শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও পাঞ্জাবের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ৫ দশমিক ৯ ছিল বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। পাকিস্তান আবহাওয়া অধিদপ্তর (পিএমডি) জানায়, ভূমিকম্পটি সন্ধ্যা ৬টা ৯ মিনিটে আঘাত হানে। এর গভীরতা ছিল ১০১ কিলোমিটার এবং কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চল। পাকিস্তানি সংবাদমাধ্যম ডননিউজটিভির প্রতিবেদনে বলা হয়, শাংলা, সোয়াত, মারদান, সোয়াবি ও নওশেরা জেলায় কম্পন অনুভূত হয়। শাংলায় ইফতারের সময় ভূমিকম্পের কম্পন টের পেয়ে আতঙ্কিত মানুষজন ঘরবাড়ি থেকে দ্রুত বাইরে বেরিয়ে আসেন। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভৌগোলিক অবস্থানের কারণে পাকিস্তান ভূমিকম্পপ্রবণ অঞ্চল হিসেবে পরিচিত। এই এলাকাতেই ইউরেশীয় ও ভারতীয় টেকটোনিক প্লেটের মিলনস্থল হওয়ায় ভূকম্পন বেশি অনুভূত হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আবেদনের বাকি আর ১ দিন

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আবেদনের বাকি আর ১ দিন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত স্নাতক (সম্মান) শ্রেণিতে পাঠদানকারী কলেজগুলোতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির আবেদনের আর ১ দিন বাকি আছে। আগামীকাল ২২ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদনের অন্য সব শর্ত অপরিবর্তিত থাকবে বলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ভর্তি পরীক্ষার সময় ও কেন্দ্রের তালিকা পরবর্তী সময়ে প্রকাশ করা হবে। শিক্ষার্থীদের প্রাথমিক আবেদন ফি বাবদ এক হাজার টাকা আবেদন করা কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি ২৩ ফেব্রুয়ারির মধ্যে অবশ্যই জমা দিতে হবে। আবেদনকারীকে অবশ্যই ভর্তি নির্দেশিকায় দেওয়া সব শর্ত মেনে অনলাইন আবেদন ফরম পূরণ করতে হবে। ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রমে উচ্চমাধ্যমিক পর্যায়ে মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর জন্য সময় নির্ধারণ করা হয়েছে ১ ঘণ্টা। শিক্ষার্থীদের চতুর্থ বিষয়সহ এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ থেকে যথাক্রমে ৪০ শতাংশ ও ৬০ শতাংশ হিসাবে ১০০ নম্বর এবং এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার ১০০ নম্বরসহ সর্বমোট ২০০ নম্বরের ভিত্তিতে মেধাতালিকা নির্ধারণ করা হবে। এ মেধাতালিকাটি প্রত্যেক কলেজের জন্য আলাদাভাবে বিষয় পছন্দক্রম অনুসারে বিষয়ভিত্তিক প্রণয়ন করা হবে। তবে, এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় ভুল উত্তরের জন্য কোনো নম্বর কর্তন করা হবে না।

বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান ক্রিকেট দল

বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান ক্রিকেট দল তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী মাসে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান ক্রিকেট দল। সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে ঢাকার ঐতিহাসিক শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে জানা গেছে, পাকিস্তান দল আগামী ৯ মার্চ ঢাকায় পৌঁছাবে। এরপর ১১, ১৩ ও ১৫ মার্চ অনুষ্ঠিত হবে সিরিজের তিনটি ওয়ানডে ম্যাচ। সিরিজটি উভয় দলের জন্য গুরুত্বপূর্ণ, কারণ আসন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টকে সামনে রেখে দল গঠন ও প্রস্তুতির জন্য এটি হবে বড় পরীক্ষা।

বায়ুদূষণে শীর্ষে কাবুল, দ্বিতীয় ঢাকা

বায়ুদূষণে শীর্ষে কাবুল, দ্বিতীয় ঢাকা বিশ্বের ১২২টি দেশের মধ্যে বায়ুদূষণে শীর্ষে উঠে এসেছে আফগানিস্তানের কাবুল। এই তালিকায় রাজধানী ঢাকার অবস্থান দ্বিতীয়। শনিবার সকাল ১০টা ৪৭ ‍মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত বায়ুগুণমান সূচক অনুযায়ী, শীর্ষে উঠে আসা দিল্লির বায়ুর মান ২৪৩, যা ‘খুব অস্বাস্থ্যকর’ মানদণ্ডে পড়ে। এ ছাড়া ২২৩ স্কোরে দ্বিতীয় অবস্থানে উঠে থাকা ঢাকার বাতাস আজ ‘খুব অবস্বাস্থ্যকর’। ২২১ স্কোরে তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। ২০১ স্কোরে বাহরাইনের মানামা চতুর্থ অবস্থানে ও একই স্কোরে পঞ্চম অবস্থানে উঠে এসেছে ভারতের দিল্লি।  আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

স্পিকারের নাম প্রায় চূড়ান্ত, ২৬ তারিখের মধ্যেই ঘোষণা

স্পিকারের নাম প্রায় চূড়ান্ত, ২৬ তারিখের মধ্যেই ঘোষণা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর জাতীয় সংসদের স্পিকার কে হবেন, এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এবারের সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিএনপির ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন এবং দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের নাম বিভিন্ন মহলে গুরুত্বের সঙ্গে আলোচিত হচ্ছে। আগামী ২৬ তারিখের মধ্যে স্পিকারের নাম ঘোষণা হতে পারে বলে বিভিন্ন সূত্রে জানা যায়। দলীয় ও সংসদীয় পর্যবেক্ষকদের মতে, অ্যাডভোকেট জয়নুল আবেদীনের দীর্ঘ আইনজীবী অভিজ্ঞতা, সাংবিধানিক ও নির্বাচনী আইন বিষয়ে দক্ষতা এবং রাজনৈতিক পরিসরে সক্রিয় ভূমিকা তাকে স্পিকার পদের আলোচনায় এগিয়ে রাখছে। তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইন পেশায় যুক্ত। সাংবিধানিক, নির্বাচন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে তার সম্পৃক্ততা রয়েছে। একই সঙ্গে তিনি দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। দলীয় সূত্রে জানা গেছে, সংসদীয় অভিজ্ঞতা ও রাজনৈতিক পরিপক্বতার সমন্বয় বিবেচনায় এনে তার নাম আলোচনায় এসেছে। যদিও দলীয়ভাবে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির অধিকাংশ সদস্যকে মন্ত্রিসভাসহ সরকারের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হলেও প্রবীণ নেতা ড. আবদুল মঈন খান এখনো সরকারের বাইরে আছেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে তিনি নরসিংদী-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। প্রবীণ এ নেতাকে কোথায় অন্তর্ভুক্ত করা হবে, তা নিয়ে ব্যাপক কৌতূহল রয়েছে জনমনে। আলোচনা ছড়িয়ে পড়েছে ড. মঈন খানও হতে পারেন সংসদের স্পিকার। বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য নরসিংদী-২ আসন থেকে মোট চারবার সংসদ সদস্য নির্বাচিত হন। তার বাবাও সাবেক এমপি ও মন্ত্রী ছিলেন। অনেকের মতে, প্রবীণ নেতা ড. মঈন খানকে স্পিকার পদে নির্বাচিত করা হলে তিনি ভালো করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হিসেবে তিনি সবার কাছে গ্রহণযোগ্য। বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার পদটি রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্বপূর্ণ পদ। স্পিকার সংসদ অধিবেশন পরিচালনা, কার্যপ্রণালী বিধি প্রয়োগ, সংসদীয় শৃঙ্খলা রক্ষা এবং সদস্যদের অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে কেন্দ্রীয় ভূমিকা পালন করেন। এ পদে অধিষ্ঠিত ব্যক্তিকে রাজনৈতিক নিরপেক্ষতা, প্রশাসনিক দক্ষতা এবং সাংবিধানিক জ্ঞানের সমন্বয় ঘটাতে হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সংসদ পরিচালনায় আইনি ব্যাখ্যা, রুলিং প্রদান এবং বিতর্ক ব্যবস্থাপনায় দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে অভিজ্ঞ আইনজীবীর ভূমিকা কার্যকর হতে পারে। রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে ভিন্নমুখী আলোচনা রয়েছে। কেউ কেউ মনে করছেন, অভিজ্ঞ আইনজ্ঞ হিসেবে অ্যাডভোকেট জয়নুল আবেদীন সংসদের কার্যক্রম পরিচালনায় কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন। আবার অনেকে বলছেন, স্পিকার পদে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে সংসদীয় সমীকরণ ও দলীয় কৌশলের ওপর। ২৬ ফেব্রুয়ারি জাতীয় সংসদের প্রথম অধিবেশন। প্রথম অধিবেশনেই সংসদ সদস্যদের ভোটে স্পিকার নির্বাচিত হবেন। সংবিধান অনুযায়ী বিদায়ি স্পিকারের সভাপতিত্বে নতুন স্পিকার নির্বাচনের বিধান থাকলেও এবার তা হচ্ছে না।

চাঁদাবাজির বিরুদ্ধে কঠোরতা

চাঁদাবাজির বিরুদ্ধে কঠোরতা চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতিসহ সব অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্সে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম মন্ত্রিসভার বৈঠকেই তারেক রহমান সাফ জানিয়েছেন, যেকোনো অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্সে থাকবে তাঁর সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান দলীয়, রাষ্ট্রীয় বিভিন্ন পর্যায়ের বৈঠকেও একই নীতির কথা কঠোরভাবে ব্যক্ত করেছেন। ইতোমধ্যে প্রধানমন্ত্রীর এ নীতির বাস্তবায়ন শুরু করেছেন মন্ত্রী-এমপিসহ প্রশাসন। জানা যায়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু তাঁর নির্বাচনি এলাকা ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনকে চাঁদাবাজি, সন্ত্রাস ও সব ধরনের অনিয়মমুক্ত রাখার ঘোষণা দিয়েছেন। পাশাপাশি এ-সংক্রান্ত অভিযোগ জানাতে একটি হটলাইন নম্বর (০১৭৩০০০৪৮৪৪) চালু করেছেন। গতকাল নিজের ফেসবুক আইডিতে দেওয়া স্ট্যাটাসে এ তথ্য জানান মন্ত্রী। আবদুল আউয়াল মিন্টু লেখেন, ‘ফেনী-৩ এলাকাকে চাঁদাবাজি, সন্ত্রাস ও যেকোনো ধরনের অনিয়মমুক্ত রাখতে আমরা বদ্ধপরিকর। অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হোন, নির্ভয়ে তথ্য দিন। আপনাদের দেওয়া তথ্য গোপন রাখা হবে।’ পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘সারা দেশে সড়কে চাঁদাবাজির কোনো সুযোগ নেই। আর লক্ষ্মীপুরে তো নাই-ই।’ গতকাল লক্ষ্মীপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। বিএনপির যুগ্ম মহাসচিব এ্যানি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রিপরিষদের সভায় আইনশৃঙ্খলার ব্যাপারে বিশেষ গুরুত্ব দিয়েছেন। রমজান মাসে যেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকে, পাশাপাশি এলাকার উন্নয়ন আমরা কীভাবে অব্যাহত রাখব, সে ব্যাপারে যেকোনো অবস্থান থেকে যেকোনো ডিপার্টমেন্টে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।’ ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও চাঁদাবাজ নির্মূলে স্থানীয় প্রশাসনকে কঠোর নির্দেশনা দিয়েছেন। মুরাদনগর উপজেলাকে মাদকমুক্ত করতে পারলে প্রশাসনকে পুরস্কৃত করার ঘোষণাও দেন তিনি। গতকাল কুমিল্লার মুরাদনগর উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ধর্মমন্ত্রী স্পষ্টভাবে জানিয়ে দেন, ‘দলীয় পরিচয়ে কেউ কোনো অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রশাসন চলবে সম্পূর্ণ আইন অনুযায়ী।’ সন্ত্রাসী, চাঁদাবাজ ও দখলবাজদের কঠোর হস্তে দমন করতে তিনি পুলিশ ও স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানান। শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, ‘ঢাকা-১৩ কিশোর গ্যাং থেকে শুরু করে সব ধরনের চাঁদাবাজমুক্ত এলাকা হিসেবে প্রতিষ্ঠা করা হবে।’ তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রিপরিষদের সভায় বলেছেন, মন্ত্রী, এমপি, দলীয় কেউই অনিয়মের সঙ্গে জড়ালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’ সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, ‘নির্বাচনের আগেই কথা দিয়েছিলাম বিজয়ী হতে পারলে ঢাকা-৯ আসনকে সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলব। এখন সময় সেই ওয়াদা রক্ষার। অনিয়মের সঙ্গে যারাই জড়িত থাকবে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদের আইনের আওতায় আনা হবে। এ ক্ষেত্রে অবস্থান জিরো টলারেন্স।’ লক্ষ্মীপুরের কমলনগরে দলীয় পদপদবি ব্যবহার করে চাঁদাবাজি ও সাধারণ মানুষের ওপর হামলার অভিযোগে বিএনপির তিন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজান সরাসরি এ মামলা দায়েরের নির্দেশ দেন। বৃহস্পতিবার রাতে কমলনগর উপজেলার ৮ নম্বর চরকাদিরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহিম মেম্বার বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, নির্বাচনি মহাসমাবেশে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দুর্নীতির বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে বলেছিলেন, বিএনপি ক্ষমতায় গেলে দলের কেউ সন্ত্রাস-চাঁদাবাজিতে জড়িত থাকলে ছাড় দেওয়া হবে না। যেকোনো মূল্যে দুর্নীতি প্রতিরোধ করা হবে এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর নির্বাচনি ওয়াদা রক্ষায় কাজ শুরু করেছেন। তাঁরা বলছেন, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বিশেষ করে চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থানের কারণে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। নতুন সরকারের অগ্রাধিকারমূলক কর্মপরিকল্পনার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উঠে এসেছে সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূল করে একটি নিরাপদ ও স্থিতিশীল সমাজ প্রতিষ্ঠা করা। কোনো ব্যক্তি, সে যে দলেরই হোক না কেন দলীয় পরিচয় ব্যবহার করে সন্ত্রাস বা চাঁদাবাজিতে জড়িত থাকলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তাকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে। এ নীতির মাধ্যমে রাজনৈতিক প্রভাবমুক্ত আইনশৃঙ্খলা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে নতুন সরকার। অতীতে রাজনৈতিক ছত্রছায়ায় অপরাধের যে সংস্কৃতি তৈরি হয়েছে, তা সম্পূর্ণভাবে বন্ধ করা হবে। এজন্য দলীয় পর্যায়ে মনিটরিংব্যবস্থা জোরদার করা হবে। অভিযোগ পেলে দ্রুত তদন্ত করা হবে। অপরাধ প্রমাণিত হলে দল থেকে বহিষ্কার করা হবে। প্রশাসনকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া হবে। নতুন সরকারের লক্ষ্য একটি এমন বাংলাদেশ গড়ে তোলা যেখানে সাধারণ মানুষ নিরাপদে জীবনযাপন করতে পারবে। ব্যবসায়ীরা চাঁদাবাজির ভয় ছাড়াই ব্যবসা পরিচালনা করতে পারবেন। রাজনৈতিক পরিচয় অপরাধের ঢাল হিসেবে ব্যবহৃত হবে না। দীর্ঘদিনের নানান অভিযোগ ও অনিয়মের পর মানুষ একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও নিরাপদ রাষ্ট্রব্যবস্থা চায়।

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষার অধিকারের জন্য জীবন উৎসর্গ করা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার রাত ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।  শ্রদ্ধা নিবেদনের পর ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাতে শরিক হন প্রধানমন্ত্রীসহ শহীদ মিনারে জড়ো হওয়া হাজারো মানুষ। মোনাজাত শেষে মন্ত্রিসভার সদস্য ও নিজ উপদেষ্টাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এরপর শ্রদ্ধা জানান বিএনপির নেতারা।