বৃষ্টিতে পরিত্যক্ত জিম্বাবুয়ে-আয়ারল্যান্ড ম্যাচ, অস্ট্রেলিয়ার বিদায়

বৃষ্টিতে পরিত্যক্ত জিম্বাবুয়ে-আয়ারল্যান্ড ম্যাচ, অস্ট্রেলিয়ার বিদায় টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ‘বি’ থেকে স্বাগতিক শ্রীলঙ্কার পর দ্বিতীয় দল হিসেবে সুপার এইট নিশ্চিত করেছে জিম্বাবুয়ে। বৃষ্টিতে পরিত্যক্ত হওয়া ম্যাচ থেকেই প্রয়োজনীয় এক পয়েন্ট পেয়ে শেষ আটে জায়গা করে নেয় তারা। ফলে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয় অস্ট্রেলিয়ার। আজ পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের মধ্যকার গ্রুপ পর্বের ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে টানা বৃষ্টির কারণে টসও করা সম্ভব হয়নি। ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করলে দুই দলই পায় ১ পয়েন্ট করে। এই এক পয়েন্টেই জিম্বাবুয়ের মোট পয়েন্ট দাঁড়ায় ৫। সুপার এইটে উঠতে তাদের প্রয়োজন ছিল মাত্র এক পয়েন্ট। অন্যদিকে অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল ২ পয়েন্ট। শেষ ম্যাচ জিতলেও সর্বোচ্চ ৪ পয়েন্টে পৌঁছাতে পারত তারা। ফলে জিম্বাবুয়ের পয়েন্ট প্রাপ্তির সঙ্গে সঙ্গেই অজিদের বিদায় নিশ্চিত হয়ে যায়। গ্রুপে ইতোমধ্যেই সুপার এইট নিশ্চিত করেছিল স্বাগতিক শ্রীলঙ্কা। জিম্বাবুয়ের সঙ্গে তারাও শেষ আটে খেলবে। আয়ারল্যান্ডের পয়েন্ট দাঁড়ায় ৩, তারাও ছিটকে গেছে প্রতিযোগিতা থেকে। এবারের বিশ্বকাপে চোটে জর্জরিত অস্ট্রেলিয়া শুরু থেকেই সংগ্রাম করেছে। গ্রুপ পর্বে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের কাছে হেরে কঠিন সমীকরণে পড়ে যায় তারা। শেষ ম্যাচে ওমানের বিপক্ষে জিতলেও আর কোনো লাভ হতো না। উল্লেখ্য, গ্রুপের তলানিতে থাকা ওমান এখনো কোনো ম্যাচ জিততে পারেনি। বৃষ্টির বাধায় মাঠে বল না গড়ালেও গ্রুপ ‘বি’-র সমীকরণ বদলে গেছে নাটকীয়ভাবে শেষ পর্যন্ত সুপার এইটে জায়গা পেল জিম্বাবুয়ে, আর অস্ট্রেলিয়ার বিশ্বকাপ যাত্রা থেমে গেল গ্রুপ পর্বেই।

আগামীকাল স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

আগামীকাল স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী শপথ গ্রহণের পর প্রথম কর্মদিবসেই ব্যস্ততম দিন পার করতে যাচ্ছেন দেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করবেন তিনি। এরপর বিকালে সচিবালয়ে তার সভাপতিত্বে অনুষ্ঠিত হবে নবগঠিত মন্ত্রিসভার প্রথম ক্যাবিনেট বৈঠক। একই দিনে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের (সচিব) সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে তার। আজ সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে চ্যানেল টোয়েন্টিফোর অনলাইন। এর আগে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। তার শপথের পর প্রথমে নতুন সরকারের মন্ত্রী এবং পরে প্রতিমন্ত্রীরা শপথ গ্রহণ করেন। মঙ্গলবার বিকাল চারটার পর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ পড়ান। এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু হলো। একই সঙ্গে প্রায় দুই যুগ পর বিএনপির নেতৃত্বাধীন সরকারের যাত্রা শুরু হলো। প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বিএনপি ২০৯ আসনে জয়ী হয়। বিএনপি জোটের শরিকেরা তিনটি আসন পায়।

বাবাকে নিয়ে হাসপাতালে বলিউডের ভাইজান

বাবাকে নিয়ে হাসপাতালে বলিউডের ভাইজান বলিউডের ভাইজান সালমান খানের সময়টা মোটেও ভালো যাচ্ছে না। একদিকে বিষ্ণোই গ্যাংয়ের প্রাণনাশের হুমকি আর নিরাপত্তা বলয়, অন্যদিকে পরিবারের প্রধান অভিভাবক সেলিম খানের অসুস্থতা সব মিলিয়ে দুশ্চিন্তার কালো মেঘ জমেছে খান পরিবারে। এবার বার্ধক্যজনিত সমস্যার কারণে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রখ্যাত চিত্রনাট্যকার সেলিম খান। হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় প্রবীণ এই চিত্রনাট্যকারকে তড়িঘড়ি মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে নিয়ে যান সালমান। বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট থেকে ঢিল ছোড়া দূরত্বে অবস্থিত এই হাসপাতালেই বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন সেলিম খান। হাসপাতাল সূত্রে জানা গেছে, মূলত বয়সজনিত কারণেই তিনি অসুস্থ বোধ করছিলেন। তবে পরিবারের পক্ষ থেকে অসুস্থতার ধরণ নিয়ে বিস্তারিত এখনও কিছু জানানো হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, অত্যন্ত সাধারণ কালো টি-শার্ট ও প্যান্ট পরে কঠোর নিরাপত্তায় হাসপাতাল থেকে বেরিয়ে আসছেন সালমান। এ সময় উপস্থিত পাপারাজ্জিরা কথা বলার চেষ্টা করলেও কোনো উত্তর দেননি তিনি। বরং বেশ বিমর্ষ ও উদ্বিগ্ন মুখে দ্রুত গাড়িতে উঠে স্থান ত্যাগ করেন ‘ভাইজান’। প্রিয় তারকার এমন বিমর্ষ চেহারা দেখে ভক্তদের মনেও উদ্বেগের রেখা দেখা দিয়েছে। উল্লেখ্য, গত বছর থেকেই সংকটে রয়েছে সালমান খানের পরিবার। ২০২৪ সালে বাড়িতে হামলার পর থেকে ক্রমাগত খুনের হুমকি পাচ্ছেন সালমান। এমনকি বাদ যাননি তার ভগ্নিপতি অভিনেতা আয়ুশ শর্মাও। এর মধ্যেই বাবার অসুস্থতা সালমানকে মানসিকভাবে বেশ চাপে ফেলেছে বলে ধারণা করা হচ্ছে।

জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফার আলোচনা শুরু

জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফার আলোচনা শুরু তেহরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার লক্ষ্যে জেনেভায় মার্কিন ও ইরানি কর্মকর্তাদের মধ্যে দ্বিতীয় দফার পরোক্ষ আলোচনা শুরু হয়েছে। আজ এ আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছে আল-জাজিরা অনলাইন। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র ইসমাইল বাঘাই রাষ্ট্রীয় টিভিকে জানিয়েছে, আলোচনা এখন চলছে, উভয় পক্ষই মধ্যস্থতাকারী ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদির সাথে তাদের মতামত ভাগ করে নিচ্ছে। বাঘাই জানান, আলোচনার মূল কেন্দ্রবিন্দু পারমাণবিক-সম্পর্কিত বিষয়। ইরান এবং আইএইএর মধ্যে আলোচনা গতকাল হয়েছিল এবং আজ মার্কিন প্রতিনিধিদল এবং আইএইএর মহাপরিচালকের মধ্যেও একই রকম আলোচনা হচ্ছে। তিনি জানান, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জাতিসংঘে একটি আন্তর্জাতিক বৈঠকে অংশগ্রহণ করবেন এবং ইরানের অবস্থান উপস্থাপন করবেন। চলতি মাসের শুরুতে ওমানে প্রথম দফায় ইরান ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে পরমাণু আলোচনা হয়েছিল। ওই সময় আলোচনা ভাল হয়েছে এবং এটি অব্যাহত থাকবে বলে জানিয়েছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তবে দ্বিতীয় দফার আলোচনা এমন সময় শুরু হয়েছে যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা তুঙ্গে রয়েছে। মধ্যপ্রাচ্যে ইরানের কাছে আরো একটি যুদ্ধবিমানবাহী রণতরী মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি সতর্ক করেছেন যে, ইরানের ওপর যেকোনো হামলার পরিণতি হবে একটি আঞ্চলিক যুদ্ধ।

এখন ‘খামোশ’ বলতেও অনুমতি লাগবে!

এখন ‘খামোশ’ বলতেও অনুমতি লাগবে! বলিউডের বরেণ্য অভিনেতা শত্রুঘ্ন সিনহা। সিনেমায় তার কিছু সংলাপ কাল পরিক্রমায় এখনো টিকে আছে। গুরুগম্ভীর গলায় তার বলা ‘খামোশ’ সংলাপটি এখনো কানে বাজে। ১৯৭৮ সালে ‘বিশ্বনাথ’ সিনেমায় এই সংলাপ বলেছিলেন শত্রুঘ্ন। গল্প-আড্ডায় তো বটেই, এই সংলাপ আজও ব্যবহার করা হয় নানা সিনেমা-সিরিজে। ঠিক এই বিষয়টি নিয়েই আপত্তি তুলেছেন শত্রুঘ্ন। বিনা অনুমতিতে এই সংলাপ ব্যবহার বন্ধ করতে আদালতে গেলেন এই অভিনেতা। সোমবার (১৬ ফেব্রুয়ারি) এ নিয়ে বম্বে হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। শত্রুঘ্নর পক্ষ থেকে মামলাটি দায়ের করেছেন তার ছেলে লাভ সিনহা। অভিনেতার অভিযোগে, তার সংলাপ তো বটেই, সেই সঙ্গে ছবি-কণ্ঠস্বরও হরহামেশাই নানা প্ল্যাটফর্মে ব্যবহার করা হচ্ছে। আর এসব কনটেন্ট বাণিজ্যিকভাবেও দারুণ ব্যবসা করছে। শত্রুঘ্ন আদালতকে জানিয়েছেন, কোথাও তার অনুমতি নেওয়া হয়নি। মেটা, এক্স, গুগলসহ আন্তর্জাতিক টেক সংস্থা, ই-কমার্স সংস্থা, ভারতের ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং টেলিকম বিভাগের নামও মামলায় উল্লেখ করা হয়েছে। কোনো সংস্থা কিংবা ব্যক্তি যাতে তার অনুমতি ছাড়া ‘খামোশ’ শব্দটি ব্যবহার করতে না পারে, সে বিষয়ে আদালতের সাহায্য চেয়েছেন অভিনেতা। পাশাপাশি ২০ কোটি রুপি ক্ষতিপূরণও চেয়েছেন এই তারকা।

দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান। আজ বিকেল ৪টা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করান। তাকে প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে এবং পরে গোপনীয়তার শপথবাক্য পাঠ করান। শপথ গ্রহণের পর তারেক রহমান শপথ গ্রহণের দুই নথিতে স্বাক্ষর করেন। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান শপথ গ্রহণ করার পর শপথ নেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। তাদেরও শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি। শপথগ্রহণ অনুষ্ঠানে দক্ষিণ এশীয় বিভিন্ন দেশের প্রতিনিধিসহ বিপুল সংখ্যক দেশি ও বিদেশি অতিথি অংশগ্রহণ করেন। এবার বঙ্গভবনের পরিবর্তে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে সকালে জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত এমপিদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। এ সময় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসসহ বিভিন্ন দেশের অতিথিরা উপস্থিত ছিলেন। এর আগে জয়লাভ করা বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। এছাড়া ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠিত হয়। যাদের মধ্যে ২৫ জন মন্ত্রী ও ২৪ জনকে প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়।

বিরোধীদলীয় নেতা, উপনেতা ও হুইপ থাকছেন যারা

বিরোধীদলীয় নেতা, উপনেতা ও হুইপ থাকছেন যারা সংসদে বিরোধীদলীয় নেতা, উপনেতা ও হুইপ হিসেবে কারা দায়িত্ব পালন করবেন সে বিষয়টি পরিষ্কার করেছেন জামায়াত জোট। আজ গণমাধ্যমকর্মীদের এ বিষয়ে জানানো হয়। তথ্যমতে, সংসদে বিরোধী দলকে নেতৃত্ব দেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বিরোধী দলীয় উপনেতার দায়িত্ব পালন করবেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। এছাড়া সংসদে বিরোধী দলীয় হুইপ হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এরআগে, দুপুর ১২টার কিছু পর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে সংসদ সদস্য হিসেবে শপথ নেন জামায়াত ও জোটের এমপিরা।

গণভোটের ফলাফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট

গণভোটের ফলাফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ ও ১৩ ফেব্রুয়ারি ঘোষিত গণভোটের ফলাফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। আজ সুপ্রিম কোর্টের আইনজীবী এ বি এম আতাউল মজিদ তৌহিদ জনস্বার্থে এ রিট দায়ের করেন। জানা গেছে, ভবিষ্যতে কোনো অন্তর্বর্তী ও তত্ত্বাবধায়ক সরকার যেন গণভোট আয়োজন করতে না পারে, হাইকোর্টের কাছে এমন ঘোষণার জন্যও আবেদন করা হয়েছে। উল্লেখ্য, গণভোটের ফলাফল অনুযায়ী, ‎মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। ভোট প্রদানের হার ৬০ দশমিক ২৬ শতাংশ। এর মধ্যে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ আর না ‘না’ ভোট পড়েছে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭। ভোট বাতিল হয়েছে ৭৪ লাখ ২২ হাজার ৬৩৭টি।

মধ্যপ্রাচ্যে রমজান শুরু কবে, জানা যাবে সন্ধ্যায়

মধ্যপ্রাচ্যে রমজান শুরু কবে, জানা যাবে সন্ধ্যায় ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখার জন্য সকল মুসলিম নাগরিকদের আহ্বান জানিয়েছে সৌদি আরবের সুপ্রিম কোর্ট। স্থানীয় সময় রবিবার দেশটির সুপ্রিম কোর্ট আজ সন্ধ্যায় নাগরিকদের চাঁদ দেখার এ আহ্বান জানানো হয়। মুসলিম বিশ্ব চন্দ্রবর্ষ অনুসরণ করায় সাধারণত মাস ২৯ বা ৩০ দিনের হয়। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে আজ শাবান মাসের ২৯ তারিখ। এদিন সন্ধ্যায় সৌদি আরবের আকাশে চাঁদ দেখা গেলে আগামীকাল থেকে দেশটিতে রমজান মাস গণনা শুরু হবে। চাঁদ দেখার বিষয়ে আজ চূড়ান্ত সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানাবে সৌদি কর্তৃপক্ষ।

বিশ্ব ক্রিকেটে সেঞ্চুরিতে ইতিহাস গড়লেন কানাডার যুবরাজ

বিশ্ব ক্রিকেটে সেঞ্চুরিতে ইতিহাস গড়লেন কানাডার যুবরাজ বিশ্ব ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন কানাডার তরুণ ব্যাটার যুবরাজ সামরা। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়ে রেকর্ডবুকে নাম লেখালেন ১৯ বছর বয়সী এই ডানহাতি ব্যাটার। চেন্নাইয়ে অনুষ্ঠিত ম্যাচে ৬৫ বলে ১১০ রানের ঝড়ো ইনিংস খেলেন সামরা। তার ইনিংসে ছিল ১১টি চার ও ৬টি ছক্কা। মাত্র ৫৮ বলেই পূর্ণ করেন শতক। টি-টোয়েন্টি ও ওয়ানডে—দুই ফরম্যাট মিলিয়ে বিশ্বকাপ ইতিহাসে তিনিই এখন সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান। পুরুষদের টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে তিনি তৃতীয় সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হলেও, পূর্ণ সদস্য দেশের বিপক্ষে শতক হাঁকানো প্রথম কনিষ্ঠ ব্যাটার হিসেবে গড়েছেন অনন্য নজির। পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে কোনো সহযোগী দেশের ব্যাটারের এটিই প্রথম সেঞ্চুরি।