উগান্ডায় প্রকাশ্যে চুমু খাওয়ায় ২ তরুণী গ্রেফতার

উগান্ডায় প্রকাশ্যে চুমু খাওয়ায় ২ তরুণী গ্রেফতার পূর্ব আফ্রিকার দেশ উগান্ডায় প্রকাশ্যে চুমু খাওয়ায় দুই তরুণীকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে পুলিশ জানায়, ওই দুই তরুণীকে সমকামী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়। পরে তাদের গ্রেফতার দেখানো হয়। উগান্ডা ২০২৩ সালে কঠোর সমকামিতা বিরোধী আইন পাস করে। স্থানীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর ব্যাপক সমালোচনা ও পশ্চিমা সরকারের চাপ উপেক্ষা করেই আইনটি কার্যকর করা হয়। পুলিশ জানায়, গ্রেফতার দুই তরুণীর একজন ২২ বছর বয়সী বিনোদনকর্মী, অন্যজন ২১ বছর বয়সী বেকার। ১৮ ফেব্রুয়ারি দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের আরুয়া সিটি থেকে তাদের গ্রেফতার করা হয়। বিবৃতিতে বলা হয়, দুই নারী অস্বাভাবিক ও সমকামি আচরণে জড়িত ছিলেন, যা যৌন প্রকৃতির বলে বিশ্বাস করা হচ্ছে। পাশাপাশি তাদেরকে দিনের বেলা প্রকাশ্যে চুম্বন করতে দেখা গেছে। পুলিশ দাবি করে, গ্রেফতার দুই তরুণীর বিরুদ্ধে গত বছর থেকেই অভিযোগ আসতে শুরু করেছিল। বিশ্বের সবচেয়ে কঠোর এলজিবিটি-নির্দেশিত আইনগুলোর একটি হিসেবে পরিচিত উগান্ডার এই আইন অনুযায়ী, একই লিঙ্গের মধ্যে যৌন সম্পর্কের শাস্তি আজীবন কারাদণ্ড। আর ‘অ্যাগ্রাভেটেড’ বা গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত ক্ষেত্রে রয়েছে মৃত্যুদণ্ড। গুরুতর অপরাধের সংজ্ঞায় রয়েছে- বারবার অপরাধ করা, সমকামী যৌন সম্পর্কের মাধ্যমে মরণব্যাধি ছড়িয়ে পড়া, অথবা কোনো নাবালক, প্রবীণ বা প্রতিবন্ধী ব্যক্তির সঙ্গে একই লিঙ্গের যৌন সম্পর্ক স্থাপন। উগান্ডায় এই কঠোর আইন বিতর্কের কেন্দ্রে থাকলেও, কর্তৃপক্ষ বলছে আইন প্রয়োগ অব্যাহত থাকবে।
ইমরান খানের শারীরিক অবস্থা স্থিতিশীল

ইমরান খানের শারীরিক অবস্থা স্থিতিশীল পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের চোখের চিকিৎসা করা হয়েছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। মঙ্গলবার হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। তবে সাবেক ক্রিকেট তারকার একজন মুখপাত্র অভিযোগ করেছে, ইমরানকে তার ব্যক্তিগত চিকিৎসকের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। ইমরান খান ২০২৩ সাল থেকে কারাগারে আছেন। তাকে গত বছরের শেষের দিকে তার স্ত্রীর সাথে দুর্নীতির অভিযোগে ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। ৭৩ বছর বয়সী ইমরানের পরিবার এবং আইনজীবী জানিয়েছেন, তিনি তার ডান চোখের বেশিরভাগ দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন। খানকে দ্বিতীয় ডোজ চোখের ইনজেকশনের জন্য ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) নিয়ে যাওয়া হয়েছিল বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। অবশ্য ইমরান খানের প্রেস উপদেষ্টা সৈয়দ জুলফিকার বুখারি বলেছেন, ইমরান খানকে “তার ব্যক্তিগত চিকিৎসক এবং পরিবারের সাথে যোগাযোগের সুযোগ দেওয়া উচিত।” গত সপ্তাহে ইমরান খানের স্বাস্থ্যের জন্য উদ্বিগ্ন এক ডজনেরও বেশি আন্তর্জাতিক ক্রিকেট অধিনায়ক ইসলামাবাদ সরকারের কাছে তাকে ‘পর্যাপ্ত’ চিকিৎসা দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন।
সাতবারের ‘মিস্টার ইন্ডিয়া’ জয়ী মায়ঙ্ক মারা গেছেন

সাতবারের ‘মিস্টার ইন্ডিয়া’ জয়ী মায়ঙ্ক মারা গেছেন সাতবারের ‘মিস্টার ইন্ডিয়া’ খেতাবজয়ী ফিটনেস তারকা মায়ঙ্ক পাওয়ার আর নেই। মাত্র ৩৭ বছর বয়সে তার মৃত্যু হয়েছে। সোমবার তার অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পরিবারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এই খবর জানানো হয়। তবে মৃত্যুর কারণ এখনো প্রকাশ করা হয়নি। চলতি বছরের ১ জানুয়ারি জন্মদিন উদযাপন করেছিলেন মায়ঙ্ক। হঠাৎ এই মৃত্যুসংবাদে শোকস্তব্ধ ফিটনেস দুনিয়া ও রিয়েলিটি শোর অনুরাগীরা। সামাজিকমাধ্যমে ভক্ত, সহপ্রতিযোগী ও শুভানুধ্যায়ীদের শোকবার্তায় ভরে গেছে টাইমলাইন। পরিবারের বিবৃতিতে বলা হয়, একজন ভাই, একজন চ্যাম্পিয়ন, একজন মেন্টর এবং অসংখ্য মানুষের প্রেরণা- মায়ঙ্ক পাওয়ার চিরকাল আমাদের হৃদয়ে বেঁচে থাকবেন। তার স্মরণে ২৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ৫টা থেকে ৬টা পর্যন্ত সাঙ্গম পার্কের বাল্মীকি মন্দিরে প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে। পরিবার, বন্ধু ও শুভানুধ্যায়ীদের সেখানে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। ফিটনেস জগতে মায়ঙ্ক ছিলেন সুপরিচিত নাম। সাতবার ‘মিস্টার ইন্ডিয়া’ খেতাব জয়ের বিরল কৃতিত্ব তার ঝুলিতে। তবে বৃহত্তর দর্শকের কাছে তিনি পরিচিতি পান ‘স্প্লিটসভিলা’-এর সপ্তম আসরে অংশ নেওয়ার মাধ্যমে। শোতে তার শান্ত স্বভাব, শৃঙ্খলাবোধ ও প্রতিযোগিতামুখী মনোভাব দর্শকদের নজর কাড়ে।
ভয় আর রহস্যে ভরা ‘স্ক্রিম ৭’ আসছে বাংলাদেশে

ভয় আর রহস্যে ভরা ‘স্ক্রিম ৭’ আসছে বাংলাদেশে আসছে ২৭ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পেতে যাচ্ছে হলিউডের সিনেমা ‘স্ক্রিম ৭’। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে সিনেমাটি। ভয় আর রহস্যে ভরা আমেরিকান স্ল্যাশার সিনেমা ‘স্ক্রিম ৭’। তিন বছর আগে মুক্তি পাওয়া ‘স্ক্রিম ৬’-এর সিক্যুয়েল এবং স্ক্রিম চলচ্চিত্র সিরিজের সপ্তম কিস্তি এটি। ১৯৯৬ সালে শুরু হওয়া এই সিরিজ দশকের পর দশক ধরে হরর-থ্রিলার প্রেমীদের মধ্যে এক কালজয়ী অবস্থান তৈরি করেছে। পরিচালক কেভিন উইলিয়ামস সিরিজের মূল লেখক এবং প্রথমবারের মতো পুরো সিনেমা পরিচালনা করছেন। মিনেমাটিতে অভিনয় করেছেন নেভ ক্যাম্পবেল, জেসমিন স্যাভয় ব্রাউন, ম্যাসন গুডিং, ডেভিড আর্কেট, ম্যাথিউ লিলার্ড এবং কোর্টেনি কক্স। পূর্ববর্তী সিনেমাগুলোর ভূমিকায় অভিনয় করেছেন ইসাবেল মে, আনা ক্যাম্প, জিমি ট্যাট্রো, ম্যাকেনা গ্রেস, আসা জার্মান, স্যাম রেচনার , টিম সাইমনস এবং জোয়েল ম্যাকহেল। এটি অন্য স্ল্যাশার সিনেমার মতোই থ্রিল ও ভয়ের মিশ্রণ হবে, কিন্তু এবারের গল্পে সম্পর্ক, অতীতে মুখোমুখি হওয়া এবং নতুন ভয়ঙ্কর খুনি সব কিছু মিলিয়ে আধুনিক ভয়ের সঙ্গে ক্লাসিক স্টাইল ফিরিয়ে আনা হয়েছে। ২০২৩ সালের আগস্টে স্ক্রিম (২০২২) এবং স্ক্রিম ৬-এর পরিচালক ম্যাট বেটিনেলি-ওলপিন এবং টাইলার গিলেটের প্রস্থানের পর ক্রিস্টোফার ল্যান্ডনকে সপ্তম স্ক্রিম চলচ্চিত্র পরিচালনার জন্য নিয়োগ করা হয়েছিল। ২০২৩ সালের শেষের দিকে তারকা মেলিসা ব্যারেরা এবং জেনা ওর্তেগার প্রস্থানের পর সিনেমাটি সৃজনশীল পুনর্গঠনের মধ্য দিয়ে যায়। যার ফলে ল্যান্ডন প্রকল্পটি ছেড়ে দেন। ২০২৪ সালের মার্চ মাসে, ক্যাম্পবেল স্ক্রিম ৬-এ অনুপস্থিত থাকার পর ফ্র্যাঞ্চাইজিতে তার প্রত্যাবর্তনের বিষয়টি নিশ্চিত করেন। সিরিজের প্রাথমিক সিনেমাগুলোর লেখক এবং প্রযোজক হিসেবে কাজ করার পর উইলিয়ামসনকে ‘স্ক্রিম ৭’ পরিচালনার জন্য নিয়োগ করা হয় । ২০২৫ সালের জানুয়ারিতে সিনেমাটির চিত্রগ্রহণ শুরু হয় এবং মার্চ মাসে শেষ হয়। সিডনি প্রেসকট ইন্ডিয়ানার শান্ত শহর পাইন গ্রোভে নিজের জন্য একটি নতুন জীবন গড়ে তুলেছেন। একজন নতুন ঘোস্টফেস কিলার তার মেয়ে ট্যাটুমকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে শুরু করে এবং তাকে তার অতীতের মুখোমুখি হতে বাধ্য করে যাতে হত্যাকান্ড চিরতরে বন্ধ হয়। রজার এল. জ্যাকসন ঘোস্টফেসের কণ্ঠস্বর হিসেবে তার ভূমিকায় পুনরায় অভিনয় করেছেন। ডেভিড আর্কেট ডিউই রিলির ভূমিকায় পুনরায় অভিনয় করেছেন, যিনি মূল খুন থেকে বেঁচে যাওয়া একজন ব্যক্তি এবং স্ক্রিম (২০২২) সিনেমাতে নিহত গেলের প্রাক্তন স্বামী। গত ৫ ফেব্রুয়ারি ডেডলাইন হলিউড রিপোর্ট করেছিল যে সিনেমাটি উদ্বোধনী সপ্তাহান্তে কোটি টাকার ব্যবসা করার পথে রয়েছে, যা এটিকে স্ক্রিম ৬-এর ৪৪ দশমিক ৪ মিলিয়ন ডলারের ঘরোয়া উদ্বোধনী সপ্তাহান্তের পরে দ্বিতীয় স্থানে রাখবে। সিরিজের ভক্তরা মনে করছেন এটা শেষ অধ্যায় হতে পারে, যদিও ভবিষ্যতে আরও সিক্যুয়েল আসতে পারে যদি এই সিনেমা বড় সাফল্য পায়।
২০০ জনের সামনে বিজয়কে প্রথম চুমু, অভিজ্ঞতা জানালেন রাশমিকা

২০০ জনের সামনে বিজয়কে প্রথম চুমু, অভিজ্ঞতা জানালেন রাশমিকা রাত পোহালেই আগামীকাল ২৬ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে এক হতে চলেছেন বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। বিয়ের আগে এক সাক্ষাৎকারে প্রথম চুমুর অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেছেন রাশমিকা। তিনি জানান, প্রথমবার বিজয়কে চুমু দিয়েছিলেন প্রায় ২০০ জনের সামনে—তাও ব্যক্তিগত আবেগে নয়, গল্পের প্রয়োজনে। ২০১৮ সালের গীত গোবিন্দম ছবিতে প্রথমবার জুটি বাঁধেন এই দুই তারকা। সেই ছবিতেই ছিল তাঁদের প্রথম অনস্ক্রিন চুম্বন দৃশ্য। সাক্ষাৎকারে রাশমিকা বলেন, “ইউনিটের ২০০ জন মানুষের সামনে এমন একটি দৃশ্য করতে খুব অস্বস্তি হচ্ছিল। আমি আর বিজয় দুজনেই অস্বস্তিতে ছিলাম। তবে পুরো বিষয়টাই খুব পেশাদারভাবে করা হয়েছিল। এই ছবিতে কাজ করতে গিয়েই পর্দার রসায়ন ধীরে ধীরে বাস্তবেও রূপ নেয়। এর আগে অভিনেত্রী রক্ষিত শেঠি-র সঙ্গে সম্পর্কে ছিলেন এবং তাঁদের বাগদানও হয়েছিল। তবে বিয়ের আগেই সেই সম্পর্কের ইতি ঘটে। রক্ষিতের সঙ্গে বিচ্ছেদের পর গত পাঁচ বছর ধরে বিজয়ের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন শোনা গেছে। বিভিন্ন সময় একসঙ্গে দেখা গেলেও দুজনেই এ বিষয়ে ছিলেন নীরব। অবশেষে সেই জল্পনাকে বাস্তবে রূপ দিয়েই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বিজয়-রাশমিকা।
তটিনীর প্রাণ বাঁচাতে জোভানের ‘কসম’!

তটিনীর প্রাণ বাঁচাতে জোভানের ‘কসম’! ঈদের নাটক মানেই প্রেম, পরিবার আর আবেগের মিশেল। তবে এবার সেই পরিচিত আবহে যুক্ত হচ্ছে রহস্য ও চমক। আসছে ঈদে দর্শকদের জন্য বিশেষ নাটক ‘কসম’ নিয়ে হাজির হচ্ছেন ফারহান আহমেদ জোভান ও তটিনী। এটি নির্মাণ করেছেন জাহিদুল ইসলাম সুজন। গল্পে দেখা যাবে, প্রেমিকা তটিনীর জীবন বাঁচাতে এমন এক কসম নেন প্রেমিক জোভান, যার পরিণতিতে জন্ম নেয় অপ্রত্যাশিত এক ঘটনার। পারিবারিক টানাপোড়েন আর প্রেমের জটিল সমীকরণ মিলিয়ে নাটকটি এগোবে একাধিক মোড় ঘুরে।নির্মাতা জানিয়েছেন, গল্পের ভেতরে ইচ্ছাকৃতভাবেই রাখা হয়েছে নানা বাঁক, যেখানে প্রেম ও পরিবারের সংঘাত দর্শকদের আবেগে নাড়া দেবে। প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, এবারের ঈদ উপলক্ষে প্রায় ২০টি বিশেষ নাটকের পরিকল্পনা রয়েছে তাঁদের। প্রেম ও পারিবারিক গল্পনির্ভর সেই তালিকায় অন্যতম প্রযোজনা ‘কসম’। নাটকটি ঈদে সিএমভি-এর ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।
টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বড় লাফ ফারহান-তারিকের

টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বড় লাফ ফারহান-তারিকের চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে পারফরম্যান্সের প্রভাব পড়েছে আইসিসির সর্বশেষ টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে। পাকিস্তান দলের একদিকে যেমন এসেছে সুখবর, অন্যদিকে তেমনি কয়েকজন তারকা ক্রিকেটারের অবস্থান নেমেছে নিচে। সবচেয়ে বড় সুখবর ওপেনার সাহিবজাদা ফারহানকে ঘিরে। দারুণ ধারাবাহিক ব্যাটিংয়ের পুরস্কার হিসেবে তিনি দুই ধাপ এগিয়ে উঠে এখন টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় তিন নম্বরে। তার সামনে রয়েছেন ইংল্যান্ডের ফিল সল্ট। দ্বিতীয় স্থানে আছেন ইংলিশ তারকা। শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের অভিষেক শর্মা, যদিও এবারের বিশ্বকাপে তার ব্যাট থেকে বড় ইনিংস আসেনি। তবে পাকিস্তানের অন্য ব্যাটারদের জন্য খবরটা ততটা ভালো নয়। ওপেনার সাইম আইয়ুব তিন ধাপ নেমে ৩৪তম স্থানে চলে গেছেন। সাবেক অধিনায়ক বাবর আজম এক ধাপ পিছিয়ে ৩৬তম স্থানে। বর্তমান অধিনায়ক সালমান আলি আঘা নেমেছেন ৩৮তম স্থানে, আর ফখর জামান পিছিয়ে গিয়ে অবস্থান করছেন ৮৮ নম্বরে। বোলারদের তালিকায়ও এসেছে পরিবর্তন। স্পিনার আবরার আহমেদ দুই ধাপ নেমে এখন পঞ্চম স্থানে, তার রেটিং পয়েন্ট ৭১২। মোহাম্মদ নেওয়াজ তিন ধাপ পিছিয়ে ১২তম স্থানে। তবে পেসার সালমান মির্জা এক ধাপ এগিয়ে ১৮তম এবং শাহীন শাহ আফ্রিদি চার ধাপ এগিয়ে ৩১তম স্থানে উঠে এসেছেন। সবচেয়ে বড় চমক দেখিয়েছেন উসমান তারিক। তিনি এক লাফে ৫৯ ধাপ এগিয়ে এখন ৫৫তম স্থানে। অন্যদিকে সুফিয়ান মুকিম ১০ ধাপ নেমে ৬০তম এবং শাদাব খান ১০ ধাপ এগিয়ে ৬৫তম স্থানে রয়েছেন। সাইম আইয়ুব বোলারদের তালিকায়ও ১১ ধাপ নেমে ৬৬তম স্থানে, আর হারিস রউফ পাঁচ ধাপ পিছিয়ে ৮১তম স্থানে। বোলারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে আছেন ভারতের বরুণ চক্রবর্তী। দ্বিতীয় স্থানে আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান। বড় পরিবর্তন এসেছে তৃতীয় স্থানে, দক্ষিণ আফ্রিকার করবিন বোশ ২১ ধাপ এগিয়ে উঠে এখন তিন নম্বরে।
জিম্বাবুয়ে ম্যাচের আগে ভারতকে যে পরামর্শ দিলেন পন্টিং

জিম্বাবুয়ে ম্যাচের আগে ভারতকে যে পরামর্শ দিলেন পন্টিং টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের গুরুত্বপূর্ণ ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হওয়ার আগে ভারতকে গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন অস্ট্রেলিয়ার সাবেক কিংবদন্তি অধিনায়ক রিকি পন্টিং। তার মতে, ম্যাচআপের হিসাব-নিকাশে না গিয়ে চেন্নাইয়ের কন্ডিশন অনুযায়ী ভারতের সেরা একাদশ নিয়েই মাঠে নামা উচিত। চেন্নাইয়ের ঐতিহাসিক চিদাম্বরম স্টেডিয়ামে বৃহস্পতিবার জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে ভারত। সুপার এইটের প্রথম ম্যাচে বড় ব্যবধানে হারের পর দলটি কিছুটা চাপে রয়েছে। আইসিসি রিভিউ অনুষ্ঠানে পন্টিং বলেন, ‘এই ধরনের ম্যাচে আমি হলে বেসিকে ফিরে যেতাম। আগে দেখতাম, চেন্নাইয়ের কন্ডিশনে আমাদের সেরা একাদশ কারা। সেই দল নিয়েই খেলতাম।’ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে অক্ষর প্যাটেলকে না খেলানোর সিদ্ধান্ত নিয়ে আলোচনা চলছে। শোনা গিয়েছিল প্রতিপক্ষের বাঁহাতি ব্যাটারদের কথা ভেবেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়। তবে পন্টিংয়ের মতে, একজন অধিনায়কের দায়িত্ব হলো বোলারদের সঠিক সময়ে ব্যবহার করা, শুধু ম্যাচআপের ওপর নির্ভর করা নয়। তিনি আরো বলেন, ‘অক্ষর দলে থাকলে ভালো। আর আমি কুলদীপ যাদবকে দলে ফেরানোর কথাও ভাবতাম। সে ডানহাতি-বাঁহাতি যেকোনো ব্যাটারের বিপক্ষেই কার্যকর হতে পারে। স্পিনবান্ধব চেন্নাই উইকেটে কুলদীপ যাদব বড় ভূমিকা রাখতে পারেন বলেও মত পন্টিংয়ের। এদিকে ভারতের সাবেক কোচ রবী শাস্ত্রীও মনে করেন, একাদশে পরিবর্তন আনা দরকার এবং অভিজ্ঞ স্পিনারদের সুযোগ দেওয়া উচিত। তার মতে, অতিরিক্ত একজন বোলিং অপশন থাকলে দল আরও ভারসাম্যপূর্ণ হবে। সুপার এইটে টিকে থাকতে ভারতের জন্য জিম্বাবুয়ের বিপক্ষে জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন দেখার বিষয়, পন্টিংয়ের পরামর্শ মেনে টিম ম্যানেজমেন্ট সেরা একাদশে আস্থা রাখে কিনা।
বিশ্বকাপে যে দেশের বিপক্ষে খেলতে চান না মেসি

বিশ্বকাপে যে দেশের বিপক্ষে খেলতে চান না মেসি ২০২৬ ফিফা ওয়ার্ল্ড কাপকে সামনে রেখে শুরু হয়ে গেছে কাউন্টডাউন। উত্তর আমেরিকার মাটিতে বসতে যাওয়া ‘গ্রেটেস্ট শো অন আর্থ’-এর এই আসরে শিরোপা রক্ষার মিশনে নামবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, যার নেতৃত্বে থাকতে পারেন অধিনায়ক লিওনেল মেসি। তবে নতুন মিশনের আগে এক প্রতিপক্ষকে এড়িয়ে চলার ইচ্ছার কথা খোলাখুলিই জানালেন মেসি। সেই দলটি হলো মেক্সিকো। সাবেক সতীর্থ ও বর্তমানে টিগ্রেস ইউএএনএলের গোলরক্ষক নাহুয়েল গুজমানের সঙ্গে ‘মিরো দে আতরাস’ পডকাস্টে আলাপকালে ২০২২ বিশ্বকাপের স্মৃতিচারণ করেন মেসি। কাতারে গ্রুপ পর্বে মেক্সিকোর বিপক্ষে ২-০ গোলের জয়টি ছিল আর্জেন্টিনার জন্য বাঁচা-মরার লড়াই। সৌদি আরবের কাছে অপ্রত্যাশিত হারের পর আরেকটি পরাজয় মানেই বিদায়। এমন চাপ নিয়েই মাঠে নেমেছিল দলটি। মেসি বলেন, ‘আমরা সত্যি বলতে ভয় নিয়েই সেই ম্যাচ খেলতে নেমেছিলাম।’ ইতিহাসে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে আর্জেন্টিনা। তবু মেসির মতে, মেক্সিকো সব সময়ই কঠিন প্রতিপক্ষ। বল দখলে রাখার ক্ষমতা, ছন্দ নষ্ট করার কৌশল এবং সমর্থকদের তুমুল সমর্থন সব মিলিয়ে তারা যে কোনো দলকে চাপে ফেলতে পারে। ২০২৬ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। স্বাগতিক হিসেবে উত্তর আমেরিকার দলগুলো বাড়তি সমর্থন পাবে। সেই বাস্তবতায় টুর্নামেন্টের শুরুতেই মেক্সিকোর বিপক্ষে খেলতে চান না আর্জেন্টাইন অধিনায়ক। মেসি আরও বলেন, ‘বিশ্বকাপে প্রায়ই আমাদের দেখা হয়, আর বেশির ভাগ সময়ই সেটা হয় বাঁচা-মরার ম্যাচে। এবার তোমাদের (মেক্সিকো) ও যুক্তরাষ্ট্রের জন্য দারুণ সুযোগ। তবে আশা করি এবার আমাদের মুখোমুখি হতে হবে না।’ শিরোপা ধরে রাখার মিশনে নামার আগে মেসির এই মন্তব্য স্মরণ করিয়ে দেয় বিশ্বচ্যাম্পিয়ন হলেও বড় মঞ্চে চাপ ও হিসাব-নিকাশের বাইরে কেউ নয়।
জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ফল প্রকাশ করা হয়। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ফল প্রকাশ করেন। এসময় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজও উপস্থিত ছিলেন। কারিগরি শিক্ষা বোর্ডের জেএস (ভোকেশনাল) ও জেডিসি (ভোকেশনাল) থেকে ২০৮ জন বৃত্তি পেয়েছে। ট্যালেন্টপুলে ৮৯ জন ও সাধারণ ক্যাটাগরিতে ১১৯ জনসহ মোট ২০৮ জন বৃত্তি পেয়েছে। গত ২৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে সাড়ে তিন লাখ শিক্ষার্থী অংশ নেয়। ট্যালেন্টপুল ও সাধারণ ক্যাটাগরিতে এ বছর ৪৫ হাজার ২০০ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হবে। যেভাবে দেখা যাবে জুনিয়র বৃত্তির ফল প্রথমত এসএমএস পদ্ধতিতে জানা যাবে জুনিয়র ফলাফল। এ ক্ষেত্রে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে বোর্ডের নাম, রোল নাম্বার এবং সাল টাইপ করে ১৬২২২ নম্বরে পাঠিয়ে দিলেই ফিরতি মেসেজে রেজাল্ট জানা যাবে। দ্বিতীয়ত অনলাইন পদ্ধতিতে দেখা যাবে এই ফল। এক্ষেত্রে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে গিয়ে ‘Scholarship Result’ অপশনে রোল নাম্বার ও সাল (২০২৬) দিলেই ফল দেখা যাবে।