পাসপোর্ট অফিসে স্বচ্ছতার সঙ্গে কাজ করতে হবে : এমপি নূরুল ইসলাম বুলবুল

পাসপোর্ট অফিসে স্বচ্ছতার সঙ্গে কাজ করতে হবে : এমপি নূরুল ইসলাম বুলবুল চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস পরিদর্শন করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল। বৃহস্পতিবার বেলা ১২টায় তিনি পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় এবং সেবাগ্রহীতাদের ভোগান্তি দূর করার ওপর গুরুত্বারোপ করেন। এসময় তিনি পাসপোর্ট সেবায় সকল ধরনের ঘুষ, দুর্নীতি, অনিয়ম ও হয়রানি বন্ধ করে জনগণকে দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে সেবা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, পাসপোর্ট একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সেবা। তাই সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানি ছাড়াই দ্রুত ও সহজে এই সেবা পেতে পারেন, সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এসময় উপস্থিত ছিলেন— পৌর জামায়াতের আমির হাফেজ গোলাম রাব্বানি, সদর আমির হাফেজ আব্দুল আলিম, পৌর জামায়াতের সেক্রেটারি তোহরুল ইসলাম সোহেল এবং ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রবিউল ইসলাম রবি।
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে হলুদ মরিচের বস্তার মধ্যে ভারতীয় নেশার সিরাপ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে হলুদ মরিচের বস্তার মধ্যে ভারতীয় নেশার সিরাপ চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন সংস্থার পৃথক ৪টি মাদকবিরোধী অভিযানে ১৭৩ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ ডিএক্স সিরাপ, ৩০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ও ১১৫ পিস ইয়াবা ট্যাবলেট, ২ বোতল ফেনসিডিল এবং মাদক বিক্রির নগদ ১ লক্ষ কুড়ি হাজার টাকা সহ ৩ জন গ্রেপ্তার হয়েছেন। গতকাল দিবাগত গভীর রাত থেকে আজ দুপুর পর্যন্ত অভিযানগুলো চালানো হয়। শিবগঞ্জ উপজেলা সীমান্তে বিজিবির অভিযানে ১১ টি হলুদ ও মরিচের গুড়ার বস্তার মধ্যে পাচারকালে ৭৪ বোতল এস্কাফ ডিএক্স নেশার সিরাপসহ ইব্রাহীম নামে এক ব্যাক্তি গ্রেপ্তার হয়েছেন। তিনি শিবগঞ্জের বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের মৃত মান্নানের ছেলে। এদিকে সদর উপজেলার রানীহাটী ইউনিয়নের কৃষ্ণগোবিন্দপুর পাঠানপাড়া গ্রামে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচার্লিত টাস্কফোর্স অভিযানে ১১৫ পিস ইয়াবা,২ বোতল ফেনসিডিল ও নগদ ১ লক্ষ ২০ হাজার টাকাসহ চিহ্নিত মাদক কারবারি এক দম্পতি গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তাররা হলেন, ওই গ্রামের মৃত সোলেমান মন্ডল কালুর ছেলে আরিফ আলী ওরফে আরিফ পাঠান ও তাঁর স্ত্রী বেবী বেগম। সীমান্তে বিজিবির অপর দুই অভিযানে ১০০ বোতল এস্কাফ সিরাপ ও ৩০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ হলেও কেউ আটক হয় নি। চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা ব্যাটালিয়নের(৫৯ বিজিবি) অধিনায়ক লে.কর্নেল গোলাম কিবরিয়া বলেন, সীমান্তের বিশ্বনাথপুর গ্রামে হলুদ মরিচের বস্তার মধ্যে পাওয়া যায় ৭৪ বোতল মাদক সিরাপ। এছাড়া সোনামসজিদ বিওপির অভিযানে শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রাম হতে জব্দ হয় ১০০ বোতল মাদক সিরাপ। নওগাঁ ব্যাটালিয়ন(১৬ বিজিবি) অধিনায়ক লে.কর্নেল আরিফুল ইসলাম মাসুম বলেন, গোমস্তাপুরের রোকনপুর বিওপি টহলদল ঘোলাদীঘির পাড় এলাকা থেকে জব্দ করে ৩০০ ট্যাপন্টোডল ট্যাবলেট। জেলা মাদক নিয়ন্ত্রণ আধিদপ্তরের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, পাঠানপাড়া গ্রামে ১১৫ পিস ইয়াবা,২ বোতল ফেনসিডিল ও মাদ বিক্রির নগদ ১ লক্ষ ২০ হাজার টাকাসহ চিহ্নিত মাদক কারবারি দম্পতি গ্রেপ্তার হন। এসব ঘটনায় সংশ্লিস্ট থানায় পৃথক আইনী ব্যবস্থা নেয়া হয়েছে।
গোমস্তাপুরে উন্নয়ন কাজের উদ্বোধন

গোমস্তাপুরে উন্নয়ন কাজের উদ্বোধন গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়ন ও পৌর এলাকায় ৫ টি উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। আজ সকালে এই উন্নয়নমূলক কাজের ফলক উম্মোচন করেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড.মিজানুর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আছহাবুর রহমান, রহনপুর পৌরসভার সহকারী প্রকৌশলী আবদুল মালেক, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম বকুল, রহনপুর পৌর জামায়াতের আমীর মনিরুজ্জামান ডাবলু,রহনপুর পৌরসভার লাইসেন্স পরিদর্শক সৈয়দ আবদুল মুকিত আপেলসহ অন্যরা। এদিকে, উন্নয়ন প্রকল্পগুলোর মধ্যে রয়েছে রহনপুর পৌর এলাকার ধুলাউড়ী গোরস্থানে ১ লক্ষ ৩০ হাজার ৪২৮ টাকা ব্যয়ে সড়ক নির্মাণ, ১ কোটি, ২ লক্ষ ৬৮ হাজার, ৯৪১ টাকা ব্যয়ে বহিপাড়া ডাইংপাড়া থেকে হিরুপাড়া পর্যন্ত সড়ক নির্মাণ, ৬৮ লক্ষ, ৯৯ লক্ষ ৬৮১ টাকা ব্যয়ে জালিবাগান থেকে কাঁঠালমোড় পর্যন্ত সড়ক নির্মাণ,৩ কোটি ৭ লক্ষ ৯৬ হাজার ৪৭৬ টাকা ব্যয়ে কলোনি মোড় থেকে খাঁড়ি পর্যন্ত ড্রেন নির্মাণ এবং ১ কোটি ৯৪ লক্ষ ৫২ হাজার ৩০৯ টাকা ব্যয় রহনপুর পৌর এলাকার নুনগোলা বাসস্ট্যান্ড থেকে ঢাকা বাসস্ট্যান্ড-ঢুলিপাড়া পর্যন্ত দুটি ড্রেন নির্মাণ। রহনপুর পৌরসভায় বাস্তবায়িত( আইইউজিআইপি) প্রকল্প এ প্রকল্পগুলো বাস্তবায়ন করবে।
তিশা কাণ্ডে ‘সুষ্ঠু বিচার’ চাইলেন অথৈ

তিশা কাণ্ডে ‘সুষ্ঠু বিচার’ চাইলেন অথৈ ছোট পর্দার বর্তমান সময়ের আলোচিত দুই মুখ তানজিন তিশা ও সামিয়া অথৈ। তবে এবার অভিনয়ের রসায়ন নয় বরং শুটিং সেটে ঘটে যাওয়া এক অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে দ্বন্দ্বে জড়ালেন এই দুই অভিনেত্রী। সামিয়া অথৈকে মারধর ও অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ উঠেছে তানজিন তিশার বিরুদ্ধে। এই ঘটনার প্রেক্ষিতে সামাজিক মর্যাদা রক্ষা ও ‘সুষ্ঠু বিচার’ দাবি করেছেন অথৈ। এক সাক্ষাৎকারে সেই ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা দিয়ে অথৈ দাবি করেন, শুটিং সেটে তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আঘাত করা হয়েছে। তিনি বলেন, ‘আমার ড্রাইভার দেখেছে, উনি আসলে সেটে ঢোকার আগে গাঁজা খেয়ে ঢুকেছেন। ড্রাইভারে ভাষ্য অনুযায়ী, উনি যখন আমাকে মারার সিনটি করতে আসছিলেন, তার ঠিক আগ মুহূর্তে ফোনের মধ্যে চিৎকার চেঁচামেচি করছিলেন।’ বিনা কারণে এমন আচরণের বিচার চেয়ে সামিয়া অথৈ ইতোমধ্যে অভিনয় শিল্পী সংঘের দারস্থ হয়েছেন। অভিনেত্রীর ভাষ্যে, ‘গাঁজা বা অন্য কিছু খেয়ে উনি এসেছিলেন কি না সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার; কিন্তু কর্মক্ষেত্রে অন্য একজন আর্টিস্টকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা তো অন্যায়। আমি শিল্পী সংঘের নেতা নাসিম আহমেদ অপু ভাইকে ফোন দিয়ে বিস্তারিত জানিয়েছি।’ তার কথায়, ‘ আমি ওনাকে বলেছি যে, আমরা সবাই শিল্পী। আমাদের প্রত্যেকের সম্মান আছে। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই। অপু ভাই আমাকে লিখিত বিবৃতি দেওয়ার পরামর্শ দিয়েছেন, আমি দ্রুতই তা জমা দেবো। বড় কোনো আর্টিস্টের ভুলে যদি কেউ ব্যথা পায়, তবে সাধারণত তারা এসে খোঁজ নেন।’ শুটিং সেটের শিষ্টাচার নিয়ে প্রশ্ন তুলে অথৈ আরও বলেন, ‘ আমি নিজেও জুনিয়রদের সাথে কাজ করার সময় বাড়তি সতর্কতা অবলম্বন করি। কিন্তু সেদিন চরিত্রের প্রয়োজনে আঘাত করার পর তিশা আপু একবার দুঃখ প্রকাশ তো করেনই নি, উল্টো আমাকেই সরি বলতে বলেছেন। আমার মনে হয় ওনার বোঝা উচিত ছিল কাকে সরি বলা উচিত। আমি বিষয়টি ওনার ওপরই ছেড়ে দিলাম। উনি যদি নিজের ভুল বুঝতে পারেন, তবে কোনো একদিন নিজেই এসে আমাকে সরি বলবেন।’
ভারত-ইংল্যান্ড ম্যাচে নির্ধারিত হতে পারে বিশ্বকাপের চ্যাম্পিয়ন!

ভারত-ইংল্যান্ড ম্যাচে নির্ধারিত হতে পারে বিশ্বকাপের চ্যাম্পিয়ন! সর্বশেষ দুই টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন (যথাক্রমে) ইংল্যান্ড ও ভারত আবারও সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে। আগের দুই আসরেই তারা সেমিফাইনালে লড়েছিল। পরবর্তীতে শিরোপা উৎসব–ও করেছে দুই দলের দ্বৈরথে বিজয়ীরা। আবার ভারত-ইংল্যান্ড উভয়েই তৃতীয়বারের মতো সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার মিশনে রয়েছে। ইতোমধ্যে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ফাইনালিস্ট নির্ধারিত হয়েছে। প্রথম সেমিফাইনালে গতকাল (বুধবার) দক্ষিণ আফ্রিকাকে একপেশে লড়াইয়ে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে নিউজিল্যান্ড। এখন তারা ফাইনালের প্রতিপক্ষ পাওয়ার অপেক্ষায়। আজ (বৃহস্পতিবার) মুম্বাইয়ের ওয়ানখেড়ে স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৭টায় ফাইনালে উঠার লড়াইয়ে লড়বে ভারত ও ইংল্যান্ড। এর আগে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালে একপেশে দাপট দেখিয়ে ভারতকে হারিয়েছিল ইংল্যান্ড। যেখানে নির্ধারিত ২০ ওভারে আগে ব্যাট করতে নেমে রোহিত-কোহলিদের ভারত ১৬৮ রান তোলে। লক্ষ্য তাড়ায় মাত্র ১৬ ওভারেই ১০ উইকেট হাতে রেখে জিতেছে জস বাটলারের দল। এরপর ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে ইংল্যান্ড দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে। ২০২৪ আসরে হারের বদলা নেয় ভারত। দুই দলের সেই সেমিফাইনালও হয়েছে একপেশে। ভারতের দেওয়া ১৭২ রানের লক্ষ্য তাড়ায় মাত্র ১০১ রানে গুটিয়ে যায় ইংলিশরা। এরপর রোমাঞ্চকর ফাইনালে প্রোটিয়াদের হারিয়ে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয় ভারত।সবমিলিয়ে বিশ্বকাপের ভারত-ইংল্যান্ডের সেমিফাইনাল ঐতিহাসিক ম্যাচে পরিণত হতে যাচ্ছে। যেখানে টুর্নামেন্ট শুরুর আগে থেকেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সূর্যকুমার যাদবের দল স্পষ্ট ফেভারিট। একইসঙ্গে তারা স্বাগতিক দর্শকদের তুমুল সমর্থনও পাচ্ছে। চলমান আসরে দক্ষিণ আফ্রিকা ম্যাচ বাদে নিজেদের ৮ ম্যাচের সাতটিতেই জিতেছে ভারত। বিপরীতে, এবারের আসরে সবচেয়ে টালমাটাল পথ পাড়ি দিয়ে সেমিতে উঠেছে ইংল্যান্ড। ইতালি-নেপালের কাছে হারতে হারতে বেঁচে যাওয়া দলটিও ওয়েস্ট ইন্ডিজ বাদে বাকি ৭ ম্যাচে জয় পায়। এবারের বিশ্বকাপে ভারত-ইংল্যান্ড উভয়েই তাদের স্কোয়াডের অপেক্ষাকৃত কম আলোচিত ক্রিকেটারদের কাছ থেকে ম্যাচ জেতানো পারফরম্যান্স পেয়েছে। ভারতের জন্য সাম্প্রতিক উদাহরণ সঞ্জু স্যামসন। রিঙ্কু সিংয়ের পারিবারিক শোকের কারণে তিনি দ্বিতীয় সুযোগ পান। আর সেই সুযোগ কাজে লাগিয়ে ইডেন গার্ডেন্সে তিনি ৫০ বলে অপরাজিত ৯৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। বিপরীতে, ২০২২ সালে শিরোপা জয়ের সময় স্যাম কারান ছিলেন টুর্নামেন্ট ও ফাইনালের সেরা খেলোয়াড়। তবে এক বছর আগেও দল থেকে দূরে চলে যান। তিনিই এখন আবার ফিরেছেন দলের অন্যতম গুরুত্বপূর্ণ অলরাউন্ডার হিসেবে এবং চাপের মুহূর্তে ডেথ ওভারে প্রধান ভরসা হয়ে উঠেছেন। এ ছাড়া হ্যারি ব্রুকও তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে এসেছেন টুর্নামেন্টের আগমুহূর্তে তুমুল ফর্মে থেকে বিশ্বকাপে ফ্লপ পরিণত হওয়া জস বাটলার ও ফিল সল্টের সুবাদে। সাত ম্যাচে তাদের ওপেনিং জুটিতে এসেছে মাত্র ৮৪ রান। সেই ঝড় সামাল দেন ব্রুক। একদিকে এটি ইংল্যান্ডের জন্য সুযোগ, কারণ এখান থেকে উন্নতির জায়গা এখনও অনেক। অন্যদিকে এটি ভারতের জন্য স্পষ্ট আক্রমণের সুযোগ। ভারতের বোলিং আক্রমণ এখন দারুণ ছন্দ এবং বৈচিত্র্যে ভরপুর। যা ইংল্যান্ডকে এমন চাপে ফেলতে পারে, যার মুখোমুখি তারা এখনও হয়নি। সেমিফাইনালের মতো মঞ্চে ভারতের প্রধান অস্ত্র অবশ্যই জাসপ্রিত বুমরাহ। তিনি প্রতিপক্ষের আশা ভেঙে দেওয়ায় বিশেষজ্ঞ’র পর্যায়ে বলা চলে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১২তম ওভারে দুইটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ডানহাতি এই পেসার। অন্যদিকে, ইংল্যান্ড এবার ভিন্নভাবে ব্যবহার করছে জোফরা আর্চারকে। টানা পাঁচ ম্যাচে তিনি পাওয়ারপ্লেতে তিন ওভার করে বল করেছেন। যেন শুরুতেই চাপ তৈরি করে মাঝের ওভারগুলো স্পিনারদের জন্য সহজ করে দেওয়া যায়। তবে ভারতের ওপেনারদের বিপক্ষে আর্চারের পরিসংখ্যান ইঙ্গিত দিচ্ছে, এই ম্যাচে ইংল্যান্ডকে কৌশলে দ্রুত পরিবর্তন আনতে হতে পারে!
ফাইনালে সেরা ক্রিকেট খেলতে চায় নিউজিল্যান্ড

ফাইনালে সেরা ক্রিকেট খেলতে চায় নিউজিল্যান্ড ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেছে নিউজিল্যান্ড। ম্যাচের পর কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার জানালেন, আগামী রোববার আহমেদাবাদে ফাইনালেও নিখুঁত ক্রিকেট উপহার দিতে চান তারা। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রতিশোধ নিতে পেরেও খুশি তিনি। স্যান্টনার বলেছেন, ‘খুব ভালো হবে যদি ফাইনালেও এরকম নিখুঁত ম্যাচ খেলতে পারি। তবে এটা আলাদা মাঠ ছিল। বিশ্বকাপে আগে এখানে খেলিনি। তা ছাড়া লাল মাটির পিচ না কালো মাটির পিচ, এ রকম অনেক কিছুর ওপর দলগঠন নির্ভর করে। মাঠের আকারও বিভিন্ন ধরনের হয়। আপাতত জয়ে খুব খুশি। আরও দু’দিন আছে হাতে। দেখা যাক কী হয়। আগে বলেছিলাম, নিখুঁত ক্রিকেট খেলতে পারিনি। আজ সব দিক থেকেই দিনটা ভালো গিয়েছে আমাদের কাছে।” এক সময় ৭৭ রানে ৬ উইকেট হারিয়ে ফেলেছিল দক্ষিণ আফ্রিকা। সেখান থেকে পৌঁছে গিয়েছিল ১৬৬-তে। তবে স্যান্টনারের কখনোই মনে হয়নি রান তাড়া করতে পারবেন না। বলছিলেন, “মিথ্যা বলব না, মাত্র ১৭০ রান উঠেছে দেখে খুশিই হয়েছিল। যদিও পাওয়ার প্লে-তে পিচ কেমন থাকবে সেটা নিয়ে চিন্তা ছিলই। তবে যেভাবে দুই ওপেনার ক্রিজে নেমে দাপট দেখিয়েছে, তা অসাধারণ লেগেছে। পাওয়ার প্লে-তে ওপেনিং জুটি এরকম খেললে ম্যাচে আপনি বাড়তি সুবিধা পাবেনই।” দক্ষিণ আফ্রিকার কাছে গ্রুপ পর্বে হেরেছিল নিউজিল্যান্ড। সেমিফাইনালে তার প্রতিশোধ নিতে পেরে খুশি স্যান্টনার। বলেছেন, “হারের মতো জিতলেও অনেক কিছু থেকে শিক্ষা নেওয়ার থাকে। আহমেদাবাদের ওই ম্যাচে আজকের মতো ভালো খেলেছিলাম কি না জানি না। তবে দক্ষিণ আফ্রিকা অসাধারণ খেলেছিল। আজ চেয়েছিলাম ওদের যতটা সম্ভব চাপে রাখতে। শুরুতে স্পিনারদের এগিয়ে দিয়েছিলাম, যেটা আহমেদাবাদে করিনি।” গত বার ফাইনালে উঠলেও এবার সেমিফাইনালে থেমে গিয়েছে দক্ষিণ আফ্রিকার দৌড়। অধিনায়ক এইডেন মার্করাম জানালেন, প্রথমে ব্যাট করার সময় পিচ কঠিন ছিল বলেই প্রত্যাশিত রান তুলতে পারেননি তারা। কৃতিত্ব দিয়েছেন শতরানকারী ফিন অ্যালেনকেও। মার্করাম বলেছেন, “প্রথম দিকে ব্যাট করা সহজ ছিল না। ওরা দারুণ বল করেছে। বল সহজে ব্যাটে আসছিল না। হঠাৎ হঠাৎ থমকে যাচ্ছিল। কিছু কিছু বল নিচু হয়ে যাচ্ছিল। তাই রান তোলা খুব কঠিন হয়ে গিয়েছিল। তা ছাড়া ব্যাট হাতে বিপক্ষের কেউ (অ্যালেন) যদি ও রকম ইনিংস খেলে দেয় তাহলে জেতা খুবই কঠিন।”
অস্ট্রেলিয়ার বর্ষসেরা ঘরোয়া ক্রিকেটার হলেন লাবুশান

অস্ট্রেলিয়ার বর্ষসেরা ঘরোয়া ক্রিকেটার হলেন লাবুশান কুইন্সল্যান্ডের হয়ে দুর্দান্ত এক মৌসুম কাটানোর পর মার্নাস লাবুশান অস্ট্রেলিয়ার বর্ষসেরা একদিনের ঘরোয়া খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। তিনি নিউ সাউথ ওয়েলসের ব্যাটসম্যান কার্টিস প্যাটারসনের চেয়ে তিনি এক ভোট পেয়ে এই কৃতিত্ব অর্জন করেছেন। ৩১ বছর বয়সী এই ব্যাটসম্যান একদিনের এক মৌসুমে চারটি সেঞ্চুরি করা মাত্র চতুর্থ ব্যাটসম্যান। বাকি তিন ব্যাটসম্যান হলেন, ফিল জ্যাকস, ব্র্যাড হজ এবং ড্যানিয়েল হিউজেস। লাবুশান মাত্র ছয় ইনিংসে ৪৬৮ রান করে ৪টি সেঞ্চুরি করেছেন। তিনি ৯৬.৪৯ স্ট্রাইক রেট নিয়ে ৭৮ গড়ে ব্যাট করেছেন। ফাইনালিস্ট তাসমানিয়া এবং নিউ সাউথ ওয়েলসের বিপক্ষে তিনি সেঞ্চুরি করেছেন। এছাড়াও বোল হাতে তিনি নিউ সাউথ ওয়েলসের বিপক্ষে ২৬ রানে ২ উইকেট নিয়েছেন এবং ভিক্টোরিয়া এবং দক্ষিণ অস্ট্রেলিয়ার বিপক্ষে আরও দুটি সেঞ্চুরি করেছেন। ভোটে লাবুশান ২০ ভোট এবং নিউ সাউথ ওয়েলসের কার্টিস প্যাটারসনের পেয়েছেন ১৯ ভোট। সাত ইনিংসে তিনি তিনটি সেঞ্চুরি এবং দুটি অর্ধশতক করেছেন। তাসমানিয়ার বিউ ওয়েবস্টার ১২টি ভোট পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছেন, যেখানে টিম ওয়ার্ড এবং ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার জোয়েল কার্টিস ১০টি করে ভোট পেয়ে চতুর্থ স্থানে রয়েছেন। মাঠের উভয় আম্পায়ারই ভোট দেন, যারা প্রত্যেকে ৩-২-১ ভোট দেন। একজন খেলোয়াড় প্রতি ম্যাচে সর্বোচ্চ ছয়টি ভোট পেতে পারেন, আগের বছরগুলোতে আম্পায়াররা একসঙ্গে ভোট দেওয়ার সময় এর বিপরীতে।
রেকর্ডগড়া সাফল্য শেষে ডিজনি প্লাসে আসছে ‘জুটোপিয়া ২’

রেকর্ডগড়া সাফল্য শেষে ডিজনি প্লাসে আসছে ‘জুটোপিয়া ২’ সারা বিশ্বের বক্স অফিসে ঝড় তোলার পর এবার ছোট পর্দায় আসছে ডিজনির জনপ্রিয় অ্যানিমেটেড চলচ্চিত্র ‘জুটোপিয়া ২’। আগামী ১১ মার্চ ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাসে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। ২০১৬ সালের অস্কারজয়ী মূল চলচ্চিত্রের এই সিক্যুয়েলটি গত বছর থ্যাংকসগিভিংয়ের সময় প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই একের পর এক ব্যবসায়িক রেকর্ড ভেঙে আলোচনায় রয়েছে। জুডি হপস ও নিক ওয়াইল্ডের চিরচেনা জুটিকে কেন্দ্র করেই এগিয়েছে এই কিস্তি। এবারের গল্পে এই দুই তদন্তকারীকে রহস্যময় সাপ ‘গ্যারি ডি’স্নেক’-এর সন্ধানে জুটোপিয়া শহরের এক গোপন সরীসৃপ জগতের রহস্য উদ্ঘাটন করতে দেখা যায়। গিনিফার গুডউইন এবং জেসন বেটম্যান যথাক্রমে জুডি ও নিকের চরিত্রে কণ্ঠ দিয়েছেন। তাদের পাশাপাশি এই কিস্তিতে যুক্ত হয়েছেন কি হুই কোয়ান, অ্যান্ডি স্যামবার্গ এবং ম্যাকাওলে কালকিনের মতো জনপ্রিয় তারকারা। প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই ‘জুটোপিয়া ২’ বিশ্বব্যাপী ১.৮৫ বিলিয়ন মার্কিন ডলার আয় করে ইতিহাসের অন্যতম সফল অ্যানিমেটেড চলচ্চিত্রে পরিণত হয়েছে। এটি ২০২৫ সালের সব রেকর্ড ভেঙে বিশ্বের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রের তালিকায় অষ্টম স্থানে জায়গা করে নিয়েছে। এ ছাড়া চীনে হলিউড অ্যানিমেশন হিসেবে এটি আয়ের নতুন নজির গড়েছে। জ্যারেড বুশ ও বায়রন হাওয়ার্ড পরিচালিত এই সিনেমাটি বক্স অফিসে অভাবনীয় সাফল্যের পাশাপাশি সমালোচকদের প্রশংসাও কুড়িয়েছে। প্রেক্ষাগৃহের সফল দৌড় শেষে এখন ভক্তরা ঘরে বসেই ডিজনি প্লাসে জুটোপিয়ার এই রোমাঞ্চকর অভিযান উপভোগ করতে পারবেন।
বিজয়-রাশমিকার মহতী উদ্যোগ, ৪৪টি সরকারি স্কুলে মেধাবৃত্তির ঘোষণা

বিজয়-রাশমিকার মহতী উদ্যোগ, ৪৪টি সরকারি স্কুলে মেধাবৃত্তির ঘোষণা দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সম্প্রতি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় দুই তারকা বিজয় দেবেরকোন্ডা ও রাশমিকা মান্দানা। তবে নিজেদের জীবনের এই বিশেষ মুহূর্তটিকে কেবল উৎসবের মধ্যে সীমাবদ্ধ না রেখে তারা বেছে নিয়েছেন জনকল্যাণের পথ। বিয়ের রেশ কাটতে না কাটতেই এই তারকা দম্পতি তাদের পৈতৃক গ্রামের ৪৪টি সরকারি স্কুলের নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বিশেষ মেধাবৃত্তি প্রদানের ঘোষণা দিয়েছেন। হায়দরাবাদের অদূরে তেলেঙ্গানার নাগারকুর্নুল জেলার আচামপেট বিভাগে এই মহতী উদ্যোগের কথা জানান বিজয়। ‘দেবেরকোন্ডা চ্যারিটেবল ট্রাস্ট’-এর মাধ্যমে এই বৃত্তি পরিচালিত হবে। এর আগে এই দম্পতি দেশের বিভিন্ন প্রান্তের মন্দিরে অন্নদান এবং সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণের মাধ্যমে তাদের বিয়ের আনন্দ ভাগ করে নিয়েছিলেন। রাজস্থানের উদয়পুরে জমকালো আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে এই দম্পতি বিজয়ের আদি বাড়ি থুমমানাপেটায় ফিরে ‘গৃহ প্রবেশ’ ও ‘সত্যনারায়ণ পূজা’ সম্পন্ন করেন। সেখানেই গ্রামবাসীর উচ্ছ্বাসের মাঝে শিক্ষার প্রসারে এই বড় পদক্ষেপের কথা জানান তারা। মঞ্চে যখন বিজয় এই ঘোষণা দিচ্ছিলেন, তখন তার পাশে ছিলেন স্ত্রী রাশমিকা মান্দানা এবং মা মাধবী দেবেরকোন্ডা। প্রিয় তারকাদের কাছ থেকে এমন উপহার পেয়ে খুদে শিক্ষার্থীদের উল্লাস ছিল চোখে পড়ার মতো। গত ২৬ ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই জুটি আজ ৪ মার্চ সন্ধ্যায় হায়দরাবাদে একটি রাজকীয় বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করতে যাচ্ছেন বলে জানা গেছে। যেখানে বিনোদন জগতের একঝাঁক তারকা উপস্থিত থাকবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
‘চিকনি চামেলি’র মতো গান আর গাইতে চান না শ্রেয়া

‘চিকনি চামেলি’র মতো গান আর গাইতে চান না শ্রেয়া ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল সম্প্রতি তার ক্যারিয়ারের অন্যতম হিট গান ‘চিকনি চামেলি’ এবং এই ধরনের আবেদনময়ী গান গাওয়া নিয়ে মুখ খুলেছেন। এক পডকাস্টে তিনি জানান, এই গানটি গেয়ে তিনি মোটেও লজ্জিত নন, তবে বর্তমান সময়ে দাঁড়িয়ে তিনি আর এমন কোনো গানে কণ্ঠ দিতে চান না। শ্রেয়া স্পষ্ট করেন যে, সময়ের সঙ্গে সঙ্গে গানের কথা ও বিষয়বস্তু নিয়ে তিনি অনেক বেশি সচেতন হয়েছেন। অতীতে যখন তিনি এই গানটি গেয়েছিলেন, তখন অনেক শব্দের গভীর অর্থ বোঝার মতো পরিপক্বতা তার ছিল না। কিন্তু এখন তিনি মনে করেন, একজন শিল্পীকে তার কাজের দায়ভার আজীবন বহন করতে হয়। পডকাস্টে শ্রেয়া আরও জানান, ‘চিকনি চামেলি’ জনপ্রিয় হওয়ার পর তার কাছে এমন অনেক গানের প্রস্তাব এসেছিল যার শব্দচয়ন ছিল অত্যন্ত কুরুচিপূর্ণ এবং নারীদের পণ্য হিসেবে উপস্থাপন করার মতো। উদাহরণ হিসেবে তিনি জানান, তার এক সুরকার বন্ধু একবার তাকে এমন এক গানের প্রস্তাব দিয়েছিলেন যার কথা ছিল অত্যন্ত কুরুচিপূর্ণ, যা শুনে তিনি লজ্জায় লাল হয়ে গিয়েছিলেন এবং তৎক্ষণাৎ তা প্রত্যাখ্যান করেন। শ্রেয়ার মতে, আবেদনময়ী হওয়া আর কাউকে স্থূলভাবে উপস্থাপন করার মধ্যে একটি সূক্ষ্ম রেখা রয়েছে, যা বজায় রাখা জরুরি। গত বছর লিলি সিং-এর সঙ্গে এক আড্ডাতেও শ্রেয়া একই ধরনের মন্তব্য করেছিলেন, যার ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ট্রোলিংয়ের শিকার হতে হয়। নেটিজেনদের একাংশ তাকে ‘ভণ্ড’ বলে কটাক্ষ করেন এই কারণে যে, তিনি একদিকে এই ধরনের গান গাইতে অনিচ্ছা প্রকাশ করছেন, আবার কনসার্টে সেই গানটিই পরিবেশন করছেন। এর জবাবে শ্রেয়া বলেন, আমি গানটিকে ভালোবাসি এবং এটি আমারই গান, তাই আমি এটি অস্বীকার করতে পারি না। কিন্তু যখন ছোট ছোট শিশুরা এই গানের অর্থ না বুঝে আমার সামনে পারফর্ম করে, তখন আমি কিছুটা অস্বস্তি বোধ করি। বর্তমানে শ্রেয়া তার ‘দ্য আনস্টপেবল ওয়ার্ল্ড ট্যুর’ নিয়ে ব্যস্ত আছেন এবং সম্প্রতি আমাল মালিকের সঙ্গে তার ‘ইয়াহিন গুজার দুন’ গানটি বেশ প্রশংসিত হয়েছে।