ্গে মিশে ছিলেন- মার্ক ডন ও এহতেশাম আলী মঈন। তারা সব সময় অর্থহীনের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকবেন। একই সঙ্গে নতুন সদস্য যুক্ত হওয়ার খবরও জানানো হয়েছে। ব্যান্ডটির সাবেক সদস্য শিশির আহমেদ আবার ফিরেছেন অর্থহীনে। প্রায় ২০ বছর ব্যান্ডটির সঙ্গে কাজ করার পর ২০২৩ সালে তিনি দলটি ছেড়েছিলেন। এবার তিনি আবার গিটার ও কি-বোর্ডসে যোগ দিচ্ছেন। নতুন সদস্য হিসেবে যুক্ত হয়েছেন আদনান আতিক ও শেখ এম রিয়াজ। আতিক থাকবেন কি-বোর্ডস ও গিটারে। আর মেকানিক্স ব্যান্ডের সদস্য রিয়াজ অর্থহীনে গেস্ট ড্রামার হিসেবে বাজাবেন। ব্যান্ডটির প্রধান সাইদুস সালেহীন খালেদ সুমন বলেন, ‘মুখগুলো বদলে গেলেও অর্থহীনের আত্মা সেই আগের মতোই আছে। আমরা স্টুডিওতে ফিরব এবং মঞ্চে ফেরার জন্য প্রস্তুতি নেব শিগগিরই; সেই চেনা বিশৃঙ্খলা আর মেলোডি নিয়ে, যা আপনারা সব সময় ভালোবেসে এসেছেন। আমাদের প্রতিটি চড়াই-উতরাইয়ে পাশে থাকার জন্য দর্শক-শ্রোতাদের ধন্যবাদ। সেরা সময়টা এখনো আসা বাকি। অর্থহীন মরেনি। অদ্ভুতদের জয় হোক।

নায়িকা অধরা যুক্তরাষ্ট্রে নির্মিত বাংলাদেশি গল্পের টেলিছবিতে

নায়িকা অধরা যুক্তরাষ্ট্রে নির্মিত বাংলাদেশি গল্পের টেলিছবিতে প্রবাস জীবনের নিঃসঙ্গতা, অজানা সংগ্রাম আর হাসির আড়ালে লুকিয়ে থাকা বেদনার গল্প নিয়ে নির্মিত হয়েছে নতুন টেলিছবি ‘ফ্রেমে বাঁধা বন্ধুত্ব’। যুক্তরাষ্ট্র প্রবাসী নির্মাতা নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত এই টেলিছবিতে অভিনয় করেছেন কানাডা প্রবাসী ঢাকাই সিনেমার নায়িকা অধরা খান। টেলিছবিটিতে আরও অভিনয় করেছেন মামনুন হাসান ইমন ও এমদাদ এইচ ভূঁইয়া। ছবিটির ট্যাগলাইন ‘সময় বদলায়, বন্ধুত্ব নয়’। নির্মাতা জানান, টেলিছবিটির গল্পে উঠে এসেছে প্রবাসে থাকা কয়েকজন বাংলাদেশির জীবন, তাদের বন্ধুত্ব, স্বপ্ন এবং না বলা কষ্টের কথা। বাইরের হাসি-আনন্দের আড়ালে লুকিয়ে থাকা বাস্তব সংগ্রামের অনুভূতিই এখানে মূল সুর। পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামুল বলেন, “প্রবাসে থাকা অনেক মানুষের জীবনে এমন কিছু গল্প থাকে, যা আমরা বাইরে থেকে বুঝতে পারি না। এই টেলিছবির মাধ্যমে সেই অনুভূতি, নিঃসঙ্গতা আর বন্ধুত্বের বন্ধন তুলে ধরার চেষ্টা করেছি। তিনি আরও জানান, ‘ফ্রেমে বাঁধা বন্ধুত্ব’ টেলিছবিটির সম্পূর্ণ শুটিং হয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের বিভিন্ন লোকেশনে। নির্মাতার পরিকল্পনা অনুযায়ী, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে একটি ইউটিউব চ্যানেলে টেলিছবিটি মুক্তি দেওয়া হবে। নির্মাতা ও সংশ্লিষ্টদের আশা, প্রবাস জীবনের আবেগঘন গল্পটি দর্শকদের মনে আলাদা করে জায়গা করে নেবে।

বিতর্কে র‍্যাপার বাদশা

বিতর্কে র‍্যাপার বাদশা স্কুলছাত্রীদের নিয়ে আপত্তিকর ও অশ্লীল মিউজিক ভিডিও নির্মাণের অভিযোগে ভারতীয় জনপ্রিয় র‍্যাপার বাদশাকে তলব করেছে হরিয়ানা রাজ্য নারী কমিশন। বাদশার সদ্য মুক্তিপ্রাপ্ত ‘টাটিরি’ নামক গানটিতে নারীদের অসম্মানজনকভাবে উপস্থাপন এবং স্কুলছাত্রীদের পোশাক পরে কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গির দৃশ্য থাকায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিতর্কের মুখে ইতোমধ্যেই ইউটিউব থেকে গানটি সরিয়ে নেওয়া হয়েছে। গত ১ মার্চ গানটি মুক্তি পেতেই সমালোচনার ঝড় ওঠে। গানের দৃশ্যায়নে দেখা যায়, কাঁধের ব্যাগ নামিয়ে স্কুল ড্রেস পরা ছাত্রীরা চটুল কথার তালে আপত্তিকর নাচ দিচ্ছে। গানটির কথা ও দৃশ্যে নারীদের ‘ভোগ্যপণ্য’ হিসেবে তুলে ধরা হয়েছে। আর এ নিয়েই সাধারণ শ্রোতা ও অধিকারকর্মীরা অভিযোগ তুলেছেন। হরিয়ানা নারী কমিশনের সভাপতি রেনু ভাটিয়া এই ঘটনার তীব্র নিন্দা জানান। বলেন, এ ধরণের গান মানুষের মাঝে বিশেষ করে বর্তমান প্রজন্মের ওপর চরম নেতিবাচক প্রভাব ফেলছে। গানের এই কুরুচিপূর্ণ উপস্থাপনার দায়ে হরিয়ানার পঞ্চকুলার সাইবার ক্রাইম শাখায় বাদশার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ (এফআইআর) দায়ের করেছেন অভয় চৌধুরী নামের এক ব্যক্তি। তার দাবি, স্কুল ড্রেস পরে শিক্ষার্থীদের এমন নাচ ও অঙ্গভঙ্গি সমাজে ভুল বার্তা দিচ্ছে। হরিয়ানা নারী কমিশন এই অভিযোগের ভিত্তিতে বাদশাকে তলব করার পাশাপাশি পুলিশেরও দ্বারস্থ হয়েছে। আগামী ১৬ মার্চ এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। উল্লেখ্য, র‍্যাপার বাদশা এর আগেও একাধিকবার তার গানের কথা ও দৃশ্যায়ন নিয়ে বিতর্কে জড়িয়েছেন। ২০২০ সালে বাংলার লোকশিল্পী রতন কাহারের ‘বড়লোকের বেটি লো’ গানটি নিয়ে আইনি জটিলতা ও সমালোচনার মুখে পড়েছিলেন।

মধ্যপ্রাচ্য ফ্লাইট চালু সীমিতভাবে

মধ্যপ্রাচ্য ফ্লাইট চালু সীমিতভাবে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হলেও ধীরে ধীরে কিছু রুটে ফ্লাইট চলাচল পুনরায় শুরু হচ্ছে বলে জানা গেছে। বিশেষ করে ওমান ও সৌদি আরবগামী ফ্লাইটগুলো নিয়মিত পরিচালিত হচ্ছে। তবে নিরাপত্তা পরিস্থিতির কারণে গত ২৮ ফেব্রুয়ারি ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করলে আন্তর্জাতিক বিমান চলাচলে বড় ধরনের প্রভাব পড়ে। এর ফলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যগামী বহু ফ্লাইট বাতিল করতে হয় বিভিন্ন এয়ারলাইন্সকে। বিমানবন্দর সূত্রে জানা গেছে- ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি এবং ৭ মার্চ আরও ২০টি ফ্লাইট বাতিল হয়েছে। সব মিলিয়ে ২৮ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত মোট বাতিল ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে ২৬৮টি। ৭ মার্চ বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে কুয়েত এয়ারওয়েজের ২টি, জাজিরা এয়ারওয়েজের ২টি, এয়ার অ্যারাবিয়ার ৬টি, গালফ এয়ারের ২টি, কাতার এয়ারওয়েজের ৪টি এবং এমিরেটস এয়ারলাইন্সের ৪টি ফ্লাইট। তবে সংকটের মধ্যেও সীমিত পরিসরে মধ্যপ্রাচ্যগামী কিছু ফ্লাইট পরিচালনা অব্যাহত রয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী- গত ২৮ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত ওমানের মাসকাট, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতগামী মোট ২১৪টি ফ্লাইট পরিচালিত হয়েছে এবং হচ্ছে। এর মধ্যে ২৮ ফেব্রুয়ারি ৬টি, ১ মার্চ ২০টি, ২ মার্চ ১৮টি, ৩ মার্চ ২২টি, ৪ মার্চ ৩৫টি, ৫ মার্চ ৩৮টি, ৬ মার্চ ৩৪টি এবং ৭ মার্চ রয়েছে ৪১টি ফ্লাইট। বিমানবন্দর সংশ্লিষ্টরা জানান, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হলেও ধীরে ধীরে কিছু রুটে ফ্লাইট চলাচল পুনরায় শুরু হচ্ছে। বিশেষ করে ওমান ও সৌদি আরবগামী ফ্লাইটগুলো নিয়মিত পরিচালিত হচ্ছে এবং ধাপে ধাপে সংযুক্ত আরব আমিরাতের কিছু রুটেও ফ্লাইট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। যাত্রীদের ভ্রমণের আগে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে সর্বশেষ তথ্য জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ওয়েবসাইটে রেকর্ড হিট ঈদযাত্রায় ট্রেনের টিকিট বিক্রিতে চাপ

ওয়েবসাইটে রেকর্ড হিট ঈদযাত্রায় ট্রেনের টিকিট বিক্রিতে চাপ পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বাংলাদেশ রেলওয়ে ৩ মার্চ থেকে শুরু করেছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। এর ধারাবাহিকতায় শনিবার (৭ মার্চ) বিক্রি হলো ১৭ মার্চের টিকিট। রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ১৮ মার্চের টিকিট ৮ মার্চ এবং ১৯ মার্চের টিকিট ৯ মার্চ পাওয়া যাবে। সব টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে। টিকিট ক্রয় সহজলভ্য করার জন্য পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে বিক্রি হচ্ছে। সূত্রে জানা গেছে, শনিবার টিকিট বিক্রির প্রথম ঘন্টায় ওয়েবসাইট ও মোবাইল অ্যাপে যাত্রীদের বিপুল চাপ লক্ষ্য করা গেছে। সকাল ৮টা থেকে ৮.৩০টার মধ্যে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট কাটতে ওয়েবসাইটে প্রায় ১ কোটি ৩০ লাখ হিট রেকর্ড করা হয়। রেলওয়ে সূত্রে জানা গেছে, ১৭ মার্চের জন্য ঢাকা থেকে পশ্চিমাঞ্চলের ২০টি ট্রেনে মোট ৩১ হাজার ২৫৫টি আসন রয়েছে। সকাল ১০টার মধ্যে এর মধ্যে ১৪ হাজার ৬৮৬টি আসন বিক্রি হয়ে গেছে। ঢাকা-রাজশাহী, ঢাকা-পঞ্চগড়, ঢাকা-চিলাহাটি, ঢাকা-বেনাপোল, ঢাকা-দিনাজপুর, ঢাকা-রংপুর, ঢাকা-কুড়িগ্রাম ও ঢাকা-খুলনা রুটের ট্রেনে তখন **কোনো আসন অবশিষ্ট ছিল না। রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, অন্যান্য দিনের তুলনায় শনিবারের টিকিটের চাহিদা সবচেয়ে বেশি। একসঙ্গে বিপুলসংখ্যক যাত্রী টিকিট কাটার চেষ্টা করায় ওয়েবসাইট ও অ্যাপে চাপ তৈরি হয়েছে। তারা ধারণা করছেন, আজ ও আগামীকাল টিকিটের চাহিদা সর্বোচ্চ থাকবে। টিকিট না পেয়ে অনেক যাত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে হতাশা প্রকাশ করেছেন। আতিকুল ইসলাম নামে এক যাত্রী লিখেছেন, সকাল ৮টায় ওয়েবসাইটে প্রবেশ করেও টিকিট কাটতে পারিনি। বুকিং হয়ে গিয়েছিল। রেলওয়ে জানিয়েছে, ঈদ উপলক্ষে যাত্রার আগের সাত দিনের ট্রেনের টিকিট অগ্রিম বিক্রি করা হচ্ছে। সেই অনুযায়ী ১। ৭ মার্চ বিক্রি হলো ১৭ মার্চের টিকিট; ২। ৮ মার্চ বিক্রি হবে ১৮ মার্চের টিকিট; ৩। ৯ মার্চ বিক্রি হবে ১৯ মার্চের টিকিট। পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনের টিকিট বিক্রি শনিবার দুপুর ২টা থেকে শুরু হবে।