একুশ মানে নিজের ভাষাকে ভালোবাসার প্রতিজ্ঞা’

একুশ মানে নিজের ভাষাকে ভালোবাসার প্রতিজ্ঞা’ রক্তস্নাত ঐতিহাসিক ২১ ফেব্রুয়ারি আজ। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিনে বাঙালি জাতি বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছে সেইসব বীর সন্তানদের, যারা মাতৃভাষার মর্যাদা রক্ষায় ১৯৫২ সালের এই দিনে অকাতরে প্রাণ বিলিয়ে দিয়েছিলেন। শোক, অহংকার আর গৌরবের এই দিনে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন দুই বাংলার জনপ্রিয় ও নন্দিত অভিনেত্রী জয়া আহসান। শহীদ দিবস উপলক্ষে সামাজিক মাধ্যম ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন তিনি; যেখানে বায়ান্নর ভাষা শহীদদের আত্মত্যাগ এবং বাংলা ভাষার প্রতি তার অকৃত্রিম ভালোবাসার কথা ফুটে উঠেছে। জয়া আহসান লেখেন, ২১শে ফেব্রুয়ারি। এই দিনটা এলে ভোরের আলোটাও যেন একটু নরম হয়, বাতাসে ভেসে আসে অদ্ভুত এক শোক আর গর্বের মিশ্র গন্ধ। মনে হয়, মাটির খুব গভীর থেকে কেউ ফিসফিস করে বলছে, ‘ভাষাকে ভালোবাসো। এই অভিনেত্রী আরও লেখেন, ভাষা তো শুধু উচ্চারণ নয়। ভাষা মানে মায়ের আঁচলের গন্ধ, শৈশবের প্রথম ছড়া, প্রথম ভালোবাসার স্বীকারোক্তি। সেই ভাষাকে বাঁচিয়ে রাখতে ১৯৫২’র তরুণেরা বুক চিতিয়ে দাঁড়িয়েছিল। গুলির শব্দের সামনে তারা ভয়কে ছোট করে দেখেছিল। কারণ তাদের কাছে বাংলা ছিল শ্বাসের মতো; থামানো যায় না, থামানো উচিতও নয়। ভাষা শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে জয়া তার পোস্টে উল্লেখ করেন, সালাম, বরকত, রফিক, জব্বার; এই নামগুলো উচ্চারণ করলেই বুকের ভেতর কেমন হাহাকার জেগে ওঠে। তারা তো শুধু শহীদ নন; তারা আমাদের প্রতিটি ‘মা’ শব্দের ভেতরে লুকিয়ে থাকা সাহস। জয়া লেখেন, আজ আমরা সহজে বাংলায় লিখি, কথা বলি, মনের কথা প্রকাশ করি। অথচ এই সহজতার পেছনে কতটা রক্ত, কতটা অশ্রু, কতটা অসমাপ্ত স্বপ্ন লুকিয়ে আছে একুশ মানে মাথা নত করে দাঁড়ানো। একুশ মানে ভেতর থেকে শক্ত হয়ে ওঠা। একুশ মানে নিজের ভাষাকে ভালোবাসার প্রতিজ্ঞা। শেষে জয়া লেখেন, আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, তোমাদের ঋণ আমরা কখনো শোধ করতে পারব না, শুধু হৃদয়ে বহন করে যাব চিরকাল।
প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী

প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী ছুটির দিনে প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারি কাজের গতিশীলতা বাড়ানোর লক্ষ্যে সপ্তাহের ছুটির দিন শনিবারেও অফিস করার ঘোষণা দিয়েছিলেন তিনি। সেই ঘোষণা বাস্তবায়ন করতে শপথ নেওয়ার পর প্রথমবারের মতো শনিবার তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) অফিস করেন তিনি। এর আগে ১৯ ফেব্রুয়ারি এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সরকারি কার্যক্রম দ্রুত করতে সপ্তাহের ছুটির দিনেও অফিস করার সিদ্ধান্ত জানানো হয়েছিল। সেই সিদ্ধান্ত বাস্তবায়নের মধ্য দিয়েই আজকের এই অফিস যাত্রা। শনিবার সকাল ১০টা ১০ মিনিটে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করতে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কার্যালয়ে মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। প্রধানমন্ত্রী নিজের কার্যালয়ের মূল ভবনে প্রবেশের আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকারের সময় দায়িত্বপালনকারী কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান কার্যালয়ের পুরনো অনেক কর্মকর্তা ও কর্মচারীর নাম ধরে কাছে ডেকে কথা বলেন। এসময় সংশ্লিষ্টরা কিছুক্ষণের জন্য ভুলে যান তারা দেশের প্রধানমন্ত্রীকে এতো কাছাকাছি পেয়েছেন। এদিকে, প্রধানমন্ত্রী একটি স্বর্ণচাঁপা ফুলের চারা কার্যালয় চত্বরে রোপন করেন এবং মহান আল্লাহপাকের কাছে শুকরিয়া আদায় করে বিশেষ মোনাজাত করেন। এসময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে ডাক টিকিট উন্মোচন করেন। উল্লেখ্য, গত মঙ্গলবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তারেক রহমান। এর আগে এই কার্যালয়েই ১৯৯১ ও ২০০১ মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তার মা বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন পর তার ছেলে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে একই কার্যালয়ে দাফতরিক কার্যক্রম শুরু করলেন।
হাসপাতাল থেকে বাসায় ফিরলেন তানিয়া বৃষ্টি

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন তানিয়া বৃষ্টি ব্রেন টিউমারের সফল অস্ত্রোপচারের পর অবশেষে বাসায় ফিরেছেন জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। গেল রোববার রাজধানীর একটি হাসপাতালে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখার পর বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) চিকিৎসকরা তাকে ছাড়পত্র দেন। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা সকাল আহমেদ। তিনি জানান, হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর এখন বাসায় বিশ্রামে আছেন অভিনেত্রী।এর আগে গত ১৪ ফেব্রুয়ারি নিজের অসুস্থতার খবর সামাজিকমাধ্যমে জানান তানিয়া বৃষ্টি। হাসপাতালে বসে তোলা একটি ছবি শেয়ার করে তিনি লিখেছিলেন, পরদিন তার মাথায় অস্ত্রোপচার হবে এবং সবার কাছে দোয়া চেয়েছিলেন। এদিকে তার শারীরিক অবস্থার কথা বিবেচনায় নিয়ে একটি বিবৃতিতে অনুরোধ জানানো হয়েছে, আপাতত কাজ বা শুটিং সংক্রান্ত বিষয়ে যোগাযোগ না করতে। সম্পূর্ণ বিশ্রাম ও চিকিৎসার প্রয়োজন বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তানিয়া বৃষ্টির পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সুস্থ হয়ে উঠলে তিনি নিজেই সবার সঙ্গে যোগাযোগ করবেন।
জাইমা রহমানের প্রশংসা করলেন তানজিন তিশা

জাইমা রহমানের প্রশংসা করলেন তানজিন তিশা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমানের প্রশংসা করেছেন অভিনেত্রী তানজিন তিশা। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে জাইমা রহমানকে নিয়ে অভিব্যক্তি প্রকাশ করেন এই অভিনেত্রী। জাইমা রহমানকে মাটির মানুষ আখ্যা দিয়ে তিশা লেখেন, ‘বিদেশে বেড়ে উঠলেও তিনি আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যকে অত্যন্ত সৌন্দর্য, মর্যাদা ও গর্বের সঙ্গে ধারণ করেন।’ তিনি আরো বলেন, ‘কেউ যেখানে বেড়ে উঠুক না কেন, নিজের শিকড়কে এভাবে দৃঢ়ভাবে ধারণ করতে দেখা সত্যিই অনুপ্রেরণাদায়ক।
কেন বলিউড ছাড়তে বাধ্য হয়েছিলেন, জানালেন প্রিয়াঙ্কা

কেন বলিউড ছাড়তে বাধ্য হয়েছিলেন, জানালেন প্রিয়াঙ্কা বলিউড ছেড়ে হলিউডে পাড়ি দেওয়া নিয়ে বহু বছর ধরেই নানা জল্পনা ছিল। অনেকেই ভেবেছেন, এটি ছিল তাঁর স্বেচ্ছায় নেওয়া সিদ্ধান্ত। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের সেই যাত্রাপথ নিয়ে খোলামেলা কথা বলেছেন প্রিয়াঙ্কা চোপড়া। অভিনেত্রীর ভাষ্য, “আমার মনে হয় না, আমি কখনো বলিউড ছেড়ে যেতে চেয়েছি। তবে তখনকার সময়ে হিন্দি চলচ্চিত্রে নিজের কাজের পরিসরকে বেশ সীমিত মনে হয়েছিল তাঁর। এই প্রসঙ্গে তিনি বলেন, “এখানে আমার নিজের কাজের জায়গাটা খুবই সীমিত মনে হতো। বেশ কিছু কারণ ছিল। আমি নিজের পরিসর বৃদ্ধি করতে চেয়েছিলাম। শিল্পী হিসাবে আমাকে উত্তেজিত করতে পারে এমন কাজের সুযোগের জন্য মুখিয়ে ছিলাম।”নতুন সম্ভাবনার খোঁজই শেষ পর্যন্ত তাঁকে যুক্তরাষ্ট্রে কাজের দিকে টেনে নেয়। অভিনেত্রী জানান, “এই ভাবেই আমি আমেরিকায় কাজ করতে পৌঁছে যাই।”পেছনে ফিরে তাকালে এই পথচলাকে মোটেই সহজ মনে করেন না তিনি। দীর্ঘ সময় পর নিজের আন্তর্জাতিক যাত্রাকে চ্যালেঞ্জে ভরা বলেই মনে করেন প্রিয়াঙ্কা। এদিকে বহুদিন পর আবার ভারতীয় ছবিতে কাজ করতে যাচ্ছেন তিনি। যদিও তা বলিউডে নয়, বরং দক্ষিণ ভারতীয় সিনেমা ‘বারাণসী’-র মাধ্যমে। এই প্রসঙ্গে তাঁর মন্তব্য, “আমি ভারতীয় ছবি পছন্দ করি। ‘বারাণসী’তে কাজ করে আমি খুশি। বলিউড না দক্ষিণী সিনেমা— কোনটি বেছে নেবেন, এমন প্রশ্নের জবাবে তাঁর অবস্থান স্পষ্ট। বললেন, “আমি দুটোর মধ্যে একটিকে বেছে নিতে পারবই না। আমার দুই জায়গাতেই কাজ করতে ভালো লাগে।”
শহিদকে ‘সেরা’ বললেন হৃতিক, পছন্দ হলো না নেটিজেনদের

শহিদকে ‘সেরা’ বললেন হৃতিক, পছন্দ হলো না নেটিজেনদের সম্প্রতি শহিদ কাপুরের নতুন কাজ ‘ও রোমিও’ দেখে সোশ্যাল মিডিয়ায় তার প্রশংসা করেছেন হৃতিক রোশন। তবে এই প্রশংসা হৃতিকের জন্য কিছুটা উল্টো ফল বয়ে এনেছে। হৃতিক রোশন এক্স-এ (সাবেক টুইটার) লিখেছেন যে, শহিদ কাপুর এই ধরনের কমেডি বা ঘরানার অভিনয়ে সেরা। বিশেষ করে ছবির একটি অ্যাকশন দৃশ্যের (রানিং ইন সার্কেল) তিনি খুব প্রশংসা করেন এবং সবাইকে সিনেমাটি হলে গিয়ে দেখার অনুরোধ জানান। জবাবে শহিদ কাপুরও বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি জানান, কলেজের দিনগুলোতে হৃতিকের অভিষেক দেখে তিনি মুগ্ধ হয়েছিলেন এবং হৃতিকের কাছ থেকে এমন প্রশংসা পাওয়া তার কাছে অনেক বড় ব্যাপার। হৃতিকের এই ভালো লাগাটা ইন্টারনেটে অনেকেই ইতিবাচকভাবে নেননি। কারণ হলো, এর আগে হৃতিক যখন ‘ধুরন্ধর’ সিনেমাটির সমালোচনা করেছিলেন, তখন তাকে নিয়ে ট্রোল হয়েছিল। এবার অতিরিক্ত প্রশংসা করায় নেটিজেনরা তাকে নিয়ে মজা করছেন। অনেক সাধারণ দর্শক হয়তো সিনেমাটি হৃতিকের মতো অতটা পছন্দ করেননি, তাই তারা মন্তব্য বিভাগে তাকে ট্রোল করা শুরু করেছেন। সূত্র : এনডিটিভি
এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়া গেলেন নান্দাইলের ৩ কন্যা

এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়া গেলেন নান্দাইলের ৩ কন্যা ময়মনসিংহের নান্দাইলের হতদরিদ্র পরিবারের তিন কন্যা আজ নিজ দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মঞ্চে নিজেদের প্রতিভার আলো ছড়াচ্ছেন। জাতীয় নারী ফুটবল দলের হয়ে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১১টা ৫০ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন আফঈদা খন্দকার-ঋতুপর্ণা চাকমাদের সঙ্গে। সেখানে আগামী ১ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত তিন শহরে অনুষ্ঠিত হবে এশিয়ান নারী ফুটবলের সর্বোচ্চ আসর। জানা যায়, বাংলাদেশের ক্রীড়াঙ্গনের ইতিহাসে নতুন এক সোনালি অধ্যায়ের সূচনা করে প্রথমবারের মতো এশিয়ার সর্বোচ্চ মঞ্চে লড়াই করতে গেল বাংলাদেশ নারী ফুটবল দল। আর এই দলে রয়েছে ময়মনসিংহের নান্দাইলের তিন কন্যা। অভিজ্ঞতা ও অর্জনে বাংলাদেশের সঙ্গে চীন, কোরিয়া ও উজবেকিস্তানের পার্থক্যটা যোজন যোজন। তবুও ভালো খেলার প্রত্যয় নিয়ে শিষ্যদের নিয়ে রওনা হয়েছেন কোচ পিটার বাটলার। ৩ মার্চ বাংলাদেশের প্রতিপক্ষ ৯ বারের চ্যাম্পিয়ন চীন। ৬ মার্চ দ্বিতীয় ম্যাচে তিনবারের শিরোপাজয়ী উত্তর কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। ৯ মার্চ প্রতিপক্ষ পাঁচবার এশিয়ান কাপ খেলা উজবেকিস্তান। ২৬ সদস্যের দলে রয়েছেন- নান্দাইলের নারী ফুটবল দলের রত্ম গোলরক্ষক মিলি আক্তার, স্ট্রাইকার হালিমা আক্তার ও মীডফিল্ড সৌরভী আকন্দ প্রীতি। বাছাই পর্বে এই জন ব্যাপক ভূমিকা রেখেছিলেন। তাদের বাড়ি তিনটি ভিন্ন ইউনিয়নে। চন্ডীপাশা ইউনিয়নের বারুইগ্রাম গ্রামের কলা বিক্রেতা মো. সামছুল হকের মেয়ে মিলি আক্তার এই দলের দ্বিতীয় গোলরক্ষক। অথচ সেই ঘর থেকেই উঠে এসে মিলি এখন জাতীয় গর্ব। ২০২২ সালের সাফ নারী চ্যাম্পিয়নশিপের পর আলোচনায় আসেন তিনি। এরপর বাংলাদেশ সেনাবাহিনী দলে সুযোগ পেয়ে চাকরিও পান। তার পারফরম্যান্সে চলতি এশিয়ান কাপ বাছাইপর্বেও দলে জায়গা পাকাপোক্ত করে নিয়েছেন। অপর দিকে জাহাঙ্গীরপুর ইউনিয়নের বারঘরিয়া গ্রামের মেয়ে প্রীতি মিডফিল্ডে খেলেন। বাবা আবুল কালাম আকন্দ একজন হতদরিদ্র কৃষক। ২০১৮ সালে বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টে তার নেতৃত্বে চ্যাম্পিয়ন হয় নান্দাইলের পাঁচরুখি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এরপর অনূর্ধ্ব-১৫, ১৭, ১৯ ও সর্বশেষ জাতীয় দলে জায়গা পান। অনূর্ধ্ব-১৫ সাফে হ্যাটট্রিকসহ ৪ গোল করে তাক লাগান। ২০২৩ সালে সিঙ্গাপুরে এশিয়ান বাছাইপর্বে ছিলেন অপ্রতিরোধ্য। শেরপুর ইউনিয়নের রাজাবাড়িয়া গ্রামের মেয়ে হালিমা আক্তার। বাবা দুলাল মিয়া একজন হতদরিদ্র মানুষ। তিন বোনের মধ্যে হালিমা দ্বিতীয়। ছোট বোন পান্নাও স্থানীয় পর্যায়ের একজন পরিচিত ফুটবলার। হালিমা ২০১৯ সালে অনূর্ধ্ব-১৯ নারী ফুটবলে চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন। এর বাইরে ভুটান, জর্ডান ও দুবাইয়ে আন্তর্জাতিক ম্যাচে খেলেছেন। জাতীয় দলে সুযোগ পেয়েই মধ্যমাঠে নজরকাড়া পারফরম্যান্স করছেন।
‘বিশ্বকাপ না খেলায় বাংলাদেশের ২ ক্রিকেটার কোমায় চলে গিয়েছিল’

‘বিশ্বকাপ না খেলায় বাংলাদেশের ২ ক্রিকেটার কোমায় চলে গিয়েছিল’ নিরাপত্তাজনিত কারণে ভারতের মাটিতে খেলতে যেতে অস্বীকৃতি জানানোর কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপে নেই বাংলাদেশ দল। এ নিয়ে নতুন করে আলোচনা উসকে দিলেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। বিশ্বকাপ খেলতে না পারার সেই কষ্ট নিয়ে এবার মুখ খুললেন মোহাম্মদ সালাউদ্দিন। শুক্রবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সালাউদ্দিন বলেন, ‘কলকাতা ও শ্রীলঙ্কাতে খেলা দেখার পরে মনে হলো যে উইকেটটা হয়তো আমাদের জন্য অনেক দারুণ হতো। আমরা হয়তো এই উইকেটে ভালো করতে পারতাম। খেলা যেরকম মান হচ্ছে সে অনুযায়ী আমার কাছে মনে হচ্ছে যে এখানে আমাদের ভালো করার অনেক সুযোগ ছিল।’ তিনি আরো বলেন, ‘এখন আফসোস করে তো লাভ নাই। টি-টোয়েন্টি দল হিসেবে আমাদের দলটা অনেক গোছানো ছিল এবং এই বিশ্বকাপটা ঘিরে আমাদের অনেক স্বপ্ন ছিল। কিন্তু আমার মনে হয় যে উইকেটটাও আমাদের ফেভারে ছিল। সবদিক দিয়ে আমার মনে হয় যে আমাদের ভালো করার সুযোগ ছিল।’ দুই জন ক্রিকেটার বিশ্বকাপ খেলতে না পারায় কোমাতে চলে গিয়েছিল বলেও জানালেন সালাউদ্দিন, আমি তো জানি আমার দুইটা খেলোয়াড় প্রায় কোমাতে চলে গেছিল। পাঁচ দিন ধরে কোথায় যেন হারায় গিয়েছিল তারা। আমরা তাদের (অদম্য কাপ) টুর্নামেন্টে মাঠে ফিরিয়ে আনতে পেরেছি ওইটাই বেশি। এটা সবচেয়ে বড় সাফল্য আমার জীবনে। যে সে মাঠে আসছে এবং এসে আবার রান করেছে। সালাউদ্দিন বলেন, ‘একটা দলকে আপনি এক সেকেন্ডে নষ্ট করে দিয়েছেন। একটা মানুষ তো অনেক বছর ধরে স্বপ্ন দেখে একটা বিশ্বকাপ খেলার।
আজ শুরু সুপার এইটের লড়াই

আজ শুরু সুপার এইটের লড়াই টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দল ছিল অস্ট্রেলিয়া। অথচ তারাই বিদায় নিয়েছে গ্রুপ পর্ব থেকে। শুধু তা-ই নয়, চলতি বিশ্বকাপের গ্রুপ পর্বে বড় দলগুলোর চোখে চোখ রেখে দারুণ লড়াই করেছে ছোট দলগুলোও। জমজমাট সেই লড়াই শেষে এখন সবার নজর সুপার এইট পর্বে। সেরা আট দলের এই প্রতিদ্বন্দ্বিতা শুরু হচ্ছে আজ। পাল্লেকেলেতে প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। গ্রুপ পর্বে দুই দলের পারফরম্যান্সেই ছিল ওঠানামা। ‘ডি’ গ্রুপ থেকে চার ম্যাচের তিনটিতে জয় পেয়ে সুপার এইটে ওঠে কিউইরা। একমাত্র হারটি ছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তবে জয় পাওয়া তিন ম্যাচেও নিজেদের সেরাটা খেলতে পারেনি নিউজিল্যান্ড। একই চিত্র ছিল পাকিস্তানের ক্ষেত্রেও। ‘এ’ গ্রুপ থেকে চার ম্যাচের তিনটিতে জয় পেলেও ভারতের বিপক্ষে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে নিজেদের মেলে ধরতে পারেনি দলটি। তাই আজ পাকিস্তান ও নিউজিল্যান্ড—দুই দলই খুঁজবে নিজেদের সেরা ছন্দ। সুপার এইট শুরু হওয়ার দিনে সেমিফাইনালে কোন চার দল জায়গা করে নেবে, তা নিয়েও চলছে আলোচনা। সুপার এইট পর্ব ভাগ করা হয়েছে দুটি গ্রুপে। গ্রুপ ১-এ রয়েছে ভারত, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে। এই গ্রুপে সবচেয়ে বড় চমক জিম্বাবুয়ে, অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেরা আটে উঠেছে তারা। জিম্বাবুয়ের দাপটেই গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে অস্ট্রেলিয়াকে। তবে পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির মনে করেন, এই গ্রুপ থেকে সেমিফাইনালে যেতে পারে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। সেরা চারের লড়াইয়ে ভারতের চেয়েও এই দুই দলকে এগিয়ে রাখছেন তিনি। আমিরের ব্যাখ্যা, ‘আপনি যদি তাদের (ভারত) ম্যাচগুলো দেখেন, পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি ছাড়া প্রায় সব ম্যাচেই ব্যাটিংয়ে ধস নেমেছে। সুপার এইটের ম্যাচগুলোতে চাপ আরো বাড়বে। দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ যেভাবে খেলছে, তারা যেকোনো দলকে হারাতে পারে।’ অন্যদিকে গ্রুপ-২ থেকে পাকিস্তান ও নিউজিল্যান্ডকে এগিয়ে রাখছেন আমির। এই গ্রুপের অন্য দুই দল হলো ইংল্যান্ড ও শ্রীলঙ্কা।
অবসরের কথা জানিয়ে দিলেন নেইমার

অবসরের কথা জানিয়ে দিলেন নেইমার ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের ভবিষ্যৎ নিয়ে আবারও শুরু হয়েছে তুমুল আলোচনা। বর্তমানে সান্তোসে খেলা এই তারকা জানিয়েছেন, চলতি বছরের শেষেই তিনি ফুটবল থেকে অবসর নেওয়ার কথা ভাবতে পারেন। সাম্প্রতিক বছরগুলোতে চোট-আঘাত তার ক্যারিয়ারে বড় ধাক্কা দিয়েছে। হাঁটুর অস্ত্রোপচারের পর দীর্ঘ সময় মাঠের বাইরে থাকার পর সম্প্রতি তিনি আবার ফিরেছেন। তবে নিজের ভবিষ্যৎ নিয়ে তার বক্তব্য নতুন করে জল্পনা তৈরি করেছে। ২০১৭ সালে বার্সেলোনা থেকে পিএসজিতে তার ২০০ মিলিয়ন পাউন্ডের ট্রান্সফার এখনো পর্যন্ত ফুটবল ইতিহাসের সর্বোচ্চ ফি হিসেবে বিবেচিত। তবে পিএসজি অধ্যায়ের পর চোট-সংকট তাকে ধারাবাহিকভাবে মাঠের বাইরে রেখেছে। ২০২৫ সালের জানুয়ারিতে সৌদি ক্লাব আল হিলাল ছেড়ে শৈশবের ক্লাব সান্তোসে ফেরেন নেইমার। চুক্তির মেয়াদ ২০২৬ সালের শেষ পর্যন্ত বাড়ালেও হাঁটুর অস্ত্রোপচারের কারণে তিনি মৌসুমের শুরু মিস করেন। গত সপ্তাহে তিনি পুনর্বাসন শেষে মাঠে ফেরেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি জানি না সামনে কী হবে। ডিসেম্বর এলে হয়তো অবসর নেওয়ার সিদ্ধান্ত নিতে পারি। সবকিছু নির্ভর করবে আমার মন কী বলে তার ওপর। এখন থেকে দিন ধরে, ধাপে ধাপে এগোব।’ তার এই মন্তব্যে জোরাল হয়েছে জল্পনা—২০২৬, কিংবা চলতি বছরের শেষেই কি পেশাদার ক্যারিয়ারের ইতি টানবেন নেইমার? জাতীয় দলের হয়ে ৭৯ গোল করে ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা নেইমার। তিনি কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে এই রেকর্ড গড়েন। তবে সর্বশেষ ২০২৩ সালের অক্টোবরে জাতীয় দলের জার্সিতে মাঠে নামেন তিনি। বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিল দলে জায়গা করে নেওয়া তার জন্য বড় চ্যালেঞ্জ হবে বলেও স্বীকার করেছেন নেইমার। ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তির অধীনে দলে ফিরতে কঠোর পরিশ্রম করছেন এই ফরোয়ার্ড। নেইমার বলেন, ‘এই বছরটি আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। শুধু সান্তোস নয়, ব্রাজিল জাতীয় দলের জন্যও এটি বিশ্বকাপের বছর। আমি নিজের সেরাটা দিতে চাই।’