রোজায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় পুরো মাসজুড়ে বন্ধ রাখার সিদ্ধান্ত

রোজায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় পুরো মাসজুড়ে বন্ধ রাখার সিদ্ধান্ত রোজা উপলক্ষে দেশের সরকারি ও বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় পুরো মাসজুড়ে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পৃথকভাবে এ সিদ্ধান্তের কথা জানায়। আগে প্রকাশিত শিক্ষাপঞ্জি ও ছুটির তালিকা অনুযায়ী আগামী ৮ মার্চ থেকে রোজা ও ঈদের ছুটি শুরু হওয়ার কথা ছিল। তবে নতুন সরকার দায়িত্ব নেওয়ার প্রথম দিন বৃহস্পতিবার থেকেই রোজার প্রথম দিন থেকে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে। এদিন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সংশোধিত ছুটির তালিকা ও বর্ষপঞ্জি প্রকাশ করে জানায়, রোজার পুরো সময়জুড়ে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয় বন্ধ থাকবে। একইভাবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ও প্রাথমিক বিদ্যালয় রোজা মাসজুড়ে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহানা শারমিন। এর আগে কলেজ ও মাদ্রাসা রোজার শুরু থেকেই বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। নতুন সিদ্ধান্তের ফলে রোজা মাসে সব পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকছে।
শিবগঞ্জ উপজেলাে পরিবেশ ও জলবায়ু বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

শিবগঞ্জ উপজেলাে পরিবেশ ও জলবায়ু বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলা বিষয়ক একদিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সাসটেইনেবল মাইক্রোএন্টারপ্রাইজ অ্যান্ড রেজিলিয়েন্স ট্রান্সফরমেশন (স্মার্ট) প্রকল্পের আওতায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ইউনিট-৮ কার্যালয়ে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় আয়োজিত এ প্রশিক্ষণে স্মার্ট প্রকল্পের ২৫ জন সদস্য অংশগ্রহণ করেন। কর্মশালায় পরিবেশগত ঝুঁকি, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং টেকসই উদ্যোগ গ্রহণের বিভিন্ন দিক তুলে ধরা হয়। প্রশিক্ষণ প্রদান করেন আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ইউসুফ আলী এবং দেবীনগর দিয়াড় কলেজ-এর প্রভাষক আব্দুস সামাদ। এ সময় উপস্থিত ছিলেন প্রয়াসের স্মার্ট প্রকল্পের পরিবেশ কর্মকর্তা ইকবাল মাহমুদ, টেকনিক্যাল অফিসার রিফাত আমিন, এমআইএস ও ডকুমেন্টেশন অফিসার মনজিলা আক্তার সুমি, ইউনিট-৮ ব্যবস্থাপক নাইমুল হক এবং সহকারী টেকনিক্যাল অফিসার স্বপন কুমার সরকার। উল্লেখ্য, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি স্মার্ট প্রকল্পের কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা, নাচোল উপজেলা, গোমস্তাপুর উপজেলা এবং রাজশাহীর গোদাগাড়ী উপজেলা ও পবা উপজেলা-এ বাস্তবায়ন করছে।
সদর ও শিবগঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে বীজ-সার বিতরণ

সদর ও শিবগঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে বীজ-সার বিতরণ চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর ও শিবগঞ্জ উপজেলায় গ্রীষ্মকালীন পেঁয়াজ ও হলুদ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার ২০২৫-২০২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সংশ্লিষ্ট উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এসব উপকরণ বিতরণ করা হয়। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সদর উপজেলায় গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ (কন্দ) উৎপাদনের জন্য ১৫ জন কৃষকের প্রত্যেককে ১ কেজি বীজ, ২৫ কেজি ইউরিয়া, ২৫ কেজি ডিএপি, ২৫ কেজি এমওপি, ২৫ কেজি জিপসাম, ১ কেজি জিংক, ১ কেজি বোরন, ২০০ কেজি জৈব সার এবং ৭ কেজি বালাইনাশক (কীটনাশক ও ছত্রাকনাশক) প্রদান করা হয়। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. সুনাইন বিন জামান, কৃষি সম্প্রসারণ অফিসার আনিসুল হক মাহমুদ, উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শাহিনুর রহমান ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. ইয়াসিন আলীসহ অন্যরা। শিবগঞ্জ উপজেলা শিবগঞ্জ উপজেলায় গ্রীষ্মকালীন পেঁয়াজ ও হলুদ চাষে সহায়তা দিতে ২০ জন কৃষককে পেঁয়াজ বীজ (কন্দ) ১ কেজি, ২৫ কেজি ইউরিয়া, ২৫ কেজি ডিএপি, ২৫ কেজি এমওপি, ২৫ কেজি জিপসাম, ১ কেজি জিংক, ১ কেজি বোরণ, ২০০ কেজি জৈব সার, ৭ কেজি বালাইনাশক এবং একটি সাইনবোর্ড প্রদান করা হয়। এছাড়া ৩০ জন কৃষককে ১০০ কেজি হলুদের বীজ, ৫ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার দেওয়া হয়। উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক আহমেদ উপকরণ বিতরণ করেন। তিনি বলেন, গ্রীষ্মকালীন পেঁয়াজের উৎপাদন বাড়লে দেশের আমদানি নির্ভরতা কমবে এবং কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন। তিনি সঠিকভাবে উপকরণ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহাদৎ হোসেন উপস্থিত ছিলেন।
শিবগঞ্জে কৃষকদের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ ও সার বিতরণ

শিবগঞ্জে কৃষকদের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ ও সার বিতরণ ২০২৫-২০২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গ্রীষ্মকালীন পেঁয়াজ ও হলুদের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে, শিবগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সারসহ উপকরণ বিতরণ করা হয়েছে। আজ বিকেলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা কৃষি অফিসের সামনে এসব বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহাদৎ হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবদুল্লা আল আজাদী ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতারসহ অন্যান্যরা। অনুষ্ঠান শেষে উপজেলার ২০ কৃষককের প্রত্যেককে ১ কেজি পেঁয়াজ বীজ, ২৫ কেজি করে ইউরিয়া, ডিএপি, এমওপি ও জিপসাম, ১ কেজি করে জিংক-বোরন, ২’শ কেজি জৈব সার, ৭ কেজি বালাইনাশক, ১টি সাইনবোর্ড এবং ৩০ জন কৃষককে ১’শ কেজি হলুদের বীজ, ৫ কেজি করে ডিএপি ও এমওপি সার প্রদান করা হয়।
গোমস্তাপুরে একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

গোমস্তাপুরে একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত গোমস্তাপুরে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলা সভাকক্ষে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী। বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমি, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা.আব্দুল হামিদ, রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মজিদ প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী – এলজিইডি আছহাবুর রহমান, প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুল আলিম, উপজেলা প্রেসক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজমসহহ অন্যরা। সভায় মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
শিবগঞ্জে ৪০০ পিস ইয়াবা ও ২ লক্ষাধিক টাকাসহ মাদক কারবারি গ্রেপ্তার

শিবগঞ্জে ৪০০ পিস ইয়াবা ও ২ লক্ষাধিক টাকাসহ মাদক কারবারি গ্রেপ্তার শিবগঞ্জ উপজেলায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের অভিযানে ৪০০ পিস ইয়াবা ও নগদ ২ লক্ষ ২ হাজার ১১০ টাকা সহ এক ব্যাক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি নয়ালাভাঙ্গা গ্রামের মৃত ফজলার রহমানের ছেলে মো. সোহেল রানা। তার বিরুদ্ধে মাদক কারবারে জড়িথ থাকার অভিযোগ দায়ের করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের কর্মকর্তারা। জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় সূত্রে জানা গেছে, আজ সকাল ৯টার দিকে নয়ালাভাঙ্গা গ্রাম এলাকায় অভিযান চালিয়ে সুহেলকে ইয়াবা ও টাকাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আসামীকে শিবগঞ্জ থানায় হস্তান্তর হয়েছে।
শ্রীলঙ্কায় সংসদ সদস্যদের পেনশন সুবিধা বাতিল

শ্রীলঙ্কায় সংসদ সদস্যদের পেনশন সুবিধা বাতিল শ্রীলঙ্কায় সাবেক সংসদ সদস্য এবং প্রয়াত সংসদ সদস্যদের স্ত্রীদের জন্য নির্ধারিত পেনশন সুবিধা বাতিল করা হয়েছে। ফলে এখন থেকে কোনো সাবেক এমপি বা প্রয়াত এমপির স্ত্রী আর সরকারি আর্থিক সুবিধা পাবেন না। বিচারবিষয়ক মন্ত্রী হরসানা নানায়াক্কারা আজ পার্লামেন্টে এ সিদ্ধান্ত ঘোষণা করেন। তিনি বলেন, ‘জনগণ যখন টেলিভিশনে পার্লামেন্টে এমপিদের বিতর্ক দেখেন, তখন তারা মনে করেন এমপিরা পেনশন পাওয়ার যোগ্য নন।’ এর আগে গতকাল পার্লামেন্টে এমপিদের পেনশন বাতিল সংক্রান্ত একটি বিল উত্থাপন করা হয় এবং তা পাস হয়। ২২৫ আসনের সংসদে ১৫৪ জন সদস্য বিলের পক্ষে ভোট দেন। ২০২১ সালের পর থেকে করোনাভাইরাস মহামারি এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকটের কারণে শ্রীলঙ্কার অর্থনীতি গভীর সংকটে রয়েছে। এ প্রেক্ষাপটে পরিস্থিতি সামাল দিতে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন বামপন্থী নেতা অনুরা কুমারা দিশানায়েকে। দায়িত্ব গ্রহণের পর তিনি ধাপে ধাপে এমপিদের আবাসন, যানবাহন ও দেহরক্ষীর সুবিধা বাতিল করেন। সর্বশেষ পেনশন সুবিধাও বাতিল করা হলো। তবে বিলটির বিরোধিতা করেন বিরোধীদলীয় নেতা সাজিথ প্রেমাদাসা। পার্লামেন্টে তিনি বলেন, ‘পেনশন আইনপ্রণেতাদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করে। এটি বাতিল হলে তারা দ্বিধাহীনভাবে দুর্নীতিতে জড়িয়ে পড়তে পারেন।
নায়ক সোহমের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা

নায়ক সোহমের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা ভারতীয় বাংলা সিনেমার অভিনেতা ও তৃণমূলের বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও হুমকি দেওয়ার অভিযোগে মামলা দায়ের করেছেন অভিনেতা শাহিদ। গত ১৬ ফেব্রুয়ারি কলকাতা হাইকোর্টে মামলাটি করেন তিনি। শোবিজ অঙ্গনে সবাই তাকে শুভম নামেই চেনেন। সোহমের সঙ্গে দীর্ঘ দিনের পরিচয় শাহিদের। সেই সুবাদে ২০২১ সালে অভিনেতা-প্রযোজক সোহমকে ৬৮ লাখ রুপি ধার দেন। অভিনয়ের পাশাপাশি তৃণমূল কংগ্রেসের যুবনেতাও শাহিদ। ২০২৩ সালে এসএসসিকাণ্ডে তাকে গ্রেপ্তার করে পুলিশ। একই বছর মুক্তি পান তিনি। শাহিদ বলেন, “সংশোধনাগারে থাকার ফলে টাকা ফেরত চাইতে পারিনি। ২০২৩ সালে জামিন পাই। সংশোধনাগার থেকে বেরিয়ে সোহমের সঙ্গে যোগাযোগ করি। ওর কাছে টাকা ফেরত চাই। সেই সময় দুই দফায় মোট ২৫ লাখ রুপি ফেরত দিয়েছিল, তারপর থেকে ও নীরব।”দু’বছর অপেক্ষার পর বাধ্য হয়ে গত সোমবার সোহমের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা দায়ের করেন শাহিদ। মঙ্গলবার চারু মার্কেট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বলেও জানান শাহিদ। শাহিদ একাধিকবার পুরো টাকা ফেরত দেওয়ার অনুরোধ জানালেও তাতে কর্ণপাত করেননি সোহম। উল্টো অভিনেতা তাকে হুমকি দিয়েছেন বলেও অভিযোগ শাহিদের। তবে হুমকি দেওয়ার অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন সোহম চক্রবর্তী। এ অভিনেতা বলেন, “হুমকি দেওয়ার অভিযোগ মিথ্যা। টাকা ফেরত দেব একাধিকবার জানিয়েছি। নির্বাচনের আগে আমাকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে।” ঋণ নেওয়ার কথা স্বীকার করেছেন সোহম। ঋণ নেওয়ার কারণ ব্যাখ্যা করে এই বিধায়ক বলেন, “২০২১ সালে ‘পাকা দেখা’ সিনেমার জন্য ৬৮ লাখ রুপি ঋণ নিয়েছিলাম শাহিদের কাছ থেকে। ওর আরো বেশি অর্থ দেওয়ার কথা ছিল। পরে সেটা দেননি। তখন অন্যদের থেকে বাকি অর্থ জোগাড় করি।” ঋণের একটি অংশ পরিশোধ করেছেন সোহম। তা জানিয়ে এই নায়ক বলেন, “এরপর ২৫ লাখ রুপি ফেরত দিয়েছি। বাকি ৪৩ লাখ রুপি মিটিয়ে দেব, বার বার বলেছি শাহিদকে। আমার কয়েকটি সিনেমা আটকে আছে। বাংলা সিনেমার ব্যবসার অবস্থাও সকলের জানা। ফলে সিনেমাগুলো মুক্তি না পেলে বা হাতে অর্থ না এলে কী করে ঋণ পরিশোধ করব? শাহিদ আমার অবস্থাটাই বুঝলেন না!” বিষয়টি আদালতে গড়িয়েছে। ফলে আইনিভাবে মোকাবিলা করবেন সোহম। তার মতে, “আইনি নোটিস পেয়েছি। আমার আইনজীবী বিষয়টি দেখছেন। শাহিদ আইনি পথে হাঁটলে আমিও আইনি পদক্ষেপ নেব। তবে উনি কোন কালে যুবনেতা ছিলেন, তা জানি না।” কিছুদিন পরই রাজ্যসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এই মামলা সোহমকে বিতর্কের মুখে ফেলার রাজনৈতিক অপচেষ্টা হতে পারে বলেও মন্তব্য সোহমের। আক্ষেপের স্বরে এ নায়ক জানান, সামনে নির্বাচন আসছে বলেই হয়তো পূর্বপরিকল্পিতভাবে তাকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে।
আল্লাহ আপনার মাধ্যমে বাংলাদেশকে সুরক্ষিত রাখুন: কনকচাঁপা

আল্লাহ আপনার মাধ্যমে বাংলাদেশকে সুরক্ষিত রাখুন: কনকচাঁপা বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন তারেক রহমান। তাকে শুভেচ্ছা জানিয়ে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও বিএনপির কেন্দ্রীয় নেত্রী কনকচাঁপা। সামাজিকমাধ্যমে দেওয়া তার বার্তাটি মুহূর্তেই নেটিজেনদের নজরকাড়ে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া স্ট্যাটাসে কনকচাঁপা লেখেন, ‘আল্লাহ আপনাকে ও আমাদেরকে সম্মানিত করলেন। সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল পুরো পৃথিবী। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনার মাধ্যমে আমাদের বাংলাদেশকে সুরক্ষিত, আনন্দিত, সুখী, সমৃদ্ধ রাখুন। আমিন। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিজয়ী হয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। নির্বাচনের পর সাংবিধানিক প্রক্রিয়া শেষে দলটির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন প্রধানমন্ত্রীর শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। এর আগে সকালে জাতীয় সংসদে শপথ গ্রহণের পর অনুষ্ঠিত সংসদীয় বৈঠকে বিএনপি দলীয় সংসদ সদস্যরা সর্বসম্মতিক্রমে তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেন।
‘বাচ্চারা পড়তে বসো, এই লোক কি জিনিস তোমাদের কোন আইডিয়া নাই’

‘বাচ্চারা পড়তে বসো, এই লোক কি জিনিস তোমাদের কোন আইডিয়া নাই’ নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর শিক্ষাব্যবস্থার সম্ভাব্য কঠোরতা নিয়ে শিক্ষার্থীদের উদ্দেশে সতর্কবার্তা দিয়েছেন ছোট পর্দার অভিনেতা ইরফান সাজ্জাদ। নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান। সেখানে তিনি উল্লেখ করেন, ‘বাচ্চারা তোমরা যারা আগের দিন টিকটক করে পরের দিন পরীক্ষা দিয়ে পাশ করে গেছো আল্লাহর ওয়াস্তে পড়তে বসো! এই লোক কি জিনিস তোমাদের কোন আইডিয়া নাই!’ পোস্টের সঙ্গে সদ্য দায়িত্ব পাওয়া শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন-এর একটি ছবিও যুক্ত করেন তিনি। অতীতের অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে অভিনেতা লেখেন, ‘আমাদের এসএসসি পরীক্ষার সময় পাসের হার ছিল ২৮ শতাংশ। আর সেই সময়ে এই ভদ্রলোক (এহসানুল হক মিলন) ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী।’পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং দ্রুত ছড়িয়ে পড়ে। মন্তব্য ঘরে নেটিজেনদের নানা প্রতিক্রিয়া চোখে পড়ে। কেউ পুরোনো দিনের কঠিন পরীক্ষাব্যবস্থার প্রসঙ্গ তুলেছেন, আবার কেউ রসিকতার সুরে জানতে চেয়েছেন, সবাই যদি পড়াশোনায় ব্যস্ত হয়ে যায়, তবে নাটক দেখবে কে। সব মিলিয়ে ইরফান সাজ্জাদের এই বার্তা সামাজিক মাধ্যমে নতুন করে শিক্ষাব্যবস্থা ও পড়াশোনা নিয়ে আলোচনার জন্ম দিয়েছে।