চাঁদাবাজি-ছিনতাই বন্ধে পুলিশকে কঠোর হতে নির্দেশ আইজিপির

চাঁদাবাজি-ছিনতাই বন্ধে পুলিশকে কঠোর হতে নির্দেশ আইজিপির চাঁদাবাজি, ছিনতাই ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দিয়েছেন আইজিপি আলী হোসেন ফকির। তিনি বলেছেন, এসব অপরাধ দমনে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। আজ সকালে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে অনলাইন প্ল্যাটফর্মে সব জেলার পুলিশ সুপারদের সঙ্গে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময়কালে এ নির্দেশনা দেন তিনি। মতবিনিময়সভায় আইজিপি বলেন, মহাসড়কে চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতি বন্ধ করতে হবে। এ ক্ষেত্রে হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশকেও মহাসড়কে তৎপরতা বাড়াতে হবে। আসন্ন ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার নির্দেশনা দিয়ে পুলিশপ্রধান বলেন, ঈদে যানজট রোধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছানো এবং ফিরে আসা নিশ্চিত করতে হবে।
মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত, আহত ৭

মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত, আহত ৭ মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনায় দুই বাংলাদেশি নাগরিক নিহত এবং আরও সাতজন আহত হয়েছেন। সোমবার (২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিহতদের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের আজমানে সিলেটের বড়লেখার বাসিন্দা সালেহ আহমেদ আছেন। তিনি নাগরিক স্থাপনায় আকাশ থেকে নেমে আসা ধ্বংসাবশেষে আঘাতপ্রাপ্ত হয়ে প্রাণ হারিয়েছেন। এছাড়া, বাহরাইনে আরও একজন বাংলাদেশি নিহত হয়েছেন। একই ঘটনায় তিনজন আহত হয়েছেন। বাংলাদেশ দূতাবাস সংযুক্ত আরব আমিরাত ও মানামায় স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে। বাণিজ্যিক ফ্লাইট পুনরায় চালু হলে তাদের মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে। কুয়েতে চারজন বাংলাদেশি— নবীনগরের আমিনুল ইসলাম (ব্রাহ্মণবাড়িয়া), সাথিয়ার রাবিউল ইসলাম (পাবনা), বেগমগঞ্জের মাসুদুর রহমান (নোয়াখালি) ও চাঁদিনার দুলাল মিয়া (কুমিল্লা) ড্রোন হামলায় আহত হয়েছেন। তারা প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহণ করেছেন এবং বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছেন। কুয়েত দূতাবাস নিয়মিত তাদের সঙ্গে যোগাযোগ রাখছে, এবং দূত নিজেও হাসপাতালে সাক্ষাৎ করেছেন। এছাড়া, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ বাংলার জয়যাত্রা বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলি বন্দরে অবস্থান করছে। দূতাবাস জাহাজের ক্যাপ্টেনের সঙ্গে যোগাযোগ রাখছে এবং সব ক্রু সদস্য নিরাপদ রয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে সরকার। মধ্যপ্রাচ্যে বসবাসরত ছয় মিলিয়নেরও বেশি বাংলাদেশির নিরাপত্তা ও সুরক্ষা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। সংশ্লিষ্ট দেশের দূতাবাসগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে যাতে প্রবাসীরা সতর্ক থাকেন এবং স্থানীয় সরকারের নির্দেশনা মেনে চলেন। বাংলাদেশ সরকার পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে সকল প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।

রাজশাহী রাজপাড়া থেকে বিভিন্ন প্রকার মাদকসহ আটক ২ রাজশাহী মহানগরের রাজপাড়া থেকে ২ হাজার ২৯৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২১৫ পিস ইয়াবা ও ৮০ গ্রাম গাঁজাসহ ২ জনকে আটক করেছে র্যাব -৫। আটককৃতরা হলো- রাজপাড়া থানার দাশপুকুর বউ বাজারের বাসিন্দা নুর আলমের ছেলে সিয়াম ইসলাম ও নতুন বিল সিমলা এলাকার মৃত মনতাজ মিয়ার ছেলে রশিদ মিয়া। র্যাব-৫ রাজশাহীর পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল সন্ধ্রায় গোপন সংবাদের ভিত্তিতে শহরের দাশপুকুর মোড়ের একটি কন্সট্রাকশনের ডকইয়ার্ড মাঠে অভিযান চালানো হয়। এসময় নিজেদের কাছে রাখা গচ্ছিত রাখা মাদকসহ তাদের হাতেনাতে আটক করে র্যাব সদস্যরা। এঘটনায় আটকদের বিরুদ্ধে রাজশাহী মহানগরের রাজপাড়া থানায় মামলা করা হয়েছে।
ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫ ইরানে ২৮ ফেব্রুয়ারি ইসরায়েলি-মার্কিন যৌথ হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত ৫৫৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েক হাজার মানুষ। আজ এ তথ্য জানিয়েছে ইরানি রেড ক্রিসেন্ট। এর আগে ১ মার্চ ২৪ ঘণ্টায় ইরানে ৫৭ জন নিহত হয়েছে বলে জানিয়েছিল রেড ক্রিসেন্ট। অন্যদিকে, ইরানের মিনাবে মেয়েদের একটি স্কুলে শনিবারের হামলার ঘটনায় নিহতের সংখ্যা দেড়শ ছাড়িয়েছে বলে জানিয়েছে দেশটি। শনিবার সকালে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বাসভবন লক্ষ্য করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে বড় ধরনের হামলা চালায়। এ হামলায় খামেনি নিহত হয়েছেন। রোববার ভোরে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম তার মৃত্যুর খবর নিশ্চিত করে। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, শনিবার খামেনির কমপাউন্ডে চালানো যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ বিমান হামলায় তিনি নিহত হয়েছেন। ইরানের আধা-সরকারি সংবাদসংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানায়, ‘আমেরিকা ও জায়নবাদী শাসনের যৌথ হামলায় শনিবার সকালে ইসলামী বিপ্লবের নেতা মহান আয়াতুল্লাহ ইমাম সাইয়্যিদ আলী খামেনি শাহাদাত বরণ করেছেন।’ ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আরও জানায়, ওই হামলায় খামেনির মেয়ে, জামাতা ও নাতিও নিহত হয়েছেন। এদিকে, ইসরায়েলি-মার্কিন যৌথ হামলার জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি ও ইসরায়েলে হামলা অব্যাহত রেখেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)। তারা খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে।অন্যদিকে, খামেনি হত্যার প্রতিশোধ নিতে লেবাননের হিজবুল্লাহও ইসরায়েলে হামলা চালিয়েছে। এরপর ইসরায়েলও লেবাননে পাল্টা হামলা চালিয়েছে। হামলা অব্যাহত রেখে মার্কিন যুক্তরাষ্ট্রও। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চার সপ্তাহ যুদ্ধ চলতে পারে বলে জানিয়েছেন।
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: অনিশ্চয়তার মুখে আর্জেন্টিনা-স্পেন ‘ফিনালিসিমা’

মধ্যপ্রাচ্যে অস্থিরতা: অনিশ্চয়তার মুখে আর্জেন্টিনা-স্পেন ‘ফিনালিসিমা’ ফুটবল বিশ্বের বহুল প্রতীক্ষিত লড়াই ‘ফিনালিসিমা’ নিয়ে ঘনীভূত হচ্ছে অনিশ্চয়তার মেঘ। আগামী ২৭ মার্চ কাতারের দোহায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন এবং দক্ষিণ আমেরিকার রাজা আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার কথা ছিল। তবে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং ইরানি হামলার প্রেক্ষাপটে কাতার সব ধরনের খেলাধুলা স্থগিত ঘোষণা করায় এই মেগা ম্যাচটি এখন ভেস্তে যাওয়ার উপক্রমে। নিরাপত্তা ঝুঁকির কথা বিবেচনা করে কাতার ফুটবল অ্যাসোসিয়েশন এক জরুরি বিবৃতিতে জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশটিতে সব ধরনের ঘরোয়া ও আন্তর্জাতিক টুর্নামেন্ট, প্রতিযোগিতা এবং ম্যাচ স্থগিত থাকবে। এই সিদ্ধান্তের ফলে স্থানীয় লিগের পাশাপাশি দোহায় নির্ধারিত হাই-প্রোফাইল আন্তর্জাতিক ম্যাচগুলোও সরাসরি প্রভাবের মুখে পড়েছে। অ্যাথলেট এবং দর্শকদের নিরাপত্তাকেই এই মুহূর্তে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে আয়োজক দেশটি। ম্যাচ শুরু হতে হাতে আছে মাত্র ২৬ দিন। বর্তমানে পারস্য উপসাগরীয় অঞ্চলের আকাশপথ সংকুচিত করায় স্পেন ও আর্জেন্টিনা দলের কাতার পৌঁছানো নিয়ে বড় ধরনের লজিস্টিক জটিলতা তৈরি হয়েছে। কাতার ফুটবল অ্যাসোসিয়েশন অভ্যন্তরীণ বিষয়গুলো তদারকি করলেও, ফিনালিসিমার মতো বড় আসরের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দেশটির ‘সুপ্রিম কমিটি’। খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে ম্যাচটি বাতিল ঘোষণা করা ছাড়া আর কোনো পথ থাকবে না তাদের সামনে। স্পেন দলের প্রস্তুতি পরিকল্পনাও এতে বড় ধাক্কা খেয়েছে। এই উইন্ডোতে মিসরের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল তাদের। বর্তমান পরিস্থিতিতে পুরো আন্তর্জাতিক সূচিই এখন মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির ওপর ঝুলে আছে। পরিস্থিতির অবনতি হওয়ায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন এবং রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। উভয় সংস্থাই বর্তমানে তাদের অংশগ্রহণ চুক্তির শর্তাবলি এবং বীমা পলিসিগুলো পর্যালোচনা করছে। সাধারণত বড় ম্যাচের ক্ষেত্রে অপ্রত্যাশিত নিরাপত্তা ঝুঁকি বা বাতিলের কারণে আর্থিক ক্ষতি এড়াতে এ ধরনের শক্তিশালী বীমা সুরক্ষা নিশ্চিত করা থাকে। আয়োজক দেশ কাতার থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বাতিলের নোটিশ পায়নি ইউরোপীয় ও দক্ষিণ আমেরিকান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা ও কনমেবল। ফুটবল নিয়ন্ত্রক এই দুই সংস্থার নীরবতা ইঙ্গিত দিচ্ছে যে, পর্দার আড়ালে হয়তো বিকল্প ভেন্যু বা নতুন কোনো তারিখ নিয়ে আলোচনা চলছে। তবে হাতে সময় খুব কম থাকায় শেষ মুহূর্তে কী ঘটে, তা নিয়ে উদ্বেগ কাটছে না ফুটবল ভক্তদের।
নারীর জন্য লালশাক খাওয়া যে কারণে জরুরি

নারীর জন্য লালশাক খাওয়া যে কারণে জরুরি নারীদের মধ্যে আয়রনের ঘাটতি সবচেয়ে সাধারণ পুষ্টিগত উদ্বেগের মধ্যে একটি, বিশেষ করে মাসিক, সন্তান জন্মদানের পর রক্তক্ষরণ এবং পুষ্টির ঘাটতির কারণে। প্রাথমিক সতর্কতা লক্ষণের মধ্যে সাধারণত ক্লান্তি, চুল পড়া, ফ্যাকাশে ত্বক এবং ঘন ঘন দুর্বলতা অন্তর্ভুক্ত থাকে। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, আয়রন সমৃদ্ধ লাল শাক স্বাস্থ্যকর আয়রনের মাত্রা অনেকটাই বাড়াতে পারে। এছাড়া লাল রঙের অন্যান্য শাক-সবজিও এই তালিকায় রয়েছে। চলুন জেনে নেওয়ায যাক নারীর স্বাস্থ্যের জন্য লালশাক কেন জরুরি- ১. উদ্ভিদ-ভিত্তিক আয়রনের প্রাকৃতিক উৎস লালশাক নন-হিম আয়রনে সমৃদ্ধ, যা উদ্ভিদ-ভিত্তিক আয়রনের রূপ। হিমোগ্লোবিন উৎপাদনের জন্য আয়রন অপরিহার্য, এটি লোহিত রক্তকণিকার (RCB) প্রোটিন যা সারা শরীরে অক্সিজেন বহন করে। নিয়মিত লালশাক খেলে তা আয়রনের ঘাটতিজনিত রক্তস্বল্পতার সম্ভাবনা কমাতে সাহায্য করতে পারে, বিশেষ করে প্রজনন বয়সের নারীদের মধ্যে। ২. ভিটামিন সি এর সঙ্গে আয়রন শোষণ উন্নত করে লালশাকের একটি প্রধান সুবিধা হলো এতে প্রাকৃতিকভাবে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা আয়রনের শোষণ উন্নত করে। উদ্ভিদ-ভিত্তিক আয়রন প্রাণি-ভিত্তিক আয়রনের মতো সহজে শোষিত হয় না; তাই শোষণ বৃদ্ধির জন্য খাবারে লেবুর রস, টমেটো বা সাইট্রাস ফল যোগ করা উচিত। ৩. ফোলেট সমৃদ্ধ ভিটামিন বি৯, যা ফোলেট নামেও পরিচিত, সুস্থ লোহিত রক্তকণিকা গঠনে অপরিহার্য। লাল শাকে ফোলেট থাকে এবং তাই এটি উপকারী, বিশেষ করে গর্ভাবস্থায় নারীদের জন্য, যেখানে তাদের পুষ্টির চাহিদা বেশি থাকে। ফোলেটের পর্যাপ্ত ব্যবহার ভ্রূণের বিকাশে সহায়তা করে এবং কিছু জন্মগত ত্রুটির ঘটনা রোধ করে। ৪. ক্লান্তি কমায় আয়রনের ঘাটতি হলে সাধারণত কম শক্তি এবং দুর্বলতা দেখা যায়। আয়রন ছাড়াও, লাল শাকে ম্যাগনেসিয়াম, পটাসিয়াম খনিজও থাকে, যা পেশী বিকাশ, শক্তি এবং সামগ্রিক সুস্থতার জন্য উপকারী। সুস্থ হিমোগ্লোবিনের মাত্রার মাধ্যমে উন্নত অক্সিজেন সরবরাহ স্থায়ী ক্লান্তি কমাতে সাহায্য করে। ৫. ফাইবার সমৃদ্ধ, কম ক্যালোরি লালশাকে প্রচুর পুষ্টি থাকে কিন্তু ক্যালোরি কম থাকে। এতে প্রচুর ফাইবার থাকে, যা পাচনতন্ত্রে সাহায্য করে এবং পুষ্টির শোষণ বাড়ায়, পরোক্ষভাবে আয়রন শোষণে সহায়তা করে। শরীরের হরমোন স্থিতিশীলতা এবং স্বাস্থ্যের জন্য অত্যাবশ্যক ওজনের ভারসাম্য নিশ্চিত করতেও এগুলো কার্যকরী ভূমিকা রাখে।
রোজায় সুস্থ ও সতেজ থাকতে যা খাবেন
রোজায় সুস্থ ও সতেজ থাকতে যা খাবেন রোজায় সুস্থ থাকার জন্য আপনাকে আসলে আলাদা করে তেমন কিছুই করতে হবে না, কেবল খাবারের দিকে একটু মনোযোগী হলেই যথেষ্ট। এই যেমন ইফতারে ভাজাপোড়া, মসলাদার খাবার আর কেমিক্যালযুক্ত পানীয় যতটা সম্ভব এড়িয়ে চলা, পাশাপাশি স্বাস্থ্যকর উপায়ে তৈরি প্রয়োজনীয় পুষ্টিকর খাবার খাওয়া। ইফতারে খুব বেশি খাবার একসঙ্গে না খাওয়া আর সাহরি বাদ না দেওয়া, এসব অভ্যাস মেনে চললে আপনি অনেকটাই সুস্থ থাকতে পারবেন। রোজায় নিজেকে সুস্থ ও সতেজ রাখতে কিছু খাবার সঠিকভাবে খেতে হবে। চলুন জেনে নেওয়া যাক- পানীয় রোজায় সতেজ এবং হাইড্রেটেড থাকা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোজা রাখার ক্ষেত্রে ডিহাইড্রেশন সবচেয়ে উল্লেখযোগ্য স্বাস্থ্য ঝুঁকির মধ্যে একটি। রমজানে হাইড্রেশন বজায় রাখা বেশি গুরুত্বপূর্ণ, কারণ পান করার জন্য সময় কম থাকে। তাই পানীয় নির্বাচন করার সময় আপনাকে বিচক্ষণ হতে হবে, ক্যাফিনেটেড বা কার্বনেটেড পানীয়ের বদলে উপকারী পানীয় বেছে নিতে হবে। শক্তি বজায় রাখতে রমজানের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো শক্তি বজায় রাখা। ধীরগতির, তন্তুযুক্ত এবং স্বাস্থ্যকর খাবার আপনার জন্য সবচেয়ে উপকারী হবে, কারণ চর্বি সঞ্চয়ের অর্থ সারা দিন নিয়মিতভাবে শক্তি নির্গত হবে। তবে গ্লুকোজ-জ্বালানিযুক্ত খাবার আপনাকে দ্রুত শক্তির বিস্ফোরণ ঘটাবে এবং অবশেষে ক্র্যাশের দিকে নিয়ে যাবে। পুষ্টিকর খাবার সারাদিন ধরে শক্তির চাহিদার ওপর ভিত্তি করে খাবার বেছে নিন। শক্তি বৃদ্ধিকারী গুণাবলী এবং ফাইবার, পটাসিয়াম, ম্যাগনেসিয়াম এবং বি ভিটামিন সমৃদ্ধ হওয়ার কারণে খেজুর রোজা ইফতারের অবিচ্ছেদ্য অংশ। এর পাশাপাশি এটি হজমে সহায়তা করতে এবং অতিরিক্ত কার্বোহাইড্রেটযুক্ত খাবার খাওয়া থেকে বিরত রাখতে সাহায্য করে। রোজা তীব্র ডিটক্সের মাধ্যমে শরীর পরিষ্কার করতে বাধ্য করে। পানি পান করা এবং পরিষ্কারভাবে খাওয়ার ফলে শারীরিক কার্যকারিতা উন্নত হয়। একইভাবে, দীর্ঘ সময় ধরে কিছু না খাওয়ার ফলে শরীর থেকে বিষাক্ত পদার্থ পরিষ্কার হয় এবং পুষ্টির জন্য জায়গা তৈরি হয়।
ফেব্রুয়ারীতে সীমান্তে জব্দ পৌনে ১ কোটি টাকার ৩৫ ভারতীয় গবাদিপশু

ফেব্রুয়ারীতে সীমান্তে জব্দ পৌনে ১ কোটি টাকার ৩৫ ভারতীয় গবাদিপশু চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সীমান্তে বিজিবি’র অভিযানে প্রায় ২২ লক্ষ টাকা মূল্যের ১০টি ভারতীয় গরু জব্দ হয়েছে। বিজিবি জানায়, আজ সকাল সাড়ে ৬টা থেকে সকাল ৮টা পর্যন্ত ৫৩’বিজিবি আওতাধীন এলাকা থেকে গরুগুলো জব্দ হয়। এর আগে গত ফেব্রুয়ারী’ মাসজুড়ে ৫৩ বিজিবি আওতাধীন সদর ও জেলার শিবগঞ্জ উপজেলা সীমান্তে পৃথক অভিযানে প্রায় পৌনে ১ কোটি টাকা মূল্যের ৩৫টি ভারতীয় গবাদিপশু জব্দ করে জেলা শুল্ক কার্যালয়ে জমা করে। ৫৩ বিজিবি অধিনায়ক লে.কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, সকালে দুটি পৃথক অভিযানে সদরের চরবাগডাঙ্গা বিওপি টহল দল সুন্দরপুর ইউনিয়নের কালীনগর গ্রাম হতে ৮টি এবং সদরের বাখের আলী বিওপি টহল দল চরবাগডাঙ্গা ইউনিয়নের চাচচুর চর গ্রাম হতে ২টি ভারতীয় গরু জব্দ করে। জব্দ ওই ১০টি গরু চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে। এর আগে গত ফেব্রুয়ারী মাসে ৫৩ বিজিবি ৩৩টি গরু এবং ২টি মহিষ জব্দ করে। সীমান্তে বিজিবি চোরচালান রোধে সার্বক্ষনিক কাজ করে যাচ্ছে বলেও জানান বিজিবি।
চাঁপাইনবাবগঞ্জে দুই রেস্তোঁরাকে ৩০ হাজার টাকা অর্থদন্ড

চাঁপাইনবাবগঞ্জে দুই রেস্তোঁরাকে ৩০ হাজার টাকা অর্থদন্ড চাঁপাইনবাবগঞ্জ শহরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে ভ্রাম্যমান আদালত দুটি রেস্তোঁরাকে ৩০ হাজার টাকা অর্থদন্ড করেছে। সেই সাথে ভ্রাম্যমান আদালত শহরের বিভিন্ন এলাকায় বিভিন্ন রেস্তোঁরা ও খাদ্য উৎপানকারী প্রতিষ্ঠানকে আয়োডিনযুক্ত লবনের পরিবর্তে খোলা লবন ব্যবহার না করার জন্য সতর্ক করেছে এবং বিসিক এলাকায় একটি সেমাই কারখানার কিছু খোলা লবণ বিনষ্ট করা হয়েছে। অভিযানকালে আয়োডিনযুক্ত লবণ ব্যবহার না করলে কঠোর আইনী ব্যবস্থা নেয়া হবে বলেও জানান আদালত। গতকাল বিকেল ৩টার দিক থেকে বিকাল প্রায় সাড়ে ৫টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আশরাফুল ইসলাম শহরের বিভিন্ন এলাকায় অবস্থিত রেস্তোঁরা, খাদ্য উৎপাদন ও বিক্রয়কারি প্রতিষ্ঠান পরিদর্শনকালে এসব দন্ড আরোপ এবং নির্দেশনা প্রদান করেন। আদালতের সাথে থাকা র্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মনোয়ার হোসেন জানান, অভিযানকালে শান্তিমোড়ে অবস্থিত ওসামান হোটেল এন্ড রেষ্টুরেন্টেকে ১০ হাজার এবং বিশ্বরোড মোড়ের তামান্না সুইট এন্ড রেষ্টুরেন্টকে ২০ হাজার টাকা অর্থদন্ড করে ভ্রাম্যমান আদালত। সেই সাথে প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয়। অভিযানকালে সংশ্লিস্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
খোঁজ মিলছে না আলভীর !

খোঁজ মিলছে না আলভীর ! স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় করা মামলায় অভিযুক্ত হওয়ার পর থেকেই অভিনেতা জাহের আলভীর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। মামলা দায়েরের পর থেকেই আলভী কার্যত অদৃশ্য হয়ে গেছেন। গত রোববার বিকেলে নেপাল থেকে তার দেশে ফেরার কথা থাকলেও এখন পর্যন্ত তিনি জনসমক্ষে আসেননি; এমনকি স্ত্রী ইকরার শেষ বিদায়েও ছিল তার অনুপস্থিতি। বর্তমানে আলভীকে নিয়ে শোবিজ অঙ্গনে ধোঁয়াশা ও উত্তেজনা ক্রমেই বাড়ছে। সামাজিক মাধ্যমে নেটিজেনরা তার তীব্র সমালোচনা করছেন এবং অনেকেই তার বর্তমান অবস্থান জানতে চাইছেন। অনুসন্ধানে দেখা গেছে, আলভীর ফেসবুক আইডিটি বর্তমানে ডিজেবল অবস্থায় রয়েছে। এমনকি আজ সকালেও তার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে প্রোফাইল পিকচারসহ সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা গেলেও বর্তমানে সেটি ডিঅ্যাকটিভ দেখাচ্ছে। এছাড়া তার ব্যক্তিগত মোবাইল নম্বরে একাধিকবার কল করার চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া গেছে। ইকরার মৃত্যুর সময় আলভী নাটকের শুটিংয়ের কাজে নেপালে অবস্থান করছিলেন। সেখানে তার সঙ্গে চর্চিত প্রেমিকাও ছিলেন বলেও শোনা গেছে, যাকে কেন্দ্র করে দীর্ঘ দিন ধরে স্ত্রীর সঙ্গে তার পারিবারিক কলহ চলছিল। স্ত্রীর মৃত্যুর খবর পাওয়ার পর আলভী জানিয়েছিলেন যে দেশে ফেরার পর তিনি গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত বলবেন। তবে দেশে ফেরার নির্ধারিত সময় পার হয়ে গেলেও তিনি সাংবাদিকদের সামনে আসেননি। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ধারণা করা হচ্ছে যে মামলার আইনি জটিলতা এড়াতে তিনি বর্তমানে আত্মগোপনে রয়েছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তার পক্ষ থেকে কোনো সংবাদ সম্মেলন বা আনুষ্ঠানিক বিবৃতির খবর পাওয়া যায়নি। উল্লেখ্য, রাজধানীর মিরপুর ডিওএইচএসে নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করা জাহের আলভীর স্ত্রী ইভনাথ খান ইকরার ঘটনায় মামলা দায়ের হয়েছে। আত্মহত্যার প্ররোচনার অভিযোগে করা এ মামলায় প্রধান আসামি করা হয়েছে অভিনেতা আলভীকে। পুলিশ জানিয়েছে, দেশে ফিরলেই তাকে গ্রেপ্তার করা হবে।