বাহরাইনে জাহাজে হামলা, হতাহত ৩

বাহরাইনে জাহাজে হামলা, হতাহত ৩ বাহরাইনের সালমান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে একটি ‘বিদেশি জাহাজে’ মিসাইল হামলার ঘটনা ঘটেছে। এতে মিসাইলের ধ্বংসাবশেষ থেকে আগুন লেগে তিনজন হতাহত হয়েছে। তাদের মধ্যে একজন নিহত ও দু’জন ‘গুরুতর আহত’ হয়েছে। বাহরাইনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বাহরাইন নিউ এজেন্সি এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং সম্পূর্ণরূপে নিভে গেছে। বাহরাইনের মার্কিন নৌবাহিনীর ঘাঁটিটি এর আগেও ইরানের মিসাইল হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল। ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের প্রাপ্ত ভিডিওতে রবিবার একটি মার্কিন নৌঘাঁটির উপর দিয়ে ধোঁয়ার বিশাল কুণ্ডলী উঠতে দেখা গেছে।
লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৩১

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৩১ ইসরায়েলের উত্তরাঞ্চলীয় হাইফার কাছে একটি সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর রকেট ও ড্রোন হামলা চালানোর পর লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এ হামলায় লেবাননে কমপক্ষে ৩১ জন নাগরিক নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন ১৪৯ জন। আজ এ তথ্য জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। বিবৃতিতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৈরুতের দক্ষিণ শহরতলি এবং দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ৩১ জন নাগরিক নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন ১৪৯ জন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিশোধ নিতে তেহরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে। এর পরপরই লেবাননে মুহুর্মুহু হামলা শুরু করে ইসরায়েল।
মাটির নিচে ড্রোনঘাঁটির ভিডিও প্রকাশ ইরানের

মাটির নিচে ড্রোনঘাঁটির ভিডিও প্রকাশ ইরানের ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি একটি নতুন ভিডিও প্রকাশ করেছে, যেখানে তেহরানের গভীরে নির্মিত ভূগর্ভস্থ সুড়ঙ্গগুলোতে হাজারো ড্রোন সারিবদ্ধভাবে সাজানো অবস্থায় দেখা গেছে। ভিডিওতে ড্রোনগুলো রকেট লঞ্চারগুলোর ওপর স্থাপিত এবং সুড়ঙ্গের দেয়ালে ইরানের পতাকা ও প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছবি দেখা গেছে। যা তাদের সামরিক সক্ষমতা প্রদর্শনের উদ্দেশ্য বলে মনে করা হচ্ছে। তবে সিএনএন তাঁদের প্রতিবেদনে এই ভিডিওটিকে প্রোপাগাণ্ডা হিসেবে আখ্যায়িত করেছে। সূত্রে কোনো নির্দিষ্ট বিস্তারিত তথ্য (যেমন ভিডিওর সময়, অবস্থান বা ড্রোনের ধরন) পাওয়া যায়নি, তবে এটি সাম্প্রতিক উত্তেজনার মধ্যেই প্রকাশ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
মধ্যপ্রাচ্যে যুদ্ধ: বেড়েই চলেছে তেলের দাম

মধ্যপ্রাচ্যে যুদ্ধ: বেড়েই চলেছে তেলের দাম ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে উল্লম্ফন ঘটেছে। গত তিনদিনে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে ১৩ শতাংশ। গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে হামলার মধ্যে দিয়ে শুরু হয় ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ। তার আগের দিন বৃহস্পতিবার থেকেই চড়তে শুরু করে অপরিশোধিত তেলের বাজার। এক প্রতিবেদনে এএফপি জানিয়েছে, ২৭ তারিখ শুক্রবার দিনের শুরুতে অপরিশোধিত জ্বালানি তেলের প্রথম ব্র্যান্ড ব্রেন্ট ক্রুড প্রতি ব্যারেল বিক্রি হয়েছে ৭২ ডলারে; কিন্তু দিনের শেষে এই দাম বেড়ে পৌঁছায় ৮২ ডলারে। আর দ্বিতীয় ব্র্যান্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট শুক্রবার দিনের শুরুতে প্রতি ব্যারেল বিক্রি হয়েছে ৬০ ডলারে কিন্তু দিনের শেষে এই দাম ৭০ ডলার ছাড়িয়ে যায়। অর্থাৎ যুদ্ধ শুরুর আগেই তেলের দাম ১০ শতাংশ বেড়ে গিয়েছিল। বর্তমানে তা ১৩ শতাংশে পৌঁছেছে। এদিকে ২৮ তারিখ যুদ্ধ শুরুর দিনই হরমুজ প্রণালী দিয়ে সব ধরনের জাহাজ চলাচল স্থগিত করে দিয়েছে ইরান। জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণকারী সংস্থাগুলো জানিয়েছে, এই স্থগিতাদেশ যদি অব্যাহত থাকে— তাহলে ভবিষ্যতে তেলের দাম আরও বাড়বে। উল্লেখ্য, আরব সাগর এবং পারস্য উপসাগরকে যুক্ত করা হরমুজ প্রণালী আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ রুট। প্রতিদিন বিশ্বে যত তেল ও তরল গ্যাসবাহী জাহাজ চলাচল করে, তার ২০ শতাংশই যাতায়াত করে এই প্রণালী দিয়ে। জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষক সংস্থা রাইস্টাড এনার্জির কর্মকর্তা ও বিশ্লেষক এএফপিকে বলেন, “তেল পরিবহনের জন্য হরমজু প্রনালী এড়িয়ে বিকল্প কিছু রুট ব্যবহার করা যেতে পারে, তবে যদি এই প্রণালী বন্ধ থাকে— তাহলে আন্তর্জাতিক বাজারে দৈনিক তেলের সরবরাহ স্বাভাবিকের চেয়ে অন্তত ৮০ লাখ থেকে ১ কোটি ব্যারেল কমে যাবে।”
প্রবাসী বাংলাদেশি হজযাত্রীর স্বাস্থ্য পরীক্ষা ও টিকা নিয়ে নির্দেশনা

প্রবাসী বাংলাদেশি হজযাত্রীর স্বাস্থ্য পরীক্ষা ও টিকা নিয়ে নির্দেশনা প্রবাসী বাংলাদেশি হজযাত্রীর স্বাস্থ্য পরীক্ষা ও টিকা নিয়ে নির্দেশনা দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। রবিবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনার কথা জানানো হয়। এতে বলা হয়, সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে ২০২৬ সনের হজে গমনের লক্ষে নিবন্ধিত প্রবাসী বাংলাদেশি হজযাত্রীরা সে দেশের নির্ভরযোগ্য হাসপাতাল/ডায়াগনস্টিক সেন্টার থেকে এ মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত স্বাস্থ্য পরীক্ষা ও টিকা (মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জা) গ্রহণ করবেন। স্বাস্থ্য পরীক্ষা ও টিকা গ্রহণের রিপোর্টের প্রমাণকসমূহ এবং সংযুক্ত অঙ্গীকারনামায় স্বাক্ষর করে সেগুলো স্বাস্থ্য অধিদপ্তরের ই-মেইল ([email protected] অথবা [email protected]) এবং সংশ্লিষ্ট এজেন্সি বরাবর আগামী ৬ মার্চের মধ্যে আবশ্যিকভাবে পাঠাতে হবে। এরপর সংশ্লিষ্ট এজেন্সি তার নিজস্ব প্যাডে একটি অঙ্গীকারনামা স্বাক্ষর করে তাতে সংশ্লিষ্ট লিড এজেন্সির প্রতিস্বাক্ষর গ্রহণ করে প্রবাসী হজযাত্রীর স্বাস্থ্য পরীক্ষা ও টিকা গ্রহণের রিপোর্টের প্রমাণকসমূহ প্রিন্ট করে আগামী ৮ মার্চের মধ্যে সরাসরি পরিচালক, রোগ নিয়ন্ত্রণ ও লাইন ডাইরেক্টর, স্বাস্থ্য অধিদপ্তর বরাবর দাখিল করবেন। অপরদিকে, সরকারি মাধ্যমের নিবন্ধিত প্রবাসী বাংলাদেশি হজযাত্রীরা সে দেশের নির্ভরযোগ্য হাসপাতাল/ডায়াগনস্টিক সেন্টার থেকে এ মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত স্বাস্থ্য পরীক্ষা ও টিকা (মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জা) গ্রহণ করবেন। ওই স্বাস্থ্য পরীক্ষা ও টিকা গ্রহণের রিপোর্টের প্রমাণকসমূহ এবং সংযুক্ত অঙ্গীকারনামায় স্বাক্ষর করে সেগুলো স্বাস্থ্য অধিদপ্তরের ই-মেইল ([email protected] অথবা [email protected]) এবং এ মন্ত্রণালয়ের ই-মেইল ([email protected]) বরাবর দাখিল করবেন। দাখিলকৃত নিবন্ধিত প্রবাসী বাংলাদেশি হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ও টিকা গ্রহণের রিপোর্টের প্রমাণকসমূহ ও অঙ্গীকারনামা পর্যালোচনান্তে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক নির্ধারিত চিকিৎসক আগামী ১০ মার্চের মধ্যে ই-হজ সিস্টেমে রিপোর্টসমূহ এন্ট্রি করে ই-হেলথ সার্টিফিকেট প্রদান করবেন। আগামী ১১ মার্চের মধ্যে সৌদি নুসুক মাসার সিস্টেমে সব হজযাত্রীর ভিসার আবেদন সম্পন্ন করতে হবে।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন ১৩ ও ১৪ মে

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন ১৩ ও ১৪ মে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির ২০২৬-২৭ মেয়াদের জন্য নির্বাচন হবে আগামী ১৩ ও ১৪ মে। গতকাল এক বিশেষ সাধারণ সভায় এই প্রস্তাব অনুমোদন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। সঞ্চালনা করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সম্পাদক মো. মাহফুজুর রহমান মিলন। এক বছর মেয়াদের সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির ১৪টি পদে নির্বাচন হয়ে থাকে। পদগুলো হলো-একজন সভাপতি, দু’জন সহ সভাপতি, একজন সম্পাদক, একজন কোষাধ্যক্ষ, দু’জন সহ সম্পাদক ও সাতজন সদস্য।
ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ট্রেনযাত্রীদের জন্য আগামীকাল থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ২১ মার্চ সম্ভাব্য ঈদের দিন ধরে এই বিক্রয় কার্যক্রম চলবে। রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, এবারও আন্তঃনগর ট্রেনের সাত দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হবে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে। পশ্চিমাঞ্চলে চলাচলকারী সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে বিক্রি শুরু হবে। সম্প্রতি রাজধানীর রেল ভবনে ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ ট্রেনযাত্রার প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। রেলওয়ের নির্ধারিত সূচি অনুযায়ী, ৩ মার্চ পাওয়া যাবে ১৩ মার্চের টিকিট, ৪ মার্চ বিক্রি হবে ১৪ মার্চের টিকিট এবং ৫ মার্চ মিলবে ১৫ মার্চের টিকিট। একইভাবে ১৬ মার্চের টিকিট ৬ মার্চ, ১৭ মার্চের টিকিট ৭ মার্চ, ১৮ মার্চের টিকিট ৮ মার্চ এবং ১৯ মার্চের টিকিট ৯ মার্চ অনলাইনে অবমুক্ত করা হবে। চাঁদ দেখার ওপর ভিত্তি করে পরবর্তীতে ২০, ২১ ও ২২ মার্চের টিকিটের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এবারের ঈদযাত্রায় এক জন যাত্রী সর্বোচ্চ একটি এনআইডি ব্যবহার করে একবারই টিকিট কিনতে পারবেন এবং একটি লেনদেনে সর্বোচ্চ চারটি আসন সংগ্রহ করা যাবে। তবে কেনা টিকিট কোনোভাবেই ফেরত বা রিফান্ড করার সুযোগ থাকবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে রেলওয়ে।
ডিএমপি কমিশনার সাজ্জাতের নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন
ডিএমপি কমিশনার সাজ্জাতের নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার। নিয়োগ বাতিল করে ১ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। যদিও এর আগেই সাজ্জাত আলী এ পদ থেকে পদত্যাগ করেছেন। প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৪ সালের ২০ নভেম্বর প্রজ্ঞাপনমূলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পুলিশ কমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োগকৃত শেখ মো. সাজ্জাত আলীর নিয়োগের অবশিষ্ট মেয়াদ তার আবেদনের পরিপ্রেক্ষিতে বাতিল করা হলো। ২০২৪ সালের ২০ নভেম্বর সাজ্জাত আলীকে দুই বছরের জন্য চুক্তিতে নিয়োগ দেয় অন্তর্বর্তীকালীন সরকার।
শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি-গভর্নিং বডির মেয়াদ বাড়লো

শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি-গভর্নিং বডির মেয়াদ বাড়লো বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির সভাপতির মেয়াদ বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩১ মার্চ পর্যন্ত তারা দায়িত্ব পালন করতে পারবেন। আজ শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। এতে সই করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব শিরীন আক্তার। নির্দেশনায় বলা হয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সভাপতির দায়িত্ব পালনের মেয়াদ আগামী ৩১ মার্চ পর্যন্ত বৃদ্ধির জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। একই সঙ্গে দায়িত্বপ্রাপ্ত সভাপতির স্বাক্ষরে বেতনের সরকারি অংশের (এমপিও) সঙ্গে স্কুল বা কলেজ ফান্ড হতে প্রদত্ত বেতন ভাতাদির প্রাপ্ত অংশের বিল প্রদানের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। প্রতিষ্ঠানের নিয়মিত বা অ্যাডহক কমিটি গঠনের বিষয়ে পরবর্তীতে নির্দেশনা প্রদান করা হবে বলেও নির্দেশনায় উল্লেখ করেছে শিক্ষা মন্ত্রণালয়।