ভিনিসিয়ুসের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগে ৫ সমর্থক নিষিদ্ধ

ভিনিসিয়ুসের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগে ৫ সমর্থক নিষিদ্ধ রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচে বর্ণবাদী আচরণের অভিযোগে পাঁচ সমর্থককে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে বেনফিকা। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, অভ্যন্তরীণ তদন্তের পর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। সর্বোচ্চ শাস্তি হিসেবে স্থায়ীভাবে নিষিদ্ধও হতে পারেন। গত ১৭ ফেব্রুয়ারি লিসবনের স্টেডিয়াম অব লাইটে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচের পর কয়েকজন সমর্থককে গ্যালারিতে বানরসুলভ অঙ্গভঙ্গি করতে দেখা যায়। বিবৃতিতে বেনফিকা জানায়, ‘ম্যাচের পর গ্যালারিতে বর্ণবাদী ও অনুপযুক্ত আচরণের ঘটনায় তদন্ত শুরু করা হয়। ক্লাবের মূল্যবোধ ও নীতির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ এমন আচরণ আমরা মেনে নেই না।’ চ্যাম্পিয়নস লিগ প্লে-অফের প্রথম লেগের সেই ম্যাচে ১০ মিনিট খেলা বন্ধ ছিল। রিয়ালের তারকা ভিনিসিয়ুস জুনিয়র অভিযোগ করেন, তাকে বর্ণবাদী মন্তব্য করা হয়েছে। রেফারি তখন বর্ণবাদবিরোধী প্রোটোকল চালু করেন। অভিযোগের তীর ছিল বেনফিকার জিয়ানলুকা প্রেস্তিয়ান্নির দিকে। তবে আর্জেন্টাইন উইঙ্গার অভিযোগ অস্বীকার করেছেন। ক্লাবও তাকে সমর্থন দিয়ে বলেছে, তিনি ‘মানহানির শিকার’ হয়েছেন। এই ঘটনার পর দ্রুত তদন্ত শুরু করে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ইউয়েফা। প্রেস্তিয়ান্নিকে সাময়িকভাবে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করে। নিষেধাজ্ঞার কারণে বুধবার সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরতি লেগের ম্যাচে খেলতে পারেননি তিনি। বার্নাব্যুতে ফিরতি লেগে ৩ হাজারের বেশি বেনফিকা সমর্থক উপস্থিত ছিলেন। ম্যাচের শুরুতে ভিনিসিয়ুস বল ছুঁলেই তাকে দুয়ো দেওয়া হয়, এমনকি শুরুর একাদশে তার নাম ঘোষণার সময়ও শিস শোনা যায় গ্যালারি থেকে। প্রথম লেগে লিসবনে ১-০ ব্যবধানে জেতার পর, ঘরের মাঠে ২-১ গোলের জয়ে দুই লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে শেষ ষোলো নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ।
পিএসজি তারকাকে পেতে রিয়াল-সিটি-লিভারপুলের ত্রিমুখী লড়াই

পিএসজি তারকাকে পেতে রিয়াল-সিটি-লিভারপুলের ত্রিমুখী লড়াই ইউরোপীয় ফুটবলে নতুন ট্রান্সফার নাটকের কেন্দ্রবিন্দুতে এখন জোয়াও নেভেস। পিএসজির এই তরুণ মিডফিল্ডারকে দলে টানতে ত্রিমুখী লড়াইয়ে নেমেছে রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি ও লিভারপুল। গেল দুই মৌসুমে লিগ ওয়ান ও চ্যাম্পিয়নস লিগে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন নেভেস। মাঝমাঠে তার পজিশনিং, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং এক-দুই টাচে প্রতিপক্ষের প্রেস ভেঙে দেওয়ার দক্ষতা তাকে ইউরোপের অন্যতম চাহিদাসম্পন্ন মিডফিল্ডারে পরিণত করেছে। বয়স কম হলেও খেলার পরিপক্বতায় তিনি অনেক সিনিয়র তারকাকেও ছাড়িয়ে যাচ্ছেন। রিয়াল মাদ্রিদ তাদের মিডফিল্ডে তরুণ শক্তি যোগ করতে চায়। দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে নেভেসকে ‘ফাইনাল পিস’ হিসেবে দেখছে লস ব্লাঙ্কোরা। ক্লাবের স্কাউটরা ইতিমধ্যে তার ওপর ইতিবাচক রিপোর্ট জমা দিয়েছে বলে স্প্যানিশ গণমাধ্যমের দাবি। এদিকে, ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলার কৌশলভিত্তিক ফুটবলে মানিয়ে নিতে পারবেন, এমন খেলোয়াড়ই খুঁজছে সিটি। বল দখল ও পাসে দক্ষ নেভেসকে তাই আদর্শ মনে করছে ইংলিশ জায়ান্টরা। শোনা যাচ্ছে, সিটি তার জন্য বড় অঙ্কের প্রস্তাব দিতে প্রস্তুত। অন্যদিকে, লিভারপুলও মাঝমাঠে নতুন ভারসাম্য খুঁজছে। ক্লাবটির বিশ্লেষক দল মনে করছে, নেভেস এলে আক্রমণ ও রক্ষণ—দুই দিকেই গতি ও স্থিরতা বাড়বে। তাই আনফিল্ডও এই দৌড়ে পিছিয়ে নেই। তবে পিএসজি সহজে ছাড় দেবে না। ক্লাবটি ইতোমধ্যে নেভেসের চুক্তি ২০২৯ সাল পর্যন্ত বাড়িয়েছে এবং স্পষ্ট করেছে, বিশাল অঙ্কের প্রস্তাব ছাড়া কোনো আলোচনা নয়। বিভিন্ন সূত্র মতে, ১৫০–১৬০ মিলিয়ন ইউরোর কমে তারা রাজি হবে না। সব মিলিয়ে, গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডো ঘিরে ইউরোপীয় ফুটবলে বড় এক লড়াইয়ের ইঙ্গিত মিলছে। এখন দেখার বিষয়—পিএসজি কি তাদের রত্নকে ধরে রাখতে পারে, নাকি রিয়াল-সিটি-লিভারপুলের মধ্যে কেউ ইতিহাস গড়ে তাকে দলে ভেড়ায়।
যুক্তরাষ্ট্রে ভ্রমণকারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস

যুক্তরাষ্ট্রে ভ্রমণকারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণকারীদের সে দেশে সরকারি স্বাস্থ্য সহায়তা গ্রহণের বিষয়ে সতর্ক করেছে ঢাকার মার্কিন দূতাবাস। শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। দূতাবাসের বার্তায় উল্লেখ করা হয়, বিদেশি দর্শনার্থীরা যদি যুক্তরাষ্ট্রে চিকিৎসা সেবার ব্যয় মেটাতে মেডিকেড বা সরকারি সহায়তা ব্যবহার করেন, তবে তা ভিসার শর্ত লঙ্ঘন হিসেবে গণ্য হবে। এতে সৃষ্ট ব্যয় শেষ পর্যন্ত মার্কিন করদাতাদের ওপর বর্তায়। বার্তায় আরো বলা হয়, কেউ যদি যুক্তরাষ্ট্রের সুবিধা অপব্যবহার করেন বা সেগুলোর ওপর নির্ভরশীল হয়ে পড়েন- তবে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে অযোগ্য বিবেচিত হতে পারেন।
‘ইরানে বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র’

‘ইরানে বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র’ ইরানে চালানো হামলায় যুক্তরাষ্ট্র সরাসরি অংশ নিয়েছে বলে নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে প্রকাশিত প্রায় আট মিনিটের এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন। ভিডিওতে ট্রাম্প জানান, ইরানের বিরুদ্ধে ‘মেজর কমব্যাট অপারেশনস’ বা বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র। তিনি বলেন, ‘ইরান পারমাণবিক আলোচনায় যুক্তরাষ্ট্রের চাহিদা পূরণে রাজি হয়নি। ‘ইরান আমাদের যা প্রয়োজন, তা দিতে চায়নি। তারা কখনোই পারমাণবিক অস্ত্র পেতে পারে না,’ বলেন ট্রাম্প। ভিডিও বার্তায় ট্রাম্প আরো বলেন, ‘আমরা বারবার একটি চুক্তি করার চেষ্টা করেছি।’ তিনি আরো দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করবে এবং তাদের ক্ষেপণাস্ত্র শিল্প ‘সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন’ করে দেবে। এর আগে গতকাল শুক্রবার ট্রাম্প সাংবাদিকদের বলেছিলেন, ইরানে হামলার বিষয়ে তখনও যুক্তরাষ্ট্র চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। তবে একই সঙ্গে তিনি ইরানের আলোচনার অবস্থান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি জানান, ‘আমি তাদের অবস্থানে সন্তুষ্ট নই।’চলতি সপ্তাহের শুরুতে সুইজারল্যান্ডের জেনেভা শহরে দুই দেশের মধ্যে পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হয়। উভয় পক্ষই তখন অগ্রগতির কথা জানিয়েছিল। তবে সেই প্রেক্ষাপটেই সামরিক অভিযানের ঘোষণা মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। এর আগে হোয়াইট হাউসের লনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সম্ভাব্য দীর্ঘস্থায়ী সংঘাতের ঝুঁকি নিয়ে ট্রাম্প বলেন, ‘যখন যুদ্ধ হয়, তখন সবকিছুরই ঝুঁকি থাকে—ভালোও, খারাপও।’
ঈদ যাত্রা স্বস্তির ও নিরাপদ হবে : নৌপরিবহনমন্ত্রী

ঈদ যাত্রা স্বস্তির ও নিরাপদ হবে : নৌপরিবহনমন্ত্রী ঈদ যাত্রা স্বস্তির ও নিরাপদ হবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, ‘অন্য যেকোনো সময়ের চেয়ে ঈদ যাত্রা স্বস্তির ও নিরাপদ হবে। এ জন্য সব ধরনের প্রস্তুতি নিতে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।’ শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জে বিআইডব্লিউটিএর নির্মাণাধীন ভবন পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, ‘ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট এড়াতে আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে।’ অতিরিক্ত ভাড়া আদায় করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। নদীপথে দূষণ ও চাঁদাবাজির অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানান মন্ত্রী। পাশাপাশি দীর্ঘদিন বন্ধ থাকা নারায়ণগঞ্জ ডাবল লাইন প্রকল্প দ্রুত এগিয়ে নেওয়ার আশ্বাস দেন। তিনি বলেন, ‘লাইটার জাহাজে গমসহ প্রয়োজনীয় পণ্য নির্ধারিত সময়ের মধ্যে খালাস না করে মজুত রাখার অভিযোগ পাওয়া গেছে। এতে কৃত্রিম সংকট তৈরি হলে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে কিছু প্রমাণ মিলেছে এবং ব্যাখ্যাও চাওয়া হয়েছে।’ এসময় নৌপরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, নৌপরিবহন সচিব ড. নুরুন নাহার চৌধুরী, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান রিয়াল এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা, নৌ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।
ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান

ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান ইরান ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে ইসরায়েল। তেহরানসহ কয়েকটি শহরে হামলার পর এই ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয় এবং সেগুলো প্রতিহত করার চেষ্টা চলছে বলে ইসরায়েলের বিমান বাহিনী জানিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, ইরান থেকে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে আসা কিছু ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘কিছুক্ষণ আগে ইসরায়েলের দিকে ইরান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার পর দেশের বিভিন্ন স্থানে সতর্কতা সাইরেন বাজানো হয়েছে। সাধারণ জনগণকে হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা মেনে চলার অনুরোধ করা হচ্ছে। বর্তমানে ইসরায়েলি বিমান বাহিনী হুমকি প্রতিহত করতে এবং প্রয়োজনে পাল্টা আঘাত হানার মাধ্যমে তা নিষ্ক্রিয় করতে কাজ করছে।’ এতে আরো বলা হয়, ‘প্রতিরক্ষা ব্যবস্থা শতভাগ নির্ভুল নয়। তাই জনগণের নিরাপত্তার জন্য হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা মেনে চলা অত্যন্ত জরুরি। এদিকে ইরানি পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি তেহরান এবং অন্যান্য বেশ কয়েকটি শহরে আজকের হামলার প্রতিক্রিয়ায় এক্স-এ পোস্ট এক বার্তায় বলেছেন, ‘আমরা আপনাদের সতর্ক করেছিলাম, এখন আপনারা এমন একটি পথ শুরু করেছেন যার পরিণতি আর আপনাদের হাতে নেই’। ইরানি কর্মকর্তারা পূর্বে সতর্ক করেছিলেন যে দেশটির উপর যেকোনো আক্রমণ এই অঞ্চলকে যুদ্ধে নিমজ্জিত করবে। সূত্র : বিবিসি বাংলা
ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান

ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান ইরান ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে ইসরায়েল। তেহরানসহ কয়েকটি শহরে হামলার পর এই ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয় এবং সেগুলো প্রতিহত করার চেষ্টা চলছে বলে ইসরায়েলের বিমান বাহিনী জানিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, ইরান থেকে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে আসা কিছু ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘কিছুক্ষণ আগে ইসরায়েলের দিকে ইরান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার পর দেশের বিভিন্ন স্থানে সতর্কতা সাইরেন বাজানো হয়েছে। সাধারণ জনগণকে হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা মেনে চলার অনুরোধ করা হচ্ছে। বর্তমানে ইসরায়েলি বিমান বাহিনী হুমকি প্রতিহত করতে এবং প্রয়োজনে পাল্টা আঘাত হানার মাধ্যমে তা নিষ্ক্রিয় করতে কাজ করছে।’ এতে আরো বলা হয়, ‘প্রতিরক্ষা ব্যবস্থা শতভাগ নির্ভুল নয়। তাই জনগণের নিরাপত্তার জন্য হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা মেনে চলা অত্যন্ত জরুরি। এদিকে ইরানি পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি তেহরান এবং অন্যান্য বেশ কয়েকটি শহরে আজকের হামলার প্রতিক্রিয়ায় এক্স-এ পোস্ট এক বার্তায় বলেছেন, ‘আমরা আপনাদের সতর্ক করেছিলাম, এখন আপনারা এমন একটি পথ শুরু করেছেন যার পরিণতি আর আপনাদের হাতে নেই’। ইরানি কর্মকর্তারা পূর্বে সতর্ক করেছিলেন যে দেশটির উপর যেকোনো আক্রমণ এই অঞ্চলকে যুদ্ধে নিমজ্জিত করবে। সূত্র : বিবিসি বাংলা