সাভার স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সাভার স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে একাত্তরের মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন দেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বেলা ১১টার দিকে এই শ্রদ্ধা জানান তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেছেন তারেক রহমান। এরপর মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে আবারও স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেল ৩টার দিকে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মন্ত্রিসভার বৈঠকের মধ্যদিয়ে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান প্রথমবারের মতো সচিবালয়ে তার নির্ধারিত দপ্তরে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছেন। গত এক দশকেরও বেশি সময় ধরে মন্ত্রিসভা ও সচিবদের প্রায় সব বৈঠকই প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়ে আসছিল। এর আগে গতকাল বিকেলে নতুন সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ গ্রহণ করেন। রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হয়।

সক্রিয় থাকলেও ‘চিফ অ্যাডভাইজার’ ফেসবুক পেজ’র কার্যক্রম বন্ধ

সক্রিয় থাকলেও ‘চিফ অ্যাডভাইজার’ ফেসবুক পেজ’র কার্যক্রম বন্ধ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিসিয়াল ‘চিফ অ্যাডভাইজার’ পেজটি সক্রিয় থাকছে। তবে এই পেজের নিয়মিত কার্যক্রম বন্ধ থাকবে যেহেতু প্রধান উপদেষ্টার কার্যালয়ের সকল কার্যক্রম সমাপ্ত হয়েছে। আজ বিকেলে একটি পোস্টের মাধ্যমে এ বিষয়ে জানানো হয়। পোস্টে বলা হয়েছে- ভুল বোঝাবুঝি দূর করার জন্য আগের ঘোষণাটি স্পষ্ট করা হচ্ছে। বাংলাদেশের এক ঐতিহাসিক সময়ের দলিল হিসেবে এই পেইজটি যথারীতি থেকে যাবে, এর সকল কনটেন্ট সকল সময় অ‍্যাকসেসিবল থাকবে। শুধুমাত্র এই পেজের নিয়মিত কার্যক্রম বন্ধ থাকবে যেহেতু প্রধান উপদেষ্টার কার্যালয়ের সকল কার্যক্রম সমাপ্ত হয়েছে। To avoid any misunderstanding, the earlier announcement is being clarified further. This page will remain live as a document of a historic period in Bangladesh. All of its contents will remain accessible. Only the regular activities of this page will be discontinued. এর আগে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিসিয়াল ‘চিফ অ্যাডভাইজার’ পেজটি আর সক্রিয় থাকবে না বলে বুধবার সকাল ১০টা ৫৫ মিনিটে পেজটি থেকে একটি পোস্টের মাধ্যমে এ বিষয়ে জানানো হয়। সেই পোস্টে বলা হয়- গত ১৮ মাস সময়কাল জুড়ে সকলের সহায়তা, আগ্রহ ও অংশগ্রহণের জন্য আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের সমর্থন, সহযোগিতা, সমালোচনা আমাদের যাত্রাকে আরও মূল্যবান ও সমৃদ্ধ করেছে। উল্লেখ্য, ২০২৪ সালের ৮ আগস্ট রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয় আর প্রধান উপদেষ্টা হন অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তারপর অফিশিয়াল পেইজটি থেকে নিয়মিত অন্তর্বর্তী সরকারের বিবৃতি থেকে শুরু করে সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে পোস্ট দেওয়া হতো। এছাড়া পেজটি থেকে বিভিন্ন বিষয়ে জনগণকে অবহিত করতেন প্রধান উপদেষ্টা।

জুলাই জাতীয় সনদের বৈধতা চ্যালেঞ্জ করে হাই কোর্টে রিট

জুলাই জাতীয় সনদের বৈধতা চ্যালেঞ্জ করে হাই কোর্টে রিট জুলাই জাতীয় সনদের বৈধতা চ্যালেঞ্জ করে হাই কোর্টে রিট করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। জুলাই জাতীয় সনদ অবৈধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণার নির্দেশনা চাওয়া হয়েছে এই রিটে। একই সঙ্গে এই সনদের কার্যকারিতা স্থগিত চাওয়া হয়েছে। আজ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ জনস্বার্থে এ রিট দায়ের করেন। রিটে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, জাতীয় ঐক্যমত কমিশন, প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। আগামী সপ্তাহে রিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাই কোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে বলে জানান আইনজীবী।

সন্ধ্যায় জাতির উদ্দেশে প্রথম ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

সন্ধ্যায় জাতির উদ্দেশে প্রথম ভাষণ দেবেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তাঁর প্রথম জাতীয় ভাষণ। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায়  তিনি ভাষণ দেবেন। ভাষণটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) সরাসরি সম্প্রচার করবে। পাশাপাশি, দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেলকে বিটিভি থেকে ভাষণটি একযোগে সম্প্রচারের জন্য অনুরোধ জানানো হয়েছে বলে বাসস জানায়।  এর আগে আজ সকালে সাভার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে প্রথম কর্মদিবস শুরু করেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী। শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী স্মৃতিসৌধে সংরক্ষিত দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন এবং বৃক্ষরোপণ করেন। সকাল ১০টায় সাভারের উদ্দেশ্যে যাত্রা করেন প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা। তাদের আগমন উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় নেওয়া হয় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। এরপর দুপুর ১২টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তাদের বড় ছেলে এবং দেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় উপস্থিত ছিলেন  নবগঠিত মন্ত্রিপরিষদের সদস্যরা।  শ্রদ্ধা নিবেদন শেষে দুপুরে সচিবালয়ে যাবেন প্রধানমন্ত্রী এবং নির্ধারিত কার্যালয়ে প্রথমবারের মতো অফিস করবেন তিনি। প্রথমে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হবেন এবং একটি সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। এরপর বিকেল ৩টায় নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে একটি বিশেষ বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী।  গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিজয়ী হয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় বিএনপি। প্রায় দুই দশক পর দলটি সরকার গঠন করে এবং প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হন তারেক রহমান। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন।