জিম্বাবুয়ে ম্যাচের আগে স্টেডিয়ামে বিশেষ রাসায়নিক স্প্রে করছে ভারত

জিম্বাবুয়ে ম্যাচের আগে স্টেডিয়ামে বিশেষ রাসায়নিক স্প্রে করছে ভারত চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হচ্ছে স্বাগতিক ভারত। অনুষ্ঠিতব্য ম্যাচটি ভারতীয়দের জন্য ‘ডু অর ডাই’ ম্যাচে পরিণত হয়েছে। চেন্নাইয়ের চিপকে এই ম্যাচটি হবে দিবা-রাত্রির। জানুয়ারি-ফেব্রুয়ারির দিকে এই মাঠে দ্বিতীয় ইনিংসে মাঠে প্রচুর শিশির পড়ে, যা ব্যাটিং সহজ করে তোলে এবং বোলিং কঠিন হয়ে যায়। সেই সমস্যার সমাধানে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। ভারতীয় দলের জন্য ম্যাচটি গুরুত্বপূর্ণ হওয়ায়, টস ও কন্ডিশনের প্রভাব নিয়ে চিন্তিত দেশটি। টস যাতে ফল নির্ধারণে বড় ভূমিকা না রাখতে পারে তাই যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা ‘ডিউ কিউর’ নামের একটি রাসায়নিক উপাদান মাঠে ব্যবহার করছে ভারত। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে চিপকের আউটফিল্ড নতুন করে প্রস্তুত করার সময় তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন (টিএনসিএ) এই বিশেষ রাসায়নিক আমদানি করে। ‘ডিউ কিউর’ মেজর লিগ বেসবলের বিভিন্ন ভেন্যুতেও নিয়মিত ব্যবহার করা হয়। এর কার্যকারিতা হলো—একবার স্প্রে করলে ঘাসের পাতায় আর্দ্রতা জমতে পারে না; ভেজা হলে তা দ্রুত শোষিত হয়ে ঘাস দ্রুত শুকিয়ে যায়।
গুণীজনদের দিকনির্দেশনায় আলোকিত সমাজ গঠনের প্রত্যয় প্রধানমন্ত্রীর

গুণীজনদের দিকনির্দেশনায় আলোকিত সমাজ গঠনের প্রত্যয় প্রধানমন্ত্রীর গুণীজনদের দিকনির্দেশনায় একটি সমৃদ্ধ, নৈতিক ও আলোকিত সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘একুশে পদক ২০২৬’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ প্রত্যয় ব্যক্ত করেন তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমান, একটি রাষ্ট্রে কৃতি মানুষের সংখ্যা যত বাড়বে, সমৃদ্ধির মানদণ্ডে সেই সমাজ তত বেশি আলোকিত হবে। রাষ্ট্র তার নিজের প্রয়োজনে এবং একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে জ্ঞানী-গুণীদের সম্মানিত করে। একুশ আমাদের অবিনাশী চেতনা এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, রাজনীতিবিদরা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকলেও আমি বিশ্বাস করি, জ্ঞানী-গুণীজনরাই প্রকৃত দিকনির্দেশকের ভূমিকা পালন করেন। তাদের মেধা ও সৃষ্টিশীলতা সমাজকে সমৃদ্ধ করে। ১৯৫২-এর ভাষা আন্দোলন থেকে শুরু করে আজকের বাংলাদেশ, প্রতিটি ঐতিহাসিক অর্জনে আমাদের বিজ্ঞজনদের অবদান অনস্বীকার্য। তিনি আরো বলেন, আমরা এবার ভাষা আন্দোলনের ৭৪ বছর অতিক্রম করে ৭৫ বছরে পদার্পণ করছি। একুশ আমাদের অবিনাশী চেতনা এবং স্বাধিকার অর্জনের বীজমন্ত্র। একটি উদার ও মানবিক রাষ্ট্র গঠনের যাত্রায় আমরা দেশের বিজ্ঞজনদের দিকনির্দেশনা প্রত্যাশা করি। ১৯৭৬ থেকে ২০২৬ পর্যন্ত এ পর্যন্ত ৬০৫ জন ব্যক্তি ও নয়টি প্রতিষ্ঠানকে এই পদকে ভূষিত করা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গণির সঞ্চালনায় অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, বিশিষ্ট কূটনীতিক এবং সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সব হজযাত্রীর ভিসা প্রক্রিয়া দ্রুত শেষ করতে জরুরি নির্দেশনা

সব হজযাত্রীর ভিসা প্রক্রিয়া দ্রুত শেষ করতে জরুরি নির্দেশনা আগামী ৫ মার্চের মধ্যে সকল হজযাত্রীর ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে ৩০টি বড় হজ এজেন্সিকে চিঠি পাঠিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। গতকাল বুধবার মন্ত্রণালয় থেকে এই চিঠিটি পাঠানো হয়। চিঠিতে হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা, টিকা গ্রহণ এবং গ্রুপিং সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। বর্তমানে এই ৩০টি এজেন্সির অধীনে মোট ৭ হাজার ৩৫৫ জন হজযাত্রীর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হওয়া বাকি রয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ১ হাজার ৩০৬ জন হজযাত্রীর স্বাস্থ্য পরীক্ষা বাকি রয়েছে বাংলাদেশ ওভারসিজ সার্ভিসেস-এর এবং সর্বনিম্ন ১০ জন বাকি রয়েছে এহসান এয়ার ট্রাভেলস-এর। চিঠিতে উল্লেখ করা হয়, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সময়সূচি অনুযায়ী আগামী ২০ মার্চের মধ্যে হজযাত্রীদের ভিসা প্রক্রিয়াকরণ শেষ করতে হবে। ভিসা আবেদনের আগে স্বাস্থ্য পরীক্ষা শেষে ফিটনেস সনদ সংগ্রহ এবং টিকা গ্রহণ বাধ্যতামূলক। ভিসা প্রক্রিয়াকরণের জন্য হজযাত্রীদের গ্রুপ তৈরি ও আনুষঙ্গিক কারিগরি কার্যক্রম সম্পন্ন করে ভিসা পেতে সাধারণত ৫ থেকে ১০ দিন সময় লাগে। তবে কারিগরি জটিলতা দেখা দিলে আরও বেশি সময়ের প্রয়োজন হতে পারে। এতে আরও জানানো হয়, ২০ মার্চের কাছাকাছি সময়ে ঈদুল ফিতরের ছুটির কারণে বাংলাদেশ ও সৌদি আরব উভয় দেশের সংশ্লিষ্ট অফিসগুলো বন্ধ থাকবে। ফলে ২০ মার্চের অনেক আগেই পর্যাপ্ত সময় হাতে রেখে স্বাস্থ্য পরীক্ষা, টিকা প্রদান ও ভিসা প্রক্রিয়াকরণ সম্পন্ন করা জরুরি।
মেট্রো রেল স্টেশনে নতুন নির্দেশনা, কঠোর হুঁশিয়ারি

মেট্রো রেল স্টেশনে নতুন নির্দেশনা, কঠোর হুঁশিয়ারি মেট্রো রেল স্টেশন এলাকা ও ট্রেনের অভ্যন্তরে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সব ধরনের ভিডিও ও কনটেন্ট তৈরির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। গতকাল বুধবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এক সতর্কীকরণ বিজ্ঞপ্তির মাধ্যমে এই কড়াকড়ির কথা জানায়। ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেট্রো রেল স্টেশন, প্ল্যাটফরম, কনকোর্স হল, প্রবেশ ও বহির্গমন পথ এবং ট্রেনের ভেতরে পূর্বানুমতি ছাড়া যেকোনো ধরনের ভিডিও ধারণ বা প্রচার করা এখন থেকে সম্পূর্ণ নিষিদ্ধ। বিশেষ করে ইউটিউব বা সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য শর্ট ভিডিও তৈরি, লাইভ স্ট্রিমিং কিংবা বাণিজ্যিক বা ব্যক্তিগত উদ্দেশ্যে ফটোগ্রাফি ও শুটিংয়ের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে কেউ এসব কার্যক্রম পরিচালনা করলে বিদ্যমান আইন ও নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। ডিএমটিসিএল কর্তৃপক্ষ আরো স্পষ্ট করেছে, মেট্রো রেল এলাকায় বাণিজ্যিক উদ্দেশ্যে কোনো ধরনের শুটিং বা ফটোগ্রাফি করতে হলে ‘বাণিজ্যিক স্পেস ভাড়া বা ইজারা নীতিমালা ২০২৩’ অনুসরণ করতে হবে। এ ক্ষেত্রে নির্ধারিত প্রক্রিয়ায় আগে থেকেই কর্তৃপক্ষের কাছে আবেদন করে অনুমতি সংগ্রহ করা বাধ্যতামূলক। মূলত যাত্রীসাধারণের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। ভারতের সিকিমে এর উৎপত্তি বলে জানা গেছে, যা ঢাকা থেকে ৪৫৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) ও বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৮। ঈদে সরকারি-বেসরকারি চাকরিজীবীদের ছুটি কত দিনের? ইউএসজিএস জানিয়েছে, বাংলাদেশ, ভারত ছাড়াও নেপাল, ভুটান ও চীনে এই ভূকম্পন অনুভূত হয়েছে।