ভোলাহাটে নবনির্বাচিত এমপি ড.মিজানুর রহমানের সৌজন্য সাক্ষাত

ভোলাহাটে নবনির্বাচিত এমপি ড.মিজানুর রহমানের সৌজন্য সাক্ষাত ভোলাহাটে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান উপজেলার বিভিন্ন এলাকার মানুষের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন। আজ সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার প্রবেশ দ্বার দলদলী ক্লাববাজার থেকে শুরু করে ঘাইবাড়ী, পীরগাছী, বারইপাড়া, দলদলী কাউন্সিল মোড়, মুশরীভূজা বাজার, আলী মোড়, আদাতলা বাজার, ময়ামারী মোড়, বৃহত্তর পোল্লাডাংগা, মেডিকেল মোড়, বৃহত্তর বজরাটেকসহ উপজেলার বিভিন্ন এলাকায় উপস্থিত হয়ে সকল স্তরের জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাঁকে ভোট দিয়ে বিজয়ী করায় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরীর সময় বিস্ফোরণে নিহত ২, আহত ৩

চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরীর সময় বিস্ফোরণে নিহত ২, আহত ৩ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরীর সময় বিস্ফোরণে নিহত ২, আহত ৩ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া গ্রামের একটি আধাপাকা বাড়িতে ককটেল তৈরীর সময় বিস্ফোরণে ঘটনাস্থলে দু’জন নিহত হয়েছেন। নিহতরা হলেন- সদর উপজেলার রানীহাটী ইউনিয়নের উপর ধুমিহয়াতপুর ধামার মোড় গ্রামের মোয়াজ্জেমের ছেলে আলামিন এবং শিবগঞ্জ উপজেলার গোড়াপাখিয়া ইউনিয়নের কুথুনিপাড়া গ্রামের মুনিরের ছেলে জিহাদ। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত: ৩ জন। তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা হলেন ফাটাপাড়া গ্রামের জেনারুল ইসলামের ছেলে মিনহাজ(২২),একই গ্রামের নজরুল ইসলামের ছেলে বজলুর রহমান(২০) এবং উপর ধুমিহায়াতপুর গ্রামের রাফিজুল ইসলামের ছেলে শুভ(২০)। আহতদের মধ্যে একজন হাসপাতালে মারা যাবার খবর শোনা গেলেও তা নিশ্চিত করে নি পুলিশ। স্থানীয় সূত্র, ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, আজ ভোর ৫টার দিকে ফাটাপাড়া গ্রামের মৃত মকবুলের ছেলে কালামের বাড়ির একটি ঘরে প্রচন্ড বিস্ফোরণে ঘরটির দেয়াল ভেঙ্গে পড়ে ও হতাহতের ঘটনা ঘটে। হতাহতরা সকলেই ককটেল তৈরীতে জড়িত ছিল। স্থানীয়রা প্রথমে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বিস্ফোরণে দেহ ও মুখমন্ডল ঝলসে বিকৃত হওয়ায় বিকাল ৩টার দিকে নিহতদের পরিচয় নিশ্চিত করে পুলিশ। ঘটনার পর খবর পেয়ে পুলিশের ডিআইজি রাজশাহী, পুলিশ সুপারসহ উর্ধ্বতণ কর্মকর্তা, র‌্যাব ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। সেনা সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ডাকা হয়েছে। সীমান্তবর্তী এলাকা হওয়ায়য় বিজিবি মোতায়েন করা হয়। এদিকে, অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, ঘটনার তদন্ত চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীণ।

বঙ্গভবনে শপথ অনুষ্ঠানে এক হাজার অতিথির আমন্ত্রণ

বঙ্গভবনে শপথ অনুষ্ঠানে এক হাজার অতিথির আমন্ত্রণ নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি ও সময়সূচি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি জানান, বঙ্গভবনে অনুষ্ঠিত হতে যাওয়া এই বর্ণাঢ্য অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গসহ প্রায় এক হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হচ্ছে। মন্ত্রিপরিষদ সচিব জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের নামে গেজেট ইতোমধ্যেই প্রকাশিত হয়েছে। আইনি বাধ্যবাধকতা অনুযায়ী, গেজেট প্রকাশের তিন কার্যদিবসের মধ্যে নির্বাচিতদের সংসদ সদস্য হিসেবে শপথ নিতে হয়। রবিবার থেকে কর্মদিবস শুরু হওয়ায় ১৫, ১৬ বা ১৭ ফেব্রুয়ারির মধ্যেই এই শপথ গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হবে। তিনি আশা প্রকাশ করেন, আগামী তিন বা সর্বোচ্চ চার দিনের মধ্যে সব আনুষ্ঠানিকতা শেষ হবে। শপথ পরবর্তী ধাপগুলো ব্যাখ্যা করে সচিব বলেন, “সংসদ সদস্যরা শপথ নেওয়ার পর বিজয়ী দল তাদের সংসদীয় নেতা নির্বাচন করবেন। এরপর সংখ্যাগরিষ্ঠ দলের নেতা রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি অবহিত করবেন। সাংবিধানিক নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপতি তখন তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেবেন এবং পরবর্তীতে একটি সুবিধাজনক সময়ে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। সংসদ সদস্যদের শপথ পাঠ করানোর বিষয়টি নিয়ে এখনো কিছুটা অস্পষ্টতা রয়েছে। সচিব জানান, এটি সংসদ সচিবালয়ের এখতিয়ার। তবে তিনি অনানুষ্ঠানিকভাবে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানান, এখানে একাধিক বিকল্প রয়েছে। সাধারণত স্পিকার বা ডেপুটি স্পিকার শপথ পড়ান। কিন্তু বিশেষ পরিস্থিতিতে তারা না থাকলে তাদের মনোনীত কেউ অথবা প্রধান বিচারপতি কিংবা প্রধান নির্বাচন কমিশনার শপথ পাঠ করাতে পারেন। তবে মন্ত্রিসভার সদস্যদের শপথ বরাবরের মতোই সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পাঠ করাবেন। শপথ অনুষ্ঠানের জন্য প্রশাসনিকভাবে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন শেখ আব্দুর রশীদ। নির্ধারিত সময়ের মধ্যে বা পরিস্থিতির প্রয়োজনে এর পরেও অনুষ্ঠান আয়োজনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ ও সংশ্লিষ্ট দপ্তরগুলো সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

এই বিশ্বকাপের সর্বোচ্চ রান করে ওমানকে হারালো আয়ার‌ল্যান্ড

এই বিশ্বকাপের সর্বোচ্চ রান করে ওমানকে হারালো আয়ার‌ল্যান্ড চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে দুইশোর্ধ্ব দলীয় স্কোর হয়ে পাঁচটি। এর মধ্যে ২৩৫ রান তুলেছে আয়ারল্যান্ড। যা এবারের বিশ্বকাপে সর্বোচ্চ দলীয় সংগ্রহ। শুধু তাই নয়, ক্রিকেটের সংক্ষিপ্ত এই সংস্করণের বিশ্বকাপের ইতিহাসেও দ্বিতীয় সর্বোচ্চ দলীয় স্কোর এটি। ২০০৭ আসরে কেনিয়ার বিপক্ষে ৬ উইকেটে ২৬০ তুলেছিল শ্রীলঙ্কা। এমন রেকর্ড গড়ার দিনে বড় ব্যবধানে জিতে মাঠ ছেড়েছে আইরিশরা। ওমানকে ৯৬ রানে হারিয়েছে তারা। শনিবার (১৪ ফেব্রুয়ারি) কলম্বোর এসএসসি গ্রাউন্ডে টস হেরে আগে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে আয়ারল্যান্ড। এমনকি দলীয় ৬৪ রানে আরেকটি উইকেট হারালে বিপদ আরও বাড়ে। পল স্টার্লিংয়ের জায়গায় ভারপ্রাপ্ত নেতৃত্ব পাওয়া টাকারের সঙ্গে গ্যারেথ ডিলানি যোগ দিতেই বদলে যায় ম্যাচের দৃশ্যপট। ৩০ বলে ৩ চার ও ৪ ছয়ে ৫৬ রানে আউট হন ডিলানি। এরপর ক্রিজে আসেন জর্জ ডকরেল। তার বিধ্বংসী ইনিংসে ডেথ ওভারেই দলটি ৯৩ রান তোলে, যা তৃতীয় সর্বোচ্চ। শেষদিকে জর্জ ডকরেল আগ্রাসী ছিলেন। তার সঙ্গে টাকারের জুটি ছিল ১৯ বলে ৭০ রানের। অধিনায়ক টাকার ৬ রানের জন্য সেঞ্চুরি করতে পারেননি। ৯৪ রানে অপরাজিত ছিলেন তিনি, যা অধিনায়ক হিসেবে বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ রান। বিশ্বকাপে আয়ারল্যান্ডের সর্বোচ্চ স্কোরার হওয়ার পথে টাকার ৫১ বলে ১০ চার ও ৪ ছয় মারেন। ৯ বলে ৫ ছয়ে ৩৫ রানে অপরাজিত ছিলেন ডকরেল। এতে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৩৫ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড। ২৩৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ১০.৫ ওভারে ৩ উইকেটে ১০০ রান তোলে ওমান। লড়াই করার মতো অবস্থায় ছিল তারা। কিন্তু আমির কালিম ও হাম্মাদ মির্জার ৪৯ বলে ৭৩ রানের জুটি ভেঙে গেলে আর দাঁড়াতে পারেনি ওমান। ৪২ রানে শেষ সাত উইকেট হারায়। কালিম সর্বোচ্চ ৫০ রান করেন। ৪৬ রান আসে হাম্মাদের ব্যাটে। শেষ পর্যন্ত ২ ওভার বাকী থাকতেই ১৩৯ রানে গুটিয়ে যায় ওমান। আইরিশদের পক্ষে জশ লিটল নেন সর্বোচ্চ ৩টি উইকেট।

শ্রীলংকাকে হারিয়ে টুর্নামেন্ট শুরু বাংলাদেশের

শ্রীলংকাকে হারিয়ে টুর্নামেন্ট শুরু বাংলাদেশের লংকানদের বিপক্ষে অল্প পুঁজি নিয়েও শ্বাসরুদ্ধকর লড়ােইয়ে দুর্দান্ত বোলিংয়ে ৪ রানে জয় পেয়েছে টাইগ্রেসরা। শনিবার থাইল্যান্ডের ব্যাংককের টেরডথাই ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করে। উদ্বোধনী জুটিতে ৫.৫ ওভারে ৪৮ রান করেন দুই ওপেনার ইসমা তানজিম ও শামিমা সুলতানা। এরপর মাত্র ৮ রানের ব্যবধানে ২ উইকেট হারায় বাংলাদেশ। একটা পর্যায়ে ৪ উইকেটে বাংলাদেশ দলের সংগ্রহ ছিল ১০৪ রান। কিন্তু এরপর মাত্র ১১ রানের ব্যবধানে ৬ উইকেট পতনের কারণে শেষ বলের আগেই ইনিংস গুটায় টাইগ্রেসরা। মামুলি স্কোর তাড়া করতে নেমে সানজিদা আক্তার মেঘলা ও ফাতেমা খাতুনের স্পিন আর লতা মন্ডলের গতিতে বিপর্যস্ত হয় শ্রীলংকা। নিয়মিত বিরতিতে উইকেট পতনের কারণে ২০ ওভারে ১১১/৯ রানের বেশি করতে পারেনি শ্রীলংকা। দলের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন হানসিমা করুনারত্নে, ২৩ রান করেন এমা কাঞ্চনা। বাংলাদেশ নারী দলের হয়ে সানজিদা আক্তার মেঘলা ৪ ওভারে ২০ রানে ৩ উইকেট শিকার করেন। ৪ ওভারে ২০ রানে ২ উইকেট নেন অভিজ্ঞ লতা মন্ডল। ৪ ওভারে ২৪ রানে ২ উইকেট নেন লেগ স্পিনার ফাতেমা খাতুন।

রমজানে আল-আকসায় মুসলিমদের প্রবেশ সীমিত করতে যাচ্ছে

রমজানে আল-আকসায় মুসলিমদের প্রবেশ সীমিত করতে যাচ্ছে  আসন্ন পবিত্র রমজানে মুসলিমদের আল-আকসা মসজিদে নামাজ আদায়ে প্রবেশ সীমিত করার পরিকল্পনা করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। জেরুজালেমের সাবেক গ্র্যান্ড মুফতি ও বিশিষ্ট ইসলামি আলেম শেখ একরিমা সাবরি আনাদোলুকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান। শেখ একরিমা সাবরি রমজান মাসে মুসলমানদের আল-আকসায় প্রবেশে বিধিনিষেধ আরোপের ইসরায়েলি পরিকল্পনায় দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, জানুয়ারির প্রথম সপ্তাহে অধিকৃত পূর্ব জেরুজালেমে নতুন পুলিশ কমান্ডার হিসেবে মেজর জেনারেল আভশালোম পেলেদকে নিয়োগ দেওয়ার মধ্য দিয়েই ইসরায়েলের বাজে উদ্দেশ্য স্পষ্ট হয়ে যায়। এই নিয়োগকে অনেকেই আল-আকসা মসজিদকে ঘিরে কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের পরিকল্পনা এগিয়ে নেওয়ার পদক্ষেপ হিসেবে দেখছেন। ইসরায়েলি পত্রিকা হারেৎজ লিখেছে, ‘মনে হচ্ছে বেন-গভির আগুনে ঘি ঢালতে যা যা করা সম্ভব, সবই করছেন। শেখ সাবরি বলেন, ‘মুসলমানরা মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর সুন্নত অনুসরণ করে শাবান মাসের শেষে আশাবাদ নিয়ে রমজানকে স্বাগত জানান। কিন্তু জেরুজালেমের ক্ষেত্রে আমরা দুঃখিত। কারণ, দখলদার কর্তৃপক্ষ আল-আকসা মসজিদে আসা মুসল্লিদের ওপর কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে। ইসরায়েলি কর্তৃপক্ষ ইতিমধ্যে কয়েক ডজন তরুণকে মসজিদে প্রবেশে বাধা দিয়েছে। তারা ঘোষণা করেছে, অধিকৃত পশ্চিম তীর থেকে রমজানে নামাজ পড়তে আসা মুসল্লিদের জন্য কোনো শিথিলতা দেওয়া হবে না’, বলেন তিনি। সাবরি বলেন, ‘এর মানে হলো আরও কঠোর বিধিনিষেধ থাকবে। আল-আকসায় মুসল্লির সংখ্যা আগের বছরের তুলনায় কম হবে। এটি ইবাদতের স্বাধীনতার পরিপন্থী।

ভিয়েতনামে বাড়ির ফ্রিজে মিললো বাঘের মরদেহ, গ্রেফতার ২

ভিয়েতনামে বাড়ির ফ্রিজে মিললো বাঘের মরদেহ, গ্রেফতার ২ ভিয়েতনামে এক ব্যক্তির বাড়িতে ব্যবহুত ফ্রিজ থেকে দুটি বাঘের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিপন্ন প্রজাতির এই প্রাণীর অবৈধ বাণিজ্যের অভিযোগে ওই ব্যক্তি ও আরেকজনকে গ্রেফতার করা হয়েছে। একসময় ভিয়েতনামের বনে বাঘ বিচরণ করতো। কিন্তু এখন দেশটির বনগুলোতে বাঘ প্রায় পুরোপুরি বিলুপ্তপ্রায়। দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটি অবৈধ বন্যপ্রাণী পণ্যের একটি বড় ভোক্তা কেন্দ্র ও জনপ্রিয় পাচার-রুট হিসেবে পরিচিত। বিশেষ করে, ঐতিহ্যবাহী চিকিৎসায় ব্যবহারের কারণে বাঘের হাড়ের ব্যাপক চাহিদা রয়েছে। ভিয়েতনামের রাজধানী হ্যানয় থেকে দক্ষিণে থান হোয়া প্রদেশের পুলিশ জানিয়েছে, ৫২ বছর বয়সী হোয়াং দিন দাতের বাড়ির বেজমেন্টে রাখা ফ্রিজ থেকে দুটি পূর্ণবয়স্ক বাঘের মরদেহ পাওয়া গেছে। বাঘ দুটির ওজন প্রায় ৪০০ কেজি (৮৮২ পাউন্ড)। অনলাইনে প্রকাশিত পুলিশের এক বিবৃতিতে বলা হয়, জিজ্ঞাসাবাদে দাত স্বীকার করেছেন যে তিনি বাঘ দুটি কিনেছিলেন দুই বিলিয়ন ডংয়ে (৭৭ হাজার মার্কিন ডলার)। তিনি বিক্রেতা হিসেবে ৩১ বছর বয়সী নগুয়েন ডোয়ান সনের নাম জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, এ সপ্তাহের শুরুর দিকেই ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ক্রেতার বাড়িতে তথাকথিত ‘টাইগার বোন গ্লু’ বা বাঘের হাড় থেকে তৈরি আঠা বানানোর যন্ত্রপাতিও পাওয়া গেছে। স্থানীয়ভাবে এটি হাড়ের জোড়ায় ব্যথা বা কঙ্কাল সংক্রান্ত নানা রোগ নিরাময়ে কার্যকর বলে বিশ্বাস করা হয়।

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে থাকছেন ১ হাজার অতিথি

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে থাকছেন ১ হাজার অতিথি নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিসহ মোট ১ হাজার অতিথি উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ। শনিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব। মন্ত্রিপরিষদ সচিব জানান, গেজেট নোটিফিকেশন হয়ে গেছে। জাতীয় সংসদে ২৯৭টি আসনে যারা নির্বাচিত হয়েছেন তাদের নাম প্রকাশিত হয়েছে। আইন অনুযায়ী তিন দিন সময়ের মধ্যে তাদের শপথ গ্রহণ হয় সংসদ সদস্য হিসেবে। সেটি এই তিন দিন সময় আগামীকাল থেকে শুরু করে পরশু ১৪, ১৫, ১৬ এবং ১৭ তারিখ পর্যন্ত আমরা ধরতে পারি। কারণ কর্ম দিবস আগামীকাল থেকে। এই ১৭ তারিখের মধ্যে তাদের শপথ গ্রহণ হবে।  তিনি আরও বলেন, শপথ গ্রহণের পরে বিভিন্ন এই নির্বাচনে অংশগ্রহণকারী দল তাদের নিজস্ব সংসদ সদস্যদের নেতা নির্বাচন করবেন। যিনি সংখ্যাগরিষ্ঠ সদস্যদের নেতা হিসেবে নির্বাচিত হবেন তিনি রাষ্ট্রপতির কাছে সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থভাজন। রাষ্ট্রপতি তখন তাকে নিয়ম অনুযায়ী প্রধানমন্ত্রী পদে নিয়োগের জন্য অফার করবেন বা নিয়োগ দান করবেন। এরপরে একটা সুবিধাজনক সময় নির্ধারণ করে সেই সময়ে শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। শপথ পড়ানোর বিষয়ে সচিব জানান, স্পিকার বা ডেপুটি স্পিকার বা তাদের মনোনীত কেউ শপথ পড়াতে পারেন। তারা যদি কোনো মনোনয়ন না দিতে পারেন তাহলে সরকার থেকে কাউকে মনোনয়নের ব্যবস্থা করা হতে পারে। সেক্ষেত্রে প্রধান বিচারপতি অথবা প্রধান নির্বাচন কমিশনার এই শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করতে পারেন বা শপথ পাঠ করাতে পারেন।  শপথ অনুষ্ঠানে অতিথি প্রসঙ্গে তিনি বলেন, নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিসহ কম বেশি এক হাজার অতিথি উপস্থিত থাকবেন।

ওমানকে বিদায় করে বিশ্বকাপে আইরিশদের প্রথম জয়

ওমানকে বিদায় করে বিশ্বকাপে আইরিশদের প্রথম জয় বিশ্বকাপে প্রথম জয় তুলে নিয়েছে আয়ারল্যান্ড। ওমানকে ৯৬ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে তারা। টানা ৩ ম্যাচ হেরে আসর থেকে বিদায় নিশ্চিত হয়েছে দলটির। আয়ারল্যান্ডের ২৩৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ওমান। উদ্বোধনী জুটিতে বড় সংগ্রহ গড়ার সুযোগ তৈরি হলেও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। দলকে লড়াইয়ে রাখার দায়িত্ব কাঁধে তুলে নেন আমির কালীম। ২৯ বলে ৫০ রানের ঝরঝরে ইনিংস খেলেন তিনি। পাঁচটি চার ও দুটি ছক্কায় সাজানো তার ইনিংসটি ওমানকে দ্রুতগতির শুরু এনে দেয়। তবে অপর প্রান্তে সেভাবে সঙ্গ পাননি তিনি। অধিনায়ক যতিন্দর সিং ৫ বলে ৭ রান করে এলবিডব্লিউ হন। আশিস ওদেদারা রানআউটে মাত্র ১ রান করে বিদায় নেন। এরপর হামাদ মির্জা কিছুটা প্রতিরোধ গড়েন। ৩৭ বলে ৪৬ রানের ইনিংসে ছয়টি চার ও একটি ছক্কা হাঁকান তিনি।  মাঝের দিকে নেমে ভিনায়ক শুক্লা শূন্য রানে আউট হন। মোহাম্মদ নাদিম ৩ বলে ১ এবং জিতেন রামানন্দি ৬ বলে ৩ রান করে ফিরলে চাপ আরও বাড়ে। নাদিম খানও রানের খাতা খুলতে পারেননি। শেষদিকে সুফিয়ান মেহমুদ ১১ বলে ১০ রান যোগ করলেও ম্যাচের চিত্র বদলাতে পারেননি। আইরিশ বোলাররা নিয়ন্ত্রিত বোলিং করে নিয়মিত উইকেট তুলে নেন। ক্যাচ, রানআউট ও এলবিডব্লিউ সব মিলিয়ে ওমানের ইনিংসে ছন্দপতন ঘটে বারবার। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ২৩৬ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ওমান গড়ে তুলতে পারেনি বড় কোনো জুটি। আমির কলিম ও হামাদ মির্জার লড়াই সত্ত্বেও রান তাড়া অধরাই থেকে যায়। এদিকে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ওমান। কলম্বোয় ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় আয়ারল্যান্ড। ইনিংসের প্রথম ওভারেই আউট হন ওপেনার টিম টেক্টর। ৪ বলে ৫ রান করে দলীয় ৬ রানের মাথায় সাজঘরে ফেরেন তিনি। প্রথম উইকেটের পর ক্রিজে জুটি গড়েন রস অ্যাডেয়ার ও হ্যারি টেক্টর। দুজনেই দ্রুত রান তোলার চেষ্টা করেন। তবে তাদের জুটি বড় হয়নি। ৭ বলে ১৪ রান করে আউট হন রস অ্যাডেয়ার, ১৩ বলে ১৪ রান করে বিদায় নেন হ্যারি। পাওয়ারপ্লের ৬ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৪৭ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড। পাওয়ার প্লের পরপরই ৭ বলে ১২ রান করা কার্টিস ক্যাম্পায়ার আউট হলে কিছুটা চাপে পড়ে দলটি। এরপর হাল ধরেন লোরকান টাকার ও গ্যারেথ ডেলানি। দুজন মিলে ইনিংস মেরামত করেন এবং ধীরে ধীরে রানের গতি বাড়ান। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আক্রমণাত্মক হয়ে ওঠেন তারা, ওমানের বোলারদের ওপর চাপ বাড়তে থাকে। দুজনেই তুলে নেন অর্ধশতক। বিশেষ করে টাকার ছিলেন দুর্দান্ত ছন্দে। ফিফটির পর শতকের দিকেও এগোচ্ছিলেন তিনি। অন্য প্রান্তে ডিলানি ৩০ বলে ৫৮ রানের ঝড়ো ইনিংস খেলে দলীয় ১৬৫ রানের সময় আউট হন। শেষদিকে টাকারের সঙ্গে যোগ দেন জর্জ ডকরেল। দুজনের আক্রমণাত্মক ব্যাটিংয়ে দ্রুত বাড়তে থাকে রানের গতি। বড় শটে স্কোর ২০০ পেরিয়ে যায় অনায়াসে। শতকের খুব কাছাকাছি গিয়েও তিন অঙ্ক ছোঁয়া হয়নি টাকারের। ৫১ বলে ৯৪ রানের অনবদ্য ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। শেষদিকে ৯ বলে ৩৫ রানের ঝড় তোলেন ডকরেল। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৩৫ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় আয়ারল্যান্ড। ওমানের হয়ে ৩টি উইকেট নেন শাকিল আহমেদ। তবে তার সাফল্যও আয়ারল্যান্ডের রানের বন্যা ও জয় থামাতে পারেনি।

কাশ্মীরের প্রকৃতির সৌন্দর্যের খোঁজে প্রসেনজিৎ

কাশ্মীরের প্রকৃতির সৌন্দর্যের খোঁজে প্রসেনজিৎ ‘কাকাবাবু’ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ সিনেমা মুক্তি পেয়েছে জানুয়ারি মাসে। তারপর একাধিক প্রেক্ষাগৃহে পৌঁছে দর্শকদের প্রতিক্রিয়া সরাসরি দেখেছেন এ সিনেমার কলাকুশলীরা। সেখানেই বারবার তারা একটি প্রশ্নের সম্মুখীন হয়েছেন পরের ‘কাকাবাবু’ কবে আসবে? আগামী বছর ‘কাকাবাবু’ ফিরছেন বড়পর্দায়। জনপ্রিয় এ সিনেমার ফ্র্যাঞ্চাইজির পঞ্চম পর্ব। প্রযোজনা সংস্থা ‘এসভিএফ’ ও ‘এনআইডিয়াজ’-এর তরফে এমন ঘোষণাই দেওয়া হলো। ‘বিজয়নগরের হীরার পর শক্তিমান অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ফিরছেন ‘ভয়ংকর সুন্দর’ নিয়ে। ভক্ত-অনুরাগী ও সিনেমাপ্রেমী দর্শকদের বিপুল ভালোবাসার পর তাদের উপহার হিসাবে এ সিনেমার ঘোষণা দিয়েছে প্রযোজনা সংস্থাটি। ‘ভয়ংকর সুন্দর’ সিনেমার পরিচালনার দায়িত্বও সামলাবেন চন্দ্রাশিস রায়। সংগীত পরিচালনায় থাকছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। পরিচালক চন্দ্রাশিসের আসনে তার প্রত্যাবর্তন এ ফ্র্যাঞ্চাইজির ধারাবাহিকতা বজায় রাখবে বলে আশা নির্মাতাদের। সম্প্রতি ‘পদ্মশ্রী’ সম্মানে ভূষিত হয়েছেন এ বর্ষীয়ান অভিনেতা। এ প্রসঙ্গে প্রসেনজিৎ বলেন, ‘কাকাবাবু’ শুধু একটা চরিত্র নয়; কাকাবাবু একটি অনুভূতি, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে বয়ে চলেছে। চতুর্থ সিনেমার পর যে ভালোবাসা আমরা পেয়েছি, তা হৃদয় স্পর্শ করেছে। তিনি বলেন, দর্শকদের মাঝে দাঁড়িয়ে পরের সিনেমার ঘোষণা গোটা মুহূর্তকে আরও বিশেষ করে তুলেছে। সবার সঙ্গে মিলে উদযাপনের অনুভূতি পেয়েছি। তাও দর্শকদের মাঝে দাঁড়িয়ে। একের পর এক সিনেমার সাফল্য এ চরিত্রের চিরকালীন গ্রহণযোগ্যতাকে আরও দৃঢ় করেছে বলে মত নির্মাতাদের। প্রত্যেক সিনেমার সঙ্গে আমরা সুনীল গঙ্গোপাধ্যায়কে সম্মান জানানোর পাশাপাশি কাকাবাবুকে আরও প্রাসঙ্গিক করে তোলার চেষ্টা করি। প্রযোজনা সংস্থা সিনেমার নাম ঘোষণা করলেও কোন কোন অভিনেতাকে দেখা যাবে, তা এখনো খোলাসা করা হয়নি। তবে এবারের কাকাবাবু সিনেমা তৈরি হবে কাশ্মীরের প্রেক্ষাপট নিয়ে ‘ভয়ংকর সুন্দর’।