জিতলে সুপার এইট, হারলেই বিদায় পাকিস্তানের

জিতলে সুপার এইট, হারলেই বিদায় পাকিস্তানের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে হারের মুখ থেকে ঘুরে দাঁড়িয়ে জয়, এরপর যুক্তরাষ্ট্রকে হারানো, তবে সবশেষে ভারতের কাছে অসহায় আত্মসমর্পণ। এমন ওঠানামার মধ্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের সুপার এইটে ওঠার ভাগ্য এখন ঝুলে আছে শেষ ম্যাচের ওপর। কলম্বোর কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) মাঠে আজ বিকেলে নামিবিয়ার মুখোমুখি হবে পাকিস্তান। গ্রুপ ‘এ’-তে এটিই তাদের শেষ ম্যাচ। সুপার এইট নিশ্চিত করতে হলে এই ম্যাচে অন্তত পরাজয় এড়াতেই হবে সালমান আলি আগার দলকে। এখন পর্যন্ত তিন ম্যাচের সবকটি জিতে গ্রুপ ‘এ’ থেকে সুপার এইট নিশ্চিত করেছে ভারত। দ্বিতীয় দল হিসেবে শেষ আটে ওঠার লড়াইয়ে রয়েছে পাকিস্তান ও যুক্তরাষ্ট্র। চার ম্যাচে দুই জয় নিয়ে আপাতত পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্র। সমান দুই জয় থাকলেও তিন ম্যাচ খেলা পাকিস্তান নেট রান রেটে পিছিয়ে থাকায় রয়েছে তৃতীয় স্থানে। এ অবস্থায় নামিবিয়ার বিপক্ষে জয় পেলেই যুক্তরাষ্ট্রকে টপকে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সুপার এইটের টিকিট নিশ্চিত করবে পাকিস্তান। তবে হারলে পরিস্থিতি হবে ভিন্ন। নেট রান রেটে আগে থেকেই পিছিয়ে থাকায় পরাজয় আরও বড় ধাক্কা দেবে তাদের সম্ভাবনায়। সেক্ষেত্রে তিন নম্বরেই থেকে বিদায় নিতে হবে। কাগজে-কলমে শক্তির বিচারে নামিবিয়ার চেয়ে এগিয়ে পাকিস্তান। তবে আগের বিশ্বকাপে সহযোগী সদস্য দেশের বিপক্ষে হারের অভিজ্ঞতা তাদের সতর্ক রাখবে নিশ্চিতভাবেই। তাই মাইক হেসনের দল এই ম্যাচে বাড়তি মনোযোগ নিয়েই নামবে। সুপার এইটের লড়াই সামনে রেখে একাদশে পরিবর্তন আনতে পারে পাকিস্তান। বাবর আজম, শাদাব খান ও শাহিন শাহ আফ্রিদি বাদ পড়তে পারেন। সুযোগ পেতে পারেন খাওয়াজা নাফে, ফাখার জামান ও নাসিম শাহ। পাকিস্তানের সম্ভাব্য একাদশ সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান আলি আগা (অধিনায়ক), বাবর আজম অথবা খাওয়াজা নাফে, শাদাব খান অথবা ফাখার জামান, উসমান খান (উইকেটরক্ষক), মোহাম্মদ নাওয়াজ, সালমান মির্জা, নাসিম শাহ, উসমান তারিক, আবরার আহমেদ। নামিবিয়ার সম্ভাব্য একাদশ ইয়ান ফ্রাইলিংক, লরেন স্টিনকেম্প, ইয়ান নিকোল লফটি-ইটোন, গেরহার্ড এরাসমাস (অধিনায়ক), জেজে স্মিট, জেন গ্রিন (উইকেটরক্ষক), ডায়লান লেচার, রুবেন ট্রাম্পলম্যান, উইলেম মাইবার্গ, বার্নার্ড স্কোলজ, জ্যাক ব্রাসেল।
হ্যাটট্রিক জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাঘিনীরা

হ্যাটট্রিক জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাঘিনীরা শ্রীলঙ্কা ও থাইল্যান্ডের পর এবার মালয়েশিয়াকে হারিয়ে হ্যাটট্রিক জয় তুলে নিয়েছে বাংলাদেশ নারী ‘এ’ দল। ব্যাংককে এশিয়া কাপ রাইজিং স্টার্সের ম্যাচে মালয়েশিয়াকে ৯০ রানে হারিয়েছে ফাহিমা খাতুনের দল। ম্যাচ সেরা হয়েছেন লতা মণ্ডল। টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫১ রান জড়ো করে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৪৮ রান করেন লতা মণ্ডল। পাঁচ নম্বরে নেমে ৪৪ বল মোকাবেলা করে হাঁকান চারটি চার। এছাড়া অধিনায়ক ফাহিমা খাতুন ২৪ বলে করেন ২৯ রান। ২৫ বলে ৩০ রান আসে শারমিন সুলতানার ব্যাট থেকে। ১১ বলে ১৯ রান করেন সাদিয়া আক্তার। এছাড়া ১১ বলে ১৪ রান করেন রুবিয়া হায়দার। জবাব দিতে নেমে মালয়েশিয়ার নারীরা শুরু থেকেই ছিলেন চাপে। মালয়েশিয়া ‘এ’ দলের পক্ষে দুই অঙ্কের দেখা পেয়েছেন শুধু নূর আরিয়ান্না নাতসিয়া। ২৪ বল খেলে ২২ রান করে তিনি থাকেন অপরাজিত। এ ছাড়া বাকি সবাই থেমেছেন এক অঙ্কের ঘরে। শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ৬১ রান দাঁড়ায় মালয়েশিয়ার সংগ্রহ। বাঘিনীদের পক্ষে ফাতেমা জাহান তিনটি ও শরিফা খাতুন দুটি উইকেট পান। হ্যাটট্রিক জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া নারীরা আগামী ২০ ফেব্রুয়ারি সেমিফাইনালে লড়বে পাকিস্তানের বিপক্ষে।
স্বাস্থ্যখাতে সিন্ডিকেট-দুর্নীতি থাকবে না: সাখাওয়াত হোসেন

স্বাস্থ্যখাতে সিন্ডিকেট-দুর্নীতি থাকবে না: সাখাওয়াত হোসেন স্বাস্থ্যখাতে কোনো সিন্ডিকেট-দুর্নীতি থাকবে না বলে উল্লেখ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সরদার মো. সাখাওয়াত হোসেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে সচিবালয়ের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। বীর মুক্তিযোদ্ধা সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, আমি অবশ্যই স্বাস্থ্য খাতকে দুর্নীতিমুক্ত করবো, সেই কারণেই আমি এখানে। এ মন্ত্রণালয়ে কোনো সিন্ডিকেট থাকবে না। আমাদের কাজে সিন্ডিকেটের কোনো প্রভাব পড়বে না। আমরা কোনো সিন্ডিকেটের কবলে পড়বো না ইনশাআল্লাহ। স্বাস্থ্য খাতের অগ্রাধিকার প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, দুর্নীতির ব্যাপারে আপনাদের আশ্বস্ত করি, স্বাস্থ্য খাত দুর্নীতিমুক্ত হবে। এখানে কোনো দুর্নীতি এবং সিন্ডিকেট থাকবে না। আগামীদিনের পরিকল্পনা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, দুর্নীতিমুক্ত করব, স্বাস্থ্য সেবা উন্নত করব, মানুষের কাছে কীভাবে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়া যায় সেটা খুঁজে বের করবো। তিনি বলেন, আমি মনে করি প্রধানমন্ত্রী আমাকে একটি গুরু দায়িত্ব দিয়েছেন। আমি যেদিন ওনার সন্তুষ্টি অর্জন করতে পারব, যখন দেশের মানুষের সন্তুষ্টি অর্জন করতে পারব, সেদিন আমি আমার তৃপ্তি বুঝতে পারবো। নিজের চিকিৎসা দেশে করাবেন কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, কিছু হলেই বিদেশে যেতে হবে সেটা আমি বিশ্বাস করি না। দোয়া করবেন আমার যেন সেরকম কোনো রোগ না হয়। দোয়া করবেন আল্লাহ যেন কিছুদিন হায়াত দেন।
অপরাজিত থেকে সুপার এইটে দক্ষিণ আফ্রিকা

অপরাজিত থেকে সুপার এইটে দক্ষিণ আফ্রিকা গ্রুপ পর্বে উড়ন্ত পথচলা অব্যাহত রেখে আরেকটি জয় তুলে নিল দক্ষিণ আফ্রিকা। অপরাজিত থেকেই সুপার এইট নিশ্চিত করেছে গত বিশ্বকাপের রানার্স-আপরা। শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে সহজেই হারিয়েছে তারা। আজ দিল্লিতে দিনের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৬ উইকেটে হারায় দক্ষিণ আফ্রিকা। আগে ব্যাট করে আমিরাত ৬ উইকেটে তোলে ১২২ রান। জবাবে মাত্র ১৩.২ ওভারে লক্ষ্য ছুঁয়ে ফেলে প্রোটিয়ারা। ডি গ্রুপে চার ম্যাচের সবকটিতে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে চার ম্যাচে মাত্র এক জয় নিয়ে টুর্নামেন্ট শেষ করেছে আমিরাত। টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে ঝড় তোলেন আমিরাত অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম। তবে ১২ বলে ২২ রানের বেশি এগোতে পারেননি তিনি। এরপর ৫ চার ও ১ ছক্কায় ৩৮ বলে ৪৫ রান করেন আলিশান শরাফু। দলের আর কোনো ব্যাটার ১৫ রান ছুঁতে পারেননি। দক্ষিণ আফ্রিকার বোলাররা ছিলেন নিয়ন্ত্রিত। ৪ ওভারে মাত্র ১২ রান দিয়ে ৩ উইকেট নেন করবিন বশ। ১৭ রানে ২ উইকেট শিকার করেন জর্জ লিন্ডা। রান তাড়ায় বড় ইনিংস না খেলেও আগ্রাসী ব্যাটিংয়ে ম্যাচ একপেশে করে ফেলে দক্ষিণ আফ্রিকা। এইডেন মার্করাম ১১ বলে ২৮, রায়ান রিকেলটন ১৬ বলে ৩০ এবং ডেওয়াল্ড ব্রেভিস ২৫ বলে ৩৬ রান করেন। সুপার এইটে দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ হিসেবে অপেক্ষা করছে ভারত, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে।
আইজিপিকে প্রধানমন্ত্রীর নির্দেশ, তার চলাচলে যেন জনদুর্ভোগ না হয়

আইজিপিকে প্রধানমন্ত্রীর নির্দেশ, তার চলাচলে যেন জনদুর্ভোগ না হয় নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান তার চলাচলের সময় সড়কে জনসাধারণের যাতায়াতে যেন দুর্ভোগ না হয় সে বিষয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমকে কঠোর নির্দেশনা দিয়েছেন। আইজিপি নিজেই বুধবার (১৮ ফেব্রুয়ারি) বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তার চলাচলের কারণে যেন সাধারণ জনগণের যাতায়াতে কোনো ধরনের ভোগান্তি না হয়—সে বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছেন। ট্রাফিক ব্যবস্থা যেন স্বাভাবিক থাকে, সে বিষয়টি তিনি আমাকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। এদিকে আজ নতুন সরকারের প্রথম কর্মদিবস। এদিন ঢাকা মহানগরজুড়ে সড়কে সড়কে লক্ষ্য করা গেছে ট্রাফিক পুলিশের ব্যাপক তৎপরতা। রাজধানীর ব্যস্ত মোড়গুলোতে বাড়তি সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে দেখা যায় ট্রাফিক সদস্যদের। ঢাকার মৌচাক মোড়ে দায়িত্ব পালনরত ট্রাফিক পুলিশের এক কর্মকর্তা বলেন, আজ নতুন সরকারের প্রথম দিন। ট্রাফিক পুলিশ সব সময়ই সড়কে তৎপর থাকে, তবে একটি গণতান্ত্রিক সরকার দায়িত্ব নেওয়ার প্রথম দিনে বাড়তি তৎপরতা থাকা স্বাভাবিক। এছাড়া কড়া নির্দেশনা আছে। গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারেক রহমান। শ্রদ্ধা নিবেদনের পর তিনি আজ জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের মুক্তিযুদ্ধের মহান শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি রাজধানীর জিয়া উদ্যানে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতেও শ্রদ্ধা নিবেদন করেছেন। শ্রদ্ধা নিবেদন শেষ করে গন্তব্য যাওয়ার সময় সাধারণ মানুষের মতই সব গাড়ির সঙ্গে তার গাড়ি চলতে থাকে। একপর্যায়ে প্রধানমন্ত্রীর গাড়ি ও বহরে থাকা অন্যান্য গাড়ি নিয়ম অনুযায়ী ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে আবার চলাচল শুরু করে।
বিশ্বকাপজয়ী ওজিল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে

বিশ্বকাপজয়ী ওজিল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে জার্মানির বিশ্বকাপজয়ী ফুটবলার মেসুত ওজিল বাংলাদেশ সফরে এসেছেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ছেলে বিলাল এরদোয়ানের সফরসঙ্গী হিসেবে গতকাল ঢাকায় পৌঁছান তিনি। আগামীকাল কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করবেন এই তারকা ফুটবলার। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয় এবং তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থা (টিকা) যৌথভাবে এই সফরের আয়োজন করেছে। আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রতিনিধি দলটি রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে প্রথম রমজানের ইফতারে অংশ নেবে এবং ক্যাম্পের আবাসন, শিক্ষা ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা ঘুরে দেখবে। কর্মকর্তারা জানিয়েছেন, তুরস্কের সহায়তায় পরিচালিত নয়টি বিদ্যালয়ের মধ্যে অন্তত একটি বিদ্যালয় পরিদর্শনের সম্ভাবনা রয়েছে প্রতিনিধি দলের। রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার আগে ওজিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করেন। সেখানে তিনি শহীদ মর্তুজা মেডিকেল সেন্টারের একটি নতুন প্রকল্পের উদ্বোধন করবেন। তুর্কি সরকারের আওতাধীন টিকা প্রকল্পের মাধ্যমে শহীদ মর্তুজা মেডিকেল সেন্টারের উন্নয়নমূলক কাজে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সহায়তা দেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ পর্যন্ত এই প্রকল্পের আওতায় প্রায় ২ কোটি ৭৫ লাখ টাকা সহায়তা দেওয়া হয়েছে।
চীনা ব্যবসায়ীর সঙ্গে গোপন বৈঠক, ক্ষমতাচ্যুত পেরুর প্রেসিডেন্ট

চীনা ব্যবসায়ীর সঙ্গে গোপন বৈঠক, ক্ষমতাচ্যুত পেরুর প্রেসিডেন্ট চীনা ব্যবসায়ীদের সঙ্গে ‘অফিশিয়াল শিডিউলের’ বাইরে গোপন বৈঠকের জেরে অপসারিত হলেন পেরুর অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হোসে জেরি। ক্ষমতা গ্রহণের মাত্র চার মাসের মাথায় ১৭ ফেব্রুয়ারি দেশটির কংগ্রেস তাকে অভিশংসিত করে। গত বছর অক্টোবরে দিনা বোলুয়ার্তের অভিশংসনের পর জেরি দায়িত্ব গ্রহণ করেছিলেন, তবে তিনিও শেষ পর্যন্ত দুর্নীতির কলঙ্ক এড়াতে পারলেন না। ২০১৬ সালের পর থেকে তিনি দেশটির সপ্তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন, যা পেরুর ভঙ্গুর রাজনৈতিক পরিস্থিতিরই বহিঃপ্রকাশ। এই রাজনৈতিক কেলেঙ্কারিটি স্থানীয়ভাবে ‘চিফা-গেট’ নামে পরিচিতি পেয়েছে, যা মূলত চীনা ও পেরুভীয় ফিউশন খাবারের রেস্টুরেন্টকে কেন্দ্র করে গড়ে উঠেছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, প্রেসিডেন্ট জেরি গভীর রাতে হুডি পরে ব্যবসায়ী ঝিহুয়া ইয়াংয়ের রেস্টুরেন্টে গোপন বৈঠকে অংশ নিচ্ছেন। ইয়াং এমন একজন ব্যবসায়ী যিনি সরকারি নজরদারিতে ছিলেন এবং একটি বড় জ্বালানি প্রকল্পের রাষ্ট্রীয় সুবিধা ভোগ করছিলেন। আরও উদ্বেগের বিষয় হলো, ওই বৈঠকগুলোতে এমন এক চীনা নাগরিক উপস্থিত ছিলেন, যিনি অবৈধ কাঠ পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তখন গৃহবন্দী ছিলেন। পেরুর আইন অনুযায়ী প্রেসিডেন্টের প্রতিটি অফিশিয়াল কার্যক্রম নথিবদ্ধ করার কথা থাকলেও জেরি এই বৈঠকগুলোর কোনও তথ্যই প্রকাশ করেননি। ব্যবসায়ীদের সঙ্গে গোপন লেনদেনের পাশাপাশি জেরির বিরুদ্ধে আরও গুরুতর নৈতিক অভিযোগ উঠেছে। জানা গেছে, গভীর রাতে প্রেসিডেন্টের সরকারি প্রাসাদে কয়েকজন নারীর সঙ্গে সাক্ষাতের পর তাদের নামে বিভিন্ন সরকারি চুক্তি বরাদ্দ করা হয়েছিল। এসব ঘটনার জেরে অ্যাটর্নি জেনারেল তার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু করলে চারদিক থেকে চাপের মুখে পড়েন তিনি। যদিও জেরি এসব অভিযোগকে রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে আখ্যা দিয়ে ক্ষমা চেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত ৭৫-২৪ ভোটে কংগ্রেস তাকে অপসারণের সিদ্ধান্ত নেয়। আইনপ্রণেতা রুথ লুক বলেন, নাগরিকরা হুডি পরা নেতা কিংবা গোপন স্বার্থসিদ্ধির রাজনীতি আর দেখতে চায় না। আগামী এপ্রিলে পেরুর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে একটি স্থায়ী সরকার গঠনের স্বপ্ন দেখছে দেশটির মানুষ। হোসে জেরি ক্ষমতা গ্রহণের মাত্র এক সপ্তাহের মাথায় দেশটিতে দুর্নীতিবিরোধী আন্দোলনে একজন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছিলেন। বর্তমানে নতুন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য কংগ্রেসে ভোট গ্রহণের প্রস্তুতি চলছে। তবে বারবার নেতৃত্বের পরিবর্তন এবং দুর্নীতির পুনরাবৃত্তি পেরুর গণতান্ত্রিক স্থিতিশীলতাকে চরম ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে।
বিহারে মাছ-মাংস বিক্রিতে নতুন নিষেধাজ্ঞা

বিহারে মাছ-মাংস বিক্রিতে নতুন নিষেধাজ্ঞা ভারতের বিহারে প্রকাশ্যে মাছ ও মাংস বিক্রির ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সরকার। রাজ্যের উপমুখ্যমন্ত্রী বিজয়কুমার সিন্হা জানিয়েছেন, এখন থেকে খোলা জায়গায় আর মাছ বা মাংস বিক্রি করা যাবে না। এই নিয়ম কার্যকর হলে শুধুমাত্র লাইসেন্সধারী নির্দিষ্ট দোকানেই এসব পণ্য কেনাবেচা করা যাবে। সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, এই নতুন নিয়ম সবাইকে মানতে হবে এবং অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। যদিও এই নিয়ম কবে থেকে কার্যকর হবে বা নিয়ম ভাঙলে ঠিক কী শাস্তি দেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত এখনও জানানো হয়নি। এর আগে, ২০২৫ সালে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার ধর্মীয় স্থানের ৫০০ মিটারের মধ্যে মাংস বিক্রি নিষিদ্ধ করেছিল। উল্লেখ্য, বিহারে আগে থেকেই মদ বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ রয়েছে এবং এবার আমিষ জাতীয় পণ্য বিক্রির ক্ষেত্রেও নতুন এই নিষেধাজ্ঞার পথে হাঁটল রাজ্যটি।
জাপানে প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত হলেন তাকাইচি

জাপানে প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত হলেন তাকাইচি জাপানের পার্লামেন্টের নিম্নকক্ষের সাধারণ নির্বাচনে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতা সানা তাকাইচিকে প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন। তিনি ৩৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিম্নকক্ষে ভোটের পাশাপাশি এলডিপি এবং তার জোটের অংশীদার জাপান রেস্টোরেশন পার্টি দুই-তৃতীয়াংশেরও বেশি আসন দখল করে আছে। উচ্চকক্ষেও ভোট হচ্ছে, যেখানে ক্ষমতাসীন ব্লক সংখ্যালঘু। তবে প্রধানমন্ত্রী নির্বাচনের চূড়ান্ত সিদ্ধান্ত নিম্নকক্ষের, যার অর্থ তাকাইচি কার্যকরভাবে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। পুনর্নির্বাচনের পর তাকাইচি তার দ্বিতীয় মন্ত্রিসভা গঠন করবেন। স্থানীয় গণমাধ্যমের মতে, কোনো পরিবর্তনের পরিকল্পনা নেই এবং সমস্ত মন্ত্রী তাদের পদ বহাল রাখবেন। আজ সন্ধ্যায় সম্রাট নারুহিতো সরকার গঠন অনুমোদন করবেন, যার পরে তাকাইচি তার মূল রাজনৈতিক অগ্রাধিকারগুলো রূপরেখা দেওয়ার জন্য একটি সংবাদ সম্মেলন করবেন। গত সপ্তাহের ভূমিধস নির্বাচনে জয়ের পর তাকাইচি আশা করেন, দেশের নীতিমালায় কট্টর-ডানপন্থীদের পদক্ষেপের সুযোগ করে দিবে। পূর্ববর্তী সকল মন্ত্রীকে বহাল রাখা হবে বলে আশা করা হচ্ছে। নির্বাচনে ক্ষমতাসীন এলডিপি সংসদের ৪৬৫টি আসনের মধ্যে ৩১৬টি আসন পেয়েছে। ১৯৫৫ সালে প্রতিষ্ঠার পর থেকে এটি ছিল দলের সেরা ফলাফল। এই নির্বাচন এলডিপিকে সাংবিধানিক সংখ্যাগরিষ্ঠতা প্রদান করে, যা আইন পাসের সময় সংসদের উচ্চকক্ষের সিদ্ধান্ত উপেক্ষা করার সুযোগ দেয় এবং সাংবিধানিক পরিবর্তনের পথ খুলে দেয়। বিজয়ের পর সামরিক শক্তি বৃদ্ধি, আরও সরকারি ব্যয় এবং রক্ষণশীল সামাজিক নীতি জোরদার করার ওপর জোর দিচ্ছে তাকাইচি।
২৪ ঘণ্টায় ইরানের আশপাশে ৫০ যুদ্ধবিমান পাঠাল যুক্তরাষ্ট্র্র

২৪ ঘণ্টায় ইরানের আশপাশে ৫০ যুদ্ধবিমান পাঠাল যুক্তরাষ্ট্র্র ইরান ও যুক্তরাষ্ট্রে উত্তেজনার মধ্যে ট্রাম্প প্রশাসনের নির্দেশে গত ২৪ ঘণ্টায় অন্তত ৫০টি অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমান মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হয়েছে। এফ-৩৫, এফ-২২ এবং এফ-১৬ এর মতো শক্তিশালী স্টিলথ ফাইটার জেট রয়েছে এই বহরে। পেন্টাগনের বিশাল সমরপ্রস্তুতিকে অনেকেই তেহরানের ওপর বড় ধরনের সামরিক অভিযানের পূর্বভাস হিসেবে দেখছেন। মার্কিন সংবাদমাধ্যমগুলোর দাবি, ইরান যদি পরমাণু ইস্যুতে সমঝোতায় না আসে, তবে ট্রাম্প প্রশাসন দীর্ঘমেয়াদী সামরিক পদক্ষেপের পরিকল্পনা করে রেখেছে। এদিকে মার্কিন সামরিক তৎপরতার পাল্টা জবাব হিসেবে ইরানও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে বড় ধরনের নৌ-মহড়া শুরু করেছে। সামরিক মহড়ার নামে তেহরান ইতিমধ্যে এই সমুদ্রপথের একটি অংশ কয়েক ঘণ্টার জন্য বন্ধ করে দিয়েছে। বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় ২০ শতাংশ এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়। ফলে হরমুজ প্রণালী বন্ধ হওয়ার খবরে বিশ্ব বাজারে জ্বালানি সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যেকোনো মার্কিন রণতরী ডুবিয়ে দেওয়ার মতো বিধ্বংসী অস্ত্র ইরানের ভাণ্ডারে মজুত রয়েছে। পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নির্ধারণে জেনেভায় ওমানের মধ্যস্থতায় দুই দেশের প্রতিনিধিদের মধ্যে উচ্চপর্যায়ের আলোচনা হয়েছে। বৈঠকে মার্কিন প্রতিনিধি দলে ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও বিশেষ দূত স্টিভ উইটকফ অংশ নেন। আলোচনার পর ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি একে ইতিবাচক ও গঠনমূলক বলে অভিহিত করেছেন। তবে হোয়াইট হাউসের কর্মকর্তারা জানিয়েছেন, কিছু ক্ষেত্রে অগ্রগতি হলেও চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে এখনো অনেক পথ বাকি এবং ইরানের পরবর্তী প্রস্তাবের ওপরই নির্ভর করছে যুদ্ধের বদলে শান্তি আসবে কি না। ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যগুলো পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। তিনি একদিকে যেমন আলোচনার মাধ্যমে একটি চুক্তিতে পৌঁছানোর আশাবাদ ব্যক্ত করছেন, অন্যদিকে ইরানের অভ্যন্তরীণ বিক্ষোভ দমন ও পারমাণবিক সক্ষমতা নিয়ে কঠোর হুঁশিয়ারি দিচ্ছেন। এমনকি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে এক বৈঠকে ট্রাম্প জানিয়েছেন, আলোচনা ব্যর্থ হলে ইরানের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচিতে ইসরায়েলি হামলাকে সমর্থন দেবে ওয়াশিংটন। ফলে এক হাতে শান্তির প্রস্তাব এবং অন্য হাতে যুদ্ধের প্রস্তুতি নিয়ে ট্রাম্পের এই দ্বিমুখী অবস্থান পুরো মধ্যপ্রাচ্যকে এক চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালী বন্ধের হুমকি এবং মার্কিন যুদ্ধবিমানের এই বিশাল সমাবেশ কেবল মনস্তাত্ত্বিক চাপ নয় বরং যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষের সূত্রপাত ঘটাতে পারে। আগামী দুই সপ্তাহের মধ্যে ইরান তাদের নতুন পরমাণু প্রস্তাব পেশ করবে বলে কথা দিয়েছে, আর এই সময়টুকুই নির্ধারণ করবে মধ্যপ্রাচ্যে বারুদের ধোঁয়া উড়বে নাকি কূটনৈতিক সমাধান আসবে।